Author: শুভ্র চট্টোপাধ্যায়

  • NIA News: কাঁথি থেকে ধৃত বেঙ্গালুরুর বিস্ফোরণে জড়িত দুই সন্দেহভাজন! কীভাবে খোঁজ পেল এনআইএ?

    NIA News: কাঁথি থেকে ধৃত বেঙ্গালুরুর বিস্ফোরণে জড়িত দুই সন্দেহভাজন! কীভাবে খোঁজ পেল এনআইএ?

    মাধ্যম নিউজ ডেস্ক: বেঙ্গালুরু বিস্ফোরণকাণ্ডে বাংলা থেকে গ্রেফতার দুই সন্দেহভাজন। মুসাভির হুসেন শাহিব ও সহযোগী আবদুল মথিন তাহাকে গ্রেফতার করেছে এনআইএ (NIA News)। এরা দুজনেই বেঙ্গালুরু ক্যাফেতে ভয়াবহ বিস্ফোরণের  মাস্টারমাইন্ড বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। কলকাতার উপকণ্ঠেই গা ঢাকা দিয়ে ছিল এই দুই অভিযুক্ত। কাঁথি থেকে এনআইএ-র জালে ধরা পড়ে তারা।

    কীভাবে গ্রেফতার

    গত ১ মার্চ বেঙ্গালুরুর (Bengaluru Blast) রামেশ্বরম ক্যাফেতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এনআইএ সূত্রের খবর, বিস্ফোরণের পর তারা বাংলায় এসে আত্মগোপন করেছিল। বেশ কয়েক দিন ধরে তাঁরা এই রাজ্যে পরিচয় গোপন করে থাকছিলেন। ২৮ দিন ধরে রাজ্য়ের বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছে তারা। তারই মধ্যে ধৃত মুসাভির হুসেন শাহিব মহম্মদ জুনের শাহিব নামে ভুয়ো ড্রাইভিং লাইসেন্স বানিয়েছিল। আবদুল মাথিন আহমেদ তাহা বিগনেস ওরফে সুমিত নামে ভুয়ো আধার কার্ডও বানিয়েছিল।  দু-তিন দিন আগে অন্য় নাম ব্য়বহার করে নিউ দিঘার একটি হোটেলে ওঠে দুই সন্দেহভাজন। সূত্রের খবর, তাদের ধরতে রাজ্য় পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে যোগাযোগ করে এনআইএ (NIA News)। পরিকল্পনা মতো বৃহস্পতিবার গভীর রাতে হোটেলে হানা দিয়ে দু’জনকে গ্রেফতার করা হয়। নিখোঁজ দুই সন্দেহভাজন জঙ্গির নামেই ১০ লক্ষ টাকা করে আর্থিক পুরস্কার ঘোষণা করেছিল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA)। তার পরিণাম পাওয়া গেল শুক্রবার। ধৃতের মধ্য়ে একজন রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণকাণ্ডের মাস্টারমাইন্ড বলে কেন্দ্রীয় গোয়ন্দা সংস্থা সূত্রে দাবি। ধৃতদের কাছ থেকে প্রচুর ইলেকট্রনিক গেজেট, ল্য়াপটপ ও মোবাইল ফোন উদ্ধার হয়েছে।

    আরও পড়ুন: ‘মায়ের শেষ যাত্রাতেও থাকতে দেয়নি, মেলেনি জামিন’ জরুরী অবস্থার কথা স্মরণ রাজনাথের

    কীভাবে খোঁজ মেলে

    বিস্ফোরণের (Bengaluru Blast) পরেই ওই ক্যাফের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল, এক যুবক ক্যাফের ভেতরে একটি ব্যাগ রেখে আসে, ঘন্টাখানেক পর তা থেকেই ঘটে বিস্ফোরণের ঘটনা। বিস্ফোরণ কাণ্ডে জড়িত মূল অভিযুক্ত মুজাম্মিল শরিফকে আগেই আটক করা হয়েছিল। খোঁজ চলছিল সন্দেহভাজন বাকি দুজনের। জাতীয় তদন্তকারী সংস্থা ওই দুজনকে আটক করে। শুক্রবার এনআইএ, পশ্চিমবঙ্গ, তেলঙ্গানা, কর্ণাটক ও কেরল পুলিশের যৌথ অভিযানে অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করা হয়। এনআইএর সঙ্গে ছিল পশ্চিমবঙ্গ পুলিশের একটি দলও।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Rajnath Singh: ‘মায়ের শেষ যাত্রাতেও থাকতে দেয়নি, মেলেনি জামিন’ জরুরী অবস্থার কথা স্মরণ রাজনাথের

    Rajnath Singh: ‘মায়ের শেষ যাত্রাতেও থাকতে দেয়নি, মেলেনি জামিন’ জরুরী অবস্থার কথা স্মরণ রাজনাথের

