Tag: Cricket

Cricket

  • ICC World Cup 2023: বিশ্বকাপ মেলাল বিরাট-নবীনকে! রেকর্ড গড়েও নিরুত্তাপ, কাপ জয়ই লক্ষ্য রোহিতের

    ICC World Cup 2023: বিশ্বকাপ মেলাল বিরাট-নবীনকে! রেকর্ড গড়েও নিরুত্তাপ, কাপ জয়ই লক্ষ্য রোহিতের

    মাধ্যম নিউজ ডেস্ক: বিরাট কোহলির মঞ্চে রোহিত শর্মার ‘শো’ দেখল কোটলা। হিটম্যানের দাপটে খড়কুটোর মতোই উড়ে গেল আফগানিস্তান। ভাল খেললেন কোহলিও।  বিশ্বকাপে দ্রুততম হাজার রান,  সপ্তম শতরান একাধিক রেকর্ড গড়েও ম্যাচ শেষে নিরুত্তাপ ভারত অধিনায়ক। বললেন,  ‘আমি রেকর্ড নিয়ে খুব একটা বেশি ভাবতে চাই না। দীর্ঘ পথ চলতে হবে। রেকর্ড করলে সব সময়ই ভালো লাগে। কিন্তু এখন নিজের রেকর্ডের কথা ভাবছি না। সেই সব ভাবতে গেলে মনঃসংযোগ নষ্ট হতে পারে। প্রতিযোগিতা সবে শুরু হয়েছে। আমার লক্ষ্য বিশ্বকাপ জেতা।’

    কী বললেন রোহিত

    পর পর দুটো ম্যাচ জিতে শনিবার চির প্রতিদ্বন্দ্বি পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামছে রোহিত-ব্রিগেড।  ভারত অধিনায়কের কথায়, “পাকিস্তানকেও হারাতে হবে। ফোকাস নষ্ট করা চলবে না। পর পর দুটো ম্যাচ জিতে ভালো লাগছে। তবে জয়ের ধারা বজায় রাখতে হবে। ” তিনি আরও যোগ করেছেন, ‘বিশ্বকাপে শতরান করা সব সময়েই আনন্দের। আমি ভালোই খেলছিলাম। খালি বড় রান পাচ্ছিলাম না। কিন্তু জানতাম, বড় রান আসবে। ব্যাটে বল ভাল আসছিল। তাই শুরু থেকে চালিয়ে খেলেছি। এটাই আমার খেলার ধরন। আমি আক্রমণাত্মক খেলতে ভালবাসি।’

    দিল্লি দেখল অন্য দৃশ্য

    রোহিতের রেকর্ডের সঙ্গে সঙ্গেই এদিন দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম সাক্ষী থাকল আরও অনেক কিছুর। আফগানিস্তানের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার পরই আলোচনায় ছিল বিরাট কোহলি বনাম নবীন উল হক। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত সংস্করণে তাদের বিতর্ক ‘মুখরোচক’ বিষয় হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু কোটলা দেখল অন্য ছবি। বিশ্বকাপ মেলাল বিরাট-নবীনকে। সমর্থকরা কী চাইছিলেন, তা অজানা। তবে সবটাই যে অতীত, বুঝিয়ে দিলেন কিং কোহলি। যাঁরা নানা সময়ে নবীন-বিরাটের ঘটনায় বিদ্রুপ করেছিলেন, তাঁদের ধুয়ে দিলেন কমেন্ট্রি বক্সে থাকা গৌতম গম্ভীর। তেমনই প্রশংসায় ভরিয়ে দিলেন বিরাট কোহলি এবং নবীন উল হককে।আফগানিস্তান ইনিংসে নবীন উল হক ব্যাটিংয়ে নামতেই, স্প্লিট স্ক্রিনে ধরা হল বিরাটকে। জায়ান্ট স্ক্রিনে দু-জনকে একসঙ্গে দেখাতেই গ্যালারিতে ব্যাপক আওয়াজ। বিরাট হাসতে থাকেন পুরনো ঘটনা নিয়ে এমন পরিস্থিতি তৈরি হওয়ায়।

    ঈশানের আউটে বিরাট কোহলি ক্রিজে নামতেই বোলিংয়ে আনা হয় নবীনকে। কয়েকটি ডেলিভারি সামলে নিলেন। রান নেওয়ার সময় নবীনের পাশ দিয়ে দৌড়ছিলেন বিরাট। ক্যামেরা ধরল তাঁদেরই। কিছুক্ষণ পরই অনবদ্য একটা দৃশ্য। বিরাট-নবীন হাত মেলাচ্ছেন। আফগানিস্তানের তরুণ ক্রিকেটারের পিঠ চাপড়ে দিচ্ছেন বিরাট কোহলি। গ্যালারির দিকেও ইশারা করলেন, উৎসাহ দাও এই তরুণকে। গ্যালারিও ভুলে গেল। গালি নয় তালিতে ভরে উঠল চারপাশ। সমালোচকদের জাবাব দিয়ে ধারাভাষ্যে থাকা গৌতম গম্ভীরও প্রশংসায় ভরিয়ে দিলেন বিরাটকে। বললেন, “বিরাট মানের ক্রিকেটারের থেকে এমন পরিণত আচরণই প্রত্যাশা করেন।”

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC ODI World Cup 2023: ভারতকে জিতিয়েও আক্ষেপ! কী বলছেন লোকেশ রাহুল?

