Tag: court order

court order

  • ASI Probe: সাহারানপুরে মসজিদ ভাঙার পর মাটির নীচে মিলল ২০ ফুট গভীর পুরনো কাঠামো, মন্দিরের অবশেষ নয়তো?

    ASI Probe: সাহারানপুরে মসজিদ ভাঙার পর মাটির নীচে মিলল ২০ ফুট গভীর পুরনো কাঠামো, মন্দিরের অবশেষ নয়তো?

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরপ্রদেশের সাহারানপুর কালেক্টরেট চত্বরে মসজিদ (Saharanpur Mosque) ভাঙার পর মাটির নীচে মিলল প্রায় ২০ ফুট গভীর একটি পুরনো কাঠামো। প্রত্নতাত্ত্বিকদের (ASI Probe) প্রাথমিক পর্যবেক্ষণে সেটি পুরনো কুয়োর মতো বলে মনে করা হচ্ছে। কাঠামোটিতে ব্যবহৃত হয়েছে লখৌরি ইট, চুন-সুরকি ও চুন। ফলে এর বয়স, নির্মাণের উদ্দেশ্য এবং ওই এলাকার অতীত ইতিহাস নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তবে এখনও পর্যন্ত প্রত্নতাত্ত্বিক সর্বেক্ষণ বিভাগ কাঠামোটির সঙ্গে কোনও নির্দিষ্ট ধর্মীয় স্থাপনার সম্পর্কের কথা নিশ্চিত করেনি।

    ৬ সেপ্টেম্বর এই কাঠামোটির সন্ধান মেলে। তার এক দিন আগে, ৫ সেপ্টেম্বর আদালতের নির্দেশের পর সাহারানপুর কালেক্টরেট চত্বরে থাকা মসজিদটি ভেঙে ফেলা হয়েছিল। ভাঙার পর ধ্বংসাবশেষ সরানোর কাজ চলাকালীন শ্রমিকদের নজরে আসে মাটির নীচে থাকা একটি শক্ত পাটাতনের মতো অংশ। সেটি কেটে সরানোর পর নীচে একটি গভীর কাঠামো চোখে পড়ে।

    প্রত্নতাত্ত্বিক তদন্তের উদ্যোগ (ASI Probe)

    বিষয়টি প্রশাসনের নজরে আসতেই এলাকাটি চারদিক থেকে ঘিরে ফেলা হয়। জোরদার করা হয় নিরাপত্তা, মোতায়েন করা হয় প্রচুর পুলিশ। কাঠামোটির প্রকৃতি ও গুরুত্ব সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য প্রত্নতাত্ত্বিক তদন্তের উদ্যোগ নেওয়া হয়।

    ৭ সেপ্টেম্বর লখনউ থেকে প্রত্নতাত্ত্বিক সর্বেক্ষণ বিভাগের সহকারী প্রত্নতাত্ত্বিক আধিকারিক মনোজ কুমার যাদব ঘটনাস্থলে পৌঁছন। একটি মই ব্যবহার করে তিনি মাটির নীচে থাকা কাঠামোটির ভিতরে প্রবেশ করেন। প্রায় ১০ মিনিট ধরে তিনি ভিতরের অংশ, নির্মাণপ্রণালী এবং কাঠামোটির বিভিন্ন বৈশিষ্ট্য খতিয়ে দেখেন।

    প্রাথমিক পর্যবেক্ষণে কাঠামোটিকে পুরনো কুয়োর মতো মনে হয়েছে। তবে আধিকারিকেরা এখনও চূড়ান্তভাবে একে কুয়ো বলে ঘোষণা করেননি। কারণ কাঠামোটির ভিতরে যথেষ্ট পরিমাণ ধ্বংসাবশেষ জমে রয়েছে। সেই ধ্বংসাবশেষ সম্পূর্ণভাবে সরানোর পরই এর প্রকৃতি সম্পর্কে আরও নির্ভুল ধারণা পাওয়া সম্ভব হবে।

    প্রত্নতাত্ত্বিক কাঠামো

    প্রাথমিক প্রত্নতাত্ত্বিক হিসাব অনুযায়ী, কাঠামোটির গভীরতা প্রায় ২০ ফুট এবং ব্যাস প্রায় ৩ ফুট। নির্মাণে ব্যবহার করা হয়েছে লখৌরি ইট। উত্তর ভারতে মধ্যযুগের শেষভাগ এবং প্রারম্ভিক আধুনিক যুগের বহু স্থাপনায় এই ধরনের পাতলা ইট ব্যবহারের নজির রয়েছে। কাঠামোটির ভিতরে চুন-সুরকি দিয়ে তৈরি গাঁথুনি এবং চুনের প্রলেপের চিহ্নও দেখা গিয়েছে।

