Tag: central govt

central govt

  • PM Modi on Diesel Price: ডিজেলের সম্ভাব্য ৫০ টাকা মূল্যবৃদ্ধির মধ্যে ৪৩ টাকাই বহন করে কেন্দ্র, দাবি প্রধানমন্ত্রীর

    PM Modi on Diesel Price: ডিজেলের সম্ভাব্য ৫০ টাকা মূল্যবৃদ্ধির মধ্যে ৪৩ টাকাই বহন করে কেন্দ্র, দাবি প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওঠানামার প্রভাব যাতে দেশের সাধারণ মানুষ এবং কৃষকদের উপর সরাসরি না পড়ে, সেই লক্ষ্যেই একাধিক পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার। বিশেষ করে পশ্চিম এশিয়ায় সংঘাতের কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম হু হু করে বেড়ে যাওয়ার সময় ডিজেলের (PM Modi on Diesel Price Hike) মূল্যবৃদ্ধির সম্পূর্ণ বোঝা গ্রাহকদের উপর চাপানো হয়নি বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার নয়াদিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত ‘কিসান তক ভারত এগ্রিকালচার কনফারেন্স ২০২৬’-এর পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে এই দাবি করেন প্রধানমন্ত্রী।

    আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি

    মোদি জানান, পশ্চিম এশিয়ার সংঘাতের সময় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কয়েক সপ্তাহের মধ্যে ব্যারেল প্রতি ৭০ ডলার থেকে বেড়ে ১২২ ডলারে পৌঁছে গিয়েছিল। এর ফলে ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশকে জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। ভারতের ক্ষেত্রেও পরিস্থিতি যথেষ্ট কঠিন হয়ে উঠেছিল। আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রাখতে গেলে ডিজেলের দাম লিটার প্রতি অন্তত ৫০ টাকা বাড়ানোর প্রয়োজন ছিল বলে জানান তিনি। তবে সেই সম্পূর্ণ মূল্যবৃদ্ধির বোঝা সাধারণ নাগরিক এবং কৃষকদের উপর চাপিয়ে দেওয়ার পথে হাঁটেনি সরকার। প্রধানমন্ত্রী বলেন, ডিজেলের সম্ভাব্য ৫০ টাকা মূল্যবৃদ্ধির মধ্যে মাত্র ৭ টাকা গ্রাহকদের উপর চাপানো হয়েছে। বাকি ৪৩ টাকা সরকার নিজেই বহন করেছে।

    প্রতি মাসে প্রায় ১৪ হাজার কোটি টাকা আর্থিক বোঝা

    প্রধানমন্ত্রীর কথায়, আন্তর্জাতিক বাজারের অস্থিরতার সম্পূর্ণ প্রভাব দেশের নাগরিক এবং কৃষকদের উপর পড়তে দেওয়া যায় না। কৃষকদের স্বার্থের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রীর দাবি, জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় সরকারকে প্রতি মাসে প্রায় ১৪ হাজার কোটি টাকা আর্থিক বোঝা বহন করতে হচ্ছে। প্রতিবেশী দেশগুলিতে একই সময়ে ডিজেলের দাম ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে বলেও উল্লেখ করেন তিনি। সেই তুলনায় ভারতে মূল্যবৃদ্ধির পরিমাণ সীমিত রাখা সম্ভব হয়েছে বলে দাবি মোদির।

    সারের দাম নিয়ন্ত্রণে ১২ বছরে ১৬ লক্ষ কোটি টাকা ব্যয়

    শুধু জ্বালানি নয়, কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে রাখার ক্ষেত্রেও কেন্দ্রীয় সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, গত ১২ বছরে কৃষকদের সাশ্রয়ী মূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে সরকার মোট ১৬ লক্ষ কোটি টাকা ব্যয় করেছে। আন্তর্জাতিক বাজারে সারের দাম এবং দেশের কৃষকদের জন্য নির্ধারিত দামের মধ্যে বিপুল পার্থক্যের বিষয়টিও তুলে ধরেন তিনি। মোদি জানান, আন্তর্জাতিক বাজারে এক বস্তা ডিএপি (ডাই-অ্যামোনিয়াম ফসফেট) সারের দাম যেখানে প্রায় ৫,০০০ টাকা, সেখানে ভারতীয় কৃষকদের সেই সার সরবরাহ করা হচ্ছে মাত্র ১,৩০০ টাকায়। অর্থাৎ আন্তর্জাতিক বাজারের তুলনায় অনেক কম দামে কৃষকরা ডিএপি সার পাচ্ছেন।

