Tag: BEFAST পদ্ধতি

  • World Stroke Day 2026: হঠাৎ স্ট্রোক, নাকি আগাম ইঙ্গিত? বিপদ চিনতে জেনে রাখুন BEFAST-এর ৬টি সঙ্কেত

    World Stroke Day 2026: হঠাৎ স্ট্রোক, নাকি আগাম ইঙ্গিত? বিপদ চিনতে জেনে রাখুন BEFAST-এর ৬টি সঙ্কেত

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    হঠাৎ করেই কি বিপদ হয়! নাকি ইঙ্গিত আগে থেকেই পাওয়া যায়? প্রয়োজনীয় সচেতনতা এবং সতর্কতার অভাব বিপদ ক্রমশ বাড়িয়ে দেয়!
    ২৯ অক্টোবর বিশ্ব স্ট্রোক দিবস! সেই উপলক্ষে দেশ জুড়ে একাধিক কর্মশালার আয়োজন করা হয়েছে। চিকিৎসকেরা জানাচ্ছেন, ভারতে ক্রমশ স্ট্রোকের ঝুঁকি বাড়ছে। আর স্ট্রোকের চিকিৎসায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো চিকিৎসা শুরু করতে দেরি হয়ে যাওয়া। ২০২৬ সালে স্ট্রোক দিবসে মূল থিম হলো প্রত্যেক মিনিট গুরুত্বপূর্ণ । কিন্তু এই প্রতি মিনিটের গুরুত্ব বোঝার জন্য ‘BEFAST’ সম্পর্কে ধারণা থাকা জরুরি বলেই জানাচ্ছেন চিকিৎসকদের একাংশ।

    স্ট্রোক কী? কেন প্রতি মিনিট গুরুত্বপূর্ণ?

    চিকিৎসকেরা জানাচ্ছেন, মস্তিষ্কের কোনও নির্দিষ্ট অংশে হঠাৎ রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায় কিংবা মস্তিষ্কের রক্তনালী হঠাৎ ফেটে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হতে শুরু হয়। এই শারীরিক পরিস্থিতিকেই স্ট্রোক বলা হয়।
    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, মস্তিষ্কে রক্ত সরবরাহ বন্ধ হয়ে গেলে কিংবা হঠাৎ রক্তক্ষরণ শুরু হলে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়। দেহের সমস্ত স্নায়ুর উপরেই তার প্রভাব পড়তে থাকে। মস্তিষ্কের কার্যক্ষমতা কমতে থাকে। প্রত্যেক মুহূর্তে শরীরের একেকটা অঙ্গের কার্যশক্তি হ্রাস পায়। গভীর ক্ষত তৈরি হয়‌। পেশি এবং স্নায়ুর উপরে এমন প্রভাব পড়ে, যার জেরে দীর্ঘমেয়াদি একাধিক সমস্যা তৈরি হয়। তাই স্ট্রোকের চিকিৎসায় প্রত্যেক মিনিট খুব গুরুত্বপূর্ণ। কারণ, প্রতি মুহূর্তে রক্তক্ষরণ বাড়লে শারীরিক অবস্থার অবনতির ঝুঁকি বাড়ে। আবার মস্তিষ্কে রক্তসঞ্চালন না হলেও আজীবন শরীরে অসাড়তা আসতে পারে। যত দেরি হবে, তত ক্ষতির ঝুঁকি বাড়বে। তাই স্ট্রোকের চিকিৎসায় দ্রুত চিকিৎসা শুরুর দিকে বাড়তি গুরুত্ব দেওয়া হয়।

    স্ট্রোক রুখতে কেন BEFAST ধারণায় বাড়তি গুরুত্ব?

    স্ট্রোকের বড় বিপদ রুখতে চিকিৎসকেরা BEFAST ধারণায় বাড়তি গুরুত্ব দিচ্ছেন। তাঁরা জানাচ্ছেন, এই সম্পর্কে যত সচেতনতা বাড়বে, প্রাণনাশের আশঙ্কা কমবে। এমনকি যে কোনও বড় দীর্ঘমেয়াদি বিপদ আটকানোও সহজ হবে। তাই দেশ জুড়ে এই বছরে BEFAST ধারণাকে আরও বেশি তুলে ধরা হচ্ছে। যাতে সময় মতো বিপদ আটকানো যায়।

    BEFAST কী?

