Tag: Annapurna Puja

Annapurna Puja

  • Chaitra Navratri 2026: আজ থেকে শুরু হল চৈত্র নবরাত্রি, ন’দিনে ন’টি রূপে পূজিত হন দেবী দুর্গা

    Chaitra Navratri 2026: আজ থেকে শুরু হল চৈত্র নবরাত্রি, ন’দিনে ন’টি রূপে পূজিত হন দেবী দুর্গা

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ, বৃহস্পতিবার, ১৯ মার্চ (বাংলায় ৪ চৈত্র, ১৪৩২) থেকে শুরু হল চৈত্র নবরাত্রি (Chaitra Navratri 2026)। এদিন থেকে হিন্দু নববর্ষেরও সূচনা হয়। এবছর চৈত্র মাসের নবরাত্রি ১৯ মার্চ থেকে শুরু হয়ে শেষ হবে ২৭ মার্চ রামনবমীর (Ramnavami) সঙ্গে। এই নয় দিন ধরে মা দুর্গার নয়টি রূপের পুজো করা হয়। শারদীয়া দুর্গোৎসবের জাঁকজমক এখন বিশ্বজনীন হলেও, শাস্ত্র মতে বাঙালির আদি পুজো কিন্তু এই বাসন্তী পুজোই। রাজা সুরথ ও বৈশ্য সমাধি প্রথম চৈত্র মাসেই মৃন্ময়ী রূপে চিন্ময়ীর আরাধনা করেছিলেন। চৈত্র মাসের দুর্গাপুজো বসন্তকালে হয় বলে একে বাসন্তীপুজোও (Basanti Puja) বলা হয়। তবে এই দিনগুলোর মধ্যে মহাঅষ্টমী এবং মহানবমী সবচেয়ে বিশেষ বলে মনে করা হয়। বাংলায় বাসন্তী পুজো তিনদিন ধরে হলেও, মহাষ্টমীর বিশেষ আকর্ষণ অন্নপূর্ণা পুজো (Annapurna Puja)। চৈত্রের এই নবরাত্রির নবম দিনে জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রীরাম। সেই থেকে এই দিনটি রামনবমী হিসেবে খ্যাত। ফলে, নবরাত্রির দিনগুলোতে বাংলা সহ দেশজুড়ে থাকে উৎসবের আসর।

    নবরাত্রির কোন দিনে কী পুজো

    শারদীয়া নবরাত্রিই হোক কিংবা চৈত্র নবরাত্রি এই দুই পর্বেই আদ্যাশক্তির বিভিন্ন রূপের পুজো হয়। হিন্দুদের বিশ্বাস অনুযায়ী, চৈত্র নবরাত্রিতে (Chaitra Navratri 2026) নিয়মনিষ্ঠা মেনে যাঁরা দেবীর ন’টি রূপের পুজো করেন, তাঁরা যা চান, দেবী তাঁদের মনস্কামনা পূরণ করেন।

    প্রতিপদে মাতা শৈলপুত্রীর পুজো – ১৯ মার্চ, বৃহস্পতিবার

    নবরাত্রির প্রথম দিনে মাতা শৈলপুত্রীর পুজো করা হয়। দেবীর নামের অর্থ “পাহাড়ের কন্যা”। তাঁর ভক্তদের বিশ্বাস-মাতা শৈলপুত্রীর আশীর্বাদ স্বরূপ সুস্থ, রোগমুক্ত জীবন পাওয়া যায়। মাতার নৈবেদ্যতে খাঁটি ঘি অর্পণ করা হয়। এই দেবীর আরাধনায় মূলাধার চক্র শুদ্ধ হয়।

