Tag: Cabinet Meeting

Cabinet Meeting

  • PM Modi Cabinet Meeting: ‘ফাইল আটকে রাখবেন না, দ্রুত কাজ করুন’, মন্ত্রিসভার ম্যারাথন বৈঠকে কী কী নির্দেশ প্রধানমন্ত্রীর?

    PM Modi Cabinet Meeting: ‘ফাইল আটকে রাখবেন না, দ্রুত কাজ করুন’, মন্ত্রিসভার ম্যারাথন বৈঠকে কী কী নির্দেশ প্রধানমন্ত্রীর?

    মাধ্যম নিউজ ডেস্ক: কাজের ক্ষেত্রে কোনও রকম অলসতা নয়। কাজ করতে হবে দ্রুত। জনস্বার্থ দেখেই কাজ করতে হবে মন্ত্রীদের। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সঙ্গেই প্রশাসনিক কাজে সংস্কারের কথাও জানিয়েছেন তিনি। পাঁচ দিনের বিদেশ সফর থেকে ফিরেই বৃহস্পতিবার মন্ত্রিসভার সদস্যদের নিয়ে ম্যারাথন বৈঠক করেন প্রধানমন্ত্রী। প্রায় সাড়ে চার ঘণ্টার ওই বৈঠকে আগামী দিনে সরকারের কাজ কেমন হবে তার ধারণাও দিয়েছেন তিনি। জানা গিয়েছে, ওই বৈঠকে মন্ত্রীদের জন্য কঠোর সংস্কার কর্মসূচি পেশ করেছেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গেই ‘বিকশিত ভারত ২০৪৭’-কে সামনে রেখে কাজ করার জন্য বলা হয়।

    কোন কোন মন্ত্রক বিস্তারিত রিপোর্ট দিল

    বৃহস্পতিবার নয়াদিল্লির ‘ভারত মণ্ডপম’-এ বিকেল পাঁচটায় শুরু হওয়া এই বৈঠকটি টানা সাড়ে চার ঘণ্টা ধরে চলে। সূত্র মতে, চলতি বছরের এটিই প্রথম পূর্ণাঙ্গ মন্ত্রিসভার বৈঠক। সূত্রের খবর, ভারতের উন্নয়ন যাত্রাকে ত্বরান্বিত করার লক্ষ্যে শাসনের অগ্রাধিকার, সংস্কার এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে ন’টি মন্ত্রকের পক্ষ থেকে একটি বিস্তারিত প্রেজেন্টেশন দেওয়া হয়। জানা গিয়েছে, কৃষি, বন, শ্রম, সড়ক পরিবহন, কর্পোরেট বিষয়ক, বিদেশ, বাণিজ্য এবং বিদ্যুৎ মন্ত্রক বিস্তারিত প্রতিবেদন পেশ করেছে। এই বৈঠকের সময় ক্যাবিনেট সচিব এবং নীতি আয়োগও তাদের নিজ নিজ উপস্থাপনা তুলে ধরেন। বৈঠকে সরকারের গত ১২ বছরের সাফল্য, কল্যাণমূলক নানা প্রকল্প এবং নেওয়া হওয়া বিভিন্ন সংস্কারের খতিয়ানও পেশ করা হয়।

    বিকশিত ভারত-এর অঙ্গীকার

    ওই বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ‘বিকশিত ভারত ২০৪৭ কোনও স্লোগান নয়। তা আমাদের অঙ্গীকার।’ ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত রাষ্ট্রে রূপান্তরিত করার লক্ষ্যে উদ্দেশ্য-চালিত দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করতে বলেও জানিয়েছেন মোদি। ঠিক বারো বছর আগে এই জুন মাসেই দিল্লির তখতে প্রথমবার শপথ নিয়েছিল মোদি সরকার। আগামী মাসে কেন্দ্রে নরেন্দ্র মোদি সরকারের টানা ১২ বছর (Modi government 12 years) এবং তৃতীয় মেয়াদের (Modi 3.0) দ্বিতীয় বছর পূর্ণ হতে চলেছে। আর এই ঐতিহাসিক মাইলফলকের ঠিক আগেই দিল্লির অলিন্দে হাই-প্রোফাইল ম্যারাথন বৈঠক সারলেন মোদি। তাঁর সাফ নির্দেশ, ‘বিকশিত ভারত ২০৪৭’ যেন শুধু স্লোগান হয়ে না থেকে যায়, তার যথাযথ প্রয়োগ যেন দেশের সর্বত্র প্রতিফলিত হয় (Viksit Bharat 2047 vision Modi)।