    মাধ্যম নিউজ ডেস্ক: জরুরী অবস্থার কথা স্মরণ করে কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। তিনি জানিয়েছেন, মা যখন অসুস্থ ছিলেন তখন প্যারোলেও ছাড়া হয়নি তাঁকে। মায়ের শেষ যাত্রাতেও অংশ নিতে দেয়নি তৎকালীন কংগ্রেস সরকার। আর এখন তারাই স্বৈরাচারের কথা বলছে, বলে কটাক্ষ করেন রাজনাথ। 

    কী বললেন রাজনাথ

    কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, ১৯৭৫ সালে ইন্দিরা গান্ধীর সরকার তাঁকে জেলে ভরে দিয়েছিলেন। তাঁর কথায়, “যারা জরুরী অবস্থার সময় একনায়কতন্ত্র জারি করেছিলেন, তারাই এখন আমাদের বলছে আমরা নাকি একনায়ক।” রাজনাথ সিং (Rajnath Singh) বলেন, “জরুরি অবস্থার সময় আমি জেলে ছিলাম। আমরা বিক্ষোভ দেখাতাম, সাধারণ মানু্ষের মধ্যে সচেতনতা তৈরি করার চেষ্টা করতাম যে ইমার্জেন্সি কতটা ভয়ঙ্কর এবং তা স্বৈরাচারী মনোভাবকেই তুলে ধরে।” তিনি আরও বলেন, “আমার সদ্য বিয়ে হয়েছিল। সারা দিন কাজ করার পর আমি বাড়ি ফিরেছিলাম, আমায় তখন বলল, পুলিশ এসেছিল। আমায় ওয়ারেন্ট দেওয়া হল। মাঝরাতে আমায় গ্রেফতার করল, জেলে নিয়ে গেল। আমায় একা একটা কুঠুরিতে রাখা হয়েছিল।”

    মায়ের মৃত্যুর কথা স্মরণ রাজনাথের

    প্রতিরক্ষা মন্ত্রী (Rajnath Singh) জানান সেই সময় জেলে কোনও বই পড়তে দিত না। একটা পাত্রে ডাল দিত। আর কয়েকটা চাপাটি দেওয়া হতো। কিছু সময়ের জন্য় জেল চত্বরে যেতে দিত। হেসে হেসেই তিনি বলেন, “আমার হয়তো ভাল মেজাজ ছিল, তাই আমায় জেলে দীর্ঘদিন রাখা হয়েছিল। যখন আমায় মির্জাপুর জেল থেকে নৈনি সেন্ট্রাল জেলে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন আমার মা বলেছিল, যাই-ই হোক না কেন, ক্ষমা চাইবে না। শুনে উপস্থিত পুলিশকর্মীরাও কেঁদে ফেলেছিলেন।”  রাজনাথ জানান, জরুরী অবস্থা আরও একবছর বৃদ্ধি করা হয়েছে এটা শুনে তাঁর মা আরও অসুস্থ হয়ে পড়েন। ২৭ দিন মাকে হাসপাতালে রাখতে হয়েছিল। পরে মারা যান তিনি। তাঁর কথায়, “আমি তারপরও জেল থেকে ছাড়া পাইনি, প্যারোল পাইনি। আমি জেলেই মুণ্ডন করেছিলাম। আমি যেতে না পারায়, আমার ভাই শেষকৃত্য করেছিল…ভাবুন এরপরও ওরা (কংগ্রেস) আমাদের বিরুদ্ধে স্বৈরাচার, একনায়কতন্ত্রের অভিযোগ আনে। নিজেদের দিকে দেখে না।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • IPL 2024: চোট সারিয়ে ফিরেই আইপিএলে দ্রুততম অর্ধশতরান সূর্যকুমারের, বেঙ্গালুরুকে ৭ উইকেটে হারাল মুম্বই

    IPL 2024: চোট সারিয়ে ফিরেই আইপিএলে দ্রুততম অর্ধশতরান সূর্যকুমারের, বেঙ্গালুরুকে ৭ উইকেটে হারাল মুম্বই

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি আইপিএলে (IPL 2024) ফের স্বমহিমায় মুম্বই ইন্ডিয়ান্স। টানা দুই ম্যাচ জিতে লিগ তালিকায় সাতে উঠে এল মুম্বই। প্রথম তিনটে ম্যাচ হারার পর কেউ কল্পনাও করতে পারেনি যে মুম্বই এইভাবে ঘুরে দাঁড়াতে পারে। বেঙ্গালুরুর বিরুদ্ধে একাধিপত্য বজায় রেখে এই জয় হার্দিক পান্ডিয়াদের আগামীদিনে যে আরও আত্মবিশ্বাস জোগাবে, তা নিঃসন্দেহে বলা যেতেই পারে। বৃহস্পতিবার, ওয়াংখেড়েতে  ২৭ বল বাকি থাকতেই সাত উইকেট ম্যাচ জিতে নেয় মুম্বই। সৌজন্যে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), ঈশান কিষাণ (Ishan Kishan) ও রোহিত শর্মার বিধ্বংসী ব্যাটিং। 

