Tag: Dr Allah Nazar Baloch

  • BLA: বিএলএর নয়া প্রধান রহমান গুল, নেতৃত্ব বদলে সাংগঠনিক গণতন্ত্রের পথে বালোচ আন্দোলন?

    BLA: বিএলএর নয়া প্রধান রহমান গুল, নেতৃত্ব বদলে সাংগঠনিক গণতন্ত্রের পথে বালোচ আন্দোলন?

    মাধ্যম নিউজ ডেস্ক: বালোচিস্তানের সশস্ত্র সংগঠন বালোচ লিবারেশন আর্মি বা সংক্ষেপে বিএলএ-র শীর্ষ নেতৃত্বে বড়সড় বদল ঘটল। সংগঠনের নতুন প্রধান নির্বাচিত হয়েছেন রহমান গুল, যিনি মুরিদ নামেও পরিচিত। শনিবার সংগঠনের (BLA) প্রবীণ কমান্ড কাউন্সিলের তত্ত্বাবধানে নেতৃত্ব পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাঁর নাম ঘোষণা করা হয়। সংগঠনের দাবি, সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গুল একসময় পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন ছিলেন। প্রায় ১৬ বছর আগে তিনি সেনাবাহিনীর চাকরি ছেড়ে দেন।

    সংগঠনের মুখপাত্র জিয়ান্দ বালোচ এক বিবৃতিতে (Rehman Gul) জানিয়েছেন, দীর্ঘ আলোচনার পর প্রবীণ কমান্ড কাউন্সিলের সদস্যরা গুলকে নতুন প্রধান হিসেবে বেছে নিয়েছেন। এই সিদ্ধান্তে সংগঠনের শীর্ষ নেতৃত্ব এবং সমস্ত কমান্ডারের পূর্ণ সমর্থন রয়েছে। এর আগে গুল প্রবীণ কমান্ড কাউন্সিলের সদস্য এবং মাজিদ ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক পদে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তাঁর ঝুলিতে। বালোচিস্তান পোস্টের প্রতিবেদন অনুযায়ী, নতুন নেতৃত্বের অধীনে জাতীয় মুক্তির লড়াই আরও জোরদারভাবে চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছে সংগঠনটি। গত ৩ নভেম্বরই বিএলএ ঘোষণা করেছিল, বশির জেব বালোচ আর সংগঠনের প্রধান থাকছেন না। প্রবীণ কমান্ড কাউন্সিলের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতেই এই পরিবর্তন করা হয়েছে বলে জানানো হয়।

    আসলাম বালোচের সাংগঠনিক ভাবনার প্রতিফলন? (BLA)

    বিএলএর নেতৃত্ব পরিবর্তনের এই ঘটনাকে সংগঠনের সাংগঠনিক কাঠামোর বিবর্তনের সঙ্গে যুক্ত করে দেখছেন পর্যবেক্ষকরা। সংগঠনের বক্তব্য, গত ১৬ অক্টোবর তাদের সর্বোচ্চ সাংগঠনিক স্তরে একটি বৈঠক হয়। ২০১৮ সালে আসলাম বালোচের নেতৃত্বে সংগঠনের পুনর্গঠনের সময় যে সাংবিধানিক কাঠামো চালু করা হয়েছিল, সেই নিয়ম মেনেই সাম্প্রতিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই পুনর্গঠনের অন্যতম লক্ষ্য ছিল বংশানুক্রমিক এবং আজীবন নেতৃত্বের অবসান ঘটানো।

    বিএলএর দাবি, বালোচ প্রতিরোধ আন্দোলনের ইতিহাসে এই ধরনের নেতৃত্ব পরিবর্তন নজিরবিহীন। কোনও অভ্যন্তরীণ বিভাজন বা সংঘাত ছাড়াই শান্তিপূর্ণভাবে প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে। এর ফলে সংগঠনের কাঠামো কিংবা নির্দেশদানের ধারাবাহিকতায় কোনও প্রভাব পড়বে না বলেও দাবি করা হয়েছে।

    বালোচ জাতীয়তাবাদী মহলে আসলাম বালোচ অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। বিএলএর মাজিদ ব্রিগেড গঠনের অন্যতম প্রধান রূপকার ছিলেন তিনি। এই ব্রিগেড পাকিস্তানে একাধিক বড় হামলার সঙ্গে যুক্ত ছিল এবং আত্মঘাতী হামলার কৌশল ব্যবহার করত।

