Tag: bangla khabar

bangla khabar

  • UAE Visas Ban: ভিক্ষাবৃত্তি, অপরাধমূলক কাজকর্ম! পাকিস্তানিদের ভিসা নয়, জানাল আরব আমিরশাহি

    UAE Visas Ban: ভিক্ষাবৃত্তি, অপরাধমূলক কাজকর্ম! পাকিস্তানিদের ভিসা নয়, জানাল আরব আমিরশাহি

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানিরা এসে অপরাধমূলক কাজকর্ম করছে। এই অভিযোগে এবার পাকিস্তানি নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করল সংযুক্ত আরব আমিরশাহি। পাকিস্তানি সংবাদপত্র জানাচ্ছে, পাকিস্তানের অতিরিক্ত স্বরাষ্ট্র সচিব সলমন চৌধুরি মানবাধিকার বিষয়ক সেনেট কার্যকরী কমিটির বৈঠকে এই বিষয়টি জানিয়েছেন। চৌধুরি জানিয়েছেন, একবার নিষেধাজ্ঞা আরোপ করা হলে, তা অপসারণ করা কঠিন। সংযুক্ত আরব আমিরশাহি বর্তমানে কেবল নীল এবং কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা দিচ্ছে। উপসাগরীয় দেশগুলিতে ভ্রমণ করে পাকিস্তানি নাগরিকরা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরশাহি।

    কেন ভিসা বন্ধ

    প্রতি বছর মধ্যপ্রাচ্যের দেশগুলিতে প্রায় আট লক্ষ পাকিস্তানি ভিসা চেয়ে আবেদন করেন। মূলত, কর্মসংস্থান এবং উন্নত অর্থনৈতিক সুযোগের জন্য এই আবেদন করা হয়। তবে সম্প্রতি প্রচুর পাকিস্তানি নাগরিক সেখানে গিয়ে বেআইনি ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে বলে জানাচ্ছে আরব আমিরশাহি প্রশাসন। ২০২৪ সালের ডিসেম্বরে, সংযুক্ত আরব আমিরাশাহি, সৌদি আরব এবং আরও বেশ কয়েকটি উপসাগরীয় দেশ পাকিস্তানের কমপক্ষে ৩০টি বিভিন্ন শহরের বাসিন্দাদের ভিসা দেওয়ার উপরে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছে। পাকিস্তানি নাগরিকদের ওই সব দেশে ভিক্ষা করতে গিয়ে বা বিদেশে চোরাচালান, মাদকপাচার, মানবপাচার এবং অন্যান্য অপরাধমূলক অপরাধে জড়িত থাকার ঘটনা সামনে আসার পরেই ওই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

    পাকিস্তানের হতশ্রী দশা প্রকট

    মক্কা এবং মদিনায় হজ চলাকালীন ভিক্ষা করতে গিয়ে ধরা পড়েছেন প্রায় ৪ হাজার পাকিস্তানি নাগরিক। এছাড়াও মাদক পাচার, চোরাচালান-সহ একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত হচ্ছে পাকিস্তানি নাগরিকরা বলে দাবি। নয়া সিদ্ধান্তে পাকিস্তানি নাগরিকদের জন্য পর্যটন, ভ্রমণ বা কাজের জন্য ভিসা-সহ সকল ধরনের ভিসা পাওয়ার বিষয়টিকে প্রভাবিত হবে। যাদের ভিসা রয়েছে, তার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত বৈধ থাকবে। তবে সংযুক্ত আরব আমিরশাহির দূতাবাসগুলিতে বা অনুমোদিত ভিসা কেন্দ্রগুলির মাধ্যমে কোনও নতুন আবেদন নেওয়া হচ্ছে না। বেশ কিছু প্রতিবেদন অনুসারে, গত বছরের ডিসেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহি ও আরও বেশ কয়েকটি উপসাগরীয় দেশে পাকিস্তানি ভ্রমণকারীদের পুলিশ ভেরিফিকেশন প্রসেস বাধ্যতামূলক করেছে। আরব আমিরশাহির এই সিদ্ধান্ত পাকিস্তানের ‘ক্ষয়িষ্ণু’ পাসপোর্টের উপর বড় প্রভাব ফেলতে পারে। টানা তিন বছর ধরে বিশ্বের সবথেকে খারাপ র‌্যাঙ্কের পাসপোর্ট-এর তালিকায় তৃতীয় নম্বরে রয়েছে পাকিস্তান।

  • Waqf Amendment Act: নতিস্বীকার মমতার! রাজ্যকে মানতেই হল কেন্দ্রের নতুন ওয়াক্‌ফ আইন, চুপিসাড়ে নির্দেশ নবান্নর

    Waqf Amendment Act: নতিস্বীকার মমতার! রাজ্যকে মানতেই হল কেন্দ্রের নতুন ওয়াক্‌ফ আইন, চুপিসাড়ে নির্দেশ নবান্নর

    মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্রে নরেন্দ্র মোদি সরকার ওয়াক্‌ফ সংশোধন বিল পাশ করানোর পর বাংলায় প্রতিবাদ বিক্ষোভ হয়েছিল। সেই সময়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে জানিয়েছিলেন— তিনি পশ্চিমবঙ্গে নতুন ওয়াক্‌ফ সংশোধন আইন (Waqf Amendment Act) কার্যকর হতে দেবেন না। মাস সাতেক পর অবশেষে নতিস্বীকার করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মেনে নিতে বাধ্য হলেন কেন্দ্রের নতুন আইনকে। তথ্যাভিজ্ঞ মহলের দাবি, মানতেই হত, এ ছাড়া আর কোনও উপায়ও ছিল না রাজ্যের কাছে।

    চুপিসাড়ে নির্দেশ নবান্নর

    চুপিসাড়ে রাজ্যের ওয়াক্‌ফ সম্পত্তি সংক্রান্ত সব তথ্য সেন্ট্রাল পোর্টালে আপলোড করতে সব জেলাশাসককে নির্দেশ দিল নবান্ন। বৃহস্পতিবার সন্ধ্যায় সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা দফতরের সচিব ড. পিবি সালিম এই সংক্রান্ত চিঠি পাঠান। সেখানে বলা হয়েছে, ‘umeedminority.gov.in’ পোর্টালে প্রতিটি জেলার ওয়াক্‌ফ সম্পত্তির খতিয়ান আপলোড করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। আইন অনুযায়ী, দেশের সব নিবন্ধিত ওয়াক্‌ফ সম্পত্তির তথ্য ছয় মাসের মধ্যে পোর্টালে তুলতে হবে। এই সময়সীমা শেষ হচ্ছে ৫ ডিসেম্বর ২০২৫।

    চিঠিতে আরও জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে ৮২ হাজারের বেশি ওয়াক্‌ফ সম্পত্তি রয়েছে। এগুলি ৮ হাজারের বেশি ওয়াক্‌ফ এস্টেটের অধীনে। এসব সম্পত্তির তথ্য আপলোড করবেন সংশ্লিষ্ট মুতাওয়াল্লিরা। জেলাশাসকদের চারটি দিকনির্দেশও দেওয়া হয়েছে। সেগুলি হল–
    মুতাওয়াল্লি, ইমাম, মোয়াজ্জিন ও মাদ্রাসা শিক্ষকদের নিয়ে বৈঠক করে আপলোডের নিয়ম বুঝিয়ে দিতে হবে।
    শুধু অ-বিতর্কিত সম্পত্তির তথ্য আপলোড করতে হবে।
    প্রয়োজন হলে প্রযুক্তিগত সাহায্যের জন্য সহায়ক কেন্দ্র খুলতে হবে।
    সংখ্যালঘু দফতরের রাজ্যস্তরের অফিসারদের জেলায় পাঠানো হয়েছে কাজ তদারকির জন্য।

