Tag: Employees’ Provident Fund Organisation

  • EPFO: অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য বড় স্বস্তি! এবার কিস্তিতে পিএফের টাকা তোলার সুবিধা দিতে চলেছে ইপিএফও

    EPFO: অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য বড় স্বস্তি! এবার কিস্তিতে পিএফের টাকা তোলার সুবিধা দিতে চলেছে ইপিএফও

    মাধ্যম নিউজ ডেস্ক: অবসর নেওয়ার পর সঞ্চিত ভবিষ্যৎ তহবিলের টাকা কীভাবে ব্যবহার করবেন, তা নিয়ে অনেককেই চিন্তায় পড়তে হয়। এবার সেই সমস্যা কিছুটা লাঘব করতে উদ্যোগী হয়েছে কর্মচারী ভবিষ্যৎ তহবিল সংস্থা, সংক্ষেপে ইপিএফও (EPFO)। অবসরপ্রাপ্ত সদস্যদের জন্য এককালীন পুরো টাকা তুলে নেওয়ার পরিবর্তে নির্দিষ্ট সময় অন্তর কিস্তিতে টাকা তোলার সুবিধা চালুর প্রস্তাবে অনুমোদন দিয়েছে সংস্থাটি (Systematic Withdrawal Plan)। ফলে অবসরপ্রাপ্তরা নিয়মিত আয়ের সুযোগ পাবেন, পাশাপাশি তাঁদের অবশিষ্ট সঞ্চয়ের উপর সুদও জমা হতে থাকবে। বৃহস্পতিবার শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্যের সভাপতিত্বে কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ডের ২৪০তম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    নয়া ব্যবস্থায় অবসরপ্রাপ্ত সদস্যরা তাঁদের জমা ভবিষ্যৎ তহবিল থেকে নির্দিষ্ট সময় অন্তর টাকা তুলতে পারবেন। যে টাকা তোলা হবে না, তা ভবিষ্যৎ তহবিলের ব্যবস্থার অধীনেই বিনিয়োগ করা থাকবে এবং প্রযোজ্য সুদ পেতে থাকবেন। এই সুবিধার ফলে ৫৫ বছরের বেশি বয়সি এবং ভবিষ্যৎ তহবিলে পাঁচ লক্ষ টাকার বেশি জমা রয়েছে, এমন প্রায় ৬.৩২ লক্ষ সদস্য উপকৃত হতে পারেন বলে আশা করা হচ্ছে।

    কীভাবে কাজ করবে কিস্তিতে টাকা তোলার ব্যবস্থা? (EPFO)

    এতদিন অবসর নেওয়ার পর অধিকাংশ কর্মী তাঁদের ভবিষ্যৎ তহবিলের সম্পূর্ণ টাকা একবারে তুলে নিতেন। এরপর সেই বিপুল অর্থ কোথায় বিনিয়োগ করবেন এবং কীভাবে নিয়মিত আয়ের ব্যবস্থা করবেন, তা তাঁদের নিজেদেরই ঠিক করতে হত। নতুন ব্যবস্থায় একসঙ্গে সমস্ত টাকা তুলে নেওয়ার বাধ্যবাধকতা থাকবে না। বরং সদস্যরা নিজেদের প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট সময় অন্তর সঞ্চিত অর্থের একটি অংশ পেতে পারেন। অবশিষ্ট অর্থ ভবিষ্যৎ তহবিলে জমা থাকবে এবং তার উপর সুদ পাওয়া যাবে। প্রস্তাবিত ব্যবস্থায় টাকা তোলার তিনটি পদ্ধতি থাকতে পারে। প্রথমত, নির্দিষ্ট সময় অন্তর কিস্তিতে জমা টাকা তোলার সুযোগ। দ্বিতীয়ত, প্রথমে কিছু টাকা এককালীন তুলে নেওয়া এবং বাকি টাকা নির্দিষ্ট সময় অন্তর কিস্তিতে পাওয়া। তৃতীয়ত, মূল সঞ্চয় অক্ষত রেখে শুধু জমা অর্থের উপর অর্জিত সুদ তুলে নেওয়ার সুবিধা। এ ছাড়া, সদস্য চাইলে মাঝপথে কিস্তিতে টাকা তোলার ব্যবস্থা বন্ধ করে অবশিষ্ট অর্থ দাবি করতে পারবেন। তবে এ বিষয়ে চূড়ান্ত নিয়মাবলি প্রকাশ করা এখনও হয়নি।

    সদস্যের মৃত্যু হলে কী হবে?

    কিস্তিতে টাকা তোলার সময় কোনও সদস্যের মৃত্যু হলে তাঁর মনোনীত ব্যক্তি বা নির্ভরশীল পরিবারের সদস্যরা অবশিষ্ট অর্থ তুলে নিতে পারবেন। চাইলে তাঁরা নির্দিষ্ট সময় অন্তর টাকা পাওয়ার ব্যবস্থাও চালিয়ে যেতে (EPFO) পারবেন। তবে কত ঘন ঘন টাকা তোলা যাবে, ন্যূনতম কত টাকা অ্যাকাউন্টে রাখতে হবে এবং কীভাবে এই সুবিধার জন্য আবেদন করতে হবে, সেই বিষয়ে বিস্তারিত নির্দেশিকা এখনও প্রকাশ করা হয়নি।

    অবসরপ্রাপ্তদের কী সুবিধা?

