Tag: Doctors Educational Qualifications Verification

  • WB Doctor’s Verification: ভুয়ো চিকিৎসকের খোঁজে বড়সড় অভিযান, রাজ্যে ১.১ লক্ষ ডাক্তারের ডিগ্রি যাচাই করবে সরকার

    WB Doctor’s Verification: ভুয়ো চিকিৎসকের খোঁজে বড়সড় অভিযান, রাজ্যে ১.১ লক্ষ ডাক্তারের ডিগ্রি যাচাই করবে সরকার

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে ভুয়ো চিকিৎসকদের চিহ্নিত করতে এবার বড়সড় পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার (WB Doctor’s Verification)। রাজ্যের স্বাস্থ্য দফতর পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলে (WBMC) ১৯৯৬ সাল থেকে নথিভুক্ত প্রায় ১ লক্ষ ১০ হাজার চিকিৎসকের শিক্ষাগত যোগ্যতা ও শংসাপত্র নতুন করে যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে। ভুয়ো ডিগ্রি নিয়ে চিকিৎসা করার একাধিক অভিযোগ সামনে আসার পরেই এই উদ্যোগ বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শরদ্বত মুখোপাধ্যায়।

    ‘নো ইয়োর ডক্টর’ কর্মসূচি

    স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রেশনের নথিতে একাধিক ভুয়ো চিকিৎসকের সন্ধান মিলেছে। সেই কারণেই সমস্ত চিকিৎসকের শিক্ষাগত যোগ্যতা এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া শংসাপত্র ফের পরীক্ষা করে দেখা হবে। তাঁর কথায়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দেওয়া চিকিৎসকদের প্রায় ১.১ লক্ষ শংসাপত্র নতুন করে যাচাই করা হবে। এই উদ্দেশ্যে কেওয়াইসি (নো ইয়োর কাস্টমার)-এর ধাঁচে চালু করা হচ্ছে ‘নো ইয়োর ডক্টর’ (Know Your Doctor) কর্মসূচি। এই প্রক্রিয়ায় চিকিৎসকদের পরিচয়, শিক্ষাগত যোগ্যতা এবং প্রয়োজনীয় নথিপত্র খতিয়ে দেখা হবে। সরাসরি হাজির হয়ে অথবা ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিজেদের নথি যাচাই করানোর সুযোগ পাবেন চিকিৎসকেরা।

    নতুন করে সাজবে মেডিক্যাল কাউন্সিলের রেজিস্টার

    বয়স্ক চিকিৎসক, শারীরিক অসুস্থতার কারণে যাঁদের যাতায়াতে সমস্যা রয়েছে কিংবা যাঁরা দূরবর্তী এলাকায় থাকেন, তাঁদের সুবিধার কথা মাথায় রেখেই ভিডিও কনফারেন্সের ব্যবস্থা রাখা হচ্ছে। গোটা যাচাই প্রক্রিয়া সম্পন্ন করতে একটি বেসরকারি সংস্থাকে দায়িত্ব দেওয়ার পরিকল্পনাও রয়েছে রাজ্য সরকারের। এ বিষয়ে শীঘ্রই সরকারি বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। যাচাইয়ের পাশাপাশি মেডিক্যাল কাউন্সিলের রেজিস্টারও নতুন করে সাজানো হবে। মৃত চিকিৎসক, বিদেশে বসবাসকারী চিকিৎসক এবং যাঁরা বর্তমানে চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত নন, তাঁদের নাম কাউন্সিলের তালিকা থেকে বাদ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। ফলে রাজ্যে সক্রিয় চিকিৎসকদের প্রকৃত তালিকা তৈরি করা সম্ভব হবে বলে মনে করছে স্বাস্থ্য দফতর।

    রেজিস্ট্রেশন সংক্রান্ত শংসাপত্রে অনিয়মের অভিযোগ

    চিকিৎসকদের রেজিস্ট্রেশন সংক্রান্ত শংসাপত্রে অনিয়মের অভিযোগ ঘিরে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। এই ঘটনায় বিধাননগর পুলিশ কমিশনারেটে মেডিক্যাল কাউন্সিলের সভাপতি, সহ-সভাপতি, প্রাক্তন রেজিস্ট্রার, কাউন্সিলের এক বিধায়ক সদস্য-সহ কয়েক জন আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। সেই অভিযোগ সামনে আসার পরেই মেডিক্যাল কাউন্সিলের সঙ্গে বৈঠকে বসে এই ব্যাপক যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তবে নতুন নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত বর্তমানে চিকিৎসকদের যে রেজিস্ট্রেশন রয়েছে, তা বৈধই থাকবে বলে আশ্বাস দিয়েছেন শরদ্বত মুখোপাধ্যায়। নতুন নিয়ম কার্যকর হওয়ার পরেই পরবর্তী পদক্ষেপ করা হবে।

LinkedIn
Share