    রাজনৈতিক ভাবে তাৎপর্যপূর্ণ

    রাজনৈতিক ভাবেও এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ। চলতি বছরের এপ্রিলের শুরুতে ওয়াক্‌ফ সংশোধনী বিল পাশ হয় সংসদের দুই কক্ষে। এরপর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেই বিলে স্বাক্ষর করেন। দেশজুড়ে ওয়াক্‌ফ সংশোধনী আইন (Waqf Amendment Act) লাগু হয়। সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেছিলেন, রাজ্যে লাগু হবে না এই আইন। গত ৯ এপ্রিল একটি জৈন সম্প্রদায়ের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেছিলেন, “বাংলায় ওয়াক্‌ফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কার্যকর হতে দেব না। মুসলমানদের ‘ডিভাইড অ্যান্ড রুল’ আমি চলতে দেব না।” তিনি আরও বলেছিলেন, “আমাদের এখানে ৩৩ শতাংশ মুসলিম আছেন। তাঁরা শতাব্দীর পর শতাব্দী ধরে এখানে থাকছেন। তাঁদের সুরক্ষা দেওয়া আমার কর্তব্য।”

    মানতেই হবে সব রাজ্যকে

    সুপ্রিম কোর্টে ওয়াক্‌ফ সংশোধনী আইনের (Waqf Amendment Act) বিরুদ্ধে একাধিক মামলা হয়। রাজ্য এই আইনের বিরুদ্ধে আদালতে গেলেও আশানুরূপ ফল পায়নি। সংশোধিত ওয়াক্‌ফ আইনের উপর সম্পূর্ণ স্থগিতাদেশ জারি করেনি শীর্ষ আদালত। বিশেষজ্ঞরা বলছেন, শীর্ষ আদালত ওয়াক্‌ফ সংশোধনী আইনে স্থগিতাদেশ না দেওয়ায় এই আইন মানতে হবে সব রাজ্যকে। এ ছাড়া আর কোনও উপায়ও নেই রাজ্যের কাছে। দেশের সব নিবন্ধিত ওয়াক্‌ফ সম্পত্তির তথ্য ৬ মাসের মধ্যে কেন্দ্রীয় পোর্টালে আপলোড করতে হত। এই সময়সীমা শেষ হচ্ছে আগামী ৫ ডিসেম্বর। তাই, তড়িঘড়ি রাজ্য সরকারের তরফে সব তথ্য কেন্দ্রীয় পোর্টালে আপলোড করতে বলা হল।

  • Cereals Food Grains: খাদ্যতালিকায় দানাশস্যের ঘাটতি! কী কী ধরনের সমস্যা হতে পারে, জানেন?

    Cereals Food Grains: খাদ্যতালিকায় দানাশস্যের ঘাটতি! কী কী ধরনের সমস্যা হতে পারে, জানেন?

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    রকমারি প্রাণীজ প্রোটিন কিংবা হরেক পদের কার্বোহাইড্রেট জাতীয় খাবারেই অভ্যস্ত হচ্ছে তরুণ প্রজন্মের একাংশ। অধিকাংশের নিয়মিত পুষ্টি তালিকায় দানাশস্যের ঘাটতি রয়েছে। আর তার জেরেই জীবন যাপন সংক্রান্ত একাধিক জটিল রোগ কাবু করছে। সম্প্রতি এক আন্তর্জাতিক সমীক্ষায় এমনি তথ্য সামনে এসেছে। নিয়মিত খাবারের তালিকা সম্পর্কে সচেতনতা না বাড়লে দীর্ঘমেয়াদি সুস্থ জীবন যাপন সম্ভব নয়।

    কী বলছে সমীক্ষার রিপোর্ট?

    ইংল্যান্ডের একদল গবেষক ও পুষ্টি বিশেষজ্ঞেরা সমীক্ষা চালিয়ে দেখছেন, গত এক দশকে বিশ্ব জুড়ে ২০ থেকে ৪০ বছর বয়সি ছেলেমেয়েদের মধ্যে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হরমোনের ভারসাম্যঘটিত সমস্যা, মানসিক উদ্বেগ এবং হৃদরোগের প্রকোপ বাড়ছে। আর এই ধরনের সমস্যা তাঁদের সুস্থ জীবন যাপনে সমস্যা তৈরি করছে। অধিকাংশ ক্ষেত্রে এই রোগের পিছনে মূল কারণ হলো পর্যাপ্ত পুষ্টির অভাব। বিশেষত প্রক্রিয়াজাত প্রাণীজ প্রোটিন নিয়মিত অতিরিক্ত খাওয়া। তুলনায় দানাশস্য জাতীয় খাবার না খাওয়া।

    কেন দানাশস্য খাওয়া জরুরি?

    পুষ্টিবিদদের একাংশ জানাচ্ছেন, দানাশস্য শরীরের জন্য খুব জরুরি। সুস্থ ও দীর্ঘ জীবনের জন্য কার্বোহাইড্রেট, প্রাণীজ প্রোটিনের পাশপাশি দানাশস্য ও খেতে হবে। বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, নিয়মিত মাংস খেলে হজমের সমস্যা হতে পারে। শরীরে অতিরিক্ত ফ্যাট জমতে পারে। মাংসের বিকল্প প্রাণীজ প্রোটিন হলো ডাল। মুখ, মুসুর কিংবা ছোলা, যেকোনও রকম ডাল শরীরে প্রোটিনের চাহিদা পূরণ করে। হজমের সমস্যা হয় না। আবার পেশি মজবুত করতে বিশেষ সাহায্য করে। তাই ডাল নিয়মিত খাওয়া জরুরি।

    তরুণ প্রজন্মের মধ্যে উচ্চ রক্তচাপ, কোলেস্টেরলের সমস্যা বাড়ছে। প্রাণীজ প্রোটিন শরীরে এনার্জি জোগান করলেও নিয়মিত অতিরিক্ত পরিমাণ প্রাণীজ প্রোটিন খেলে রক্তচাপ ও কোলেস্টেরল বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে। তাই ডাল নিয়মিত খাওয়া জরুরি। প্রোটিনে ভরপুর হলেও ডালে কোলেস্টেরল নেই। যেকোনও ডাল পটাশিয়াম ও সোডিয়াম সমৃদ্ধ হয়। তাই রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে।

    মুসুর, মটর কিংবা ছোলার মতো ডাল আয়রন সমৃদ্ধ হয়। তাই এই ডালগুলো খেলে শরীরে আয়রনের অভাব পূরণ হয়। এছাড়াও রক্ত সরবরাহ ভালো ভাবে হয়‌। ডালের পাশপাশি জোয়ার, বাজরা, রাগি ও মিলেটের মতো দানাশস্য নিয়মিত খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, এই ধরনের দানাশস্যে ম্যাগনেশিয়াম, পটাশিয়াম ফসফরাস, জিঙ্কের মতো নানান উপাদান থাকে। এগুলো শরীরের একাধিক রোগের ঝুঁকি কমায়।

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, পটাশিয়াম, সোডিয়ামের মতো খনিজ পদার্থ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। তাছাড়া হাড় মজবুত রাখতে, হজম শক্তি বাড়াতেও বিশেষ সাহায্য করে। যে কোনও ধরনের ডাল কিংবা বাজরা, রাগির মতো দানাশস্য জাতীয় খাবার ফাইবার সমৃদ্ধ হয়। তাই নিয়মিত এগুলো খেলে অন্ত্র ভালো থাকে। কোষ্ঠকাঠিন্যের সমস্যাও হয় না।

    কী বিশেষ পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ মহল?