    দ্বিতীয়ায় মাতা ব্রহ্মচারিণীর পুজো – ২০ মার্চ, শুক্রবার

    নবরাত্রির (Chaitra Navratri 2026) দ্বিতীয় দিনে এই দেবীর পুজো হয়। ব্রহ্মচারিণী মাতাকে খুশি করতে ভক্তরা চিনি নিবেদন করে থাকেন। বিশ্বাস মতে, মাতা তাঁর ভক্তদের দীর্ঘায়ু প্রদান করেন। এই দেবীর উপাসনার দ্বারা সাধিস্তান চক্র শুদ্ধ হয় হয় বলে ভক্তরা মনে করে।

    তৃতীয়ায় মাতা চন্দ্রঘণ্টার পুজো – ২১ মার্চ, শনিবার

    তৃতীয় দিনে মাতা চন্দ্রঘণ্টার প্রতি ভক্তি নিবেদন করা হয়। এই দেবীর বাহন বাঘ। উগ্র মূর্তি এই দেবীকে ক্ষীর ভোগ অর্পণ করেন ভক্তরা। ভক্তদের বিশ্বাস, দেবী সমস্ত অশুভ শক্তির বিনাশ করেন এবং যাবতীয় বাধা বিঘ্ন দূর করেন।

    চতুর্থীতে মাতা কুষ্মাণ্ডার পুজো- ২২ মার্চ, রবিবার

    চতুর্থ দিনে মাতা কুষ্মান্ডার প্রতি ভক্তি নিবেদিত হয়‌। শাস্ত্র মতে, এই দেবী মহাবিশ্বের স্রষ্টা। তিনি তাঁর ভক্তদের জ্ঞানদানের দ্বারা বৌদ্ধিক বিকাশ ঘটান এবং কর্মক্ষেত্রে জটিলতা দূর করেন। দেবীকে মালপোয়া ভোগ অর্পণ করা হয়।

    পঞ্চমীতে মাতা স্কন্ধমাতার পুজো- ২৩ মার্চ, সোমবার

    নবরাত্রির (Chaitra Navratri 2026) পঞ্চম দিনে মাতা স্কন্দমাতার আরাধনা করেন ভক্তরা। ভগবান কার্তিককে কোলে নিয়ে উপবিষ্ট এই দেবীর আশীর্বাদ পেতে ভক্তরা কলা নিবেদন করেন। দেবীর আশীর্বাদে ভক্তের জীবনে পরম সুখ ও শান্তি আসে বলে বিশ্বাস।

    ষষ্ঠীতে মাতা কাত্যায়নীর পুজো- ২৪ মার্চ, মঙ্গলবার

    ঋষি কাত্যায়নের কন্যা, শক্তির প্রতীক তথা যোদ্ধা দেবী কাত্যায়নী মাতার পুজো নবরাত্রির ষষ্ঠ দিনে সম্পন্ন হয়। ভক্তদের তিনি শক্তি, ধর্ম ও জাগতিক সুখ প্রদান করেন বলে বিশ্বাস। তাঁকে ভক্তদের মধু নিবেদনের রীতি চালু রয়েছে।

    সপ্তমীতে মাতা কালরাত্রির পুজো- ২৫ মার্চ, বুধবার

    সপ্তমী পুজো হয় মাতা কালরাত্রি দেবীর। দেবী ত্রিশূলধারী। মাতা কালরাত্রির আশীর্বাদে জীবনের সমস্ত কুপ্রভাব বিনষ্ট হয় বলে ভক্তদের ধারণা। মাতাকে গুড় নিবেদন করা হয়।

    অষ্টমীতে মাতা মহাগৌরীর পুজো- ২৬ মার্চ, বৃহস্পতিবার

    উজ্জ্বল সৌন্দর্যের প্রতীক মহাগৌরী দেবী অষ্টমীতে ভক্তদের দ্বারা আরাধিত হন। মাতা মহাগৌরীর একহাতে ত্রিশূল ও অপর হাতে ডমরু থাকে। তাঁর নৈবেদ্যতে নারকেল রাখার রীতি রয়েছে। বিশ্বাস রয়েছে, মাতার আশীর্বাদ স্বরূপ ভক্তদের ভালো বিবাহ হয়।