    ইউরিয়া সারের ক্ষেত্রেও ভর্তুকি দিচ্ছে সরকার

    একইভাবে ইউরিয়া সারের ক্ষেত্রেও ভর্তুকির বিষয়টি তুলে ধরেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, আন্তর্জাতিক বাজারে এক বস্তা ইউরিয়া সারের দাম যেখানে প্রায় ৩,০০০ টাকা, সেখানে দেশের কৃষকদের জন্য তা ৩০০ টাকারও কম দামে উপলব্ধ করা হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, গত ১২ বছরে সারের উপর ১৬ লক্ষ কোটি টাকা ব্যয় করা অত্যন্ত বড় অঙ্কের বিষয়। বিশ্বের একাধিক দেশের বার্ষিক বাজেটও এই পরিমাণ অর্থের তুলনায় ছোট। কৃষকদের যাতে উৎপাদন খরচের অতিরিক্ত বোঝা বহন করতে না হয়, সে কারণেই সরকার এই বিপুল অর্থ ব্যয় করেছে বলে জানান তিনি।

    কৃষির উৎপাদন খরচ কমানোই সরকারের অগ্রাধিকার

    প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে আরও বলেন, কৃষিকাজের সঙ্গে জড়িত বিভিন্ন উপকরণের দাম নিয়ন্ত্রণে রাখা এবং কৃষকদের কাছে সাশ্রয়ী মূল্যে প্রয়োজনীয় উপকরণ পৌঁছে দেওয়া সরকারের অন্যতম অগ্রাধিকার। জ্বালানি থেকে শুরু করে সার—প্রতিটি ক্ষেত্রেই আন্তর্জাতিক বাজারের অস্থিরতার প্রভাব যাতে সরাসরি কৃষকদের উপর না পড়ে, তা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেলে তার প্রভাব শুধু পরিবহণ খরচেই সীমাবদ্ধ থাকে না। কৃষিক্ষেত্রে সেচের পাম্প চালানো, কৃষিপণ্য পরিবহণ, জমি চাষ এবং অন্যান্য কৃষিকাজেও ডিজেলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফলে ডিজেলের দাম বাড়লে কৃষকদের উৎপাদন খরচও বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। একইভাবে সারের দাম বৃদ্ধি পেলে চাষের সামগ্রিক ব্যয় আরও বাড়তে পারে। সেই কারণেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও সারের দাম বাড়লেও দেশের কৃষকদের উপর তার সম্পূর্ণ আর্থিক বোঝা চাপানো হয়নি বলে দাবি প্রধানমন্ত্রীর।

    কৃষকদের স্বার্থ সুরক্ষিত

    প্রধানমন্ত্রী জানান, ইরান-আমেরিকা যুদ্ধের জেরে ভারতের সার রফতানিতে ধাক্কা লেগেছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা। সেকথা মাথায় রেখে এবার বিরাট সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। একলাফে ৬৪ শতাংশ বাড়ানো হয়েছেল সারের ভরতুকি। ৬২ হাজার ৩৭০ কোটি টাকা আলাদা করে এই খাতে বরাদ্দও করেছে কেন্দ্র। শীতকালে চাষের মরশুমে এই সিদ্ধান্তে কৃষকরা অনেকখানি উপকৃত হবেন। আন্তর্জাতিক বাজারের অনিশ্চয়তার মধ্যেও জ্বালানি ও সারের দাম নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্র যে বিপুল আর্থিক দায়ভার বহন করছে, সেই বিষয়টিকেই কৃষি সম্মেলনের মঞ্চ থেকে তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর বক্তব্য, কৃষকদের স্বার্থ সুরক্ষিত রাখা, কৃষি উৎপাদন বজায় রাখা এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে রাখাই সরকারের লক্ষ্য।