    পুষ্টিবিদদের একাংশের পরামর্শ, তরুণ প্রজন্মের সকালের প্রাতঃরাশ হোক কিংবা দুপুরের খাবার, মেনুতে কার্বোহাইড্রেট ও প্রাণীজ প্রোটিনের পাশপাশি অবশ্যই দানাশস্য জাতীয় খাবার রাখা উচিত। সারা দিনের একাধিক কাজের শক্তি জোগাবে এই দানাশস্য। আবার শরীরের প্রয়োজনীয় সমস্ত চাহিদা পূরণ করবে যেকোনও ধরনের ডাল কিংবা দানাশস্য। তাই নিয়মিত সেই খাবারগুলো মেনুতে থাকছে কিনা সেদিকে নজর দেওয়া জরুরি। তবেই সুস্থ জীবন‌ যাপন সম্ভব।

     

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

  • PM Modi on Vikram-1: দুই তরুণ নিজেদের সংস্থায় তৈরি করছে রকেট! ‘‘ভারত বড় স্বপ্ন দেখে’’, ‘বিক্রম-১’-এর উন্মোচন প্রধানমন্ত্রীর

    PM Modi on Vikram-1: দুই তরুণ নিজেদের সংস্থায় তৈরি করছে রকেট! ‘‘ভারত বড় স্বপ্ন দেখে’’, ‘বিক্রম-১’-এর উন্মোচন প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশে মহাকাশ চর্চার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা। বৃহস্পতিবার হায়দরাবাদে স্কাইরুট ইনফিনিটি ক্যাম্পাসের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বৃহস্পতিবার একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই ক্য়াম্পাসের উদ্বোধন করেন তিনি ৷ এটি মূলত একটি বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা ৷ যার মালিকানা রয়েছে পবন চন্দনা এবং নাগা ভরত ডাকার হাতে ৷ তাঁরা দুজনেই ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলজির প্রাক্তনী ছিলেন ৷ ইসরোতে দীর্ঘ সময় ধরে চাকরি করেছেন তাঁরা ৷ এরপর দুজন মিলে স্কাইরুট কোম্পানির জন্ম দেন৷ বৃহস্পতিবার ‘স্কাইরুট অ্যারোস্পেস’ সংস্থার তৈরি প্রথম অরবিটাল রকেট ‘বিক্রম-১’-এরও উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    মোদি সরকারের মেক-ইন ইন্ডিয়া প্রকল্পের ফসল

    সম্পূর্ণ বেসরকারি ভাবে তৈরি ‘বিক্রম-১’ রকেট ভারতের মহাকাশ চর্চায় এক বড় অগ্রগতি বলে মনে করা হচ্ছে। মহাকাশবিজ্ঞানীদের মতে, এই ঘটনা আগামী দিনে ভারতকে স্যাটেলাইট উৎক্ষেপণ জগতের নেতার আসনে বসাতে পারে। বিক্রম-১ ভারতের মহাকাশ খাতের নীতিগত পরিবর্তনের এক জ্বলন্ত প্রমাণ। তিন বছর আগে মহাকাশ খাতে বেসরকারি উদ্যোগ, বিশেষ করে স্টার্ট-আপগুলিকে উন্মুক্ত করেছিল মোদি সরকার। এই রকেট সেই সিদ্ধান্তেরই সাফল্য। বৃহস্পতিবার স্কাইরুটের উদ্বোধন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘‘ভারত বড় স্বপ্ন দেখে, অনেক বড় কিছু করে এবং সবথেকে ভালো জিনিস ডেলিভার করে৷’’ সেই কারণে বিভিন্ন বিনিয়োগকারীকে ভারতে বিনিয়োগ করার জন্য আহ্বান জানান তিনি ৷

    বিক্রম-১ রকেটের বৈশিষ্ট্য

    ভারতের মহাকাশ কর্মসূচির জনক, বিক্রম সারাভাইয়ের নামে নামকরণ করা হয়েছে এই রকেটের। স্কাইরুটের দাবি, ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে যে কোনও উৎক্ষেপণ স্থানে তাদের এই রকেট অ্যাসেম্বল করা যাবে এবং তারপরে উৎক্ষেপণ করা যাবে। অর্থাৎ, এটিকে টুকরো টুকরো অংশ ভাগ করে বিশ্বের যে কোনও জায়গায় উড়িয়ে নিয়ে গিয়ে মহাকাশে উৎক্ষেপণ করা যেতে পারে। ফলে, বিক্রম-১-এর মাধ্যমে যে সমস্ত গ্রাহক মহাকাশে স্যাটেলাইট পাঠাতে চাইবেন, তাদের ভারতেই আসতে হবে, তার কোনও মানে নেই। শুধু তাই নয়, বিক্রম-১ রকেটটির বডি অর্থাৎ কাঠামো সম্পূর্ণ কার্বন-ফাইবার দিয়ে তৈরি। এর ফলে ইসরোর পিএসএলভি (PSLV) রকেটের তুলনায় এটি অত্যন্ত হালকা ওজনের। তবে হালকা বলে পলকা নয়। এই রকেট অত্যন্ত মজবুত।

    ইসরোর আধিপত্যে থাবা

    এতদিন ভারতের মহাকাশ চর্চায় একচেটিয়া আধিপত্য ছিল ইসরোর। বিভিন্ন দেশ ও সংস্থা তাদের স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য ইসরোর পিএসএলভি (PSLV) রকেটের উপরে নির্ভর করত। এর অন্যতম কারণ, মহাকাশ চর্চায় অগ্রগামী অন্যান্য দেশের তুলনায় ইসরোর রকেট উৎক্ষেপণের খরচ অনেক কম ছিল। এ বার সেই আধিপত্যে থাবা বসালো স্কাইরুট। বিক্রম-১ পৃথিবীর নিম্ন কক্ষপথে ৩০০ কেজি পর্যন্ত পেলোড পৌঁছে দিতে পারে। একাধিক স্যাটেলাইটকে একসঙ্গে কক্ষপথে স্থাপন করার ক্ষমতাও রয়েছে এই রকেটের। এছাড়াও, এতে ব্যবহার করা হয়েছে থ্রিডি-প্রিন্টেড লিকুইড ইঞ্জিন। এই প্রযুক্তি উৎক্ষেপণের খরচ এবং সময় উল্লেখযোগ্য পরিমাণে কমিয়ে দেবে বলে দাবি স্কাইরুটের। এটা গ্রাহকদের কাছে আকর্ষণীয় হতে পারে। বিক্রম-১ চলে আসায় এখন ভারতের মহাকাশ খাতে সরকারি ও বেসরকারি উদ্যোগের মধ্যে প্রতিযোগিতা হবে বলে মনে করা হচ্ছে। তবে এই প্রতিযোগিতা অত্যন্ত স্বাস্থ্যকর বলে দাবি ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের। প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘‘সরকারি ও বেসরকারি উদ্যোগে সামগ্রিক ভাবে মহাকাশ চর্চায় অনেকটা এগিয়ে যাবে ভারত। স্যাটেলাইট উৎক্ষেপণ পরিষেবা দানকারী থেকে মহাকাশ খাতে বিশ্বের সেরা শক্তিকেন্দ্র হিসেবে আবির্ভূত হওয়ার জায়গায় পৌঁছে যাবে দেশ।’’