    ম্যাচ আপডেট

    এদিন টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন হার্দিক। এই সিদ্ধান্ত সঠিক ছিল, তবে শেষ পর্যন্ত দীনেশ কার্তিকের দুরন্ত অর্ধশতরান, বেঙ্গালুরুর স্কোরবোর্ডকে লড়াই করার জায়গায় পৌঁছে দেয়। আরসিবি এই ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ১৯৬/৮ রান করেছিল। মুম্বই ইন্ডিয়ান্সের কাছে জয়ের জন্য ১৯৭ রানের টার্গেট দিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই উইকেটে রান ডিফেন্ড করা অবশ্যই সহজ কাজ ছিল না। ইনিংসের শুরুটা মুম্বইয়ের দুই ওপেনার বিধ্বংসী মেজাজেই করেন। পাওয়ার প্লের ছয় ওভারেই বিনা উইকেটে ৭২ রান তুলে ফেলেন ঈশান ও রোহিত। মাত্র ২৩ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন  ঈশান। সূর্যকুমার ১৯ বলে ৫২ ও ঈশান কিষাণ ৩৪ বলে ৬৯ রানের ইনিংস খেললেন।  রোহিতের সংগ্রহ ৩৮ রান। মাত্র ১৫.৩ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মুম্বই।

    সূর্যের তেজ

    চোটের কারণে গত বছর ডিসেম্বর মাস থেকে ২২ গজের লড়াইয়ে তাঁকে দেখতে পাওয়া যায়নি। নিজের প্রত্যাবর্তনের প্রথম ম্যাচে রান না পেলেও, দ্বিতীয় ম্যাচে স্বমহিমায় সূর্য। বুঝিয়ে দিলেন কেন টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি সেরা। এই ম্যাচে আকাশ মাধওয়ালের পরিবর্তে ব্যাট করতে নেমেছিলেন সূর্য। আর ব্যাট করলেন বললে বোধহয় সামান্য কম বলা হবে। তিনি এলেন দেখলেন এবং জয় করলেন। মাত্র ১৭ বলে আইপিএল কেরিয়ারের দ্রুততম হাফসেঞ্চুরি হাঁকান তিনি। ১৯ বলে ৫২ রানে সূর্য যখন আউট হলেন,ততক্ষণে মুম্বইয়ের জয় কার্যত নিশ্চিত। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • ISL 2023-24: বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে দাপটে জয়, লিগ শিল্ড জয়ের হাতছানি মোহনবাগানের সামনে

    ISL 2023-24: বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে দাপটে জয়, লিগ শিল্ড জয়ের হাতছানি মোহনবাগানের সামনে

    মাধ্যম নিউজ ডেস্ক: নববর্ষ, বার পুজো সঙ্গে লিগ শিল্ড জয়ের হাতছানি মোহনবাগানের (Mohun Bagan) সামনে। বেঙ্গালুরু-এফসিকে  ৪-০ গোলে হারিয়ে নববর্ষের আগে খুশির হাওয়া সবুজ-মেরুন শিবিরে। সোমবার যুবভারতীতে লিগ শিল্ডের ভার্চুয়াল ফাইনালে মুম্বই সিটির সামনে পেত্রাতোসরা। ওই ম্যাচে দাপট দেখাতে পারলেই ঘরের মাঠে হাওয়া লাগবে পালতোলা নৌকায়। সবুজ-মেরুন গ্যালারিও মেতে উঠবে বর্ষবরণের উৎসবে।

    পেনাল্টি মিস সুনীলের

    বেঙ্গালুরুর বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচের ১৭ মিনিটে হেক্টর ইউস্তের গোলে এগিয়ে যায় মোহনবাগান। প্রথমার্ধে সমতা ফেরানোর সুযোগ ছিল বেঙ্গালুরুর। কিন্তু ৪০ মিনিটে পেনাল্টি মিস করেন সুনীল ছেত্রী। যার ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেন দিমিত্রিরা। দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার পর ৫১ মিনিটে মোহনবাগানের হয়ে ব্যবধান বাড়ান মনবীর সিং। জনি কাউকোর পাস থেকে বেঙ্গালুরুর জালে বল জড়ান বাগানের তারকা। তার ঠিক তিন মিনিট পর আবার ব্যবধান বাড়ায় সবুজ-মেরুন। ৫৪ মিনিটে দিমিত্রি পেত্রাতোসের পাস থেকে গোল করেন অনিরুদ্ধ থাপা। ৬০ মিনিটে মোহনবাগানের হয়ে চতুর্থ গোল করেন আর্মান্দো সাদিকু। 