  • India Poverty: বিশ্বে দ্রুততম দারিদ্র্য হ্রাসের নজির ভারতে, ১২ বছরে দারিদ্র্যসীমার উপরে ৪৯.৬ কোটি মানুষ

    India Poverty: বিশ্বে দ্রুততম দারিদ্র্য হ্রাসের নজির ভারতে, ১২ বছরে দারিদ্র্যসীমার উপরে ৪৯.৬ কোটি মানুষ

    মাধ্যম নিউজ ডেস্ক: দারিদ্র্য দূরীকরণে (India Poverty) উল্লেখযোগ্য সাফল্য ভারতের। বিশ্বের দ্রুততম দারিদ্র্য হ্রাসের নজির গড়েছে দেশ। বিশ্বব্যাঙ্কের (World Bank) সাম্প্রতিক এক রিপোর্টে উঠে এসেছে এমনই তথ্য। রিপোর্ট অনুযায়ী, ২০১১ থেকে ২০২৩ সালের মধ্যে ভারতে প্রায় ৪৯.৬ কোটি মানুষ দারিদ্র্যসীমার উপরে উঠে এসেছেন। দৈনিক ৪.২ ডলারের কম আয়ে জীবনযাপন করা মানুষের হার ২০১১ সালে যেখানে ছিল ৫৭.৭ শতাংশ, ২০২৩ সালে তা কমে দাঁড়িয়েছে ১৬.১ শতাংশে। ২০২৮ সালের মধ্যে এই হার আরও কমে ১২.১ শতাংশে নেমে আসতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

    কীভাবে সম্ভব হল এই সাফল্য?

    চরম দারিদ্র্যের ক্ষেত্রেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বিশ্বব্যাঙ্কের সংজ্ঞা অনুযায়ী, দৈনিক ৩ ডলারের কম আয়ে জীবনযাপন করা মানুষের হার ২০১১ সালে ছিল ২৭.১ শতাংশ। ২০২৩ সালে তা কমে হয়েছে মাত্র ২.৬ শতাংশ। দেশের অধিকাংশ রাজ্যেই মানুষের জীবনযাত্রার মানের উন্নতি হয়েছে। তবে উত্তরপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত একটি ভৌগোলিক অঞ্চলে এখনও দেশের মোট দরিদ্র জনসংখ্যার প্রায় ৫৭ শতাংশ বসবাস করেন। ফলে দারিদ্র্য দূরীকরণে আঞ্চলিক বৈষম্য এখনও বড় চ্যালেঞ্জ। বিশ্বব্যাঙ্কের রিপোর্টে দারিদ্র্য কমার অন্যতম কারণ হিসেবে কর্মসংস্থান বৃদ্ধির কথা উল্লেখ করা হয়েছে। ২০১৭ থেকে ২০২৩ সালের মধ্যে দেশে অতিরিক্ত ১৩.৪ কোটি মানুষের কর্মসংস্থান হয়েছে। এই বৃদ্ধির হার কর্মক্ষম জনসংখ্যা বৃদ্ধির প্রায় দ্বিগুণ। বিশেষ করে গ্রামীণ এলাকায় মহিলাদের কর্মক্ষেত্রে অংশগ্রহণ বৃদ্ধি এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। এর ফলে পরিবারের উপার্জনকারী সদস্যের সংখ্যাও বেড়েছে।

    ১৪০ কোটি দেশবাসীর সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন

    পাশাপাশি মানুষের ভোগব্যয় বৃদ্ধি এবং সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা ও খাদ্য ভর্তুকির সম্প্রসারণকেও দারিদ্র্য কমার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছে বিশ্বব্যাঙ্ক। কোভিড অতিমারির সময় ২০২০ সাল থেকে কেন্দ্রীয় সরকার দেশের অন্তত ৮১ কোটি উপভোক্তাকে প্রতি মাসে পাঁচ কেজি করে বিনামূল্যে খাদ্যশস্য দিয়ে আসছে। এই বিনামূল্যের রেশন প্রকল্পও দরিদ্র পরিবারগুলির খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। এদিকে, সরকারি পরিষেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দারিদ্র্য দূরীকরণে ভারতের এই অগ্রগতিকে ১৪০ কোটি দেশবাসীর সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন বলে উল্লেখ করেছেন।

    বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার পথে ভারত

    তবে দারিদ্র্য হ্রাসের এই সাফল্যের পাশাপাশি সতর্কবার্তাও দিয়েছে বিশ্বব্যাঙ্ক। রিপোর্টে বলা হয়েছে, দেশের সর্বোচ্চ ও সর্বনিম্ন আয়ের কর্মীদের মধ্যে উপার্জনের ব্যবধান এখনও যথেষ্ট বেশি। পরিসংখ্যান অনুযায়ী, দেশের সর্বোচ্চ ১০ শতাংশ উপার্জনকারীর আয় সর্বনিম্ন ১০ শতাংশ উপার্জনকারীদের তুলনায় প্রায় ১৩ গুণ। বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। সেই যাত্রাপথে দারিদ্র্য হ্রাসে এই অগ্রগতি গুরুত্বপূর্ণ হলেও আয়বৈষম্য দূর করা এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়াই আগামী দিনে অন্যতম বড় চ্যালেঞ্জ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

  • Union Govt Summon Meta:  ইনস্টাগ্রামে শিশু যৌন নির্যাতন নিয়ে বিজ্ঞাপন! মেটাকে তলব কেন্দ্রের

    Union Govt Summon Meta: ইনস্টাগ্রামে শিশু যৌন নির্যাতন নিয়ে বিজ্ঞাপন! মেটাকে তলব কেন্দ্রের

    মাধ্যম নিউজ ডেস্ক: শিশুদের যৌন নির্যাতন সংক্রান্ত কনটেন্ট প্রচারের অভিযোগে এবার মার্ক জুকারবার্গের সংস্থা মেটা-র বিরুদ্ধে কড়া অবস্থান নিল কেন্দ্রীয় সরকার (Union Govt Summon Meta)। ভারতের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। সেখানে দেখানো হচ্ছে শিশুদের যৌন নিগ্রহের বিজ্ঞাপন। অভিযোগ, এই বিজ্ঞাপন থেকে টেলিগ্রামের মাধ্যমে অশ্লীল ভিডিও সংগ্রহ করছেন আগ্রহী ব্যক্তিরা। তার জন্য দিতে হচ্ছে মাত্র ৯৯ টাকা। সম্প্রতি, আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘বিবিসি’-র প্রকাশিত এক রিপোর্টে এই বিস্ফোরক অভিযোগ সামনে এসেছে। তারপরই বিষয়টা নিয়ে পদক্ষেপ করে কেন্দ্র। মূল সংস্থা ‘মেটা’-কে জবাবদিহির জন্য তলব করেছে কেন্দ্রের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক।

    ইনস্টার-র বিরুদ্ধে অভিযোগ

    কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। সূত্রে খবর, মেটার কাছে জানতে চাওয়া হয়েছে কীভাবে এমন বিজ্ঞাপন ইনস্টাগ্রামে চলতে পারে? কিংবা এই ধরনের কনটেন্ট রুখতে তারা কী ব্যবস্থা নিচ্ছে? ‘বিবিসি’-র রিপোর্টে দাবি করা হয়েছে, ভারতে ইনস্টাগ্রামে এমন কিছু বিজ্ঞাপন দেখা গিয়েছে যেখানে শিশুদের যৌন নির্যাতনের ভিডিও প্রচার করা হচ্ছিল। রিপোর্ট অনুযায়ী, ওই বিজ্ঞাপনগুলিতে অত্যন্ত আপত্তিকর শিরোনামও ব্যবহার করা হয়েছিল। যেগুলি টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত। মাত্র ৯৯ টাকায় ভিডিও কেনার সুযোগও দেওয়া হচ্ছিল। বিবিসি এ বিষয়ে ইনস্টাগ্রামকে জানায়। সংস্থার তরফে জানানো হয়, ওই পোস্টগুলি তাদের ‘কমিউনিটি গাইডলাইন’ লঙ্ঘন করেনি।

