Tag: 1600 Metre Run

  • Jharkhand: চটি খুলে খালি পায়ে ১,৬০০ মিটার দৌড়, নজর কাড়ল ঝাড়খণ্ডের বিধবা কবিতার লড়াই

    Jharkhand: চটি খুলে খালি পায়ে ১,৬০০ মিটার দৌড়, নজর কাড়ল ঝাড়খণ্ডের বিধবা কবিতার লড়াই

    মাধ্যম নিউজ ডেস্ক: স্টেডিয়ামে তখন চলছে হোমগার্ডে (Jharkhand) নিয়োগের শারীরিক পরীক্ষার প্রস্তুতি। হঠাৎই দর্শকদের নজর কেড়ে নিলেন নীল শাড়ি পরা এক মহিলা। কোমরে শাড়ি গুঁজে, পায়ের চটি খুলে খালি পায়ে দৌড় শুরু করলেন তিনি। একে একে টপকে গেলেন অন্য প্রার্থীদের। ১,৬০০ মিটার দৌড় শেষ করতেই স্টেডিয়ামজুড়ে শুরু হল হাততালি ও উচ্ছ্বাস। সেই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই (Home Guard Job) রাতারাতি পরিচিত মুখ হয়ে ওঠেন ঝাড়খণ্ডের রামগড় জেলার বিধবা কবিতা কুমারী। কবিতার কাছে হোমগার্ডের চাকরি নিছকই একটি চাকরি নয়, বদলে দিতে পারে তাঁর জীবনের গতিপথ।

    অনুশীলনেই নজর কাড়লেন কবিতা (Jharkhand)

    রামগড় জেলার সোসো গ্রামের বাসিন্দা কবিতা প্রতিদিন ভোরে গ্রামের কাছাকাছি অসমতল জমিতে দৌড়ের অনুশীলন করেন। গত ৪ অক্টোবর তিনি সিধু কানহু স্টেডিয়ামে যান একটি বিনামূল্যের অনুশীলনী দৌড়ে অংশ নিতে। ক্রীড়াবিদদের পরিচালিত একটি প্রশিক্ষণ সংস্থার উদ্যোগে এই আয়োজন করা হয়েছিল। নিয়োগের শারীরিক পরীক্ষার আগে প্রার্থীরা যাতে মাঠের পরিবেশ সম্পর্কে ধারণা নিতে পারেন এবং নিজেদের শারীরিক সক্ষমতা যাচাই করতে পারেন, সেই উদ্দেশ্যেই এই অনুশীলন। এই একই স্টেডিয়ামে ২৪ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত হোমগার্ড নিয়োগের শারীরিক পরীক্ষা হওয়ার কথা।

    শাড়ি ও চটি পরে সেদিন অনুশীলনে হাজির হয়েছিলেন কবিতা। তিনি বলেন, “স্টেডিয়ামে পৌঁছনোর পর থেকেই আমি খুব নার্ভাস হয়ে পড়েছিলাম। সবাই আমাকে শাড়ি পরা অবস্থায় দেখছিল। আর আমি দেখছিলাম, অন্যরা ট্র্যাকস্যুট পরে এসেছে, কারও হাতে ব্যাগ, জলের বোতল, পায়ে জুতো। এতে আমি কিছুটা অস্বস্তিতে পড়ে যাই। কিন্তু শেষ পর্যন্ত দৌড়ে অংশ নিই।” মহিলা প্রার্থীদের ১,৬০০ মিটার দৌড় ১০ মিনিটের মধ্যে শেষ করতে হয়। কবিতা জানান, তিনি মাত্র আট মিনিটের মধ্যেই দৌড় শেষ করেন। এর ফলে পরীক্ষায় পূর্ণ নম্বর-সহ ‘উৎকৃষ্ট’ শ্রেণির ফল পান।

    কী বলছেন কবিতা

    কবিতার কথায়, “মানুষ আমাকে হাততালি না দেওয়া পর্যন্ত আমি বুঝতেই পারিনি যে আমি কী করেছি। শুধু চটি খুলে খালি পায়ে দৌড় শুরু করেছিলাম। দৌড়নোর সময় আমার মাথায় হোমগার্ডের চাকরি ছাড়া আর কিছুই ছিল না। কেউ আমার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। আমি আশা করি, শারীরিক পরীক্ষার দিনও একই শক্তি ও আত্মবিশ্বাস নিয়ে দৌড়তে পারব।”