    চিকিৎসকেরা জানাচ্ছেন, BEFAST হলো স্ট্রোকের লক্ষণ বোঝার একটি সহজ পদ্ধতি। পরিবার কিংবা পরিচিতদের এই উপসর্গ দেখা দিলে দ্রুত বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া জরুরি বলেই মনে করছেন চিকিৎসকদের একাংশ।

    B হলো ব্যালেন্স বা ভারসাম্য!

    হঠাৎ মাথা ঘোরা, হাঁটাচলার অসুবিধা হতে থাকা কিংবা শরীরের ভারসাম্য নষ্ট হচ্ছে মনে হলে একেবারেই অবহেলা করা উচিত নয়। বরং দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। কারণ এটা স্ট্রোকের অন্যতম লক্ষণ।

    E হলো আইজ বা চোখের সমস্যা!

    স্ট্রোকের বিপদ প্রথম জানান দেয় দৃষ্টিশক্তি। এমনটাই জানাচ্ছেন চিকিৎসকদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, হঠাৎ দেখতে অসুবিধা হলে কিংবা ঝাপসা হয়ে গেলে একেবারেই অবহেলা করা উচিত নয়। হঠাৎ কোনও একটি চোখে সমস্যা দেখা দিলে বাড়তি গুরুত্ব দিতে হবে। মস্তিষ্কে রক্তক্ষরণ হলে এই ধরনের উপসর্গ দেখা দেয়।

    F হলো ফেস বা মুখ বেঁকে যাওয়া!

    হঠাৎ ঠোঁটের পাশ হালকা বেঁকে যাওয়া কিংবা মুখে হঠাৎ আকৃতিগত পরিবর্তন দেখা দিলে‌ সচেতন হতে হবে। সামান্য পরিবর্তন ও আসলে স্ট্রোকের ইঙ্গিত বলেই জানাচ্ছেন চিকিৎসকদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, তাই দেরি না করে দ্রুত হাসপাতালে যাওয়া জরুরি।

    A হলো আর্মস বা হাতের দূর্বলতা!

    স্ট্রোক শরীরের স্নায়ু এবং পেশির উপরে গভীর প্রভাব ফেলে। দীর্ঘমেয়াদি ক্ষত তৈরি করে। তাই পেশি জানান দেয়। হঠাৎ করেই হাতের পেশির দূর্বলতা, শিথিল হয়ে যাওয়া, দুই হাত সমানভাবে কাজ করতে না পারার উপসর্গ আসলে স্ট্রোকের ইঙ্গিত।

    S হলো স্পিচ বা কথা বলার সমস্যা!

    ঠোঁট বা জিভের জড়তা স্ট্রোকের অন্যতম লক্ষণ বলেই জানাচ্ছেন চিকিৎসকদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, হঠাৎ কথা বলায় আড়ষ্টতা দেখা দিলে বুঝতে হবে মস্তিষ্কের স্নায়ুতে সমস্যা হয়েছে। তাই সময় নষ্ট করা একেবারেই চলবে না।

    T হলো টাইম বা সময়!

    চিকিৎসকেরা জানাচ্ছেন স্ট্রোকের বড় বিপদ রুখতে সময় সবচেয়ে বেশি জরুরি। তাই সময় নিয়ে সচেতনতা সবচেয়ে বেশি প্রয়োজন। উচ্চ রক্তচাপ কিংবা ডায়াবেটিসের সমস্যায় আক্রান্তদের স্ট্রোকের যে কোনও একটা উপসর্গ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কারণ সময় মতো চিকিৎসা শুরু করতে পারলে তবেই বড় বিপদ আটকানো সম্ভব হবে।

    ভারতে স্ট্রোকের চিকিৎসায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী?

