Tag: AAP

AAP

  • AAP: দিল্লি পুরভোটের টিকিট মেলেনি, বিদ্যুতের খুঁটিতে উঠে আত্মহত্যার হুমকি আপ নেতার

    AAP: দিল্লি পুরভোটের টিকিট মেলেনি, বিদ্যুতের খুঁটিতে উঠে আত্মহত্যার হুমকি আপ নেতার

    মাধ্যম নিউজ ডেস্ক: সাত সকালে এক প্রস্ত নাটক দিল্লির (Delhi) বুকে! পুরভোটের টিকিট না পেয়ে রবিবার হাই টেনশন বিদ্যুতের খুঁটিতে উঠে পড়লেন আম আদমি পার্টির (AAP) এক প্রাক্তন কাউন্সিলর। টিকিট না পেলে ঝাঁপ দিয়ে আত্মহত্যার হুমকিও দিলেন প্রাক্তন ওই আপ কাউন্সিলর। হাই টেনশন বিদ্যুতের খুঁটি থেকে তাঁকে নামাতে যথেষ্ট বেগ পেতে হয় প্রশাসনের লোকজনকে।  

    ক্ষোভের কারণ…

    দিল্লি পুরসভার নির্বাচন হবে ৪ ডিসেম্বর। ইতিমধ্যেই প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে আম আদমি পার্টি (AAP)। ওই প্রার্থী তালিকায় নাম রয়েছে ১৩৪ জনের। এর মধ্যে মহিলা প্রার্থীর সংখ্যা ৭০। দিল্লি পুরসভার প্রবীণ কাউন্সিলর মুকেশ গোয়াল কংগ্রেস ছেড়ে কিছুদিন আগে যোগ দিয়েছেন অরবিন্দ কেজরিওয়ালের দলে। তাঁকে টিকিট দিয়েছে আপ। আদর্শ নগর ওয়ার্ডে প্রার্থী হয়েছেন তিনি। কংগ্রেস ছেড়ে আপে ভিড়েছেন জনৈক গুড্ডি দেবী। তাঁকেও প্রার্থী করেছে কেজরিওয়ালের দল। তিনি প্রার্থী হয়েছেন টিমরপুরের মালকানগঞ্জে। ভিন দল থেকে আসা লোকজন টিকিট পেয়ে যাওয়ায় অসন্তোষের আগুন ক্রমেই ধূমায়িত হচ্ছে আপের (AAP) অন্দরে। এই দলের একাংশের অভিযোগ, অন্য দল থেকে এলেই প্রার্থী করা হচ্ছে। শনিবার আপ দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে। ওই তালিকায় নাম রয়েছে ১১৭ জনের। প্রথম দফা ও দ্বিতীয় দফা কোনও প্রার্থী তালিকায়ই নাম নেই আপের প্রাক্তন কাউন্সিলর হাসিবউল হাসানের।

    আরও পড়ুন: অমিত শাহের সঙ্গে করমর্দনের ছবি ভাইরাল, বিজেপিতে যোগ দিচ্ছেন ধোনি?

    জানা গিয়েছে, সেই ক্ষোভ থেকেই এদিন প্রাক্তন ওই আপ (AAP) কাউন্সিলর দিল্লির শাস্ত্রী পার্ক মেট্রো স্টেশনের কাছে হাই টেনশন বিদ্যুতের খুঁটিতে উঠে পড়েন। যতক্ষণ না প্রার্থী হওয়ার আশ্বাস পাচ্ছেন, ততক্ষণ নামবেন না বলেও হুঁশিয়ারি দেন তিনি। দেন আত্মহত্যা করার হুমকিও। ঘটনায় হকচকিয়ে যান পথ চলতি মানুষজন। তাঁরা তাঁকে নীচে নেমে আসতে অনুরোধ করেন। তাতে অবশ্য কান দেননি তিনি। তাঁর অভিযোগ, দল ভুল পথে চলছে। তিনি জানান, আপ (AAP) নেতারা ঠকিয়েছেন তাঁকে। পূর্ব দিল্লির গান্ধীনগর এলাকার কাউন্সিলর ছিলেন তিনি। তাঁর দাবি, দলের তরফে কাগজপত্র জমা দিতে বলা হয়েছিল তাঁকে। কিন্তু তার পরেও দেওয়া হয়নি টিকিট।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • BJP: কেজরির ‘গুজরাট ডিলে’র অভিযোগ সর্বৈব মিথ্যা, সাফ জানাল বিজেপি