    ভুয়ো অ্যাকাউন্ট ব্যবহার

    বিবিসির গোপন অনুসন্ধানে আরও উঠে আসে, একটি ভুয়ো অ্যাকাউন্ট ব্যবহার করে প্রথমে সাধারণ প্রাপ্তবয়স্কদের কনটেন্ট দেখানো হলেও ধীরে ধীরে ইনস্টাগ্রামের অ্যালগরিদম শিশুদের জড়িত যৌন ইঙ্গিতপূর্ণ কনটেন্ট এবং সংশ্লিষ্ট বিজ্ঞাপন দেখাতে শুরু করে। এমনকি ব্যবহারকারী এ ধরনের কনটেন্ট খুঁজে না দেখলেও প্ল্যাটফর্ম থেকে ক্রমশ আরও আপত্তিকর কনটেন্টের সুপারিশ করা হচ্ছিল। প্রতিবেদনে দাবি করা হয়েছে, মোট ৩০টি আলাদা বিজ্ঞাপনের মাধ্যমে শিশু যৌন নির্যাতনমূলক কনটেন্টের প্রচার করা হচ্ছিল। এছাড়া প্রাপ্তবয়স্কদের পর্নোগ্রাফি সংক্রান্ত প্রায় ২০টি বিজ্ঞাপনও শনাক্ত করা হয়েছে। কিছু বিজ্ঞাপনে নাবালক ছেলে ও মেয়েদের যৌন নির্যাতনের দৃশ্য এবং প্রাপ্তবয়স্কদের সঙ্গে নাবালিকাদের আপত্তিকর ছবি ও ভিডিওর ইঙ্গিত ছিল। এসব বিজ্ঞাপন থেকে সরাসরি টেলিগ্রাম চ্যানেলে যাওয়ার লিঙ্কও দেওয়া হয়েছিল।

    অশ্লীল কন্টেন্ট বিক্রি

    রিপোর্টে আরও দাবি করা হয়, বিষয়টির সত্যতা যাচাইয়ের জন্য বিবিসি কর্তৃপক্ষ ইনস্টাগ্রাম-এ একটি টেস্ট অ্যাকাউন্ট খোলে। যেখানে কয়েক দিনের মধ্যেই অশ্লীল কন্টেন্ট-এর সাজেশন আসতে শুরু করে। এমনকী অশ্লীল কন্টেন্ট বিক্রি করা হচ্ছে, এমন ধরনের টেলিগ্রাম চ্যানেল-এর লিঙ্ক দিয়েও বিজ্ঞাপন আসে। বিবিসি কর্তৃপক্ষের দাবি, ওই টেস্ট অ্যাকাউন্ট-এর মাধ্যমে তিরিশের কাছাকাছি অশ্লীল কন্টেন্ট-এর বিজ্ঞাপন শনাক্ত করা গিয়েছে। যেখানে শিশুদের যৌন নিগ্রহমূলক ভিডিও-র প্রচারও করা হয়েছে। যৌন নিগ্রহমূলক কন্টেন্ট-এর বিজ্ঞাপনের অভিযোগ সামনে আসতেই মেটা কর্তৃপক্ষ জানিয়েছেন, তাঁরা বেশ কিছু বিজ্ঞাপন বন্ধ করেছেন। যে অ্যাকাউন্টগুলি থেকে এমন ধরনের বিজ্ঞাপন দেওয়া হয়েছিল, সেগুলিকেও তাঁরা সাসপেন্ড করেছেন। পাশাপাশি, অতিরিক্ত কিছু বিজ্ঞাপনও সরানো হয়েছে। অশ্লীল বিজ্ঞাপনের ইউআরএল-ও ব্লক করে দেওয়া হয়েছে।

    কনটেন্ট সরাল মেটা!

    এক বিবৃতিতে মেটা কর্তৃপক্ষ জানিয়েছেন, শিশুদের শোষণ একটি জঘন্য অপরাধ। তাঁরা নিজেদের অ্যাপগুলিতে এর বিরুদ্ধে লড়াই করে চলেছেন। তাঁদের সংস্থার মাধ্যমে শিশুদের উপরে নিগ্রহমূলক কন্টেন্ট-এর বিজ্ঞাপন ইচ্ছাকৃত ভাবে ছড়িয়ে দেওয়ার দাবি ‘সম্পূর্ণ ভুল’। সংস্থার এক আধিকারিকের কথায়, ‘কোনও ব্যবস্থাই নিখঁুত নয়। আমাদের রিভিউ প্রক্রিয়ায় সমস্ত পলিসি লঙ্ঘনের ঘটনা ধরা পড়েনি।’ মেটা কর্তৃপক্ষের দাবি, তাঁরা যত দ্রুত সম্ভব সমস্ত অশ্লীল কন্টেন্ট-এর বিজ্ঞাপন ইনস্টাগ্রাম থেকে সরিয়ে দিতে চলেছেন। যে কাজ জোরকদমে শুরু হয়ে গিয়েছে