    লিগ-শিল্ড জয়ের হাতছানি

    ঘরের মাঠে মুম্বইকে হারাতে পারলেই লিগ শিল্ড (ISL 2023-24) মোহনবাগানের। ২১ ম্যাচে ৪৭ পয়েন্ট পেয়েছে মুম্বই সিটি। একই সংখ্যক ম্যাচ খেলে ৪৫ পয়েন্ট পেয়েছে মোহনবাগান। তৃতীয় স্থানে থাকা এফসি গোয়া ২১ ম্যাচে পেয়েছে ৪২ পয়েন্ট। ফলে শেষ ম্যাচ গোয়া জিতলেও কোনও ভাবেই ৪৭ পয়েন্টে পৌঁছতে পারবে না। তাই লিগ জয়ের সুযোগ এখন রয়েছে শুধু দু’টি দলের কাছে। আর সেই দল একে অপরের বিরুদ্ধে খেলবে সোমবার। তাই মোহনবাগান বনাম মুম্বই ম্যাচ এখন ‘ফাইনাল’। যে দল জিতবে সেই পাবে লিগ শিল্ড। তবে ড্র হলেও লিগ-শিল্ড মুম্বইয়ের। ফলে মোহনবাগানকে জিততেই হবে সোমবার। কারণ পয়েন্টের বিচারে এগিয়ে থাকবে মুম্বই। লিগে প্রথম ছয়ের মধ্যে কোন কোন দল থাকবে, সেটাও ঠিক হয়ে গিয়েছে। মুম্বই, মোহনবাগান, গোয়া, ওড়িশা, কেরল ব্লাস্টার্স এবং চেন্নাইয়িন এফসি থাকবে প্রথম ছয়ের মধ্যে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • IPL 2024: লখনউকে হারাতে মরিয়া নাইটরা, কালীঘাটে প্রার্থনা রিঙ্কুদের, টিম হোটেলে ইদ উদযাপন গুরবাজদের 

    IPL 2024: লখনউকে হারাতে মরিয়া নাইটরা, কালীঘাটে প্রার্থনা রিঙ্কুদের, টিম হোটেলে ইদ উদযাপন গুরবাজদের 

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি আইপিএলে (IPL 2024) গত ম্যাচে প্রথম বার হেরেছে কলকাতা নাইট রাইডার্স। চিপকে চেন্নাইয়ের কাছে থমকে গিয়েছে নাইটদের জয়ের ঘোড়া। রবিবার ঘরের মাঠে খেলা লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। সেই ম্যাচে যে কোনও মূল্যে জয় চায় কেকেআর। তাই বৃহস্পতিবার সকালেই রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তীরা গেলেন কালীঘাট মন্দিরে পুজো দিতে। মায়ের কাছে সাফল্য প্রার্থনা করেই আরাধনা করেন রিঙ্কুরা। অন্যদিক, আজ খুশির ইদ। টিম হোটেলেই ইদ পালন করলেন গুরবাজরা।

    কালীঘাটে পুজো-অর্চনা

    কলকাতা নাইট রাইডার্সের (KKR) অফিশিয়াল ফেসবুক পেজে বৃহস্পতিবার একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। এই ভিডিয়োয় দেখতে পাওয়া যাচ্ছে, কেকেআর ব্রিগেডের বেশ কয়েকজন ক্রিকেটার কালীঘাটে এসে পুজো দিচ্ছেন। ক্রিকেটারদের মধ্যে বরুণ চক্রবর্তী, ভেঙ্কটেশ আইয়ার এবং রিঙ্কু সিংকে দেখতে পাওয়া যাচ্ছে। একথা বলার আর অপেক্ষা রাখে না যে ভিডিয়োটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে। ওই ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, ‘মায়ের আশীর্বাদ যেন সর্বদা সঙ্গে থাকে, এই প্রার্থনা।’ পাশাপাশি এই ভিডিয়োর ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে একটি শ্যামা সংগীতও। কলকাতা নাইট রাইডার্স সমর্থকরাও এই ভিডিয়ো দেখে রীতিমতো উচ্ছ্বসিত হয়ে উঠেছেন। 

    ইদের প্রার্থনা

    আজ পবিত্র ইদ। আর সেই ইদের উৎসবে সামিল হলেন কেকেআরের তারকা ক্রিকেটাররা। নাইট ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার, রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আইয়ার, সাকিব হোসেনরা কেকেআরের অনুরাগীদের ইদের (Eid) শুভেচ্ছা জানিয়েছেন। রবিবার ইডেনে আইপিএলে (IPL) কেকেআরের ম্যাচ। তার আগে ইদের আবহে ছুটির মেজাজে রয়েছেন কেকেআরের ক্রিকেটাররা।

