Tag: Cyber Attack in Cloud One

  • US Air Force: মার্কিন বায়ুসেনার ক্লাউড প্ল্যাটফর্মে সাইবার হামলা, বিপন্ন স্পর্শকাতর সামরিক তথ্য! তদন্তে সাইবার কমান্ড

    US Air Force: মার্কিন বায়ুসেনার ক্লাউড প্ল্যাটফর্মে সাইবার হামলা, বিপন্ন স্পর্শকাতর সামরিক তথ্য! তদন্তে সাইবার কমান্ড

    মাধ্যম নিউজ ডেস্ক: আমেরিকার সামরিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হল। মার্কিন বায়ুসেনার (US Air Force) প্রধান ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম ‘ক্লাউড ওয়ান’ (Cloud One)-এ সাইবার হামলার ঘটনা সামনে এসেছে। এই হামলার ফলে মার্কিন সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ তথ্য, সেনাকর্মীদের বিবরণ এবং সামরিক অভিযানের সঙ্গে সম্পর্কিত তথ্য হ্যাকারদের হাতে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ২৭ নভেম্বর রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ্যে এসেছে। যদিও এখনও পর্যন্ত হ্যাকাররা কোনও গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিতে পেরেছে কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

    ক্লাউড ওয়ান প্ল্যাটফর্মে আপগ্রেডের সময় সাইবার হামলা

    রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গত মাসে ক্লাউড ওয়ান প্ল্যাটফর্মের প্রযুক্তিগত উন্নয়ন ও আপগ্রেডের কাজ চলাকালীন এই সাইবার হামলার বিষয়টি ধরা পড়ে। সংশ্লিষ্ট ঘটনার বিষয়ে অবগত এক সূত্র জানিয়েছে, সফটওয়্যারের একটি দুর্বলতাকে কাজে লাগিয়ে হ্যাকাররা প্ল্যাটফর্মটির ‘কন্ট্রোল প্লেন’ (Control Plane)-এ প্রবেশ করেছিল। ক্লাউড কম্পিউটিং ব্যবস্থায় কন্ট্রোল প্লেন হল এমন একটি গুরুত্বপূর্ণ পরিচালন স্তর, যার মাধ্যমে ক্লাউডের বিভিন্ন পরিষেবা, অ্যাপ্লিকেশন এবং পরিকাঠামো নিয়ন্ত্রণ করা হয়। ফলে এই স্তরে অনুপ্রবেশ করতে পারলে গোটা ব্যবস্থার উপর নজরদারি চালানোর সুযোগ তৈরি হতে পারে। এই অনুপ্রবেশের ফলে মার্কিন সামরিক অভিযানের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য, যুদ্ধবিমানের অবস্থান এবং সামরিক সরঞ্জাম ও সেনা চলাচল সংক্রান্ত তথ্যের নাগাল পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল বলে আশঙ্কা করা হচ্ছে। তবে হ্যাকাররা আদৌ এই ধরনের কোনও তথ্য দেখতে পেরেছে কিংবা নিজেদের দখলে নিয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

    ক্লাউড ওয়ানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

    ক্লাউড ওয়ান হল মার্কিন বিমানবাহিনীর জন্য পরিচালিত একটি বিশেষ ক্লাউড কম্পিউটিং পরিকাঠামো। এর মাধ্যমে সামরিক বাহিনীর অনুমোদিত কর্মীরা বিভিন্ন কম্পিউটিং পরিষেবা ব্যবহার, তথ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ এবং প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন পরিচালনা করতে পারেন। মূলত মার্কিন বিমানবাহিনীর প্রযুক্তিগত পরিকাঠামো আধুনিক করে তোলা, তথ্য আদানপ্রদান সহজ করা এবং সামরিক পরিষেবার ডিজিটাল সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই এই প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। এই সাইবার হামলার পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে একাধিক ব্যবস্থা নিয়েছে মার্কিন বিমানবাহিনী। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ক্লাউড ওয়ানে আরও কিছু প্রশাসনিক অ্যাপ্লিকেশন স্থানান্তরের পরিকল্পনা আপাতত স্থগিত রাখা হয়েছে। পাশাপাশি, ইতিমধ্যে এই প্ল্যাটফর্মে চালু থাকা অ্যাপ্লিকেশনগুলির আপডেটও বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তার স্বার্থে কয়েকজন ব্যবহারকারীর প্রশাসনিক অ্যাক্সেস বা নিয়ন্ত্রণের অধিকারও প্রত্যাহার করা হয়েছে।

    ঘটনার তদন্তে মার্কিন সাইবার কমান্ড

    ঘটনার তদন্তে যুক্ত করা হয়েছে মার্কিন সাইবার কমান্ডকে (US Cyber Command)। এই হামলার প্রকৃতি, অনুপ্রবেশের পদ্ধতি এবং এর ফলে কতটা ক্ষতি হতে পারে, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে মার্কিন বিমানবাহিনী নির্দিষ্ট কোনও নেটওয়ার্ক বা প্রযুক্তিগত ব্যবস্থার নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে চায়নি। তাদের বক্তব্য, প্রতিরক্ষা দফতরের তথ্য, প্রযুক্তিগত ব্যবস্থা এবং সামরিক অভিযান সংক্রান্ত সক্ষমতা সুরক্ষিত রাখতে নিয়মিত সতর্কতামূলক পদক্ষেপ করা হয়। সাম্প্রতিক মাসগুলিতে আমেরিকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ও নিরাপত্তা সংস্থায় অন্তত ছ’টি সাইবার অনুপ্রবেশের ঘটনা প্রকাশ্যে এসেছে। এর মধ্যে রয়েছে মার্কিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এফবিআইয়ের (FBI) উপর দুটি পৃথক সাইবার হামলা, পেন্টাগনের তথ্যভাণ্ডারে আগের একটি অনুপ্রবেশের ঘটনা, স্বরাষ্ট্র দফতরের (Department of Homeland Security) কর্মীদের ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে চলে আসা, অন্তত দুটি মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্য সুরক্ষা ব্যবস্থায় হানা এবং মার্কিন অর্থ দফতরের (Treasury Department) উপর সাইবার আক্রমণ।

     

LinkedIn
Share