Tag: Enforcement Directorate

Enforcement Directorate

  • Enforcement Directorate: প্রতীক জৈনের বাড়িতে জোর করে ঢুকেছিলেন মমতা! সুপ্রিম কোর্টে কী কী জানাল ইডি?

    Enforcement Directorate: প্রতীক জৈনের বাড়িতে জোর করে ঢুকেছিলেন মমতা! সুপ্রিম কোর্টে কী কী জানাল ইডি?

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূল কংগ্রেসের আই প্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে জোর করে ঢুকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী কী করেছিলেন? সুপ্রিমকোর্টে বিশেষ অভিযোগ করে একাধিক দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (Enforcement Directorate)। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, কলকাতার নগরপাল মনোজ ভার্মার বিরুদ্ধে ১৭ ধারায় মামলা দায়ের করেছে ইডি। আর্থিক দুর্নীতি মামলার তদন্তে জোর করে ঢুকে পরা এবং নথি, তথ্য-প্রমাণকে ছিনতাই করার অভিযোগ তুলেছে। একই ভাবে মামলার তদন্ত রিপোর্ট তৈরিতেও বাধা দেওয়া হয়েছে।

    ৩০৫ নম্বর ধারায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চুরির অভিযোগ (Enforcement Directorate)

    কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (Enforcement Directorate) নিজেদের পিটিশনে বলেছেন, “কোনও রকম অনুমতি ছাড়াই প্রতীক জৈনের বাড়িতে মুখ্যমন্ত্রী-পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা জোর করে ঢুকে তদন্তের আওতায় থাকা নথি এবং ডিজিটাল ইনফরমেশন ছিনতাই করে নিয়ে গিয়েছে।” এই সব কিছুর সঙ্গে সম্পূর্ণ ঘটনার ভিডিও এবং ছবি পিটিশনের সঙ্গে পাঠানো হয়েছে। সেইসঙ্গে তদন্তকারী আধকারিকদেরকে ভয় দেখানো হয়েছিল। ফলে পঞ্চনামা করাও সম্ভব হয়নি। ভারতীয় ন্যায় সংহিতার ৩০৫ নম্বর ধারায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চুরির অভিযোগও আনা হয়। প্রতীক জৈনের বাড়ি থেকে তথ্য নিয়ে চলে যাওয়ার মানেই হল চুরি করা। রাজ্যের ডিজি এবং সিপির বিরুদ্ধেও একই অভিযোগ রয়েছে।

    খরচ দেবেন রাজীব-মমতা দাবি ইডির

    মামলার গুরুত্বের কথা তুলে ধরে ইডি (Enforcement Directorate) দাবি করেছে, তদন্তে বাধা এবং অভিযান নিয়ে শেক্সপিয়ার সরণী এবং ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় ইডির অফিসারদের বিরুদ্ধে যে এফআইআর করা হয়েছে তা যেন সিবিআইয়ের হাতে হস্তান্তর করা হয়। একই ভাবে প্রতীক জৈনের বাড়ি এবং অফিসের সমস্ত ফুটেজ যা পুলিশের কাছে রয়েছে তার সবটাই যেন কেন্দ্রীয় তদন্তকারী অফিসার ইডির হাতে তুলে দেওয়া হয়। মামলার যাবতীয় খরচ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজীব কুমারের ঘাড়ে যেন চাপানো দাবিও তোলা হয়। এই সমস্ত বিষয়ে সুপ্রিম কোর্ট কী সিদ্ধান্ত নেয় তাই এখন দেখার।

    জোড়া মামলায় প্রথমেই মমতার নাম

    মমতার সবুজ ফাইল, ল্যাপটপ এবং নথি ছিনতাইকে ডাকাতির সঙ্গে তুলনা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ২টি মামলাও দায়ের করেছে। একটি মামলা করেছে ইডি (Enforcement Directorate) এবং অপর আরেকটি মামলা দায়ের করেছে ইডির তিন অফিসার নিশান্ত কুমার, বিক্রম অহলাওয়াত এবং প্রশান্ত চাণ্ডিলা। সুপ্রিম কোর্টে জোড়া মামলার প্রথমটি রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের নামে। মামলায় দুই নম্বর পক্ষের নাম রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরেই নাম রয়েছে রাজীব কুমারের।

    রাজীব কুমার ব্যাগটা গোছান

    ইডির (Enforcement Directorate) তদন্তে বাধা দেওয়ার ঘটনায় রাজ্যের তৃণমূল নেত্রীর বিরুদ্ধে তোপ দেগেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বলেন, “কলকাতা পুলিশ নিজেই ফেঁসে বসে আছে। একটু আগেই আমি পেয়েছি, ইডি সুপ্রিম কোর্টে কেস ফাইল করেছে। পশ্চিমবঙ্গ সরকার এবং স্বরাষ্ট্র দফতর, পুলিশ দফতরের বিরুদ্ধে। মনোজ ভার্মা, রাজীব কুমার ব্যাগটা গোছান।”

  • Bengal SIR: পশ্চিমবঙ্গের ভোটার, অথচ পাসপোর্ট বাংলাদেশের!

    Bengal SIR: পশ্চিমবঙ্গের ভোটার, অথচ পাসপোর্ট বাংলাদেশের!

    মাধ্যম নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গে এসআইআর (Bengal SIR) চলছে। তাতেই উঠে এল চাঞ্চল্যকর তথ্য। রাজ্যের সিইওর দফতর সূত্রে খবর, অন্তত ১৪ জন ব্যক্তি একই সঙ্গে ভারতীয় ভোটার পরিচয়পত্র (Indian Epic Cards) এবং বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করছে। অনুমান, ওই ১৪ জনই আদতে বাংলাদেশের নাগরিক। এই তথ্যের ভিত্তিতেই রাজ্যের সিইও দফতর কলকাতার ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের কাছে বিস্তারিত তথ্য চেয়ে পাঠিয়েছে।

    বৈধ বাংলাদেশি পাসপোর্ট (Bengal SIR)

    সম্প্রতি এফআরআরও, কলকাতা সিইও দফতরকে লিখিতভাবে জানিয়েছে, সংশ্লিষ্ট ১৪ জনের প্রত্যেকের কাছেই বৈধ বাংলাদেশি পাসপোর্ট রয়েছে। তারা সকলেই বৈধ ভিসায় পশ্চিমবঙ্গে এসেছিল। কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর আর বাংলাদেশে ফিরে যায়নি।পরবর্তীকালে তারা বেআইনিভাবে বিভিন্ন ভারতীয় পরিচয়পত্র সংগ্রহ করে, যার মধ্যে অন্যতম হল ভোটার পরিচয়পত্র। সিইও দফতরের এক সূত্রের খবর, এই ১৪ জনের নাম ১৪ ফেব্রুয়ারি প্রকাশিতব্য চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার সুপারিশ ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে পাঠানো হয়েছে।

