মাধ্যম নিউজ ডেস্ক: মাস কয়েক আগেই ভারতের অর্থনীতিকে ‘মৃত অর্থনীতি’ আখ্যা দিয়েছিলেন ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সেই ভারতীয় অর্থনীতিরই শরণ নিলেন তিনি। ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার এবং তুলনামূলক কম সুদের হারকে উদাহরণ হিসেবে তুলে ধরে মার্কিন অর্থনীতির আরও দ্রুত বৃদ্ধির সম্ভাবনার কথা বললেন ট্রাম্প (Donald Trump)। তাঁর দাবি, মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্ক ঋণের সুদের হার কমালে দেশের অর্থনৈতিক বৃদ্ধি বর্তমানের তুলনায় অনেক বেশি হতে পারে। বৃদ্ধির হার ১৫ থেকে ২০ শতাংশে পৌঁছনো সম্ভব বলেও মন্তব্য করেন (India GDP Growth) তিনি।
সুদের হার কমালেই ২০ শতাংশ বৃদ্ধি? কী দাবি ট্রাম্পের
এশিয়া সফর সেরে ফেরার পর প্রথম প্রকাশ্য বক্তব্যে মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্কের সুদের হার নীতি নিয়ে তীব্র সমালোচনা করেন ট্রাম্প। তাঁর অভিযোগ, অর্থনৈতিক পরিস্থিতি ভালো থাকা সত্ত্বেও সুদের হার বেশি রাখা হচ্ছে এবং কেন্দ্রীয় ব্যাঙ্কের সিদ্ধান্তে রাজনৈতিক প্রভাব রয়েছে।
ট্রাম্প বলেন, “সুদের হার অনেক বেশি। কারণ আমাদের কেন্দ্রীয় ব্যাঙ্ক অত্যন্ত রাজনৈতিকভাবে পরিচালিত হচ্ছে। আমি অবশ্য এজন্য চেয়ারম্যানকে একা দায়ী করছি না, বরং কেন্দ্রীয় ব্যাঙ্কের রাজনৈতিক অবস্থানকেই দায়ী করছি।”
তাঁর মতে, অর্থনৈতিক সূচক ভালো হলে কেন্দ্রীয় ব্যাঙ্কের উচিত সুদের হার কমানো, যাতে ঋণ গ্রহণ সহজ হয় এবং অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হয়। এ প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাঙ্কের প্রাক্তন চেয়ারম্যান অ্যালান গ্রিনস্প্যানের নীতির প্রশংসাও করেন মিস্টার প্রেসিডেন্ট।
তিনি বলেন, “অ্যালান গ্রিনস্প্যান একজন অসাধারণ কেন্দ্রীয় ব্যাঙ্কের প্রধান ছিলেন। অর্থনৈতিক পরিসংখ্যান ভালো হলে তিনি সুদের হার কমাতেন। অর্থনীতি ভালো থাকলে ঋণ পাওয়ার সুযোগও বাড়ে। কিন্তু আমরা ঠিক উল্টো পথে হাঁটছি।”
ট্রাম্পের দাবি, তাঁর পছন্দের সুদের হার নীতি অনুসরণ করা হলে মার্কিন অর্থনীতির বৃদ্ধির হার ৪ শতাংশের পরিবর্তে ১৫ থেকে ২০ শতাংশ হতে পারত। এমন পরিস্থিতিতে দেশের ঋণের বোঝাও দ্রুত কমিয়ে আনা সম্ভব হত বলে মনে করেন তিনি।
ভারতের উদাহরণ টেনে কী বললেন ট্রাম্প?
