মাধ্যম নিউজ ডেস্ক: ফিলিবেক-মন্তব্য বিতর্কের আবহে ভারতের গণতন্ত্র ও নির্বাচনী ব্যবস্থার ভূয়সী প্রশংসা করে আসরে নামলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির দলের এক নেত্রী (Forza Italia)। হায়দরাবাদে আয়োজিত ভারত সম্মেলনে কংগ্রেসের ‘ভোটচোর, গদি ছোড়’ স্লোগানকে কেন্দ্র করে শুরু হওয়া বিতর্কে ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও নির্বাচনী ব্যবস্থার পক্ষে জোর সওয়াল (Vote Chori Controversy) করলেন মেলোনির দল ফোর্সা ইতালিয়ার নেত্রী ডেবোরা বেরগামিনি। তাঁর বক্তব্য, প্রায় ৯৭ কোটি মানুষকে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া একটি দেশের গণতন্ত্র নিয়ে অন্য দেশের নেতাদের উপদেশ দেওয়া মোটেই সমীচীন নয়।
মেলোনির দলের নেত্রীর সাফ কথা (Forza Italia)
সম্প্রতি ভারত সম্মেলনে যোগ দিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নির্বাচনী তালিকায় অনিয়মের অভিযোগ এবং তা সংশোধনের দাবিকে সমর্থন করেন ইউরোপীয় সমাজতন্ত্রী দলের মহাসচিব জিয়াকোমো ফিলিবেক। শুধু তাই নয়, তেলঙ্গানার ওই সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের ‘ভোটচোর, গদি ছোড়’ স্লোগানও তুলে ধরেন তিনি। এর পরেই ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি রাজনৈতিক নেতাদের মন্তব্য নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়।
বেরগামিনি এই প্রসঙ্গে ভারতের নিজস্ব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও বিচারব্যবস্থার কথা তুলে ধরেন। নিজের দেশের রাজনীতিবিদকে মনে করিয়ে দেন, গণতন্ত্র নিয়ে ভারতকে লেকচার দেওয়া ঠিক নয়। তাঁর বক্তব্য, ‘‘যে দেশ ৯৭ কোটি নাগরিককে ভোট দেওয়ার অধিকার ও সুযোগ করে দিয়েছে, তাকে গণতন্ত্রের পাঠ পড়ানো অনুচিত।’’ ফিলিবেকের মন্তব্যের বিরোধিতা করে তিনি কার্যত ভারতের নির্বাচনী ব্যবস্থার পাশে দাঁড়ান।
রাহুলের আন্দোলনকে সমর্থন ফিলিবেকের
ভারত সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে রাহুলের নির্বাচনী স্বচ্ছতার দাবির প্রশংসা করেন ফিলিবেক। তাঁর মতে, ‘এক ব্যক্তি, এক ভোট’ নীতি গণতন্ত্রের অন্যতম মৌলিক ভিত্তি। তাই ভোটার তালিকায় স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
ফিলিবেক বলেন, “রাহুল গান্ধী এমন একটি মৌলিক নীতির পক্ষে দাঁড়িয়েছেন, যার উপর প্রতিটি গণতন্ত্র প্রতিষ্ঠিত। সেই নীতি হল, এক ব্যক্তি, এক ভোট। স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকার দাবিতে তাঁর আন্দোলন এবং মাত্র দু’সপ্তাহ আগে রামলীলা ময়দানে তাঁর সঙ্গে হাজার হাজার মানুষের মিছিল আমাদের মনে করিয়ে দেয়, গণতন্ত্র নিজে থেকেই সুরক্ষিত থাকে না। এর জন্য মানুষকে লড়াই করতে হয়।” এর পরেই তিনি বিরোধীদের স্লোগান তুলে ধরে ইংরেজিতে তার অর্থও ব্যাখ্যা করেন। তাঁর বক্তব্যের সারমর্ম ছিল, ভোট চুরি করে ক্ষমতায় থাকা ব্যক্তিদের পদ ছেড়ে দেওয়া উচিত।
ভারতের গণতন্ত্র নিয়ে মন্তব্য করার অধিকার প্রসঙ্গে ফিলিবেকের যুক্তি, গণতন্ত্রের উপর আঘাত এলে আন্তর্জাতিক মহলেরও তার বিরুদ্ধে সরব হওয়া প্রয়োজন। তিনি বলেন, “ভারতে গণতন্ত্র আক্রমণের মুখে। একে রক্ষা করতে হবে। আর গণতন্ত্র রক্ষার সবচেয়ে কার্যকর উপায় হল রাহুল গান্ধী এবং কংগ্রেসের পাশে দাঁড়ানো।”