    ৪ অক্টোবরের এই অনুশীলনের আয়োজন করেছিলেন রামগড়ের অঙ্কিত সিং, যিনি অঙ্কিত রানার অ্যাকাডেমি পরিচালনা করেন। তাঁর বক্তব্য, উদ্দেশ্য শুধু অনুশীলনী দৌড় করানো ছিল না, প্রার্থীদের স্টেডিয়ামের মাঠের সঙ্গে পরিচিত করানোও ছিল (Jharkhand)।

    অঙ্কিত বলেন, “প্রকৃত শারীরিক পরীক্ষার আগে প্রার্থীদের জানা দরকার মাঠটি কেমন। মাঠের এক দিকে ঢাল রয়েছে। কোথাও বালি, কোথাও নুড়ি, আবার কোথাও অসমতল জমি। তাই অনেকেই ১৫ থেকে ২০ কিলোমিটার দূর থেকে এখানে অনুশীলন করতে আসেন। সেদিন প্রায় ১,৯০০ জন প্রার্থী অংশ নিয়েছিলেন। তাঁদের মধ্যে প্রায় ১,১০০ জন মহিলা। অনেকেই গ্রামাঞ্চল থেকে এসেছিলেন এবং তাঁদের মধ্যে কেউ কেউ শাড়ি পরেও এসেছিলেন। সেদিন ৫০ থেকে ৬০ জন মহিলা শাড়ি পরে দৌড়েছিলেন।”

    গ্রামাঞ্চলের মহিলাদের জন্য ট্র্যাকস্যুট ও দৌড়ের জুতো পরে নিয়মিত বাইরে গিয়ে অনুশীলন করা সবসময় সহজ নয় বলেও জানান তিনি। তাঁর মতে, প্রকৃত পরীক্ষার মাঠে অনুশীলনের সুযোগ পেলে প্রার্থীরা নিয়োগের দিন কী ধরনের পরিস্থিতির মুখোমুখি হবেন, সে সম্পর্কে আগে থেকেই ধারণা পান।

    শূন্যপদ ২৮৪

    ঝাড়খণ্ডে হোমগার্ডে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় চলতি বছরের এপ্রিলে। রামগড় জেলায় শূন্যপদের সংখ্যা ২৮৪টি। এজন্য আবেদন জমা পড়েছে ১৬ হাজারেরও বেশি।

    নিয়োগের প্রথম পর্যায়ে রয়েছে শারীরিক পরীক্ষা। সেখানে ১,৬০০ মিটার দৌড়ের পাশাপাশি লং জাম্প, হাই জাম্প এবং শটপাট দিতে হবে। এরপর হবে লিখিত পরীক্ষা। মোট শূন্যপদের ৫০ শতাংশ মহিলাদের জন্য সংরক্ষিত। এর মধ্যে ৫ শতাংশ পদ বিধবাদের জন্য নির্দিষ্ট।

    একের পর এক দুর্ভাগ্য, তবু থামেননি কবিতা

    কবিতা জানান, ২০০৯ সালে অপ্রাপ্তবয়স্ক অবস্থাতেই তাঁর বিয়ে হয়। বর্তমানে তাঁর বয়স তিরিশের কাছাকাছি। তিন বছর আগে মৃত্যু হয় স্বামী দীপক কুমার মাহাতর। তিনি ছিলেন পরিযায়ী শ্রমিক, কাজ করতেন গুজরাটে।

    কবিতা বলেন, “করোনার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং বাড়ি ফিরে আসেন। এরপর বারবার অসুস্থ হতে থাকেন এবং ২০২৩ সালে তাঁর মৃত্যু হয়। তখন শ্বশুর-শাশুড়ির দেখাশোনা, সংসার ও সন্তানদের সামলানো এবং সংসারের খরচ চালানোর দায়িত্ব আমার উপর এসে পড়ে।”