ভারতের অর্থনৈতিক পরিস্থিতির উল্লেখ করে ট্রাম্প বলেন, দেশটির সুদের হার তুলনামূলক কম এবং অর্থনৈতিক বৃদ্ধির হার প্রায় ৭ শতাংশ। এই দুই বিষয়কে পরস্পরের সঙ্গে যুক্ত করে তিনি দাবি করেন, মার্কিন যুক্তরাষ্ট্রেও সুদের হার কমানো হলে অর্থনৈতিক বৃদ্ধি আরও কয়েক গুণ বাড়তে পারে।
তাঁর কথায়, “ভারতের দিকে তাকালে দেখা যায়, সেখানে সুদের হার কম এবং মোট অভ্যন্তরীণ উৎপাদনের বৃদ্ধির হার ৭ শতাংশ। আমেরিকায় এই হার ১৪, ১৫ এমনকি ২০ শতাংশও হতে পারত।”
কেন্দ্রীয় ব্যাঙ্কের সুদের হার নীতি নিয়ে ট্রাম্পের দীর্ঘদিনের অসন্তোষই তাঁর এই বক্তব্যে ফের প্রকাশ পেয়েছে। অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াতে ঋণের খরচ কম রাখার পক্ষপাতী তিনি।
তবে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যবৃদ্ধির প্রবণতা এবং আর্থিক নীতির চ্যালেঞ্জ এক নয়। মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্কের মূল লক্ষ্য শুধু অর্থনৈতিক বৃদ্ধি নিশ্চিত করা নয়, পাশাপাশি মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখা এবং কর্মসংস্থানের সর্বোচ্চ সুযোগ তৈরি করাও।
কেন্দ্রীয় ব্যাঙ্কের সঙ্গে ট্রাম্পের দীর্ঘদিনের সংঘাত
সুদের হার কমানোর দাবিকে কেন্দ্র করে মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্কের সঙ্গে ট্রাম্পের বিরোধ নতুন নয়। তিনি যখন প্রথমবারের জন্য প্রেসিডেন্ট পদে বসেছিলেন, তখন থেকেই এই সংঘাতের সূত্রপাত। ২০১৮ সালে জেরোম পাওয়েলকে কেন্দ্রীয় ব্যাঙ্কের প্রধান হিসেবে নিয়োগ করলেও পরবর্তী সময়ে সুদের হার কমানোর বিষয়ে পাওয়েলের অবস্থান নিয়ে অসন্তুষ্ট হন ট্রাম্প (Donald Trump)।
এরপর প্রকাশ্যে বারবার পাওয়েলের সমালোচনা করেন তিনি। কেন্দ্রীয় ব্যাঙ্কের আর্থিক নীতি নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি তাঁকে পদ থেকে সরানোর কথাও বিবেচনা করেছিলেন ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর এই বিরোধ আরও তীব্র হয়। অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াতে সুদের হার কমানোর জন্য কেন্দ্রীয় ব্যাঙ্কের উপর চাপ অব্যাহত (India GDP Growth) রাখেন তিনি।
ফেডের সদর দফতর সংস্কার নিয়ে কেন বিতর্ক?
২০২৫ সালে কেন্দ্রীয় ব্যাঙ্কের ওয়াশিংটনের সদর দফতর সংস্কারের খরচ বেড়ে যাওয়াকে কেন্দ্র করে বিরোধ আরও গুরুতর আকার নেয়। সংস্কার প্রকল্পের প্রাথমিক ব্যয় ১৮৮ কোটি ডলার থেকে বেড়ে ২৪৬ কোটি ডলারে পৌঁছয়। পাওয়েল এই অতিরিক্ত ব্যয়ের ব্যাখ্যায় নির্মাণসামগ্রী ও শ্রমের মূল্যবৃদ্ধি, নকশায় পরিবর্তন এবং অ্যাসবেস্টস সংক্রান্ত অপ্রত্যাশিত কাজের কথা উল্লেখ করেন।
ট্রাম্প নির্মাণস্থল পরিদর্শন করে ব্যয়বৃদ্ধির সমালোচনা করেন। তাঁর প্রশাসন পাওয়েলের বিরুদ্ধে আইনি পদক্ষেপের সম্ভাবনাও খতিয়ে দেখতে শুরু করে।
পাওয়েলকে ঘিরে তদন্ত, আদালতের হস্তক্ষেপ