    টিম হোটেলে নাইটরা একদিকে ইদের খুশিতে সামিল হলেন। কলকাতা নাইট রাইডার্সের টিম হোটেলে ইদ উদযাপনে মেতেছেন রহমানউল্লাহ গুরবাজ, সাকিব হোসেন, আল্লাহ গজনফররা। ইন্সটাগ্রামে কেকেআরের ক্রিকেটাররা তাঁদের অনুরাগীদের ইদ ভালো কাটার শুভেচ্ছা জানিয়েছেন। সেই ভিডিয়ো বার্তা শেয়ার করে কেকেআর ক্যাপশনে লিখেছে, ‘আমাদের পরিবার থেকে তোমাদের পরিবারকে জানাই ইদ মুবারক।’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • K Kavitha: সিবিআইয়ের হাতে গ্রেফতার কেসিআর-কন্যা কবিতা, তিহার জেলেই জিজ্ঞাসাবাদ

    K Kavitha: সিবিআইয়ের হাতে গ্রেফতার কেসিআর-কন্যা কবিতা, তিহার জেলেই জিজ্ঞাসাবাদ

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লি আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে আগেই গ্রেফতার হয়েছিলেন ভারত রাষ্ট্র সমিতির নেত্রী কে কবিতা (K Kavitha)। ওই একই মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করতে তিহাড় জেলে গিয়েছিল সিবিআই। বৃহস্পতিবার তিহাড় জেলের ভিতর থেকেই তাঁকে গ্রেফতার করল সিবিআই। এর ফলে কেন্দ্রীয় এজেন্সির জোড়া ফলায় বিদ্ধ কবিতা।

    কী অভিযোগ

    দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গত ১৫ মার্চ দুপুরে কবিতার (K Kavitha) হায়দ্রাবাদের বাড়িতে হানা দেয় ইডি। চলে তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ। তার পর বিকেলে বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করে দিল্লি নিয়ে যাওয়া হয়। ইডির গ্রেফতারি ‘বেআইনি’ বলে দাবি করেন কবিতা। গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থও হয়েছিলেন তিনি। তবে শীর্ষ আদালত তাঁর আবেদনে সাড়া দেয়নি। নিম্ন আদালতে জামিনের আবেদন জানানোর পরামর্শ দেওয়া হয়েছিল তাঁকে।এর পর নিম্ন আদালতে জামিনের আবেদন জানিয়েছিলেন কবিতা। তাঁর ১৬ বছরের পুত্র পরীক্ষা দেবে। এই সময়ে তার মায়ের সাহায্য প্রয়োজন। নিম্ন আদালতে এই যুক্তি দিয়েই অন্তর্বর্তিকালীন জামিন চেয়েছিলেন। কিন্তু দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত তাঁর অন্তর্বর্তী জামিনের আর্জি খারিজ করে দিয়েছে। গত মঙ্গলবার কবিতাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। তার মাঝেই আবার তাঁকে গ্রেফতার করল সিবিআই।

    আরও পড়ুন: ‘‘অপ্রতিরোধ্য’’, মার্কিন পত্রিকা ‘নিউজউইক’-এর প্রচ্ছদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

    কেন গ্রেফতার

    আদালতের অনুমতিতে সিবিআই তাঁকে তিহার জেলের ভিতরেই জিজ্ঞাসাবাদ চালাচ্ছিল। সহ অভিযুক্তের ফোন থেকে তাঁর সঙ্গে হোয়াটস অ্যাপে কথোপকথনের বিষয়ে কবিতার (K Kavitha) বক্তব্য জানতে চেয়েছিল তদন্তকারী সংস্থা। বর্তমানে বাতিল দিল্লির আবগারি নীতিতে আম আদমি পার্টিকে `খুশি` করতে ঘুষ দেওয়ার অভিযোগ রয়েছে কে কবিতার বিরুদ্ধে। এজন্য একটি জমি লেনদেনের নথি পাওয়া গিয়েছে এক অভিযুক্তের কাছে। গত ডিসেম্বরে আবগারি মামলায় ধৃত মণীশ সিসৌদিয়ার ঘনিষ্ঠ হিসাবে পরিচিত অমিত আরোরা নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছিল ইডি। তাঁর সূত্রেই কবিতার নাম উঠে আসে। মামলার চার্জশিটে ইডির অভিযোগ ছিল, দিল্লির তৎকালীন উপমুখ্যমন্ত্রী তথা মদ সংক্রান্ত নীতির ভারপ্রাপ্ত মন্ত্রী সিসৌদিয়া আবগারি নীতির পরিবর্তন ঘটিয়ে দক্ষিণ ভারতের যে ব্যবসায়িক সংস্থাকে সুবিধা পাইয়ে দিয়েছিলেন, কবিতা তার ৬৫ শতাংশের মালিক।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Lok Sabha Election 2024: ভোট দিলেই ২০ শতাংশ ছাড় রেস্তরাঁয়! উত্তরাখণ্ডে বিশেষ উপহার কমিশনের