    ভোটার তালিকা থেকে নাম বাদ

    ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার পাশাপাশি, আইন অনুযায়ী এই ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা। সূত্রের খবর, এই ১৪ জনকে রাজ্যের তিনটি জেলায় চিহ্নিত করা হয়েছে। এই জেলাগুলি হল উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং পূর্ব মেদিনীপুর। এর মধ্যে উত্তর ২৪ পরগনা ও নদিয়া জেলা বাংলাদেশ সীমান্ত লাগোয়া। যার জেরে বিষয়টি আরও সংবেদনশীল হয়ে উঠেছে। ঘটনাটি সামনে আসার পর নির্বাচনী ব্যবস্থার স্বচ্ছতা ও সীমান্তবর্তী জেলাগুলিতে নাগরিকত্ব সংক্রান্ত নজরদারি নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে (Bengal SIR)।

    জাল ভারতীয় পরিচয়পত্র তৈরির কারবার

    গত এক বছর ধরে পশ্চিমবঙ্গজুড়ে ভুয়ো পাসপোর্ট ও জাল ভারতীয় পরিচয়পত্র তৈরির একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালাচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ এবং ইডি। তদন্তকারীদের দাবি, এই চক্রের মূল লক্ষ্য ছিল অবৈধভাবে ভারতে প্রবেশ করা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভারতীয় নাগরিকত্বের নকল নথি তৈরি করে দেওয়া (Indian Epic Cards)। তদন্তে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে এই চক্রটি সক্রিয়ভাবে কাজ করছিল এবং অত্যন্ত পরিকল্পিত চার ধাপের মাধ্যমে ভুয়ো পরিচয়পত্র তৈরি করা হচ্ছিল (Bengal SIR)। প্রথম ধাপে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে ঢোকার পর অনুপ্রবেশকারীদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা হত ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া বিভিন্ন গ্রামে। স্থানীয় দালালদের মাধ্যমে তাদের গোপনে রাখা হত।

    কীভাবে চলত কারবার?

    দ্বিতীয় ধাপে স্থানীয় প্রশাসনের একাংশের সঙ্গে যোগসাজশে এই অনুপ্রবেশকারীদের জন্য ভুয়ো জন্ম শংসাপত্র এবং রেশন কার্ড বানানো হত। তৃতীয় ধাপে ভুয়ো জন্ম শংসাপত্র ও রেশন কার্ডের ভিত্তিতে তৈরি করা হত আধার কার্ড ও প্যান কার্ডের মতো গুরুত্বপূর্ণ ভারতীয় পরিচয়পত্র (Bengal SIR)। চতুর্থ তথা শেষ ধাপে এই সব নকল নথির ভিত্তিতে শেষ পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তিকে ভুয়ো ভারতীয় পাসপোর্ট জোগাড় করে দেওয়া হত, যার মাধ্যমে তারা দেশের বিভিন্ন প্রান্তে অবাধে যাতায়াত করতে পারত বা বিদেশেও যাওয়ার চেষ্টা করত (Indian Epic Cards)। তদন্তকারী আধিকারিকদের মতে, এই ধরনের চক্র দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে গুরুতর হুমকি সৃষ্টি করছে। বিশেষ করে সীমান্তবর্তী রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গে এই ধরনের চক্র সক্রিয় থাকাটা উদ্বেগজনক বলে মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (Bengal SIR)। ইতিমধ্যেই একাধিক জায়গায় অভিযান চালিয়ে বেশ কয়েকজন দালাল ও নথি জালিয়াতির সঙ্গে যুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত এখনও চলছে এবং আগামী দিনে আরও বড়সড় নাম সামনে আসতে পারে বলে ইডি ও রাজ্য পুলিশ সূত্রে খবর (Indian Epic Cards)।

  • Enforcement Directorate: প্রয়াগ গ্রুপ অফ কোম্পানিজের ১১০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

    Enforcement Directorate: প্রয়াগ গ্রুপ অফ কোম্পানিজের ১১০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রয়াগ গ্রুপ অফ কোম্পানিজ (Prayag Group of Companies Case) এবং এর পরিচালকদের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি মামলায় মোট ১১০ কোটি টাকা মূল্যের স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি (Enforcement Directorate)। বাজেয়াপ্ত করা এই সম্পত্তির মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, বিহার এবং আসাম জুড়ে প্রয়াগ গ্রুপের একাধিক কোম্পানি। বাজেয়াপ্ত সম্পত্তির পরিমাণ প্রায় ১০৪ কোটি টাকা। যার মধ্যে রয়েছে ৪৫.৪২ একর জমি, নির্মীয়মাণ বাড়ি, পরিচালক বাসুদেব বাগচী, অভিক বাগচী ও স্বপ্না বাগচীর নামে থাকা ৬ কোটি টাকার সম্পত্তি। ইতিমধ্যে ইডি-এর কলকাতা আঞ্চলিক অফিস প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (PMLA) ২০০২-এর অধীনে এই সম্পত্তিগুলি বাজেয়াপ্ত করা হয়েছে।

    ২,৮৬৩ কোটি টাকা প্রতারণার অভিযোগ (Enforcement Directorate)

    প্রয়াগ (Prayag Group of Companies Case) গ্রুপ পদ্ধতিগত আইন না মেনেই স্বল্প সঞ্চয়ে অধিক লাভের প্রকল্প ঘোষণা করে বৃহৎ পরিসরে অবৈধভাবে টাকা তুলেছিল গ্রাহকদের কাছ থেকে। এরপর অভিযোগ পেয়ে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI) এফআইআর দায়ের করে। বর্তমানে তদন্ত করে চার্জশিট দেওয়ার ভিত্তিতে ইডি (Enforcement Directorate) এই পদক্ষেপ গ্রহণ করেছে। তদন্তে আরও জানা গিয়েছে, প্রয়াগ গ্রুপ তাদের একাধিক কোম্পানি যেমন- প্রয়াগ ইনফোটেক হাই-রাইজ লিমিটেড এবং প্রয়াগ ইনফোটেক নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেডের মাধ্যমে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) বা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি)-এর কোনো রকম অনুমোদন ছাড়াই টাকা সংগ্রহ এবং মানি সার্কুলেশন স্কিমের মাধ্যমে বেশি পরিমাণে লাভের টোপ দিয়ে আর্থিক প্রতারণা করেছে। এখনও পর্যন্ত মোট ৩৮,৭১,৬৭৪ জন আমানতকারীর কাছ থেকে ২,৮৬৩ কোটি টাকা প্রতারণার অভিযোগ পাওয়া গিয়েছে।