    ভারতে ক্রমশ স্ট্রোকের প্রকোপ বাড়ছে। কম বয়সীদের মধ্যেও এই সমস্যা দেখা দিচ্ছে। চিকিৎসকেরা জানাচ্ছেন, অস্বাস্থ্যকর জীবন যাপনের জেরেই ভারতে স্ট্রোকের প্রকোপ উর্ধ্বমুখী। কারণ, অস্বাস্থ্যকর খাদ্যাভাস এবং জীবন যাপন এ দেশে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসের মতো সমস্যা বাড়িয়ে দিচ্ছে। তাছাড়া আধুনিক জীবনে বাড়ছে উদ্বেগ, অবসাদের মতো মানসিক সমস্যা। তাই সবমিলিয়ে স্ট্রোকের ঝুঁকি বেড়ে গিয়েছে। তবে স্ট্রোকের চিকিৎসায় এ দেশে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মূলত তিনটি!

    ১. দেরিতে হাসপাতালে পৌঁছনো!

    চিকিৎসকেরা জানাচ্ছেন, ভারতে স্ট্রোকের চিকিৎসায় সবচেয়ে বড় দেরিতে হাসপাতালে পৌঁছনো। অর্থাৎ চিকিৎসা শুরু হতেই অনেক দেরি হয়ে যাওয়া। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গিয়েছে, ভারতে ৫৩ শতাংশ বেশি স্ট্রোকে আক্রান্ত রোগীর আক্রান্ত হওয়ার ৪ ঘণ্টা পরে চিকিৎসা শুরু হয়। যেখানে স্ট্রোক পরবর্তী প্রথম এক ঘণ্টা সবচেয়ে জরুরি বলেই মনে করছেন চিকিৎসক মহল। দেরিতে চিকিৎসা শুরু হওয়ার জেরে অনেক বেশি ক্ষতি হয়। প্রাণ সংশয় দেখা দেয়।

    ২. পুর্নবাসন চিকিৎসায় অবহেলা!

    স্ট্রোকের চিকিৎসায় পুর্নবাসন বা রিহ্যাবিলিটেশন খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ পুনরায় স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য সাময়িক চিকিৎসার পরে একটি দীর্ঘমেয়াদি চিকিৎসা থাকে। নানান ওষুধের পাশপাশি রোগীকে নানান রকমের থেরাপি করতে হয়। যেগুলো আক্রান্তের পেশি, স্নায়ুর সক্রিয়তা বাড়িয়ে দেবে। আবার মস্তিষ্কের ক্ষত সারিয়ে তুলবে। কিন্তু ভারতে এই পুনর্বাসন চিকিৎসা নিয়ে অসচেতনতা রয়েছে। স্ট্রোক পরবর্তী এই চিকিৎসা অধিকাংশ আক্রান্ত করেন না। এর জেরে সম্পূর্ণ স্বাভাবিক জীবন যাপন করতে পারেন না। অনেক সময়েই তাঁদের নিয়মিত কাজের জন্য অন্যের উপরে নির্ভর করতে হয়। কিন্তু এই দীর্ঘমেয়াদি চিকিৎসা সম্পর্কে আরও বেশি সচেতনতা জরুরি। চিকিৎসকেরা জানাচ্ছেন, শুধুমাত্র প্রাণ বাঁচিয়ে দিলেই চিকিৎসা পর্ব শেষ হয়ে যায় না। রোগীকে সুস্থ জীবন যাপনের উপযুক্ত করে তুলতে হবে। আর সেই পর্বে এই রিহ্যাবিলিটেশন অত‌্যন্ত প্রয়োজনীয়।

    ৩. উপসর্গ সম্পর্কে অবহেলা!

    চিকিৎসকেরা জানাচ্ছেন, ভারতে স্ট্রোকের উপসর্গ সম্পর্কে এখনো সচেতনতার অভাব রয়েছে। কেমন জীবন যাপন করলে স্ট্রোকের ঝুকি কমবে সেই সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি স্ট্রোকের প্রাথমিক উপসর্গ সম্পর্কেও জানতে হবে। তবেই বড় বিপদ আটকানো সম্ভব হবে।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
LinkedIn
Share