    মন্ত্রকের হাতে সব তথ্য

    মেটার এক মুখপাত্র স্বীকার করেছেন, কোনও পর্যালোচনা ব্যবস্থা শতভাগ নিখুঁত নয় এবং কিছু ক্ষেত্রে নিয়মভঙ্গকারী কনটেন্ট নজর এড়িয়ে যেতে পারে। তবে সংস্থার দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং সক্রিয় পর্যবেক্ষণের মাধ্যমে এ ধরনের কনটেন্ট চিহ্নিত ও অপসারণের কাজ জোরদার করা হচ্ছে। অন্যদিকে, বিবিসি তাদের অনুসন্ধানে চিহ্নিত সমস্ত বিজ্ঞাপন ও টেলিগ্রাম চ্যানেলের তথ্য ভারতীয় কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছে। টেলিগ্রামকে দুটি চ্যানেলের বিরুদ্ধে অভিযোগ জানানো হলে, তার মধ্যে একটি পরে সরিয়ে দেওয়া হয়।

    ‘অটোমেটেড টুলস’ এর ব্যবহার

    অন্য দিকে, টেলিগ্রাম কর্তৃপক্ষ জানিয়েছেন, তাঁরা শিশুদের উপরে যৌন নিগ্রহমূলক ঘটনার কন্টেন্ট ‘অটোমেটেড টুলস’ ব্যবহার করে নিয়মিত সরিয়ে দেন। ২০২৬ সালেই তাঁরা এমন ধরনের কন্টেন্ট ছড়ানোর অভিযোগে ২.৭৪ লক্ষ গ্রুপ বন্ধ করে দিয়েছেন। আগামী দিনেও তাঁরা এমন ধরনের পদক্ষেপ করতে থাকবেন। উল্লেখ্য, চলতি সপ্তাহে এটি দ্বিতীয়বার মেটাকে তলব করল কেন্দ্র। এর আগে হোয়াটসঅ্যাপে প্রস্তাবিত ‘ইউজারনেম’ ফিচার নিয়ে উদ্বেগ প্রকাশ করে মেটাকে ডেকেছিল মন্ত্রক। সরকারের আশঙ্কা, এই ফিচারের অপব্যবহার করে পরিচয় জালিয়াতি ও ভুয়ো পরিচয়ে প্রতারণার ঘটনা বাড়তে পারে। সেই কারণে সরকারের সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়া পর্যন্ত নতুন ফিচার চালু না করার নির্দেশও দেওয়া হয়।

  • Whatsapp Username: মেটা-কে নোটিস কেন্দ্রের! ভারতে এখনই চালু করা যাবে না হোয়াটসঅ্যাপ-এর ইউজারনেম ফিচার

    Whatsapp Username: মেটা-কে নোটিস কেন্দ্রের! ভারতে এখনই চালু করা যাবে না হোয়াটসঅ্যাপ-এর ইউজারনেম ফিচার

    মাধ্যম নিউজ ডেস্ক: হোয়াটসঅ্যাপ-এ ইউজারনেম (Whatsapp Username) ফিচার এখনই ভারতে চালু করা যাবে না৷ এই মর্মে মেটা-কে নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার৷ হোয়াটসঅ্যাপ-এ নতুন ইউজারনেম ফিচার চালু করার কথা জানিয়েছিল মেটা৷ ভারতেও এই ফিচার চালু হওয়ার কথা ছিল৷ সূত্রের খবর, হোয়াটসঅ্যাপ-এর এই নতুন ফিচারের কথা সামনে আসতেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে মেটা-কে বিষয়টি নিয়ে নোটিস দেওয়া হয়েছে৷ সরকারের সাথে আলোচনা শেষ না হওয়া পর্যন্ত এটি চালু না করার জন্য মেটাকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে, আগামী ৩ দিনের মধ্যে এই ফিচারের যাবতীয় খুঁটিনাটি ও বিস্তারিত ব্যাখ্যা জমা দেওয়ার জন্য মেটাকে নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার।

