Tag: রাসযাত্রা

  • Rash Purnima: রাস পূর্ণিমার মাহাত্ম্য কী? রাধাকৃষ্ণের প্রেমলীলা থেকে দেব দীপাবলি, জানুন এই তিথির বিশেষ তাৎপর্য

    Rash Purnima: রাস পূর্ণিমার মাহাত্ম্য কী? রাধাকৃষ্ণের প্রেমলীলা থেকে দেব দীপাবলি, জানুন এই তিথির বিশেষ তাৎপর্য

    মাধ্যম নিউজ ডেস্ক: রাসযাত্রা মূলত বৈষ্ণবদের উৎসব। জয়দেবের ‘গীতগোবিন্দম্‌’, চণ্ডীদাসের ‘শ্রীকৃষ্ণকীর্তন’ এবং মালাধর বসুর ‘শ্রীকৃষ্ণবিজয়’ কাব্যে রাসের কথা উল্লেখ করা হয়েছে। বৃন্দাবন রাস ও বসন্ত রাস বিশেষভাবে উল্লেখযোগ্য। বৈষ্ণব ভাবনায় শ্রীকৃষ্ণপ্রেম এবং প্রকৃতিস্বরূপা রাধার সাধনাই হল রাস। এই উৎসবের উল্লেখ রয়েছে বিভিন্ন পুরাণেও। শারদ রাস ও বসন্ত রাস—দুটিই বৈষ্ণবদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    আজ, ২৪ নভেম্বর, মঙ্গলবার (৭ অগ্রহায়ণ) দেশজুড়ে পালিত হচ্ছে রাসযাত্রা। একইসঙ্গে, এ বছর রাস পূর্ণিমার সঙ্গে একই দিনে পড়েছে গুরু নানকের জন্মতিথি (Guru Nanak Jayanti)। রাস পূর্ণিমা বাংলার আপামর বাঙালির কাছে একটি বিশেষ উৎসবের দিন। বাংলায় শ্রীচৈতন্যদেবের সময় থেকেই রাস উৎসব পালনের কথা জানা যায়। রাজা কৃষ্ণচন্দ্রের সময়ের পরবর্তী পর্যায়ে রাস পূর্ণিমা আরও জাঁকজমকপূর্ণভাবে পালিত হতে শুরু করে।

    অন্যদিকে, রাস পূর্ণিমার তিথিতে দেশজুড়ে ধুমধাম করে পালিত হচ্ছে দেব দীপাবলি (Dev Deepawali)। দেবতাদের দীপাবলি উপলক্ষে সেজে উঠেছে বারাণসী (Varanasi)। সন্ধ্যায় কাশীর অর্ধচন্দ্রাকৃতি গঙ্গার ঘাটগুলি লক্ষ লক্ষ প্রদীপের আলোয় সাজিয়ে তোলা হবে। কাশীধামজুড়ে রাতভর চলবে দেব দীপাবলির উদযাপন।

    রাসের তাৎপর্য কী?

    প্রেমভাব বৈষ্ণব ভাবনার অন্যতম প্রধান দিক। রাস শব্দটি এসেছে ‘রস’ থেকে। রসের ব্যাপ্তি বিরাট। আনন্দ আস্বাদনই রাসের মূল কথা। বৈষ্ণব রসশাস্ত্রে পঞ্চরস—শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও মধুর রস সম্পর্কে বিস্তৃত আলোচনা রয়েছে। বৃন্দাবনদাসের ‘শ্রীশ্রীচৈতন্যভাগবত’ এবং কৃষ্ণদাস কবিরাজের ‘শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত’ কাব্যেও রস বা লীলা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

    রাস মানেই মিলন (Rash Purnima)। কৃষ্ণপ্রেমে ক্ষুদ্র আত্মার পরমাত্মায় মিলিত হওয়ার বাসনাই রাসের মূল ভরকেন্দ্র। পূর্ণ অবতার ভগবান শ্রীকৃষ্ণের মহাভাবের একমাত্র অধিকারিণী শ্রীরাধারানি। কৃষ্ণ হলেন জগতের আদি পুরুষ, আর বাকি মানবসমাজ প্রকৃতিতুল্য। তাই সকল গোপিনী এবং নর-নারী রাধাভাব বা মঞ্জরী ভাবনায় ভাবিত হন। এই পরম জ্ঞানের কথা জানানোর জন্যই কৃষ্ণের বৃহৎ লীলা বা রাসলীলার প্রকাশ।

    মুক্তির পথ দেখান কৃষ্ণস্বরূপ জ্ঞান

    কৃষ্ণপ্রেমে মুগ্ধ হয়ে গোপিনীরা সংসার ত্যাগ করে বৃন্দাবনে চলে যান। সেখানে গিয়ে তাঁরা সকলে কৃষ্ণপ্রেমে সমবেত হন। শ্রীকৃষ্ণ তাঁদের সংসারে ফিরে যেতে অনুরোধ করেন। কিন্তু গোপিনীরা সেই অনুরোধ মানতে অস্বীকার করেন। শ্রীকৃষ্ণ বুঝতে পারেন, তাঁদের মনে অহংকারের ভাব এসেছে। তখন তিনি রাধাকে সঙ্গে নিয়ে অন্তর্ধান করেন।

