Tag: Air Force Chief

  • Air Force Chief: চার দশকের অভিজ্ঞতা, দেশের পরবর্তী বায়ুসেনা প্রধান এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত

    Air Force Chief: চার দশকের অভিজ্ঞতা, দেশের পরবর্তী বায়ুসেনা প্রধান এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশের নতুন বায়ুসেনা প্রধান (Air Force Chief) হচ্ছেন এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত (Air Marshal Ashutosh Dixit)। এখন তিনি ভাইস চিফ অফ দ্য এয়ার স্টাফ পদে কর্মরত। আগামী ৩১ অক্টোবর বর্তমান বায়ুসেনা প্রধান অমরপ্রীত সিং অবসর নেবেন। ওই দিন বিকেলে তাঁর জায়গায় দায়িত্ব নেবেন আশুতোষ। পরম বিশিষ্ট সেবা মেডেল, অতি বিশিষ্ট সেবা মেডেল সহ একাধিক সম্মান রয়েছে তাঁর ঝুলিতে। ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ সদর দফতরে চিফ অফ ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ (সিআইএসসি) এবং সেন্ট্রাল এয়ার কমান্ডের এয়ার অফিসার কমান্ডিং-ইন-চিফ সহ গুরুত্বপূর্ণ অপারেশনাল ও কৌশলগত পদেও কর্মরত ছিলেন এয়ার মার্শাল দীক্ষিত।

    কোন কোন অপারেশনে দায়িত্বে ছিলেন আশুতোষ

    ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির প্রাক্তনী আশুতোষ পরে বাংলাদেশে ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ এবং নয়াদিল্লির ন্যাশনাল ডিফেন্স কলেজে পড়াশোনা করেন। ১৯৮৬-র ৬ ডিসেম্বর তিনি যোগ দেন বায়ুসেনার ফাইটার শাখায় (যুদ্ধবিমান)। দক্ষতার সঙ্গে টেস্ট পাইলট এবং ফ্লাইং ইনস্ট্রাক্টরের দায়িত্ব সামলেছেন। সব মিলিয়ে প্রায় চার দশকের কর্মজীবন তাঁর। ফাইটার জেট, প্রশিক্ষণ বিমান ও ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট মিলিয়ে ৩,৫০০ ঘণ্টারও বেশি বিমান ওড়ানোর অভিজ্ঞতা রয়েছে আশুতোষের ঝুলিতে। এক সময়ে মিরাজ-২০০০ স্কোয়াড্রনেরও দায়িত্বে ছিলেন আশুতোষ। পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ যুদ্ধবিমান ঘাঁটি এবং ফাইটার জেট ট্রেনিং ঘাঁটির কম্যান্ডারেরও দায়িত্বও সামলেছেন। অংশ নিয়েছেন অপারেশন সফেদ সাগর, অপারেশন রক্ষক এবং অপারেশন সিঁদুরে। মিরাজ-২০০০, বিভিন্ন মিগ বিমান, জাগুয়ার, তেজস, হক, অ্যান-৩২ এবং আইএল-৭৮ ওড়ানোর অভিজ্ঞতাও তাঁর রয়েছে।

    কোন কোন পদক রয়েছে আশুতোষের ক্যাবিনেটে

    আশুতোষ বর্তমানে ভাইস চিফ অফ দ্য এয়ার স্টাফের দায়িত্বে রয়েছেন। তার আগে সেন্ট্রাল এয়ার কম্যান্ডের এয়ার অফিসার কম্যান্ডিং ইন চিফ ছিলেন। পরে চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যানের অধীনে চিফ অফ ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ করা হয় তাঁকে। এয়ার হেডকোয়ার্টার্সের একাধিক গুরুত্বপূর্ণ পদেও দক্ষতার সঙ্গে কাজ করেছেন তিনি। এয়ার স্টাফের প্রয়োজনীয়তা নির্ধারণের দায়িত্বে থাকা প্রিন্সিপাল ডিরেক্টর, প্রজেক্টস এবং প্ল্যানস বিভাগের অ্যাসিস্ট্যান্ট চিফ অফ দ্য এয়ার স্টাফ এবং ডেপুটি চিফ অফ দ্য এয়ার স্টাফ হিসেবেও দেখা গিয়েছে তাঁকে। দেশীয় যুদ্ধবিমান তেজস তৈরির প্রকল্পেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে জানা গিয়েছে। বিভিন্ন ভূমিকায় তাঁর অবদান ভারতীয় বিমান বাহিনীর পরিচালনগত সক্ষমতা বৃদ্ধি করেছে। তাঁর বিশিষ্ট ও অসাধারণ সেবার স্বীকৃতিস্বরূপ তাঁকে বায়ু সেনা পদক (২০০৬), বিশিষ্ট সেবা পদক (২০১১), অতি বিশিষ্ট সেবা পদক (২০২৩) এবং পরম বিশিষ্ট সেবা পদক (২০২৬)-এ ভূষিত করা হয়েছে।

LinkedIn
Share