Tag: foreign debt

foreign debt

  • Pakistan External Debt: ঋণের জালে জর্জরিত পাকিস্তান, ১০ বছরে বিদেশি ঋণ প্রায় দ্বিগুণ!

    Pakistan External Debt: ঋণের জালে জর্জরিত পাকিস্তান, ১০ বছরে বিদেশি ঋণ প্রায় দ্বিগুণ!

    মাধ্যম নিউজ ডেস্ক: ঋণ নেওয়ার প্রবণতা যেন পাকিস্তানের অর্থনীতির স্থায়ী বৈশিষ্ট্যে পরিণত হয়েছে। যে কোনও উৎস থেকে ঋণ পাওয়ার সুযোগ পেলেই তা গ্রহণ করছে ইসলামাবাদ। কিন্তু সেই ঋণের অর্থ উৎপাদনশীল খাতে বিনিয়োগ কিংবা (Pakistan External Debt) অর্থনীতির ভিত মজবুত করার কাজে ব্যবহার করার পরিবর্তে রাজনৈতিক জনপ্রিয়তা অর্জনের লক্ষ্যে বিভিন্ন জনমোহিনী প্রকল্প ও নীতি বাস্তবায়নে ব্যয় করা হচ্ছে। ঋণ পরিশোধের দায় যেন কার্যত উপেক্ষিত। এমনই পরিস্থিতিতে পাকিস্তানের বিদেশি ঋণের বোঝা উদ্বেগজনক হারে বেড়েছে।

    বিশ্বব্যাঙ্কের ২০২৬ সালের আন্তর্জাতিক ঋণ প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সাল পর্যন্ত এক দশকে পাকিস্তানের মোট বিদেশি ঋণ প্রায় দ্বিগুণ হয়েছে। ২০১৫ সালে যেখানে দেশের বিদেশি ঋণের পরিমাণ ছিল ৬৮.৬৭৩ বিলিয়ন মার্কিন ডলার, সেখানে ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১৩৫.১০৭ বিলিয়ন ডলারে। এর মধ্যে ১০৭.০৭৬ বিলিয়ন ডলার সরকারি ও সরকারি গ্যারান্টিযুক্ত ঋণ, ১৭.৫৮ বিলিয়ন ডলার বেসরকারি ক্ষেত্রে গ্যারান্টিবিহীন ঋণ এবং ১০.৪৫ বিলিয়ন ডলার স্বল্পমেয়াদি (China Biggest Lender) ঋণ।

    আন্তর্জাতিক অর্থভাণ্ডারের অবদান (Pakistan External Debt)

    বাস্তবে পাকিস্তানের অর্থনীতি ক্রমাগত বিদেশি ও অভ্যন্তরীণ ঋণের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। প্রবাসীদের পাঠানো অর্থ, বন্ধুরাষ্ট্রগুলির ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানো এবং আন্তর্জাতিক অর্থভাণ্ডারের আর্থিক সহায়তা—এই তিনটি বিষয়ই আপাতত দেশটির অর্থনীতিকে টিকিয়ে রেখেছে। আন্তর্জাতিক অর্থভাণ্ডারের একের পর এক ঋণ কর্মসূচি পাকিস্তানকে ঋণখেলাপি হওয়া থেকে সাময়িকভাবে রক্ষা করেছে ঠিকই, কিন্তু অর্থনীতির অন্তর্নিহিত সমস্যাগুলির কোনও স্থায়ী সমাধান করতে পারেনি।

    ঋণের পরিমাণ বৃদ্ধির বিষয়টি খুব একটা অপ্রত্যাশিত না হলেও যে গতিতে তা বেড়েছে, তা যথেষ্ট উদ্বেগজনক। বিভিন্ন আন্তর্জাতিক ঋণদাতার কাছ থেকে নেওয়া অর্থের বড় অংশই ব্যয় হয়েছে বৈদেশিক অর্থায়নের ঘাটতি মেটাতে এবং বিদেশি মুদ্রার ভাণ্ডার ধরে রাখতে। পাশাপাশি পুরনো ঋণের সুদ ও আসল পরিশোধ করতেই নতুন করে নেওয়া ঋণের উল্লেখযোগ্য অংশ খরচ হয়ে যাচ্ছে। ফলে অর্থনীতির প্রকৃত উন্নয়নে বিনিয়োগের সুযোগ ক্রমশ সংকুচিত হচ্ছে। সব মিলিয়ে পাকিস্তানের অর্থনীতি যেন কৃত্রিমভাবে চাঙ্গা রাখার চেষ্টা চলছে। বাইরে থেকে স্থিতিশীলতার ছবি দেখা গেলেও ভিতরে দীর্ঘদিনের আর্থিক অসুস্থতা ক্রমশ প্রকট হচ্ছে।