    নতুন ব্যবস্থার সবচেয়ে বড় সুবিধা হল, অবসরের পর সঞ্চিত সমস্ত টাকা একসঙ্গে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিতে হবে না। ধরা যাক, কোনও কর্মী অবসর নেওয়ার সময় তাঁর ভবিষ্যৎ তহবিলে ৩০ লক্ষ টাকা জমা রয়েছে। বর্তমান ব্যবস্থায় তিনি পুরো টাকা তুলে নিয়ে নিজের পছন্দমতো বিনিয়োগ করতে পারেন। কিন্তু নতুন সুবিধা চালু হলে তিনি চাইলে সেই অর্থ কিস্তিতে তুলতে পারবেন। বাকি টাকা ভবিষ্যৎ তহবিলে জমা থাকবে এবং তার উপর সুদ পাওয়া (Systematic Withdrawal Plan) যাবে। এর ফলে অবসরপ্রাপ্তদের মাসিক খরচ চালানোর জন্য পুরো সঞ্চয় ব্যাঙ্কের আমানত বা অন্য কোনও বিনিয়োগ প্রকল্পে সরিয়ে নিতে হবে না। একসঙ্গে বড় অঙ্কের টাকা খরচ হয়ে যাওয়া কিংবা ঝুঁকিপূর্ণ বিনিয়োগে অর্থ হারানোর আশঙ্কাও কিছুটা কমতে পারে।

    ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ড ভবিষ্যৎ তহবিলের সুদের হার ৮.২৫ শতাংশ রাখার সুপারিশ করেছে। নতুন ব্যবস্থায় অবশিষ্ট সঞ্চয়ের উপর কত সুদ পাওয়া যাবে, সেটিও অবসরপ্রাপ্তদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠবে। অবশ্য প্রকৃত সুদের আয় নির্ভর করবে কার্যকর সুদের হার এবং সময়ের সঙ্গে কত টাকা তোলা হচ্ছে, তার উপর।

    ভবিষ্যৎ তহবিল থেকে টাকা তোলার নিয়মেও শিথিলতা

    কিস্তিতে টাকা তোলার সুবিধার পাশাপাশি ভবিষ্যৎ তহবিলের আংশিক টাকা তোলার নিয়মেও পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, ৫৫ বছরের কম বয়সি সদস্যরা তাঁদের যোগ্য সঞ্চয়ের সর্বোচ্চ ৯০ শতাংশ পর্যন্ত তুলতে পারবেন। আগে এই সীমা ছিল ৭৫ শতাংশ। এ ছাড়া, কর্মহীনতার কারণে টাকা তোলার ক্ষেত্রে অপেক্ষার সময়ও কমানো হয়েছে। আগে ১২ মাস অপেক্ষা করতে হলেও এখন মাত্র দুই মাস পরেই নির্দিষ্ট শর্তে ভবিষ্যৎ তহবিলের টাকা তোলা যাবে। চিকিৎসা, শিক্ষা, বিবাহ এবং (EPFO) বাড়ি কেনা বা নির্মাণের মতো বিভিন্ন প্রয়োজনেও টাকা তোলার সুযোগ রাখা হয়েছে। বাড়ি সংক্রান্ত খরচের ক্ষেত্রে বাড়ি কেনা, নির্মাণ, ঋণ পরিশোধ এবং সংস্কারের জন্যও নির্দিষ্ট শর্ত মেনে অর্থ তোলা যাবে। এই পরিবর্তনগুলির মূল লক্ষ্য হল সদস্যদের আর্থিক প্রয়োজন মেটানোর ক্ষেত্রে আরও স্বাধীনতা দেওয়া, পাশাপাশি অবসরকালীন সঞ্চয়ের একটি অংশ সুরক্ষিত রাখা।

    এখনই কি চালু হচ্ছে কিস্তিতে টাকা তোলার সুবিধা?

    না, আপাতত এই প্রস্তাবে কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ড অনুমোদন দিয়েছে। কর্মচারী ভবিষ্যৎ তহবিল সংস্থা আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করে বিস্তারিত নির্দেশিকা জারি করার পরেই এই সুবিধা কার্যকর হবে। প্রাথমিক পর্যায়ে আইন অনুযায়ী ভবিষ্যৎ তহবিলের আওতায় থাকা সদস্যদের এই সুবিধা দেওয়ার কথা। যেসব কর্মীর ভবিষ্যৎ তহবিল পৃথক অনুমোদিত ট্রাস্ট পরিচালনা করে, তাঁরা আপাতত এই সুবিধার আওতায় (Systematic Withdrawal Plan) নাও আসতে পারেন। এখানে আরও একটি বিষয় মনে রাখা জরুরি, এই নতুন ব্যবস্থা শুধুমাত্র ভবিষ্যৎ তহবিলে জমা অর্থের ক্ষেত্রে প্রযোজ্য। কর্মচারী পেনশন প্রকল্পের অধীনে মাসিক পেনশন একটি পৃথক সুবিধা। এই পেনশনের উপর নতুন কিস্তিতে টাকা তোলার (EPFO) ব্যবস্থার কোনও প্রভাব পড়বে না।

     

LinkedIn
Share