    তরুণ প্রজন্মের হাতে এগোচ্ছে দেশ

    এর পাশাপাশি, বিক্রম-১ রকেট আরও এক কারণে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বর্তমান বিশ্বে ভারতের যুবশক্তি সম্পর্কে একটা কথা অত্যন্ত প্রচলিত, ভারত ইঞ্জিনিযার তৈরি করে, উদ্ভাবকের অভাব রয়েছে। উদ্ভাবনী ভাবনার অভাব রয়েছে। পবন চন্দন এবং নাগা ভরত ডাকা— আইআইটি-র দুই প্রাক্তনীর নেতৃত্বে তৈরি এই রকেট এই সমালোচনারও জবাব বলে মনে করা হচ্ছে। বিক্রম-১ ভারতের তরুণ প্রজন্মের উদ্ভাবনী ক্ষমতা এবং ঝুঁকি নেওয়ার সাহসকে বিশ্ব মঞ্চে তুলে ধরল। প্রমাণ করল এটাই নতুন ভারত। স্কাইরুটের ওই ক্যাম্পাসে স্টেট অফ আর্ট ফেসিলিটি দেওয়া হয়েছে ৷ যেখানে মহাকাশ গবেষণার যাবতীয় সুবিধা রয়েছে৷ বিভিন্ন লঞ্চ ভেহিক্যালের জন্য ডিজাইন, ডেভেলপমেন্ট, ইন্টিগ্রেটিং এবং টেস্টিং সহ একাধিক সুবিধা রয়েছে সেখানে৷ দীর্ঘদিন ধরেই মহাকাশযান নিয়ে গবেষণা করছে স্কাইরুট ইনফিনিটি ৷ ২০২২ সালে স্কাইরুট সর্বপ্রথম সাব- অর্বিটাল রকেট বিক্রম-এস লঞ্চ করে৷

    অ্য়াভিয়েশন সেক্টর প্রভূত উন্নতি

    এর আগে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করেন সাফরান এয়ারক্রাফ্ট ইঞ্জিন সার্ভিসের (Safran Aircraft Engine Service) নতুন মেনটেন্যান্স, রিপেয়ার এবং ওভারহাউল (MRO) ফেসিলিটি৷ সাফরান এয়ারক্রাফ্ট ইঞ্জিন সার্ভিসের নতুন মেনটেন্যান্স হাব উদ্বোধন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন,‘‘ জিএমআর এয়ারোস্পেসে স্যাফরন এয়ারক্রাফ্ট ইঞ্জিন সার্ভিসের যে হাব উদ্বোধন হল তা আগামী দিনে গোটা বিশ্বের কাছে ভারতের স্থান অনেক উঁচুতে নিয়ে যাবে৷ বিগত কয়েক বছর ধরে ভারত অ্য়াভিয়েশন সেক্টর প্রভূত উন্নতি করেছে ৷ বর্তমানে ভারত হচ্ছে গোটা বিশ্বের মধ্যে দ্রুত বৃদ্ধি পাওয়া ডোমেস্টিক অ্য়াভিয়েশন মার্কেট ৷’’

  • Hong Kong Fire: হংকং-এর হাইরাইজ এখন জতুগৃহ, অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ৪৪, নিখোঁজ অন্তত ৩০০

    Hong Kong Fire: হংকং-এর হাইরাইজ এখন জতুগৃহ, অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ৪৪, নিখোঁজ অন্তত ৩০০

    মাধ্যম নিউজ ডেস্ক: হংকংয়ের (Hong Kong Fire) বহুতল আবাসনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৪৪। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ৪৫ জন। বহু মানুষ নিখোঁজ রয়েছেন। ২০ ঘণ্টা পার হলেও এখনও পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি আগুন। এই ঘটনায় তিন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে ২০০০ ফ্ল্যাটের ওই আবাসনে আগুন লাগে। জনবসতিপূর্ণ এলাকায় সুউচ্চ আবাসনের ৭টি বহুতল চোখের সামনে আগুনের গ্রাসে চলে যায়। বুধবার রাত পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ৩৬। বৃহস্পতিবার সকাল হতে হতে তা বেড়ে হয় ৪৪। তবে হতাহতের সংখ্য়া অনেক বেশি বলে মনে করা হচ্ছে। কারণ ৩০০ মানুষের কোনও খোঁজ পাওয়া যায়নি এখনও পর্যন্ত।

    নির্মাণকারী সংস্থার চরম গাফিলতি

    হংকংয়ের উত্তরের তাই পো জেলার ওয়াং ফুক কোর্টের ওই বহুতলে বুধবারের ওই ঘটনায় প্রাথমিক তদন্তের পর ওই আবাসনের নির্মাণকাজের দায়িত্বে থাকা সংস্থাকেই দুষল পুলিশ। জানানো হল, সংশ্লিষ্ট নির্মাণকারী সংস্থার চরম গাফিলতিতেই প্রাণ গিয়েছে এত মানুষের। বুধবার রাতে হংকং পুলিশের সিনিয়র সুপারিনটেনডেন্ট আইলিন চুং সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন, ‘‘বহুতলের নির্মাণকাজের দায়িত্বে থাকা ব্যক্তিরা চরম অবহেলা করেছিলেন। তার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। আমাদের এমনটা মনে করার যথেষ্ট কারণও রয়েছে। তাঁদের গাফিলতিতেই আগুন অনিয়ন্ত্রিত ভাবে ছড়িয়ে পড়ে, যার ফলে এত বড় ঘটনা ঘটে যায়।’’ ইতিমধ্যে ওই সংস্থার তিন আধিকারিককে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে দু’জন সংস্থার ডিরেক্টর। তৃতীয় জন সংস্থার এক ইঞ্জিনিয়ার। তবে ঠিক কী থেকে ওই আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। তদন্ত চলছে।

    আবাসনের অধিকাংশ বাসিন্দাই বয়স্ক

    জানা গিয়েছে, বহুতলটি রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। তাই বাঁশের ভারা বাঁধা ছিল ৩২ তলা বিল্ডিংয়ের বাইরে। সেই বাঁশের ভারা থেকেই আগুন আরও বিধ্বংসী আকার ধারণ করে। আবাসনের অধিকাংশ বাসিন্দাই বয়স্ক। বিপদে ছুটে বেরিয়ে আসার ক্ষমতা নেই তাঁদের শরীরে। রক্ষণাবেক্ষণের কাজ চলায় ফ্ল্যাটের জানলা-দরজাও বন্ধ করে রেখেছিলেন বাসিন্দারা। আগুন লেগেছে বলে গোড়ায় বুঝতেই পারেননি অনেকে। ফোন করে জানাতে তবেই বুঝতে পারেন। উদ্ধারকার্য চালাতে গিয়ে আগুনের গ্রাসে এক দমকলকর্মীরও মৃত্যু হয়েছে সেখানে। চিনের কর্তৃত্ব না মানলেও, হংকং চিনের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গণ্য হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিংও। সবরকম সাহায্য়ের আশ্বাস জুগিয়েছেন সকলকে।

  • India on Sheikh Hasina: “আইন অনুযায়ী খতিয়ে দেখা হচ্ছে”, হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে প্রথমবার প্রতিক্রিয়া ভারতের

    India on Sheikh Hasina: “আইন অনুযায়ী খতিয়ে দেখা হচ্ছে”, হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে প্রথমবার প্রতিক্রিয়া ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (India on Sheikh Hasina) নিয়ে বাংলাদেশের করা অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে। বুধবার বিদেশ-মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ভারত বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। যার মধ্যে রয়েছে শান্তি,গণতন্ত্র, স্থিতিশীলতা এবং অন্তর্ভুক্তি। বুধবার ভারত নিশ্চিত করেছে, যে ঢাকা থেকে পাঠানো শেখ হাসিনার প্রত্যর্পণ-সংক্রান্ত আনুষ্ঠানিক অনুরোধ তারা পেয়েছে এবং তা খতিয়ে দেখা হচ্ছে। গত সপ্তাহে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আবেদন জানিয়ে মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার নতুন করে কূটনৈতিক বার্তা পাঠায় ভারতকে। সেই বার্তার পর এই প্রথম সরকারি ভাবে প্রতিক্রিয়া দিল নয়াদিল্লি।

