Tag: G20 Summit

G20 Summit

  • G20 Summit: জি২০ সম্মেলনে গৃহীত হল নয়াদিল্লি ডিক্লারেশন, ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

    G20 Summit: জি২০ সম্মেলনে গৃহীত হল নয়াদিল্লি ডিক্লারেশন, ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: নয়াদিল্লিতে জি২০ (G20 Summit) শীর্ষ সম্মেলনে ইউক্রেন প্রশ্নে ঐক্যমত্যে পৌঁছলেন সদস্য দেশের রাষ্ট্রপ্রধানরা। শনিবার শুরু হয়েছে জি২০ সম্মেলন। নয়াদিল্লির এই সম্মেলনে নয়াদিল্লি ডিক্লারেশন গৃহীত হয়েছে। এই ডিক্লারেশন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, এদিনের ঘোষণার পর ইউক্রেন প্রশ্নে স্বমত স্পষ্ট করে দিল নয়াদিল্লি।

    জি২০ শীর্ষ সম্মেলন

    নয়াদিল্লির প্রগতি ময়দানের ভারত মণ্ডপম কনভেনশন সেন্টারে বসেছে জি২০ শীর্ষ সম্মেলনের আসর। এদিন উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী বলেন, “ইউক্রেন যুদ্ধ আস্থাহীনতারই পরিণতি। আমাদের এই আবহ থেকে বেরিয়ে আসতে হবে। পারস্পরিক আস্থা ফিরিয়ে আনতে হবে।” তিনি বলেন, “একুশ শতক বিশ্বকে নতুন দিক নির্দেশ দেওয়ার শতক। নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের পুরনো সমস্যাগুলির সমাধানের পথ খুঁজতে হবে। যখন আমরা কোভিডকে পরাজিত করতে পেরেছি, তখন আমরা এই আস্থার ঘাটতির সঙ্কটের বিরুদ্ধেও জয়ী হতে পারব।”

    সবকা সাথ সবকা বিকাশ মন্ত্র

    প্রধানমন্ত্রী (G20 Summit) বলেন, “সবকা সাথ সবকা বিকাশ মন্ত্রেই আস্থাহীনতার সমস্যা কাটিয়ে উঠতে হবে আমাদের।” তিনি বলেন, “বিশ্বজুড়ে এই যে অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠে আমাদের ভরসা রাখতে হবে বিশ্বাস এবং আস্থার ওপর।”

    দিল্লি লিডার্স ঘোষণাপত্রে বলা হয়েছে, ‘ইউক্রেনে প্রয়োজন স্থায়ী এবং উপযুক্ত শান্তি। জি২০-এর সদস্য দেশগুলির কাছে আবেদন জানানো হয়েছে এই বলে যে, কেউ যদি পরমানু অস্ত্র প্রয়োগ কিংবা বলপ্রয়োগ করে অন্যের এলাকা দখল করার কৌশল নেয়, তা কোনওভাবেই মেনে নেওয়া হবে না’।

    যৌথ ঘোষণাপত্রের কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের টিমের কঠোর পরিশ্রম ও আপনাদের সহযোগিতায় নয়াদিল্লিতে জি২০ (G20 Summit) সম্মেলনের ঘোষণাপত্র এসে পৌঁছেছে। এই ঘোষণাপত্র গ্রহণ করার প্রস্তাব ছিল আমার। সব সদস্য দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে সহমত হয়ে এটি গৃহীত হল। দেশের সমস্ত মন্ত্রী, শেরপা ও সব আধিকারিকদের ধন্যবাদ জানাতে চাই। যাদের জন্য এটি সম্ভব হয়েছে।”

    আরও পড়ুুন: জি২০-এর মঞ্চেও ‘ইন্ডিয়া’র বদলে লেখা ‘ভারত’, দেশের নাম তাহলে বদলাচ্ছেই!