    নির্মাণের ধরন দেখে প্রত্নতাত্ত্বিকেরা আপাতত এটিকে পরবর্তী মধ্যযুগীয় সময়ের সঙ্গে যুক্ত করছেন। কিছু প্রাথমিক মূল্যায়নে কাঠামোটির বয়স ২০০ থেকে ২৫০ বছর হতে পারে বলে অনুমান। তবে এই বয়স এখনও নিশ্চিত নয়। ইটের মাপ, গাঁথুনির ধরন, চুনের প্রলেপ, মাটির স্তর এবং আশপাশের অন্যান্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরীক্ষা করার পরেই কাঠামোটির প্রকৃত বয়স নির্ধারণ করা সম্ভব হবে (ASI Probe)।

    এই আবিষ্কারের গুরুত্ব আরও বেড়েছে কারণ কাঠামোটি মসজিদের নীচে এতদিন সম্পূর্ণভাবে আড়ালে ছিল। মসজিদটি ভেঙে ধ্বংসাবশেষ সরানোর পরই সেটি প্রকাশ্যে আসে। ফলে মসজিদ নির্মাণের আগে ওই জায়গায় কী ছিল, সেই প্রশ্ন নতুন করে সামনে এসেছে।

    হিন্দু ধর্মীয় কোনও স্থাপনা!

    ইতিমধ্যেই দাবি উঠেছে, মসজিদ নির্মাণের আগে ওই জায়গায় হিন্দু ধর্মীয় কোনও স্থাপনা বা মন্দির থাকতে পারে। তবে এই দাবির পক্ষে এখনও কোনও প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাওয়া যায়নি। প্রত্নতাত্ত্বিক সর্বেক্ষণ বিভাগও এখনও কাঠামোটিকে কোনও নির্দিষ্ট ধর্মের সঙ্গে যুক্ত করেনি। ফলে মন্দির থাকার দাবি এবং মাটির নীচে পাওয়া কাঠামোর মধ্যে সরাসরি কোনও সম্পর্ক রয়েছে কি না, তা এখনই বলা সম্ভব নয় (Saharanpur Mosque)।

    কাঠামোটি নিয়ে অভিযোগ দায়ের করা প্রাক্তন বজরং দলের আহ্বায়ক বিকাশ ত্যাগীর দাবি, মসজিদ নির্মাণের আগে ওই জায়গায় একটি মন্দির থাকতে পারে। নতুন কাঠামো আবিষ্কারের পর তাঁর সেই দাবি আবার আলোচনায় এসেছে। তবে প্রশাসন বা প্রত্নতাত্ত্বিক কর্তৃপক্ষের তদন্তে এখনও ওই দাবির সত্যতা প্রতিষ্ঠিত হয়নি।

    এখন তদন্তকারীদের নজরে রয়েছে কাঠামোটিকে ঘিরে থাকা মাটির বিভিন্ন স্তর। মাটির স্তর বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করা হবে, কাঠামোটি কখন নির্মিত হয়েছিল, কতদিন ব্যবহার করা হয়েছিল এবং কখন সেটি পরিত্যক্ত হয়। পরে সেটি মাটির নীচে চাপা পড়েছিল কি না, কিংবা পরবর্তী সময়ে তার উপর কোনও স্থাপনা নির্মাণ করা হয়েছিল কি না, তাও খতিয়ে দেখা হবে (ASI Probe)।

    যে বিষয়টি ভাবাচ্ছে প্রত্নতাত্ত্বিকদের

    প্রত্নতাত্ত্বিকেরা আরও জানতে চাইছেন, কাঠামোটি আদৌ একটি স্বতন্ত্র জলাধার বা কুয়ো হিসেবে নির্মিত হয়েছিল কি না। এটি কোনও পুরনো বসতির অংশ ছিল কি না, সেটিও তদন্তের বিষয়। আশপাশের মাটিতে পুরনো নির্মাণের চিহ্ন, ইট, গাঁথুনি বা অন্য কোনও অবশেষ পাওয়া গেলে কাঠামোটির ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে।

