Tag: cpm

cpm

  • Hooghly: লক্ষ্য একই, দুর্নীতিমুক্ত পঞ্চায়েত! ভোটে তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী দুই ভাই

    Hooghly: লক্ষ্য একই, দুর্নীতিমুক্ত পঞ্চায়েত! ভোটে তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী দুই ভাই

    মাধ্যম নিউজ ডেস্ক: পাণ্ডুয়ার ক্ষীরকুন্ডি ২৫০ নম্বর গ্রামসভায় এবার দুই ভাইয়ের লড়াই দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়ার লক্ষ্যে। ক্ষীরকুন্ডি নিয়ালা নামাজ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা বিজয়ানন্দ হাজরা এবং আনন্দ হাজরা এবার ২৫০ নম্বর বুথের তৃণমূলের বিরুদ্ধে যথাক্রমে সিপিএম এবং বিজেপির প্রার্থী। উভয়েই প্রতিদ্বন্দ্বিতা করবেন এবারের পঞ্চায়েত নির্বাচনে। এলাকায় বেশ উত্তেজনা ভোটের প্রচারে।

    কেমন হবে নির্বাচনী লড়াই?

    ভোটের ময়দানে ক্ষীরকুন্ডি গ্রামের এই একই পরিবারের দুই ভাই কেউ কাউকে জমি ছাড়তে নারাজ। ভোট আসতে আর বেশি দেরি নেই। তাই দুই ভাই জোর কদমে চালিয়ে যাচ্ছেন ভোট প্রচার। দুজনের মনেই জয়ের আশা তীব্র। দলীয় লড়াই আলাদা আলাদা ভাবে হলেও উদ্দেশ্য একই, দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়া।

    বিজেপি প্রার্থীর বক্তব্য

    এই বিষয়ে ছোট ভাই বিজেপি প্রার্থী আনন্দ হাজরা বলেন, বামপন্থী পরিবারে বড় হলেও মোদিজির আদর্শ দেখে বিজেপিতে আসা। বাবা প্রথমে একটু অসন্তুষ্ট হলেও ম্যানেজ করে নিতে হয়েছিল। দুই ভাইয়ের পারিবারিক সম্পর্ক অত্যন্ত ভালো। রাজনীতি রাজনীতির জায়গায়, আর বাড়ি বাড়ির জায়গায়। কোনও পারিবারিক দ্বন্দ্ব নেই।

    সিপিএম প্রার্থীর বক্তব্য

    বড় ভাই সিপিএম প্রার্থী বিজয়ানন্দ হাজরা বলেন, ছোট থেকে বাবাকে দেখে বড় হয়েছি। বাবা বামপন্থী মতে বিশ্বাসী ছিলেন। বামফ্রন্টের সময়ে দীর্ঘদিন পাণ্ডুয়া পঞ্চায়েত সমিতির সদস্যও ছিলেন বাবা। তাই বাবার আদর্শে আমিও বামপন্থী মতে বিশ্বাসী। ভাই আলাদা রাজনৈতিক দলের হয়ে প্রতিনিধিত্ব করতে পারে। কিন্তু ভাই ভাইই থাকবে। তিনি আরও বলেন, অবশ্যই ভাই আর ভাইয়ের বউয়ের কাছে যাব, আমার পার্টিকে ভোট দেওয়ার জন্য বলবো।

    তৃণমূলের বক্তব্য

    নির্বাচনে ক্ষীরকুন্ডিতে কী বলছে তৃণমূল? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূল কংগ্রেসের পাণ্ডুয়া  ব্লক সভাপতি সঞ্জয় ঘোষ বলেন, রাম বাম একই। এতো পুরো জগাই আর মাধাই। যদিও এবার পাণ্ডুয়াতে এলাকার রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তৃণমূল মোটেই সুবিধার জায়গায় নেই। অনেক পুরনো কর্মী এবার প্রার্থী হতে না পেরে, একপ্রকার বসেই গেছেন। পাণ্ডুয়ার একাধিক শাসক দলের কার্যালয় টিমটিম করছে। সন্ধ্যার পর অনেকেই ঝাঁপ বন্ধ করে দিচ্ছেন। কর্মীদেরও সেভাবে মাঠে-ময়দানে নামতে দেখা যাচ্ছে না। এমত অবস্থায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দোপাধ্যায় বুধবার সময় দিয়েছেন পাণ্ডুয়ায় জনসভা করার জন্য।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Panchayat Vote: দেগঙ্গায় মিছিল লক্ষ্য করে বোমা-গুলি, বাবার সামনেই খুন স্কুলপড়ুয়া