    BJP: কেজরির ‘গুজরাট ডিলে’র অভিযোগ সর্বৈব মিথ্যা, সাফ জানাল বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: গুজরাটে (Gujarat) ভোট প্রচারে গিয়ে আম আদমি পার্টির (AAP) নেতা তথা দিল্লির (Delhi) মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) দাবি করেছিলেন, বিজেপির (BJP) তরফে গুজরাট বিধানসভা নির্বাচনে (Gujarat Assembly polls) থেকে তাঁকে সরে দাঁড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি এও দাবি করেছিলেন, এর বদলে রাজ্যের উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া ও স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দর জৈনকে ছেড়ে দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে। আপ নেতার এহেন অভিযোগ অস্বীকার করল বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, কেজরিওয়ালের অভিযোগ সর্বৈব মিথ্যা। বিজেপির মুখপাত্র সঈদ জাফর ইসলাম বলেন, ভোটের আগে গুজরাটবাসীকে বিপথগামী করতে এবং আম জনতার কাছে বিজেপির ভাবমূর্তি কালিমালিপ্ত করতেই এসব বলা হচ্ছে।

    ডিসেম্বরে ১ ও ৫ তারিখে দু দফায় ভোট হবে গুজরাটে। এই বিধানসভার আসন সংখ্যা ১৮২। গত আড়াই দশক ধরে রাজ্যের ক্ষমতায় রয়েছে বিজেপি (BJP)। এ রাজ্যে ক্রমেই বিজেপির প্রধান প্রতিপক্ষ হয়ে উঠছে অরবিন্দ কেজরিওয়ালের দল। দলের হয়ে গুজরাট চষে বেড়াচ্ছেন কেজরি স্বয়ং। শনিবার এক জনসভায় তিনি বলেন, ওরা (বিজেপি) আমার কাছে এসেছিল, বলেছিল যদি আমি গুজরাট নির্বাচনে অংশ না নিই, তাহলে সত্যেন্দর জৈনকে ছেড়ে দেওয়া হবে। গ্রেফতার করা হবে না মণীশ সিসোদিয়াকেও। তবে বিজেপির তরফে তাঁকে কে এই প্রস্তাব দিয়েছিল এদিন তা খোলসা করেননি কেজরি। তিনি শুধু বলেন, নিজের লোকের নাম কীভাবে বলব? আমার লোকের মাধ্যমেই ওঁরা প্রস্তাব দিয়েছিলেন। বিজেপি (BJP) কখনও সরাসরি প্রস্তাব দেয় না। ওরা একজনের থেকে অন্যজনের কাছে যায়। তারপর আরও একজনের কাছে যায়। তারপর কোনও বন্ধুর কাছে যায়। তারপর সেই বার্তা আপনার কাছে আসে।

    আরও পড়ুন: টাকায় লক্ষ্মী-গণেশের ছবি ছাপানোর আবেদন কেজরির, কী বলল বিজেপি?

    কেজরির দাবি নস্যাৎ করে জাফর ইসলাম বলেন, এটি সর্বৈব মিথ্যা কথা। উনি দিল্লি ও দেশের মানুষকে বিভ্রান্ত করেছেন। আন্না হাজারেকে ব্যবহার করে উনি ক্ষমতায় এসেছেন। পরে তাঁকে ছেড়ে দিয়েছেন। ক্ষমতা দখলের জন্য উনি যে কাউকে বিভ্রান্ত করতে পারেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • PM Modi: মোদিকে দেখতে জনপ্লাবন গুজরাটের গ্রামে, প্রধানমন্ত্রী যোগ দেবেন ‘পাপা নি পারি’তে

    PM Modi: মোদিকে দেখতে জনপ্লাবন গুজরাটের গ্রামে, প্রধানমন্ত্রী যোগ দেবেন ‘পাপা নি পারি’তে

    মাধ্যম নিউজ ডেস্ক: শিয়রে গুজরাট বিধানসভা নির্বাচন (Gujarat Assembly Elections)। এবারও মোদি (PM Modi) ম্যাজিক কাজে লাগাতে চাইছে গেরুয়া শিবির। নিজ রাজ্য পুনর্জয়ে সর্ব শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং। গুজরাটে বিজেপির (BJP) জয় অনায়াস। তবে তিলার্ধ ফাঁকও রাখতে চায় না মোদি-অমিত শাহের (Amit Shah) দল। তাই ফের গুজরাট গিয়েছেন প্রধানমন্ত্রী। রবিবার ভালসাদে রোড শো করেন মোদি। সঙ্গে ছিলেন গুজরাটের বিদায়ী মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল সহ বিজেপির অন্য নেতারা।

    এদিন মোদিকে (PM Modi) এক ঝলক চোখের দেখা দেখতে রাস্তার দু পাশে তিল ধারণের জায়গা ছিল না। জনতার দিকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে হাতজোড় করেছিলেন মোদি। উপস্থিত দর্শকের উদ্দেশে হাতও নাড়তে দেখা গিয়েছে তাঁকে। রোড শো শেষে বিকেল তিনটে নাগাদ ভালসাদের কাপরাদা গ্রামে আয়োজিত এক জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী। মোদির এই জনসভায়ও ছিল ঠাঁই নাই ঠাঁই নাই রব। গত আড়াই দশক ধরে গুজরাটের ক্ষমতায় রয়েছে বিজেপি। এদিন সে প্রসঙ্গ উল্লেখ করে ফের বিজেপিকে ক্ষমতায় আনার আবেদন জানান প্রধানমন্ত্রী।

    আরও পড়ুন: বিধানসভা উপনির্বাচনে ৪ আসনে জয়ী বিজেপি, কংগ্রেসের অবস্থান জানেন?