    ICC ODI World Cup 2023: ভারতকে জিতিয়েও আক্ষেপ! কী বলছেন লোকেশ রাহুল?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্যাট কামিন্সের বল কভার অঞ্চল দিয়ে বাউন্ডারিতে পাঠিয়েও ব্যাটে ভর দিয়ে হাঁটু মুড়ে বসে পড়লেন কেএল রাহুল। খেলা শেষ! ম্যাচ জিতে গিয়েছে ভারত। তবুও যেন ক্রিজ ছাড়তে চাইছিলেন না তিনি। ম্যাচের পর কথা বলতে এসে রাহুল জানালেন, তিনি চার মারতে চেয়েছিলেন। ছয় হয়ে যাবে বুঝতে পারেননি। দিনের শেষে ৯৭ রানে অপরাজিত থাকলেন রাহুল। আর মাত্র তিন রান। তাহলেই যেন ষোল কলা পূর্ণ হত।

    প্রথমে চার, তারপর ছয় 

    ম্যাচের সেরার পুরস্কার নিতে এসে রাহুল বলেন,  “শটটা বেশ জোরেই মেরেছিলাম। আসলে শেষের দিকে হিসাব কষে এগোচ্ছিলাম যে কী ভাবে শতরান করতে পারি। একমাত্র উপায় ছিল চার এবং ছয় মারা। কিন্তু শতরান না করায় কোনও আক্ষেপ নেই। দল জিতেছে এটাই বড় কথা।” তবে আক্ষেপ একটু হচ্ছে তো! রাহুলের কথায়,  ‘আমি খুব ভালো টাইমিং করে ফেলেছিলাম। আমি শতরান করতে চাইছিলাম। সেজন্য প্রথম চার মারতে চাইছিলাম। তারপর একটা ছক্কা মারতে চাইছিলাম। আশা করছি যে অন্য কোনওবার সেই শতরান করে ফেলব।’

    আরও পড়ুন: বিরাটের ক্যাচ ফস্কানোই কাল! মানছেন কামিন্স, দাপুটে জয়ের পরও চিন্তায় রোহিত

    রাহুলের কথায়, তিনি যখন ব্যাট করতে নেমেছিলেন তখন ২ রানে ৩ উইকেট ভারত ধুঁকছে। ওই পরিস্থিতি থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনেক দলই হেরে যাবে। কিন্তু বিরাট কোহলির সঙ্গে তাঁর ১৬৫ রানের জুটি ভারতকে হারতে দিল না। সাফল্যের রহস্য কী? রাহুল বললেন, “সত্যি বলতে খুব বেশি কোহলির সঙ্গে কথা বলিনি। ৫০ ওভার কিপিং করার পর ভেবেছিলাম স্নান করার পর একটু বিশ্রাম নেব। সেটা আর হয়নি।” রাহুলের সংযোজন, “ক্রিজে নামার পর কোহলি বলেছিল পিচে প্রাণ রয়েছে। তাই কিছুক্ষণ টেস্টের মতো খেলতে। শুরুর দিকে নতুন বলে পেসারেরা ভাল সাহায্য পাচ্ছিল। স্পিনারেরাও ঘূর্ণি পেয়েছে। শেষ ১৫-২০ ওভারে শিশিরের সাহায্য পেয়েছি। ব্যাট করার পক্ষে সহজ উইকেট ছিল না। তবে ক্রিকেট খেলার পক্ষে ভাল উইকেট।”

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India vs Australia: বিরাটের ক্যাচ ফস্কানোই কাল! মানছেন কামিন্স, দাপুটে জয়ের পরও চিন্তায় রোহিত

    India vs Australia: বিরাটের ক্যাচ ফস্কানোই কাল! মানছেন কামিন্স, দাপুটে জয়ের পরও চিন্তায় রোহিত

    মাধ্যম নিউজ ডেস্ক: বুমরাহ, কুলদীপ, জাদেজার দুরন্ত বোলিং। স্কোরবোর্ডে অজিদের বিরুদ্ধে জয়ের জন্য দরকার মাত্র ২০০ রান। চিপকে চলছে আনন্দ উৎসব। হঠাতই স্তব্ধ চিপক। প্রথম ২ ওভারে ২ রানের বিনিময়ে তিন উইকেট হারিয়ে ধুঁকছে ভারত।  সেখান থেকেই শুরু বিরাট-রাজ। সঙ্গে ধীর স্থির লোকেশ রাহুল। ফের যেন গেল গেল রব। ব্যক্তিগত ১২ রানের মাথায় হ্যাজেলউডের বলে ক্যাচ তুলে দিলেন বিরাট। সহজ ক্যাচ মিস করেন মিচেল মার্শ। ম্যাচ শেষে অজি অধিনায়ক প্যাট কামিন্সও মেনে নিলেন যে বিরাটের ক্যাচ মিসই কাল হল অজিদের। সেখানে থেকে বিরাট কোহলি (Virat Kohli) ও কে এল রাহুল (K L Rahul) মিলে দলের স্কোরকে টেনে নিয়ে যান জয়ের দোরগোড়ায়। ৮৫ রানের ইনিংস খেলেন কোহলি। অপরাজিত ৯৭ রানের ইনিংস খেলেন কে এল রাহুল। 

    কী বলছেন কামিন্স

    কামিন্স বলছেন, ”আমি এই ক্যাচ মিসের বিষয়টা ইতিমধ্যেই ভুলে গিয়েছি। মার্শ যেমন প্লেয়ার, তাতে ওই ক্যাচটা নিলে হয়ত ম্যাচের ছবিটা অন্যরকম হত। হ্যাজেলউড বিশ্বমানের বোলার। ভারতীয় ব্যাটারদের সামনে অনেক কঠিন প্রশ্ন রেখেছে ও। ১০ রানের মধ্যে ৪ উইকেট যদি পড়ে যেত তবে খুবই ভাল হত। তবে তা হয়নি। ওদের বিশ্বমানের বোলিং অ্যাটাক। তিন স্পিনারই দুর্দান্ত বোলিং করেছে।” বোর্ডে পর্যাপ্ত রান ওঠেনি? কামিন্সের কথায়, “আমার মনে হয় যে ৫০ রান কম ছিল বোর্ডে। আর ৫০ রান বেশি হলে হয়ত আরও লড়াই করার পরিস্থিতি থাকত।”

