মাধ্যম নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড় ‘আকভান’ এর জেরে বৃষ্টির ভ্রূকুটি গোটা দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার সকাল থেকেই ঝিরঝিরে আবার কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে কলকাতা, হুগলি-সহ একাধিক জেলায়। আর এই দুর্যোগের জেরেই পিছিয়ে গেল চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর (Chandannagar Jagadhatri Puja) শোভাযাত্রা এবং নিরঞ্জন। খারাপ আবহাওয়ার জেরেই চন্দননগরের জগদ্ধাত্রী শোভাযাত্রা এবং নিরঞ্জন আগামী রবিবার করা হবে জানানো হয়েছে চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির পক্ষ থেকে। কমিটির তরফে জানানো হয়েছে, আবহাওয়ার উন্নতি হলে শনিবার থেকে সোমবার ধাপে ধাপে হবে প্রতিমা নিরঞ্জন ও শোভাযাত্রা। প্রধান নিরঞ্জন অনুষ্ঠানটি হবে রবিবার।
প্রতিমা নিরঞ্জনের সময়
‘আকভানে’র প্রভাবে শনিবার পর্যন্ত বৃষ্টি চলবে পূর্বাভাস দিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দফতর। এই অবস্থা জগদ্ধাত্রী প্রতিমা নিরঞ্জন করা অনেকটা ঝুঁকির। পাশাপাশি যে আলোকসজ্জার জন্য চন্দননগর বিখ্যাত তা দেখা যাবে না। সেই কথা মাথায় রেখে কেন্দ্রীয় কমিটি নিরঞ্জন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আলোকসজ্জিত শোভাযাত্রা আগামী রবিবার, অর্থাৎ ২২ নভেম্বর হবে। নন-প্রসেশনাল পুজো কমিটিগুলিকে আবহাওয়ার পরিস্থিতি বিবেচনা করে শনিবার অথবা রবিবার বিসর্জন প্রক্রিয়া সম্পন্ন করার অনুরোধ করা হয়েছে। অন্যদিকে, প্রসেশনাল পুজো কমিটিগুলির বিসর্জন সোমবার অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
শোভাযাত্রা, আলোকসজ্জার ঝলকানি
চন্দননগরের জগদ্ধাত্রী প্রতিমা নিরঞ্জন মানেই বিশাল শোভাযাত্রা, আলোকসজ্জার ঝলকানি। বৃষ্টিতে প্রতিমা নিরঞ্জন করলে তা সম্ভব নয়। উলটে দুর্ঘটনা ঘটার আশঙ্কা থেকেই যাচ্ছে। সেই সব দিক মাথায় রেখেই পিছিয়ে দেওয়া হল নিরঞ্জনের দিন। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, “চন্দননগরের শোভাযাত্রা মানেই তো আলো। বৃষ্টিতে কেউ যদি দেখতেই না পারেন। তাহলে কেন করলাম।” প্রসঙ্গত, চন্দননগর ভদ্রেশ্বরে যত পুজো হয় তার মধ্যে ৬৮ টি পুজো কমিটি রাতের শোভাযাত্রায় আলোকসজ্জা নিয়ে বের হয়। বাকিরা সকাল বেলায় প্রতিমা বির্সজন দেয়। চন্দননগর ও ভদ্রেশ্বর মিলিয়ে মোট ১৪ টি ঘাটে হয় বিসর্জন। দিনের বিসর্জন পর্ব মিটে গেলে সন্ধায় শুরু হয় শোভাযাত্রা। এই শোভাযাত্রা সারা রাত ধরে চলে।