    ১,৯০৬ কোটি টাকা ফেরত দেয়নি

    আর্থিক দুর্নীতির প্রসঙ্গে ইডি (Enforcement Directorate) সূত্রে জানা গিয়েছে, প্রয়াগ গ্রুপ (Prayag Group of Companies Case) ২০১৬ সালের ৩১ মার্চ পর্যন্ত আমানতকারীদের বকেয়া সুদের টাকা বাদেও ১,৯০৬ কোটি টাকা অপরিশোধিত রেখেছে। এই গ্রুপটি একটি রেজিস্ট্রেশন পদ্ধতির দুর্নীতি চক্রের মাধ্যমে কাজ করত। সংগৃহীত অর্থ কোনো বৈধ ব্যবসায়িক কাজে ব্যবহার না করে জমি, হোটেল, ফিল্ম সিটি প্রকল্প নির্মাণ, কোম্পানি তৈরিতে এজেন্টদের কমিশন দেওয়া, বিজ্ঞাপন, সেলিব্রিটি প্রচার-সহ সংস্থার সমৃদ্ধির জন্য ব্যবহার করা হতো। প্রধান অভিযুক্ত বাসুদেব বাগচী এবং অভিক বাগচী বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন।

  • Chandranath Sinha: অন্তর্বর্তী জামিন খারিজ হবে চন্দ্রনাথের! মঙ্গলবারেই কি মন্ত্রীকে হেফাজতে নেবে ইডি?

    Chandranath Sinha: অন্তর্বর্তী জামিন খারিজ হবে চন্দ্রনাথের! মঙ্গলবারেই কি মন্ত্রীকে হেফাজতে নেবে ইডি?

    মাধ্যম নিউজ ডেস্ক: সওয়াল-জবাবে রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে (Chandranath Sinha) নিজের হেফাজতে নিতে জোর প্রশ্ন করেছেন ইডির আইনজীবীরা। অপর দিকে পাল্টা ইডির আবেদনের বিরোধিতা করে প্রশ্ন তোলেন চন্দ্রনাথের আইনজীবী। দুই পক্ষের বক্তব্যে বিচারক কি রায় দেবেন এই দিকেই তাকিয়ে এখন উভয় পক্ষ। মন্ত্রীর জামিনের মেয়াদ কি বাড়বে নাকি হেফাজতে পাবে ইডি (Enforcement Directorate)? দুই পক্ষের বক্তব্য শুনে বিচারক শুভেন্দু সাহা জানিয়েদেন আগামী মঙ্গলবার দুপুর দুটোর সময় রায় ঘোষণা করবেন।

    তৃণমূলের রাজত্বে পশ্চিমবঙ্গে সবচেয়ে বড় দুর্নীতির মধ্যে হল শিক্ষক নিয়োগ দুর্নীতি। ২০১৬ সালের এসএসসিতে টাকার বিনিময়ে চাকরি বেচার কারণে ২৬ হাজার চাকরি বাতিলের রায় দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। সরকার অযোগ্যদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করেনি বলেই যোগ্যরাও নিজেদের চাকরি খুইয়েছেন। শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে সরব হয়েছে বিজেপি, বারবার উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি।

    তদন্ত প্রক্রিয়াকে জোরদার করলে আরও তথ্য আসবে (Chandranath Sinha)

    রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার (Chandranath Sinha)। তৃণমূলের মন্ত্রীকে হেফাজতে নিতে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করে ইডির আইনজীবী বলেন, “আমরা সাত দিনের জন্য হেফাজতে চাইছি। ২০২৪ সালের মার্চ মাসে নগদ ৪১ লক্ষ টাকা এবং মোবাইল পেয়েছিলাম। তদন্ত প্রক্রিয়াকে জোরদার করলে আরও অনেক তথ্য উঠে আসবে। টাকা উদ্ধারের পর তথ্য সংগ্রহ করা হয়েছে। এরপর এখন প্রয়োজন পড়ায় হেফাজতে নেওয়া প্রয়োজন। তবে ঠিক মতো তথ্য না নিয়ে গ্রেফতার করলে সম্পর্কিত ব্যক্তিরা সতর্ক হয়ে পড়বেন আর তাই তখন গ্রেফতার করা হয়নি। তদন্তে বৃহৎ চক্রের হোদিশ মিলেছে, তাই তথ্যের ভিত্তিতে হেফাজতে চাইছি। একই ভাবে কেবিপি রিয়েলিটি নামে একটি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে একটি ৬ তলা আবাসন নির্মাণ করেছেন মন্ত্রীর স্ত্রী। ইলামবাজারে আট হাজার বর্গফুটের জায়গা মলের জন্য ভাড়া দিয়েছেন চন্দ্রনাথের স্ত্রী। যদিও স্ত্রী নামে নির্মাণ ব্যবসা চালালেও সবটা সমলাতেন মন্ত্রী চন্দ্রনাথই।”

    আবাসন প্রকল্পের শিক্ষক নিয়োগে বড়সড় দুর্নীতি!

    কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আইনজীবী আদালতে চন্দ্রনাথের বিরুদ্ধে তথ্য জোগাড় করে জানিয়েছে, “বিকে কনস্ট্রাকশন নামে একটি সংস্থার অর্ধেক পার্টনার মন্ত্রীর স্ত্রী। তবে সংস্থার অপর পার্টনারের দাবি কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই। এমন কি কোনও রকম ব্যবসা করেননি বলেও পাওয়া যায়। সংস্থার নামে ৫ ডেসিমেল (পশ্চিমবঙ্গের গ্রামীণ অঞ্চলে ভূমি পরিমাপের জন্য “ডেসিমেল” এককটি ব্যবহৃত হয়। ১ বিঘা জমি আনুমানিক ৬০ ডেসিমেল।) জমি ৭ লক্ষ টাকায় কেনা হয়েছে বলে দেখানো হয়েছে। অপর দিকে এই ৭ লক্ষ টাকা, বিকে কনস্ট্রাকশন সংস্থায় বিনিয়োগ করা হয়েছে বলে হিসেবও দেখিয়েছেন মন্ত্রীর স্ত্রী। কেবিপি রিয়েলটি নামে একটি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে একটি ৬ তলা আবাসন গড়েন মন্ত্রীর স্ত্রী। ওই আবাসন বেচে ২ কোটি ৭২ লক্ষ টাকা লাভ করার কথাও জানিয়েছেন মন্ত্রীর স্ত্রী। আবাসন প্রকল্পের বিনিয়োগ ও জমি কেনার টাকার সঙ্গে শিক্ষক নিয়োগের বড়সড় দুর্নীতির (Enforcement Directorate) যোগ থাকারা সম্ভাবনা প্রবল ভাবে রয়েছে। তাই বিষয়ে বিস্তৃত তদন্তের প্রয়োজন।”