    হাসিনাকে ফেরত চেয়ে চিঠি

    ফাঁসির সাজা ঘোষণার পর প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (India on Sheikh Hasina) বাংলাদেশে ফেরত চেয়ে ভারতকে চিঠি দিয়েছিল সে দেশের বিদেশ মন্ত্রক। সংশ্লিষ্ট চিঠিতে লেখা হয়েছিল, ভারতীয় হাইকমিশনার যেন দিল্লির বিদেশমন্ত্রকে চিঠিটি যথাসম্ভব পৌঁছে দেন। রবিবার সেই তথ্য প্রকাশ্যে আসার পর এবার এই নিয়ে প্রথম মুখ খুলল ভারত। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, “হ্যাঁ আমাদের কাছে একটি অনুরোধ এসেছে। আর এই অনুরোধটি বিচারবিভাগীয় এবং আভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পুরোটা খতিয়ে দেখা হচ্ছে।” তবে এই প্রথম নয়। এর আগেও অর্থাৎ ২০২৪-এর ডিসেম্বরে বাংলাদেশ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে বার্তা দিয়েছিল। সে দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে দোষী সাব্যস্ত হওয়ার পরপরই ভারতে কূটনৈতিক বার্তা দেয় পড়শি বাংলাদেশ।

    হাসিনাকে মৃত্যুদণ্ড!

    সম্প্রতি, শেখ হাসিনা (India on Sheikh Hasina) ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশকর্তা আসাদুজ্জামান খানকে ফাঁসির সাজা শোনানো হয়। অন্য়দিকে পুলিশকর্তা রাজসাক্ষী হওয়ায় তাঁকে ৫ বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছে বাংলাদেশের ট্রাইবুনাল। তবে, হাসিনা ও আসাদ্দুজামান বর্তমানে বাংলাদেশে নেই। হাসিনা রয়েছেন ভারতে। সেই কারণে হাসিনার জন্য চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। বস্তুত, ঢাকায় গণঅভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। দেশ ছেড়ে ভারতে এসে আশ্রয় নেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। তারপর থেকে এখানেই রয়েছেন তিনি। ৭৮ বছর বয়সি শেখ হাসিনাকে গত সপ্তাহে ঢাকার একটি বিশেষ ট্রাইব্যুনাল অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেয়। অভিযোগ—গত বছর ছাত্র আন্দোলনের সময় তাঁর সরকারের কঠোর দমনপীড়ন “মানবতাবিরোধী অপরাধ”-এর পর্যায়ে পড়ে।

    চিঠির প্রাপ্তিস্বীকার ভারতের

    জয়সওয়াল আরও বলেন, “বাংলাদেশের জনগণের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভারত গঠনমূলকভাবে সব পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে।” বাংলাদেশের তরফে দাবি করা হয়েছে, আগের অনুরোধে ভারত “কোনও জবাব দেয়নি”, তবে বর্তমানে বিচারিক প্রক্রিয়া শেষ হয়ে শেখ হাসিনার (India on Sheikh Hasina) বিরুদ্ধে দণ্ড ঘোষিত হওয়ায় পরিস্থিতি “ভিন্ন”, এবং এবার নয়াদিল্লির কাছ থেকে উত্তর প্রত্যাশিত। গত সপ্তাহে বিচারিক ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর নোবেলজয়ী মহম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আনুষ্ঠানিকভাবে ভারত সরকারকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে চিঠি পাঠায়। নয়াদিল্লি সেই বার্তার প্রাপ্তিস্বীকার করলেও তার ভিত্তিতে কী পদক্ষেপ নেওয়া হবে, তা প্রকাশ করেনি।

  • India slams Pakistan: “জ্ঞান দেওয়ার নৈতিক অধিকার নেই”, রাম মন্দির ইস্যুতে পাকিস্তানকে ধুয়ে দিল ভারত

    India slams Pakistan: “জ্ঞান দেওয়ার নৈতিক অধিকার নেই”, রাম মন্দির ইস্যুতে পাকিস্তানকে ধুয়ে দিল ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: অযোধ্যায় ধর্মধ্বজ প্রতিস্থাপনের পর থেকেই তেলেবেগুনে জ্বলছে পাকিস্তান। এতটাই যে, প্রতিবেশি দেশ রাম মন্দির নিয়ে কটাক্ষ করে বিবৃতি দিয়েছে। এর উত্তরে পাল্টা বিবৃতি দিয়ে পাকিস্তানকে ধুয়ে দিল ভারত। বিদেশমন্ত্রক জানিয়েছে, ভারতের বিষয়ে নাক না গলিয়ে, নিজেদের ‘মানবাধিকার সংক্রান্ত ভয়াবহ রেকর্ড’-এর দিকে নজর দিক পাকিস্তান।

    বিবৃতি জারি পাক বিদেশমন্ত্রকের

    মঙ্গলবার, রাম মন্দিরের চূড়ায় ধর্মধ্বজ উত্তোলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই অনুষ্ঠানটি ছিল রাম মন্দির নির্মাণের সমাপ্তি উপলক্ষে। ওই অনুষ্ঠানের ভাষণে প্রধানমন্ত্রী মোদি রাজধর্মের উল্লেখ করে বলেন ভগবান রাম কোনও ভেদাভেদ করতেন না। সেই ভাবনা নিয়েই চলছে বর্তমান কেন্দ্রীয় সরকার। বুধবার, রাম মন্দিরের উদ্বোধনকে কটাক্ষ করে পাকিস্তান। এক বিবৃতি জারি করে পাক বিদেশমন্ত্রক এই ঘটনাকে ‘ইসলামফোবিয়া’ এবং ‘ঐতিহ্যের অপবিত্রতা’ বলে আক্রমণ করে। সেখানে বলা হয়, “আমরা রাম মন্দিরের উদ্বোধনের নিন্দা জানাই। বাবরি মসজিদ ভেঙে ফেলার পর এই মন্দিরটি নির্মিত হয়েছিল। ভারতে ক্রমবর্ধমান হিন্দুত্ববাদী মতাদর্শ ধর্মীয় সম্প্রীতি এবং আঞ্চলিক শান্তির জন্য একটি বড় হুমকি। এর মাধ্যমে ভারত মুসলমানদের প্রান্তিক করার চেষ্টা করছে।” এই বিষয়ে তারা আন্তর্জাতিক মঞ্চ ও রাষ্ট্রসংঘের কাছেও আর্জি রাখে।

    ‘অহেতুক জ্ঞান দেবেন না’, পাল্টা ভারত

    কয়েক ঘণ্টার মধ্যেই তীব্র প্রতিক্রিয়া জানায় ভারত। পাকিস্তানকে তুলোধনা করে ভারতের বিদেশমন্ত্রক পাল্টা বিবৃতির মাধ্যমে পাকিস্তানে সংখ্যালঘুদের ওপর অত্যাচার সহ নানান বিষয় নিয়ে পাল্টা ইসলামাবাদের দিকে তোপ দাগে দিল্লি। শেহবাজ শরিফের দেশকে ভারতের বিদেশ মন্ত্রকের সাফ বার্তা, ‘অহেতুক জ্ঞান দেবেন না।’ বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল পাকিস্তানের বক্তব্যকে খণ্ডন করে বলেন, “আমরা পাকিস্তানের করা মন্তব্যগুলি দেখেছি এবং তাদের প্রাপ্য অবজ্ঞা সহ প্রত্যাখ্যান করছি। সংখ্যালঘুদের উপর ধর্মান্ধতা, নিপীড়ন এবং পদ্ধতিগত দুর্ব্যবহারের গভীর কলঙ্কিত রেকর্ড সহ একটি দেশ হিসেবে, পাকিস্তানের অন্যদের জ্ঞান দেওয়ার কোনও নৈতিক অধিকার নেই।” পাকিস্তানকে পাল্টা সতর্ক করে দিল্লির সাফ কথা, “‘ভণ্ডামিতে ভরা ধর্মোপদেশ’ দেওয়ার পরিবর্তে পাকিস্তানের উচিত নিজেদের মানবাধিকার সংক্রান্ত ভয়াবহ রেকর্ডের দিকে মনোনিবেশ করা।”

