Tag: Baggage rules

  • Seat Selection: ডোমেস্টিক ফ্লাইটে ৬০ শতাংশ আসন বিনামূল্যে বেছে নেওয়া যাবে, নির্দেশ কেন্দ্রের

    Seat Selection: ডোমেস্টিক ফ্লাইটে ৬০ শতাংশ আসন বিনামূল্যে বেছে নেওয়া যাবে, নির্দেশ কেন্দ্রের

    মাধ্যম নিউজ ডেস্ক: খুব শিগগিরই অতিরিক্ত চার্জ থেকে খানিক হলেও স্বস্তি পেতে চলেছেন ভারতের বিমানযাত্রীরা (Seat Selection)। কারণ সরকার এয়ারলাইন্স সংস্থাগুলিকে সিট পছন্দের দরুন অতিরিক্ত ফি তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে (Airlines)। সরকারের এই পদক্ষেপে টিকিটের মূল ভাড়া অবশ্য কমছে না, তবে নিশ্চিত করা হয়েছে যে,  আন্তঃদেশীয় উড়ান বা ডোমেস্টিক ফ্লাইটে অন্তত ৬০ শতাংশ আসন বিনামূল্যে বেছে নেওয়া যাবে। এর ফলে বুকিংয়ের পরে বা ওয়েব চেক-ইনের সময় পছন্দের সিটের জন্য অতিরিক্ত টাকা দেওয়ার দীর্ঘদিনের প্রথার অবসান ঘটবে।

    অতিরিক্ত চার্জ নেওয়া যাবে না (Seat Selection)

    এক নির্দেশিকায় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক এয়ারলাইন্সগুলিকে জানিয়েছে, যে কোনও অভ্যন্তরীণ ফ্লাইটে অন্তত ৬০ শতাংশ আসনের ওপর অতিরিক্ত চার্জ নেওয়া যাবে না। ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (DGCA)-এর মাধ্যমে জারি করা এই নির্দেশের উদ্দেশ্য হল ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করা এবং টিকিট বুকিং বা ওয়েব চেক-ইনের সময় যাত্রীদের যে লুকোনো খরচের সম্মুখীন হতে হয়, তা কমানো। এতদিন পর্যন্ত মাত্র প্রায় ২০ শতাংশ আসন বিনামূল্যে পাওয়া যেত। তাই অধিকাংশ পছন্দের আসনের জন্য যাত্রীদের অতিরিক্ত টাকা দিতে হত।

    কী বলছেন অসামরিক বিমান পরিবহণমন্ত্রী

    অসামরিক বিমান পরিবহণমন্ত্রী কে রামমোহন নাইডু জানিয়েছেন, সরকারের এই পদক্ষেপ যাত্রীসুবিধা বাড়ানোর বৃহত্তর উদ্যোগের অংশ। তিনি বলেন, “৬০ শতাংশ আসন বিনামূল্যে মিলবে। পরিবারের সদস্যদের একসঙ্গে বসার নিশ্চয়তা, এবং ক্রীড়া সরঞ্জাম, বাদ্যযন্ত্র ও পোষ্য প্রাণী বহনের জন্য এটি একটি স্বচ্ছ ও স্পষ্ট নিয়ম।” মন্ত্রক এয়ারলাইন্সগুলিকে এও নির্দেশ দিয়েছে, একই পিএনআরে সফরকারী যাত্রীদের সম্ভব হলে পাশাপাশি আসনে বসাতে হবে। এই পদক্ষেপের জেরে বিশেষভাবে সুবিধা হবে পরিবার ও দলগত যাত্রীদের। এতদিন একসঙ্গে বসার জন্য অতিরিক্ত টাকা দিতে হত এঁদের।

    যাত্রীবান্ধব নীতি প্রণয়ন করতে হবে

    সরকারি নির্দেশের পর এয়ারলাইন্সগুলিকে অতিরিক্ত পরিষেবার ক্ষেত্রে স্বচ্ছ ও যাত্রীবান্ধব নীতি প্রণয়ন করতে হবে (Seat Selection)। ডিজিসিএ-কে ক্রীড়া সরঞ্জাম ও বাদ্যযন্ত্র পরিবহণ সহজ করার দায়িত্ব দেওয়া হয়েছে।  যদিও তা নিরাপত্তা ও পরিচালনাগত নিয়ম মেনেই করতে হবে। পোষ্য প্রাণী বহনের ক্ষেত্রেও, যা নিয়ে আগে অনেক বিভ্রান্তি ছিল, এখন এয়ারলাইন্সগুলিকে পরিষ্কার ও প্রকাশ্য নির্দেশিকা দিতে হবে। সরকার যাত্রী অধিকারের আরও কঠোর প্রয়োগে জোর দিয়েছে, বিশেষ করে ফ্লাইট দেরি, বাতিল বা বোর্ডিং অস্বীকারের ক্ষেত্রে। এয়ারলাইন্সগুলিকে তাদের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, বুকিং প্ল্যাটফর্ম এবং বিমানবন্দর কাউন্টারে যাত্রীদের এসব অধিকার স্পষ্টভাবে প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। সচেতনতা বাড়াতে যাত্রীদের আঞ্চলিক ভাষায় তাঁদের অধিকার সম্পর্কে জানাতে হবে।

    অতিরিক্ত ফি নেওয়ায় পুঞ্জীভূত হচ্ছিল ক্ষোভ

    এই নির্দেশটি এমন একটি সময়ে এসেছে, যখন সিট নির্বাচন-সহ বিভিন্ন পরিষেবার জন্য অতিরিক্ত ফি নেওয়ায় এয়ারলাইন্সগুলির বিরুদ্ধে পুঞ্জীভূত হচ্ছিল ক্ষোভ। কর্তৃপক্ষ জানিয়েছেন, এই পদক্ষেপের উদ্দেশ্য হল এয়ারলাইন্স পরিষেবায় স্বচ্ছতা ও একরূপতা আনা এবং যাত্রীদের অতিরিক্ত খরচের বোঝা কমানো। ভারতের অভ্যন্তরীণ বিমান পরিবহণ খাত দ্রুত সম্প্রসারিত হয়েছে এবং বর্তমানে এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম বাজার, যেখানে প্রতিদিন পাঁচ লাখেরও বেশি যাত্রী বিমানবন্দর ব্যবহার করেন। এই প্রেক্ষাপটে মন্ত্রক সাফ জানিয়ে দিয়েছে, যাত্রীসুবিধাই সর্বোচ্চ অগ্রাধিকার। তাই সাশ্রয়ী খাবারের জন্য উড়ান যাত্রী ক্যাফে এবং বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাইয়ের মতো পরিষেবা দিতে হবে (Seat Selection)। এই নতুন পদক্ষেপ বিমান সফরকে আরও যাত্রীবান্ধব করে তুলবে বলেই আশা সংশ্লিষ্ট মহলের (Airlines)।

     

LinkedIn
Share