    Lok Sabha Election 2024: ভোট দিলেই ২০ শতাংশ ছাড় রেস্তরাঁয়! উত্তরাখণ্ডে বিশেষ উপহার কমিশনের

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোট (Lok Sabha Election 2024) দেওয়ার পর যে কোনও হোটেল বা রেস্তরাঁয় খেতে গেলে খাবারের বিলে পাওয়া যাবে ২০ শতাংশ ছাড়। উত্তরাখণ্ডে ভোটারদের উৎসাহ দানের জন্য এই বিশেষ ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন (Election Commission of India)। উত্তরাখণ্ডের (Uttarakhand) সমস্ত হোটেল এবং রেস্তরাঁ সংগঠনের সঙ্গে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফে মৌ স্বাক্ষর করা হয়েছে।

    কতদিন, কীভাবে মিলবে পরিষেবা

    নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ১৯ এপ্রিল ভোটকেন্দ্র থেকে ভোট (Lok Sabha Election 2024) দিয়ে বেরিয়ে কোনও ভোটার যদি হোটেল বা রেস্তরাঁয় খেতে যান, তবে খাবারের বিলে তিনি ২০ শতাংশ ছাড় পাবেন। ২০ এপ্রিল পর্যন্ত এই পরিষেবা ভোগ করতে পারবেন ভোটারেরা। উত্তরাখণ্ডের সমস্ত হোটেল এবং রেস্তরাঁ সংগঠনের সভাপতি এই প্রসঙ্গে জানান, খাবারের বিলে ছাড় দেওয়ার আগে আঙুলে কালির ছাপ দেখে হোটেল কর্তৃপক্ষ খতিয়ে দেখবেন আদপে তাঁরা ভোট দিয়েছেন কি না। উত্তরাখণ্ডের হোটেল রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশনের অধীনে থাকা সমস্ত হোটেল ও রেস্তরাঁতেই এই অফার পাওয়া যাবে।

    আরও পড়ুন: ‘‘অপ্রতিরোধ্য’’, মার্কিন পত্রিকা ‘নিউজউইক’-এর প্রচ্ছদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

    কেন এই উপহার

    আগামী ১৯ এপ্রিল থেকে ভোট শুরু দেশে। ১ জুন সাত দফার ভোট (Lok Sabha Election 2024) শেষের পর ৪ জুন জানা যাবে কারা ফিরছে মসনদে। উত্তরাখণ্ডে প্রথম দফায় ভোট হবে। উত্তরাখণ্ডে ৫টি লোকসভা কেন্দ্র রয়েছে।  ১৯ এপ্রিল নির্বাচন রয়েছে উত্তরাখণ্ডে। রাজ্যে ভোট শতাংশ বাড়ানোর উদ্দেশ্যেই এই অফার দেওয়া হয়েছে। অতিরিক্ত মুখ্য ইলেকটোরাল অফিসার বিজয় কুমাক যোগদান্দে এই বিষয়ে বলেছেন, “রাজ্যে ভোট শতাংশ বাড়াতে একাধিক প্রতিষ্ঠান এগিয়ে আসছে। উত্তরাখণ্ড হোটেল রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন এই প্রস্তাবনা এনেছিল এবং নির্বাচন কমিশন এতে রাজি হয়েছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Paris Olympic 2024: অলিম্পিক্সে আর্থিক পুরস্কার! জানেন প্যারিসে সোনা জিতলে কত টাকা পাবেন অ্যথলিটরা?

    Paris Olympic 2024: অলিম্পিক্সে আর্থিক পুরস্কার! জানেন প্যারিসে সোনা জিতলে কত টাকা পাবেন অ্যথলিটরা?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রথমবার অলিম্পিক (Paris Olympic 2024) গেমসে আর্থিক পুরস্কার বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থা। প্যারিসে অলিম্পিকের জন্য মোট ২৪ লক্ষ ডলারের ( প্রায় ২০ কোটি টাকা) প্রাইজমানি দেওয়া হবে, যার মধ্যে স্বর্ণপদকজয়ীরা পাবেন ৫০ হাজার ডলার (প্রায় ৪১ লাখ ৭০ হাজার টাকা)। এবার শুধু স্বর্ণ পদক জয়ীদের এই পুরস্কার দেওয়া হলেও পরের বার রৌপ্য এবং ব্রোঞ্জ পদকজয়ীদেরও আর্থিক পুরষ্কার দেওয়া হবে। ২০২৮ সালে পরের অলিম্পিক গেমসের আসর বসবে লস অ্যাঞ্জেলেসে। 