    তল্লাশি ও বয়ানের ভিত্তিতে পঞ্চম চার্জশিট

    বিচারপতি শুভেন্দু সাহা ইডির আইনজীবীকে প্রশ্ন করেন, “তদন্তের সময় নিশ্চিই অনেক তথ্য পেয়েছিলেন, তাহলে বয়ান রেকর্ড কররা ১১ মাস পরে কেন চার্জশিট দিলেন না। অপেক্ষা কিসের জন্য।” পাল্টা উত্তরে ইডির আইনজীবী বলেন, “তল্লাশি এবং বয়ানের ভিত্তিতে পঞ্চম চার্জশিট জমা দেওয়া হয়েছে। একই ভাবে সুপ্রিম কোর্ট পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট গঠন করার কথা বললে এইদিকে একটু বিলম্ব হয়ে যায়। তবে তদন্ত জোর কদমেই চলছে।”

    ৬ সেপ্টেম্বর ইডির বিশেষ আদালতে গিয়ে আত্মসমর্পণ করেন

    শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মন্ত্রী চন্দ্রনাথের (Chandranath Sinha) বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিল। তবে ইডির কাছে নিজের আয় সম্পর্কে জানান, সমস্ত আয়ের উৎস কৃষিকাজ। এরপর তদন্তকারী সংস্থা বীরভূমের পাইকরে বীরভূমের কৃষি বিভাগের সহ অধিকর্তার দফতরে তল্লাশি চালায়। রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়ার পর গত ৬ সেপ্টেম্বর ইডির বিশেষ আদালতে গিয়ে আত্মসমর্পণ করেন। যদিও ওই দিনেই রাজ্যের কারামন্ত্রীকে গ্রেফতার করে হেফাজতে নিতে চেয়েছিল ইডি, কিন্তু অন্তর্বর্তী জামিন মেলায় ইডি হেফাজতে পায়নি। এদিকে আদালতে ইডির আইনজীবীর বক্তব্যকে বিরোধিতা করে চন্দ্রনাথ সিনহার আইনজীবীর দাবি, “তদন্তের (Enforcement Directorate) জন্য হেফাজতের প্রয়োজন কী? চার্জশিট জমা পড়েছে তাই পেছনদিকে তাকানোর প্রয়োজন কী? সন্দেহজনক তথ্যে আমার মক্কেলের সমর্থন না নিয়ে হেফাজতে চাইতে পারে না ইডি।”

  • National Herald Case: বিপাকে সনিয়া-রাহুল, ন্যাশনাল হেরাল্ড মামলায় গান্ধীদের হতে পারে সাত বছর পর্যন্ত কারাদণ্ড!

    National Herald Case: বিপাকে সনিয়া-রাহুল, ন্যাশনাল হেরাল্ড মামলায় গান্ধীদের হতে পারে সাত বছর পর্যন্ত কারাদণ্ড!

    মাধ্যম নিউজ ডেস্ক: ন্যাশনাল হেরাল্ড মামলায় (National Herald Case) অস্বস্তি বাড়ল সনিয়া গান্ধী (Sonia Gandhi) ও রাহুল গান্ধীর (Rahul Gandhi)। মঙ্গলবার ওই মামলায় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে চার্জশিট জমা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। চার্জশিটে নাম রয়েছে সনিয়া ও রাহুলের। নাম রয়েছে কগ্রেসের ওভারসিজ ইউনিটের প্রধান শ্যাম পিত্রোদারও। নাম আছে কংগ্রেস নেতা সুমন দুবের। আগামী ২৫ এপ্রিল বিশেষ আদালতে এই মামলার পরবর্তী শুনানি হবে। সম্প্রতি ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ৬৬১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্তকরণের প্রক্রিয়া শুরু করেছে ইডি।

    আদালতে চার্জশিট পেশ ইডির

    ন্যাশনাল হেরাল্ড মামলায় (National Herald Case) সনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে মঙ্গলবার আদালতে চার্জশিট দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই প্রথম বার তাঁদের বিরুদ্ধে কোনও মামলায় চার্জশিট দাখিল করা হয়েছে। টাকা তছরুপের মামলায় মঙ্গলবার জেরা করা হয় সনিয়ার জামাই রবার্ট বঢরাকে। তার কয়েক ঘণ্টা পরে কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সনিয়া এবং সাংসদ রাহুলের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে ইডি। এপ্রিলের শুরুর দিকে ন্যাশনাল হেরাল্ড মামলায় আদালতে চার্জশিট জমা করেছিল ইডি। বিশেষ বিচারক বিশাল গগনে সেই চার্জশিট পর্যালোচনা করেন। তার পরেই মঙ্গলবার তা গৃহীত হয়। বিশেষ বিচারক বিশাল জানিয়েছেন, ওই দিন কেস ডায়েরি দাখিল করার বিষয়টি নিশ্চিত করতে হবে তদন্তকারী অফিসার এবং ইডির আইনজীবীকে।

    কী কী রয়েছে ইডির চার্জশিটে

    এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ২০১৭ সালের আয়কর মূল্যায়ন আদেশের উদ্ধৃতি দিয়ে তাদের চার্জশিটে অভিযোগ করেছে যে, অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির (এআইসিসি) গুরুত্বপূর্ণ পদাধিকারীরা, অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড (এজেএল) এবং ইয়ং ইন্ডিয়ানের প্রধান কর্মকর্তাদের সাথে, তালিকাভুক্ত নয় এমন একটি পাবলিক কোম্পানি এজেএল-এর ২,০০০ কোটি টাকার সম্পত্তি দখলের জন্য একটি “অপরাধমূলক ষড়যন্ত্র” করেছিলেন। সংবাদসংস্থা পিটিআই এমনটাই জানিয়েছে। ইডি উল্লেখ করেছে যে, এজেএল-এর ৯৯ শতাংশ শেয়ার মাত্র ৫০ লক্ষ টাকার বিনিময়ে ইয়ং ইন্ডিয়ান-একটি বেসরকারি সংস্থায় স্থানান্তরিত হয়েছিল। ইয়ং ইন্ডিয়ানে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর প্রত্যেকের ৩৮ শতাংশ অংশীদারিত্ব রয়েছে, বাকি ২৪ শতাংশ যৌথভাবে ছিল প্রয়াত মতিলাল ভোরা এবং অস্কার ফার্নান্দেজের, যাদেরকে ইডি গান্ধী পরিবারের “ঘনিষ্ঠ সহযোগী” বলে বর্ণনা করেছে।