    কাপরাদার জনসভায় বক্তৃতা শেষ করে মোদি (PM Modi) রওনা দেন ভানভাগরের দিকে। সেখানে সন্ধে ৬টা নাগাদ একটি গণবিবাহের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তাঁর। এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘পাপা নি পারি’। যেসব কন্যার বাবা নেই, এমন ৫৫২জনের বিয়ে দেওয়া হবে ওই আসরে। ভোট ঘোষণা হওয়ার আগে নিজের রাজ্যে গেলেও, ভোট ঘোষণার পর এই প্রথম মোদি (PM Modi) গিয়েছেন গুজরাটে। ডিসেম্বরে দু দফায় হবে গুজরাট বিধানসভার নির্বাচন। প্রথম দফার ভোট হবে ১ ডিসেম্বর। আর ৫ ডিসেম্বর হবে দ্বিতীয় দফার নির্বাচন। গুজরাট বিধানসভার আসন সংখ্যা ১৮২টি। তার মধ্যে প্রথম দফায় হবে ৮৯টি আসনের ভোট। দ্বিতীয় দফায় হবে ৯৩টি আসনের নির্বাচন। ভোট গণনা হবে ডিসেম্বরের ৮ তারিখে। এবার গুজরাট নির্বাচনে বিজেপির কাছে কংগ্রেস (Congress) তেমন কোনও ফ্যক্টর না হলেও, গুজরাট জয়ে ঝাঁপিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি (AAP)। তবে গুজরাটের রাজনীতিতে তারা আদৌ ছাপ ফেলতে পারবে কিনা, তা বলবে সময়।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Gujarat Election: গুজরাটের রশি ফের বিজেপির হাতেই, বলছে সমীক্ষা, কত আসন পাবেন জানেন?

    Gujarat Election: গুজরাটের রশি ফের বিজেপির হাতেই, বলছে সমীক্ষা, কত আসন পাবেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: দুয়ারে গুজরাট বিধানসভা নির্বাচন (Gujarat Election)। ফের জয়জয়কার হতে চলেছে বিজেপির (BJP)। দলের অভ্যন্তরীণ সমীক্ষা তো বটেই, বিভিন্ন সমীক্ষক দলও নরেন্দ্র মোদি (Narendra Modi)-অমিত শাহের (Amit Shah) গড়ে বিজেপিকে রেখেছে প্রথম স্থানে। গত আড়াই দশক ধরে গুজরাটের ক্ষমতায় রয়েছে বিজেপি। এবার ফল অন্য কিছু হচ্ছে না বলেই প্রকাশ সমীক্ষায়।

    এবিপি সি ভোটারের করা প্রাক ভোট সমীক্ষায় দেখা গিয়েছে এবারও গুজরাটের রশি থাকছে বিজেপির হাতেই। গুজরাট বিধানসভার আসন সংখ্যা ১৮২। সমীক্ষক দলের মতে, এর মধ্যে বিজেপি পাবে ১৩৫টি, কংগ্রেস ৩৫, আপ ১১টি এবং অন্যান্যরা একটি আসন। গুজরাটের ২২ হাজারেরও বেশি ভোটারের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্তে এসেছে ওই সমীক্ষক দল।

    প্রাক ভোট সমীক্ষা করেছে জি ২৪ কলকও। তাদের মতে, গুজরাট বিধানসভা নির্বাচনে রাজ্যের শাসক দল বিজেপি পাবে ১২৪ থেকে ১৩৯টি আসন। তাদের দাবি, দু মাস ধরে চলা এই সমীক্ষায় অংশ নিয়েছেন প্রায় দু লক্ষ ভোটার। এই সমীক্ষক দলের মতে, বিজেপির পরেই রয়েছে কংগ্রেস। তারা পেতে পারে ৪২ থেকে ৫১টি আসন। গুজরাটবাসীর মনে সেভাবে ছাপ ফেলতে পারেনি অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। তারা পেতে পারে শূন্য থেকে তিনটি আসন। এই সমীক্ষায় যাঁরা অংশ নিয়েছিলেন তাঁদের মধ্যে ৪৫ শতাংশই চান ভূপেন্দ্র প্যাটেলই ফের মুখ্যমন্ত্রী হোন। ২৩.৬৩ শতাংশ ভোটার চাইছেন মুখ্যমন্ত্রী হোন সিআর পাটিল।

