তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল
লাঞ্চের মেনু কী হবে, কিংবা সম্পর্কটা কি ঠিকমতো চলছে? এই সম্পর্কেই কি ইতি টানা উচিত, নাকি আরও কিছুটা সময় দেওয়া প্রয়োজন? বর্তমানে যে চাকরিতে কর্মরত, সেখানেই থাকবেন, নাকি পেশা বদল করবেন!
প্রতিদিনের ছোটখাটো বিষয় থেকে শুরু করে জীবনের বড় বড় সিদ্ধান্ত—কোনও কিছুতেই যেন দ্বিধা কাটতে চায় না। যে কোনও বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলেই মাথায় ভিড় করে হাজারো প্রশ্ন। আর তার জেরেই অনেক সময় সিদ্ধান্ত নেওয়া হয়ে ওঠে না। বাড়তে থাকে উদ্বেগ, তৈরি হয় মানসিক চাপ। ফলে ব্যাহত হয় স্বাভাবিক জীবনযাত্রা, বাড়তে থাকে জটিলতা।
এ কি শুধুই কোনও কোনও মানুষের স্বাভাবিক স্বভাব? নাকি এর নেপথ্যে রয়েছে আরও গভীর কোনও সমস্যা?
মনোরোগ বিশেষজ্ঞদের একাংশের মতে, দীর্ঘস্থায়ী ও তীব্র সিদ্ধান্তহীনতাকে নিছক স্বভাব বলে এড়িয়ে যাওয়া ঠিক নয়। বিশেষত, ছোট-বড় প্রায় প্রতিটি বিষয়েই যদি এই সমস্যা দেখা দেয় এবং তার প্রভাব পড়ে স্বাভাবিক জীবনযাত্রায়, তাহলে সতর্ক হওয়া প্রয়োজন। মনোবিজ্ঞানের পরিভাষায় এই ধরনের তীব্র সিদ্ধান্তহীনতাকে অ্যাবুলোম্যানিয়া (Aboulomania) বলা হয়।
অ্যাবুলোম্যানিয়া কী?
মনোরোগ বিশেষজ্ঞদের একাংশের মতে, অ্যাবুলোম্যানিয়া বলতে বোঝায় অত্যন্ত তীব্র বা অস্বাভাবিক সিদ্ধান্তহীনতার প্রবণতা, যা মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করতে পারে।
এক্ষেত্রে ব্যক্তি কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বারবার ভাবেন, সম্ভাব্য ভালো-মন্দ বিচার করেন এবং ভুল সিদ্ধান্ত নেওয়ার আশঙ্কায় ভোগেন। অনেক সময় সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব অন্যের উপর ছেড়ে দেন।
এটি শুধু কোনও বিষয়ে সাধারণ দ্বিধায় ভোগা নয়। বরং সিদ্ধান্ত নিতে না পারার কারণে ব্যক্তির পড়াশোনা, কর্মজীবন, ব্যক্তিগত সম্পর্ক এবং দৈনন্দিন কাজকর্মও ক্ষতিগ্রস্ত হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, দীর্ঘস্থায়ী সিদ্ধান্তহীনতা নিজে কোনও নির্দিষ্ট মানসিক রোগের প্রমাণ নয়। তবে এর পিছনে উদ্বেগ, অবসাদ বা অন্য কোনও মানসিক সমস্যা থাকতে পারে। তাই সমস্যাটিকে অবহেলা না করে প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।
কেন হয় এই সমস্যা?
