Tag: Fishermen Warning

  • Severe Cyclonic Storm: অন্ধ্র নয়, পুরীর কাছে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’, বাংলায় ভারী বৃষ্টির সতর্কতা

    Severe Cyclonic Storm: অন্ধ্র নয়, পুরীর কাছে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’, বাংলায় ভারী বৃষ্টির সতর্কতা

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্ভাব্য ল্যান্ডফলের জায়গা বদলেছে ঘূর্ণিঝড়ের। অন্ধ্রপ্রদেশের উপকূলের বদলে ওড়িশার পুরীর কাছেই আছড়ে পড়তে পারে তীব্র ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’। বুধবার দুপুরে প্রকাশিত নতুন আবহাওয়া বুলেটিনে এমনই (Severe Cyclonic Storm) পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এর আগে ঘূর্ণিঝড়টির নেল্লোর ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী এলাকায় স্থলভাগে প্রবেশের সম্ভাবনা জানিয়েছিলেন (West Bengal) আবহবিদেরা।

    দক্ষিণ ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ‘অ্যাকভান’। গত ছ’ঘণ্টায় ঘণ্টায় প্রায় সাত কিলোমিটার গতিতে উপকূলের দিকে এগিয়েছে ঘূর্ণিঝড়টি। তার গতিপথ উত্তর-উত্তর পশ্চিম দিকে। আবহাওয়া দফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টি বর্তমানে চেন্নাই থেকে ৫৭০ কিলোমিটার পূর্বে, বিশাখাপত্তনম থেকে ৫৮০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে, মছিলিপত্তনম থেকে ৫৯০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, গোপালপুর থেকে ৭১০ কিলোমিটার দক্ষিণে এবং পুরী থেকে ৭৭০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে।

    ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতি(Severe Cyclonic Storm)

    আগামী দু’দিন ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। শুক্রবার, ২০ নভেম্বর দুপুর নাগাদ উত্তর অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম এবং দক্ষিণ ওড়িশার উপকূল দিয়ে নারসাপুর ও পুরীর মধ্যবর্তী অঞ্চলে স্থলভাগে প্রবেশের সম্ভাবনা রয়েছে। সেই সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার থাকতে পারে। ঝোড়ো হাওয়ার সর্বোচ্চ বেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। স্থলভাগে প্রবেশের পর ধীরে ধীরে শক্তি কমবে ঘূর্ণিঝড়টির। শনিবারের মধ্যে তা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা।

    ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। ওই জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। কলকাতায় বৃহস্পতিবার বজ্রপাতের সঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    অতিভারী বৃষ্টির পূর্বাভাস

    শুক্রবার বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। ওই দুই জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, বৃষ্টির পরিমাণ হতে পারে ৭ থেকে ২০ সেন্টিমিটার। দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, হাওড়া ও বাঁকুড়াতেও ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির (Severe Cyclonic Storm) সম্ভাবনা রয়েছে। শনিবার পুরুলিয়ার কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে হালকা ও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। সোমবার পর্যন্ত এমন আবহাওয়া থাকতে পারে বলে পূর্বাভাস। এরপর ধীরে ধীরে দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক হতে শুরু করবে।

    ঘূর্ণিঝড়ের কারণে সমুদ্র উত্তাল থাকবে। তাই মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ২০ নভেম্বর পর্যন্ত মাছ ধরতে যাওয়ার নিষেধাজ্ঞা রয়েছে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় বৃহস্পতিবার ও শুক্রবার মৎস্যজীবীদের জন্য (West Bengal) লাল সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাব উত্তরবঙ্গে আপাতত পড়ার সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া শুকনো থাকবে বলে (Severe Cyclonic Storm) জানিয়েছে আবহাওয়া দফতর।

     

LinkedIn
Share