    Panchayat Vote: দেগঙ্গায় মিছিল লক্ষ্য করে বোমা-গুলি, বাবার সামনেই খুন স্কুলপড়ুয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটের হিংসার বলি এবার স্কুলপড়ুয়া। তৃণমূল সমর্থক বাবার সামনেই বোমা মেরে স্কুলপড়ুয়া নাবালক ছেলেকে খুনের অভিযোগ উঠল। কাঠগড়ায় আইএসএফ ও সিপিএম। মঙ্গলবার রাতে সিপিএম-আইএসএফ সমর্থিত নির্দল প্রার্থীর অনুগামীরাই বাড়ি ফেরার পথে একাদশ শ্রেণির ছাত্র ইমরান হাসান (১৭)-কে বোমা ছুড়ে খুন করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার জেরে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় উত্তর ২৪ পরগনার দেগঙ্গার সোহাই শ্বেতপুর অঞ্চল। অভিযুক্ত আইএসএফ সমর্থকদের বাড়িতে বাড়িতে হামলা, ভাঙচুর এবং খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সোহাই শ্বেতপুর অঞ্চলের গাঙগাটি গ্রামে এখনও পরিস্থিতি থমথমে হয়ে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ইতিমধ্যে পাঁচজনকে গ্রেফতার করেছে।

    ঠিক কী ঘটনা?

    জানা গিয়েছে, মঙ্গলবার রাত ১১টা নাগাদ দেগঙ্গার সোহাই শ্বেতপুর গ্রাম পঞ্চায়েতের (Panchayat Vote) গাঙার্টি গ্রামে মিছিল করে যাচ্ছিলেন তৃণমূল সমর্থকেরা। সেই মিছিলেই ছিল একাদশ শ্রেণির ছাত্র ইমরান। একই সময়ে মিছিল চলছিল বাম ও আইএসএফ সমর্থিত নির্দলদের। অভিযোগ, বামেদের মিছিল থেকেই তৃণমূল কর্মীদের লক্ষ্য করে বোমা ছোড়া হয়। তা গিয়ে লাগে ওই ছাত্রের গায়ে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাকে কেন্দ্র করে রাতেই রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। অভিযুক্তের বাড়িতে চড়াও হন তৃণমূলের কর্মী–সমর্থকরা। তার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। জানা গেছে মৃত ছাত্র এক তৃণমূল কর্মীর ভাইপো। এই ঘটনায় জড়িত সন্দেহে এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার অভিযুক্তদের বারাসত আদালতে তোলা হবে। 

    দেগঙ্গাতে সংঘর্ষ চলছেই

    মঙ্গলবার তৃণমূল এবং আইএসএফ সংঘর্ষে উত্তপ্ত হয়েছিল দেগঙ্গার চাকলা গ্রাম পঞ্চায়েত এলাকাও। পঞ্চায়েতের (Panchayat Vote) ২৩০ এবং ২০৯ নম্বর বুথ এলাকায় দুই দলের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন বলে জানা গিয়েছে। তারপর মঙ্গলবার রাতে বোমাবাজির ঘটনায় প্রাণ গেল ১৭ বছরের এক পড়ুয়ার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Panchayat Poll: বাসন্তীর পর কুলতলিতে গুলিবিদ্ধ তৃণমূল প্রার্থী, অভিযুক্ত সিপিএম

    Panchayat Poll: বাসন্তীর পর কুলতলিতে গুলিবিদ্ধ তৃণমূল প্রার্থী, অভিযুক্ত সিপিএম

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত ভোট (Panchayat Poll) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যজুড়ে রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটছে। শুধু গুলিবিদ্ধ হয়ে একের পর এক রাজনৈতিক মৃত্যুর ঘটনা ঘটেছে। দুদিন আগেই যুব তৃণমূল কর্মীকে খুন করার ঘটেছিল ঘটেছিল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে। সোমবার রাতে বাসন্তীতে এক তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হন। সেই ঘটনার জের মিটতে না মিটতেই মঙ্গলবার কুলতলিতে  গুলিবিদ্ধ হলেন তৃণমূল প্রার্থী। এই ঘটনাকে কেন্দ্র করে পঞ্চায়েত ভোটের আগে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে?

    কুলতলির মেরীগঞ্জ ১ গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোটের (Panchayat Poll) প্রচার করছিলেন তৃণমূল প্রার্থী কুতুবুদ্দিন ঘরামি। সেই সময় দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। তৃণমূল প্রার্থী ছুটে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায়। তৃণমূল প্রার্থীর পায়ে গুলি লাগে। হামলাকারীরা সিপিএম এবং এসইউসি আশ্রিত দুষ্কৃতী বলে তৃণমূলের অভিযোগ। মেরিগঞ্জ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১২ নম্বর বুথের গ্রাম সভার তৃণমূল প্রার্থী কুতুবুদ্দিনসাহেব। কুতুবুদ্দিনকে উদ্ধার করে জামতলা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকে উত্তেজনা মারিগঞ্জ এলাকায়। কখনও দেওয়াল লেখাকে কেন্দ্র করে মারধর, বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এবার গুলি চালানোর ঘটনা ঘটল। ঘটনার পর পরই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

    কী বললেন আক্রান্ত তৃণমূল প্রার্থী?

