Tag: Commonwealth Games

Commonwealth Games

  • Commonwealth Games: দেশের অ্যাথলিটদের পাশে দাঁড়াতে জানেন মোদি! জানুন কী বললেন পাক সাংবাদিক

    Commonwealth Games: দেশের অ্যাথলিটদের পাশে দাঁড়াতে জানেন মোদি! জানুন কী বললেন পাক সাংবাদিক

    মাধ্যম নিউজ ডেস্ক: সোনা জিততে না পেরে মন ভেঙে গিয়েছিল ভারতীয় কুস্তিগিরের। দেশকে পদক উৎসর্গ করতে চেয়েছিলেন। কিন্তু সোনা হাতছাড়া হওয়ায় হতাশ পূজা গেহলট (Pooja Gehlot)। কাঁদতে কাঁদতে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন তিনি। তবে হতাশা নয়, নিজের দেশের খেলোয়াড়ের পাশে দাঁড়িয়ে, তাঁকে সান্ত্বনা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। অভিভাবকের মতো তাঁর মাথায় আশীর্বাদের হাত রেখেছেন। আাগমী দিনে এগিয়ে যেতে উৎসাহ দিয়েছেন। গোটা ঘটনা দেখে অভিভূত এক পাক সাংবাদিক। প্রশ্ন তুলেছেন মোদি জানেন কীভাবে দেশের অ্যাথলিটদের পাশে দাঁড়াতে হয় আমাদের খেলোয়াড়রাও যে পদক জিতছে, পাক রাষ্ট্রপ্রধানরা কী সেকথা জানেন?

    মহিলাদের ৫০ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে ব্রোঞ্জ পদক পেয়েছেন পূজা গেহলট (Pooja Gehlot)। তার আগে সেমিফাইনালে আগাগোড়া এগিয়ে থেকেও শেষ দশ সেকেন্ডে ম্যাচের রং বদলে যায়। পূজাকে হারিয়ে দেন কানাডার অভিজ্ঞ কুস্তিগির। সোনা জয়ের স্বপ্ন সেখানেই শেষ হয়ে যায়। কিন্তু মন ভেঙে গেলেও আবার কুস্তির ম্যাটে নেমে দেশের জন্য পদক জিতে নেন পূজা।

    আরও পড়ুন: বয়স বাধা নয়! টেবিল টেনিসে সোনা শরথের, কমনওয়েলথে পদক তালিকায় ৪-এ ভারত

    তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে কান্নায় ভেঙে পড়েন ২৫ বছর বয়সি কুস্তিগির। তিনি বলেন, “সেমিফাইনালে উঠেও হেরে গেলাম। দেশবাসীর কাছে আমি ক্ষমা চাইছি। আমি ভেবেছিলাম পোডিয়ামে দাঁড়িয়ে আমার দেশের জাতীয় সংগীত বাজবে।” পূজার বক্তব্য প্রকাশ্যে আসার পরেই আলাদা করে ট্যুইট করেন প্রধানমন্ত্রী। ট্যুইটবার্তায় তিনি বলেছেন, “পূজা, তুমি পদক পেয়েছ, সেটা নিয়ে আমরা উদযাপন করব। পদক পেয়ে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে নেই। তোমার জীবন সংগ্রামের কথা আমাদের অনুপ্রাণিত করে। ভবিষ্যতে তুমি আরও অনেক সাফল্য পাবে। এগিয়ে চলো।”
    প্রধানমন্ত্রীর ট্যুইট দেখে মুগ্ধ পাকিস্তানি সাংবাদিক (Pakistani Journalist) সিরাজ হাসান। তিনি প্রধানমন্ত্রীর ট্যুইট রিট্যুইট করে লিখেছেন, “ভারতে এভাবেই খেলোয়াড়দের সমর্থন করা হয়। পূজা গেহলট সোনা জিততে পারেননি, ব্রোঞ্জ পেয়েছেন। তাকে সান্ত্বনা দিয়েছেন প্রধানমন্ত্রী। পাকিস্তানের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি কোনওদিন এভাবে টুইট করেন? আমাদের খেলোয়াড়রাও পদক জিতছেন। দেশের নেতারা কি আদৌ সেটা জানেন?”
     
     
    উল্লেখ্য, চলতি কমনওয়েলথ গেমসের প্রথম দিন থেকেই ভারতীয় অ্যাথলিটদের উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।  শেষ পর্যন্ত ৬১টি পদক পেয়ে পদক তালিকায় এবার চার নম্বরে শেষ করেছে ভারত। ভারত মোট ২২টি সোনা, ১৬টি রুপো এবং ২৩টি ব্রোঞ্জ পেয়েছে। অন্যদিকে, ১৯৬২ সালের পরে চলতি বছরেই সেরা পারফরম্যান্স করেছেন পাকিস্তানি খেলোয়াড়রা। একটি সোনা, তিনটি রুপো এবং তিনটি ব্রোঞ্জ পদক পেয়েছে পাকিস্তান। ২০২২ বার্মিংহাম কমনওয়েলথ গেমসে পদক তালিকায় পাকিস্তান রয়েছে ১৮তম স্থানে। 
  • Sourav Ganguly: সৌরভের ট্যুইট ঘিরে সমালোচনা! জানেন বিসিসিআই প্রেসিডেন্টকে কী বলছেন নেটিজেনরা?