    নবমীতে মাতা সিদ্ধিদাত্রীর পুজো- ২৭ মার্চ, শুক্রবার

    নবরাত্রির শেষদিনে পুজো হয় এই দেবীর। তিনি ভক্তদের জীবনে সমস্ত অশুভ প্রভাব বিনষ্ট করেন এবং সাফল্য আনেন বলে ভক্তদের ধারণা। মাতা সিদ্ধিদাত্রীকে ভক্তরা তিল নিবেদন করে থাকেন।

    বাসন্তী পুজো কবে পড়ছে

    এদিকে, এই নবরাত্রির (Chaitra Navratri 2026) সপ্তমী থেকে দশমী পর্যন্ত সময়ে বাংলার বহু এলাকায় বাসন্তী পুজো (Basanti Puja) পালিত হয়। একনজরে দেখে নেওয়া যাক, এই বাসন্তী পুজোর তারিখ ও সময়কাল – বাসন্তীপুজোর ষষ্ঠী ২৪ মার্চ, মঙ্গলবার। বাসন্তীপুজোর নিয়মকানুন সব দুর্গাপুজোর মতো হলেও, এই পুজোয় দেবীর বোধন হয় না। সপ্তমীর পুজো ২৫ মার্চ, বুধবার। অষ্টমীর পুজো ২৬ মার্চ, বৃহস্পতিবার। অষ্টমী তিথি শুরু হচ্ছে ২৫ মার্চ দুপুর ১টা ৫১ মিনিটে এবং শেষ হবে ২৬ মার্চ সকাল ১১টা ৪৯ মিনিটে। বাসন্তী পুজোর নবমী ২৭ মার্চ, শুক্রবার পড়েছে। ২৬ মার্চ সকাল ১১টা ৪৯ মিনিটের পর নবমী তিথি শুরু হয়ে যাবে, যা ২৭ মার্চ সকাল ১০টা ৮ মিনিট পর্যন্ত থাকবে। বাসন্তী বিজয়া দশমী ২৮ মার্চ শনিবার।

    অন্নপূর্ণা পুজো কবে

    চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে বাংলার ঘরে ঘরে পালিত হয় অন্নপূর্ণা পুজো (Annapurna Puja)। এবছর অন্নপূর্ণা পুজো পড়েছে ২৬ মার্চ, বৃহস্পতিবার। বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে এই পুজোটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মা অন্নপূর্ণা হলেন অন্ন ও পুষ্টির অধিষ্ঠাত্রী দেবী। তাঁর কৃপায় সংসারে কোনওদিন খাবারের অভাব হয় না—এমনই বিশ্বাস ভক্তদের হৃদয়ে। দেবী অন্নপূর্ণা হলেন প্রকৃতি মার রূপ যিনি সমস্ত জীবকে লালন-পালন করেন। বিশ্বাস করা হয় যে কাশীতে, ভগবান শিব দেবী পার্বতীর কাছ থেকে ভিক্ষার পাত্রে খাবার গ্রহণ করেছিলেন। দেবী অন্নপূর্ণা আমাদের লালন-পালন করেন এবং আত্ম-উপলব্ধির জন্য প্রস্তুত করেন। অন্নপূর্ণা পুজো সকল জীবের কল্যাণের জন্য করা হয়।

  • Annapurna Puja 2025: আজ অন্নপূর্ণা পুজো, কতক্ষণ থাকছে তিথি? জানুন দেবীর পৌরাণিক আখ্যান

    Annapurna Puja 2025: আজ অন্নপূর্ণা পুজো, কতক্ষণ থাকছে তিথি? জানুন দেবীর পৌরাণিক আখ্যান