    জয়ের পরও চিন্তা

    জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারত। প্রথম ম্যাচেই তারা অস্ট্রেলিয়াকে হারাল। এই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেন ভারতীয় বোলাররা। বিশেষ করে রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব এবং জসপ্রীত বুমরাহরা। ভারতীয় বোলারদের দাপটের ফলে মাত্র ১৯৯ রানে গুটিয়ে যায় অজিরা। ডেভিড ওয়ার্নার ৪১ এবং স্টিভ স্মিথ ২৬ রান করেন। এছাড়া আর কেউই বড় রান করতে পারেননি। তবুও ভারতীয় টপ অর্ডারের ব্যর্থতা ফের ধরা পড়ল। একটা সময় ম্যাচ হেরে যাওয়ার মতো পরিস্থিতির তৈরি হয়। কিন্তু তা হতে দেননি বিরাট এবং রাহুল। এই দুই ব্যাটার নিজেদের সেরাটা দিয়ে দলকে জেতান।

    ম্যাচ শেষে ভারত অধিনায়ক বলেন, ‘আমি বেশ নার্ভাস ছিলাম। কেউ চায় না এই ভাবে নিজের ইনিংসটা শুরু হোক। অজি বোলারদের কৃতিত্ব দেওয়া উচিত, কারণ তারা ভালো জায়গায় বল করেছে। তবে এটাও ঠিক এই স্কোরে কিছু ঢিলেঢালা শটও ব্যবহার করা হয়ছে। কারণ এটা মোটেই বড় টার্গেট ছিল না। তবে সেই সব শটগুলি পাওয়ারপ্লেতে সম্ভব। তবে বিরাট এবং রাহুলকে কৃতিত্ব দেওয়া উচিত। ওরা যে পরিস্থিতি থেকে ম্যাচ জিতিয়েছে, তা এক কথায় অসাধারণ।’

    কীভাবে শেষ চারে

    প্রতিটা দল একে অপরের বিরুদ্ধে খেলবে। সবার ম্য়াচ খেলা হলে পয়েন্টের দিক থেকে শীর্ষ স্থানে থাকা চারটে দল যাবে সেমিফাইনালে। প্রতিটা দল একটা করে তাদের ম্যাচ খেলে ফেলেছে। পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। এরপর রয়েছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, নেদারল্যান্ড, শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। এদের মধ্য়ে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, বাংলাদেশ, ভারতের পয়েন্ট ২ করে। এই পাঁচটা দল ম্যাচ জিতেছে। তবে নেট রান রেটের জন্য নিউজিল্যান্ড শীর্ষে আর ভারত পঞ্চম স্থানে। নেট রান রেটের উপর নির্ভর করবে পরের রাউন্ডে যাওয়া।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • IND vs AUS: বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি! আজ অস্ট্রেলিয়ার সামনে ভারত

    IND vs AUS: বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি! আজ অস্ট্রেলিয়ার সামনে ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: আর ১৫ দিন পর শুরু হচ্ছে ক্রিকেটের মহাযুদ্ধ। শেষ মুহূর্তে নিজেদের ঝালিয়ে নিতে চলেছে বিশ্ব ক্রিকেটের অন্য়তম সেরা দুই দল- ভারত ও অস্ট্রেলিয়া। তিন ম্যাচের একদিনের সিরিজে আজ প্রথম ম্যাচ। বিশ্বকাপের আগে নিজেদের শক্তিকে পরীক্ষা করতে নিতে চাইবে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার কাছেও এই সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। চোটের কারণে প্রথম ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন মিচেল স্টার্ক (Michael Stark)। বর্তমানে আইসিসি একদিনের ক্রিকেটে এক নম্বরে রয়েছে পাকিস্তান, দ্বিতীয় ভারত ও তৃতীয় অস্ট্রেলিয়া। যদি শুক্রবার রাতে মোহালিতে অজিদের বিরুদ্ধে ভারত হেরে যায়, তাহলে অস্ট্রেলিয়া উঠে আসবে দ্বিতীয় স্থানে আর তৃতীয় পজিশনে চলে যাবে ভারত। এই সিরিজ জিততে পারলে ভারত পাকিস্তানকে পিছনে ফেলে এক নম্বরে উঠে আসতে পারে।

    কী বলছেন কোচ দ্রাবিড় 

    অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দু’টি এক দিনের ম্যাচে নেই রোহিত, কোহলি। শুক্রবারের ম্যাচের আগে দ্রাবিড় বলেন, “সকলের সঙ্গে কথা বলেই বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দল চায় বিশ্বকাপে যেন সকলে তরতাজা থাকে। সেই কারণেই বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত, বিরাটদের।” প্রথম দুই ম্যাচে রোহিত, বিরাট ছাড়াও নেই হার্দিক এবং কুলদীপ যাদব। বিরাটেরা না থাকায় সূর্যকুমার যাদবেরা সুযোগ পেতে চলেছেন। দ্রাবিড় বলেন, “বিশ্বকাপের দল বাছা হয়ে গিয়েছে। সেখানে সূর্য রয়েছে। আমরা ওর পাশে আছি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুটো ম্যাচে সূর্য খেলবেই।”

    বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার আগে রবিচন্দ্রন অশ্বিনকেও সিরিজের প্রথম দুটি ম্যাচে খেলানোর ইঙ্গিত দিয়েছেন দ্রাবিড়। রবিচন্দ্রন অশ্বিন গত বছর জানুয়ারিতে শেষবার ওডিআই খেলেছেন।দ্রাবিড় বলেন, আমরা অশ্বিনের দক্ষতা সম্পর্কে জানি। তিনি কী করতে পারেন সেটাও জানি। চোট-আঘাতের বিষয়েও আমাদের নজর রাখতে হবে। ফলে অশ্বিনকেও অস্ট্রেলিয়া সিরিজে আমরা খেলাব। তৃতীয় একদিনের আন্তর্জাতিকে ভারত পূর্ণশক্তির দল নিয়েই নামবে। 

    আরও পড়ুন: এশিয়ান গেমসের শেষ চারে ভারতের মেয়েরা! প্রি-কোয়ার্টারের পথে সুনীলদের বাধা মায়ানমার

    ম্যাচের খুঁটিনাটি

    কোথায় ম্যাচ: ২২ সেপ্টেম্বর, শুক্রবার অনুষ্ঠিত হবে ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ম্যাচ। ভারতের মোহালিতে আইএস বিন্দ্রা স্টেডিয়ামে একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে ভারত এবং অস্ট্রেলিয়া।

    ম্যাচ শুরু: ভারতীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে থেকে ম্যাচ শুরু হবে। টস অনুষ্ঠিত হবে আধ ঘণ্টা আগে অর্থাৎ দুপুর ১টায়।

    কোন চ্যানেলে দেখবেন: ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম ওডিআই ম্যাচটি স্পোর্টস 18 চ্যানেল, স্পোর্টস 18 ওয়ান এসডি এবং স্পোর্টস 18 ওয়ান এইচডিতে সরাসরি সম্প্রচার করা হবে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Asian Games 2023: এশিয়ান গেমসের শেষ চারে ভারতের মেয়েরা! প্রি-কোয়ার্টারের পথে সুনীলদের বাধা মায়ানমার

    Asian Games 2023: এশিয়ান গেমসের শেষ চারে ভারতের মেয়েরা! প্রি-কোয়ার্টারের পথে সুনীলদের বাধা মায়ানমার

    মাধ্যম নিউজ ডেস্ক: একটি ম্যাচ জিতলেই এশিয়ান গেমসে (Asian Games 2023) পদক নিশ্চিত ভারতীয় মহিলা ক্রিকেট দলের। অন্যদিকে সুনীলের গোলে গেমস ভিলেজে রয়ে গেলো ভারতীয় ফুটবল দল। এদিন খেলায় একেবারেই ছন্দে ছিলেন না সুনীলরা।। মাঝে মধ্যেই চাপে ফেলে দেয় বাংলাদেশ। একমাত্র গোল হয়েছে পেনাল্টি থেকে। একাধিক গোলের সুযোগ নষ্ট করেছে স্টিমাচের ছেলেরা। ৮৫ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করলেন সুনীল ছেত্রী। সেই একমাত্র গোলেই জিতল ভারত।

    প্রি-কোয়ার্টার ফাইনালের সুযোগ 

    আগের ম্যাচে চিনের কাছে ১-৫ গোলে হারায় এদিন চাপ ছিল ভারতের। গেমস ভিলেজে (Asian Games 2023) থাকতে গেলে বাংলাদেশের বিপক্ষে এদিন জিততেই হতো সুনীলদের। ফিফা ক্রমতালিকায় ৮৭ ধাপ নীচে থাকা বাংলাদেশের বিরুদ্ধেও সংঘবদ্ধ আক্রমণ তুলে আনতে সমস্যা হচ্ছিল। গতিতে মাঝে মাঝে ভারতের ফুটবলারদের টেক্কা দিচ্ছিলেন বাংলাদেশের ফুটবলারেরা। প্রথমার্ধের শেষ দিকে সব থেকে ভাল সুযোগ পায় ভারত। ব্রাইস মিরান্ডার ক্রস থেকে বক্সের ভিতরে বল পান সুনীল। তাঁর ডান পায়ের শট বাঁচিয়ে দেন মিতুল। ফিরতি বলে শট মারেন রাহুল কেপি। সেই শটও বাঁচান মিতুল। ফিরতি বলে তৃতীয় বার সুযোগ পায় ভারত। এ বার মিরান্ডার হেডও ঝাঁপিয়ে বাঁচিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক।  ৮৩ মিনিটের মাথায় বক্সের মধ্যে মিরান্ডাকে ফাউল করায় পেনাল্টি পায় ভারত। গোলরক্ষকের ডান দিক দিয়ে বল জালে জড়িয়ে দেন সুনীল। এর ফলে প্রি-কোয়ার্টার ফাইনালের স্বপ্ন বেঁচে থাকল ভারতের। গ্রুপের শেষ ম্যাচে মায়ানমারের বিরুদ্ধে খেলতে নামবেন সুনীলেরা।

    আরও পড়ুন: চাঁদের দক্ষিণ মেরুতে সূর্যোদয়! বিক্রম, প্রজ্ঞানকে কবে জাগানোর চেষ্টা করবে ইসরো?

    ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত

    এশিয়ান গেমসের (Asian Games 2023) সেমিফাইনালে পৌঁছে গেল ভারতের মহিলা ক্রিকেট দল (Indian Women Cricket Team)। বৃহস্পতিবার ভারত ও মালয়েশিয়ার মধ্যে ক্রিকেট ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গেল। কিন্তু ক্রমতালিকায় এগিয়ে থাকার জন্য ভারত শেষ চারের ছাড়পত্র পেয়ে গেল।

    এদিন টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় মালয়েশিয়া। টসও দেরিতে হয়। কারণ সেই বৃষ্টি।ওভার সংখ্যা কাটা হয়। ২০ ওভারের ম্যাচ হয়ে যায় ১৫ ওভারের। ভারতের ইনিংসও বৃষ্টির জন্য বিঘ্নিত হয়। ১৫ ওভারে ভারতের মেয়েরা করে ২ উইকেটে ১৭৩ রান।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Mohammed Shami: বধূ নির্যাতনের মামলায় মিলল জামিন, বিশ্বকাপের আগে স্বস্তি পেলেন মহম্মদ শামি

    Mohammed Shami: বধূ নির্যাতনের মামলায় মিলল জামিন, বিশ্বকাপের আগে স্বস্তি পেলেন মহম্মদ শামি

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপের আগেই মিলল স্বস্তি। মঙ্গলবার জামিন পেলেন ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামি (Mohammed Shami)। জামিন পেয়েছেন তাঁর দাদা মহম্মদ হাসিমও। এদিন দাদাকে নিয়ে আলিপুর আদালতে হাজির হন শামি। আবেদন মঞ্জুর করে তাঁদের জামিন দেন বিচারক।

    জামিন পেলেন শামি

    ২ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে শামির জামিনের আবেদন মঞ্জুর করে আদালত। শামির আইনজীবী সেলিম রহমান বলেন, “শামি ও তাঁর দাদা হাসিম আদালতে হাজিরা দিয়েছিলেন। ওঁরা জামিনের আবেদন করেন। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে।” ২০১৮ সালে শামির বিরুদ্ধে বধূ নির্যাতন সহ একাধিক অভিযোগে মামলা দায়ের করেছিলেন হাসিন জাহান। সেই মামলাই চলছে। জাতীয় ক্রিকেট দলের সদস্য হওয়ায় শামির বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা জারি করেনি আদালত। তবে আদালত এও নির্দেশ দিয়েছিল, এক মাসের মধ্যে সশরীরে আলাদতে আত্মসমর্পণ করে তিনি যেন জামিনের আবেদন করেন। সেই মতো এদিন আদালতে আত্মসমর্পণ করেন শামি (Mohammed Shami)।

    চার্জশিট জমা পড়ার পর করণীয় 

    শামির আইনজীবী বলেন, “বধূ নির্যাতনের মামলায় চার্জশিট জমা হয়েছিল। অনেক ক্ষেত্রেই মিথ্যা অভিযোগ ছিল। পুলিশ তদন্ত করে বাকি সব অভিযোগ বাদ দিয়ে কেবল বধূ নির্যাতনের ওপরে শামি ও তাঁর দাদার বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছিল। আইন অনুযায়ী, চার্জশিট জমা পড়লে আদালতে উপস্থিত হয়ে আত্মপক্ষ সমর্থন করে জামিন নিতে হয়। আজ আদালত শামিকে জামিন দিয়েছে।”

    আরও পড়ুুন: “যেদিন ভাইপো কেষ্টর সাথে যাবে, সেদিন থেকে তৃণমূল ফাঁকা হয়ে যাবে”, তোপ শুভেন্দুর

    প্রসঙ্গত, ২০১৮ সালের ৮ মার্চ শামি (Mohammed Shami) ও তাঁর দাদার বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ তুলে যাদবপুর থানায় এফআইআর দায়ের করেন হাসিন। পরের বছর ২৯ অগাস্ট শামির বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা জারি করে আলিপুরের এসিজেএম কোর্ট। ওই বছরই ৯ সেপ্টেম্বর ওই নির্দেশে স্থগিতাদেশ দেয় আলিপুর জেলা দায়রা আদালত। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন হাসিন। বিচারপতি শম্পা সরকার নিম্ন আদালতের নির্দেশ বহাল রাখলে হাসিন যান সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালত জানিয়ে দেয়, এক মাসের মধ্যে (Mohammed Shami) সব পক্ষের বক্তব্য শুনে মামলাটির নিষ্পত্তি করতে হবে দায়রা বিচারককে। তার পর থেকে চলছে শুনানি।

     

     দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • India vs Australia: নতুন অধিনায়ক! অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা করল বিসিসিআই

    India vs Australia: নতুন অধিনায়ক! অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা করল বিসিসিআই

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি মঞ্চ। দেশের মাঠে অস্ট্রেলিয়ার (India vs Australia) বিপক্ষে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলতে চলেছে ভারত। বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে বদল করার জন্য ভারতের হাতে সময় রয়েছে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। সেই সময়ের মধ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২টি ওয়ান ডে ম্যাচ হাতে পাবে টিম ইন্ডিয়া। তাই সিরিজের প্রথম ২টি ওয়ান ডে ম্যাচের জন্য পৃথক স্কোয়াড গড়ে নিলেন জাতীয় নির্বাচকরা। প্রথম দু’টি ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল। তৃতীয় ম্যাচে দায়িত্ব ফিরে পাবেন রোহিত শর্মা।

    কেন দুভাগে দল ঘোষণা

    এরকমভাবে দল ঘোষণা করা বিরল। জাতীয় নির্বাচক অজিত আগরকর জানালেন, প্রথম দুই ম্যাচের দলে নেই  রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা-সহ একাধিক ক্রিকেটার। তৃতীয় ম্যাচে এঁরা প্রত্যেকে ফিরছেন। অর্থাৎ এশিয়া কাপে যাঁরা টানা ক্রিকেট খেলেছেন, তাঁদের কয়েক জনকে প্রথম দু’টি ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে। আবার বিশ্বকাপের আগে যাতে পুরোপুরি আনকোরা হয়ে না নামেন, তার জন্য তৃতীয় ম্যাচে খেলানোর বন্দোবস্ত করা হয়েছে।

