মাধ্যম নিউজ ডেস্ক: ধর্ষণ, তোলাবাজি, প্রতারণা ও অপরাধমূলক ষড়যন্ত্র-সহ একাধিক অভিযোগে তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে (Paresh Ram Das Arrest) গ্রেফতারের পর তদন্তে উঠে আসছে একের পর এক নতুন তথ্য। কলকাতা বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতারের সময় উদ্ধার হয়েছে নগদ ২ লাখ টাকা এবং ৬টি দামি মোবাইল ফোন। পুলিশের গোপন তথ্য বিধায়কের কাছে পাচার করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক সিভিক ভলান্টিয়ারকেও (Civic Volunteer)। তদন্তকারীদের সন্দেহ, পুলিশের তল্লাশি ও অভিযানের আগাম খবর পেয়ে যেতেন বিধায়ক। সেই তথ্যের ভিত্তিতেই বারবার নিজের অবস্থান বদলে পুলিশের নজর এড়ানোর চেষ্টা করতেন তিনি।
পুলিশ সূত্রে খবর, সোমবার মুম্বই যাওয়ার উদ্দেশে কলকাতা বিমানবন্দরে পৌঁছেছিলেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। সেখানেই বারুইপুর জেলা পুলিশের বিশেষ দল তাঁকে আটক করে। পরে করা হয় গ্রেফতার। বিধায়কের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় টাকা এবং ৬টি মোবাইল ফোন। এর মধ্যে একাধিক দামি আইফোন এবং নামী সংস্থার অ্যান্ড্রয়েড ফোনও রয়েছে।
গ্রেফতার সিভিক ভলান্টিয়ার (Paresh Ram Das Arrest)
এই ঘটনার তদন্তে নতুন করে নজরে এসেছেন বিকাশ সাহানি নামে এক সিভিক ভলান্টিয়ার। বিমানবন্দর এলাকা থেকেই তাঁকে আটক করার পর গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তিনি গোয়েন্দা শাখার সঙ্গে যুক্ত ছিলেন, কর্মস্থল ছিল ক্যানিংয়ে।
তদন্তকারীদের অভিযোগ, পুলিশের অভ্যন্তরীণ গতিবিধি এবং বিভিন্ন অভিযানের আগাম খবর পরেশরামের কাছে পৌঁছে দিতেন বিকাশ। কোন পুলিশ দল কখন, কোথায় অভিযান চালাতে পারে, সেই সংক্রান্ত তথ্যও তাঁর মাধ্যমে বিধায়কের কাছে পৌঁছত বলে সন্দেহ তদন্তকারীদের। এই তথ্যের ভিত্তিতেই পরেশরাম বারবার নিজের অবস্থান বদলে পুলিশের নজর এড়িয়ে যাচ্ছিলেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশের অভিযান নিয়ে আগাম খবর?
উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই পরেশরামের খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। সম্প্রতি ক্যানিংয়ে তাঁর বাড়িতেও অভিযান চালানো হয়। সেই সময় তাঁর কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেফতার করা হলেও বিধায়কের সন্ধান মেলেনি। প্রায় ১৭ দিন ধরে তাঁর খোঁজ চলছিল বলে দাবি পুলিশের।
তদন্তকারীদের অনুমান, পুলিশের অভিযান সম্পর্কে আগাম তথ্য পাওয়ার কারণেই বারবার নিজের অবস্থান বদলাতে পেরেছিলেন বিধায়ক। এই কাজে বিকাশের ভূমিকা কতটা ছিল, তা জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁকে। এই তথ্য পাচারের সঙ্গে আর কোনও পুলিশকর্মী, সরকারি কর্মী কিংবা প্রভাবশালী ব্যক্তি যুক্ত (Paresh Ram Das Arrest) কি না, সেটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
নগদ টাকার উৎস কী?
বিধায়কের কাছ থেকে উদ্ধার হওয়া একাধিক মোবাইল ফোন এবং নগদ ২ লাখ টাকা তদন্তে বিশেষ গুরুত্ব পাচ্ছে। কেন তাঁর কাছে এতগুলি ফোন ছিল, সেগুলির মাধ্যমে কার কার সঙ্গে যোগাযোগ রাখতেন এবং কোনও ফোন থেকে পুলিশের গতিবিধি সংক্রান্ত তথ্য আদানপ্রদান করা হয়েছিল কি না, তাও জানার চেষ্টা চলছে।
উদ্ধার হওয়া ফোনগুলির কলের বিবরণ, যোগাযোগের তালিকা এবং অন্যান্য ডিজিটাল তথ্য পরীক্ষা করতে পারেন তদন্তকারীরা। উদ্ধার হওয়া টাকার উৎস কী এবং সংশ্লিষ্ট মামলার সঙ্গে ওই টাকার কোনও যোগ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, বিকাশকে জিজ্ঞাসাবাদ করে তথ্য পাচার চক্রের পরিধি সম্পর্কে জানতে চাইছেন (Civic Volunteer) তদন্তকারীরা। বিধায়ককে আত্মগোপনে থাকতে সাহায্য করার অভিযোগের পিছনে আর কারও ভূমিকা রয়েছে কি না, এখন সেটাই তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ (Paresh Ram Das Arrest) বিষয়।