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ অন্নপূর্ণা পুজো। চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে পূজিতা হন দেবী অন্নপূর্ণা (Annapurna Puja 2025)। তবে এর পাশাপাশি গ্রাম বাংলাতে নবান্ন উৎসবের সময়ও অন্নপূর্ণা পুজোর রীতি দেখা যায়। সেটা অগ্রহায়ণ মাসে সম্পন্ন হয়। মনে করা হয় বাংলায় অন্নপূর্ণা দেবীর মাহাত্ম্য প্রচারিত হয়েছে কাশী থেকেই। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করতে গেলে পুজো দিতে হয় মা অন্নপূর্ণাকে। হিন্দুদের বিশ্বাস, বাবা বিশ্বনাথ কাশীধামের নির্মাণকর্তা এবং মা অন্নপূর্ণা সমগ্র কাশী ধামের অধিষ্ঠাত্রী দেবী। এবারের অন্নপূর্ণা পুজো অনুষ্ঠিত হচ্ছে আজ অর্থাৎ ৫ এপ্রিল। পঞ্জিকা মতে, শুক্রবার রাত ১টা ৩৯ মিনিট (ইংরেজি মতে শনিবার) পর্যন্ত সপ্তমী ছিল। তারপরেই শুরু হয়েছে অষ্টমী তিথি। আজ শনিবার রাত ১২টা ২৩ মিনিট (ইংরেজি মতে রবিবার) পর্যন্ত অষ্টমী তিথি থাকছে।

    পঞ্জিকা অনুযায়ী অন্নপূর্ণা পুজোর (Annapurna Puja) নির্ঘণ্ট:

    পূর্বাহ্ন ৯ টা ৩৭ মিনিটের মধ্যে শ্রীশ্রীবাসন্তীদুর্গাদেবীর অষ্টমী বিহিত পূজা।

    রাত্রি ১১ টা ১৭ মিনিট গতে ১২ টা ৫ মিনিটের মধ্যে দেবীর অর্দ্ধরাত্রবিহিত পূজা।

    রাত্রি ১১ টা ৫৯ মিনিট গতে সন্ধিপূজারম্ভ।

    রাত্রি ১২ টা ২৩ মিনিট গতে বলিদান। আর তারপর নবমী তিথি পড়ে যাবে।

    এদিন কাশী ধামে আয়োজিত হয় অন্নকূট উৎসব

    অন্নপূর্ণা পুজোর দিনে কাশী ধামে আয়োজিত হয় অন্নকূট উৎসব। আমিষ ভোজন, মাদক পান, ধূমপান প্রভৃতি থেকে দূরে থাকেন এই দিন ভক্তরা। কাউকে কোনওরকম কটু কথাও বলেন না ভক্তরা। যাতে তাদের ব্যবহারে কেউ অন্য কেউ কষ্ট পায়। এদিন ভক্তরা ব্রত পালন করেন এবং মিথ্যা কথা বলেন না। সাদা পোশাকে পুজোয় (Annapurna Puja 2025) দিতে দেখা যায় ভক্তদের। হিন্দুদের বিশ্বাস অন্নকূট উৎসবে কোনও ভিক্ষুককে পিতলের পাত্রে আতপ চাল দান করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়।

    ভরতচন্দ্র রায়গুনাকর দেবী অন্নপূর্ণার কথা উল্লেখ করেছেন

    দেবী অন্নপূর্ণার (Annapurna Puja 2025) যে কোনও বিগ্রহ দেখলেই বোঝা যায়, তাঁর হাত থেকে অন্ন গ্রহণ করছেন দেবাদিদেব মহাদেব। বাংলাতে ভরতচন্দ্র রায়গুনাকর দেবী অন্নপূর্ণার কথা উল্লেখ করেছেন। সেখানে মা অন্নপূর্ণার মাহাত্ম্যও বর্ণনা করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, অন্ন শব্দের অর্থ হল ধান আর পূর্ণা শব্দের অর্থ পূর্ণ। প্রচলিত অনেক কাহিনী রয়েছে মা অন্নপূর্ণাকে নিয়ে। তার মধ্যে অন্যতম হলো কাশীর পৌরাণিক আখ্যান।