    কেন এই নির্দেশ

    সরকারের বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, এই ফিচারটির সুবিধা নিয়ে অপরাধীরা সহজেই ছদ্মবেশ ধারণ করতে পারে। এর ফলে অনলাইন জালিয়াতি, ফিশিং এবং বিপজ্জনক ‘ডিজিটাল অ্যারেস্ট’এর মতো কেলেঙ্কারি মারাত্মকভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া, বিভিন্ন সরকারি অফিস, আর্থিক প্রতিষ্ঠান বা নামী ব্যক্তিত্বের আসল ইউজারনেমের নকল তৈরি করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা এবং পরিচয় জালিয়াতি করা আরও সহজ হয়ে উঠবে। কেন্দ্রীয় সরকারের আশঙ্কা, হোয়াটসঅ্যাপ-এর ব্যবহার নম্বরের বদলে ইউজারনেম ভিত্তিক হয়ে গেলে টেলিগ্রাম অ্যাপ ঘিরে যে ধরনের নিরাপত্তার ফাঁক বা ঝুঁকির অভিযোগ উঠেছিল, সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে৷ ইউজারনেম ফিচার সংক্রান্ত বিস্তারিত তথ্য কেন্দ্রীয় সরকারকে তিন দিনের মধ্যে জানানোর জন্যও মেটা-কে নির্দেশ দেওয়া হয়েছে৷ এই বিষয়টি নিয়ে আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ভারতে হোয়াটসঅ্যাপ-এ ইউজারনেম ফিচার চালু না করার জন্যও মেটা-কে নির্দেশ দিয়েছে কেন্দ্র৷

    হোয়াটসঅ্যাপ-এ ইউজারনেম ফিচার

    ২০২৬ সালের ২৯শে জুন প্রকাশ্যে আসা এই ফিচারের মূল আকর্ষণ হলো, এবার থেকে নিজের ব্যক্তিগত মোবাইল নম্বর গোপন রেখেই শুধু একটি স্বতন্ত্র ‘ইউজারনেম’ ব্যবহার করে চ্যাট করা যাবে। ব্যবহারকারীরা নিজেদের পছন্দমতো ইউজারনেম বেছে নেওয়ার সুযোগ পাবেন। ইউজারনেম ফিচার চালু হলে ফোন নম্বরের গোপনীয়তা রক্ষা হবে বলেও দাবি করেছিল মেটা৷ এতদিন ফোন নম্বরের উপর নির্ভর করেই হোয়াটসঅ্যাপে একজনের সঙ্গে অন্যজন ব্যবহারকারী যোগাযোগ করতে পারতেন৷ হোয়াটসঅ্যাপে যে কোনও ব্যবহারকারী যে কারও মোবাইল নম্বর দেখতে পারতেন৷ কিন্তু ইউজারনেম ফিচার চালু হলে আর সেই সুযোগ থাকবে না৷ একজন ব্যবহারকারী চাইলে তবেই অন্য আর একজন ব্যবহারকারীর সঙ্গে নিজের মোবাইল নম্বর শেয়ার করতে পারবেন৷ নতুন নিয়মে একজন ব্যবহারকারী একটি ইউনিক ইউজারনেম বেছে নিতে পারবেন৷ সেই ইউজারনেম দিয়েই অন্যরা হোয়াটসঅ্যাপ-এ তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারবেন৷ ইউজারনেম-এর দৈর্ঘ্য ৩ থেকে ৩৫ ক্যারেক্টার-এর মধ্যে হতে হবে৷ যা প্রথম দেখায় দারুণ মনে হলেও এর আড়ালে লুকিয়ে থাকা বড়সড় নিরাপত্তা ঝুঁকি নিয়েই তৈরি হয়েছে মূল বিতর্ক।

     

     

     

     

LinkedIn
Share