Tag: Bharat Electronics limited

  • UNICORN Mast: স্টেলথ প্রযুক্তিতে বড় লাফ ভারতের! জাপানের ইউনিকর্ন পাবে দেশের নৌসেনা, কেন এটা গুরুত্বপূর্ণ?

    UNICORN Mast: স্টেলথ প্রযুক্তিতে বড় লাফ ভারতের! জাপানের ইউনিকর্ন পাবে দেশের নৌসেনা, কেন এটা গুরুত্বপূর্ণ?

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত ও জাপানের কৌশলগত সম্পর্ক আরও এক ধাপ এগোল। দুই দেশ প্রথমবারের মতো যৌথভাবে প্রতিরক্ষা সরঞ্জাম (Defence Equipment) উন্নয়ন ও উৎপাদনের জন্য একটি ঐতিহাসিক দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় প্রথম প্রকল্প হিসেবে বেছে নেওয়া হয়েছে ইউনিকর্ন শিপবোর্ন কমিউনিকেশনস্ মাস্ট (UNICORN Shipborne Communications Mast)-র যৌথ উন্নয়ন ও লাইসেন্সভিত্তিক উৎপাদন। জাপানের এনইসি কর্পোরেশনের (NEC Corporation) তৈরি এই অত্যাধুনিক সমন্বিত মাস্ট (মাস্তুল) ভবিষ্যতে ভারতীয় নৌবাহিনীর (Indian Navy) অত্যাধুনিক যুদ্ধজাহাজে ব্যবহার করা হবে। ভারতে এই ব্যবস্থা উৎপাদনের দায়িত্ব পাবে রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (BEL), যারা জাপানি অংশীদারদের সঙ্গে যৌথভাবে প্রযুক্তি স্থানান্তরের মাধ্যমে এটি তৈরি করবে।

    কী এই ভারত-জাপান চুক্তি?

    নতুন চুক্তি অনুযায়ী, জাপান অত্যাধুনিক নকশা, মূল প্রকৌশল প্রযুক্তি এবং সংবেদনশীল প্রযুক্তিগত তথ্য সরবরাহ করবে। অন্যদিকে, ভারত স্থানীয়ভাবে সিস্টেম ইন্টিগ্রেশন, উৎপাদন এবং নির্মাণের দায়িত্ব নেবে। এই প্রকল্পটি কেন্দ্রের ‘মেক ইন ইন্ডিয়া’ (Make in India) উদ্যোগকে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে ভারতের প্রতিরক্ষা শিল্পে উচ্চ প্রযুক্তির স্থানীয় উৎপাদন ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এই প্রযুক্তি ভারতীয় যুদ্ধজাহাজের তড়িৎ-চৌম্বকীয় দক্ষতা (Electromagnetic ) বাড়াবে এবং রেডারে ধরা পড়ার সম্ভাবনা (Low Radar Cross Section) কমাবে। ফলে ভারতীয় নৌবাহিনীর স্টেলথ ক্ষমতা ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা আরও শক্তিশালী হবে।

    কীভাবে ব্যবহার করবে ভারত?

    যদিও ইউনিকর্ন ব্যবস্থা মূলত জাপানের এনইসি কর্পোরেশন তৈরি করেছে, ভারতীয় নৌবাহিনী এতে নিজেদের সেন্সর, যোগাযোগ ব্যবস্থা এবং বিভিন্ন অ্যান্টেনা সংযুক্ত করবে। পরিকল্পনা অনুযায়ী, ধাপে ধাপে ভারতীয় নৌবাহিনীর বিভিন্ন যুদ্ধজাহাজে বর্তমানে ব্যবহৃত প্রচলিত কমিউনিকেশন ও সেন্সর মাস্টের পরিবর্তে এই নতুন সমন্বিত মাস্তুল বসানো হবে। উল্লেখযোগ্যভাবে, এই প্রযুক্তি পাওয়ার বিষয়ে ভারতের আগ্রহ বহুদিনের। ২০২৪ সালের নভেম্বর মাসে ভারত ও জাপান ইউনিকর্ন মাল্টিফাংশনাল মাস্ট রফতানির বিষয়ে একটি গুরুত্বপূর্ণ চুক্তি করেছিল। সেই চুক্তির ধারাবাহিকতাতেই এবার যৌথ উন্নয়ন ও উৎপাদনের পথ খুলে গেল।

    কী এই ইউনিকর্ন মাল্টিফাংশনাল মাস্ট?