  • Commonwealth Games: অলিম্পিক্সের দিকে একধাপ! শতবর্ষের কমনওয়েলথ গেমস আমেদাবাদেই, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

    Commonwealth Games: অলিম্পিক্সের দিকে একধাপ! শতবর্ষের কমনওয়েলথ গেমস আমেদাবাদেই, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রতীক্ষার অবসান। অবশেষে ভারতেই বসছে ২০৩০ সালের কমনওয়েলথ গেমস। আমেদাবাদকে আয়োজক শহর হিসেবে ঘোষণা করেছে কমনওয়েলথ কমিটি। শেষ ২০১০ সালে দিল্লিতে হয়েছিল এই প্রতিযোগিতা। ২০ বছর পর আবার ভারতের মাটিতে ফিরছে কমনওয়েলথ গেমস। কমনওয়েলথের আসরকে অনেকেই অলিম্পিক্সের ওয়ার্মআপ ম্যাচ হিসেবে দেখছে। ২০৩৬ সালের অলিম্পিক্স আয়োজন করতে চায় ভারত। তার আগে মাল্টি-গেমের আন্তর্জাতিক আসর বসিয়ে প্রস্তুতি সারতে চাইছে ভারত।

    সরকারিভাবে স্বীকৃতি

    ২০৩০ সালের কমনওয়েলথ আয়োজনে ভারতের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল নাইজেরিয়া। আবুজা শহরে এই গেমস করতে চেয়েছিল তারা। কিন্তু ৭৪ সদস্য দেশ শেষ পর্যন্ত ভারতকেই বেছে নিল। কমনওয়েলথ কমিটি সিদ্ধান্ত নিয়েছে, ২০৩৪ সালের প্রতিযোগিতা নাইজেরিয়ায় দেওয়া হতে পারে। তার আগে আমেদাবাদের উপর ভরসা রেখেছে কমিটি। তবে এই নাম ঘোষণা ছিল সময়ের অপেক্ষা। প্রথমে ‘কমনওয়েলথ স্পোর্টস এভালুয়েশন কমিটি’ আমেদাবাদের নামের প্রস্তাব দিয়েছিল। তার পর গত মাসে ‘কমনওয়েলথ স্পোর্টস এগজিকিউটিভ বোর্ড’ আয়োজক হিসাবে ভারতের এই শহরের নাম প্রস্তাব করে। বুধবার গ্লাসগোতে বার্ষিক সাধারণ সভায় তাতে সিলমোহর পড়ে।

    প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা

    শতবর্ষের কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে ভারতের আমেদাবাদে। দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী মোদি সোশ্যাল সাইটে লেখেন, “২০৩০ সালের কমনওয়েলথ গেমস আয়োজনের জন্য ভারত জয়লাভ করায় আমি আনন্দিত! ভারতের জনগণ এবং ক্রীড়া প্রেমীদের অভিনন্দন। আমাদের সম্মিলিত প্রতিশ্রুতি এবং ক্রীড়া মনোভাবের কারণেই ভারত বিশ্ব ক্রীড়া মানচিত্রে দৃঢ়ভাবে স্থান পেয়েছে। বসুধৈব কুটুম্বকমের নীতিমালা অনুসরণ করে, আমরা এই ঐতিহাসিক গেমগুলি অত্যন্ত উৎসাহের সঙ্গে উদযাপন করতে আগ্রহী। আমরা বিশ্বকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।” স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স হ্যান্ডলে লেখেন, “আমেদাবাদে ২০৩০ সালের কমনওয়েলথ গেমস আয়োজনের জন্য ভারত এই মর্যাদাপূর্ণ বিড জেতায় প্রত্যেক নাগরিককে অভিনন্দন জানাই। ভারতকে বিশ্ব ক্রীড়া কেন্দ্র হিসাবে গড়ে তোলার বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দৃষ্টিভঙ্গির এটি একটি প্রমাণ। এক দশকেরও বেশি সময় ধরে নিরলস প্রচেষ্টার মাধ্যমে মোদি সরকার বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো তৈরি করেছে এবং কার্যকর প্রশাসন ও নিবিড় দলগত কাজের মাধ্যমে দেশের সম্ভাবনাকে তুলে ধরেছে।”

    শতবর্ষে কমনওয়েলথ

    ভারতের পক্ষে গ্লাসগোতে হাজির ছিলেন ভারতীয় অলিম্পিক্স কমিটির প্রেসিডেন্ট পিটি উষা, কেন্দ্রীয় ক্রীড়া সচিব কুণাল কে, আইওএ সিইও রঘুরাম আইয়ার, গুজরাটের ক্রীড়ামন্ত্রী হর্ষ সাংভি। ভারতের অলিম্পিক্স সংস্থার সভাপতি পিটি ঊষার হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়। পিটি উষা বলেছেন, “‘কমনওয়েলথ সংস্থা আমাদের উপর আস্থা রেখেছে, এটা সম্মানের। ২০৩০ সালের ১০০ বছর পূর্তি হবে গেমসের। সেটা যেমন উদযাপন করা লক্ষ্য, তেমনই ভবিষ্যতের দিকে গেমসকে এগিয়ে দেওয়া লক্ষ্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, ২০২৬ সালের সিডব্লিউজি, যা হবে গ্লাসগোতে, সেখানে মাত্র ১০টা খেলা আয়োজন করা হবে। কিন্তু ভারতে সেটাই বেড়ে দাঁড়াবে অন্তত ১৫-১৭টা খেলা।” কমনওয়েলথ স্পোর্টের সভাপতি ডোনাল্ড রুকারে জানিয়েছেন, তাঁরা আশাবাদী, ২০৩০ সালে আমেদাবাদ খুব ভাল ভাবে এই প্রতিযোগিতার আয়োজন করবে। তিনি বলেন, “ভারতে খেলার সঙ্গে সংস্কৃতির যোগ রয়েছে। ২০৩০ সালে কমনওয়েলথের ১০০ বছর। আমরা আশাবাদী, ভারতের মাটিতে তাদের উন্নত ও বৈচিত্রমূলক সংস্কৃতির পরিচয় আমরা দেখতে পাব। খুব ভাল একটা প্রতিযোগিতার অপেক্ষায় রইলাম।”

    মোদি সরকারের প্রয়াস

    শতবর্ষের কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে ভারতের আমেদাবাদে। কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকে ভারতীয় খেলার দুনিয়ায় অনেক বদল এনেছে বিজেপি সরকার। বরাদ্দ বাড়ানো হয়েছে অলিম্পিক্স খেলাগুলোয়। গত কয়েক বছর ধরেই অলিম্পিক গেমস আয়োজনের স্বপ্ন দেখছে ভারত। সেই পথেই একধাপ এগিয়ে গেল বলে মনে করা হচ্ছে। অলিম্পিকের দিকে তাকিয়ে আমেদাবাদে তৈরি হচ্ছে বিশ্বমানের পরিকাঠামো। সবরমতি নদীর তীরে সাজিয়ে তোলা হচ্ছে বিশাল স্টেডিয়াম। কমনওয়েলথ গেমসের আগেই তা পুরোপুরি তৈরি হয়ে যাবে। অলিম্পিক্সের জন্য পরীক্ষানিরীক্ষাও সেরে নিতে পারবে ভারত। আর তাই কমনওয়েলথ গেমসের আয়োজক হতে মরিয়া হয়েছিল ভারত।