    তৃণমূল প্রার্থী কুতুবুদ্দিনসাহেব বলেন, এলাকায় তৃণমূলের যথেষ্ট প্রভাব রয়েছে। পঞ্চায়েত ভোটে (Panchayat Poll) আমরা ভাল ফল করব। প্রার্থী হিসেবে এলাকায় ব্যাপক সাড়া পেয়েছি। বিরোধীরা এটা মেনে নিতে পারছে না। সিপিএম এবং এসইউসি মিলে এই হামলা চালিয়েছে। আমাকে খুন করার জন্যই ওরা হামলা চালিয়েছিল। আমি পালিয়ে গিয়ে প্রাণে বেঁচেছি। তবে, ওদের ছোঁড়া গুলি আমার পায়ে লেগেছে।

    কী বললেন সিপিএম নেতৃত্ব?

    কুলতলি এরিয়া কমিটির সেক্রেটারি উদয় মণ্ডল বলেন, তৃণমূলের পায়ের তলার মাটি সরে গিয়েছে। সিপিএম কর্মীদেরকে চক্রান্ত করে ফাঁসানোর জন্য মিথ্যে মামলা দেওয়ার জন্য পরিকল্পিতভাবে বদনাম করার জন্য তারা সিপিএমের নাম বলছে। এর ঘটনার সঙ্গে সিপিএম কোনওভাবেই যুক্ত নয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • TMC: পঞ্চায়েত ভোটের আগে সিপিএম-তৃণমূল সংঘর্ষ, চারদিন ধরে পুরুষশূন্য গ্রাম

    TMC: পঞ্চায়েত ভোটের আগে সিপিএম-তৃণমূল সংঘর্ষ, চারদিন ধরে পুরুষশূন্য গ্রাম

    মাধ্যম নিউজ ডেস্ক: আতঙ্কে পুরুষশূন্য গোটা গ্রাম। চারদিন অনাহারে গ্রামের মহিলা সহ শিশুরা। প্রাণের ভয়ে গ্রাম ছাড়ছেন অনেকে। কার্যত শ্মশানে পরিণত হয়েছে গোটা গ্রাম। পঞ্চায়েত ভোটের আবহে তৃণমূল (TMC)-সিপিএম সংঘর্ষে গত চারদিন ধরে এই চিত্র পুরুলিয়ার রঘুনাথপুর ২ নং ব্লকের কলাগাড়া গ্রামের। কবে ফিরবে গ্রামের শান্তি, সেই দিকে তাকিয়ে রয়েছেন অসহায় গ্রামবাসীরা।

    ঠিক কী ঘটনা ঘটেছে?

    পঞ্চায়েত নির্বাচনের আবহে গোটা রাজ্যের সঙ্গে অশান্তির কবলে পুরুলিয়া। জানা যায়, পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি হিসেবে ২৪ জুন গ্রামে সিপিএমের একটি সভার আয়োজন করা হয়। অভিযোগ, সেই সভায় তৃণমূল (TMC) হামলা চালায়। ছোড়া হয় ইট, পাটকেল। ঘটনার পর পরই সিপিএমের পক্ষ থেকে প্রতিরোধ করা হয়। গ্রামের সাধারণ মানুষও সামিল হন। আর এর পরেই ২৫ জুন দিনভর কলাগাড়া গ্রামে লাগাতার হামলা চালায় একদল দুষ্কৃতী। অবস্থা সামাল দিতে গ্রামে ছুটে আসে রঘুনাথপুর থানার বিশাল পুলিশ বাহিনী। গ্রামে বসানো হয়েছে পুলিশ পিকেট। গোটা ঘটনায় অতঙ্কিত গ্রামের মহিলা ও শিশুরা। গ্রামে ফিরতে পারছেন না পুরুষ সদস্যরা। যে কজন মানুষ গ্রামে রয়েছেন, তাঁদেরকেও পুলিশ উঠিয়ে নিয়ে গিয়েছে বলে দাবি বাসিন্দাদের। গ্রামের দোকানপাট বন্ধ থাকায় খাবারের অভাব দেখা দিয়েছে। অনাহারে গ্রামের মহিলা ও শিশুরা। নেই প্রশাসনের কোনও সাহায্য। আর সিপিএমের যে দুই প্রার্থীর সমর্থনে গ্রামে এত গণ্ডগোল, তাঁরা তৃণমূলে যোগ দিয়েছেন।

    কী বললেন সিপিএম নেতৃত্ব?

    সিপিএমের জেলা সম্পাদক প্রদীপ রায় বলেন, নির্বাচনের আগে গ্রাম দখল করতে ও এলাকায় সন্ত্রাস ছড়াতে তৃণমূল (TMC) গ্রামে হামলা চালিয়ে বহু বাড়ি ভাঙচুর করেছে। গৃহহীন হয়ে পড়ে এলাকার সাধারণ মানুষ। আর ভোট না হতেই দলেরই দুই প্রার্থীকে ওরা নিজেদের দলে নিয়েছে। এটা গণতন্ত্রের লজ্জা।

    কী বললেন তৃণমূলের (TMC) জেলা নেতৃত্ব?

