মাধ্যম নিউজ ডেস্ক: মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ এবং কলেজ স্ট্রিটে বইয়ের স্টল ঘিরে বামপন্থীদের আন্দোলন—দুই ঘটনাতেই কড়া অবস্থান নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সরকারি হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানে কোনও ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট বার্তা দিলেন তিনি। একইসঙ্গে কলেজ স্ট্রিটের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে বামেদের রাজনৈতিক অবস্থান নিয়েও তীব্র কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী (cm attacks opposition)।
অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাসকে ঘেরাও, কলেজ স্ট্রিটে গণ্ডগোল
বুধবার রাতে পোস্তায় জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে কলকাতা মেডিক্যাল কলেজের পরিস্থিতি নিয়ে মুখ খোলেন শুভেন্দু অধিকারী। দুর্গাপুজোর সময় চোরবাগানে দুর্ঘটনায় আহতদের মেডিক্যাল কলেজ থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ শুরু হয়। আট জন ইন্টার্নকে শো-কজ করার ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল চত্বর। দফায় দফায় বিক্ষোভ ও বৈঠকের পর সন্ধ্যায় অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাসকে ঘেরাও করা হয়। অন্যদিকে, কলেজ স্ট্রিটে বইয়ের স্টলকে কেন্দ্র করে এসএফআই ও এবিভিপির সংঘর্ষ সামাল দিতে ব্যস্ত ছিল পুলিশ। সেই পরিস্থিতির রেশ কাটতে না কাটতেই মেডিক্যাল কলেজেও নতুন করে উত্তেজনা ছড়ায়।
গোটা ঘটনার উপর কড়া নজর রাখছে নবান্ন
এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী জানান, নবান্ন গোটা ঘটনার উপর কড়া নজর রাখছে। হাসপাতালের অধ্যক্ষ, সুপার এবং এমএসভিপির সঙ্গে প্রশাসনের নিয়মিত যোগাযোগ রয়েছে। তিনি বলেন, “আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। অধ্যক্ষ যে ধরনের সাহায্য চাইবেন, প্রশাসন সেই সাহায্য করবে। হাসপাতালে এই ধরনের গুন্ডামি কোনওভাবেই বরদাস্ত করা হবে না।” ইতিমধ্যেই স্বাস্থ্যমন্ত্রীকে বিষয়টি দেখার নির্দেশ দিয়েছেন বলেও জানান মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, হাসপাতাল কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে পুলিশের সাহায্য চায়নি। তবে প্রয়োজন হলে প্রশাসন দ্রুত পদক্ষেপ করবে। শুভেন্দু বলেন, “আমাদের কাছ থেকে এখনও সরকারিভাবে সুপার পুলিশ চাননি। চাইলে কয়েক সেকেন্ড লাগবে, পুলিশ যা করার করবে।” এদিন কলেজ স্ট্রিটে বইয়ের স্টল ঘিরে বামপন্থীদের আন্দোলন নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। বাম ছাত্র সংগঠনের কর্মসূচিকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ তিনি। বামেদের কটাক্ষ করে তাঁর দাবি, নির্বাচনে বারবার পরাজয়ের মুখে পড়ে এখন তারা এই ধরনের কর্মসূচির মাধ্যমে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক থাকার চেষ্টা করছে।
বামেদের নির্বাচনী শক্তি নিয়ে চ্যালেঞ্জ
শুভেন্দু অধিকারী বলেন, “কোনও বই-টই নয়। যারা ভোটে জেতে না, ভোটে হারে, নোটার সঙ্গে লড়াই করে, সেইসব লোকেরা এখন হাফ-হার্টেড হয়ে এগুলো করতে চাইছে। মাঠে-ঘাটে কোথাও নেই।” বামেদের নির্বাচনী শক্তি নিয়েও চ্যালেঞ্জ ছুড়ে দেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, সিপিএম নেতাদের সাহস থাকলে কাস্তে-হাতুড়ি প্রতীক ছেড়ে বই প্রতীকে পুরসভা নির্বাচনে লড়াই করে জিতে দেখান। অন্তত একজন নেতা জিতলেও বোঝা যাবে, মানুষ তাঁদের পাশে রয়েছেন। মুখ্যমন্ত্রীর এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। একদিকে মেডিক্যাল কলেজের অচলাবস্থা ও হাসপাতালের শৃঙ্খলা নিয়ে প্রশাসনের কঠোর অবস্থানের বার্তা, অন্যদিকে বামেদের রাজনৈতিক আন্দোলনকে নিশানা—দুই ইস্যুতেই পোস্তার মঞ্চ থেকে স্পষ্ট বার্তা দিলেন শুভেন্দু অধিকারী।