    সংস্কারের গতি বাড়ানোই লক্ষ্য

    দীর্ঘ ১১ মাস পর এই প্রথম কেন্দ্রীয় মন্ত্রিসভার সমস্ত সদস্যদের নিয়ে পূর্ণাঙ্গ বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী। এর আগে গত বছর ৪ জুন এই ধরনের বৈঠক হয়েছিল। বৈঠক থেকেই সমস্ত মন্ত্রীদের এক কড়া ও স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি— “অতীতে কী হয়েছে ভুলে যান, এবার সম্পূর্ণভাবে ভবিষ্যতের দিকে ফোকাস করুন।” এদিনের রুদ্ধদ্বার বৈঠকে প্রধানমন্ত্রী মোদি স্পষ্ট করে দিয়েছেন যে, আগামী দিনে সরকারের মূল লক্ষ্য হতে হবে সংস্কারের গতি বাড়ানো, জনকল্যাণ এবং সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও সহজ ও সরল করে তোলা। যে সমস্ত মন্ত্রক কিছুটা পিছিয়ে আছে তাদের কাজ এবং পরিকল্পনাগুলি বাস্তবায়নে জোর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

    ফাইল আটকে রাখা চলবে না

    সরকারি কার্যক্রমে আরও বেশি দক্ষতার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী মন্ত্রকগুলির মধ্যে নথিপত্রের দ্রুত চলাচল নিশ্চিত করতে এবং অপ্রয়োজনীয় পদ্ধতিগত বিলম্ব দূর করার নির্দেশ দেন। প্রতিটি স্তরে শাসনব্যবস্থাকে সরল করার পাশাপাশি কম সময়ে বেশি কাজ সম্পন্ন করার গুরুত্বের ওপরেও জোর দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী স্পষ্ট জানান, কোনও সংস্কার বা সরকারি প্রকল্পের কাজ যেন শুধু ফাইলের মধ্যেই বন্দি না থাকে। ফাইল যেন আমলাদের টেবিলে অপ্রয়োজনে আটকে না থাকে, বরং অত্যন্ত দ্রুততার সঙ্গে ফাইল ছাড়তে হবে। এর ফলে সরকারি পরিষেবা আরও গতিশীল ও সরল হবে এবং দেশের নাগরিকেরা তার সরাসরি সুফল পাবেন। মন্ত্রীদের হাতে যে সময়টুকু রয়েছে, তার প্রতিটি সেকেন্ড যাতে ১০০ শতাংশ উৎপাদনশীল কাজে ব্যবহার করা হয়, সেই বিষয়েও জোর দেন প্রধানমন্ত্রী।

    জয়শঙ্করের কূটনৈতিক বার্তা

    এই বৈঠকের অন্যতম প্রধান আকর্ষণ ছিল বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের ব্রিফিং। সম্প্রতি ভারতের কূটনীতিকে বিশ্বমঞ্চে আরও মজবুত করতে পাঁচ দেশের একটি অত্যন্ত সফল এবং তাৎপর্যপূর্ণ কূটনৈতিক সফরে গিয়েছিলেন জয়শঙ্কর। সেই বিদেশ সফরের খুঁটিনাটি ও সফল কূটনৈতিক বার্তা এদিন মন্ত্রিসভার সহকর্মীদের সামনে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন বিদেশমন্ত্রী। এই বৈঠকে জ্বালানি, কৃষি, সার, বিমান চলাচল, নৌপরিবহন এবং লজিস্টিকসের মতো ক্ষেত্রগুলোর ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয় এবং এগুলির প্রতি নিবিড় মনোযোগ দেওয়া হয়।