    কাঠামোটির নির্মাণপ্রণালীও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। লখৌরি ইট, চুন-সুরকি এবং চুনের প্রলেপ কোন সময়ের নির্মাণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, তা বিশ্লেষণ করা হবে। ইটের আকার ও বিন্যাসের সঙ্গে ওই অঞ্চলের পুরনো স্থাপত্যের তুলনাও করা হতে পারে। এই ধরনের তথ্য কাঠামোটির আনুমানিক বয়স নির্ধারণে সাহায্য করবে।

    সাহারানপুর কালেক্টরেট চত্বরে থাকা মসজিদটিকে সরকারি জমিতে নির্মিত অননুমোদিত কাঠামো হিসেবে ঘোষণা করেছিলেন শহরের ম্যাজিস্ট্রেট। মসজিদ পরিচালন কমিটি সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছিল। পরে জেলা আদালত তাদের আবেদন খারিজ করে দেয়। আদালতের প্রক্রিয়া শেষ হওয়ার পর ৫ সেপ্টেম্বর মসজিদটি ভেঙে ফেলা হয়। প্রশাসনের বক্তব্য ছিল, নির্ধারিত আইনি প্রক্রিয়া মেনেই এই পদক্ষেপ করা হয়েছে (ASI Probe)।

    ইতিহাস নিয়ে বিতর্কে নয়া মাত্রা

    এই জমি দখল এবং সরকারি জমি ব্যবহারের অভিযোগের সঙ্গে যুক্ত হয়ে শহরের ম্যাজিস্ট্রেট প্রায় ৬ কোটি ৪১ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশও দিয়েছিলেন। এখন মাটির নীচে পাওয়া নতুন কাঠামো ওই জায়গার ইতিহাস নিয়ে বিতর্কে আরও একটি নতুন মাত্রা যোগ করেছে (Saharanpur Mosque)।

    মসজিদ ভেঙে ফেলার পর যে জায়গাটি প্রথমে শুধুমাত্র একটি ধ্বংসস্থল বলে মনে হচ্ছিল, নতুন আবিষ্কারের ফলে সেটিই এখন সম্ভাব্য প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানের ক্ষেত্র হয়ে উঠেছে। কাঠামোটি শেষ পর্যন্ত শুধুই একটি পুরনো কুয়ো হিসেবে চিহ্নিত হয়, নাকি কোনও বৃহত্তর ঐতিহাসিক স্থাপত্য বা পুরনো বসতির অংশ হিসেবে সামনে আসে, তা জানা যাবে তদন্ত শেষ হওয়ার পরেই (ASI Probe)।

     

  • Arvind Kejriwal: এবার ইডির নতুন মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে আদালতে হাজিরার নির্দেশ

    Arvind Kejriwal: এবার ইডির নতুন মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে আদালতে হাজিরার নির্দেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডি নতুন মামলা দায়ের করার পরে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) আদালতে তলব করা হয়েছে। ইতিপূর্বে বেশ কয়েকবার তাঁকে তলব করা হয়েছিল, কিন্তু তিনি ইডি দ্বারা জারি করা মোট ৮টি নোটিশ এড়িয়ে গেছেন। আজ দিল্লির একটি আদালত আম আদমি পার্টি-র এই নেতাকে আগামী ১৬ মার্চ আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে।

    কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে খবর (Arvind Kejriwal)?

    কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি আজ দিল্লির একটি আদালতে স্পষ্ট করে বলে যে আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে (Arvind Kejriwal)  জিজ্ঞাসাবাদ করতে চায় তাঁরা। দিল্লির মুখ্যমন্ত্রী আর্থিক দুর্নীতির মামলার অধীনে জারি করা একাধিক নোটিশকে এড়িয়ে যাওয়ার পরে আজ নতুন ফের নোটিশ পাঠানো হয়। কেজরিওয়াল অবশ্য ইতিপূর্বে ইডি দ্বারা জারি করা ৮টি নোটিশকে এড়িয়ে গেছেন। তদন্তকারী সংস্থা আরও জানিয়েছে, মামলায় অভিযুক্তরা দিল্লির আবগারি নীতি তৈরির সময় মুখ্যমন্ত্রীর সাথে যোগাযোগ করেছিলেন। তাই ইডি-র দায়ের করা চার্জশিটে কেজরিওয়ালের নাম একাধিকবার উল্লেখ করা হয়েছে।

    ৪ মার্চ হাজিরা দেননি কেজরিওয়াল (Arvind Kekriwal)