    ইউনিকর্ন, যার আরেক নাম নোরা-৫০ (NORA-50), যৌথভাবে তৈরি করেছে এনইসি কর্পোরেশন, সাম্পা কোগিও কেকে এবং ইয়োকোহামা রাবার কোম্পানি। এটি মূলত জাপানের মোগামি শ্রেণির ফ্রিগেটের (Mogami-class Frigate) জন্য তৈরি করা হয়েছিল। এটি একটি ইন্টিগ্রেটেড মাস্ট সিস্টেম (Integrated Mast System), যেখানে যোগাযোগ, নজরদারি (Surveillance) এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ারের (Electronic Warfare) একাধিক অ্যান্টেনাকে একটি কাঠামোর মধ্যে একত্রিত করা হয়েছে। ফলে যুদ্ধজাহাজের উপরের অংশে আলাদা আলাদা অ্যান্টেনার সংখ্যা অনেক কমে যায়, যা জাহাজের স্টেলথ বৈশিষ্ট্য বাড়ানোর পাশাপাশি রক্ষণাবেক্ষণও সহজ করে।

    কেন গুরুত্বপূর্ণ এই চুক্তি?

    ভারত-জাপানের এই প্রথম প্রতিরক্ষা সহ-উন্নয়ন প্রকল্পকে দুই দেশের নিরাপত্তা সহযোগিতার নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে—

    • ● ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আরও আধুনিক ও স্টেলথ সক্ষম হবে।
    • ● ‘মেক ইন ইন্ডিয়া’র আওতায় অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তির দেশীয় উৎপাদন বাড়বে।
    • ● ভারত-জাপান কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর হবে।
    • ● ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা নতুন মাত্রা পাবে।

    ভারতীয় নৌবাহিনীর আধুনিকীকরণ কর্মসূচিতে এই চুক্তি আগামী কয়েক বছরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।

  • Tejas Fighter Jet: ‘মার্ক-১এ’ থেকে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল! বায়ুসেনায় তেজসের নয়া সংস্করণের অন্তর্ভুক্তি শীঘ্রই?

    Tejas Fighter Jet: ‘মার্ক-১এ’ থেকে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল! বায়ুসেনায় তেজসের নয়া সংস্করণের অন্তর্ভুক্তি শীঘ্রই?

    মাধ্যম নিউজ ডেস্ক: বুধবার ভারতের দেশীয় যুদ্ধবিমান তেজস (Tejas Fighter Jet) থেকে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ‘অস্ত্র’-র সফল পরীক্ষা করা হয়। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ওড়িশার চাঁদিপুর উপকূলে এই ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা করা হয়েছিল। এই ক্ষেপণাস্ত্রটি ডিআরডিও ডিজাইন করেছে। এটি ১০০ কিলোমিটারেরও বেশি দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্রটি অ্যাডভান্সড গাইডেন্স ও নেভিগেশন সিস্টেম দিয়ে তৈরি, যা এটিকে আরও নির্ভুল ভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম করেছে। এই ক্ষেপণাস্ত্রটি দৃষ্টিসীমার বাইরে থাকা লক্ষ্যবস্তুকেও ধ্বংস করতে পারে। প্রতিরক্ষা মন্ত্রক (Defence Ministry) জানিয়েছে যে, পরীক্ষায় অস্ত্র ক্ষেপণাস্ত্রটি সরাসরি আকাশে উড়ন্ত লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। সমস্ত সিস্টেম চমৎকারভাবে কাজ করেছে এবং সমস্ত মিশনের প্যারামিটার পূরণ করেছে। এর ফলে স্পষ্ট হয়ে গেল যে, এই ক্ষেপণাস্ত্র যে কোনও পরিস্থিতিতে শত্রুপক্ষের বিমানকে ধ্বংস করতে সক্ষম।

    ক্ষেপণাস্ত্র নয়, পরীক্ষায় সবার নজর ছিল বিমানের ওপর! (Tejas Fighter Jet) 

