Tag: পশ্চিমবঙ্গে শিল্পায়ন

  • Suvendu Adhikari: ১২ ডিসেম্বর হরিণঘাটায় অম্বানীদের ক্যাম্পা কোলা কারখানার ভূমিপুজো, ঘোষণা মুখ্যমন্ত্রীর

    Suvendu Adhikari: ১২ ডিসেম্বর হরিণঘাটায় অম্বানীদের ক্যাম্পা কোলা কারখানার ভূমিপুজো, ঘোষণা মুখ্যমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে শিল্পায়ন ও কর্মসংস্থানের লক্ষ্যে বড়সড় পদক্ষেপের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নদিয়ার হরিণঘাটায় রিলায়েন্স গোষ্ঠীর ক্যাম্পা কোলা কারখানার ভূমিপুজো হতে চলেছে আগামী ১২ ডিসেম্বর। একই সঙ্গে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের ট্রাক তৈরির কারখানা গড়ার বিষয়েও ইতিবাচক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে এই দুই শিল্পপ্রকল্পের বিষয়ে বিস্তারিত জানান তিনি। তাঁর দাবি, শিল্পের জন্য জমি ও বিনিয়োগের ব্যবস্থা করতে রাজ্য সরকার তৎপর। আগামী দিনে জিডিপি-সহ বিভিন্ন ক্ষেত্রে মডেল রাজ্য হিসেবে উঠে আসবে পশ্চিমবঙ্গ।

    সিঙ্গুরে অশোক লেল্যান্ডের কারখানা, তৈরি জমি?

    সিঙ্গুরে ফের গাড়ি শিল্প ফিরিয়ে আনার সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী জানান, অশোক লেল্যান্ড কর্তৃপক্ষের সঙ্গে তাঁর কথা হয়েছে। এ দিন সকালেই সংস্থার তরফে ফোন এসেছিল বলে জানান তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, ‘আজ সকালে আমাদের অশোক লেল্যান্ডের (হিন্দুজা গোষ্ঠী) ফোন এল। তাঁর ছেলের বিয়ে। প্রথমেই বললেন, আমার জমি রেডি আছে তো? আমি বললাম, হ্যাঁ, রেডি আছে।’

    মুখ্যমন্ত্রী আরও জানান, সিঙ্গুরে শিল্পস্থাপনের জন্য ৯৯৭ একর জমি দেওয়ার প্রস্তুতি রয়েছে রাজ্য সরকারের। উপযুক্ত মূল্যে জমি কিনে তা শিল্পের জন্য হস্তান্তর করা হবে। উল্লেখ্য, গত ২১ নভেম্বর কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর-পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছিলেন, সিঙ্গুরে ট্রাক তৈরির কারখানা গড়ার বিষয়ে অশোক লেল্যান্ডের সঙ্গে আলোচনা এগিয়েছে। নবান্ন সূত্রের খবর, প্রস্তাবিত প্রকল্পে অন্তত ৬৫০ কোটি টাকা বিনিয়োগ করতে পারে হিন্দুজা গোষ্ঠীর এই সংস্থা। তবে বিনিয়োগের পরিমাণ নিয়ে এখনও সরকারি ঘোষণা হয়নি।

    ১২ ডিসেম্বর হরিণঘাটায় ক্যাম্পা কোলা কারখানার ভূমিপুজো

    অন্যদিকে, নদিয়ার হরিণঘাটা শিল্পতালুকে রিলায়েন্স গোষ্ঠীর বিনিয়োগের কাজও এগোচ্ছে। আগামী ১২ ডিসেম্বর সেখানে ক্যাম্পা কোলা ঠান্ডা পানীয়ের কারখানার ভূমিপুজো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে মুকেশ অম্বানীর পুত্র অনন্ত অম্বানী উপস্থিত থাকবেন বলেও জানিয়েছেন তিনি।

    মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, অনন্ত অম্বানীর সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছে। ভূমিপুজোর অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য মুকেশ ও অনন্ত অম্বানীকে আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। রিলায়েন্স গোষ্ঠীর অধীনস্থ রিলায়েন্স কনজিউমার প্রোডাক্টস লিমিটেড (RCPL) এই প্রকল্পটি তৈরি করবে। হরিণঘাটা শিল্পতালুকে কারখানা ও ফুড পার্ক গড়তে ৬০০ কোটি টাকারও বেশি বিনিয়োগের পরিকল্পনা রয়েছে সংস্থার।

    শরণার্থীদের জন্য নতুন প্রকল্পের ঘোষণা

    শিল্পায়নের পাশাপাশি শরণার্থীদের জন্যও বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আগামী বাজেটে তাঁদের জমি ও পাকা বাড়ি দেওয়ার লক্ষ্যে নতুন প্রকল্প আনার কথা জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, ‘আগামী বাজেটে আমি নতুন প্রকল্প আনছি। সবাই সিএএ শংসাপত্র পাবেন, নাগরিকত্ব পাবেন, সামাজিক প্রকল্পের সুবিধা পাবেন।’

    সব মিলিয়ে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের সম্ভাব্য বিনিয়োগ এবং হরিণঘাটায় রিলায়েন্সের নতুন কারখানা—এই দুই প্রকল্পকে ঘিরে রাজ্যে শিল্পায়নের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। তবে সিঙ্গুরের প্রকল্পের ক্ষেত্রে জমি হস্তান্তর, বিনিয়োগ ও নির্মাণের চূড়ান্ত ঘোষণা এখনও বাকি। ফলে ঘোষণার পাশাপাশি বাস্তবে কত দ্রুত এই প্রকল্পগুলি কার্যকর হয়, এখন সেদিকেই নজর শিল্পমহল ও কর্মপ্রত্যাশী যুবসমাজের।

LinkedIn
Share