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

     

  • G20 Summit: রাষ্ট্রপতির দেওয়া নৈশভোজের মেনু প্রকাশ্যে! এক ঝলকে খাবারের তালিকা

    G20 Summit: রাষ্ট্রপতির দেওয়া নৈশভোজের মেনু প্রকাশ্যে! এক ঝলকে খাবারের তালিকা

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লিতে চলছে জি২০ শীর্ষ সম্মেলন (G20 Summit), বিশ্বের তাবড় রাষ্ট্রনেতারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন। অতিথি আপ্যায়নে ত্রুটি নেই। আমাদের দেশের পরম্পরায় অনুযায়ী যেমন পাতে থাকছে নানা রকমের পদ, তেমনি বিদেশি পদও থাকছে খাদ্য তালিকায়। ইতিমধ্যেই সোনা রুপোর থালা বাসনে রাষ্ট্রপ্রধানদের (G20 Summit) খাবার পরিবেশন করা হবে সে কথা আগেই জানা গিয়েছে। রাষ্ট্রপ্রধানদের খাবার পরিবেশন করার আগে তা নিরাপত্তার স্বার্থে পরীক্ষাও করা হবে।

    দুপুরে জয়পুর হাউসে মধ্যাহ্নভোজের মেনু

    জয়পুর হাউসে বিদেশী রাষ্ট্রনেতাদের জন্য একটি মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। মধ্যাহ্নভোজে অবশ্য নিরামিষ খাদ্য পরিবেশন (G20 Summit) করা হয়। ভারতীয় খাদ্যশস্য বাজরাকে জনপ্রিয় করে তুলতে ইতিমধ্যে ২০২৩ সালকে বাজরার বছর হিসেবে ঘোষণা করার অনুরোধ আগেই জানিয়েছিলেন নরেন্দ্র মোদি, সেদিকে তাকিয়ে বাজরার তৈরি বিশেষ থালি, বাজরার পোলাও, বাজরার ইডলি এই সমস্ত খাদ্যপদ মধ্যাহ্নভোজে বিদেশি রাষ্ট্রনেতাদের পরিবেশন করা। এছাড়াও খাদ্য তালিকায় ঠাঁই পেয়েছে ডাল বাটি, চুরমা, বাংলার বিখ্যাত রসগোল্লা, দক্ষিণ ভারতের মসলা-ধোসা, বিহারের চোখা ইত্যাদি। এর পাশাপাশি ওয়েলকাম ড্রিংকসে রয়েছে ভারতীয় কফি, চা, মিষ্টি, চকোলেট।  রান্নার কাজে সারাদেশ থেকে এসেছেন নামিদামি শেফরা (G20 Summit)।

    রাষ্ট্রপতির দেওয়া নৈশভোজের মেনু

    জানা গিয়েছে, রাষ্ট্রপতির দেওয়া নৈশভোজের (G20 Summit) মেনু একেবারে তাক লাগানোর মতো। সেখানে স্থানীয় খাবার যেমন থাকবে, তেমনই জায়গা পাবে কন্টিনেন্টাল ডিশ। এক ঝলকে দেখে নেওয়া যাক, কী কী থাকছে আজ রাতের মেনুতে। 

    ভারতের আঞ্চলিক পদে থাকছে—

    – দহি ভাল্লা
    – সিঙাড়া
    – ভেলপুরি
    – বড়া পাব
    – মশলাদার চাট
    – ফুচকা
    – দই পুরি
    – সেও পুরী
    – মির্চি বড়া
    – বিকানেরি ডাল পরটা
    – পলাশ
    – লীলভা কচুরি
    – আলু হার্ট হ্যাপি
    – টিক্কি
    – যোধপুরী কাবুলি পোলাও

    এবছর আন্তর্জাতিক মিলেট বর্ষ হিসেবে উদযাপিত হচ্ছে। তাই মিলেটের পদও থাকবে নৈশভোজে। তালিকায় রয়েছে—