    ঐতিহাসিক সিদ্ধান্ত 

    ঐতিহাসিক সিদ্ধান্ত নিল বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থা। প্রথম বার কোনও বিশ্ব ক্রীড়া নিয়ামক সংস্থা অলিম্পিক্সে (Paris Olympic 2024) সোনাজয়ীদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা করল। বিশ্ব অ্যাথলেটিক্সের সভাপতি সেবাস্তিয়ান কো এই সিদ্ধান্তকে ‘গুরুত্বপূর্ণ মুহূর্ত’ বলে অভিহিত করেছেন। প্যারিসে ৪৮টি অ্যাথলেটিক্স ইভেন্ট অনুষ্ঠিত হবে, যেখানে রিলে রেসে স্বর্ণপদক বিজয়ীরা তাদের প্রাইজমানি দলের মধ্যে ভাগ করে নেবেন। বিশ্ব অ্যাথলেটিকস জানিয়েছে, ২০২৮ গেমসের প্রাইজমানির ফরম্যাট ও কাঠামো নির্ধারিত সময়ের মধ্যেই ঘোষণা করা হবে। এতে আরও বলা হয়েছে যে পুরষ্কারের অর্থ অ্যাথলিটদের স্বাভাবিক অ্যান্টি-ডোপিং পদ্ধতির পরীক্ষা এবং ছাড়পত্র পাওয়ার উপর নির্ভর করবে।

    আরও পড়ুন: ‘‘অপ্রতিরোধ্য’’, মার্কিন পত্রিকা ‘নিউজউইক’-এর প্রচ্ছদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

    কেন এই পুরস্কার

    অলিম্পিক্সের (Paris Olympic 2024) প্রতি বিশ্বের সেরা অ্যাথলিটদের আগ্রহ বৃদ্ধির জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স। টোকিয়ো অলিম্পিক্সে পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতেছিলেন নীরজ চোপড়া। প্যারিসেও সোনা জয়ের অন্যতম প্রধান দাবিদার ভারতীয় অ্যাথলিট। অলিম্পিক্স সোনা ধরে রাখতে পারলে নীরজও আর্থিক পুরস্কার হিসাবে প্রায় ৪১ লাখ ৭০ হাজার টাকা পাবেন। বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থা জানিয়েছে, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি গেমসের যে লভ্যাংশ ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সকে দেবে, তা থেকেই পুরস্কৃত করা হবে সোনাজয়ীদের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Jammu Kashmir: ফের রক্তাক্ত উপত্যকা! জম্মু কাশ্মীরে সন্ত্রাস দমনে সফল সেনা, পুলওয়ামায় হত ১ জঙ্গি  

    Jammu Kashmir: ফের রক্তাক্ত উপত্যকা! জম্মু কাশ্মীরে সন্ত্রাস দমনে সফল সেনা, পুলওয়ামায় হত ১ জঙ্গি  

    মাধ্যম নিউজ ডেস্ক: খুশির ঈদে সকাল থেকেই গুলির লড়াই চলেছে জম্মু ও কাশ্মীরে (Jammu Kashmir)। এদিন ভোর রাতে পুলওয়ামা জেলার ফ্রাসিপোরা এলাকায় জঙ্গিদের সঙ্গে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ শুরু হয়। কাশ্মীর জোন পুলিশের তরফে জানানো হয়, এখনও পর্যন্ত সংঘর্ষে এক জঙ্গি নিহত হয়েছে। আরও এক জঙ্গি ওই এলাকাতেই লুকিয়ে রয়েছে বলে খবর। 

    জঙ্গি দমনে সাফল্য

    পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে পুলওয়ামা জেলার ফ্রাসিপোরায় কয়েক জন  জঙ্গি লুকিয়ে থাকার খবর পায় নিরাপত্তা বাহিনী। এই খবর পেয়েই ওই এলাকা ঘিরে ফেলে সেনা।  পুরো এলাকা অবরোধ করে জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলা হয়। কিন্তু তারা গুলি চালাতে শুরু করে। পাল্টা গুলির জবাব দেয়ে সেনা। এতে একজন জঙ্গি নিহত হয়। ওই এলাকায় আরও কয়েকজন জঙ্গি লুকিয়ে আছে বলে খবর পাওয়া গেছে। বর্তমানে ঘটনাস্থলে তল্লাশি অভিযান চলছে। জঙ্গিরা বড় ষড়যন্ত্র চালানোর প্রস্তুতি নিচ্ছিল বলে খবর।

    পাক মদতের সম্ভাবনা

    স্থানীয় লোকজনকে সতর্ক করেই ওই এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। সেনা সূত্রে খবর, জঙ্গিরা সীমান্তের ওপার থেকে ভারতে প্রবেশ করেছে। তারা বড় কোনও নাশকতার ছক কষছিল। নিহত জঙ্গি কোন সংগঠনের তা এখনও জানা যায়নি। জঙ্গিদের পিছনে পাক মদত দেওয়ার বিষয়টিও খতিয়ে দেখছে সেনা।