    আরও পড়ুন: গুজরাট বিধানসভা নির্বাচনের দিন ঘোষিত, ভোট হবে দুই দফায়

    টাইমস নাও-ইটিজির সমীক্ষায়ও প্রথম স্থানে রাখা হয়েছে বিজেপিকে। ফের রাজ্যের ক্ষমতা দখলে বিজেপির পথে কংগ্রেস যে কোনও কাঁটা বিছোতে পারবে না, তা স্পষ্ট হয়ে গিয়েছে এই সমীক্ষক দলের করা সমীক্ষায়ও। এই সমীক্ষক দলের মতে, বিজেপি পাবে ১২৫ থেকে ১৩০টি আসন। প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেস। তারা পাবে ২৯ থেকে ৩৩টি আসন। আম আদমি পার্টি পেতে পারে ২০ থেকে ২৪টি আসন। এক থেকে তিনটি আসনের রাশ যেতে পারে অন্যান্যদের হাতে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দেশজুড়ে যে উন্নয়নের জোয়ার বইছে, গুজরাটে যে বইছে সুশাসনের পবন, এই সমীক্ষাগুলির ফলেই তা স্পষ্ট।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Uniform Civil Code: অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করতে কমিটি, সিদ্ধান্ত নিল গুজরাট সরকার

    Uniform Civil Code: অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করতে কমিটি, সিদ্ধান্ত নিল গুজরাট সরকার

    মাধ্যম নিউজ ডেস্ক: ডিসেম্বরেই বিধানসভা নির্বাচন হতে চলেছে গুজরাটে (Gujrat)। প্রত্যাশিতভাবেই মাঠে নেমে পড়ছে সব দল। ক্ষমতায় ফিরতে কোমর বেঁধে নেমে পড়েছে বিজেপি (BJP)। কংগ্রেস (Congress) এখনও সেভাবে ঘর গুছিয়ে উঠতে পারেনি। তবে কোমর কষে ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (AAP)। এমতাবস্থায় বিরোধীদের মাত দিতে অভিন্ন দেওয়ানি বিধি লাগু করার সিদ্ধান্ত নিল গুজরাট সরকার। গুজরাটে ক্ষমতায় রয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। শনিবার অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করতে একটি কমিটি গঠনের কথা ঘোষণার কথা বলেছেন তিনিই। কমিটির নেতৃত্বে থাকবেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত এক বিচারপতি।

    অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code) লাগু প্রসঙ্গে গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংগাভি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল আজ মন্ত্রিসভার বৈঠকে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন। রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করতে একটি কমিটি গঠন করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code) হল দেশের সব নাগরিকের জন্য এক আইন। দেশের সব ধর্মীয় সম্প্রদায়ের ব্যক্তিগত ক্ষেত্রেও একই আইন কার্যকর হবে। উত্তরাধিকার, বিবাহ, বিবাহ বিচ্ছেদ এবং সন্তান দত্তক নেওয়ার ক্ষেত্রেও দেশের সব নাগরিককেই একই আইন মেনে চলতে হবে। ভারতীয় সংবিধানের ৪৪ নম্বর অনুচ্ছেদে এর উল্লেখ রয়েছে। সেখানে বলা হয়েছে, ভারতে অভিন্ন দেওয়ানি বিধি লাগু করতে উদ্যোগ নিতে হবে রাষ্ট্রকে।

    আরও পড়ুন: দোরগোড়ায় গুজরাট ভোট, রণকৌশল স্থির করতে বৈঠকে মোদি-শাহ

    প্রসঙ্গত, ১৮ অক্টোবর দেশের শীর্ষ আদালতকে কেন্দ্র জানিয়েছিল দেশে অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code) প্রয়োজন। এজন্য প্রয়োজন একটি আইন প্রণয়ন করা। সরকারের যুক্তি ছিল, ধর্মভিত্তিক ব্যক্তিগত বিভিন্ন আইন জাতীয় ঐক্যের অবমাননা। অভিন্ন দেওয়ানি বিধিই বিভিন্ন সম্প্রদায়কে একটি ছাতার তলায় নিয়ে আসবে এবং নিশ্চিত করবে ভারতের একীকরণ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Arvind Kejriwal: টাকায় লক্ষ্মী-গণেশের ছবি ছাপানোর আবেদন কেজরির, কী বলল বিজেপি? 

    Arvind Kejriwal: টাকায় লক্ষ্মী-গণেশের ছবি ছাপানোর আবেদন কেজরির, কী বলল বিজেপি? 