    Sourav Ganguly: সৌরভের ট্যুইট ঘিরে সমালোচনা! জানেন বিসিসিআই প্রেসিডেন্টকে কী বলছেন নেটিজেনরা?

    মাধ্যম নিউজ ডেস্ক: কমনওয়েলথ গেমসের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র ৯ রানে হেরে রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে হরমনপ্রীত, স্মৃতি মন্ধানাদের। অথচ ম্যাচে একসময় জয়ের পাল্লা ভারী ছিল ভারতের পক্ষেই। সেই কথা জানিয়ে ট্যুইট করেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। ট্যুইট বার্তায় তিনি লেখেন, ‘রুপো জয়ের জন্য ভারতীয় মহিলা দলকে অভিনন্দন। তবে ওরা হতাশ হয়েই বাড়ি ফিরবে কারণ আজ রাতে ম্যাচটা ওদেরই ছিল।’ প্রাক্তন ভারত অধিনায়কের এই ট্যুইট ঘিরে সমালোচনার ঝড় উঠেছে নেট দুনিয়ায়। 

    সৌরভের মতো ক্রিকেটার বিসিসিআইয়ের দায়িত্বে থাকা সত্ত্বেও মহিলাদের আইপিএল এখনও সম্পূর্ণ রূপে চালু করা যায়নি কেন সে নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। ভারতীয় মহিলা ক্রিকেটের সিস্টেম,পরিকাঠামোও খারাপ, বলে দাবি একাংশের। হরমনপ্রীতদের হারের নেপথ্যে  সৌরভকেই কাঠগড়ায় তুলেছেন নেটিজেনদের একাংশ।


    প্রসঙ্গত, কমনওয়েলথ ফাইনালে স্নায়ু চাপে জেতা ম্যাচ হেরে এসেছে ভারত।  টসে জিতে প্রথমে ব্যাট করে ১৬১ রান করে মেগ ল্যানিংয়ের অস্ট্রেলিয়া। রান তাড়া করার শুরুটা দুর্দান্ত হয়েছিল ভারতের। অধিনায়ক হরমনপ্রীত এবং জেমাইমা রডরিগেজের পার্টনারশিপে তর তর করে এগোচ্ছিল ভারতের ইনিংস। কিন্তু ১১৮ রানে দুই উইকেট থেকে দলের ব্যাটিং বিপর্যয় শুরু হয় এবং শেষ পর্যন্ত ১৫২ রানে অল আউট হয়ে যায় ভারত। দলের হয়ে সর্বোচ্চ রান হরমনপ্রীতের ৬৫। দলের অন্যান্য ব্যাটাররা একটু বুঝেশুনে খেললে সোনা জিতত ভারতই। 

     

  • Commonwealth Games: নীরজও আমাদের ছেলের মতো! জানেন কী বললেন পাক জ্যাভলিন  কোচ সৈয়দ হুসেন বুখারি

    Commonwealth Games: নীরজও আমাদের ছেলের মতো! জানেন কী বললেন পাক জ্যাভলিন কোচ সৈয়দ হুসেন বুখারি

    মাধ্যম নিউজ ডেস্ক: চোটের কারণে ২০২২ কমনওয়েলথ গেমস থেকে বাদ পড়েছিলেন নীরজ চোপড়া। বিশ্বচ্যাম্পিয়নশিপে ৮৮.১৩ মিটার জ্যাভেলিন ছুড়ে রুপো জিতেছিলেন নীরজ। তাঁর লক্ষ্য ৯০ মিটারের বেশি ছোড়া জানিয়েছিলেন নীরজ। সেই স্বপ্ন এখনও পূর্ণ হয়নি। তাঁর দেখা স্বপ্নই পূরণ করলেন নীরজের বন্ধু, পাকিস্তানের আরশাদ নাদিম। কমনওয়েলথ গেমসে ৯০ মিটারের বেশি জ্যাভেলিন ছুড়ে রেকর্ড গড়ে সোনা জিতলেন পাকিস্তানের নাদিম। 

    জয়ের পর নাদিম জানান, গেমস ভিলেজে নীরজকে খুব মিস করেছেন তিনি। আরশাদ বলেন, ” চোট এই খেলার একটি অংশ তবে তিনি নীরজ চোপড়ার অনুপস্থিতি অনুভব করেছি।” আরশাদের জয়ের পর নীরজ তাঁকে ফোন করে পদক জয়ের জন্য অভিনন্দন জানান। চার বছর আগে এশিয়ান গেমসে নীরজের কাছে হেরেছিলেন আরশাদ। রুপো জিতে সন্তুষ্ট থাকতে হয়েছিল তাঁকে। তার পরে চোটের কারণে কয়েকটি প্রতিযোগিতায় নামতে পারেননি আরশাদও। বিশ্বচ্যাম্পিয়নশিপে পঞ্চম স্থানে শেষ করেন পাকিস্তানের এই প্রতিযোগী। অথচ কয়েক সপ্তাহ পরে কমনওয়েলথে নেমে বাজিমাত করেছেন তিনি।

    কমনওয়েলথের আসরে আরশাদ নাদিম ৯০.১৮ মিটার থ্রো করে সোনা জেতেন। ৯০ মিটারের কাছাকাছি পৌঁছতে পারেননি তাঁর প্রতিপক্ষ, বিশ্বের সেরা জ্যাভলিন নিক্ষেপকারী অ্যান্ডারসন পিটার্স। দ্বিতীয় হয়ে রুপোর পদক জিতেছেন তিনি।