    পৌরাণিক কাহিনী জানুন

    পৌরাণিক কাহিনী অনুযায়ী, শিব পার্বতী বিবাহের পরে দাম্পত্য জীবন সুখেই কাটাচ্ছিলেন। কিন্তু শিবের আর্থিক অনটনের কারণে দাম্পত্য সমস্যা শুরু হয়। সে সময়ে ভোলেনাথের সঙ্গে মা পার্বতীর (Annapurna Puja 2025) মতবিরোধ শুরু হয় মাতা পার্বতী কৈলাস ত্যাগ করেন। মাতা পার্বতীর এই সিদ্ধান্তের পরেই দেখা যায় মহামারি এবং নানা সংকট ভক্তরা তখন আকুল হয়ে পড়েন। তাঁরা দেবাদিদেব মহাদেবকে ডাকতে থাকেন। সেই সময়ই ভিক্ষার ঝুলিকে কাঁধে তুলে নেন মহাদেব। কিন্তু দেবীর মায়ায় কোথাও ভিক্ষা জোটে না। মহাদেব তখন জানতে পারেন কাশীতে এক নারী সকলকে অন্ন দান করছেন। তখন ভোলেনাথ সেখানে উপস্থিত হন। চিনতে পারেন তিনি মাতা অন্নপূর্ণাকে (Annapurna Puja 2025)। মহাদেব মায়ের কাছে ভিক্ষা প্রার্থনা করেন এবং সেই ভিক্ষা গ্রহণ করেই মহামারি এবং খাদ্যাভাব থেকে ভক্তকুলকে রক্ষা করেন বলে মনে করা হয়। চৈত্র মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সেখানে মানে কাশী ধামে মায়ের আবির্ভাব হয়েছিল বলে মানা হয়। তাই তখন থেকেই সেখানে মায়ের পুজো প্রচলন। অন্য আরেকটি পৌরাণিক কাহিনী প্রচলিত রয়েছে। সেই পৌরাণিক কাহিনী অনুসারে দেবী পার্বতীর মায়ায় কোথাও ভিক্ষা পাননি দেবাদিদেব মহাদেব। তবে তা বুঝতে পারেন শিব। কৈলাসে ফিরে পায়েস পিঠে খেয়ে তৃপ্ত হন দেবাদিদেব। তখন থেকেই নাকি অন্নপূর্ণা পুজোর প্রচলন।

    মায়ের প্রিয় ভোগ কী জানেন

    মা অন্নপূর্ণাকে মা দুর্গার আরেক রূপ মানা হয়। বাংলার অন্নদামঙ্গল কাব্যে প্রথম মেলে এই দেবীর (Annapurna Puja 2025) উল্লেখ। শক্তির অপর রূপ মানা হয় মা অন্নপূর্ণাকে তিনি সকলের অন্ন যোগান। মা অন্নপূর্ণার প্রিয় ভোগ হল- মুগের ডাল, ভাত, শাক, ভাজা, মোচার ঘন্ট, আর ছানার ডালনা। ভক্তদের বিশ্বাস, এইভাবে সাজিয়ে মাকে ভোগ নিবেদন করলে তিনি খুশি হন এবং বছরভর সুখ ও শান্তি, সমৃদ্ধিতে ভরে ওঠে ভক্তের জীবন।

  • Annapurna Puja: এবছর অন্নপূর্ণা পুজো পড়েছে ২৯ মার্চ, জানেন এই পুজোর মাহাত্ম্য?

    Annapurna Puja: এবছর অন্নপূর্ণা পুজো পড়েছে ২৯ মার্চ, জানেন এই পুজোর মাহাত্ম্য?