    দলে অশ্বিনের অন্তর্ভুক্তি

    এশিয়া কাপে যাঁরা ছিলেন, তিনটি ম্যাচেই মোটামুটি তাঁরাই ঘুরিয়ে ফিরিয়ে খেলছেন। তবে দলে রবি অশ্বিনের অন্তর্ভুক্তি বড় ঘটনা। ডান হাতি স্পিনার নেই বিশ্বকাপের দলে। তাই অনেকেই অশ্বিনের নাম করে প্রশ্ন তুলছিলেন। এশিয়া কাপ জিতে রোহিত নিজেও জানিয়েছিলেন অশ্বিনের সঙ্গে তাঁর কথাবার্তা হয় নিয়মিত। অস্ট্রেলিয়া সিরিজের (India vs Australia) দলে তাঁকে রেখে প্রমাণ করা হল যে বিশ্বকাপের ভাবনাতেও তিনি রয়েছেন।

    পূর্ণ শক্তি নিয়ে আসছে অস্ট্রেলিয়া

    মূলত বিশ্বকাপের প্রস্তুতির লক্ষ্যেই দুই দেশ তিন ম্যাচের একদিনের সিরিজ (India vs Australia) খেলবে। তাই ভারতের বিরুদ্ধে পূর্ণ শক্তি নিয়েই খেলতে নামছে অজি ব্রিগেড। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে না থাকলেও তিন তারকাকে দলে নেওয়া হয়েছে। ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে দলে রাখা হয়েছে স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স, মিচেল স্টার্ককে। ভারতের বিরুদ্ধে এই সিরিজকে যে কতটা গুরুত্ব দিচ্ছে অজি টিম ম্যানেজমেন্ট তা তাদের দল দেখলেই স্পষ্ট।

    আরও পড়ুন: এশিয়া চ্যাম্পিয়ন ভারতীয় দলকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর! ম্যাচ সেরার পুরস্কার কাকে দিলেন সিরাজ?

    সিরিজের (India vs Australia) খুঁটিনাটি

    প্রথম দুই ম্যাচের দল: কেএল রাহুল (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা (সহ-অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড়, শুভমন গিল, শ্রেয়স আয়ার, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, ঈশান কিশন, শার্দূল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর, রবিচন্দ্রন অশ্বিন, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি, এবং প্রসিদ্ধ কৃষ্ণ।

    তৃতীয় ম্যাচের দল: রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, সূর্যকুমার যাদব, কেএল রাহুল (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, অক্ষর পটেল (ফিটনেসের উপর নির্ভর করছে), ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, রবিচন্দ্রন অশ্বিন, যশপ্রীত বুমরা, মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজ।

    অস্ট্রেলিয়া স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক),স্টিভ স্মিথ, শন অ্যাবট, অ্যালেক্স ক্যারি, ন্যাথন এলিস, ক্যামেরন গ্রিন, জোশ হেজেলউড, জোশ ইংলিস, স্পেনসার জনসন, মার্নাস ল্যাবুশান, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, তনবীর সাঙ্ঘা, ম্যাথিউ শর্ট, মিচেল স্টার্ক, মার্কাস স্টইনিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা

    ওয়ান ডে সিরিজের (India vs Australia) সূচি:

    প্রথম ওয়ান ডে: ২২ সেপ্টেম্বর, শুক্রবার (মোহালি)
    দ্বিতীয় ওয়ান ডে: ২৪ সেপ্টেম্বর, রবিবার (ইন্দোর)
    তৃতীয় ওয়ান ডে: ২৭ সেপ্টেম্বর, বুধবার (রাজকোট)

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Pakistan Cricket: পাক ক্রিকেট দলে ‘গৃহযুদ্ধ’ চরমে, বিশ্বকাপের আগে অশনি সঙ্কেত!

    Pakistan Cricket: পাক ক্রিকেট দলে ‘গৃহযুদ্ধ’ চরমে, বিশ্বকাপের আগে অশনি সঙ্কেত!

    মাধ্যম নিউজ ডেস্ক: পাক ক্রিকেট (Pakistan Cricket) টিমে ‘গৃহযুদ্ধ’! সাজঘরে তুমুল ঝামেলা ক্যাপটেন বাবর আজম ও দলের প্রধান বোলার শাহিন আফ্রিদির। শ্রীলঙ্কার কাছে হেরে গিয়েছে পাকিস্তান। তার পরেই শুরু হয় ঝামেলা। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন কোচ গ্রান্ট ব্র্যাডবার্ন ও রিজওয়ান। বিশ্বকাপের আগে এই ঘটনায় অশনি সঙ্কেত দেখছে পাক ক্রিকেট মহল।

    কেন খেপে গেলেন বাবর?