কংগ্রেসের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের একাধিক রাজনৈতিক আন্দোলনকেও একই প্রগতিশীল রাজনৈতিক ধারার অংশ বলে উল্লেখ করেন তিনি। তাঁর মতে, সামাজিক ন্যায়বিচার, পরিবেশের ন্যায়বিচার, মানবাধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার প্রশ্নে এই রাজনৈতিক শক্তিগুলির অবস্থান এক।
বিদেশি নেতার মন্তব্যে সরব বিজেপি
ফিলিবেকের বক্তব্য সামনে আসতেই কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগে বিজেপি এবং ভারত রাষ্ট্র সমিতি। ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে একটি কংগ্রেসের মঞ্চ থেকে বিদেশি রাজনৈতিক নেতার মন্তব্য করার অধিকার নিয়ে প্রশ্ন তোলেন দুই দলের নেতারা।
কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু সরাসরি নাম না করেই রাহুলকে নিশানা করেন। ফিলিবেকের বক্তব্য চলাকালীন রাহুলকে হাসতে ও হাততালি দিতে দেখা গিয়েছিল। সেই প্রসঙ্গ টেনে সোশ্যাল মিডিয়ায় রিজিজু লেখেন, “কোনও বিদেশি যখন ভারতকে অপমান করেন, তখন কোনও ভারতীয়কে কি (Forza Italia) কখনও হাসতে দেখেছেন? তবে বিদেশে গিয়ে কোনও ভারতীয় দেশকে অপমান করেন, সেই প্রসঙ্গ আমি তুলছি না।”
বিজেপি নেতা শাহনওয়াজ হুসেনও ফিলিবেকের মন্তব্যের নিন্দা করেন। তাঁর বক্তব্য, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার কোনও বিদেশির নেই। দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিতর্কে বিদেশি নেতাদের নিয়ে আসার জন্য কংগ্রেসকেও আক্রমণ করেন তিনি।
তেলঙ্গানা বিজেপির সভাপতি এন রামচন্দর রাওয়ের অভিযোগ, কংগ্রেস বিদেশি নেতাদের দিয়ে ভারতের গণতন্ত্রকে উপহাস করার সুযোগ করে দিচ্ছে। এদিকে, ভারত রাষ্ট্র সমিতির নেতা তথা জাতীয় সংবাদমাধ্যম প্যানেলের সদস্য কার্তিক ইন্দ্র রেড্ডি পাটলোল্লার প্রশ্ন, ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে মন্তব্য করার জন্য একজন বিদেশি নেতাকে কেন মঞ্চ দেওয়া হচ্ছে। তাঁর অভিযোগ, রাহুল এ ধরনের মন্তব্যকে উৎসাহিত করছেন।
ফিলিবেকের পাশে সঞ্জয় রাউত
অন্যদিকে, শিবসেনা (উদ্ধব ঠাকরে) গোষ্ঠীর নেতা সঞ্জয় রাউত ফিলিবেকের বক্তব্যের সমর্থনে মুখ খুলেছেন। ভারতের বিষয়ে বিদেশি রাজনৈতিক নেতার মন্তব্য নিয়ে বিজেপির আপত্তিরও সমালোচনা করেন তিনি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সম্পর্ক এবং তাঁদের পারস্পরিক যোগাযোগের প্রসঙ্গ টেনে রাউত বলেন, ‘‘মোদি যদি ইতালির প্রধানমন্ত্রীর হাতে মেলোডি চকোলেট তুলে দিতে পারেন, তা হলে একজন ইতালীয় রাজনীতিকও এ দেশে এসে ভারত সম্পর্কে কথা বলতে পারেন। দেশে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। এটি রাষ্ট্রসংঘ এবং মানবাধিকার সংক্রান্ত বিষয়, কোনও বিদেশি শক্তির সঙ্গে সম্পর্কিত বিষয় নয়।’’
ফলে ভারত সম্মেলনে রাহুলের পাশে দাঁড়িয়ে ফিলিবেকের মন্তব্যকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে নতুন করে চাপানউতোর (Vote Chori Controversy) শুরু হয়েছে। একদিকে বিজেপি ও ভারত রাষ্ট্র সমিতির নেতারা দেশের (Forza Italia) অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করছেন, অন্যদিকে গণতন্ত্র ও মানবাধিকারের প্রশ্নে আন্তর্জাতিক মহলের মতপ্রকাশের অধিকারকে সমর্থন করছে বিরোধী শিবিরের একাংশ।