    তৃণমূলের (TMC) জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, কোথাও কোনও সন্ত্রাস করা হয়নি। ওই ঘটনার সঙ্গে তৃণমূল জড়িত নয়। সিপিএম আমাদের নামে মিথ্যা অভিযোগ করছে। আর দুজন সিপিএম প্রার্থী আমাদের দলে স্বেচ্ছায় এসেছে। জোর করে কাউকে আমাদের দলে নেওয়া হয়নি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Panchayat Election: পঞ্চায়েত নির্বাচনে পিসেমশাইয়ের বিরুদ্ধে শালাবাবুর ছেলের লড়াই জমে উঠেছে

    Panchayat Election: পঞ্চায়েত নির্বাচনে পিসেমশাইয়ের বিরুদ্ধে শালাবাবুর ছেলের লড়াই জমে উঠেছে

    মাধ্যম নিউজ ডেস্ক: এ যেন প্রবীণের সঙ্গে নবীনের লড়াই। পিসেমশাইয়ের সঙ্গে লড়ছেন শালাবাবুর ছেলে। পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election) এমনই ছবি দেখা গেল দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি গ্রাম পঞ্চায়েতের মুন্ডাপাড়ার ১৯৪ নম্বর বুথে। এই বুথে এবার পিসেমশাই ও ভাইপোর লড়াই জমে উঠেছে। আর এ লড়াই দাঁতে দাঁত চেপে লড়াই। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। গোটা এলাকা জুড়ে এই বুথ নিয়েই শুধু চর্চা হচ্ছে।

    কে কোন দলে একে অপরের বিরুদ্ধে লড়াই করছেন?

    গত পঞ্চায়েতে (Panchayat Election) এই বুথে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে জিতেছিলেন বর্তমানে বিজেপির প্রার্থী সুরজিৎ দাসের পিসিমা মঙ্গলা সাউ। এবছর ওই বুথে তাঁর স্বামী সজল সাউ দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতীকে। গত পাঁচ বছর এই বুথে শাসকদলের লাগামছাড়া দুর্নীতি নিজে চোখে দেখেছেন বর্তমান বিজেপির প্রার্থী সুরজিৎ দাস। তাই তৃণমূল কংগ্রেসের এই দুর্নীতির বিরুদ্ধে নিজের পিসেমশাইয়ের প্রতিদ্বন্দ্বী হয়েছেন তিনি। ভোটে দাঁড়িয়ে পিসেমশাইয়ের পায়ে হাত দিয়ে আশীর্বাদ নিয়ে তাঁর বিরুদ্ধে বিজেপির প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন তিনি।

    কী বললেন তৃণমূল প্রার্থী?

    বিজেপির প্রার্থী তৃণমূলের দিকে দুর্নীতির আঙুল তুলেছেন। এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সজল সাউ বলেন, আমাদের দলের কিছু মানুষ অসৎ, তাই তাঁরা শাস্তি পাচ্ছেন। সব মানুষ খারাপ নয়। দিদির যে উন্নয়ন এলাকার মানুষ চোখে দেখেছেন, তাই এবার পঞ্চায়েত ভোটে (Panchayat Election) তারা বিজেপিকে হারাবেন। আর দুজনের মধ্যে রাজনৈতিক লড়াই হলেও তাতে সম্পর্কের কোনও অবনতি হবে না।

    কী বললেন বিজেপি প্রার্থী?

    পিসেমশাইয়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিয়ে তাঁর বিরুদ্ধে লড়াইয়ে নেমে বিজেপি প্রার্থী সুরজিৎ দাস বলেন, পিসেমশাইয়ের সঙ্গে আমাদের সম্পর্কের কোনও অবনতি হবে না। তবে রাজনীতির ময়দানে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নই। মানুষ দুর্নীতিমুক্ত পঞ্চায়েত (Panchayat Election) গড়তে বিজেপিকে ভোট দেবেন।

    কী বললেন সিপিএম প্রার্থী?