২০২৬ সালের জানুয়ারিতে পাওয়েল জানান, সংস্কার প্রকল্প সংক্রান্ত বিষয়ে মার্কিন বিচার বিভাগের কাছ থেকে তদন্তের জন্য গ্র্যান্ড জুরি তলবের নোটিশ পেয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। তাঁর অভিযোগ, সুদের হার কমানো অথবা তাঁকে পদত্যাগে বাধ্য করার জন্য এই তদন্তকে চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।
মার্চ মাসে এক ফেডারেল বিচারক ওই নোটিশ আটকে দেন। বিচারকের পর্যবেক্ষণ ছিল, পাওয়েলকে সুদের হার কমাতে অথবা পদত্যাগ করতে বাধ্য করার উদ্দেশ্যেই এই পদক্ষেপ করা হয়েছিল। পরবর্তী সময়ে এপ্রিল মাসে বিচার বিভাগ তদন্ত বন্ধ করে দেয়।
২০২৬ সালের মে মাসে কেন্দ্রীয় ব্যাঙ্কের প্রধান হিসেবে পাওয়েলের মেয়াদ শেষ হলেও তিনি পরিচালন পর্ষদে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। কেন্দ্রীয় ব্যাঙ্কের স্বাধীনতা রক্ষার উদ্বেগ থেকেই এই সিদ্ধান্ত (Donald Trump) বলে জানান তিনি। নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন কেভিন ওয়ার্শ।
সেপ্টেম্বর মাসে সংস্কার প্রকল্প নিয়ে কেন্দ্রীয় ব্যাঙ্কের পরিদর্শক বিভাগের রিপোর্টেও তদারকির ক্ষেত্রে কিছু ত্রুটি উঠে আসে। তবে কোনও অনিয়ম কিংবা ফৌজদারি তদন্তের সুপারিশ করার মতো প্রমাণ পাওয়া যায়নি।
মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্কের সুদের হার কত জানেন?
ঋণের সুদের হার কমানোর জন্য ট্রাম্পের লাগাতার দাবি সত্ত্বেও কেন্দ্রীয় ব্যাঙ্কের সাম্প্রতিক সিদ্ধান্ত তাঁর প্রত্যাশার সঙ্গে মেলেনি। ২০২৬ সালের সেপ্টেম্বরে মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্ক মূল সুদের হার ০.২৫ শতাংশ বৃদ্ধি করে। ফলে সুদের হারের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৩.৭৫ থেকে ৪ শতাংশের মধ্যে। এর পর ২৮ অক্টোবরের বৈঠকে সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও এই সিদ্ধান্ত নিয়ে নীতিনির্ধারকদের মধ্যে মতভেদ ছিল। ১০-২ ভোটে সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। কেন্দ্রীয় ব্যাঙ্কের দুই গভর্নর লিসা কুক ও বেথ হ্যামাক এই সিদ্ধান্তের বিরোধিতা করেন। তাঁরা সুদের হার আরও ০.২৫ শতাংশ বাড়ানোর পক্ষে ছিলেন।
মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণই ফেডের কাছে বড় চ্যালেঞ্জ
কেন্দ্রীয় ব্যাঙ্কের বক্তব্য, অর্থনৈতিক কর্মকাণ্ড শক্তিশালী গতিতে এগোচ্ছে, দেশের অভ্যন্তরীণ ব্যয় স্থিতিশীল রয়েছে এবং উৎপাদনশীলতার বৃদ্ধিও যথেষ্ট ভালো। তবে মূল্যবৃদ্ধি এখনও উচ্চস্তরে রয়েছে বলে সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। মূল্যবৃদ্ধির হার ২ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য পূরণে তারা প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানিয়েছে (India GDP Growth)।
সুদের হার নিয়ে পরবর্তী সিদ্ধান্তের বিষয়টি আরও জটিল হয়ে উঠেছে। কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর মাইকেল বারের ইঙ্গিত, অর্থনৈতিক পরিস্থিতি তাঁর প্রত্যাশা অনুযায়ী এগোলে ভবিষ্যতে সুদের হার আরও (Donald Trump) বাড়ানোর প্রয়োজন হতে পারে।