    – মিলেটের সিঙাড়া
    – মিলেটের পরোটা
    – মিলেটের ক্ষীর
    – মিলেটের পুডিং

    ভারতীয় প্রাদেশিক স্বাদ। এখানে বিভিন্ন রাজ্যের বিশেষ পদকে বাছাই করে আনা হয়েছে। তালিকায় রয়েছে—

    – বিহারের লিট্টি চোখা
    – বাজরা দিয়ে তৈরি রাজস্থানী ডাল বাটি চুর্মা
    – পশ্চিমবঙ্গের রসগোল্লা
    – পাঞ্জাবের ডাল তরকা
    – দক্ষিণ রাজ্য থেকে উত্তাপম, ইডলি এবং মশলা দোসা
    – মালাবারের পরোটা
    – ইডলি সাম্বার, পেঁয়াজ মরিচ উত্তাপম
    – মহীশূরের দোসা
    – চাঁদনী চকের সুস্বাদু রেসিপি

    স্যালাডে রয়েছে- ভারতীয় গ্রিন স্যালাড, পাস্তা এবং গ্রিল্ড ভেজিটেবল স্যালাড এবং চানা সুন্দল। মেন কোর্সে থাকছে—

    – পনির লাবাবদর
    – আলু লিওনেজ
    – সবজি কোরমা
    – কাজু মাখনা
    – পেন্নে ইন আরারাবিয়াত সস

    এছাড়া থাকবে—

    – জোয়ার ডাল তড়কা
    – ভাত
    – পেঁয়াজ জীরা পোলাও
    – রুটি
    – তন্দুরি রুটি, বাটার নান, কুলচা
    – রাইতা, চাটনি
    – শসা- রাইতা
    – তেঁতুল এবং খেজুরের চাটনি
    – আচার
    – টক দই

    শেষ পাতে ডেসার্টে থাকবে—

    – জিলিপি
    – কুট্টু মালপুয়া
    – কেশর পিস্তা রসমালাই
    – আখরোট এবং আদার গরম পুডিং
    – স্ট্রবেরি আইসক্রিম
    – Blackcurrant আইসক্রিম
    – রসমালাই
    – মালাই ঘেভার
    – গুলাব চুরমা
    – পেস্তা কুলফি
    – গাম পুডিং
    – শ্রীখণ্ড
    – ফালুদার সঙ্গে মালাই কুলফি
    – কেশর পেস্তা ঠাণ্ডাই
    – সেমুই
    – মসুর ডাল-কাঠবাদাম পুডিং
    – মেওয়া
    – ক্ষীর
    – গাজরের হালুয়া
    – মতিচুর লাড্ডু
    – ড্রাই ফ্রুটস
    – আখরোট-ডুমুরের পুডিং
    – আঙ্গুরি রসমালাই
    – অ্যাপল ক্রাম্বল পাই
    – যোধপুরী মেওয়া কচুরি

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • G20 Summit: ভারত মণ্ডপমে রাষ্ট্রনেতাদের স্বাগত জানালেন মোদি, শুরু হল জি২০ সম্মেলন

    G20 Summit: ভারত মণ্ডপমে রাষ্ট্রনেতাদের স্বাগত জানালেন মোদি, শুরু হল জি২০ সম্মেলন

    মাধ্যম নিউজ ডেস্ক: এসে গেল বহু প্রতিক্ষিত মুহূর্ত। প্রবল প্রত্যাশার মধ্যে দিয়ে নয়াদিল্লিতে সূচনা হল দুদিন ব্যাপী জি২০ শীর্ষ সম্মেলনের (G20 Summit)। প্রথমবার এই গুরুত্বপূর্ণ সম্মেলন ভারতে বসছে। সম্মেলনের সভাপতিত্ব করছে ভারত। এই জন্য এবারের সম্মেলনকে মাথায় রেখে বিশ্বের সামনে দেশের সংস্কৃতি ও গরিমা তুলে ধরতে সচেষ্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্মেলনের জন্য দিল্লির প্রগতি ময়দানে নির্মিত ভারত মণ্ডপম সভাঘর থেকে শুরু করে বিদেশি অতিথিদের আপ্যায়ন— সবকিছুতে ভারতের ইতিহাস ও ঐতিহ্য বহন করছে। এই সম্মেলনের থিম ‘বসুধৈব কুটুম্বকম’। অর্থ, গোটা বিশ্ব একটিই পরিবার। 