    পিসেমশাই এবং শালাবাবুর ছেলের এই লড়াইয়ের মাঝে ঘোলা জলে মাছ ধরতে মাঠে নেমে পড়েছেন সিপিএম প্রার্থী  জিয়াউল কাজি। তিনি বলেন, রাজ্যের পিসি-ভাইপোকে যেমন দেখছি এখানেও পিসেমশাই-শালাবাবুর লড়াই জোট বেঁধেছে। গত পাঁচ বছর ধরে বিজেপি প্রার্থীর পিসি খেয়েছে. আর এবার পাঁচ বছর পিসির ভাইপোকে খাওয়ার সুযোগ করে দিচ্ছে। কিন্তু, সেটা হবে না। মানুষ পঞ্চায়েত  ভোটে (Panchayat Election) সিপিআইএমকে ভোট দেবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • TMC: ডোমকলে অভিষেক আসার আগেই সিপিএমের সঙ্গে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৬ তৃণমূল কর্মী

    TMC: ডোমকলে অভিষেক আসার আগেই সিপিএমের সঙ্গে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৬ তৃণমূল কর্মী

    মাধ্যম নিউজ ডেস্ক:  মঙ্গলবার মু্র্শিদাবাদের ডোমকলে নির্বাচনী প্রচারে আসছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের (TMC)  সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। এলাকায় দলীয় প্রার্থীদের সমর্থনে তিনি সভা করবেন। তারই প্রস্তুতি চলছে। ঠিক তার আগে সোমবার সন্ধ্যায় সিপিআইএম -তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল ডোমকলের জোতকানা তুলসীপুর এলাকা। গণ্ডগোলকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক বোমাবাজি হয় বলে তৃণমূল কর্মীদের অভিযোগ। কয়েক রাউন্ড গুলি চালানোর ঘটনা ঘটে। আর তাতে ছয়জন তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।

    ঠিক কী নিয়ে গণ্ডগোল?

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে,এদিন জোতকানা এলাকায় দলীয় প্রার্থীদের সমর্থনে সিপিএমের পক্ষ থেকে মিছিল করা হয়। সেই মিছিলে তৃণমূল বাধা দেয়। এনিয়ে সিপিএমের কর্মী, সমর্থকদের সঙ্গে তৃণমূল কর্মীদের বচসা বাধে। পরে, হাতাহাতি শুরু হয়। এরপরই এলাকায় বোমাবাজি এবং গুলি চালানোর অভিযোগ ওঠে।

    আক্রান্ত তৃণমূল (TMC) কর্মীদের কী বক্তব্য?

    যদিও আক্রান্ত তৃণমূল (TMC) কর্মীদের বক্তব্য, সিপিএমের মিছিল এলাকা দিয়ে যাওয়ার সময় এক মহিলা তৃণমূল কর্মীকে কটূক্তি করে। তা নিয়ে তৃণমূল কর্মীরা প্রতিবাদ করতে গেলে মিছিল থেকে ওই কর্মীদের উপর চড়াও হয়। আরও কয়েকজন তৃণমূল কর্মী এসে প্রতিবাদ করলে তারা রুদ্র মূর্তি ধারণ করে। তৃণমূল কর্মীদের লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়।

    কী বললেন সিপিএম নেতৃত্ব?

    সিপিএমের মুর্শিদাবাদ জেলার সাধারণ সম্পাদক জামির মোল্লা বলেন, এদিন ডোমকলে তৃণমূল (TMC) কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণ হয়েছে। রাজ্যে তৃণমূল সব জায়গায় সন্ত্রাস চালাচ্ছে। ফলে, যেখানে গণ্ডগোল হচ্ছে, সেখানেই তৃণমূল রয়েছে। এখানেও আমাদের দলের মিছিলে তৃণমূলের লোকজন বাধা দেওয়ার চেষ্টা করে। দলীয় কর্মীরা প্রতিবাদ করে। তা নিয়ে গণ্ডগোল হয়। এরপরই ওরা গুলি চালিয়েছে। নিজেদের গুলিতে তারা গুলিবিদ্ধ হয়েছে। এরসঙ্গে সিপিএমের কোনও যোগ নেই।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Panchayat Election: একই পরিবারে ৩ প্রার্থী, নেই রাজনৈতিক হিংসা! অন্য নজির পূর্ব মেদিনীপুরে

    Panchayat Election: একই পরিবারে ৩ প্রার্থী, নেই রাজনৈতিক হিংসা! অন্য নজির পূর্ব মেদিনীপুরে

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত নির্বাচন আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। প্রতিটি রাজনৈতিক দল রীতিমতো কোমর বেঁধে নেমে পড়েছে ভোটপ্রচারে। তবে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের কোলা-২ গ্রাম পঞ্চায়েতের আশুরালী গ্রামে ভোটপ্রচার (Panchayat Election) একটু অন্য রকম। এই গ্রামে প্রার্থীদের মধ্যে নেই ভোট নিয়ে হিংসা, বিবাদ কিংবা প্রার্থীদের মধ্যে ভোটপ্রচার নিয়ে টক্কর। এই আসনটি ওবিসিদের জন্য সংরক্ষিত হওয়ায় গ্রামের একটি পরিবারেরই তিনজন প্রার্থী নির্বাচনের ময়দানে নামতে বাধ্য হন। তৃণমূল, বিজেপি এবং সিপিআইএম প্রার্থী নির্বাচিত হয় আশুরালী গ্রামের পাল পরিবার থেকেই। এক কথায়, পরিবারের কাকা ও দুই ভাইপো লড়ছেন আশুরালী গ্রাম থেকে। কাকা সন্ন্যাসী পাল লড়ছেন সিপিআইএম থেকে, ভাইপো শান্তনু পাল তৃণমূল কংগ্রেস থেকে এবং অপর ভাইপো উত্তম পাল লড়ছেন বিজেপি থেকে।