    প্রসঙ্গত, উপত্যকা (Jammu Kashmir) থেকে ৩৭০ এবং ৩৫ এ- ধারা অপসারণের পরে পাকিস্তানের পায়ের তলা থেকে জমি সরে যায়। তাই সময় বিশেষে ভারতীয় সীমান্তে সন্ত্রাসীদের পাঠিয়ে বড় ধরনের ঘটনা ঘটাতে উদ্যত পাকিস্তান। এই ধরনের ঘটনা ঘটিয়ে আন্তর্জাতিক স্তরে মানবাধিকার লঙ্ঘনের প্রশ্নে ভারতকে ছোট করাই লক্ষ্য পাকিস্তানের। যদিও কেন্দ্রের মোদি সরকার এ বিষয়ে সব সময় কড়া জবাব দিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • East Bengal FC: পাঞ্জাবের বিরুদ্ধে লজ্জার হার, আইএসএল অভিযান শেষ ইস্টবেঙ্গলের

    East Bengal FC: পাঞ্জাবের বিরুদ্ধে লজ্জার হার, আইএসএল অভিযান শেষ ইস্টবেঙ্গলের

    মাধ্যম নিউজ ডেস্ক:  আইএসএলের (ISL 2023-24) সুপার সিক্সে থাকার লড়াইয়ের মরণ-বাঁচন ম্যাচে পাঞ্জাব এফসির কাছে ৪-১ গোলে লজ্জার হার ইস্টবেঙ্গলের (East Bengal FC)। মরশুমের জঘন্যতম ফুটবল খেলে চলতি আইএসএল-এ প্লে-অফে ওঠার আগেই বিদায় নিল ইস্টবেঙ্গল। বুধবার পাঞ্জাব এফসি’র কাছে ৪-১ গোলে হেরে যায় কার্লেস কুয়াদ্রাতের দল। পাঞ্জাবের হয়ে জোড়া গোল করেন উইলিয়াম জর্ডন। এছাড়া একটি করে গোল করেন মাদিহ তালাল এবং লুকা মাজসেন। ইস্টবেঙ্গলের হয়ে একমাত্র গোলটি করেন সায়ন বন্দ্যোপাধ্যায়।

    ছন্নছাড়া ফুটবল

    এদিন খেলার শুরু থেকেই পিছিয়ে পড়ে ইস্টবেঙ্গল (East Bengal FC)। পাঞ্জাব এফসি দ্রুত মাঝমাঠের দখল নিয়ে একের পর এক আক্রমণ গড়ে তোলে। যদিও ম্যাচের ৭ মিনিটে নিশু কুমার গোলের সহজ সুযোগ নষ্ট করে। এরপর আক্রমণের ঝাঁঝ আরও বাড়ায় পাঞ্জাব। পাঞ্জাবের তালাল এবং জর্ডন জুটিকে সামলাতে রীতিমত হিমসিম খেতে হয় ইস্টবেঙ্গলকে। ম্যাচের ১৯ মিনিটে জর্ডনের গোলেই প্রথম লিড নেয় পাঞ্জাব। ইস্টবেঙ্গল অবশ্য বেশি ক্ষণ পিছিয়ে থাকেনি। ২৫ মিনিটে অনেকটা একক প্রচেষ্টায় দুরন্ত গোল করে লাল-হলুদকে সমতায় ফেরান সায়ন বন্দোপাধ্যায়। ৪৩ মিনিটে পাঞ্জাবকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন তালাল। তাঁর দৌড়ে ছন্নছাড়া অবস্থা হয় লাল-হলুদ রক্ষণের।

    এদিন বল দখলের লড়াইয়ে পাঞ্জাবের ফুটবলারদের কাছে বার বার হার মেনেছেন ইস্টবেঙ্গল (East Bengal FC) ফুটবলারেরা। পর পর চার-পাঁচটা সঠিক পাসও দিতে পারছিলেন না তাঁরা। শুরু থেকে মাঝমাঠের দখল নেওয়ার চেষ্টা করে পাঞ্জাব। সেই লড়াইয়ে এঁটে উঠতে পারছিলেন না সাউল ক্রোসপো, মহেশ সিংরা। ১-২ ব্যবধানে পিছিয়ে দ্বিতীয়ার্ধে খেলতে নামা কুয়াদ্রাতের দলকে আরও ছন্নছাড়া দেখিয়েছে। লাল-হলুদ ফুটবলারদের খেলা দেখে কখনও মনে হয়নি, তাঁদের মধ্যে জেতার চেষ্টা রয়েছে। শেষ পর্যন্ত পাঞ্জাবের কাছে ৪-১ এ হেরে নববর্ষের আগে সমর্থকদের একরাশ হতাশা উপহার দিল লাল-হলুদ ফুটবলারেরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share