    আরও পড়ুন: দেশের অ্যাথলিটদের পাশে দাঁড়াতে জানেন মোদি! জানুন কী বললেন পাক সাংবাদিক

    শুধু আরশাদই নন তাঁর কোচ  সৈয়দ হুসেন বুখারি জানিয়েছেন, নাদিম ও নীরজ খুব ভাল বন্ধু। দু’জনের মধ্যে ২০১৬ সাল থেকে বন্ধুত্ব রয়েছে। তিনি বলেন, ‘আমি লাহোর এবং ইসলামাবাদের অ্যাকশন প্যাক স্টেডিয়ামে নীরজ এবং আরশাদের প্রতিদ্বন্দ্বিতা দেখতে চাই। নীরজও আমাদের ছেলের মতো এবং একজন পাকিস্তানি হিসেবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে নীরজ যদি বিজয় লাভ করে, আমরা ১৯৬০ সালে মিলখা সিংয়ের জয়ে যেমন খুশি হয়েছিলাম, তেমনই খুশি হব।’ এর পাশাপাশি বুখারি বলেন, ‘নীরজ চোপড়া যদি জেতে তাহলে তারাও নীরজের প্রশংসা করবেন। তিনি বলেন, নীরজ চোপড়া এবং আরশা নাদিমের বন্ধুত্ব অনেকটা আবদুল খালিক ও মিলখা সিংয়ের মতোই।’

     

  • Commonwealth Games: আজ পাঁচটি সোনার হাতছানি! কমনওয়েলথের শেষ দিনে ভারতের বাজি সিন্ধু, শরথকমলরা

    Commonwealth Games: আজ পাঁচটি সোনার হাতছানি! কমনওয়েলথের শেষ দিনে ভারতের বাজি সিন্ধু, শরথকমলরা

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ বার্মিংহাম কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) শেষ দিন। দেখতে দেখতে এই মাল্টি স্পোর্টস ইভেন্টের ১০ টা দিন পেরিয়ে গিয়েছে। এখনও পর্যন্ত চলতি গেমসে ভারত মোট ৫৫টি পদক পেয়েছে। পদক তালিকায় পাঁচ নম্বরে রয়েছে টিম ইন্ডিয়া। রবিবার ভারতে এসেছে ১৫টি পদক। আজ  শেষ দিনে ভারতের সামনে পাঁচটি সোনা জয়ের হাতছানি। বিশেষ নজরে থাকবেন পিভি সিন্ধু-লক্ষ্য সেন-শরথকমলরা। একইসঙ্গে এ বারের কমনওয়েলথ গেমসের শেষ দিনে নজর রাখতে হবে পুরুষ হকি দলের ফাইনালে এবং ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসের মতো ইভেন্টেও। একনজরে এদিন ভারতীয়দের খেলা:

    ব্যাডমিন্টন

    মহিলাদের সিঙ্গলস ফাইনাল – পিভি সিন্ধু বনাম মিশেল লি (দুপুর ১.২০)

    পুরুষদের সিঙ্গলস ফাইনাল – লক্ষ্য সেন বনাম এনজি ইয়ং জে (দুপুর ২.১০)

    পুরুষদের ডাবলস ফাইনাল – সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি-চিরাগ শেট্টি বনাম লেন বেন-ভেন্ডি সিন (বিকেল ৩)

    টেবল টেনিস

    পুরুষদের সিঙ্গলস ব্রোঞ্জ পদক ম্যাচ – সাথিয়ান গণশেখরন বনাম পল ড্রিঙ্কারহল (বিকেল ৩.৩৫)

    পুরুষদের সিঙ্গলস ফাইনাল – অচিন্ত্য শরথকমল বনাম লিয়াম পিচফোর্ড (বিকেল ৪.২৫)

    হকি

    পুরুষদের ফাইনাল – ভারত বনাম অস্ট্রেলিয়া (বিকেল ৫)

    আরও পড়ুন: ট্রিপল জাম্পে সোনা-রুপো, বক্সিংয়ে জোড়া সোনা, কমনওয়েলথে ইতিহাস ভারতের

    বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের শেষ দিন ভারতীয় অ্যাথলিটরা নামবেন ৬টি ইভেন্টে। তার মধ্যে ৫টি পদক নিশ্চিত। আর একটি ম্যাচে ব্রোঞ্জ এলে ওই ৬টি ইভেন্টেই পদক প্রাপ্তি হবে ভারতের। আর তা হলে এ বারের কমনওয়েলথ থেকে মোট ৬১টি পদক নিয়ে দেশে ফিরবেন ভারতীয় অ্যাথলিটরা। 

    অন্যদিকে কমনওয়েলথ গেমস ক্রিকেটের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে রুপোতেই এ বারের মতো সন্তুষ্ট থাকতে হল ভারতকে। সোনা জেতা হল না। দুর্দান্ত লড়াই করেও শেষ রক্ষা হল না। হরমনপ্রীত কৌরের দল হারল ৯ রানে। অধিনায়ক হরমন নিজে ৬৫ রানের দুরন্ত ইনিংস খেলেন। জেমাইমা রদ্রিগেসও ৩৩ রান করেন। কিন্তু শেষ দিকে অভিজ্ঞ কোনও ব্যাটার না থাকার ফল ভুগতে হল। অস্ট্রেলিয়ার আট উইকেটে ১৬১ রানের জবাবে ভারত করে ১৫২ রান। 