    জানা গিয়েছে, শ্রীলঙ্কার কাছে হারের পর সাজঘরে ফেরে পাক ক্রিকেট দল। সেখানে দলের উদ্দেশে ভাষণ দিচ্ছিলেন বাবর। ওই সময় নাম না করে কয়েকজন ক্রিকেটারের উদ্দেশ্যে তাঁদের পারফরম্যান্স বাড়ানোর কথা বলেন। এই সময় শাহিন বাবরকে বলেন, যাঁরা ভাল ব্যাট ও বল করেছেন, তাঁদের প্রশংসা করতে। এতেই খেপে যান বাবর। বক্তৃতার মাঝে (Pakistan Cricket) শাহিন কথা বলায় ক্ষুব্ধ হন তিনি। বলেন, দলের হয়ে কারা ভাল খেলেছে, তা আমি জানি। এ নিয়েই বাবর ও শাহিনের মধ্যে তুমুল ঝামেলা হয়। দ্রুত চলে আসেন রিজওয়ান এবং কোচ। থেমে যায় ঝামেলা।

    সতীর্থদের সঙ্গে দূরত্ব রচনা বাবরের

    জানা গিয়েছে, এর পরেই দলের বাকি ক্রিকেটারদের থেকে দূরত্ব তৈরি করেছেন বাবব। তাঁদের সঙ্গে বেশি মেলামেশা করছেন না। তাই চিন্তা বেড়েছে দল পরিচালন সমিতির। প্রসঙ্গত, এশিয়া কাপে শ্রীলঙ্কার মুখোমুখি হয় বাবরের দল। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় তারা। মাত্র ২৯ রানে আউট হয়ে যান বাবর। নির্ধারিত ৪২ ওভারে ৭ উইকেট হারিয়ে পাকিস্তান তোলে ২৫২ রান। পাকিস্তানের হয়ে রানের ঝোড়ো ইনিংস খেলেন উইকেটকিপার ব্যাটার মহম্মদ রিজওয়ান। ৭৩ বলে তিনি করেন ৮৬ রান। ওপেনার আবদুল্লা শফিক করেন ৫২। আর ৪৭ রান করেন ইফতিকার আহমেদ।

    আরও পড়ুুন: ‘ইন্ডি’ জোটে অনৈক্যে! বাতিল হল প্রথম জনসমাবেশ, কটাক্ষ বিজেপির

    ব্যাট করতে নেমে প্রথমে ভালই খেলছিল শ্রীলঙ্কা। দ্বিতীয় উইকেটে পাথুম নিশঙ্কার সঙ্গে ৫৭ রানের এবং তৃতীয় উইকেটে সাদিরা সমরবিক্রমার সঙ্গে শতরানের পার্টনারশিপ গড়ে তোলেন কুশল মেন্ডিস। উইকেটকিপার ব্যাটার কুশল ৮৭ বলে ৯১ রানের ইনিংস উপহার দেন দলকে। এদিকে, খেলা যখন শেষের দিকে, তখন ঝলসে ওঠেন শাহিন (Pakistan Cricket)। এক ওভারে ধনঞ্জয় ডি সিলভা ও দুনিথ ওয়েলালাগের উইকেট নিয়ে নেন তিনি। ৪৯ রানে শেষ পর্যন্ত চরিথ আশালঙ্কা জিতিয়ে দেন দলকে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Anurag Thakur: “সীমান্ত সন্ত্রাস বন্ধ না হলে ভারত-পাক ক্রিকেট নয়”! স্পষ্ট বার্তা অনুরাগ ঠাকুরের

    Anurag Thakur: “সীমান্ত সন্ত্রাস বন্ধ না হলে ভারত-পাক ক্রিকেট নয়”! স্পষ্ট বার্তা অনুরাগ ঠাকুরের

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয়দের অনুভূতির কথা মাথায় রেখে পাকিস্তানের (Pakistan) সঙ্গে খেলা বন্ধ করে দেওয়া উচিত ভারতের। অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ না থামলে, ক্রিকেটেও পাকিস্তানের সঙ্গে কোনও দ্বিপাক্ষিক সম্পর্ক থাকবে না। শুক্রবার স্পষ্ট জানালেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur)।

    কী বললেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী

    এশিয়া কাপে দু’বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। বিশ্বকাপে আবার মুখোমুখি হবে তারা। দু’দেশের দ্বিপাক্ষিক সিরিজ আবার কবে হবে, তা নিয়ে অনেক দিন ধরেই প্রশ্ন রয়েছে দু’দলের ক্রিকেটার এবং সমর্থকদের মধ্যে। এ বিষয়ে সরকারের মতামত জানিয়ে দিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি বলেন, “বোর্ড বহু দিন আগেই সিদ্ধান্ত নিয়েছে যে অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্তে সন্ত্রাস বন্ধ না হওয়া পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে কোনও রকম দ্বিপাক্ষিক সিরিজ খেলা হবে না। এই দেশের যে কোনও সাধারণ মানুষ এটাই চায়।” সম্প্রতি অনন্তনাগে পাকিস্তানের জঙ্গিদের সঙ্গে গুলির সংঘর্ষে মৃত্যু হয়েছে তিন জনের। সেই সূত্র ধরে এদিন এই বার্তা দেন অনুরাগ।

    পাকিস্তানে খেলা নয়

    প্রসঙ্গত, চলতি এশিয়া কাপের সমস্ত ম্যাচই পাকিস্তানে হওয়ার কথা ছিল, কিন্তু বিসিসিআইয়ের তরফে জানানো হয়, ভারত সরকারের অনুমতি না মেলায় পড়শি দেশে খেলতে যাওয়া সম্ভব নয়। পাল্টা জবাবে পাকিস্তান ক্রিকেট বোর্ডও ভারতে ওডিআই বিশ্বকাপ বয়কট করার হুঁশিয়ারি দিয়েছে বারংবার। এদিন অনুরাগ (Anurag Thakur) বলেন,  “পাকিস্তানের সঙ্গে খেলা বন্ধ করে দেওয়া উচিত। ভারতীয়দের অনুভূতিকে সম্মান দিয়েই পাকিস্তানের সঙ্গে ক্রীড়া জগতের যাবতীয় সম্পর্ক ছিন্ন করা উচিত।” 

    আরও পড়ুন: পুরোটাই গিমিক! লা লিগার অ্যাকাডেমি করে কি আদৌ লাভ হবে বাংলার ফুটবলের?