    মাধ্যম নিউজ ডেস্ক: নয়া নোটে লক্ষ্মী গণেশের ছবি দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi) অনুরোধ করলেন আম আদমি পার্টির (AAP) নেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। তাঁর মতে, দেশের বর্তমান আর্থিক পরিস্থিতি কাটিয়ে উঠতে সাহায্য করবে নোটের এই ছবি।

    দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, আজ আমি কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটা অনুরোধ করছি। ভারতীয় নোটে গান্ধীজির একটা ছবি থাকে। সেটা থাকুক। নোটের উল্টো পিঠে রাখা উচিত গণেশজি ও লক্ষ্মীজির ছবি। তিনি বলেন, দেশের আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটাতে নানাবিধ চেষ্টা আমাদের করতে হবে। আমাদের সেই চেষ্টা তখনই সফল হবে যখন ভগবানের আশীর্বাদ মিলবে। নোটের একদিকে গান্ধীজির ছবি, অন্য দিকে গণেশজি লক্ষ্মীজির ছবি থাকলে গোটা দেশই ভগবানের আশীর্বাদ পাবে। আম আদমি পার্টি সুপ্রিমো (Arvind Kejriwal) বলেন, লক্ষ্মী সমৃদ্ধির দেবী। আর গণেশ হলেন বিঘ্ননাশকারী। তিনি বলেন, আমি সব নোট পরিবর্তন করতে বলছি না। কিন্তু প্রতি মাসে যেসব নতুন নোট বের হয়, সেগুলিতে ওই ছবি দিতে বলছি।

    এ প্রসঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী (Arvind Kejriwal) ইন্দোনেশিয়ার প্রসঙ্গ টানেন। তিনি বলেন, ইন্দোনেশিয়া মুসলিম দেশ। তাদের নোটে গণেশের ছবি রয়েছে। তাঁর প্রশ্ন, ইন্দোনেশিয়া পারলে, আমরা কেন পারব না? তিনি বলেন, নতুন নোটেই ছবি ছাপানো যেতে পারে। প্রসঙ্গত, ইন্দোনেশিয়ায় ২০ হাজার টাকার নোটে গণেশের ছবি রয়েছে। কেজরিওয়াল বলেন, আমি এক দু দিনের মধ্যে কেন্দ্রকে এ ব্যাপারে চিঠি লিখব। দেশের আর্থিক হাল ফেরাতে চেষ্টার পাশাপাশি আমাদের ভগবানের আশীর্বাদ প্রয়োজন।

    নোটে লক্ষ্মী গণেশের ছবি দেওয়ার কথা বলে কেজরিওয়াল (Arvind Kejriwal) দলের হিন্দু বিরোধী মুখটাই ঢাকতে চাইছেন বলে দাবি বিজেপি নেতা মনোজ তিওয়ারির। তাঁর মতে, সামনে ভোট। তাই তিনি এসব বলছেন। মনোজের মতে, এটা তাঁর ব্যর্থ চেষ্টা। বিজেপি সাংসদ বলেন, তিনি (কেজরিওয়াল) যদি সত্যিই এটা বোঝাতে চাইতেন, তাহলে তাঁর উচিত দিল্লির প্রাক্তন মন্ত্রী রাজেন্দ্র পাল গৌতম ও আপের গুজরাট ইউনিট প্রেসিডেন্ট গোপাল ইটালিয়াকে দল থেকে বহিষ্কার করা। প্রসঙ্গত, দিন কয়েক আগে এই দুই নেতা হিন্দুদের দেবদেবীর মূর্তি-বিরোধী কথা বলেছিলেন বলে অভিযোগ।

     

     

  • Manish Sisodia: সোমবারই কি গ্রেফতার হচ্ছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া?

    Manish Sisodia: সোমবারই কি গ্রেফতার হচ্ছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া?

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াকে (Manish Sisodia) তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সোমবার সকাল ১১টায় তাঁকে সিবিআই দফতরে হাজির হতে বলা হয়েছে। বিতর্কিত দিল্লি আবগারি নীতি মামলায় তলব করা হয়েছে তাঁকে। এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছেন আম আদমি পার্টির প্রবীণ নেতা সৌরভ ভরদ্বাজ। তিনি বলেন, আগামিকালই গ্রেফতার হবেন সিসোদিয়া। সৌরভ বলেন, সিসোদিয়াকে সিবিআই (CBI) তলবের সঙ্গে গুজরাট নির্বাচনের সম্পর্ক রয়েছে। এই নির্বাচনে বিজেপির (BJP) সরাসরি লড়াই হবে আপের (AAP) সঙ্গে। তিনি বলেন, বিজেপির কোনও দোষ নেই, পবিত্র। সিসোদিয়া বলেন, এর আগে যে রেইড হয়েছিল, তাতে কিছুই পায়নি সিবিআই। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন দিল্লির উপমুখ্যমন্ত্রী। তিনি বলেন, সিবিআই ১৪ ঘণ্টা ধরে আমার বাড়িতে তল্লাশি চালাল। কিছুই পায়নি। তারা আমার ব্যাঙ্কের লকার খুঁজেছে, সেখানেও কিছুই পায়নি। বস্তুত, আমার গ্রামেও কিছু খুঁজে পায়নি তারা। ট্যুইট-বার্তায় তিনি বলেন, আগামীকাল বেলা ১১টায় তারা আমাকে সিবিআইয়ের সদর দফতরে ডেকেছে। আমি যাব এবং পূর্ণ সহযোগিতা করব।