    প্রায় জেতা খেলা হেরে স্বভাবতই খুশি নন হরমনপ্রীত। পদক গ্রহণের সময় তাঁর চেহারাতে দুঃখের ছাপ ছিল স্পষ্ট। হরমনের আক্ষেপ, “আমি জানি আমরা স্বর্ণ পদক জয়ের খুব কাছাকাছি ছিলাম, একটুর জন্য সোনা হাতছাড়া হল।” পরে সেরার সেরার কাছে হার মেনে নিয়ে হরমনপ্রীত জানান, দলের লড়াইয়ে তিনি গর্বিত। পাশাপাশি এই  পদক পরবর্তী প্রজন্মকে উদ্বুদ্ধ করবে বলেও মন্তব্য করেন তিনি। 

  • Commonwealth Games: লক্ষ্যের লক্ষ্যভেদ! কমনওয়েলথে পুরুষদের ব্যাডমিন্টন সিঙ্গলসে সোনা ভারতের

    Commonwealth Games: লক্ষ্যের লক্ষ্যভেদ! কমনওয়েলথে পুরুষদের ব্যাডমিন্টন সিঙ্গলসে সোনা ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রথম গেমে হেরে গিয়েও সোনালি প্রত্যাবর্তন লক্ষ্যের (Lakshya Sen)। কমনওয়েলথ গেমস (Commonwealth Games) ব্যাডমিন্টনের ফাইনালে ১৯-২১, ২১-৯, ২১-১৬ গেমে বিপক্ষ মালয়েশিয়ার জে ইয়ংকে হারিয়ে সোনা জিতলেন লক্ষ্য সেন। প্রথমে পিছিয়ে পড়লেও স্নায়ুর জোরে পরের দু’টি গেমে দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়ে লক্ষ্যপূরণ করলেন লক্ষ্য। এরই সঙ্গে কমনওয়েলথ গেমসে ২০টি সোনা হয়ে গেল ভারতের। বার্মিংহামের এনইসি অ্যারেনায় ফাইনালে বিশ্বমানের ব্যাডমিন্টন দেখতে পেলেন দর্শকরা।

    এর আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং অল ইংল্যান্ডে পদক জিতেছেন লক্ষ্য। এ বার কমনওয়েলথেও পদক পেয়ে গেলেন। প্রথম প্রয়াসেই সোনা! তাঁকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দলগত ইভেন্টে খুব একটা ভাল না খেললেও, সিঙ্গলসে শুরু থেকেই ভাল খেলছিলেন লক্ষ্য। ফাইনালেও একই রকম ছন্দে দেখা গেল উত্তরাখণ্ডের ব্যাডমিন্টন খেলোয়াড়কে। 

    আরও পড়ুন: অধরা স্বপ্নপূরণ! কমনওয়েলথে সিঙ্গলসে সোনা জয় সিন্ধুর

    ২০ বছর বয়সী লক্ষ্য সেন উত্তরাখণ্ডের আলমোরার বাসিন্দা। এদিন ইংয়য়ের বিরুদ্ধে প্রথম গেমে হেরে যান লক্ষ্য। ভারতের খেলোয়াড়ের কৌশল নিয়ে তখন সন্দিহান অনেকেই। এর পর দ্বিতীয় গেম থেকে তিনি ফিরে আসেন ফর্মে। তৃতীয় গেমে কিছুটা পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত লক্ষ্য সেন কামব্যাক করেন। কমনওয়েলথ গেমসের শেষদিনে ব্যাডমিন্টন সিঙ্গলস থেকে পরপর দুটো সোনার পদক এল। লক্ষ্যের আগে মহিলাদের সিঙ্গলসে কমনওয়েলথ গেমসে প্রথমবার পিভি সিন্ধু সোনা  জেতেন। এরপর লক্ষ্য  সোনা জেতায় নিউ জিল্যান্ডকে টপকে পদক তালিকায় চার  নম্বরে থাকা নিশ্চিত করল ভারত।

     

  • Commonwealth Games: বয়স বাধা নয়! টেবিল টেনিসে সোনা শরথের, কমনওয়েলথে পদক তালিকায় ৪-এ ভারত

    Commonwealth Games: বয়স বাধা নয়! টেবিল টেনিসে সোনা শরথের, কমনওয়েলথে পদক তালিকায় ৪-এ ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: শেষবার কমনওয়েলথের আসর থেকে ভারত ৬৬টি পদক এনেছিল। এ বার সেই সংখ্যাটা দাঁড়িয়েছে ৬১টিতে। যদিও শ্যুটিং বাদ পড়েছে। ২০২২ কমনওয়েলথে ভারত মোট ২২টি সোনা, ১৬টি রুপো এবং ২৩টি ব্রোঞ্জ পেয়েছে। পদক তালিকায় এবার চার নম্বরে শেষ করল ভারত। শেষদিনে ভারতের হয়ে দুরন্ত পারফরম্যান্স দেখান ব্যাডমিন্টন তারকারা। মহিলাদের ব্যাডমিন্টন সিঙ্গলসে সোনা জিতেছেন পিভি সিন্ধু। এরপর পুরুষদের সিঙ্গলসে সোনা পান লক্ষ্য সেন। শেষবেলায় পুরুষদের ব্যাডমিন্টন ডাবলসে সোনা জিতেছেন ভারতের সাত্ত্বিক সাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি। সোমবার ফাইনালে তাঁরা ইংল্যান্ডের সিন ভেন্ডি এবং বেন লেনকে পরাজিত করেন।