    পরে গোপিনীরা নিজেদের ভুল বুঝতে পারেন। অহংকার ত্যাগ করে তাঁরা কৃষ্ণপ্রেমে স্তবপাঠ শুরু করেন। তাঁদের স্তবে সন্তুষ্ট হয়ে শ্রীকৃষ্ণ ফিরে আসেন। এরপর গোপিনীদের জীবন সম্পর্কে গভীর তত্ত্বকথার উপদেশ দেন। প্রত্যেক গোপিনীর মনোবাঞ্ছা পূরণ করে জাগতিক দুঃখ-কষ্ট থেকে মুক্তির পথ দেখান। এই কৃষ্ণই প্রকৃত জ্ঞানের আধার। আর জগতস্বরূপ জ্ঞান হলেন স্বয়ং রাধা। সকল গোপিনী হলেন রাধাশক্তির প্রকাশমাত্র।

    বাংলাজুড়ে রাস উৎসব

    ভগবান শ্রীকৃষ্ণের রাস উৎসব বাংলা, মথুরা, বৃন্দাবন, ওড়িশা, অসম, মণিপুর এবং পূর্ববঙ্গের বেশ কিছু জায়গায় ব্যাপকভাবে পালিত হয়। তবে মূল আরাধ্য রাধাকৃষ্ণ হলেও অঞ্চলভেদে বিভিন্ন দেবদেবীর পুজো করতেও দেখা যায়।

    যেমন, কোচবিহারের মদনমোহন মন্দিরে রাস উৎসব উপলক্ষে এক মাসব্যাপী মেলা বসে। এই মেলা অত্যন্ত বিখ্যাত। এখানে রাস উৎসবে দুর্গাপুজো ও কালীপুজোও করতে দেখা যায়। অন্যদিকে, নবদ্বীপ, শান্তিপুর, ফুলিয়া, বর্ধমানের বেশ কিছু বৈষ্ণব পাটবাড়ি, সমাজবাড়ি ও আখড়ায় মাটির মূর্তিতে রাধাকৃষ্ণের পুজো হয়।

    গৌর-নিতাই ও পঞ্চতত্ত্বের নামে চলে নামসংকীর্তন এবং নগর পরিক্রমা। শ্রীচৈতন্যদেবের স্মৃতিবিজড়িত জায়গাগুলিতে পালিত হয় বিশেষ পুজো। কীর্তন, পদাবলি, পালাগান এবং রাসের সখীদের অষ্টকলা প্রদর্শন উৎসবের অন্যতম আকর্ষণ। পিছিয়ে নেই পশ্চিমের জেলা পুরুলিয়াও। পুরুলিয়ার রাসমেলা একটি গুরুত্বপূর্ণ উৎসব। রাস পূর্ণিমার পাঁচ দিন পর থেকে এই মেলা শুরু হয়।

    দেব দীপাবলি ও ত্রিপুরারি পূর্ণিমা

    এই সময়ে সূর্যোদয়ের আগে স্নান করলে শুভকর্মের ফল পাওয়া যায় বলে বিশ্বাস। এমনকী, অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্যলাভ হয় বলেও প্রচলিত ধারণা রয়েছে। পৌরাণিক কাহিনি অনুসারে, রাস পূর্ণিমার তিথিতে দেবলোকে দীপাবলি পালিত হয়। এই বিশ্বাস থেকেই দেবতাদের শ্রদ্ধা জানিয়ে মর্ত্যেও এ দিন প্রদীপ জ্বালানোর প্রথা রয়েছে।

    বিশেষ করে এ দিন বেনারস ও হরিদ্বারের গঙ্গার ঘাটগুলি আলোর মালায় সাজিয়ে তোলা হয়। হাজার হাজার মানুষ গঙ্গার ঘাটের শোভা দেখতে বেনারস ও হরিদ্বারে ভিড় করেন। বারাণসীর দেব দীপাবলি এই উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ।

    অন্য একটি পৌরাণিক কাহিনি অনুসারে, এই রাস পূর্ণিমার তিথিতেই ভগবান শিব ত্রিপুরাসুর নামে এক অসুরকে বধ করেছিলেন। তাই এই পূর্ণিমা অনেক জায়গায় ত্রিপুরী বা ত্রিপুরারি পূর্ণিমা নামেও পরিচিত। আবার পৌরাণিক বিশ্বাস অনুসারে, ভগবান শ্রীবিষ্ণু এই দিনেই মৎস্য অবতার ধারণ করেছিলেন।

LinkedIn
Share