    মাধ্যম নিউজ ডেস্ক: ২৯ মার্চ বুধবার অন্নপূর্ণা পুজো (Annapurna Puja)। অগ্রহায়ণ মাসে এই পুজো সারা বাংলা জুড়ে নবান্ন উৎসব হিসেবেই পালিত হয়। আবার চৈত্র মাসে শুক্লাষ্টমী তিথিতেও দেবী অন্নপূর্ণা পূজিতা হন। মা অন্নপূর্ণাকে শিব জায়া পার্বতী রূপে পুজো করার বিধান রয়েছে।শাস্ত্র মতে বাড়ির রান্নাঘর পরিষ্কারের পাশাপাশি গ্যাস-চুলা ইত্যাদির পুজো করা হয় বলে বিশ্বাস করা হয়। এতে মা অন্নপূর্ণা (Annapurna Puja) প্রসন্ন হন এবং বাড়িতে কখনও অন্নের অভাব হয় না এবং সমস্ত রোগ ও শোক দূরে থাকে। ধর্মীয় বিশ্বাস অনুসারে, মা অন্নপূর্ণার (Annapurna Puja) রূপ ধারণ করে মা পার্বতী সমস্ত জীবকে রক্ষা করেছিলেন। 

    অন্নপূর্ণা পুজোর (Annapurna Puja) পৌরাণিক আখ্যান

    কিংবদন্তি অনুসারে, এমন একটি সময় এসেছিল যখন পৃথিবীতে খাদ্য এবং জল ফুরিয়ে যায়। চারিদিকে অভাব দেখা যায়, হইচই পড়ে যায়। সেসময় মানুষ ব্রহ্মা, বিষ্ণু ও শিবের পূজা করত। তাঁর ভক্তদের ডাক শুনে শ্রী হরি বিষ্ণু ভগবান শিবকে তাঁর যোগ নিদ্রা থেকে জাগিয়ে পুরো ঘটনা বললেন। তখন ভগবান শিব মা পার্বতীর কাছ থেকে সন্ন্যাসী রূপে এসে ভিক্ষা চেয়েছিলেন। মা পার্বতী তখন দেবী অন্নপূর্ণা (Annapurna Puja) রূপে ভগবান শিবকে ভিক্ষা দিয়ে জীবকুলকে রক্ষা করেছিলেন।

    আবার অন্য একটি পৌরাণিক গল্প অনুসারে, ভগবান শিবের সঙ্গে ঝগড়ার পরে এই দিনে দেবী পার্বতী কালশা পর্বত থেকে চলে গিয়েছিলেন। সঙ্গে ছিল নিজের প্রয়োজনের খাবারটুকু। তাঁর অনুপস্থিতিতে পৃথিবী জুড়ে দুর্ভিক্ষ শুরু হয়। এটি দেখে ভগবান শিব খাবারের গুরুত্ব টের পান এবং বারাণসীর উদ্দেশে রওনা হন। বারাণসীই তখন পৃথিবীর একমাত্র জায়গা, যেখানে খাবার পাওয়া যায়। শিব সেখানে ভিক্ষার বাটি নিয়ে দেবী পার্বতী সামনে হাজির হন। দেবী তাঁকে খাদ্য দেন। সেই থেকেই দেবী পার্বতী পরিচিত হন অন্নপূর্ণা নামে।

    বাংলায় এই পুজোর প্রচলন

    অনেক গবেষকের মতে, বাংলাতে অন্নপূর্ণা পুজো (Annapurna Puja) প্রচলন করেছিলেন মহারাজা কৃষ্ণচন্দ্রের পূর্বসূরী ভবানন্দ মজুমদার। দেবী অন্নদার কৃপা পেয়ে সম্রাট জাহাঙ্গীরের থেকে তিনি রাজা উপাধি লাভ করেন। তবে এনিয়ে অনেক গবেষকের মধ্যে মতভেদ রয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

     

     

     

LinkedIn
Share