    আরও পড়ুন: লক্ষ্যের লক্ষ্যভেদ! কমনওয়েলথে পুরুষদের ব্যাডমিন্টন সিঙ্গলসে সোনা ভারতের

    অন্যদিকে টেবিল টেনিসেও সোনা ফলান ৪০ বছরের ‘তরুণ’ অচিন্ত্য শরথ কমল। বার্মিংহাম কমনওয়েলথ গেমসে পুরুষদের টেবিল টেনিস সিঙ্গলসে সোনা জিতলেন ভারতের এই কিংবদন্তি তারকা। সোমবার ফাইনালে তিনি লিয়াম পিচফোর্ডকে ১১-১৩, ১১-৭, ১১-২, ১১-৬, ১১-৮ ব্যবধানে পরাজিত করেছেন।  প্রথম থেকেই হোম ফেভারিট পিচফোর্ডকে চাপে রাখেন শরথ কমল। তবে যোগ্য টক্কর দেন ইংরেজ। ১৩-১১ পয়েন্টে জিতেও যান প্রথম গেম। কিন্তু তারপর থেকে খেলার রাশ ধরে নেন ভারতীয় লেজেন্ড। দ্বিতীয় গেম জেতেন ১১-৭ পয়েন্টে। তৃতীয় গেমে কার্যত তিনি ইংরেজ প্লেয়ারকে দাঁড়াতেই দেননি। জেতেন ১১-২ পয়েন্টে। শরথের টপ স্পিন, ব্যাক হ্যান্ড প্রভৃতি অস্ত্রের কোনও উত্তর ছিল না পিচফোর্ডের কাছে। চতুর্থ গেমেও একই চিত্রনাট্য। তবে কিছুটা হলেও প্রতিরোধ গড়ে তুলতে পেরেছিলেন পিচফোর্ড। ১১-৬ পয়েন্টে সেই গেমটি জেতেন ভারতীয় তারকা। ১৬ বছর আগে মেলবোর্নে সিঙ্গলসে শেষ সোনা জিতেছিলেন শরথ কমল। এ বার ফের জিতলেন। শুধু সিঙ্গলস নয় সব মিলিয়ে বার্মিংহামে তিনটি সোনা পেলেন ভারতীয় টিটি-র কিংবদন্তি তারকা। মেনস টিম ইভেন্ট, মিক্সড ডাবলস ও সিঙ্গলসে সোনা পেলেন শরথ।

    আরও পড়ুন: স্বপ্নপূরণ! কমনওয়েলথে ব্যাডমিন্টন সিঙ্গলসে সোনা জয় সিন্ধুর

    তবে শেষদিনে লজ্জার সামনে ভারতীয় হকি দল। এদিন ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল ভারত (Ind vs Aus)। কিন্তু অজিদের সামনে কেমন যেন হারিয়ে যায় ভারতের ছেলেরা। হকিতে স্বপ্নভঙ্গ হয় ভারতের। ৭-০ গোলে ভারতকে হারিয়ে সোনা জিতে নেয় অস্ট্রেলিয়া। রুপোতেই সন্তুষ্ট থাকতে হয় ভারতকে। গতবারের সোনাজয়ী অস্ট্রেলিয়ার মুহূর্মুহূ আক্রমণের সামনে খড়কুটোর মতো উড়ে যায় ভারতের রক্ষণ। ১৯৯৮ সালে কমনওয়েলথ গেমসে (CWG 2022) হকি অন্তর্ভুক্ত হয়। তারপর থেকে প্রত্যেকবারই সোনা জিতেছেন অজিরা।

  • Commonwealth Games: কুস্তিতে কিস্তিমাত! তিনটি সোনা একটি  রুপো কমনওয়েলথের আসরে দীপক, সাক্ষী, বজরংদের জয়জয়কার

    Commonwealth Games: কুস্তিতে কিস্তিমাত! তিনটি সোনা একটি রুপো কমনওয়েলথের আসরে দীপক, সাক্ষী, বজরংদের জয়জয়কার

    মাধ্যম নিউজ ডেস্ক:  কমনওয়েলথের আসরে কুস্তিতে কিস্তিমাত করল ভারতীয়েরা। শুক্রবার গেমসের অষ্টম দিন একাধিক ইভেন্টে সাফল্য পেলেন ভারতীয় অ্যাথলিটরা। তবে পদকে ভরিয়ে দিলেন কুস্তিগীররা। কুস্তিতে তিনটি সোনা, একটি রুপো ও দুটি ব্রোঞ্জ পদক আনে ভারত। কানাডার ম্যাকনেইলকে ৯-২-এ হারিয়ে দেশকে চলতি গেমস থেকে সপ্তম সোনাটি এনে দেন বজরং পুনিয়া। দাপটের সঙ্গে ফাইনাল ম্যাচ জিতে সোনা জেতেন বজরং। পুরুষদের ৬৫ কেজি ফ্রিস্টাইল বিভাগে ৯-২ ব্যবধানে কানাডিয়ান প্রতিপক্ষ লাচলান ম্যাকনিল উড়িয়ে দেন বজরং। এই নিয়ে গেমসে তৃতীয়বার পদক জিতলেন ভারতীয় তারকা কুস্তিগীর। তাঁকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    গেমস থেকে ভারতের অষ্টম ও নবম সোনা এল কুস্তিগীর সাক্ষী মালিক এবং দীপক পুনিয়ার হাত ধরে। মহিলাদের ৬২ কেজি ফ্রিস্টাইল বিভাগে কানাডার প্রতিপক্ষ অ্যানা গোডিনেজ গঞ্জালেসকে হারিয়ে সোনা জেতেন সাক্ষী। 