    রাষ্ট্রনেতাদের স্বাগত জানালেন মোদি

    আজ কড়া নিরাপত্তায় এই সম্মেলন (G20 Summit) শুরু হয়েছে। এদিন সকাল ৯টা নাগাদ ভারত মণ্ডপম-এ পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকে স্বাগত জানান বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। এরপর একে একে আসতে শুরু করে বিদেশি রাষ্ট্রনেতারা। এক এক করে সভায় যোগ দিতে আসা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক, রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ, চিনের প্রিমিয়ার লি কিয়াং, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

     

     

    শুরুতেই বড় ঘোষণা মোদির

    এর পর সভার উদ্বোধনী বক্তব্যে (G20 Summit) মোদি বলেন, ‘‘করোনা মহামারির পরে বিশ্বে বিশ্বাসজনিত সঙ্কট তৈরি হয়েছে। যুদ্ধ এই সঙ্কটকে আরও বাড়িয়ে দিয়েছে। নিজেরা আলোচনা করে এই সঙ্কটকে কাটাতে পারি। এটাই একসঙ্গে চলার সময়।’’ একইসঙ্গে, মরক্কোয় গতকালের ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ করেন আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। এর পর বড় ঘোষণা করলেন মোদি। জি২০-র (G20 Summit 2023) স্থায়ী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হল আফ্রিকান ইউনিয়ন। আজকে সম্মেলনের প্রথম সেশনে এই নিয়ে ঘোষণা করে গোষ্ঠীর বর্তমান সভাপতি তথা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    সম্মেলনে কী কী নিয়ে আলোচনা হবে?

    জি২০ গোষ্ঠীতে (G20 Summit) রয়েছে ১৯টি রাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। এই গোষ্ঠীর সদস্য দেশগুলি হল— ভারত, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল, কানাডা, চিন, ফ্রান্স, জার্মানি, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। এই সম্মেলনে একাধিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা (G20 Summit 2023)। আলোচ্য বিষয়বস্তুর তালিকায় রয়েছে— উন্নয়নশীল দেশগুলিকে ঋণের পরিমাণ বৃদ্ধি, আন্তর্জাতিক ঋণ কাঠামোর সংস্কার, ক্রিপ্টোকারেন্সি নিয়ন্ত্রণবিধি, ভূরাজনৈতিক অস্থিরতা এবং খাদ্য ও পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের নিরাপত্তা ও তার প্রভাব।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Modi-Biden Meet: যেন অভিন্ন-হৃদয় বন্ধু! মোদির কাঁধে হাত বাইডেনের, কী নিয়ে কথা হল?

    Modi-Biden Meet: যেন অভিন্ন-হৃদয় বন্ধু! মোদির কাঁধে হাত বাইডেনের, কী নিয়ে কথা হল?