    আরও পড়ুন: ভোট বাক্সের রাজনীতি! মোমিনপুরের ঘটনায় চুপ কেন অভিষেক? প্রশ্ন অমিত মালব্যর

    মনীশ সিসোদিয়ার (Manish Sisodia) পাশে দাঁড়িয়েছেন দিল্লির (Delhi) মুখ্যমন্ত্রী তথা আপ পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়াল। ট্যুইটবার্তায় তিনি সিসোদিয়াকে স্বাধীনতা যোদ্ধা ভগৎ সিংয়ের সঙ্গে তুলনা করেন। তিনি লেখেন, জেলের গারদ এবং ফাঁসির দড়ি কোনওটাই ভগৎ সিংকে তাঁর দৃঢ় প্রতিজ্ঞা থেকে সরাতে পারেনি। এটা দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধ। মনীশ আর সত্যেন্দ্র (জৈন) আজকের ভগৎ সিং।

    গত বছর নয়া আবগারি নীতি আনে দিল্লির আপ সরকার। নয়া ওই আবগারি নীতির মাধ্যমে আপ ঘনিষ্ঠ ব্যবসায়ীদের সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর তদন্তের নির্দেশ দিতেই প্রত্যাহার করা হয় নয়া আবগারি নীতি। ফের চালু হয় পুরানো আবগারি নীতি। পরে তদন্ত শুরু করে সিবিআই। গত মাসে কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থা গ্রেফতার করে আপ কমিউনিকেশন চিফ তথা সিসোদিয়ার (Manish Sisodia) ঘনিষ্ঠ নেতা বিজয় নায়ারকে। এবার তলব করা হল স্বয়ং সিসোদিয়াকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • AAP Gujarat: ‘হীরাবেনকে আক্রমণ করা হয়েছে, কারণ তিনি প্রধানমন্ত্রীর মা…’

    AAP Gujarat: ‘হীরাবেনকে আক্রমণ করা হয়েছে, কারণ তিনি প্রধানমন্ত্রীর মা…’

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) শতবর্ষীয়া মাকে কটাক্ষ করা হয়েছিল আম আদমি পার্টির (AAP) তরফে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেই ভিডিও। এর পরেই অরবিন্দ কেজরিওয়ালের দলকে একহাত নিল বিজেপি (BJP)। সাফ জানাল, তাঁর (প্রধানমন্ত্রীর মায়ের) একমাত্র অপরাধ তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্ম দিয়েছিলেন।

    আপের গুজরাট (AAP Gujarat) শাখার প্রধান গোপাল ইটালিয়া প্রধানমন্ত্রীর মা হীরাবেন মোদিকে কটাক্ষ করেছিলেন। সম্প্রতি এমনই একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। কটাক্ষ করার পাশাপাশি তাঁকে অভিসম্পাত দিতেও দেখা গিয়েছে। তার পরেই ফুঁসে উঠেছে কেন্দ্রের শাসক দল। বিজেপির তরফে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি আপ নেতা অরবিন্দ কেজরিওয়ালকে নিশানা করে বলেন, আপনারা যদি মনে করেন প্রধানমন্ত্রীর মাকে কটু কথা বলে আপনারা গুজরাটে রাজনৈতিক লাভের কড়ি ঘরে তুলবেন, তাহলে আপনারা ভুল করছেন। আসন্ন নির্বাচনে এজন্য আপনাদের মূল্য চোকাতে হবে। গুজরাট এবং গুজরাটিরাই তা দেবেন। তাঁর মতে, আপের গুজরাট শাখার (AAP Gujarat) প্রধান ইটালিয়ার মন্তব্য হিন্দু সমাজকে এবং হিন্দু মহিলা যাঁরা মন্দিরে যান তাঁদের পক্ষেও অপমানজনক। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, আপ নেতাদের এই মন্তব্য নিদারুনভাবে ক্ষমার অযোগ্য। কারণ তাঁরা অপমান করেছেন শতবর্ষীয়া এক মহিলাকে, যাঁর সঙ্গে নির্বাচনের কোনও সম্পর্কই নেই। এর পরেই স্মৃতি ইরানি বলেন, তাঁর এক মাত্র অপরাধ যে তিনি রাজনীতিতে নেই, তিনি জন্ম দিয়েছিলেন নরেন্দ্র মোদির। যিনি আপনার (কেজরিওয়াল) রাজনৈতিক উদ্দেশ্য ব্যর্থ করে দিচ্ছেন।