    দেশে খুশির জোয়ার

    ভারত সরকারিভাবে কমনওয়েলথ গেমস ২০৩০ আয়োজনের দায়িত্ব পেয়েছ, এই ঘোষণার পরেই স্কটল্যান্ডের জেনারেল অ্যাসাম্বলিতে বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা যায়। ২০ জন গরবা নৃত্যশিল্পী এবং ৩০ জন ঢোল বাদক সেখানে উপস্থিত ছিলেন। তাঁদের সাংস্কৃতিক পরিবেশনায় অ্যাসাম্বলি হল আলোকিত হয়। ‘নিউ এজ গেমস ফর এ নিউ সেঞ্চুরি’ অর্থাৎ নতুন শতকের জন্য নতুন আঙ্গিকের গেমস, এই স্লোগানকে সামনে রেখে আমেদাবাদকে যেভাবে তুলে ধরা হয়েছে, তা সকলকে মুগ্ধ করেছে। বিশ্বের অন্যতম জনবহুল দেশ হিসেবে ভারত এই ক্রীড়াযজ্ঞে নতুন প্রাণশক্তি সঞ্চারিত করেছে, তাকে স্বাগত জানানো হয়েছে। ২০৩০ সালের কমনওয়েলথ গেমস আমেদাবেদে আয়োজনের ফলে বিরাট সংখ্যক অ্যাথলিট, কোচ, কর্মকর্তা, সমর্থক, মিডিয়া কর্মীরা ভারতে আসবেন। এতে দেশের পর্যটন, হসপিটালিটি, বাজার, পরিবহণ খাতে অর্থনৈতিক গতি বৃদ্ধি পাবে। কমনওয়েলথ গেমস কেবল ক্রীড়া উৎসবই নয়, এতে ক্রীড়া বিজ্ঞান, ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে ব্রডকাস্টিং, আইটি এবং জনসংযোগ-সহ বহু খাতে কর্মসংস্থানের নতুন দরজা খুলবে বলে মনে করা হচ্ছে।

  • SIR in Bengal: রাজ্যে এখনও ২৬ লক্ষ ভোটারের নাম ম্যাপিং-এ মেলেনি! কী হবে এদের, কী বলছে কমিশন?

    SIR in Bengal: রাজ্যে এখনও ২৬ লক্ষ ভোটারের নাম ম্যাপিং-এ মেলেনি! কী হবে এদের, কী বলছে কমিশন?

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচন। রাজ্যে এসআইআর (SIR in Bengal) প্রক্রিয়া প্রায় শেষের পথে। এখন হিসেব-নিকেশের পালা। ফর্ম বিলি করার পর সংগ্রহ করার কাজও প্রায় শেষ হয়ে গিয়েছে। ইতিমধ্যেই প্রায় ৬ কোটি ভোটারের ডিজিটাইজেশনের কাজ শেষ হওয়ার পথে। সূত্রের খবর, এখনও পর্যন্ত ডিজিটাইজেশনের পর ১৪ লক্ষ নাম বাদ পড়েছে। আর এবার সামনে এল আরও একটি হিসেব। কমিশন (Election Commission) সূত্রে জানা গিয়েছে, ২৬ লক্ষ ভোটারের ম্যাপিং হয়নি। চলতি এসআইআর প্রক্রিয়ায় বুধবার দুপুর পর্যন্ত রাজ্যে ৬ কোটির বেশি এনুমারেশন ফর্ম ডিজিটাইজেশন হয়েছে। পরবর্তী পর্যায়ে সেগুলি ম্যাপিংয়ের আওতায় আনা হয়। তাতে দেখা যায় আপাতত রাজ্যের ২৬ লক্ষ ভোটারের নাম শেষ এসআইআরের সঙ্গে ম্যাপিং করানো যাচ্ছে না।

    ম্যাপিং কী, কীভাবে হয়

    এসআইআর-এর (SIR in Bengal) নিয়ম হল, ২০০২-এর সমীক্ষার লিস্টের সঙ্গে নাম মেলাতে হবে। যদি কোনও ভোটার ২০০২-এর পরে ভোটার হয়ে থাকেন, সে ক্ষেত্রে ওই সমীক্ষার লিস্টে থাকা বাবা-মা বা দাদু-দিদার নাম মেলাতে হবে। এটাই হল ম্যাপিং। সেই ম্যাপিং-এ ২৬ লক্ষ নাম মেলেনি বলেই জানা যাচ্ছে। অর্থাৎ ৫ শতাংশের নাম মেলেনি। এ বছর প্রকাশিত সর্বশেষ ভোটার তালিকার সঙ্গে ২০০২ সালে শেষ এসআইআর-তালিকা ইতিমধ্যেই মিলিয়ে দেখা হয়েছে। দুই তালিকায় কত জনের নাম অভিন্ন, দেখা হয় তা। সঙ্গে দেখা হয়, এখনকার ভোটার তালিকায় থাকা কোনও ভোটারের মা-বাবার নাম গত এসআইআরের তালিকায় রয়েছে কি না। এই মিল পাওয়া গেলে সংশ্লিষ্টরা চিহ্নিত হয়ে যান এমনিতেই। এবার ম্যাপিংয়ে অন্য রাজ্যকেও জুড়ে দেওয়া হয়েছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর দফতর সূত্রে এ কথা জানা গিয়েছে। কমিশন জানিয়েছে, ২০০২ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত রাজ্য ধরে ধরে বিভিন্ন পর্যায়ে দেশে এসআইআর হয়েছিল। তখনকার তালিকায় কোনও ভোটার বা তাঁর পরিবারের নাম থাকলেও, পরে তাঁরা বাংলায় চলে আসেন। ফলে সেই সব ভোটারকেও ম্যাপিংয়ে আনা প্রয়োজন। কারণ, তাঁরাও দেশের নাগরিক। তাই বাংলার সঙ্গে অন্য রাজ্যের ভোটার তালিকা মিলিয়ে দেখা হয়েছে। সেখানেই এই ২৬ লক্ষের নাম উঠে এসেছে। তবে সংখ্যাটা আরও বাড়তে পারে। এখনও অনেক ডিজিটাইজেশনের কাজ বাকি। তাই সংখ্যাটা যে বাড়বে তা স্বাভাবিক।

    শুনানিতে ডাকা হবে ভোটারকে

    কমিশন (Election Commission) সূত্রে খবর, নাম মিলছে না মানেই চূড়ান্ত তালিকা থেকে বাদ যাবে এমনটা নয়। ২০০২-এর সঙ্গে ম্যাপিং না হলে শুনানিতে ডাকা হবে সংশ্লিষ্ট ভোটারকে। তাঁকে প্রমাণপত্র বা যোগ্য ভোটার হওয়ার জন্য নথিপত্র জমা করতে হবে। তাতে যদি কমিশন সন্তুষ্ট হয়, তাহলে নতুন এসআইআর তালিকায় জায়গা পাবে ওই ভোটারের নাম, নাহলে নাম বাদ যাবে। কমিশনের বক্তব্য, যাঁদের তথ্য মিলেছে, তাঁদের আলাদা করে কোনও নথিপত্র বা প্রমাণ দাখিল করতে হবে না। কমিশনের দেওয়া আবেদনপত্র (এনুমারেশন ফর্ম) ভর্তি করলেই চলবে। যাঁদের নামের মিল বা সূত্র পাওয়া যাবে না, তাঁদের ক্ষেত্রে নথিপত্র-যাচাই করা হবে। রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনে ভোটারের সংখ্যা প্রায় ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজারেরও বেশি। তার মধ্যে বুধবার পর্যন্ত বিলি হয়েছে ৭ কোটি ৬৪ লক্ষ ৬৮ হাজারেরও বেশি ফর্ম। অর্থাৎ, প্রায় ৯৯.৮ শতাংশ। ডিজিটাইজেশন হয়েছে ৬ কোটি ১ লক্ষ অর্থাৎ প্রায় সাড়ে ৭৮ শতাংশ এনুমারেশন ফর্ম।

  • Winter Skin Problems: শীত পড়তেই বাড়ছে ত্বকের সমস্যা! কী এড়িয়ে চললে বাড়তি উপকার পাওয়া যায়?