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বছরের মাঝামাঝি নরেন্দ্র মোদির মার্কিন সফরের প্রথম সন্ধ্যায় নিজের সরকারি বাসভবন হোয়াইট হাউসে প্রাইভেট ডিনারের আয়োজন করেছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। এবার জি২০ সম্মেলনে (G20 Summit 2023) যোগ দিতে ভারত সফরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট। শুক্রবার, বাইডেনের সম্মানে নিজের ৭ লোক কল্যাণ মার্গের বাসভবনে প্রাইভেট ডিনারের আয়োজন করলেন নরেন্দ্র মোদি। সেখানেই দুই রাষ্ট্রেনেতার মধ্যে একপ্রস্থ দ্বিপাক্ষিক আলোচনাও হল (Modi-Biden Meet)। একইসঙ্গে কয়েকটি বিরল মুহূর্তও তৈরি হল। 

    শুক্রবার সন্ধ্যায় ভারতের মাটিতে পা রাখেন জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে এটাই তাঁর প্রথম ভারত সফর। দিল্লি বিমানবন্দরে নেমে সেখান থেকে মৌর্য শেরাটন হোটেল হয়ে বাইডেন পৌঁছে যান নরেন্দ্র মোদির বাসভবনে। সেখানে দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে বিভিন্ন বিষয়ে কথা হয়েছে। আলোচ্য বিষয়বস্তুর মধ্যে যেমন ছিল জলবায়ু থেকে যুদ্ধ। তেমনই ছিল প্রতিরক্ষা থেকে প্রযুক্তি। 

    চন্দ্র-সূর্য অভিযানের সাফল্যে ভারতকে অভিনন্দন ‘পোটাস’-এর

    চন্দ্রযান ৩ মিশনে সাফল্যের জন্য ভারতকে অভিনন্দন জানান মার্কিন প্রেসিডেন্ট (সংক্ষেপে পোটাস)। বাইডেনের মতে, ভারত মহাকাশ গবেষণায় এক নতুন ইতিহাস তৈরি করেছে। পাশাপাশি ভারতের প্রথম সৌরাভিযান আদিত্য-এল১-এর সফল উৎক্ষেপণের জন্যও অভিনন্দন জানিয়েছেন বাইডেন। মহাকাশ গবেষণায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছে দুই দেশ। আগামী সময়ে ইসরো ও নাসা যাতে যৌথভাবে মহাকাশ গবেষণার ক্ষেত্রে কাজ করতে পারে, সেই বিষয়েও আলোচনা হয়েছে (Modi-Biden Meet)।

    আরও কোন ইস্যুতে আলোচনা

    পাশাপাশি, গণতন্ত্র, মানবাধিকার-সহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয় নরেন্দ্র মোদি ও জো বাইডেনের মধ্যে। বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মতামত আদান-প্রদান করেছেন দুই রাষ্ট্রনেতা। সেমিকন্ডাক্টর সাপ্লাই চেন নিয়েও কথা হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে। প্রায় ঘণ্টাখানেকের মতো সময় দুজনের বৈঠক (Modi-Biden Meet) চলে। পরে, দুপক্ষের তরফে একটি যৌথ বিবৃতিও প্রকাশ করা হয়। ৬জি থেকে শুরু করে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (কৃত্রিম বুদ্ধিমত্তা), সব বিষয়েই সহযোগিতার বার্তা দেওয়া হয় বিবৃতিতে। 

    বিরল মুহূর্তের সাক্ষী বিশ্ব

    তবে, শুধু আলোচনা নয়। মোদি-বাইডেন সাক্ষাতে (Modi-Biden Meet) তৈরি হয়েছে এমন কিছু বিরল মুহূর্ত, যা ভারত-মার্কিন সুসম্পর্কের ইঙ্গিত দিয়েছে। একটি সময়ে দেখা গিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাঁধে হাত দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (G20 Summit 2023)। দু’জনকে হাসতেও দেখা গিয়েছে। মোদির সঙ্গে বৈঠকের পরই ট্যুইটারে (অধুনা এক্স) একটি পোস্ট করেছেন তিনি। বাইডেন লিখেছেন, ‘‘প্রধানমন্ত্রী, আপনার সঙ্গে সাক্ষাৎ হয়ে ভাল লাগল। আমেরিকা ও ভারতের সম্পর্ক যাতে অটুট থাকে, দুই দেশ যাতে আরও বেশি কাছাকাছি আসে, বাঁধন আরও পোক্ত হয়, সেটাই নিশ্চিত করা হবে।’’ 

    অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর পোস্টে লিখেছেন, ‘‘ সাত লোক কল্যাণ মার্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে স্বাগত জানাতে পেরে আনন্দ বোধ করছি। আমাদের বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। আমরা একাধিক বিষয় নিয়ে আলোচনা করেছি। যা ভারত এবং আমেরিকার মধ্যে আর্থিক সম্পর্ককে আরও মজবুত করবে। মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক আরও মজবুত হবে। বিশ্বের মঙ্গলের জন্য আমাদের দুই দেশের বন্ধুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই আলোচনা ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আরও মজবুত করবে।’’

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • G20 Summit: দিল্লিতে শেখ হাসিনা, আজই বসছেন মোদির বাসভবনে দ্বিপাক্ষিক বৈঠকে

    G20 Summit: দিল্লিতে শেখ হাসিনা, আজই বসছেন মোদির বাসভবনে দ্বিপাক্ষিক বৈঠকে

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামিকাল, শনিবার থেকে শুরু হচ্ছে জি২০ (G20 Summit) সম্মেলন। একদিন আগেই, অর্থাৎ আজ সকাল থেকেই ভারতে আসতে শুরু করে দিয়েছেন রাষ্ট্রনেতারা। এদিনই দিল্লি পৌঁছলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা ১২টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান। আজ বিকেলে শেখ হাসিনাকে নিজের সরকারি বাসভবনে আপ্যায়ন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই দুই রাষ্ট্রনেতার মধ্যে একাধিক বিষয়ে আলোচনা (G20 Summit 2023) হবে। 

    ‘ভারতের জামাই’ নাম উপভোগ করেন সুনক!

    হাসিনার বিমান দিল্লির মাটি ছোঁয়ার কিছুক্ষণ পরই ভারতে এসে পৌঁছন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। প্রধানমন্ত্রী হিসেবে এটাই তার প্রথম ভারত সফর। জি২০ সম্মেলন (G20 Summit) প্রসঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী সুনাক বলেন, “সম্মেলনে অংশ নেওয়া আমার জন্য বিশেষ তাৎপর্যের। আমি একটি স্পষ্ট ফোকাস নিয়ে জি২০ শীর্ষ সম্মেলনে অংশ নিতে চলেছি। তা হল, বিশ্ব অর্থনীতিকে স্থিতিশীল করা। আন্তর্জাতিক সম্পর্ক তৈরি করা।” 

    প্রসঙ্গত, নিজে ভারতীয় বংশোদ্ভূত হিন্দু হওয়ার পাশাপাশি ব্রিটিশ প্রধানমন্ত্রী হলেন ভারতীয় ধনকুবের তথা ইনফোসিসের কর্ণধার নারায়নমূর্তির জামাতা। সেই দিক দিয়ে তাঁকে অনেকেই তাঁকে ‘ভারতের জামাই’ বলেও সম্বোধন করেন। এই বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সুনক বলেন, “আমি কোথাও দেখেছি যে আমাকে ভারতের জামাই বলে উল্লেখ করা হয়। এটা আমি বেশ উপভোগ করি।”

    আন্তর্জাতিক অর্থভাণ্ডার প্রধানের নাচ

    এর আগে, জি২০ সম্মেলনে (G20 Summit) অংশ নিতে এসে আলাদা করে নজর কাড়লেন আইএমএফ-এর প্রধান ক্রিসটালিনা জর্জিয়েভা।এদিন দিল্লি এয়ারপোর্টে অবতরন করার পর বিশেষভাবে তাঁকে স্বাগত জানানো হয়। সেই সময় মঞ্চে গানের তালে নাচছিলেন কিছু মহিলা। তা দেখে কিছুটা উৎসাহিত হন। পা মেলাতে দেখাতে যায় গানের তালে। সেই ছবি ট্যুইটারে (অধুনা এক্স) শেয়ার করেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। 

    ট্যুইটার (এক্স) হ্যান্ডলে কী জানালেন মোদি?