    ইটালিয়ার দাবি, তিনি পতিদার সম্প্রদায়ের প্রতিনিধি বলে বিজেপি তাঁকে টার্গেট করছে। এ প্রসঙ্গে স্মৃতি ইরানি বলেন, তিনি নয়া অজুহাত খুঁজে বের করছেন। এ থেকে বোঝা যায়, আসন্ন নির্বাচনে আপ সম্প্রদায়িক ও জেন্ডার কার্ডকে হাতিয়ার করবে। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, তারা বুঝতে পারছে না, গুজরাটিরা মাকে কত সম্মান করেন! এদিকে, অন্য একটি ভিডিওতে ইটালিয়াকে বলতে শোনা যায়, মহিলারা যেন মন্দিরে না যান, সেখানে মহিলাদের হেনস্থা করা হয়। একে হাতিয়ার করে স্মৃতি ইরানি বলেন, রাজনৈতিক দৃষ্টি আকর্ষণের জন্য এসব বলছেন উনি। বিজেপি নেতা অমিত মালব্যও বলেন, আপের গুজরাট প্রেসিডেন্ট গোপাল ইটালিয়া যিনি কেজরিওয়ালের খুব কাছের, তিনি মহিলাদের অবমাননা করেছেন, লিঙ্গ বৈষম্য করেছেন।

    আরও পড়ুন: ‘সত্যি বিস্ময়’, মোদি সরকারের সরাসরি ব্যাংকে নগদ হস্তান্তর প্রকল্পের প্রশংসা আইএমএফের

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Amrinder Singh: বিজেপিতে যোগ দিচ্ছেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী, সঙ্গে আর কে কে জানেন?

    Amrinder Singh: বিজেপিতে যোগ দিচ্ছেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী, সঙ্গে আর কে কে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপিতে (BJP) যোগ দিচ্ছেন পাঞ্জাবের (Punjab) প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং (Amarinder Singh)। পাঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস (Congress) থেকে বেরিয়ে অমরিন্দর গড়েছিলেন নয়া দল। নাম দিয়েছিলেন পাঞ্জাব লোক কংগ্রেস (Punjab Lok Congress)। সেই দলও মিশে যাচ্ছে গেরুয়া শিবিরে। তাঁর এই দলবদলের অনুষ্ঠান হবে ১৯ সেপ্টেম্বর, সোমবার।

    পাঞ্জাব লোক কংগ্রেসের মুখপাত্র প্রীতপাল সিং বালিয়াওয়াল বলেন, পার্টি নেতাদের কারা কারা দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দেবেন অমরিন্দর সহ তাঁদের নামের তালিকা তৈরি করা হয়েছে। সোমবার তাঁরা হাতে তুলে নেবেন পদ্ম আঁকা ঝান্ডা। অমরিন্দরের পদ্ম শিবিরে যোগ দেওয়ার ঘটনা নতুন কিছু নয় বলেই দাবি বিজেপির। বিজেপির ন্যাশনাল এক্সিকিউটিভ সদস্য হরজিৎ গ্রুওয়াল বলেন, অমরিন্দর আমাদের সঙ্গেই রয়েছেন। তিনি বহিরাগত নন।

    পাঞ্জাবে বর্তমানে চলছে আম আদমি পার্টির শাসন। তাদের অভিযোগ, অপারেশন লোটাসের মাধ্যমে পাঞ্জাবেও সরকার ফেলার ছক কষছে বিজেপি। আপের এই অভিযোগের জবাব দিয়েছেন অমরিন্দর। এক সাক্ষাৎকারে তিনি বলেন, আপের ৯২ জন বিধায়ক রয়েছে। বিজেপি যদি তার থেকে ১২ জনকে কিনেও নেয়, তাতে কিছুই হবে না। কারণ সরকার ফেলতে  প্রয়োজন ৫০ শতাংশের বেশি বিধায়কের সমর্থন। জনগণের দৃষ্টি আকর্ষণ করতেই অযথা হইচই করছে তারা।