    তবে, প্রতিরক্ষা মন্ত্রক, ডিআরডিও বা বায়ুসেনা মুখ কুলুপ আঁটলেও, সূত্রের খবর, এই পরীক্ষায় ‘অস্ত্র’-র ওপর থেকে বেশি নজর ছিল বিমানটির ওপর। কেন? কারণ, এদিন যে বিমান থেকে মিসাইলটি নিক্ষেপ করা হয়েছে, তা এলএসিএ তেজস-এর নয়া সংস্করণ। অর্থাৎ, মার্ক-১এ ‘প্রোটোটাইপ’ বিমান (Tejas Fighter Jet) । যা বায়ুসেনা এখনও হাতে পায়নি। যে বিমানটির এখনও অনেক পরীক্ষা-নিরীক্ষা চলছে। এদিনের সফল পরীক্ষার মাধ্যমে অস্ত্র মিসাইলের সক্ষমতার পাশাপাশি বিমানের সক্ষমতাও প্রমাণিত হয়েছে বলে ওই সূত্রের দাবি। ফলে, বলা যেতে পারে, ভারতীয় বায়ুসেনায় তেজস মার্ক-১এ (Tejas Fighter Jet)  সংস্করণের অন্তর্ভুক্তির জন্য আরও এক ধাপ এগনো গেল। খুব শীঘ্রই হয়ত, ভারতীয় বায়ুসেনায় তেজস মার্ক-১ সংস্করণের পাশাপাশি দেখা যাবে মার্ক-১এ সংস্করণটিও। প্রসঙ্গত, ২০৩২ সালের মধ্যে ৮৩টি মার্ক-১এ সংস্করণ বায়ুসেনার হাতে তুলে দেওয়ার কথা দেশীয় যুদ্ধবিমান উৎপাদনকারী সংস্থা হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড বা হ্যাল-এর।

    সর্বাধুনিক রেডার আসছে বায়ুসেনায়

    অন্যদিকে, দেশের আকাশসীমাকে আরও নিশ্ছিদ্র করতে বুধবার রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (BEL) এর সঙ্গে ২,৯০৬ কোটি টাকার চুক্তি স্বাক্ষর করেছে প্রতিরক্ষা মন্ত্রক (Defence Ministry)। এই চুক্তির মাধ্যমে দেশে তৈরি সর্বাধুনিক পরিবহণযোগ্য ‘অশ্বিনী’ রেডার কেনা হবে। আকাশে ভাসমান যে কোনও লক্ষ্যবস্তুকে ট্র্যাক করতে সক্ষম অশ্বিনী। উচ্চ গতির যুদ্ধবিমান থেকে শুরু করে মানবহীন ড্রোন বা হেলিকপ্টারের মতো ধীর গতির লক্ষ্যবস্তুও শনাক্ত করতে পারে এই রেডার। এর ফলে শক্তিশালী হবে ভারতীয় বিমানবাহিনী। আরও নিরাপদ ও সুরক্ষিত হবে ভারতের আকাশসীমা। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বলা  হয়েছে, এটি নেওয়ার ফলে বায়ুসেনার সামরিক প্রস্তুতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

    প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে বিইএল-এর চুক্তি

    প্রতিরক্ষা মন্ত্রকের (Defence Ministry) একটি অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে, “সরকারের দেশীয় প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করার প্রচেষ্টার অংশ হিসেবে, প্রতিরক্ষা মন্ত্রক বিইএল-এর সঙ্গে ২,৯০৬ কোটি টাকার একটি চুক্তি সই করেছে। যার মাধ্যমে কম-উচ্চতার পরিবহণযোগ্য রেডার (এলএলটিআর) আশ্বিনী সংগ্রহ করা হবে।” ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ডিআরডিও) অধীনস্থ বেঙ্গালুরুর ইলেকট্রনিক্স অ্যান্ড রেডার ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট দেশীয়ভাবে এই রেডার তৈরি করেছে। প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিংয়ের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়, যিনি সম্প্রতি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে বায়ুসেনার ক্ষমতা বৃদ্ধির জন্য একটি কমিটি গঠনের আবেদন করেছিলেন। মন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, রেডার প্রোগ্রামটি বিদেশি সরবরাহকারীদের উপর নির্ভরতা হ্রাস করে প্রতিরক্ষা উৎপাদনে স্বনির্ভরতা অর্জনের দিকে একটি বড় পদক্ষেপ। স্থানীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশে এটি অনুঘটক হিসেবে কাজ করবে।

     

LinkedIn
Share