চিকিৎসকদের মতে, তীব্র সিদ্ধান্তহীনতা বা অ্যাবুলোম্যানিয়ার নির্দিষ্ট কোনও একটি কারণ এখনও সুনিশ্চিতভাবে চিহ্নিত করা যায়নি। তবে বিভিন্ন গবেষণায় কয়েকটি সম্ভাব্য কারণের কথা উঠে এসেছে।
- ১. অতিরিক্ত উদ্বেগ:
কোনও সিদ্ধান্ত ভুল হলে কী হবে, তার পরিণতি কী হতে পারে—এই আশঙ্কা থেকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাধাগ্রস্ত হতে পারে। অতিরিক্ত উদ্বেগ সিদ্ধান্তহীনতার প্রবণতা আরও বাড়িয়ে দেয়।
- ২. আত্মবিশ্বাসের অভাব:
নিজের বিচারবুদ্ধির উপর আস্থা না থাকলে ব্যক্তি বারবার অন্যের অনুমোদন খোঁজেন। অনেক ক্ষেত্রে একাধিক ব্যক্তির মতামত বা অনুমোদনের অপেক্ষায় থাকতে গিয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় না।
- ৩. অতিরিক্ত নিয়ন্ত্রণমূলক অভিভাবকত্ব:
বিশেষজ্ঞদের একাংশের মতে, শৈশব জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। ছোটবেলা থেকে নিজের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ না পাওয়া, অতিরিক্ত অভিভাবক-নির্ভরতা কিংবা প্রতিটি বিষয়ে অন্যের নিয়ন্ত্রণ কিছু মানুষের মধ্যে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার আত্মবিশ্বাস দুর্বল করে দিতে পারে। পরবর্তীকালে তার প্রভাব পড়তে পারে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার উপর।
- ৪. অতীতের মানসিক আঘাত:
অপমান, বুলিং, প্রত্যাখ্যান কিংবা কোনও তীব্র মানসিক আঘাতের অভিজ্ঞতা ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভয় ও অনিশ্চয়তা তৈরি করতে পারে।
- ৫. অন্যান্য মানসিক সমস্যা:
মনোরোগ বিশেষজ্ঞদের একাংশের মতে, উদ্বেগ, অবসাদ, অবসেসিভ কমপালসিভ ডিসঅর্ডার (OCD) এবং পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (PTSD)-এর মতো মানসিক সমস্যার সঙ্গেও তীব্র সিদ্ধান্তহীনতার সম্পর্ক থাকতে পারে।
তরুণ প্রজন্মের মধ্যে কেন এই প্রবণতা নিয়ে আলোচনা বাড়ছে?
মনোরোগ বিশেষজ্ঞদের মতে, বর্তমান প্রজন্মের সামনে বিকল্পের সংখ্যা আগের তুলনায় অনেক বেশি। সোশ্যাল মিডিয়া, ডিজিটাল প্ল্যাটফর্ম, প্রতিযোগিতামূলক কর্মজগৎ এবং ব্যক্তিগত জীবনের নানা প্রত্যাশা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মানসিক চাপ তৈরি করতে পারে। ফলে, তরুণ প্রজন্মের মধ্যে এই সিদ্ধান্তহীনতার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। যদিও, সেটি অ্যাবুলোম্যানিয়া নাকি নিছক ক্ষণিকের সিদ্ধান্তহীনতা, তা নিশ্চিত করে বলা সম্ভব নয়।
- অতিরিক্ত বিকল্প:
চাকরি, উচ্চশিক্ষা, সম্পর্ক কিংবা জীবনযাপন—প্রতিটি ক্ষেত্রেই রয়েছে অসংখ্য বিকল্প। ফলে সঠিক সিদ্ধান্ত বেছে নেওয়ার চাপও বাড়তে পারে।
- সোশ্যাল মিডিয়ার প্রভাব:
অন্যের সাফল্য, জীবনযাপন এবং পছন্দের সঙ্গে নিজের তুলনা করার প্রবণতা আত্মবিশ্বাসে প্রভাব ফেলতে পারে। সোশ্যাল মিডিয়ায় অন্যদের জীবনযাপনের ছবি ও পোস্ট দেখে নিজেকে ক্রমাগত তুলনা করার প্রবণতা বিভিন্ন ক্ষেত্রে মানসিক চাপ তৈরি করতে পারে।
- ভুল সিদ্ধান্তের ভয়:
একটি ভুল সিদ্ধান্ত ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে—এমন ধারণা থেকে অতিরিক্ত চিন্তা ও উদ্বেগ তৈরি হতে পারে। এর ফলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জটিলতা বাড়ে।
- পারফেকশনিজম:
প্রতিটি ক্ষেত্রে সেরা এবং নিখুঁত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা অনেক সময় সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকেই কঠিন করে তোলে।
- অন্যের স্বীকৃতির উপর নির্ভরতা:
নিজের পছন্দ বা বিচারবুদ্ধির চেয়ে পরিবার, বন্ধু কিংবা সমাজ কী বলবে, সেটিকে বেশি গুরুত্ব দেওয়ার প্রবণতাও সিদ্ধান্তহীনতা বাড়াতে পারে।
কীভাবে মুক্তি পাওয়া সম্ভব?