    কর ফাঁকির অভিযোগ

    চার্জশিটে আরও অভিযোগ করা হয়েছে যে, অভিযুক্তরা ৯০.২১ কোটি টাকার বকেয়া ঋণ, যা আগে এআইসিসি কর্তৃক এজেএলকে দেওয়া হয়েছিল, তা ৯.০২ কোটি টাকার ইক্যুইটি শেয়ারে রূপান্তর করার ষড়যন্ত্র করেছিল, যা পরে নামমাত্র মূল্যে ইয়ং ইন্ডিয়ানে স্থানান্তরিত করা হয়। ইডির দাবি, এই পদক্ষেপ কার্যকরভাবে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীকে এজেএলের বিশাল রিয়েল এস্টেট সম্পদের “লাভজনক মালিকানা” প্রদান করেছে। যদিও ইয়ং ইন্ডিয়া কোম্পানি আইনের ২৫ ধারা অনুযায়ী একটি অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধিত ছিল। ইডি বলেছে যে কোম্পানিটি কোনও দাতব্য কর্মকাণ্ডে জড়িত ছিল না। চার্জশিটে ২০১৭ সালের আয়কর মূল্যায়ন আদেশের কথাও উল্লেখ করা হয়েছে, যাতে বলা হয় ইয়ং ইন্ডিয়া ৪১৪ কোটি টাকারও বেশি কর ফাঁকি দিয়েছে।

    আদালতের পর্যবেক্ষণ

    আর্থিক জালিয়াতি সংক্রান্ত পিএমএলএ আইনের ৩ ও ৪ নম্বর ধারার আওতায় আর্থিক নয়ছয় ও তার জন্য শাস্তির আবেদন জানিয়েছেন ইডির বিশেষ সরকারি কৌঁসুলী এনকে মাত্তা ৷ এদিন বিচারক বলেন, “অভিযোগগুলি খতিয়ে দেখে নথিভুক্ত করা হোক৷” পরবর্তী শুনানির মধ্যে বিচারক গগনে ইডিকে অভিযোগের সফ্ট কপি ও তথ্যগুলির ওসিআর ফরম্যাট আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন ৷

    ৬৬১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

    সম্প্রতি এই ন্যাশনাল হেরাল্ড মামলায় (National Herald Case) সনিয়া এবং রাহুলের ৬৬১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করে ইডি। শনিবারই দিল্লি, মুম্বই ও লখনউয়ের রেজিস্ট্রি অফিসগুলিকে সম্পত্তি বাজেয়াপ্ত সংক্রান্ত নোটিস পাঠানো হয়। কংগ্রেস নিয়ন্ত্রণাধীন অ্যাসোসিয়েট জার্নালস লিমিটেডের (AJL) বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগের তদন্তে নেমে এই স্থায়ী সম্পত্তিগুলি নিজেদের হেফাজতে নিচ্ছে ইডি। দিল্লি ও মুম্বইয়ের বান্দ্রা এলাকায় বাড়ি, লখনউয়ের বিশ্বেশ্বরনাথ রোডে এজেএল বিল্ডিং এবং দিল্লির বাহাদুর শাহ জাফর মার্গে ন্যাশনাল হেরাল্ড হাউস নিজেদের হেফাজতে নিচ্ছে ইডি। সেজন্য ওইসব সম্পত্তি খালি করতে বলা হয়েছে ইডির তরফে।

    ন্যাশনাল হেরাল্ড মামলা কী

    এর আগে ২০২৩ সালের নভেম্বর মাসে ইডি দিল্লি, মুম্বই ও লখনউতে মোট ৬৬১ কোটি টাকা মূল্যের স্থাবর সম্পত্তি এবং ৯০.২ কোটি টাকার এজেএল শেয়ার প্রাথমিকভাবে বাজেয়াপ্ত করে। ২০১৪ সালের ২৬ জুন নয়া দিল্লির মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পাটিয়ালা হাউস কোর্টের জারি করা নির্দেশের ভিত্তিতে ২০২১ সালে ইডি এই মামলার তদন্ত শুরু করে। বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী একটি ফৌজদারি মামলা দায়ের করেন, যার ভিত্তিতে এই তদন্ত শুরু হয়। প্রসঙ্গত, ন্যাশনাল হেরাল্ড হল এজেএল প্রকাশিত একটি সংবাদমাধ্যম। ইয়ং ইন্ডিয়ানের মালিকাধীন এই সংবাদমাধ্যম। ইয়ং ইন্ডিয়ানে ৩৮ শতাংশ করে শেয়ার রয়েছে সনিয়া ও রাহুলের। অভিযোগ, এজেএল নামে যে সংস্থার হাতে ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রটির মালিকানা ছিল, বাজারে কোটি কোটি টাকার দেনা ছিল তাদের। যার বেশির ভাগটাই কংগ্রেসের কাছ থেকে নেওয়া।

    রাজনৈতিক দল হয়ে বাণিজ্যিক সংস্থাকে ঋণ কীভাবে

    জওহরলাল নেহরু প্রতিষ্ঠিত ন্যাশনাল হেরাল্ড (National Herald Case) সংবাদপত্রটির প্রকাশনা বন্ধ হয়ে যায় ২০০৮ সালে। সেই অবস্থাতেই সংস্থাটি অধিগ্রহণ করে সোনিয়া, রাহুল এবং কংগ্রেস নেতাদের ইয়ং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেড সংস্থা। ইয়ং ইন্ডিয়ান মাত্র ৫০ লাখ টাকার বিনিময়ে এজেএলের ওপর নিয়ন্ত্রণ নিয়েছিল, যার সম্পত্তির মোট মূল্য ২,০০০ কোটিরও বেশি। কিছুদিন পর কংগ্রেসের তরফে ‘দেনার টাকা উদ্ধার করা সম্ভব নয়’ বলে ন্যাশনাল হেরাল্ডের ঋণ মুকুব করে দেওয়া হয়। বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীর অভিযোগ ছিল, কংগ্রেস এমনটা করতে পারে না। স্বামীর যুক্তি, কংগ্রেস রাজনৈতিক দল। তাই তারা কোনও বাণিজ্যিক সংস্থাকে ঋণ দিতে পারে না। কারণ তারা নিজেরা ঋণ দেয় না। ২০২১ সালে টাকা নয়ছয়ের তদন্ত শুরু করে ইডি।