    তিনজনেরই রাজনীতিতে (Panchayat Election) হাতেখড়ি

    পেশায় তিনজনেরই ছোটখাট ব্যবসা। কাকা সন্ন্যাসী পালের দোকান রয়েছে কোলাঘাটে খড়িচক মোড়ে, তৃণমূল প্রার্থী (Panchayat Election) শান্তনু পালের ফুলের ব্যবসা এবং বিজেপি প্রার্থী উত্তম পালের বাড়ির সামনে ছোটখাট একটি দোকান। তিনজনই রাজনীতিতে সক্রিয় নন। বলা যেতে পারে, রাজনীতিতে হাতেখড়ি। ভোট যেহেতু সামনে, তাই প্রাথমিক ভোটপ্রচার হিসেবে তিনপক্ষই দেওয়াল লিখন শুরু করেছে। গত নির্বাচনে এই বুথটি বামেদের দখলে ছিল। তাই এবারেও জেতার ব্যপারে আশাবাদী পরিবারের কাকু অর্থাৎ সিপিআইএম প্রার্থী সন্ন্যাসী পাল। পাশাপাশি তৃণমূল প্রার্থী শান্তনু পালের দাবি, দিদির উন্নয়নের জোয়ারে জয় মিলবে তাঁর। অন্যদিকে অপর ভাইপো বিজেপি প্রার্থী উত্তম পালের দাবি, রাজ্য সরকারের দুর্নীতি, বেকারত্বই তাঁদের জয় এনে দেবে পঞ্চায়েত নির্বাচনে।

    সবাই চান শান্তিতে নির্বাচন (Panchayat Election) সম্পন্ন হোক

    তিন প্রার্থীই বাড়ি বাড়ি প্রচার শুরু করেছেন ব্যবসার ফাঁকে। তবে তিন প্রার্থীই একই বাড়িতে বসবাস। নেই রাজনৈতিক বিদ্বেষ বা হিংসা। তিন প্রার্থীরই একটাই বক্তব্য, শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হোক পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। রাজনীতির ময়দানে যেই জিতুক, কোনওভাবেই হিংসার রেশ পরিবার বা গ্রামের মানুষের মধ্যে যাতে না পড়ে, সেই আবেদনই করছেন তিন দলেরই প্রার্থী। তবে ভোটের পর ফলাফলের দিকেই তাকিয়ে রয়েছে এলাকার মানুষ। কে শেষ হাসি হাসবে, তার জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Hooghly: মনোনয়ন না তুললে শ্লীলতাহানি করে প্রাণে মারার হুমকি, অভিযুক্ত সেই তৃণমূল!

    Hooghly: মনোনয়ন না তুললে শ্লীলতাহানি করে প্রাণে মারার হুমকি, অভিযুক্ত সেই তৃণমূল!

    মাধ্যম নিউজ ডেস্ক: আরামবাগের (Hooghly) তিরোল অঞ্চলে খোদ আরামবাগের প্রাক্তন সাংসদ তথা সিপিএম নেতা শক্তিমোহন মালিকের গ্রামে চলল শাসক দলের ব্যাপক অত্যাচার। সিপিএম প্রার্থীকে প্রার্থীপদ প্রত্যাহারের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। মহিলা প্রার্থীর শ্লীলতাহানি করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। তাঁর চুলের মুঠি ধরে করা হয়েছে ব্যাপক মারধর। মনোনয়ন প্রত্যাহার না করা হলে একঘরে করে রাখা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

    কীভাবে দেওয়া হল হুমকি?

    তিরোল গ্রাম (Hooghly) পঞ্চায়েতের চণ্ডীবাটি গ্রামে ঘটেছে এই ঘটনা। এই এলাকা থেকে পঞ্চায়েত ভোটে লড়ছেন সিপিএমের মহিলা প্রার্থী নাসিমা বেগম। তাঁকেই চুলের মুঠি ধরে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। কাঠগড়ায় শাসকদল তৃণমূল। এমনকী মনোনয়ন প্রত্যাহার না করলে, গ্রামের সমস্ত কিছু থেকে তাঁকে বঞ্চিত করে রাখারও হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি নাসিমা বেগমের দেওরের ডান হাত মেরে ভেঙে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। হুমকি দেওয়া হয়, মনোনয়ন প্রত্যাহার না করলে গ্যাস সিলিন্ডার দিয়ে পুড়িয়ে মেরে ফেলা হবে। প্রয়োজনে বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে বাড়ি। এদিকে ঘটনার কথা জানতে পেরে তড়িঘড়ি তাঁদের প্রার্থীর বাড়িতে হাজির হন প্রাক্তন সাংসদ শক্তিমোহন মালিক এবং সিপিএম নেতা সুশান্ত মণ্ডল-সহ একাধিক নেতা-কর্মীরা। ঘটনার কথা জানিয়ে তাঁরা দ্বারস্থ হবেন থানার, এমনটাই জানা যাচ্ছে।