দীর্ঘস্থায়ী সিদ্ধান্তহীনতার ক্ষেত্রে চিকিৎসার মূল লক্ষ্য হল ব্যক্তির আত্মবিশ্বাস বাড়ানো এবং স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ফিরিয়ে আনতে সাহায্য করা। তার জন্য কয়েকটি পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
- ১. সাইকোথেরাপি:
মনোবিদ বা মনোরোগ বিশেষজ্ঞের সাহায্যে নিজের চিন্তাভাবনা, ভয় এবং সিদ্ধান্তহীনতার পিছনে থাকা কারণগুলি বোঝার চেষ্টা করতে হবে। কোন পরিস্থিতিতে বা কী কারণে এই ধরনের আচরণ তৈরি হচ্ছে, তা চিহ্নিত করাও জরুরি। বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া সমস্যার প্রকৃত কারণ বোঝা কঠিন হতে পারে।
- ২. কগনিটিভ বিহেভিয়ার থেরাপি (CBT):
চিকিৎসকদের মতে, নেতিবাচক চিন্তা, ভুল করার ভয় এবং অতিরিক্ত দুশ্চিন্তা সামলাতে CBT সাহায্য করতে পারে। অনেক ক্ষেত্রে সিদ্ধান্তহীনতার সঙ্গে যুক্ত উদ্বেগ কমাতেও এই থেরাপি কার্যকর হতে পারে।
- ৩. ছোট ছোট সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস:
বিশেষজ্ঞদের পরামর্শ, প্রথমেই বড় কোনও সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা না করে দৈনন্দিন জীবনের ছোট ছোট সিদ্ধান্ত নিজে নেওয়ার অভ্যাস করতে হবে। ধীরে ধীরে এই অভ্যাস আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করতে পারে।
- ৪. পারফেকশনিজম কমানো:
প্রতিটি সিদ্ধান্ত নিখুঁত হতে হবে, এমন প্রত্যাশা থেকে বেরিয়ে আসতে হবে। সব সিদ্ধান্তই যে শতভাগ সঠিক হবে, তার কোনও নিশ্চয়তা নেই। তাই ভুলের আশঙ্কায় অযথা উদ্বিগ্ন না হয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস করতে হবে।
- ৫. আত্মবিশ্বাস বাড়ানো:
নিজের পছন্দ ও বিচারবুদ্ধির উপর আস্থা রাখতে শিখতে হবে। অন্যের পরামর্শ নেওয়া ভালো, কিন্তু প্রতিটি সিদ্ধান্তের জন্য অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়া ঠিক নয়।
- ৬. প্রয়োজনে ওষুধ:
যদি সিদ্ধান্তহীনতার সঙ্গে উদ্বেগ, অবসাদ বা OCD-র মতো সমস্যা থাকে, তাহলে মনোরোগ বিশেষজ্ঞ সংশ্লিষ্ট সমস্যার ভিত্তিতে ওষুধ দিতে পারেন। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে থেকে কোনও ওষুধ খাওয়া উচিত নয়।
DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও প্রত্যক্ষ সম্পর্ক নেই এবং প্রতিবেদনে উল্লিখিত কোনও তথ্য বা পরামর্শের দায় মাধ্যম নিচ্ছে না। এখানে দেওয়া কোনও উপদেশ অনুসরণ করার আগে অবশ্যই চিকিৎসক বা সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নিন।