    আসলাম বালোচ বালোচিস্তানের অস্তিত্ব ও ভবিষ্যৎ রক্ষার লড়াই হিসেবে সশস্ত্র সংঘাতকে দেখতেন। পাকিস্তানের সঙ্গে কোনও ধরনের সমঝোতার বিরোধী ছিলেন তিনি। জীবনের শেষ দিন পর্যন্ত সশস্ত্র লড়াই চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নেন। পাক সেনা এবং চিনা নাগরিকদের নিশানা করে আরও আত্মঘাতী হামলার হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। তাঁর প্রভাবে বালোচিস্তানের বহু যুবক সশস্ত্র আন্দোলনে যোগ দেন।

    বিএলএর নেতৃত্বে উপজাতীয় পরিচয়ের পরিবর্তে যোগ্যতাকে গুরুত্ব দেওয়ার পক্ষে ছিলেন আসলাম। তাঁর মতে, সংগঠনের নেতৃত্বে মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণির প্রতিনিধিত্ব থাকা উচিত। বংশগত বা উপজাতীয় অধিকার নয়, বরং দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতেই ক্ষমতা বণ্টন করা প্রয়োজন।

    ২০১৮ সালের ২৫ ডিসেম্বর আফগানিস্তানের কান্দাহারের আইনো মাইনায় একটি পরিকল্পিত আত্মঘাতী হামলায় নিহত হন আসলাম বালোচ। অভিযোগ, পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই ওই হামলার পরিকল্পনার নেপথ্যে ছিল। সেই সময় সংস্থাটির নেতৃত্বে ছিলেন আসিম মুনির, যিনি তখন লেফটেন্যান্ট জেনারেল পদে কর্মরত ছিলেন। যদিও এই অভিযোগের সত্যতা যাচাই (BLA) করা হয়নি।

    নেতৃত্বের গণতন্ত্রীকরণে উপজাতীয় প্রধানদের প্রভাব কমছে

    বালোচ রাজনৈতিক আন্দোলন এবং প্রতিরোধের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, দীর্ঘদিন ধরে নেতৃত্বের ক্ষমতা মূলত প্রভাবশালী উপজাতীয় নেতাদের হাতেই কেন্দ্রীভূত ছিল। সংগঠনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও সমষ্টিগত প্রতিষ্ঠানগুলির পরিবর্তে ব্যক্তিবিশেষের মতামত অনেক সময় প্রাধান্য (Rehman Gul) পেত।

    ব্রিটিশ রাজত্বে বালোচিস্তানের উপজাতীয় ব্যবস্থায় হস্তক্ষেপ এবং ব্যক্তিগত উপজাতীয় কর্তৃত্বের প্রসারের ফলে এই কাঠামো আরও বেশি স্তরবিন্যস্ত হয়ে ওঠে। পরবর্তী সময়ে বালোচ রাজনীতি এবং সশস্ত্র আন্দোলনেও তার প্রভাব পড়ে। সাধারণ মানুষ রাজনৈতিক সংগ্রাম ও সশস্ত্র প্রতিরোধে সম্মিলিতভাবে অংশ নিলেও যুদ্ধ চালিয়ে যাওয়া, পিছিয়ে আসা কিংবা আত্মসমর্পণের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনেক ক্ষেত্রেই উপজাতীয় প্রধানদের হাতে থাকত।

    তবে সময়ের সঙ্গে সঙ্গে বালোচ রাজনৈতিক ও বিশেষত সশস্ত্র আন্দোলনের সাংগঠনিক চিন্তাভাবনায় পরিবর্তন আসতে শুরু করে। শিক্ষিত মধ্যবিত্ত প্রজন্ম বংশানুক্রমিক উপজাতীয় নেতৃত্বের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত থাকার বিরোধিতা করে। তাদের দাবি ছিল, সংগঠনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সমষ্টিগত প্রতিষ্ঠানের হাতে থাকা উচিত। নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রেও উপজাতীয় পরিচয় কিংবা অভিজাত পরিবারের সদস্য হওয়ার পরিবর্তে যোগ্যতাকে প্রাধান্য দিতে হবে।

    বিএলএফের নেতৃত্বে চিকিৎসক আল্লাহ নজর বালোচ

    এই পরিবর্তনের অন্যতম উদাহরণ হিসেবে উঠে আসে বিএলএফ নেতা চিকিৎসক আল্লাহ নজর বালোচের নাম। তিনি উপজাতীয় অভিজাত পরিবারের সদস্য না হয়েও সংগঠনের নেতৃত্বে উঠে এসেছেন।