    চির প্রতিপক্ষ পাকিস্তানকে হারিয়ে সোনা জেতেন দীপক। পুরষদের ৮৬ কেজির ফ্রিস্টাইলের ফাইনালে দীপক পুনিয়ার প্রতিপক্ষ ছিলেন পাকিস্তানের মহম্মদ ইনাম। ৩-০ ব্যবধানে পাক প্রতিপক্ষকে হারিয়ে দেন তিনি।

    তবে একটুর জন্য সোনা হাতছাড়া হল অংশু মালিকের। প্রথমবার কমনওয়েলথের মঞ্চে নেমেই মহিলাদের ৫৭ কেজি ফ্রিস্টাইল বিভাগে রুপো ঘরে তোলেন তিনি। নাইজেরিয়ার প্রতিপক্ষের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান তিনি। তবে ফাইনাল বাউট শেষ হয় ৪-৭-এ। আর তাতেই এবারের মতো সোনা জয়ের স্বপ্নভঙ্গ হয় তাঁর। উল্লেখ্য, নাইজেরিয়ার প্রতিপক্ষ দু’বারের কমনওয়েলথ গেমসে সোনাজয়ী।

    আরও পড়ুন: স্কোয়াশে ইতিহাস সৌরভের! কমনওয়েলথে ব্রোঞ্জ পদক বাংলার ছেলের

    মহিলাদের ৬৮ কেজি বিভাগের ব্রোঞ্জ পদকের ম্যাচে ভারতের দিব্যা কাকরান জেতেন। ব্রোঞ্জ পদক ম্যাচে তাঁর প্রতিপক্ষ ছিল টোঙ্গার টাইগার লিলি ককার। মাত্র ২৬ সেকেন্ডে ‘ভিকট্রি বাই ফল’- এ ব্রোঞ্জ ম্যাচ জিতে নেন দিব্যা কাকরান। দিব্যার পাশাপাশি ভারতকে ব্রোঞ্জ এনে দিয়েছেন মোহিত গ্রেওয়াল। পুরুষদের ১২৫ কেজি ফ্রিস্টাইলে জামাইকার অ্যারন জনসনকে হারিয়ে দিয়ে ব্রোঞ্জ পেয়েছেন ভারতের মোহিত।

  • Commonwealth Games: স্কোয়াশে ইতিহাস সৌরভের! কমনওয়েলথে ব্রোঞ্জ পদক বাংলার ছেলের

    Commonwealth Games: স্কোয়াশে ইতিহাস সৌরভের! কমনওয়েলথে ব্রোঞ্জ পদক বাংলার ছেলের

    মাধ্যম নিউজ ডেস্ক: অচিন্ত্য শিউলির পর ফের বাংলায় (Bengal) এল পদক (Medal)। সৌরভ ঘোষালের (Sourav Ghosal) হাত ধরে কমনওয়েলথ গেমসে (CWG) স্কোয়াশের সিঙ্গলসে প্রথম ভারতের ঝুলিতে পদক এল। এককথায় ব্রোঞ্জ (Bronze) পদক জিতে ইতিহাস গড়লেন কলকাতার বছর ৩৫-এর সৌরভ। যাবতীয় আবেগ আর উচ্ছ্বাসকে ধরে রেখে যেন নিজেকে মেলে ধরলেন তিনি। সৃষ্টি হল ইতিহাস। ম্যাচ শেষে তাই কেঁদে ফেললেন সৌরভ। বাংলার ছেলেকে পদক জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi)। ট্যুইটবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক মঞ্চে সৌরভের এই সাফল্য দেশের যুব সম্প্রদায়কে স্কোয়াশের প্রতি আগ্রহী করে তুলবে।’

    সৌরভের ব্রোঞ্জ জয়কে বাহবা না দিয়ে উপায় নেই। এমন একজনকে  যা স্মরণীয় করে রাখার মতো। বিশ্বের প্রাক্তন শীর্ষ স্থানাধিকারী ও কমনওয়েলথ গেমসে সোনা পাওয়া ইংল্যান্ডের জেমস উইলসট্রপকে হারিয়ে পদক পেয়েছেন সৌরভ। খেলার ফল ছিল ১১-৬, ১১-১ ও ১১-৪। বাংলার এই পদকজয়ীকে শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

    বার্মিংহ‌্যামে আসার আগে সৌরভ ট্রেনিং নিয়েছিলেন বিশ্বের প্রাক্তন শীর্ষ স্থানাধিকারী গ্রেগরি গলটিয়েরের কাছে। লক্ষ্য ছিল টেকনিককে আরও নিখুঁত করে তোলা। স্কোয়াশে ইংরেজদের হারানো এমনিতেই কঠিন। তার উপর ইংল্যান্ডের মাটিতে জিতে আসা মোটেই সহজ কথা নয়। কিন্তু সেই অসাধ্যসাধন করলেন এমন একজনের বিপক্ষে যার ছ’টা কমনওয়েলথের পদক রয়েছে। জেমস উইলসট্রপের সঙ্গে গত ন’বারের সাক্ষাতে মাত্র একবার জিতেছিলেন সৌরভ।