    অপর দিকে আপ নেতা কেজরিওয়াল (Arvind Kejriwal), নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে বিরোধী নেতাদের টার্গেট করতে ইডি-র মতো কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করার অভিযোগ তুলেছেন। ইডি শেষ নোটিশ গত ফেব্রুয়ারির শেষের দিকে জারি করেছিল এবং জিজ্ঞাসাবাদের তারিখ ৪ মার্চ নির্ধারণ করা হয়েছিল। আপ নেতা এই নোটিশকে “অবৈধ” বলে অভিহিত করেছেন। তিনি আরও বলেন, “ভিডিও-কনফারেন্সিং মাধ্যমে সংস্থার সামনে হাজির হতে প্রস্তুত ছিলাম।” কিন্তু কেন্দ্রীয় সংস্থা অবশ্য শারীরিক ভাবে উপস্থিতির উপর জোর দিয়েছিল। ভিডিও কনফারেন্সিং মাধ্যমে প্রশ্ন করার কোনও বিধান নেই। ইডি এর আগে দিল্লির এখন বাতিল করা আবগারি নীতি সংক্রান্ত অর্থ পাচারের মামলায় দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া এবং রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং, দুই শীর্ষ আপ নেতাকে গ্রেপ্তার করেছে। তাঁরা এখন জেলে রয়েছেন।

    কেজরিওয়ালের বক্তব্য (Arvind Kekriwal)

    আজ নতুন মামলায় ইডির নোটিশ সম্পর্কে কেজরিওয়াল (Arvind Kejriwal) বলেন, “যাঁরা বিজেপিতে যোগ দিতে অস্বীকার করে তাঁদেরকেই জেলে পাঠানো হয়। সত্যেন্দ্র জৈন, মনীশ সিসোদিয়া এবং সঞ্জয় সিং আজ বিজেপিতে যোগ দিলে কাল জামিন পাবেন। এমনকী আমি এখন বিজেপিতে যোগ দিলে ইডি-র নোটিশ পাওয়া বন্ধ হয়ে যাবে। বেশ কয়েকটি আদালতের রায়ে বলা হয়েছে যে ইডিকে অবশ্যই জানাতে হবে যে কেন কোন ব্যক্তিকে তলব করা হচ্ছে। দুর্ভাগ্যবশত কেন্দ্র সরকার আদালতের আদেশ মানতে অস্বীকার করে। নিজেদের আইনের ঊর্ধ্বে মনে করে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Purba Medinipur: রাজ্যে ৩৫৫ অথবা ৩৫৬ ধারা জারি করা হোক, নন্দীগ্রামে হুঙ্কার শুভেন্দুর

    Purba Medinipur: রাজ্যে ৩৫৫ অথবা ৩৫৬ ধারা জারি করা হোক, নন্দীগ্রামে হুঙ্কার শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্রীয় সরকার এবং রাজ্যপালের ওপর ক্ষোভ প্রকাশ করলেন শুভেন্দু অধিকারী। শনিবার নন্দীগ্রামের (Purba Medinipur) নন্দনায়কবাড়ে ৭৭ নম্বর বুথে ভোট দিলেন তিনি। ভোট দিয়ে রাজ্য সরকারের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ক্ষোভ প্রকাশ করেন তিনি। বলেন, বিরোধীদের মারধরের পাশাপাশি সাংবাদিকদেরও মারধর করল পুলিশ। কোর্টের নির্দেশ মানেনি এই নির্বাচন কমিশন। পাশাপাশি এই রাজ্যে ৩৫৫ এবং ৩৫৬ ধারা প্রয়োগের দাবি জানান তিনি।

    রাজ্য জুড়ে ভোটের দিন সন্ত্রাস চলেছে

    রাজ্যের বিরোধী দলনেতা এবং নন্দীগ্রামের (Purba Medinipur) বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ভোটে সন্ত্রাস ছড়িয়েছে তৃণমূল। এই ভোটের দিনেই রাজ্যে প্রাণ গেছে বেশ কয়েক জনের। গণতন্ত্র লুণ্ঠিত হয়েছে সর্বত্র। তিনি যখন নন্দনায়ক বাড়ে ভোট দেন, সেই সময় তৃণমূলের কর্মীরা গন্ডগোল করে বলে বিশেষ অভিযোগ ওঠে।

    কেমন চিত্র ছিল নন্দীগ্রামে (Purba Medinipur)