    সিপিএম প্রার্থীর বক্তব্য

    এই ঘটনায় নাসিমা বেগম বলেন, “আমরা ভাত খাচ্ছিলাম। তখনই একদল লোক এল। এসেই খুব খারাপ ভাষায় কথা বলতে থাকে। তারপর গোটা বাড়ি (Hooghly) তছনছ করতে থাকে। ব্যাপক মারধর করে আমাদের পরিবারের সকলকে। এমনকী মেরে ফেলার হুমকি পর্যন্ত দিয়ে যায়। গত পরশু দিন শাসিয়ে গিয়েছিল। এরপর আবার গতকাল এসে একই কাজ করে গিয়েছে।”

    তৃণমূলের বক্তব্য

    আরামবাগ (Hooghly) সাংগঠনিক জেলা তৃণমূলের সহ-সভাপতি স্বপন নন্দী বলেন, “আসলে মিডিয়াতে প্রচার চাইছে ওরা। ইচ্ছা করে তৃণমূলের নামের অপপ্রচার করছে। এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। অন্যদিকে, মনোনয়ন তোলা নিয়ে যদি এত হুমকি হয়, তাহলে ভোটের দিন কী হবে! সেই আশঙ্কা করছেন এলাকার সাধারণ মানুষ। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Panchayat Election: গুলিবিদ্ধ হয়ে ৩ জনের মৃত্যুর পর থমথমে চোপড়া, গ্রেফতার ১৭

    Panchayat Election: গুলিবিদ্ধ হয়ে ৩ জনের মৃত্যুর পর থমথমে চোপড়া, গ্রেফতার ১৭

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election) মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে ফের উত্তপ্ত হয়ে উঠেছিল উত্তর দিনাজপুরের চোপড়া এলাকা। বাম-কংগ্রেসের ওপর হামলার ঘটনায় তিনজনের মৃত্যু হয়। এই ঘটনায় ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের শুক্রবার ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়। তার মধ্যে ৮ জনকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছে পুলিশ। তবে ধৃত ব্যক্তিদের মধ্যে অনেকেই দাবি করেছেন, তাঁরা নির্দোষ। কেউ আবার জানিয়েছেন, তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়ে বাড়ি ফিরছিলেন। তখন পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।

    শুক্রবার কেমন রয়েছে চোপড়া?

    বৃহস্পতিবার দুপুরে পায়ে হেঁটেই মনোনয়ন জমা দিতে উত্তর দিনাজপুরের চোপড়া বিডিও অফিসে যাচ্ছিলেন কাঁঠালবাড়ি এলাকার সিপিএম এবং কংগ্রেসের প্রার্থী ও দলীয় নেতাকর্মীরা। সেই সময় তাঁদের ওপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সশস্ত্র হামলা চালায় বলে অভিযোগ। চলে এলোপাথাড়ি গুলি। ঘটনায় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। তার মধ্যে একজনের অবস্থা সংকটজনক থাকায় তাঁকে স্থানান্তরিত করা হয় শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। এই ঘটনায় তিনজনের মৃত্যু হয়। পঞ্চায়েত নির্বাচনকে (Panchayat Election) কেন্দ্র করে মনোনয়ন পর্বে এমন ভয়াবহ সন্ত্রাসে কার্যত কেঁপে ওঠে গোটা রাজ্য। শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে সরব হয় বিরোধীরা। গতকালের এই সন্ত্রাস ও গোলাগুলির ঘটনায় শুক্রবার সকাল থেকেই থমথমে চোপড়ার বিভিন্ন এলাকা। রাস্তাঘাটে লোকজন কম রয়েছে। বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে। অন্যদিকে, শুক্রবার চোপড়া গাইসাল-২ পঞ্চায়েতের মালকাডাঙা এলাকায় নতুন করে গন্ডগোলের ঘটনা ঘটে। সাইকেলে ধাক্কাকে কেন্দ্র করে কংগ্রেস এবং তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তাতে পাঁচজন জখম হয়েছেন।

    কী বললেন বিরোধী দলের নেতারা?