    আরও পড়ুন: আশা করি এবার একটা সিনেমা দেখার সময় পাবে! অচিন্ত্যর প্রশংসায় মোদি

    স্কোয়াশে সিঙ্গলসে পদক জয়ের পর এদিন সৌরভ বলেন, “পরিকল্পনা অনুযায়ী খেলে পদক জিতলাম। সিঙ্গলসে পদক জয় নিঃসন্দেহে বড় ব্যাপার। আরও ভাল খেলার চেষ্টা চালিয়ে যাব।” 

  • Commonwealth Games: এলেন, দেখলেন, জয় করলেন! জানুন কমনওেলথে সোনার মেয়ে চানুর পরবর্তী লক্ষ্য

    Commonwealth Games: এলেন, দেখলেন, জয় করলেন! জানুন কমনওেলথে সোনার মেয়ে চানুর পরবর্তী লক্ষ্য

    মাধ্যম নিউজ ডেস্ক: একেবারে হেলায়, প্রতিদ্বন্দ্বীদের অনেক পেছনে ফেলে নিজের রেকর্ড ভেঙে কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) নতুন রেকর্ড সৃষ্টি করলেন মীরাবাই চানু (Saikhom Mirabai Chanu)। ভারতকে গেমসের প্রথম স্বর্ণপদক (Gold) এনে দেওয়ার পর নিজের পরবর্তী লক্ষ্য ঠিক করে ফেলেছেন চানু। এই বছরের শেষে বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ রয়েছে। কলোম্বিয়াতে হবে সেই প্রতিযোগিতা। চানু বলেন, ‘‘বিশ্বচ্যাম্পিয়নশিপে পদক জয়‌ আমার টার্গেট।‌ সেই মঞ্চে পদক জিতে দেশকে আরও একবার গর্বিত করতে চাই। কমনওয়েলথ গেমসে সোনার ফলে বিশ্বচ্যাম্পিয়নশিপের (World Championships) মঞ্চে আরও প্রত্যয়ী হয়ে নামতে পারব। ক্লিন এন্ড জার্কে বিশ্ব রেকর্ড করার চেষ্টা করব।’’

    [tw]


    [/tw]

    সোনা জেতার পর আবেগপ্রবণ হয়ে পড়েন মীরাবাই চানু। নিজের সোনার পদক উৎসর্গ করেন কোচ এবং পরিবারকে। জয়ের পর উচ্ছ্বসিত ভারতের প্রতিযোগী বলেন, “ভীষণ আনন্দ হচ্ছে। দেশকে সোনা দিতে পেরেছি। রেকর্ড গড়তে পেরেছি। এর থেকে বেশি খুশি বোধহয় কিছুই হতে পারে না।” সোনার পদকজয়ী বললেন, “অলিম্পিক্সের পর আমার কেরিয়ারে সবচেয়ে বড় প্রতিযোগিতা কমনওয়েলথ গেমস। জানতাম এখানে আমার প্রতিদ্বন্দ্বী আমি নিজেই। সেরাটা দেব ভেবেছিলাম, সেটাই দিয়েছি।” স্ন্যাচিংয়ে ৯০ কিলো প্রায় তুলে ফেলেছিলেন। একটুর জন্য সেই ভার ধরে রাখতে না পারায় বাতিল হয়ে যায়। তা নিয়ে আক্ষেপ নেই চানুর। তিনি বলেন, “অল্পের জন্য মিস করেছি ৯০ কিলো। একটু আত্মবিশ্বাস প্রয়োজন। পরের বার ঠিক পারব।”

    আরও পড়ুন: কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম সোনা জিতলেন মীরাবাই চানু, ভাঙলেন নিজেরই রেকর্ড!

    ২০১৪ সালের গ্লাসগো কমনওয়েলথ গেমসে রুপো, ২০১৭ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা, ২০১৮ সালের গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে সোনা, ২০২০ সালের (করোনার কারণে অনুষ্ঠিত হয় ২০২১ সালে) টোকিও অলিম্পিক্সে রুপো, ২০২২ সালের এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন চানু। এবার ২০২২ সালের কমনওয়েলথ গেমসে রেকর্ড গড়ে সোনা জিতলেন।

    আরও পড়ুন: জমজমাট রবিবার! কমনওয়েলথ ক্রিকেটের আসরে আজ ভারতের সামনে পাকিস্তান

    কোমরের চোটে একসময় কেরিয়ারই শেষ হয়ে যেতে বসেছিল চানুর। মানসিক ভাবেও তিনি প্রচণ্ড ভেঙে পড়েছিলেন। কিন্তু ফিরতে পারবেন সেই আত্মবিশ্বাস ছিল। সেটাই তাঁকে একের পর এক প্রতিযোগিতায় পদক জেতাচ্ছে। চানু বলেন, “দেশকে এ বারের প্রতিযোগিতায় প্রথম সোনাটা আমিই দিলাম। এটা বড় করে উদ্‌যাপন করব। বাকি প্রতিযোগীদেরও বলব দেশকে পদক এনে দাও। সোনা না পেলেও যে কোনও পদক এনে দাও। সবাই মিলে উৎসব করব।”