    ভোটের দিন সকাল থেকেই নন্দীগ্রামের (Purba Medinipur) তারাচাঁদবাড় গ্রামে ৬৭ ও ৬৮ নং বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকায় ভোটাররা ভোট বয়কট করেন। ওই ভোট কেন্দ্রের ভোটার পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূলের সহ সভাধিপতি শেখ সুফিয়ান। ওই কেন্দ্রে ভোট দিতে গেলে ভোটাররা তাঁকে ঘিরেও বিক্ষোভ দেখান এবং ভোট যাতে দিতে না পারেন, তাই বিশৃঙ্খলা তৈরি করেন। পরে ঘটনাস্থলে আসে নন্দীগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী। এলাকার সাধারণ ভোটাররা পুলিশের সামনে বিক্ষোভ দেখান। পুলিশের পা ধরে কেন্দ্রীয় বাহিনীর দাবি করতে দেখা যায় সাধারণ ভোটারদের। কেন্দ্রীয় বাহিনী না এলে কীটনাশক খেয়ে তাঁরা আত্মহত্যা করার কথাও জানান। পরে পুলিশের আশ্বাসে বুথে বাহিনী মোতায়েন হয় প্রায় আড়াই ঘন্টা পর। আর এর পরেই ভোট শুরু হয় সেখানে। নন্দীগ্রামের পাশাপাশি ময়নাতেও বেশ কিছু জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে । স্থানীয় ভোট কর্মীদের অভিযোগ, মুখে কালো কাপড় বেঁধে বাহিনীর বেশে এসে বন্দুক ঠেকিয়ে ছাপ্পা ভোট দিয়েছে দুষ্কৃতীরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Life Sentence: স্ত্রীকে খুনের দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা আদালতের

    Life Sentence: স্ত্রীকে খুনের দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা আদালতের

    মাধ্যম নিউজ ডেস্ক: বিবাহ-বহির্ভূত সম্পর্কের পরিণতি যে কী ভয়াবহ এবং মর্মান্তিক হতে পারে, সেরকমই একটি ঘটনা সামনে এল আদালতের রায়কে ঘিরে। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রীকে খুন করেও অবশ্য শেষ রক্ষা হল না। স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডের (Life Sentence) নির্দেশ শোনাল আদালত। 

    ১০ আগস্ট গভীর রাতে কী ঘটেছিল?

    ২০১৬ সালের ১০ আগস্ট স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ ওঠে মালদার মানিকচকের বাসিন্দা দিলীপ রায়ের বিরুদ্ধে। অভিযোগ ছিল, দিলীপ রায়ের সঙ্গে অপর এক মহিলার বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল। সেই সম্পর্কে বাধা দেওয়ায় স্ত্রীকে তিনি মারধর ও নির্যাতন করতেন। সেই ঘটনার জেরেই ১০ আগস্ট গভীর রাতে শোবার ঘরে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করেন তিনি। মৃত গৃহবধূর নাম সুপ্রিয়া রায়। বাপেরবাড়ি মুর্শিদাবাদ জেলার ফরাক্কা থানা এলাকায়। ওইদিন প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে মেয়ের শ্বশুরবাড়িতে ছুটে আসে পরিবারের লোকজন। বাড়িতে এসে মেয়ের মৃতদেহ পড়ে থাকতে দেখেন তাঁরা। তারপরেই মৃত গৃহবধূর বাবা অভিনয় মন্ডল মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। 

    পুলিশ কী ব্যবস্থা নিয়েছিল?

    অভিযোগের ভিত্তিতে স্বামী সহ আরও একজনকে পুলিশ গ্রেফতার করে। মালদা জেলা আদালতে শুরু হয় এই মামলা। প্রায় ৮ বছর ধরে চলে শুনানি। অবশেষে একাধিক সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে অভিযুক্ত দিলীপ রায়কে দোষী সাব্যস্ত করে আদালত। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ, ৩০২, ৩০৪বি ও ৩৪ ধারায় মামলা হয়। ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ তে দোষী সাব্যস্ত করে তিন বছরের জেল, দুহাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাস জেলের সাজা ঘোষণা করে আদালত। ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড (Life Sentence), পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস জেল হেফাজতের সাজা ঘোষণা করে আদালত। 

    সরকারি আইনজীবী কী জানালেন?

    সরকারি পক্ষের আইনজীবী প্রশান্ত কুন্ডু বলেন, এই মামলায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের (Life Sentence) নির্দেশ দিয়েছে আদালত। মোট ১৬ জনের সাক্ষ্যপ্রমাণ নেওয়া হয়েছে। তার মধ্যে ছয় বছরের সন্তানের বয়ানের উপর ভিত্তি করেই অভিযুক্তকে দোষী প্রমাণিত করেছে আদালত। অবশেষে সাজা ঘোষণা হল যাবজ্জীবন কারাদণ্ড।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share