    অগ্রগতির পথে বড় বাধা ঋণের বোঝা

    পাকিস্তানের ঋণের এই বিপুল বৃদ্ধি দেশের অর্থনীতির একটি গভীর দুর্বলতার ছবি তুলে ধরছে। দেশটি পর্যাপ্ত বিনিয়োগ করতে পারছে না, উৎপাদন বাড়াতে পারছে না, এমনকী প্রয়োজনীয় আয়ও তৈরি করতে ব্যর্থ হচ্ছে। অথচ পুরনো ঋণের সুদ ও আসল মেটানোর দায় ক্রমশ বাড়ছে। ফলে দেশের রাজস্বনীতি ও সামগ্রিক অর্থনৈতিক সম্ভাবনার পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে ঋণের বোঝা।

    তবে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ কিংবা তাঁর সরকারের অন্যান্য নেতার বক্তব্যে এই আর্থিক বাস্তবতার প্রতিফলন খুব একটা দেখা যায় না। তাঁদের জীবনযাপন ও বিলাসবহুল আচরণ দেখে মনে হতে পারে, তাঁরা কোনও সমৃদ্ধ দেশের নাগরিক। অথচ বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে পরিবেশের অবক্ষয়—প্রতিটি ক্ষেত্রেই পাকিস্তানের সাধারণ মানুষ সমস্যার মুখোমুখি।

    নতুন ঋণ নিয়ে যে সামান্য আর্থিক সংস্থান তৈরি হচ্ছে, তার সিংহভাগই পুরনো ঋণের দায় মেটাতে চলে যাচ্ছে। ফলে রফতানিমুখী উৎপাদন বৃদ্ধি, নতুন শিল্প গড়ে তোলা এবং দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য প্রয়োজনীয় বিনিয়োগ করা কঠিন হয়ে পড়ছে। ঋণ নেওয়া এবং সেই ঋণ পরিশোধের জন্য আবার নতুন ঋণ নেওয়ার এক দুষ্টচক্রে আটকে গিয়েছে পাকিস্তান। বারবার আর্থিক বিপর্যয়ের মুখে পড়লেও কোনও না কোনওভাবে আপাতত রক্ষা পাচ্ছে (Pakistan External Debt) দেশটি।

    সরকারের ঋণ নেওয়ার অন্যতম উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে সরকারি ব্যয়, বাজেট ঘাটতি এবং বিদেশে অর্থ পরিশোধের দায় সামলানো। অথচ এই অর্থের বড় অংশ এমন কোনও সম্পদ তৈরি করছে না, যা ভবিষ্যতে আয় এনে দিতে পারে। উন্নয়নমূলক খাতে ব্যয় কমানোই হয়ে উঠছে সরকারের প্রথম পদক্ষেপ। তার প্রভাব পড়ছে অর্থনৈতিক বৃদ্ধিতেও। সাম্প্রতিক বছরগুলিতে পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার মাত্র ২.৭ শতাংশের আশপাশে ঘোরাফেরা করেছে।

    সরকারি ও সরকারি গ্যারান্টিযুক্ত ঋণের মধ্যে ৫৬.৮৩ বিলিয়ন ডলার বহুপাক্ষিক ঋণদাতাদের কাছে, ৪২.৪৩ বিলিয়ন ডলার দ্বিপাক্ষিক ঋণদাতাদের কাছে এবং ৭.৮ বিলিয়ন ডলার বেসরকারি ঋণদাতাদের কাছে দায়বদ্ধ রয়েছে পাকিস্তান।

    বিশ্বব্যাঙ্ক, এশীয় উন্নয়ন ব্যাঙ্ক ও আন্তর্জাতিক অর্থভাণ্ডার প্রধান ঋণদাতা

    দীর্ঘদিন ধরেই পাকিস্তানের সবচেয়ে বড় একক ঋণদাতা চিন। বর্তমানে চিনের কাছে পাকিস্তানের বকেয়া ঋণের পরিমাণ ২২.৪ বিলিয়ন ডলার। এরপর রয়েছে বিশ্বব্যাঙ্ক, যাদের কাছে পাকিস্তানের ঋণের পরিমাণ ১৯.২ বিলিয়ন ডলার। এশীয় উন্নয়ন ব্যাঙ্কের কাছে বকেয়া ঋণের পরিমাণ ১৬.৮৩ বিলিয়ন ডলার।

    দীর্ঘদিন ধরে পাকিস্তানের অর্থনীতিতে বিনিয়োগ করলেও সময়মতো ঋণ পরিশোধ না হওয়ায় চিনের ঋণনীতি ও অবস্থানে পরিবর্তন এসেছে। আগের মতো নতুন করে বিপুল অর্থ বিনিয়োগের প্রতিশ্রুতি দিতে আর আগ্রহী নয় বেজিং। ২০২৫ সালে পাকিস্তানের ২ বিলিয়ন ডলারের ঋণ পরিশোধের সময়সীমা বাড়িয়ে দিয়েছিল চিন। তবে কার্যত অন্তহীন আর্থিক ঘাটতির মধ্যে নতুন করে অর্থ ঢালতে চাইছে না (Pakistan External Debt) তারা।