    আরও পড়ুন : বিজেপি বিরোধী জোট সুযোগ সন্ধানীদের, নীতীশকে নিশানা গেরুয়া শিবিরের

    কংগ্রেসের এই প্রাক্তনী বলেন, পাঞ্জাবের আপ সরকার চলছে দিল্লির অঙ্গুলি হেলনে। দিল্লিতে রয়েছে আপ সরকার। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। পাঞ্জাবের গুরুত্বপূর্ণ যা কিছু কাজ অনুমোদনের জন্য পাঠানো হচ্ছে দিল্লিতে। চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন কেজরিওয়াল। তারা পাঞ্জাবের মুখ্যমন্ত্রী (ভগবন্ত মান)কে কোনও কাজই করতে দিচ্ছে না।  

    চলতি বছর হয় পাঞ্জাব বিধানসভা নির্বাচন। এই ভোটে ফের জিততে গত বছরের শেষের দিকে অমরিন্দরকে সরিয়ে কংগ্রেস মুখ্যমন্ত্রী পদে বসায় চরণজিৎ সিং চান্নিকে। ক্ষোভে কংগ্রেস ছেড়ে নয়া দল গড়েন অমরিন্দর। নির্বাচনে বিশেষ ছাপ ফেলতে পারেনি অমরিন্দরের দল। শেষমেশ সেই দলই মিশে যাচ্ছে বিজেপির সঙ্গে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • VK Saxena: আপের বিরুদ্ধে মানহানির মামলা করতে চলেছেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর, কেন জানেন?

    VK Saxena: আপের বিরুদ্ধে মানহানির মামলা করতে চলেছেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: আম আদমি পার্টির (AAP) দিল্লির সরকারের (Delhi Govt) সঙ্গে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার (VK Saxena) লড়াই গড়াতে চলেছে আদালত পর্যন্ত। আম আদমি পার্টির কয়েকজন নেতার বিরুদ্ধে মানহানির (Defamation) মামলা দায়ের করতে চলেছেন লেফটেন্যান্ট গভর্নর। 

    সূত্রের খবর, আপ বিধায়ক অতিশি, সৌরভ ভরদ্বাজ, দুর্গেশ পাঠক, দিল্লির ডায়লগ অ্যান্ড ডেভেলপমেন্ট কমিশনের ভাইস চেয়ারম্যান জেসমিন শাহের বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে আদালতের দ্বারস্থ হতে চলেছেন তিনি। ২০১৬ সালে খাদি ও গ্রামীণ ইন্ড্রাস্ট্রিজ কমিশনের চেয়ারম্যান থাকাকালীন দুর্নীতির অভিযোগ ওঠে লেফটেন্যান্ট গভর্নরের বিরুদ্ধে। ‘মিথ্যে’, ‘কল্পনাপ্রসূত’ এই অভিযোগ তুলেছিলেন ওই চারজন। তাঁদের বিরুদ্ধেই মানহানির মামলা দায়ের করতে চলেছেন লেফটেন্যান্ট গভর্নর।

    সম্প্রতি আম আদমি পার্টির নেতা ও পার্টি সদস্যদের অভিযোগ, খাদি ও গ্রামীণ ইন্ড্রাস্ট্রিজ কমিশনের চেয়ারম্যান থাকাকালীন সাক্সেনা ওই কমিশনের কর্মীদের বাধ্য করেছিলেন ১৪০০ কোটি টাকার বাতিল নোট বদলাতে। সূত্রের খবর, ইতিমধ্যেই সিবিআই অভিযুক্ত দুজনের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে। নয়াদিল্লির রাউজ অ্যাভেনিউ কোর্টে ওই মামলা বর্তমানে বিচারাধীন। জানা গিয়েছে, যাঁদের কথার ভিত্তিতে অভিযোগ তির লেফটেন্যান্ট গভর্নরের দিকে প্রাথমিকভাবে দেখা গিয়েছে, তাঁরা নোটবন্দির সময় দুর্নীতিতে জড়িয়ে পড়েছিলেন।

    আরও পড়ুন :তিন মাসেই পাঞ্জাবে আপ-সরকারের বিরুদ্ধে জমছে ক্ষোভ!

    সিবিআইয়ের প্রাথমিক তদন্তেই উঠে এসেছে এই তথ্য। অথচ আপ নেতারা লেফটেন্যান্ট গভর্নরের বিরুদ্ধে মিথ্যে, কল্পনাপ্রসূত ১৪০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ করেছেন। জানা গিয়েছে, লেফটেন্যান্ট গভর্নর বিষয়টিকে হালকাভাবে নিচ্ছেন না। আপ নেতারা যা খুশি বলে পার পেয়ে যাবেন, তা হবে না। সেই কারণেই আদালতের দ্বারস্থ হতে চলেছেন সাক্সেনা। সূত্রের খবর, তাঁর বিরুদ্ধে তোলা যাবতীয় অভিযোগ মিথ্যা ও কল্পনাপ্রসূত বলে দাবি করেছেন লেফটেন্যান্ট গভর্নর। তাই চলছে কড়া ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

LinkedIn
Share