Tag: Free Meal Scheme

  • Suvendu Adhikari: রাজ্যে আরও ৫০০টি ‘মা আহার’ ক্যান্টিন, বৈষ্ণবদের জন্য নিরামিষ খাবারের বিশেষ ব্যবস্থার ঘোষণাও শুভেন্দুর

    Suvendu Adhikari: রাজ্যে আরও ৫০০টি ‘মা আহার’ ক্যান্টিন, বৈষ্ণবদের জন্য নিরামিষ খাবারের বিশেষ ব্যবস্থার ঘোষণাও শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যের সাধারণ মানুষের জন্য সস্তায় খাবারের ব্যবস্থা আরও সম্প্রসারণের উদ্যোগ নিল রাজ্য সরকার। নতুন করে ৫০০টি ‘মা আহার’ ক্যান্টিন খোলার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আদালত চত্বর, বাসস্ট্যান্ড এবং ফেরিঘাটের মতো জনসমাগমপূর্ণ এলাকায় এই ক্যান্টিনগুলি চালু করা হবে। বৈষ্ণব সমাজের আবেদনে নিরামিষ ও সাত্ত্বিক খাবারের ব্যবস্থাও চালুর (Ma Aahar Canteens) কথা জানিয়েছেন তিনি। বারাসত, নবদ্বীপ এবং মায়াপুরে প্রথম পর্যায়ে এই ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে।

    স্বল্পমূল্যে খাবার (Suvendu Adhikari)

    সোমবার বিধাননগরে গৌরী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, সাধারণ মানুষের কাছে স্বল্পমূল্যে খাবার পৌঁছে দেওয়ার লক্ষ্যেই নতুন ক্যান্টিনগুলি খোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশেষত আদালত, বাসস্ট্যান্ড ও ফেরিঘাটের মতো জায়গায় প্রতিদিন বহু মানুষের সমাগম হয়। সেই সমস্ত এলাকায় ক্যান্টিন চালু হলে সাধারণ মানুষ উপকৃত হবেন বলেই মনে করছে সরকার।

    উল্লেখ্য, মাত্র ৫ টাকায় পেটভরা খাবার দেওয়ার উদ্দেশ্যে পূর্ববর্তী সরকারের আমলে ‘মা ক্যান্টিন’ প্রকল্প চালু হয়েছিল। পরবর্তী সময়ে রাজ্যে সরকার পরিবর্তনের পর প্রকল্পটির নাম বদলে রাখা হয় ‘মা আহার’। ডিম-ভাতের পাশাপাশি সপ্তাহে দু’দিন মাছের ব্যবস্থাও করা হয়েছে। এ বার বৈষ্ণব সমাজের অনুরোধে নিরামিষ খাবারের পৃথক ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে শুভেন্দু বলেন, “বৈষ্ণব সমাজের পক্ষ থেকে সাত্ত্বিক আহারের ব্যবস্থা চালু করার আবেদন জানানো হয়েছিল। বারাসতে এই ব্যবস্থা শুরু করা হবে। নবদ্বীপ এবং মায়াপুরেও তা চালু করা হবে।”

    স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্যও সুখবর

    এ দিন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্যও সুখবর শোনান মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, কেন্দ্রীয় সরকারের কাছ থেকে স্বনির্ভর গোষ্ঠীগুলির প্রাপ্য সুদে ভর্তুকির অর্থ ছাড় দেওয়া হয়েছে। দীর্ঘ ছ’বছর ধরে এই অর্থ আটকে ছিল বলে জানান তিনি। এ বার ২৫০ কোটি টাকা রাজ্যে এসেছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে কয়েক লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই অর্থ পৌঁছে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)।

    এদিকে, বাল্যবিবাহের মতো সামাজিক সমস্যা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত রাজ্যের হাসপাতালগুলিতে ৬০ হাজার নাবালিকার প্রসব হয়েছে। তাঁদের অধিকাংশের বয়স ১২ থেকে ১৫ বছরের মধ্যে বলে দাবি করেন তিনি। এই পরিস্থিতিতে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার পরামর্শ (Ma Aahar Canteens) দিয়েছেন মুখ্যমন্ত্রী।

    তাঁর কথায়, “বাল্যবিবাহ রুখতে আইন রয়েছে এবং সেই আইন যথেষ্ট কঠোর। কিন্তু শুধু আইন দিয়ে সব সমস্যার সমাধান সম্ভব নয়। এ ক্ষেত্রে মা-বাবাকেও দায়িত্ব নিতে হবে।” পাশাপাশি নাবালিকাদের বিয়েতে কাজি ও পুরোহিতদের ভূমিকাও দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেন তিনি। বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধির উপরেও জোর দেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)।

     

LinkedIn
Share