    একইভাবে বিএলএর অভ্যন্তরেও আসলাম বালোচের উত্থান ছিল তাৎপর্যপূর্ণ। ২০১৮ সালে সংগঠনের বিভাজনের পর উপজাতীয় নেতা হিরবেয়ার মারির নেতৃত্বের পরিবর্তে আসলাম বালোচ একটি গুরুত্বপূর্ণ নেতৃত্বের কেন্দ্রে উঠে আসেন।

    তবে এই পরিবর্তনের মূল্যও কম ছিল না। নেতৃত্বের দ্বন্দ্বের জেরে সংগঠনটি দু’টি গোষ্ঠীতে ভাগ হয়ে যায়। পরবর্তী বছরগুলিতে বিএলএর কার্যকলাপ এবং বিভিন্ন বিশ্লেষণমূলক প্রতিবেদনে উঠে এসেছে, আসলাম বালোচের নেতৃত্বাধীন গোষ্ঠী ক্রমশ সবচেয়ে প্রভাবশালী বালোচ সশস্ত্র সংগঠনে পরিণত হয়। নতুন ধরনের কৌশল গ্রহণের পাশাপাশি তারা আরও সুসংগঠিত প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার চেষ্টা করে (BLA)।

    সেই প্রেক্ষাপটে এবার কোনও অভ্যন্তরীণ বিভাজন ছাড়াই সম্মিলিত ও সাংবিধানিক পদ্ধতিতে প্রধান পরিবর্তনের সিদ্ধান্তকে বালোচ সশস্ত্র আন্দোলনের ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। এর তাৎপর্য শুধু বশির জেব বালোচের পদত্যাগ বা নেতৃত্ব থেকে সরে যাওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। বরং এর মধ্যে দিয়ে এমন একটি সাংগঠনিক ধারণা সামনে এসেছে, যেখানে নেতৃত্ব কোনও ব্যক্তির আজীবন অধিকার নয়, বরং একটি প্রাতিষ্ঠানিক দায়িত্ব।

    যোগ্যতাভিত্তিক নিয়োগ কি নতুন রীতি হয়ে উঠবে?

    বিএলএর এই সিদ্ধান্তের প্রভাব ভবিষ্যতে সংগঠনটির বাইরেও পড়তে পারে। বালোচ রাজনৈতিক ও প্রতিরোধ আন্দোলনে যদি প্রাতিষ্ঠানিক নেতৃত্ব, যোগ্যতাভিত্তিক নিয়োগ এবং সমষ্টিগত সিদ্ধান্ত গ্রহণের রীতি প্রতিষ্ঠিত হয়, তাহলে দীর্ঘদিনের কিছু সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে ওঠা সম্ভব হতে পারে। বিশেষত ব্যক্তিকেন্দ্রিক ক্ষমতা, অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং সংগঠনের বিভাজনের মতো সমস্যাগুলি মোকাবিলায় এই পদ্ধতি কার্যকর হতে (BLA) পারে।

    এই নেতৃত্ব পরিবর্তনের প্রকৃত সাফল্য নির্ভর করবে নতুন নেতৃত্বের অধীনে সংগঠনটি কতটা ঐক্যবদ্ধ থাকতে পারে তার উপর। নেতৃত্ব বদল মানেই যাতে সাংগঠনিক সংকট কিংবা বিভাজন না হয়, সেই ধারাবাহিকতা প্রতিষ্ঠা করাই হবে বড় পরীক্ষা। বিএলএ যদি নতুন নেতৃত্বের অধীনে নিজেদের ঐক্য এবং প্রাতিষ্ঠানিক কাঠামো বজায় রাখতে সক্ষম হয়, তাহলে বৃহত্তর বালোচ জাতীয়তাবাদী আন্দোলনের কাছেও তা একটি দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।

    যে আন্দোলনে দীর্ঘদিন ধরে ব্যক্তিবিশেষের প্রভাব এবং উপজাতীয় কর্তৃত্ব নেতৃত্বের অন্যতম নির্ধারক ছিল, সেখানে কোনও ব্যক্তিই অপরিহার্য নন এবং সংগঠন তার নেতার থেকেও বড়—এই ধারণার প্রতিষ্ঠা (Rehman Gul) গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে।

    সুতরাং, ৩ নভেম্বরের সিদ্ধান্ত এবং পরবর্তী নেতৃত্ব হস্তান্তরকে শুধু একজন প্রধানের পরিবর্তন হিসেবে দেখলে পুরো বিষয়টি বোঝা যাবে না। বরং বালোচ প্রতিরোধ আন্দোলনের সাংগঠনিক ইতিহাসে এটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে (BLA)।

     

LinkedIn
Share