মাধ্যম নিউজ ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটের প্রশাসনিক দায়িত্বে ফের জয় শাহ (Jay Shah)। দ্বিতীয়বারের জন্য আইসিসি চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হলেন প্রাক্তন বিসিসিআই সচিব জয় শাহ। আইসিসি বোর্ডের বৈঠকে তাঁর পুনর্নিয়োগের প্রস্তাব ওঠার পর সদস্য দেশগুলির প্রতিনিধিরা তাঁর নেতৃত্বের প্রতি সমর্থন জানান। ২০২৪ সালের ২৭ অগস্ট প্রথমবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসি চেয়ারম্যান (ICC Chairman) নির্বাচিত হয়েছিলেন জয় শাহ। ওই বছরের ১ ডিসেম্বর গ্রেগ বার্কলের স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব গ্রহণ করেন তিনি। মাত্র ৩৬ বছর বয়সে আইসিসির ইতিহাসে সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হওয়ার নজির গড়েছিলেন জয় শাহ।
দ্বিতীয় মেয়াদে একাধিক বড় চ্যালেঞ্জ
দ্বিতীয় মেয়াদে জয় শাহের সামনে রয়েছে একাধিক বড় চ্যালেঞ্জ। বিশেষ করে ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ফিরতে চলেছে ক্রিকেট। এক শতাব্দীরও বেশি সময় পর অলিম্পিকের মঞ্চে ক্রিকেটের প্রত্যাবর্তনকে বিশ্বজুড়ে এই খেলার জনপ্রিয়তা বাড়ানোর বড় সুযোগ হিসেবে দেখছে আইসিসি। এছাড়াও আন্তর্জাতিক ক্রিকেটের পরিকাঠামো আরও শক্তিশালী করা, মহিলাদের ক্রিকেটের প্রসার, সহযোগী সদস্য দেশগুলিকে বেশি সুযোগ দেওয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটের বাণিজ্যিক ভবিষ্যৎকে আরও মজবুত করাই থাকবে তাঁর অন্যতম লক্ষ্য।
জয় শাহের পুনর্নিয়োগকে স্বাগত
জয় শাহের পুনর্নিয়োগকে স্বাগত জানিয়েছেন ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রিচার্ড থম্পসন। তাঁর মতে, আন্তর্জাতিক ক্রিকেটের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। ক্রিকেটের ঐতিহ্য বজায় রাখার পাশাপাশি নতুন দর্শক এবং বাণিজ্যিক সম্ভাবনার দিকেও নজর দিতে হবে। জিম্বাবোয়ে ক্রিকেটের চেয়ারম্যান তথা আইসিসির ডেপুটি চেয়ারম্যান তাভেঙ্গওয়া মুকুহলানিও জয় শাহের নেতৃত্বের প্রশংসা করেছেন। নিউজিল্যান্ড ক্রিকেটের প্রতিনিধি রজার টুইসের মতে, এই পুনর্নিয়োগ আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকতা বজায় রাখতে সাহায্য করবে।
কৃতজ্ঞতা স্বীকার জয়ের
পুনর্নির্বাচিত হওয়ার পর জয় শাহ বলেন, আইসিসি বোর্ড তাঁর উপর যে আস্থা রেখেছে, তার জন্য তিনি কৃতজ্ঞ। তাঁর কথায়, ক্রিকেটের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ও উত্তেজনাপূর্ণ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এই খেলা। ২০২৮ সালের অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তন নতুন প্রজন্মের কাছে খেলাটিকে পৌঁছে দেওয়ার অসাধারণ সুযোগ তৈরি করবে।
যেভাবে উত্থান জয় শাহের
২০০৯ সালে আমেদাবাদের সেন্ট্রাল বোর্ড অফ ক্রিকেটের মাধ্যমে ক্রিকেট প্রশাসনে পথচলা শুরু জয় শাহের। ২০১৩ সালে গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের যুগ্ম সচিব হন তিনি। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের উন্নয়নের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। ২০১৯ সালের অক্টোবরে মাত্র ৩১ বছর বয়সে বিসিসিআইয়ের সর্বকনিষ্ঠ সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জয় শাহ। তাঁর কার্যকালে ভারতীয় ক্রিকেটে একাধিক গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও প্রশাসনিক পরিবর্তন ঘটে। ২০২১ সালের জানুয়ারিতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হন জয় শাহ। ২০২২ সালে আইসিসির ফিনান্স অ্যান্ড কমার্শিয়াল অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যানের দায়িত্বও পান তিনি।
