Tag: Anakkampoyil-Meppadi twin-tube tunnel accident

  • Wayanad landslide: ওয়েনাডে ভয়াবহ ভূমিধস, ‘কোথায় সাংসদ? ছোট্ট ট্যুইটেই দায় সারলেন প্রিয়াঙ্কা!’ কটাক্ষ বিজেপির

    Wayanad landslide: ওয়েনাডে ভয়াবহ ভূমিধস, ‘কোথায় সাংসদ? ছোট্ট ট্যুইটেই দায় সারলেন প্রিয়াঙ্কা!’ কটাক্ষ বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: কেরলের ওয়েনাডে তখন চলছিল সুড়ঙ্গ প্রকল্পের কাজ। আচমকাই ঘটে বিপত্তি। নেমে আসে ভয়াবহ ভূমিধস (Wayanad landslide)। ধসে মৃতের সংখ্যা বেড়ে ৮, আহত বহু। কিন্তু কোথাও দেখা নেই সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর (Where Is Priyanka)। এত বড় ঘটনা! যেখানে ৮ জন নিরীহ মানুষের প্রাণ গেল? সেখানে একবারও খোঁজ নিতে আসতে পারলেন না সাংসদ?

    দায় সারলেন সাংসদ?

    ওয়েনাডে বিপর্যয়ের (Wayanad landslide) পর এলাকা পরিদর্শনে যাওয়ার পরিবর্তে এক্স হ্যান্ডেলে পোস্ট করতেই হয়তো বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছেন প্রিয়াঙ্কা গান্ধী। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি সঙ্কটের এই মুহূর্তে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন ওয়েনাডের সাংসদ। কিন্তু সত্যিই কি পাশে দাঁড়ালেন সাংসদ? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।

    এত বড় বিপর্যয়, কোথায় সাংসদ (Where Is Priyanka)?

    প্রসঙ্গত, গত ৭ জুলাই ওয়েনাডের আনাক্কাম্পোইল-মেপ্পাডি টুইন-টিউব টানেল প্রকল্পে কাজ করার সময় আচমকাই ভূমিধস নামে। অভিযোগ, ভূমিধসের (Wayanad landslide) পর থেকে একবারও নাকি এলাকা পরিদর্শনে আসেননি কংগ্রেস নেত্রী তথা সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। ছোট্ট একটি ট্যুইট করেই দায় সারলেন প্রিয়াঙ্কা? প্রশ্ন তুলে সরব বিজেপি। কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধীকে চাঁচাছোলা আক্রমণ বিজেপির৷  কংগ্রেস নেত্রীর বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ। ওয়েনাডকে ‘রাজনৈতিক ঘুঁটি’ বানিয়ে রেখেছে গান্ধী পরিবার৷ দাবি বিজেপির।

    বিজেপির অভিযোগ

    রবিবার বিজেপির জাতীয় মুখপাত্র সি আর কেশবন এক্স হ্যান্ডেলে লেখেন,”ওয়েনাড প্রথম থেকেই কংগ্রেস পরিবারের কাছে শুধুই একটি রাজনৈতিক দাবার ঘুঁটি। ভূমিধসের পর একবারও প্রিয়াঙ্কা গান্ধী ঘটনাস্থলে যাননি। নিহত বা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতেও দেখা যায়নি তাঁকে”।

    পাশাপাশি একহাত নিতে ছাড়লেন না রাহুল গান্ধীকেও। তিনি বলেন,”রাহুল যখন ওয়েনাডের সাংসদ ছিলেন, তখনও এলাকার মানুষ অভিযোগ করতেন যে তিনি খুব কমই কেন্দ্রে আসতেন এবং মানুষের সঙ্গে যোগাযোগ রাখতেন না। আগেই লোকসভা নির্বাচনের পর রাহুল গান্ধী রায়বরেলি আসন ধরে রেখে ওয়েনাডের ভোটারদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। একই ধরনের রাজনীতি প্রিয়াঙ্কা গান্ধীর প্রতিনিধিত্বেও দেখা যাচ্ছে।”

    বর্তমান পরিস্থিতি

    অন্যদিকে, ওয়েনাডের ভূমিধসে (Wayanad landslide) মৃতের সংখ্যা বেড়ে ৮। রবিবার ধ্বংসস্তূপ থেকে শেষ নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধার হওয়ার পর এই সংখ্যা নিশ্চিত করেছে প্রশাসন। ওয়েনাডের কল্লাডি এলাকায় নির্মীয়মাণ আনাক্কাম্পোইল-মেপ্পাডি টুইন-টিউব টানেল প্রকল্পে এই ভূমিধস হয়। ওয়েনাড ও কোঝিকোড় জেলার মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতেই এই প্রকল্পের কাজ চলছিল।

    নিখোঁজ বিক্রম রানার দেহ উদ্ধার

    গত পাঁচ দিন ধরেই নিখোঁজ বিক্রম রানাকে খুঁজে বের করার মরিয়া চেষ্টা চালাচ্ছিল প্রশাসন। সেইমতোই রবিবার বড়সড় তল্লাশি অভিযানে নামে এনডিআরএফ (NDRF), স্পেশাল অপারেশন গ্রুপ (SOG), দমকল, র‌্যাপিড রেসপন্স টিম, বন দফতর এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। শেষ পর্যন্ত বিক্রম রানার দেহ উদ্ধার হওয়ার পর অনুসন্ধান ও উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

    স্বভাবতই, ওয়েনাডের এই ভয়াবহ টানেল বিপর্যয়কে (Wayanad landslide) কেন্দ্র করে কেরলের রাজনীতিতে বিজেপি-কংগ্রেস দ্বন্দ্ব এখন তুঙ্গে। একদিকে যখন স্বজনহারা পরিবারগুলোর কান্না আর ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে, ঠিক তখনই এই বিপর্যয়কে হাতিয়ার করে রাজনৈতিক ফায়দা তোলার অভিযোগে সরব দুই পক্ষই। বিজেপির দাবি, ওয়েনাডের মানুষ কেবল ভোটের সময়ই গান্ধী পরিবারের দেখা পান, বিপদের দিনে তাঁদের পাশে দাঁড়ানোর মতো কেউ থাকে না। অন্যদিকে, কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ ও ‘সস্তার রাজনীতি’ বলে উড়িয়ে দেওয়া হচ্ছে। তাদের দাবি, কংগ্রেস নেতৃত্ব পরিস্থিতি পর্যবেক্ষণে রাখছেন এবং উদ্ধারকাজে সবরকম সহযোগিতা করছেন। তবে এই রাজনৈতিক কাদা ছোঁড়াছুড়ির ঊর্ধ্বে উঠে ওয়েনাডবাসী এখন কেবল একটাই প্রশ্ন তুলছেন- ভোটের সময় দেওয়া বড় বড় প্রতিশ্রুতির পর, চরম বিপদের দিনে তাঁদের ঘরের সাংসদকে কি সত্যিই পাশে পাওয়া যাবে না? নাকি প্রতিবারের মতো এবারও কেবল রাজনীতির দাবার ঘুঁটি হয়েই রয়ে যাবে ওয়েনাড?

LinkedIn
Share