    Winter Skin Problems: শীত পড়তেই বাড়ছে ত্বকের সমস্যা! কী এড়িয়ে চললে বাড়তি উপকার পাওয়া যায়?

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    তাপমাত্রার পারদ নামছে। শীতের আমেজ দরজায় কড়া নাড়ছে। আর তার জেরেই অনেকে ত্বকের সমস্যায় ভুগছেন। বড়দের পাশপাশি শিশুরাও শীতকালে ত্বকের নানান সমস্যায় ভোগে। ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যাওয়া, লাল দাগ হয়ে যাওয়া কিংবা চুলকানির মতো নানান উপসর্গ দেখা দেয়। বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, কয়েকটি সাধারণ ঘরোয়া উপাদানে ভরসা রাখলেই শীতে ত্বকের সমস্যা কমবে।

    কীভাবে ত্বক ভালো রাখা সম্ভব?

    বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, শীতের সময়ে ত্বক ভালো রাখার জন্য কিছু ঘরোয়া উপাদান যথেষ্ট। তাছাড়া খাবারের দিকেও বাড়তি নজরদারি প্রয়োজন। ত্বক ভালো রাখার প্রথম শর্তই হলো শরীর সুস্থ রাখা। তাই ত্বকের উপরের যত্নের পাশপাশি ভিতরের যত্ন নেওয়া সমান ভাবে জরুরি।

    বিশেষজ্ঞদের একাংশের পরামর্শ, নিয়মিত ত্বকে বারবার সাবান, জল দিয়ে পরিষ্কার করা উচিত নয়। তাঁরা জানাচ্ছেন, শীতে ত্বকে স্বাভাবিক ময়েশ্চার তৈরি হয়। বারবার সাবান ব্যবহার করলে সেই প্রাকৃতিক ময়েশ্চার নষ্ট হয়ে যায়। এর ফলে ত্বক আরও শুষ্ক হয়ে যেতে পারে। দিনে নিয়মিত দুবার সাবান জলে মুখ পরিষ্কার করলেই যথেষ্ট স্বাস্থ্যবিধি মেনে চলা হয়।

    শীতে অনেকেই পর্যাপ্ত পরিমাণ জল খান না। আর তার জেরে একাধিক সমস্যা তৈরি হয়। ত্বকের সমস্যা তার মধ্যে অন্যতম। এমনটাই জানাচ্ছেন চর্মরোগ বিশেষজ্ঞদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, গরমে বারবার জল তেষ্টা পায়। তাই অনেক সময়েই প্রয়োজনীয় জলের চাহিদা পূরণ হয়। শীতে তাপমাত্রা কম থাকায় জল খাওয়া অনেকেই কমিয়ে দেন। তাই কম জল খাওয়ার জেরে ত্বক আরও শুষ্ক হয়ে যায়‌। নিয়মিত পর্যাপ্ত জল খাওয়া প্রয়োজন। শিশুদের নিয়মিত ৩-৪ লিটার এবং প্রাপ্তবয়স্কের নিয়মিত ৪-৫ লিটার জল নিয়মিত খাওয়া জরুরি। এতে শরীরের একাধিক রোগ মোকাবিলা সহজ হবে‌। ত্বক ভালো থাকবে।

    শীতে বাদাম জাতীয় জিনিস খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, বাদাম ত্বকের জন্য বিশেষ উপকারি। নিয়মিত বাদাম খেলে শরীর প্রয়োজনীয় খনিজ পদার্থ সহজেই পায়‌। এর ফলে ত্বকের সমস্যা কমে। ত্বকে স্বাভাবিক ময়েশ্চার বজায় থাকে।

    শীতে বাজারে সহজেই পাওয়া যায় গাজর, মিষ্টি আলুর মতো সবজি। চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, ত্বক ভালো রাখতে এই দুই সবজি বিশেষ উপকারি। তাঁরা জানাচ্ছেন, গাজর, মিষ্টি আলুর মতো সবজিতে বিটা ক্যারোটিন, ভিটামিন এ সহ একাধিক উপাদান থাকে। এই উপাদান সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে ত্বককে রক্ষা করে। আবার ত্বক মসৃণ রাখতেও সাহায্য করে।

    অ্যাভোকাডোর মতো ওমেগা-থ্রি সমৃদ্ধ ফল সপ্তাহে অন্তত দুদিন খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, ত্বককে ভালো রাখতে বিশেষ ভাবে সাহায্য করে অ্যাভোকাডো। এই ফল সপ্তাহে অন্তত দুবার খেলে শীতে ত্বকের একাধিক সমস্যা মোকাবিলা সহজ হয়।

    শীতের ব্রকলি, কমলালেবুর মতো ভিটামিন সি সমৃদ্ধ ফল ও সবজি নিয়মিত খেলে ত্বক ভালো থাকে। চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, পালং শাক, ব্রকলি, কমলালেবুর মতো শীতের সব্জি আর ফল একাধিক ভিটামিন সমৃদ্ধ। তাই এগুলো একদিকে শরীরে রোগ প্রতিরোধ শক্তি বাড়ায়। আবার ত্বকের প্রাকৃতিক ময়েশ্চার বজায় রাখতেও সাহায্য করে। তাই এই ধরনের ফল ও সবজি এই সময়ে বাড়তি উপকারি।

    সপ্তাহে অন্তত একবার মুখে মধু ও দইয়ে প্রলেপ লাগানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, যারা নিয়মিত দিনের অনেকটা সময় বাইরে থাকেন, তাদের ত্বকের সমস্যা আরও বেশি হয়। ত্বক শুষ্ক হয়ে যাওয়ার সমস্যাও বাড়ে। সপ্তাহে অন্তত একদিন মধু ও দইয়ের মিশ্রণ লাগালে ত্বকের কোষ ভালো থাকে। ত্বকে ময়েশ্চারাইজারের অভাব হয় না।

    কী এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ মহল?

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, ত্বক ভালো রাখতে অতিরিক্ত রাত জাগার অভ্যাস ছাড়া জরুরি। তাঁরা জানাচ্ছেন, রক্ত সঞ্চালন ঠিকমতো না হলে, হরমোনের ভারসাম্য বজায় না থাকলে ত্বক ভালো থাকে না। ত্বক ভালো রাখলে পর্যাপ্ত ঘুম জরুরি। তাই অতিরিক্ত রাত জেগে থাকা নয়। অন্তত আট ঘণ্টার ঘুম নিশ্চিত করতে পারলে ত্বক ভালো রাখা সহজ হয়।

    অতিরিক্ত চর্বি জাতীয় এবং তেলে ভাজা খাবার এড়িয়ে চলতে হবে। এমনটাই পরামর্শ চিকিৎসকদের একাংশের। তাঁরা জানাচ্ছেন, অতিরিক্ত চর্বি ও তেলজাতীয় খাবার হজম করা কঠিন হয়। অন্ত্রে অসুবিধা হলে তা ত্বকে জানান দেয়। একাধিক ত্বকের সমস্যা তৈরি হয়। তাই এগুলো এড়িয়ে চললে শীতে ত্বকের সমস্যা কমবে।

     

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

LinkedIn
Share