  • Commonwealth Games: কমনওয়েলথে ইতিহাস! প্যারা পাওয়ারলিফটিংয়ে সোনা সুধীরের, লং জাম্পে রুপো মুরলী শ্রীশংকরের

    Commonwealth Games: কমনওয়েলথে ইতিহাস! প্যারা পাওয়ারলিফটিংয়ে সোনা সুধীরের, লং জাম্পে রুপো মুরলী শ্রীশংকরের

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারোত্তলনের মতোই প্যারা পাওয়ারলিফটিংয়েও (Para Powerlifting) সোনা ভারতের (India)। হরিয়ানার সোনিপতের ছেলে সুধীর (Sudhir) বৃহস্পতিবার মধ্যরাতে প্যারা পাওয়ারলিফটিংয়ে গেমসে রেকর্ড গড়ে সোনা জিতেছেন। শারীরিক প্রতিবন্ধকতাকে তোয়াক্কা না করে তাঁর এই সাফল্যকে কুর্নিশ জানাচ্ছে গোটা দেশ। সুধীরকে অভিন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi)।

    প্যারা পাওয়ারলিফটিংয়ে পয়েন্টের হিসেবে জেতা-হারা নির্ধারিত হয়। মোট তিনবার সুযোগ মেলে। ভার তোলা, শরীরের ওজন এবং টেকনিক অনুসারে পয়েন্ট দেওয়া হয়। শরীরের ওজনের থেকে ভার বেশি হলে সেক্ষেত্রে পয়েন্ট বেশি পাওয়া যায়। ৮৭.৩০ কেজির সুধীর প্রথম প্রয়াসে ২০৮ কিলো ওজন তোলেন। দ্বিতীয় প্রচেষ্টায় তোলেন ২১২ কিলো। এরইসঙ্গে গেমসে নয়া রেকর্ড গড়েন তিনি। তবে তৃতীয় প্রচেষ্টায় ২১৭ কিলো ওজন তুলতে পারেননি তিনি। ১৩৪.৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে সোনা জিতে নেন ২৭ বছরের সুধীর। হরিয়ানার কৃষক পরিবারের ছেলে সুধীর। চার বছর বয়সেই পোলিও আক্রান্ত হন। তবু শারীরিক প্রতিবন্ধকতা তাঁর ইচ্ছেকে হারাতে পারেনি। ছোট থেকেই খেলাধুলোর প্রতি ভালোবাসা। ২০১৬ সালে প্রথম জাতীয় স্তরের প্রতিযোগিতায় সোনা জেতেন। আন্তর্জাতিক স্তরে দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ আসে ২০১৮ সালে। জাকার্তা প্যারা এশিয়ান গেমসে অভিষেকেই ব্রোঞ্জ পদক জিতে নেন। অ্যাথলেটিক মহলে ‘স্ট্রং ম্যান অব ইন্ডিয়া’ এই নামে ডাকা হয় সুধীরকে।

    চলতি কমনওয়েলথ গেমসে ভারতীয় অ্যাথলিটরা চমক দিয়েই যাচ্ছেন। এদিনই ইতিহাস গড়ে লং জাম্পে রুপো এনেছেন মুরলী শ্রীশংকর (M. Sreeshankar)। তাঁকে অভিনন্দন জানিয়ে ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী। এদিন অবশ্য খানিক দুর্ভাগ্যের শিকার হয়েছেন তিনি। সোনাজয়ীর সমান লাফিয়েও সোনা পাননি ভারতের লং জাম্পার। বৃহস্পতিবার বাহামাসের ল্যাকুয়ান নাইরনের মতো তিনিও ৮.০৮ মিটার লাফিয়েছেন। কিন্তু দ্বিতীয় সেরা লাফের বিচারে পিছিয়ে থাকায় রুপো জিতেছেন শ্রীশংকর। সুরেশ বাবু, অঞ্জু ববি জর্জ, এম এ প্রাজুসা এর আগে কমনওয়েলথ গেমসে পদক জিতেছেন। একমাত্র প্রাজুসা রুপো পেয়েছেন, বাকিরা ব্রোঞ্জ।

    আরও পড়ুন: পদক তালিকায় সপ্তম স্থানে ভারত! একনজরে বার্মিংহামের অষ্টম দিন

    এদিকে পুরুষদের হকিতে (Men’s Hockey) পুল ‘বি’-এর ম‌্যাচে ভারতীয় দল ৪-১ ব‌্যবধানে ওয়েলসকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। হ‌্যাটট্রিক করেছেন ভারতের সহ-অধিনায়ক হরমনপ্রীত। অন্যদিকে, বক্সিংয়ে সেমিফাইনালে উঠে পদক নিশ্চিত করেছেন ভারতের চার বক্সার। পুরুষদের ৫১ কেজি বিভাগে অমিত পাঙ্ঘাল, ৯২ কেজি বিভাগে সাগর অহলত, ৬৭ কেজি বিভাগে রোহিত টোকাস এবং মহিলাদের ৬০ কেজি বিভাগে জেসমিন ল‌্যাম্বোরিয়া শেষ চারে পৌঁছেছেন। 

LinkedIn
Share