    অন্যদিকে, সৌদি আরবের কাছে পাকিস্তানের ঋণের বিষয়টি অর্থনীতিবিদদের একাংশের কাছে কিছুটা ভিন্নভাবে বিবেচিত হয়। কারণ, সৌদি আরব দীর্ঘদিন ধরেই পাকিস্তানকে আর্থিক সহায়তা দিয়ে এসেছে। পাকিস্তানের রাজনৈতিক মহলের একাংশের ধারণা, মুসলিম ভ্রাতৃত্বের মতো আবেগঘন বিষয়কে সামনে রেখে সৌদি আরবের কাছ থেকে পাওয়া আর্থিক সহায়তার দায় অনেক ক্ষেত্রেই মকুব হয়ে যেতে পারে। অর্থাৎ, দুই মুসলিম দেশের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে এই সহায়তাকে অনেকটা অনুদানের মতো করে দেখা হয়।

    কিন্তু ২০২৫ সালের অগাস্টে স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা চুক্তি এবং চলতি বছরের মার্চ থেকে উপসাগরীয় অঞ্চলে চলতে থাকা যুদ্ধ পরিস্থিতি কূটনৈতিক প্রতিশ্রুতির সীমাবদ্ধতা স্পষ্ট করে দিয়েছে। সৌদি আরবের কাছ থেকে দীর্ঘদিন ধরে বিপুল আর্থিক সুবিধা পেলেও সাম্প্রতিক পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়িয়ে সেনা মোতায়েন করার ক্ষেত্রে তুরস্ক এবং বিশেষত পাকিস্তানের ভূমিকা প্রত্যাশার তুলনায় সীমিত থেকেছে (China Biggest Lender)।

    ঋণের উপর নির্ভর করেই অর্থনৈতিক স্থিতিশীলতার চেষ্টা

    এদিকে পাকিস্তানের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে আন্তর্জাতিক অর্থভাণ্ডার সম্প্রতি তাদের সম্প্রসারিত ঋণসুবিধা এবং স্থিতিস্থাপকতা ও স্থায়িত্ব সংক্রান্ত কর্মসূচির আওতায় নতুন করে ২.৩ বিলিয়ন ডলারের আর্থিক সহায়তা দিয়েছে।

    বিশ্বব্যাঙ্কের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে উন্নয়নশীল দেশগুলির মোট বিদেশি ঋণ ৫.৫ শতাংশ বেড়ে রেকর্ড ৯.৪ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। ২০২১ সালের পর এটাই ঋণ বৃদ্ধির সর্বোচ্চ গতি। ২০২২ থেকে ২০২৪ সালের গড় বৃদ্ধির তুলনায় এই হার প্রায় চার গুণ।

    আন্তর্জাতিক বাজার থেকে অর্থ সংগ্রহের সুযোগ কিছুটা বাড়লেও ঋণ নেওয়ার খরচ কমেনি। বিশেষ করে দরিদ্র দেশগুলির বিপুল ঋণের বোঝা শিক্ষা, স্বাস্থ্য এবং মানবসম্পদ উন্নয়নের মতো জরুরি ক্ষেত্রে বিনিয়োগের পথ সংকুচিত করছে (Pakistan External Debt)।

    এদিকে বেসরকারি ঋণদাতাদের কাছ থেকে ঋণ নেওয়ার প্রবণতাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আন্তর্জাতিক বাজারে পরিস্থিতির উন্নতি হওয়ায় উন্নয়নশীল দেশগুলির সরকারি সংস্থাগুলির বন্ডের মাধ্যমে অর্থ সংগ্রহ ৩৫ শতাংশের কাছাকাছি বেড়ে ২৫১ বিলিয়ন ডলারে পৌঁছেছে। গত পাঁচ বছরের মধ্যে যা সর্বোচ্চ।

    সব মিলিয়ে পাকিস্তানের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি একটি বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে দেশটির নীতিনির্ধারকদের। নতুন ঋণ নিয়ে পুরনো ঋণ পরিশোধ এবং সাময়িকভাবে অর্থনীতিকে সচল রাখার কৌশল (China Biggest Lender) কতদিন কার্যকর থাকবে, তা নিয়ে সংশয় বাড়ছে। উৎপাদন, রফতানি ও কর্মসংস্থানের মতো মৌলিক ক্ষেত্রগুলিতে উল্লেখযোগ্য উন্নতি না হলে ঋণনির্ভর এই অর্থনৈতিক কাঠামো থেকে বেরিয়ে আসা পাকিস্তানের পক্ষে ক্রমশ কঠিন হয়ে উঠবে (Pakistan External Debt) বলেই মত অর্থনীতিবিদদের।

     

LinkedIn
Share