    বাংলা জয়ে অভিনন্দন

    প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে গঠিত মন্ত্রীদের একটি উচ্চ-ক্ষমতাসম্পন্ন অনানুষ্ঠানিক গোষ্ঠী ইতিমধ্যেই উদ্ভূত পরিস্থিতির ওপর সার্বক্ষণ নজরদারি করছে। দক্ষিণ কোরিয়া সফরে থাকায় রাজনাথ সিং বৃহস্পতিবারের মন্ত্রীপরিষদ বৈঠকে উপস্থিত থাকতে পারেননি। অন্যদিকে, স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা বর্তমানে জেনেভায় রয়েছেন। এই বৈঠকে পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয়ের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন মন্ত্রিসভার সদস্যরা। বৈঠকের শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর মন্ত্রীদের স্পষ্ট জানিয়েছেন, গত ১২ বছর ধরে দেশের মানুষের জন্য এই সরকার কী কী কাজ করেছে, তা সাধারণ মানুষের কাছে সরাসরি পৌঁছে দিতে হবে। সরকারের উন্নয়নমূলক কর্মসূচি, জনকল্যাণমুখী প্রকল্প এবং দেশের ভোল বদলে দেওয়া সংস্কারের যে এজেন্ডা, তা নিয়ে মন্ত্রীদের সরাসরি আমজনতার দরবারে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

  • PM Modi: ভারতের অর্থনীতি, জ্বালানির দাম নিয়ন্ত্রণ, মন্ত্রিসভার রদবদল! প্রধানমন্ত্রী মোদির সভাপতিত্বে বৈঠক দিল্লিতে

    PM Modi: ভারতের অর্থনীতি, জ্বালানির দাম নিয়ন্ত্রণ, মন্ত্রিসভার রদবদল! প্রধানমন্ত্রী মোদির সভাপতিত্বে বৈঠক দিল্লিতে

    মাধ্যম নিউজ ডেস্ক: পশ্চিম এশিয়ার সঙ্কট এবং আন্তর্জাতিক জ্বালানি নিরাপত্তা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যেই দিল্লির ‘সেবা তীর্থে’ কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের গুরুত্বপূর্ণ বৈঠক চলছে। এই বৈঠকের সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার বিকেলের এই বৈঠকে উপস্থিত রয়েছেন সমস্ত কেন্দ্রীয় মন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীরা। চলতি বছরে এটি কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে সংযুক্ত আরব আমিরশাহী (UAE), নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি— পাঁচ দেশে ছয় দিনের সফর শেষে এই বৈঠক করছেন প্রধানমন্ত্রী মোদি ৷

    কেন্দ্রীয় মন্ত্রিসভার সমস্ত সদস্যদের নিয়ে বৈঠক

    বিদেশ সফর শেষ করে এদিন দেশে ফিরছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। দেশে ফিরেই তিনি বৈঠকে যোগ দেন। সূত্রের খবর, এই বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি থেকে শুরু করে আন্তর্জাতিক ইস্যু, বিশেষ করে পশ্চিম এশিয়ার সংঘাত এবং তার প্রভাব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। একইসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদল নিয়েও জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর (PM Modi) এই বৈঠকে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছিল কেন্দ্রীয় মন্ত্রিসভার সমস্ত সদস্যকে। শুধু পূর্ণমন্ত্রী নন, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীদেরও উপস্থিত ছিলেন বৈঠকে। এমনকি বিভিন্ন রাজ্যের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গেও আলোচনা হয়।

    কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে কী নিয়ে আলোচনা

    বিশেষজ্ঞদের মতে, পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তার প্রভাব ভারতের অর্থনীতি, জ্বালানির দাম এবং আমদানি-রফতানির ক্ষেত্রেও পড়তে পারে। ফলে কেন্দ্র সরকার এই বিষয়ে সতর্ক অবস্থান নিতে চাইছে বলেই মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী মোদির (PM Modi) নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করা হয় বলে সূত্রের খবর অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড়সড় রদবদলের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে যে, কিছু নতুন মুখকে মন্ত্রিসভায় জায়গা দেওয়া হতে পারে। বিশেষ করে সাম্প্রতিক রাজনৈতিক সমীকরণ এবং বিভিন্ন রাজ্যে বিজেপির সাংগঠনিক অবস্থান বিবেচনা করে নতুন সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। পশ্চিমবঙ্গের রাজনীতিও এই মুহূর্তে বিশেষ গুরুত্ব পাচ্ছে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। বিজেপির সংগঠনকে আরও শক্তিশালী করতে বাংলা থেকে কাউকে পূর্ণমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে।

  • Suvendu Adhikari: নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠক শুক্রবার, একাধিক কেন্দ্রীয় প্রকল্পের বাস্তবায়নের পথে ডাবল ইঞ্জিন সরকার