    সনিয়া-রাহুলের বিরুদ্ধে চার্জশিট তাৎপর্যপূর্ণ

    ইতিমধ্যে ন্যাশনাল হেরাল্ড মামলায় (National Herald Case) ইডি রাহুল এবং সোনিয়াকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেছে। শেষবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রাহুলকে জিজ্ঞাসাবাদ করেছিল ২০২২ সালের জুন মাসে। তাঁর মাকেও ইয়ং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেড (ওয়াইআইএল)-এ তার ভূমিকা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। মঙ্গলবার হরিয়ানার একটি রিয়েল এস্টেট চুক্তির সঙ্গে জড়িত অর্থ পাচারের অভিযোগে তদন্তকারী সংস্থা ব্যবসায়ী রবার্ট বঢ়রাকে জিজ্ঞাসাবাদ করেছে। আগামিকাল ফের তাঁকে তলব করা হয়েছে। রবার্ট, কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধির স্বামী, রাহুল গান্ধির শ্যালক। এই জিজ্ঞাসাবাদের কিছুক্ষণের মধ্যেই সনিয়া-রাহুলের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়ার ঘটনা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

  • Mohammad Azharuddin: ২০ কোটি টাকার আর্থিক তছরুপ! মহম্মদ আজহারউদ্দিনকে তলব ইডির

    Mohammad Azharuddin: ২০ কোটি টাকার আর্থিক তছরুপ! মহম্মদ আজহারউদ্দিনকে তলব ইডির

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রাক্তন ভারত অধিনায়ক তথা কংগ্রেস নেতা মহম্মদ আজহাউদ্দিনকে (Mohammad Azharuddin) নোটিস পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত আর্থিক তছরুপের মামলায় বৃহস্পতিবার আজহারকে তলব করেছিল ইডি (ED Notice)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, প্রাক্তন ভারত অধিনায়ক চিঠি দিয়ে সময়ে চেয়েছেন।

    কী অভিযোগ

    প্রসঙ্গত, হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বে ছিলেন আজহার (Mohammad Azharuddin)। সেই সময়ই তাঁর বিরুদ্ধে আর্থিক তছরুপির অভিযোগ ওঠে। এই বিষয়ে প্রথমবার কংগ্রেস নেতাকে সমন পাঠাল ইডি। বৃহস্পতিবার, ৩ অক্টোবরের মধ্যে ইডির সামনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে মহম্মদ আজহারউদ্দিনকে। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ডিজেল জেনারেটর কেনা, অগ্নিনির্বাপক পদ্ধতির উন্নতির জন্য যে ২০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, সেই অর্থের হেরফেরের অভিযোগ উঠেছে আজহারউদ্দিনের বিরুদ্ধে। চার্জশিট অনুসারে, সময়সীমা থাকা সত্ত্বেও, বেশ কয়েকটি কাজ অত্যধিকভাবে বিলম্বিত হয়েছিল যার ফলে ব্যয় বৃদ্ধি হয় হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের। পরিচিত কন্ট্রাক্টারদের মার্কেটের দামের থেকে বেশি মূল্যে বিভিন্ন কন্ট্রাক্ট পাইয়ে দেওয়ারও অভিযোগ ওঠে তৎকালীন সচিব, সভাপতিদের বিরুদ্ধে। এমনকী বিভিন্ন কোম্পানিকে অগ্রিম অর্থ দেওয়া হলেও, অনেক ক্ষেত্রে কোনওরকম কাজই হয়নি।

    আরও পড়ুন: ইউনূস শিখণ্ডি মাত্র! বাংলাদেশ চালাচ্ছে ২৮ বছরের এক যুবক, বিস্ফোরক তসলিমা

    সময় চাইলেন আজহার

    তবে আজহারউদ্দিন (Mohammad Azharuddin) ইডির অফিসে যাননি। তিনি হাজিরার আগে খানিকটা সময় চেয়ে নিয়েছেন। চিঠি লিখে ইডিকে (ED Notice) মহম্মদ আজহারউদ্দিন জানিয়েছেন, মহারাষ্ট্র নির্বাচন নিয়ে ব্যস্ত থাকায় ইডি দফতরে হাজিরা দিতে পারবেন না। ৩-৪ সপ্তাহ সময় চেয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। তবে কবে তিনি হাজিরা দেবেন সে বিষয়ে কিছু স্পষ্ট করে জানাননি। আজহারকে ইডির সামনে হাজিরা দিয়ে গোটা ঘটনায় তাঁর ভূমিকা ব্যাখ্যা করতে বলা হয়েছিল। হায়দরাবাদের অ্যান্টি-কর্পারেশন ব্যুরোর দায়ের করা তিনটি এফআইআরের ভিত্তিতে গত বছরের নভেম্বর মাসে ইডি তেলঙ্গানার  নয় জায়গায় অভিযান চালায়। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Enforcement Directorate: রেশন দুর্নীতিকাণ্ডে সক্রিয় ইডি, কলকাতা ও জেলায় বালু-ঘনিষ্ঠদের বাড়িতে তল্লাশি!

    Enforcement Directorate: রেশন দুর্নীতিকাণ্ডে সক্রিয় ইডি, কলকাতা ও জেলায় বালু-ঘনিষ্ঠদের বাড়িতে তল্লাশি!

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে রেশন দুর্নীতি (Enforcement Directorate) মামলায় ফের তল্লাশি অভিযান শুরু করেছে ইডি। আরজি কর হত্যাকাণ্ডের পর থেকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, হাসপাতালে আর্থিক বেনিয়মের একাধিক মামলার তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছে। ঠিক এই আবহের মধ্যেই কলকাতা সহ একাধিক জেলায় ফের রেশন দুর্নীতিকাণ্ডে ময়দানে নেমে পড়েছে ইডি। উল্লেখ্য, রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং তাঁর ঘনিষ্ঠ বাকিবুর রহমানকে আগেই গ্রেফতার করা হয়েছে। এখন যাঁদের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে, তাঁদের মধ্যে বেশ কয়েকজন মন্ত্রী ওরফে বালু-ঘনিষ্ঠ বলে পরিচিত। তাই এই অভিযানে শোরগোল পড়েছে।

    বাকিবুর ঘনিষ্ঠের বাড়িতে হানা (Enforcement Directorate)

    জানা গিয়েছে, কলকাতা, কল্যাণী, জয়নগর, মেদিনীপুর সহ মোট ৭ জায়গায় ইডি শুক্রবার তল্লাশি চালিয়েছে। কলকাতার এক চাল ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালায় তদন্তকারী সংস্থা। একই ভাবে ভবানীপুর থানা এলাকার চক্রবেড়িয়া সাউথ এলাকার বাসিন্দা লোহা সাউ নামে এক রেশন ডিলারের বাড়ি ঘিরে তল্লাশি চালানো হয়। এদিকে নদিয়ার কল্যাণী-এ ব্লকে এক ফুড ইন্সপেক্টরের বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। জানা গিয়েছে, ওই ব্যক্তি বাকিবুর রহমানের ঘনিষ্ঠ বলে পরিচিত।

