Tag: 400 Rupees Wages

  • Suvendu Adhikari: গ্রামীণ কর্মসংস্থানে দৈনিক মজুরি ৪০০ টাকা করার দাবি শুভেন্দুর, ‘ভিবি-জি রাম জি’ প্রকল্পের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে আশাবাদী মুখ্যমন্ত্রী

    Suvendu Adhikari: গ্রামীণ কর্মসংস্থানে দৈনিক মজুরি ৪০০ টাকা করার দাবি শুভেন্দুর, ‘ভিবি-জি রাম জি’ প্রকল্পের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে আশাবাদী মুখ্যমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলার গ্রামীণ শ্রমিকদের দৈনিক ন্যূনতম মজুরি বাড়িয়ে ৪০০ টাকা করার দাবি জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের কাছে এই দাবি জানিয়েছেন বলে বৃহস্পতিবার জানালেন তিনি। কেন্দ্রের নতুন গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প (VBGRAMG) ‘বিকশিত ভারত ও রোজগার সুরক্ষা যোজনা’ বা ‘ভিবি-জি রাম জি’ নিয়েও আশার কথা শুনিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, নির্ধারিত সময়সীমার আগেই প্রকল্পের লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে।

    গ্রামীণ শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি (Suvendu Adhikari)

    বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী। যদিও কোনও সরকারি বৈঠক নয়, বরং একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতেই তাঁর সেখানে যাওয়া। ওই অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রীর মায়ের প্রয়াণে শোকপ্রকাশ করতে গিয়েছিলেন তিনি। তবে সেই সাক্ষাতের সুযোগেই বাংলার গ্রামীণ শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়টি তুলে ধরেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

    নবান্নের সভাঘর থেকে আবাস প্রকল্পের দ্বিতীয় কিস্তির অর্থ প্রদানের সূচনা করে শুভেন্দু বলেন, “আমি মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের মায়ের প্রয়াণ অনুষ্ঠানে গিয়েছিলাম। যদিও সেই পরিস্থিতিতে এই বিষয়গুলি নিয়ে কথা বলার মতো পরিবেশ ছিল না, তবুও আমি প্রয়োজনীয় দু’-একটি কথা তাঁকে জানিয়ে এসেছি।”

    বাংলার অসংগঠিত ও অদক্ষ শ্রমিকদের আর্থিক সুরক্ষার বিষয়েও কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, রাজ্যে যাঁরা অদক্ষ শ্রমের সঙ্গে যুক্ত, তাঁদের ন্যূনতম দৈনিক মজুরি বর্তমান স্তর থেকে বাড়িয়ে অন্তত ৪০০ টাকা করা প্রয়োজন। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি কেন্দ্রীয় মন্ত্রীকে জানিয়ে এসেছি, বাংলার মাটিতে যাঁরা অদক্ষ শ্রমের সঙ্গে যুক্ত, তাঁদের দৈনিক ন্যূনতম মজুরি বাড়িয়ে অন্তত ৪০০ টাকা করা হোক।”

    কেন্দ্রের নতুন গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের অগ্রগতি নিয়েও ইতিবাচক পরিসংখ্যান তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, প্রতিদিন গড়ে প্রায় ১০ লাখ কর্মদিবস তৈরি হচ্ছে। গত পাঁচ থেকে সাত দিনের মধ্যেই প্রায় ১ কোটি ৬০ লাখ কর্মদিবসের অনুমোদন তৈরি হয়েছে। এই গতিতে কাজ চললে নির্ধারিত সময়ের আগেই ২২ কোটি কর্মদিবস তৈরির লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে বলে আশাবাদী তিনি। এই অগ্রগতিকে উল্লেখযোগ্য সাফল্য বলেও ব্যাখ্যা করেছেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)।

    উল্লেখ্য, পূর্বের মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প বা একশো দিনের কাজের পরিবর্তে কেন্দ্রীয় সরকার নতুন কর্মসংস্থান প্রকল্প ‘ভিবি-জি রাম জি’ চালু করেছে। এই প্রকল্পে গ্রামীণ পরিবারগুলির জন্য বছরে ১২৫ দিনের মজুরিভিত্তিক কাজের আইনি নিশ্চয়তার কথা বলা হয়েছে। পাশাপাশি দৈনিক ন্যূনতম মজুরি প্রায় ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সেই মজুরির পরিমাণ বাড়িয়ে ৪০০ টাকা করার দাবিই এবার কেন্দ্রের কাছে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী।

    অর্থ বরাদ্দের অনুপাত

    নতুন প্রকল্পে কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থ বরাদ্দের অনুপাত রাখা হয়েছে ৬০:৪০। অর্থাৎ প্রকল্পের ব্যয়ের ৬০ শতাংশ বহন করবে কেন্দ্র এবং বাকি ৪০ শতাংশ দিতে হবে রাজ্যকে। উদাহরণ হিসেবে কেন্দ্রের বরাদ্দ ৮,৫০৮ কোটি টাকা এবং রাজ্যের অংশ ৫,৬৭২ কোটি টাকা বলে উল্লেখ করা হয়েছে। এ ছাড়াও প্রকল্পের নিয়ম অনুযায়ী, কাজের আবেদন জানানোর ১৫ দিনের মধ্যে কাজ না পেলে সংশ্লিষ্ট আবেদনকারীকে বেকার ভাতা দেওয়ার সংস্থান রয়েছে।

    মুখ্যমন্ত্রীর মতে, নতুন এই কর্মসংস্থান প্রকল্পের (VBGRAMG) যথাযথ বাস্তবায়ন হলে গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি আসবে। একদিকে যেমন গ্রামীণ পরিবারের আয়ের সুযোগ বাড়বে, অন্যদিকে তেমনই স্থানীয় স্তরে কর্মসংস্থান ও আর্থিক কর্মকাণ্ডের প্রসার ঘটবে। তবে প্রকল্পের সাফল্যের পাশাপাশি শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করাও যে সমান গুরুত্বপূর্ণ, ৪০০ টাকা দৈনিক মজুরির দাবি তুলে সেই বার্তাই দিতে চেয়েছেন শুভেন্দু (Suvendu Adhikari)।

     

LinkedIn
Share