    কেন ফের এই জল্পনা

    এশিয়া কাপ শুরুর পর পাকিস্তানের আমন্ত্রণে সে দেশে গিয়েছিলেন বোর্ড সভাপতি রজার বিনি এবং সহ-সভাপতি রাজীব শুক্লা। এর ফলে দুই দেশের মধ্যে খেলা হওয়ার কথা ভাবা হচ্ছিল। কিন্তু গত বুধবার দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় ভারতীয় সেনার কর্নেল, মেজর পদাধিকারীর আধিকারিকদের। জম্মু ও কাশ্মীর পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্টও জঙ্গিদের গুলিতে নিহত হন। এই তিন হত্যার দায় স্বীকার করেছে পাক মদত পুষ্ট রেসিসট্যান্ট ফ্রন্ট নামের একটি জঙ্গিগোষ্ঠী। এরপরই পরিস্থিতি ফের খারাপ হয়।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

  • Asia Cup 2023: ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির ভ্রুকুটি! নেপাল ম্যাচ জিতে প্রস্তুতি সারলেন বাবররা

    Asia Cup 2023: ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির ভ্রুকুটি! নেপাল ম্যাচ জিতে প্রস্তুতি সারলেন বাবররা

    মাধ্যম নিউজ ডেস্ক: শুরু হয়ে গিয়েছে এশিয়া সেরার লড়াই। আগামী ২ সেপ্টেম্বর পাল্লেকেলেতে এশিয়া কাপের গ্রুপ ম্যাচে ভারতের বিরুদ্ধে মাঠে নামবে পাকিস্তান। বাবরদের বিরুদ্ধে লড়াই দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। বিশ্বকাপের আগে এই ম্যাচ নিয়ে উত্তেজনা তুঙ্গে। কিন্তু এশিয়া কাপে আদৌ কি খেলা সম্ভব হবে ভারত-পাক ম্যাচ? স্থানীয় আবহাওয়াবিদদের‌ তরফে যা খবর, তাতে করে ভারত বনাম পাকিস্তানের এই হাইভোল্টেজ ম্যাচে বাধ সাধতে পারে প্রকৃতি। বৃষ্টির ভ্রুকুটি রয়েছে এই ম্যাচে।

    ভারত-পাক ম্যাচে বৃষ্টি ফ্যাক্টর

    শ্রীলঙ্কায় এই মুহূর্তে বর্ষার মরশুমের একেবারে শেষভাগ। বিশেষজ্ঞদের মতে শ্রীলঙ্কার আবহাওয়ার বিষয়ে যাঁদের নূন্যতম ধারণা রয়েছে তাঁরা জানেন যে অগস্ট-সেপ্টম্বর মাসে এই দ্বীপরাষ্ট্রে ক্রিকেট খেলা কতটা ঝুঁকিপূর্ণ এই বৃষ্টির কারণে। শনিবার ভারত-পাক হাইভোল্টেজ ম্যাচে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে ।  ৯০ শতাংশ সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের। ফলে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ হওয়া নিয়েই বড়সড় প্রশ্নচিহ্ন পড়ে গিয়েছে। পাল্লেকেলের আউটফিল্ডের অবস্থা এতটাই খারাপ যে আগের দিনও যদি বৃষ্টি হয় এবং পরের দিন সূর্য ভালোভাবে না বেরতে পারে তাহলে ভিজে থাকে। এতটাই ভিজে থাকে যে চলাফেরা করলেই সেখানে পায়ের দাগ তৈরি হয়ে যেতে পারে। আজ,  বৃহস্পতিবার শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ম্যাচেও রয়েছে বৃষ্টিপাতের আশঙ্কা।

    আরও পড়ুন: চোখের নিমেষে শেষ! বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের টিকিট আর কি পাওয়া যাবে?

    ভারত-পাক ম্যাচে বাবর ফ্যাক্টর

    অন্যদিকে, নেপালের বিরুদ্ধে বিরাট জয় দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করল পাকিস্তান। বুধবার মুলতানে এশিয়া কাপ ২০২৩-এর উদ্বোধনী ম্যাচে নেপালকে ২৩৮ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে পাকিস্তান। ওয়ান ডে ফর্ম্যাটের এশিয়া কাপের ইতিহাসে এটি পাকিস্তানের সব থেকে বড় ব্যবধানে ম্যাচ জয়ের রেকর্ড। ক্যাপ্টেন নিজে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দেন পাকিস্তানকে। ১৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১৩১ বলে ১৫১ রানের দুর্দান্ত ইনিংস খেলে আউট হন বাবর আজম। ম্যাচের শেষে পুরস্কার বিতরণী মঞ্চে বাবর বলেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচ সর্বদা অন্যরকম উত্তেজনা নিয়ে আসে। ভারতের মুখোমুখি হওয়ার আগে এই ম্যাচটায় যথাযথ প্রস্তুতি সারা গেল। কেননা এমন জয় আমাদের বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। আমরা সব ম্যাচেই একশো শতাংশ দিতে চাই। আশা করি ভারতের বিরুদ্ধেও নিজেদের সেরাটা দিতে পারব।’ প্রথম ম্যাচে পাকিস্তানের সার্বিক পারফর্ম্যান্স ভারতীয় শিবিরের কাছে সতর্কবার্তা বয়ে নিয়ে যেতে পারে। বাবরের ফর্মে থাকা নিয়ে ভাবতে বাধ্য টিম ইন্ডিয়া।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share