Tag: Fawad-Mahira show

  • Fawad-Mahira Show: ফাওয়াদ-মাহিরার সিরিজ নিয়ে বিতর্ক, পাকিস্তানি কনটেন্ট সম্প্রচার না করতে নেটফ্লিক্সকে কেন্দ্রের নির্দেশ

    Fawad-Mahira Show: ফাওয়াদ-মাহিরার সিরিজ নিয়ে বিতর্ক, পাকিস্তানি কনটেন্ট সম্প্রচার না করতে নেটফ্লিক্সকে কেন্দ্রের নির্দেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতে পাকিস্তানি সিনেমা ও ওয়েব সিরিজ (No Pak Content) সম্প্রচার করা যাবে না। ২০২৫ সালের ৮ মে জারি করা নির্দেশিকা মেনে চলার জন্য এবার জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সকে ফের স্মরণ করিয়ে দিল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান ও মাহিরা খান (Fawad-Mahira Show) অভিনীত আসন্ন ওয়েব সিরিজ ‘জো বাচে হ্যায় সঙ্গ সমেট লো’ (Jo Bachay Hain Sang Samait Lo) ঘিরে বিতর্কের আবহেই এই পদক্ষেপ করল কেন্দ্র।

    নেটফ্লিক্সকে নতুন করে বার্তা কেন্দ্রের

    সূত্রের খবর, ভারতে পরিষেবা দেওয়া ওটিটি প্ল্যাটফর্ম এবং অন্যান্য ডিজিটাল মাধ্যমগুলিকে পাকিস্তান থেকে উৎপত্তি হওয়া কনটেন্ট সম্প্রচার বন্ধ করার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। ২০২৫ সালের ৮ মে জারি হওয়া সেই নির্দেশিকা মেনে চলতে নেটফ্লিক্সকে নতুন করে বার্তা দেওয়া হয়েছে। সম্প্রতি পাকিস্তানি এই ওয়েব সিরিজটি ভারতে মুক্তি পেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে মন্ত্রকের কাছে একাধিক অভিযোগ ও আবেদন জমা পড়ে। তার পরেই নেটফ্লিক্সকে আগের অবস্থান বজায় রাখার কথা জানানো হয়েছে। উল্লেখ্য, আগামী ৪ ডিসেম্বর ২০২৬ বিশ্বজুড়ে নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা ‘জো বাচে হ্যায় সঙ্গ সমেট লো’-র। ফাওয়াদ খান ও মাহিরা খান ছাড়াও এই সিরিজে অভিনয় করেছেন হানিয়া আমির, আহাদ রাজা মীর, ইকরা আজিজ এবং সানাম সইদ। ফারহাত ইশতিয়াকের জনপ্রিয় উর্দু উপন্যাস অবলম্বনে তৈরি এই রোম্যান্টিক ড্রামায় ছয়টি পরস্পর সম্পর্কযুক্ত প্রেমের কাহিনি তুলে ধরা হয়েছে। মোমিনা দুরেইদ পরিচালিত ও প্রযোজিত এই সিরিজটি নেটফ্লিক্সের প্রথম উর্দু ভাষার অরিজিনাল সিরিজ।

    ভারতের ওটিটি প্ল্যাটফর্মে পাকিস্তানি কনটেন্ট নয়

    সূত্রের আরও দাবি, ২০২৫ সালের জুন মাসে নেটফ্লিক্স কেন্দ্রকে জানিয়েছিল, ভারতে তাদের গ্রাহকদের জন্য পাকিস্তানে তৈরি কোনও সিনেমা বা ওয়েব সিরিজ উপলব্ধ করা হয়নি। এবার সেই প্রতিশ্রুতি বজায় রাখার নির্দেশ দিয়েছে মন্ত্রক। এই বিতর্কে কেন্দ্রের হস্তক্ষেপের দাবি জানিয়ে আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছিল চলচ্চিত্র জগতের দুই সংগঠন—অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA) এবং ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE)। গত ২৪ নভেম্বর প্রধানমন্ত্রীকে চিঠি লিখে সিরিজটির সম্প্রচার বন্ধ করার দাবি জানান অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত। পাশাপাশি, ভারতীয় সিনেমা, টেলিভিশন এবং ওটিটি প্ল্যাটফর্মে পাকিস্তানি কনটেন্ট, শিল্পী ও প্রযোজনার উপর স্থায়ী আইনি নিষেধাজ্ঞা জারিরও দাবি জানান তিনি। এর পরের দিন, ২৫ নভেম্বর একই বিষয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেয় ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ। সংগঠনের বক্তব্য, কেন্দ্রের পূর্ববর্তী নির্দেশিকা এবং ভারতীয় চলচ্চিত্র জগতের আবেগকে উপেক্ষা করে দেশে পাকিস্তানি বিনোদনমূলক কনটেন্ট বাণিজ্যিকভাবে সম্প্রচার করা উচিত নয়। তাই সিরিজটি যাতে ভারতে দেখানো না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করার আর্জি জানিয়েছে তারা।

    পহেলগাঁওয়ে হামলার পর তথ্য ও সম্প্রচার মন্ত্রকের নির্দেশ

    প্রসঙ্গত, ২০২৫ সালের ৮ মে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্কের উত্তেজনার আবহে পাকিস্তানি কনটেন্ট সম্প্রচার বন্ধের নির্দেশিকা জারি করেছিল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। জাতীয় নিরাপত্তা এবং তৎকালীন পরিস্থিতির কথা উল্লেখ করে ওটিটি প্ল্যাটফর্ম, মিডিয়া স্ট্রিমিং পরিষেবা ও অন্যান্য ডিজিটাল মাধ্যমকে এই নির্দেশ দেওয়া হয়েছিল। এদিকে, নেটফ্লিক্সের এই সিরিজ ঘিরে বিতর্কের প্রভাব পড়েছে অন্য পাকিস্তানি ধারাবাহিকের ক্ষেত্রেও। ‘দার-ই-নাজাত’ (Dar-e-Nijaat) নামে একটি পাকিস্তানি নাটকের বেঙ্গালুরুতে ২৮ নভেম্বর ও ৫ ডিসেম্বর নির্ধারিত দুটি বিশেষ প্রদর্শনীও সোশ্যাল মিডিয়ায় আপত্তির জেরে বাতিল করা হয়েছে। যদিও এই গোটা বিতর্ক নিয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি নেটফ্লিক্স।

LinkedIn
Share