মাধ্যম নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের শিক্ষিত অথচ বেকার যুবক-যুবতীদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে নতুন ‘ভরসা’ (Bharosa Scheme) প্রকল্প নিয়ে বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে গোটা রাজ্যে এই প্রকল্প কার্যকর হতে চলেছে। এই প্রকল্পের আওতায় যোগ্য উপভোক্তারা মাসে ১,৫০০ থেকে ২,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, স্নাতক উত্তীর্ণ এবং সরকারি আইটিআই থেকে ভোকেশনাল সার্টিফিকেট কোর্স সম্পন্ন করা যুবক-যুবতীরা প্রতি মাসে ২,০০০ টাকা করে পাবেন। অন্যদিকে, নন-গ্র্যাজুয়েট বা আন্ডারগ্র্যাজুয়েট বিভাগের যোগ্য আবেদনকারীদের জন্য মাসিক আর্থিক সহায়তার পরিমাণ ধার্য করা হয়েছে ১,৫০০ টাকা।
কারা আবেদন করতে পারবেন?
এই প্রকল্পের সুবিধা পেতে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। ২০২৭ সালের ১ জানুয়ারি অনুযায়ী আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৪৫ বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে নন-গ্র্যাজুয়েট বা আন্ডারগ্র্যাজুয়েট বিভাগের আবেদনকারীদের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। গ্র্যাজুয়েট বিভাগের ক্ষেত্রে সম্পূর্ণ স্নাতক ডিগ্রি থাকতে হবে। তবে যাঁরা স্বনিযুক্ত পেশার সঙ্গে যুক্ত কিংবা সরকারি অথবা বেসরকারি ক্ষেত্রে কর্মরত, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। পাশাপাশি, একটি পরিবার থেকে সর্বাধিক দু’জন এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।
কোন কোন ক্ষেত্রে মিলবে না প্রকল্পের সুবিধা?
রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, অন্নপূর্ণা যোজনা অথবা পশ্চিমবঙ্গ সরকারের অন্য কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধাভোগীরা ‘ভরসা’ প্রকল্পের আওতায় আসতে পারবেন না। তবে মানবিক পেনশনের মতো দিব্যাঙ্গজনদের জন্য নির্দিষ্ট পেনশন যাঁরা পান, তাঁরাও এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। এছাড়াও ভোটার তালিকা সংক্রান্ত বিশেষ শর্ত রাখা হয়েছে। এসআইআর ২০২৬-এর পর চূড়ান্ত ভোটার তালিকায় আবেদনকারীর নাম থাকতে হবে। অন্যথায় এসআইআর অ্যাপেলেট ট্রাইব্যুনালে মামলা বিচারাধীন থাকতে হবে অথবা সিএএ-র অধীনে আবেদন বিবেচনাধীন থাকতে হবে।
কীভাবে হবে আবেদন ও তথ্য যাচাই?
প্রকল্পের সুবিধা দেওয়ার আগে আবেদনকারীদের সমস্ত তথ্য এবং যোগ্যতা সরেজমিনে যাচাই করা হবে। যাচাইয়ের পর নির্ধারিত আধিকারিক যোগ্য আবেদনকারীদের নাম সুপারিশ করবেন। ‘আপনার সরকার আপনার পাশে’ কর্মসূচির মাধ্যমে জমা পড়া আবেদনগুলিও খতিয়ে দেখা হবে। যাচাই করা তথ্য পরে ‘ভরসা’ প্রকল্পের মূল তথ্যভাণ্ডারের সঙ্গে যুক্ত করা হবে। কোনও আবেদনকারী ভুল তথ্য দিয়ে সুবিধা পেলে অথবা পরবর্তীকালে প্রকল্পের নির্ধারিত যোগ্যতা হারালে তাঁর আর্থিক সহায়তা বন্ধ বা স্থগিত করা হতে পারে। তবে এমন সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট উপভোক্তাকে নিজের বক্তব্য পেশ করার সুযোগ দেওয়া হবে।
কীভাবে মিলবে টাকা, কতদিন পাওয়া যাবে?
সরকারি নির্দেশিকা অনুযায়ী, উপভোক্তার নিজের নামে থাকা আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ব্যাঙ্ক ট্রান্সফারের (DBT) মাধ্যমে আর্থিক সহায়তার টাকা পাঠানো হবে। সমস্ত শর্ত পূরণ করলে একজন উপভোক্তা সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। ফলে রাজ্যের বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে নতুন এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