    স্বামীর মৃত্যুর মাত্র ছ’মাস পরেই পরিবারে আরও একটি মৃত্যুর ঘটনা ঘটে। দীপকের ছোট ভাইও মারা যান। কবিতা জানান, ভাইয়ের মৃত্যুর পর তাঁর স্ত্রীও বাড়ি ছেড়ে চলে যান।

    চিকিৎসার পেছনে বিপুল অর্থ খরচ হওয়ায় তাঁদের পরিবারের প্রায় ৬ লক্ষ টাকা ঋণ হয়েছে বলেও জানান কবিতা।

    সংসারের খরচ চালানো এবং ঋণ শোধ করতে রামগড় শহরের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে নিরাপত্তারক্ষীর কাজ করেছেন তিনি। কিন্তু রাত করে কাজ শেষ হওয়ায় বাড়ি ফেরার জন্য যাতায়াতের ব্যবস্থা না থাকায় সেই কাজ ছেড়ে দিতে হয়। বর্তমানে মূলত ইটভাটায় শ্রমিকের কাজ করেন কবিতা। তাঁর দুই সন্তান রামগড়ের একটি বেসরকারি স্কুলে পড়াশোনা করে (Jharkhand)।

    ইউটিউব দেখে নিজেই প্রস্তুতি

    শারীরিক পরীক্ষার প্রস্তুতির জন্য কারও কাছে প্রশিক্ষণ নেওয়ার সামর্থ্য ছিল না কবিতার। ইউটিউবের ভিডিও দেখেই নিজে নিজে অনুশীলন করেছেন তিনি।

    কবিতা বলেন, “আমি সন্তানদের ইউটিউব খুলে ভিডিও চালাতে বলি, কারণ নিজে খুব একটা ব্যবহার করতে জানি না। ভিডিও দেখে পরীক্ষার প্রস্তুতি নিই। পোশাক, জুতো বা প্রশিক্ষণের জন্য খরচ করার মতো আমার কাছে একটি পয়সাও নেই। তাই নিজের চেষ্টাতেই প্রস্তুতি নিতে হয়।”

    তাঁর দৌড়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর একাধিক ব্যক্তি ও রাজনৈতিক নেতা তাঁর সঙ্গে যোগাযোগ করেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দেন। দুমরির বিধায়ক জয়রাম কুমার মাহাত ফোনে কবিতার সঙ্গে কথা বলেন এবং তাঁকে একটি ট্র্যাকস্যুট ও দৌড়ের জুতো পাঠান।

    বিনামূল্যে প্রশিক্ষণ দিচ্ছেন হোমগার্ড কর্মী

    কবিতার প্রশিক্ষক অজয় কারমালি। ৩৮ বছর বয়সি অজয় রামগড়ে হোমগার্ডের চাকরি করেন। নিজের গ্রামের প্রায় পাঁচ কিলোমিটার দূরে দুলমিতে এইচএমটি ফিজিক্যাল অ্যাকাডেমিও পরিচালনা করেন তিনি। চার-পাঁচ মাস আগে তিনি এই প্রশিক্ষণকেন্দ্রটি শুরু করেন। গ্রামের বাসিন্দাদের বিনামূল্যে শারীরিক প্রশিক্ষণ দেওয়াই ছিল তাঁর উদ্দেশ্য।

    সোশ্যাল মিডিয়ায় অজয়ের প্রশিক্ষণ সংক্রান্ত পোস্ট দেখে কবিতা তাঁর সঙ্গে যোগাযোগ করেন এবং প্রশিক্ষণে যোগ দেওয়ার সুযোগ চান (Home Guard Job)।

    অজয়ই তাঁকে নিয়োগের শারীরিক পরীক্ষার আগে স্টেডিয়ামে গিয়ে অনুশীলন করার পরামর্শ দেন। তাঁর লক্ষ্য ছিল, কবিতা যেন মাঠের সঙ্গে পরিচিত হয়ে আত্মবিশ্বাস অর্জন করতে পারেন।

    অজয় বলেন, “ওঁর দৌড়ের পোশাক ছিল না। কিন্তু আমি আশা করি, খুব শিগগিরই তিনি হোমগার্ডের পোশাক পরবেন (Jharkhand)।”

     

LinkedIn
Share