    আরও পড়ুনঃ আরজি কর-কাণ্ডে রাজ্যের নিষ্ক্রিয়তার প্রতিবাদ, ‘শিক্ষারত্ন’ সম্মান ফেরাচ্ছেন মুর্শিদাবাদের শিক্ষক

    দেগঙ্গাতে একটি সমবায় সমিতিতে হানা

    আবার দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের বহড়ুবাজারে একটি চালের গোডাউনে হানা দেয় ইডি (Enforcement Directorate)। বাইরে থেকে কেন্দ্রীয় বাহিনী বাড়ি ঘিরে রাখে, এরপর ভিতরে চলে তল্লাশি। একই ভাবে দেগঙ্গাতে একটি সমবায় সমিতিতে হানা দেয় ইডি। রেশন দুর্নীতি মামলায় প্রথমে গ্রেফতার করা হয় বাকিবুরকে। এরপর তাঁকে জেরা করায় উঠে আসে প্রাক্তন মন্ত্রী বালুর নাম। একই ভাবে রেশনের গম, চাল, আটা পাচার করে প্রচুর পরিমাণে কালো টাকা সাদা করার গুরুতর অভিযোগ সামনে এনেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই সঙ্গে তৃণমূল নেতা শেখ শাহজাহানের নাম উঠে এসেছে। এরপর সন্দেশখালিতে তল্লাশি করতে গেলে তদন্তকারী অফিসারদের উপর আক্রমণ করে দুষ্কৃতীরা। একে একে বিরাট কুকীর্তি ফাঁস হওয়ায় চরম চাপের মুখে তৃণমূল।   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: মিলে গেল মোদির গ্যারান্টি, বাংলায় দুর্নীতির টাকা ফেরত দিতে শুরু করল ইডি

    PM Modi: মিলে গেল মোদির গ্যারান্টি, বাংলায় দুর্নীতির টাকা ফেরত দিতে শুরু করল ইডি

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলায় একাধিক দুর্নীতির টাকা ফেরত দেওয়া হবে, লোকসভা নির্বাচনের আগে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তিনি কথা রাখলেন। টাকা ফেরাতে শুরু করল কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হল। অ্যাসেট ডিসপোজাল কমিটিকে ১৯ কোটি ৪০ লক্ষ টাকা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আদালতের নির্দেশেই টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হল।

    মোদির প্রতিশ্রুতি

    লোকসভা ভোটের প্রচারে একাধিকবার বাংলায় এসেছিলেন প্রধানমন্ত্রী মোদি (PM Modi)। সেই প্রচার সভা থেকেই টাকা ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, “এতদিন পর্যন্ত আবাস যোজনা-সহ বিভিন্ন দুর্নীতির তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) প্রায় ৩ হাজার কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। এই টাকা বাংলার মানুষের হাতে কীভাবে ফিরিয়ে দেওয়া যায়, তারই আইনি উপায় খুঁজছি আমরা। ক্ষমতায় ফিরলে, আইনি উপায়েই বাংলার মানুষকে সেই ৩০০০ কোটি টাকা ফিরিয়ে দেওয়া হবে।” রাজ্যে দুর্নীতির টাকা ফেরানোর কাজ শুরু হয়ে গিয়েছে বলে ইডি সূত্রে খবর। বৃহস্পতিবারই রোজভ্যালি মামলায় বাজেয়াপ্ত করা ১৯.৫০ কোটি টাকা ফেরাল ইডি। আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য প্রথম ধাপ হিসেবে এই টাকা তুলে দেওয়া হল বিশেষ কমিটির হাতে। 

    আরও পড়ুন: ভয় পাচ্ছে চিন-পাকিস্তান! পরমাণু অস্ত্র বহনে সক্ষম দ্বিতীয় ডুবোজাহাজ পেল নৌসেনা

    দ্রুত পদক্ষেপ ইডির

    ইডি (ED) সূত্রে খবর, সংস্থার তিন উচ্চপদস্থ অফিসার, স্পেশাল ডিরেক্টর সুভাষ আগরওয়াল, জয়েন্ট ডিরেক্টর সুদেশ শেওরান এবং ডেপুটি ডিরেক্টর অজয় লুহাচ অ্যাসেট ডিসপোজাল কমিটির অফিসে যান। সেখানে জরুরি বৈঠক হয়। সেখানে আমানতকারীদের টাকা ফিরিয়ে দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি সূত্র মারফত জানা যাচ্ছে, রোজভ্যালির যে টাকা এবং সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল, তার মধ্যে থেকে ১৯ কোটি ৪০ লক্ষ টাকা অ্যাসেট ডিসপোজাল কমিটির হাতে তুলে দেওয়া হয়েছে। টাকা ফেরত দেওয়ার জন্য অবসরপ্রাপ্ত বিচারপতিকে মাথায় রেখে আগেই এই কমিটি তৈরি করা হয়েছিল। তারাই এবার আমানতকারীদের ফেরত দেবে ওই টাকা। আমানতকারীরা বৈধ কাগজ দেখালে তাঁদের টাকা দেওয়া হবে বলে জানা গিয়েছে। আমানতকারীদের টাকা ফেরানোর জন্য হাইকোর্টের নির্দেশে ওয়েবসাইটও খোলা হয়, যেখানে নিজেদের নথিপত্র জমা দিয়ে টাকা ফেরত চেয়ে আবেদন করতে পারেন আমানতকারীরা। সেই নথি যাচাই করে আমানতকারীদের প্রাপ্য টাকা মিটিয়ে দেওয়া হবে বলে ঠিক হয়। ইডি (ED) সূত্রে খবর, ধাপে ধাপে বাজেয়াপ্ত করা আরও টাকা ফেরত দেওয়া হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • CBI: কালীঘাটের কাকুর পর তাপস, নিয়োগ মামলায় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করল সিবিআই

    CBI: কালীঘাটের কাকুর পর তাপস, নিয়োগ মামলায় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করল সিবিআই

    মাধ্যম নিউজ ডেস্ক: কালীঘাটের কাকুর পর এবার তৃণমূল বিধায়ক তাপস সাহা। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার তৃণমূল বিধায়কের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। তবে কাকুর ক্ষেত্রে নমুনা সংগ্রহ করেছিল ইডি। সিবিআই কিছু না জানালেও তৃণমূল বিধায়কের আইনজীবী আজ এই কথা জানিয়েছেন। তবে শিক্ষক নিয়োগ বিষয়ে তাঁর কথাবার্তার চাঞ্চল্যকর রেকর্ড এবং তথ্য, তদন্তকারী সংস্থার হাতে এসেছে বলে জানা গিয়েছে। 