    Suvendu Adhikari: নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠক শুক্রবার, একাধিক কেন্দ্রীয় প্রকল্পের বাস্তবায়নের পথে ডাবল ইঞ্জিন সরকার

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে স্বাধীনতার পর বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ভবানীপুর ও নন্দীগ্রামের বিধায়ক, জায়ান্ট কিলার শুভেন্দু অধিকারী। শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রী হিসেবে তিনি (Suvendu Adhikari) করতে চলেছেন নয়া মন্ত্রিসভার প্রথম বৈঠক (Cabinet Meeting)। এই বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে উত্তেজনা তুঙ্গে। এই প্রথম বৈঠকেই বঙ্গবাসীর জন্য বেশ কিছু বড় প্রকল্পের কথা ঘোষণা করা হতে পারে। গত ১৫ বছর ধরে তৃণমূল পরিচালিত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে যে কেন্দ্রীয় প্রকল্প থেকে রাজ্যবাসীকে প্রাপ্য সরকারি অধিকার থেকে বঞ্চিত করেছে, সেগুলি দ্রুত বাস্তবায়িত করা হবে।

    সোমবার বিকেল ৫টায় বৈঠক (Suvendu Adhikari)

    বিজেপি সূত্রে খবর, নয়া মুখ্যমন্ত্রী সরকার পরিচালনা করবেন মহাকরণ থেকে। তবে মহাকরণে সংস্কারের কাজ চলায় আপাতত বিধানসভায়ই বসবেন শুভেন্দু (Suvendu Adhikari)। ইতিমধ্যেই বিধানসভায় মুখ্যমন্ত্রীর নামে বিশেষ ফলকও বাসানো হয়েছে। সোমবার নবান্ন সভাঘরে প্রথম বড় বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। রাজ্যের ডিজিপি, এডিজি (আইনশৃঙ্খলা) থেকে শুরু করে সব জেলার পুলিশ সুপারদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী। সোমবার বিকেল ৫টায় এই বৈঠক হবে। এরপর শুক্রবার নবান্নেই বিজেপি সরকারের প্রথম ক্যাবিনেট (Cabinet Meeting) বৈঠকের সম্ভাবনা। নবান্নেই বসবে নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক।

    আয়ুষ্মান ভারত প্রকল্প

    দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’ চালু করেনি। এই বৈঠকে সবচেয়ে বড় সিদ্ধান্ত হতে পারে রাজ্যে এই কেন্দ্রীয় প্রকল্পের প্রয়োগ নিশ্চিত করা। এর ফলে সাধারণ মানুষ ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাবেন।

    সরকারি কর্মচারীদের ডিএ (DA)

    বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে দীর্ঘদিনের অসন্তোষ রয়েছে। প্রথম ক্যাবিনেট বৈঠকেই ডিএ নিয়ে কোনও ইতিবাচক ঘোষণা বা কিস্তি মেটানোর পরিকল্পনা করা হতে পারে।

    কৃষক ও যুবকদের জন্য প্রকল্প

    কেন্দ্রীয় প্রকল্প ‘পিএম কিষান নিধি’র সুবিধা রাজ্যের প্রতিটি কৃষকের কাছে পৌঁছে দেওয়া এবং বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের জন্য নতুন কোনও রূপরেখা তৈরি করা হতে পারে।

    প্রশাসনিক রদবদল

    নবান্নের অন্দরে এবং পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল ঘটিয়ে প্রশাসনকে আরও গতিশীল করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ব্রিগেডে শুভেন্দুর (Suvendu Adhikari)  সঙ্গে শপথ নিয়েছেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু। প্রোটেম স্পিকার হিসেবে শপথ নেবেন তাপস রায়। বুধ ও বৃহস্পতিবার শপথ নেবেন বাকি বিধায়করা। শুভেন্দুর নেতৃত্বে এই প্রথম মন্ত্রিসভার (Cabinet Meeting) বৈঠকটি মূলত ‘ডাবল ইঞ্জিন সরকারে’র উন্নয়নমূলক মডেলকে সামনে রেখে পরিচালিত হতে পারে। যেখানে কেন্দ্রের জনকল্যাণমূলক প্রকল্পগুলিকে দ্রুত রাজ্যে কার্যকর করাই হবে নয়া সরকারের প্রধান লক্ষ্য।

LinkedIn
Share