    বিরোধী দলের নেতাদের বক্তব্য, নির্বাচন কমিশনকে গ্রেফতারি দেখাতে পুলিশ আসল অপরাধীদের না ধরে নিরীহ মানুষকে ধরে নিয়ে গিয়েছে। এমন পরিস্থিতিতে অনেকেই পঞ্চায়েত ভোটে (Panchayat Election) মনোনয়ন পেশ করতে পারেনি। সিপিএম নেতা বিদ্যুৎ তরফদার বলেন, আমাদের কেউই বৃহস্পতিবার মনোনয়ন জমা করতে পারেনি। শাসক দলের সন্ত্রাসের ভয়ে প্রাণ বাঁচাতে দলের প্রার্থী, নেতা ও কর্মীরা চা বাগানে আত্মগোপন করেছিলেন। অনেকের এখনও খোঁজ নেই। একই অভিযোগ কংগ্রেস নেতা অশোক রায়ের। বিজেপি নেতা সুবোধ সরকার বলেন, পুলিশ ঠুঁটো জগন্নাথ। পঞ্চায়েত বিরোধীশূন্য করতেই শাসক দলের দুষ্কৃতীরা বোমা-গুলি নিয়ে হামলা চালিয়েছে। এই এলাকায় বিরোধীদের ফের মনোনয়ন জমা দেওয়ার উদ্যোগ গ্রহণ করুক প্রশাসন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • BJP: মনোনয়নে বাধা! তৃণমূলের হামলায় আক্রান্ত বিজেপি, প্রতিবাদে অবরোধ

    BJP: মনোনয়নে বাধা! তৃণমূলের হামলায় আক্রান্ত বিজেপি, প্রতিবাদে অবরোধ

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার দ্বিতীয় দিন শনিবার আবার উত্তপ্ত হয়ে উঠল আসানসোলের বারাবনি ব্লকের বিডিও অফিস চত্বর। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় অশান্তির ঘটনা ঘটে। বিডিও অফিসের কাছে দোমহানি বাজার এলাকায় ডিসিআর তোলায় বিজেপির (BJP) নেতা ও কর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। হামলার ঘটনা দেখে এলাকার বাসিন্দারা রুখে দাঁড়ালে হামলাকারীরা পালিয়ে যায়। এই ঘটনায় বিজেপি (BJP) কর্মী স্বপন রায় এবং বিজেপির মণ্ডল সভাপতি প্রতীক গড়াই জখম হন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃণমূলীদের হামলায় সিপিএম কর্মীরাও আক্রান্ত হন।

    কী বললেন আক্রান্ত বিজেপি (BJP) নেতা?

    আক্রান্ত বিজেপির মণ্ডল সভাপতি প্রতীক গড়াই বলেন, হামলাকারীদের মধ্যে একজন বারাবনি থানার সিভিক ভলান্টিয়ার ছিলেন। বাকিদের বেশিভাগের মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল। প্রত্যেকের হাতে লাঠি ও বাঁশ ছিল। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা প্রথমে আমাদের বিডিও অফিসে ঢুকতে বাধা দিয়েছিল। কিছুটা জোর করে আমরা বিডিও অফিসের ভিতরে যাই। সেখানে একটা করে ডিসিআর কাটতে বলা হয়। ডিসিআর কাটার পর বাইরে আসতে পারছিলাম না। বারবার বলার পরে পুলিশের সাহায্য বাইরে বের হয়। তারপর চোমহানি বাজারে আমাদের উপর হামলা চালানো হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। মনোনয়নে বাধা এবং বিজেপি (BJP) কর্মীদের উপর হামলার প্রতিবাদে জেলা বিজেপি নেতৃত্ব বারাবনির মাজিয়ারা মোড়ে রাস্তা অবরোধে সামিল হন।

    কী বললেন সিপিএম নেতৃত্ব?

    সিপিএমের বারাবনি এরিয়ার সম্পাদক তপন দাস বলেন,  দলের কর্মীরা ডিসিআর কাটতে গেলে আটকানো হয়। দলীয় কর্মীদের উপর হামলা চালানো হয়। হামলায় তিনজন কর্মী জখম হয়েছে।

    কী বললেন বিজেপি (BJP) নেতৃত্ব?

    বিজেপি (BJP) বিধায়ক লক্ষ্মণ ঘড়ুই বলেন, তৃণমূল আমাদের দেখে আতঙ্কিত হয়ে পড়েছে। তাই ওরা আমাদের মনোনয়নে বাধা দিয়েছে। আমাদের দাবি, দলের নেতা ও কর্মীদের মারধরের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের গ্রেফতার করতে হবে। আমরা পুলিশকে সময় দিলাম। সোমবার আমরা আবারও মনোনয়ন জমা দিতে যাব। পুলিশকে বলছি, সেদিন কিছু হলে আমরা আরও বড় আন্দোলন করব।

    কী বললেন তৃণমূল নেতৃত্ব?

    তৃণমূলের বারাবনি ব্লকের সভাপতি অসতি সিং বলেন, বিরোধীরা ৩৫টি ডিসিআর কেটেছে। আমরা বাধা দিলে বা হামলা করলে এটা কি সম্ভব ছিল? আসলে বিজেপির (BJP) কোনও সংগঠন নেই। নিজেদের দুর্বলতা ঢাকতে ওরা এসব মিথ্যা অভিযোগ করছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share