    আইনজীবীর বক্তব্য (CBI)

    নিয়োগ দুর্নীতি মামলা বিষয়ে তেহট্টর বিধায়ক তাপস সাহাকে আগেও ডাকা হয়েছিল। এদিন শুক্রবার তিনি সকাল ১১টায় নিজাম প্যালেসে গিয়ে হাজিরা দেন। সংবাদ মাধ্যম তাঁকে প্রশ্ন করলে তিনি বলেন, “আমায় আবার ডাকা হয়েছিল। তদন্তে সহযোগিতা করব।” তাঁর আইনজীবী দিব্যেন্দু ভট্টাচার্য বলেছেন, “বিধায়কের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার জন্য তলব করা হয়েছিল। শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি তদন্তে সবরকম সহযোগিতা করেছেন। প্রায় ২ ঘণ্টা সময় দিয়ে বেলা ১টা নাগাদ বেরিয়ে গিয়েছিলেন।” তবে বের হওয়ার সময় তাপস বাবু কেবল মাত্র মাথা নেড়ে নমুনা সংগ্রহ বিষয়ে ইঙ্গিত দেন।

    আরও পড়ুনঃ তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তাল আমডাঙ্গা, লাঠি-বোমা-বন্দুকে রণক্ষেত্র এলাকা, আহত ৪

    সিবিআই সূত্রে খবর

    সিবিআই (CBI) সূত্রে জানা গিয়েছে, তাপস ঘনিষ্ঠ প্রবীর কয়ালের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের পর এই বিধায়কের কণ্ঠস্বরের নমুনা নেওয়া হয়েছে। কথোপকথনের একটি রেকর্ডিং সিবিআইয়ের হাতে এসেছে। টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার গুরুতর অভিযোগ রয়েছে এই তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। আগেও তাপসকে জিজ্ঞাসাবাদ করেছে এবং বাড়িতে তল্লাশি চালিয়েছে সিবিআই। উল্লেখ্য আগে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছিল ইডি। গত এপ্রিলে কলকাতা হাইকোর্টে কণ্ঠস্বরের নমুনা সম্বলিত রিপোর্ট পেশ করেছে ইডি। তবে তদন্তকারী সংস্থা যা সন্দেহ করেছিল, তা মিলে গিয়েছে, বলে জানা গিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Asansol: রানিগঞ্জে শিল্পপতির বাড়িতে ভোর থেকেই শুরু ইডির হানা, শোরগোল

    Asansol: রানিগঞ্জে শিল্পপতির বাড়িতে ভোর থেকেই শুরু ইডির হানা, শোরগোল

    মাধ্যম নিউজ ডেস্ক: আসানসোলে (Asansol) শিল্পপতির বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানা দিয়েছে। রানিগঞ্জ শিশু বাগান মোড় সংলগ্ন এনএসবি রোডের পাশে শিল্পপতি চণ্ডী কেডিয়ার বাড়িতে শুক্রবার সকাল থেকেই চলছে এনফোর্সমেন্ট ডিরেক্টরের বিশেষ অভিযান। জানা গিয়েছে দুই গাড়ি কেন্দ্রীয় বাহিনী নিয়ে ভোর ৫টা থেকে শুরু করেছে এই অভিযান। তবে তল্লাশির কারণ না জানা গেলেও, আর্থিক দুর্নীতিকে সন্দেহ করা হচ্ছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

    বাহিনী দিয়ে ঘিরে চলছে তল্লাশি (Asansol)

    রানিগঞ্জে (Asansol) চণ্ডী কেডীয়ারের বেশ কয়েকটি লোহার ফ্যাক্টরি রয়েছে। এই রাজ্যের বাইরেও তাঁর রয়েছে বেশ কয়েকটি ফ্যাক্টরি। উত্তরপ্রদেশের লক্ষনউতে রয়েছে একাধিক ব্যবসা। তবে কী কারণে এই শিল্পপতির বাড়িতে আয়করের হানা, তা নিয়ে এখনও স্পষ্ট করে জানা যায়নি। এখনও সেই রকম কিছু তথ্য ইডির আধিকারিকরা জানাননি। তবে বাড়ির বাইরে থাকা গাড়ির চালকরা জানিয়েছেন, তাঁরা কলকাতা থেকে ভোর বেলা এসে পৌঁছেছেন। এই কেন্দ্রীয় তদন্তকারি আধিকারিকদের সঙ্গে রয়েছেন সিআরপিএফ বাহিনীর জওয়ান। বাহিনী বাইরে থেকে ঘিরে রেখে ভিতরে তল্লাশি চলছে বলে জানা গিয়েছে। তবে বাড়ির কোনও সদস্যের সঙ্গেই কথা বলা যায়নি।

    আরও পড়ুনঃ নিয়োগ দুর্নীতি মামলায় ফের সিবিআই তলব পেয়ে নিজাম প্যালেসে তৃণমূল বিধায়ক তাপস

    দুর্নীতি তদন্তে সক্রিয় ইডি

    এই রাজ্যে রেশন দুর্নীতি, শিক্ষক নিয়োগ দুর্নীতি, পুরনিয়োগ দুর্নীতি সহ একাকধিক বিষয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করছে। শাসক দলের একাধিক নেতা-মন্ত্রীর বাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর টাকা এবং সম্পত্তি উদ্ধার করেছে ইডি। ইতিমধ্যে তৃণমূলের একাধিক মন্ত্রী এবং বিধায়ক জেলে রয়েছেন। আর্থিক দুর্নীতি মামলায় তৃণমূল ঘনিষ্ঠ আরও ব্যবসায়ী এবং শিল্পপতিদের বাড়িতে তাল্লাশি চালাচ্ছে তদন্তকারী সংস্থা। গত লোকসভা ভোটের সময় প্রচারে এসে এই রাজ্যে চলা দুর্নীতির সম্পর্কে তৃণমূলের বিরুদ্ধে একাধিক বার আক্রমণ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তৃতীয়বার এনডিএ সরকার গঠনের পর,দেশজুড়ে আর্থিক দুর্নীতির তদন্তের গতি দ্বিগুণ হবে বলে আশ্বাস দিয়েছিলেন মোদি। আগেও একাধিকবার আসানসোলে তাল্লাশি চালিয়েছে ইডি (Asansol) এই রাজ্যে তাই তৃণমূল নেতা, বিধায়ক এবং ঘনিষ্ঠ শিল্পপতিদের বাড়িতে ফের তল্লাশি অভিজান শুরু হয়েছে বলে মনে করছেন ওয়াকিবহল মহল।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share