    এদিকে, এদিন দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, যে আজ তিনি তিন বিশেষ অতিথির সঙ্গে তাঁর বাসভবনে দ্বিপাক্ষিক আলোচনা (G20 Summit) সারবেন। এই তিনজন হলেন— মরিশাসের প্রধানমন্ত্রী কুমার জগনাথ, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মোদি লেখেন, বৈঠকগুলির মাধ্যমে এই তিন রাষ্ট্রের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের পর্যালোচনা করা এবং সহযোগিতাপূর্ণ উন্নয়নকে আরও শক্তিশালী করার সুযোগ মিলবে।

     

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • G20 Summit: জি২০ সম্মেলনস্থলে বসল ২৭ ফুটের নটরাজ, মূর্তির বিশেষত্ব বর্ণনা প্রধানমন্ত্রীর

    G20 Summit: জি২০ সম্মেলনস্থলে বসল ২৭ ফুটের নটরাজ, মূর্তির বিশেষত্ব বর্ণনা প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: শনিবার দিল্লির প্রগতি ময়দানের ভারত মণ্ডপমে শুরু হচ্ছে জি২০ সম্মেলন (G20 Summit)। শুক্রবার থেকেই বিশ্বের তাবড় রাষ্ট্রনেতারা হাজির হতে শুরু করেছেন দিল্লিতে। ইতিমধ্যে জি২০ শীর্ষ সম্মেলনকে ঘিরে সাজো সাজো রব গোটা রাজধানী জুড়ে। জানা গিয়েছে, জি২০ (G20 Summit) শীর্ষ সম্মেলনে অতিথিদের স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী মোদি। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রী স্বয়ং তাঁদেরকে সম্মেলন স্থল পর্যন্ত নিয়ে আসবেন। এর পাশাপাশি অতিথিদের স্বাগত জানাতে ২৭ ফুটের দীর্ঘ নটরাজের মূর্তিও বসানো হয়েছে ঠিক ভারত মণ্ডপমের সামনে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই নটরাজের মূর্তির ছবিগুলি নিজের ট্যুইটার (অধুনা এক্স) হ্যান্ডেল থেকে শেয়ারও করেছেন।

    ভারত মণ্ডপমের সামনে বসেছে নটরাজের মূর্তি (G20 Summit)

    প্রসঙ্গত, নটরাজকে হিন্দু দেবতা শিবের একটি রূপ বলে বিবেচনা করা হয়। জানা গিয়েছে, বিশ্বের মধ্যে এটি সব থেকে লম্বা নটরাজের মূর্তি। এই মূর্তিকে ঘিরে রয়েছে ধর্ম, দর্শন, শিল্প সমেত বিজ্ঞানের সমন্বয় (G20 Summit)। সোনা, রুপো, কাঁচ তামা সহ আটটি ধাতু দিয়ে তৈরি হয়েছে এই মূর্তিটি। শুধুই মূর্তি তৈরি করতে খরচ হয়েছে ১০ থেকে ১২ কোটি টাকা। সাত মাসেরও বেশি সময় ধরে ১০০ জন শিল্পী মিলে তৈরি করেছেন এই মুর্তিটি। যা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের ট্যুইটারে লিখেছেন, ‘‘গোটা বিশ্ব যখন ভারতের দিকে তাকাবে আগামী তিন দিন এই মূর্তি ভারতের সোনার ঐতিহ্য ও গৌরবোজ্জ্বল ইতিহাস ও সংস্কৃতির প্রতীক হিসেবে মূর্তমান হবে।’’ 

    চোখ ধাঁধানো সাজে সেজে উঠেছে ভারত মন্ডপম

    চোখ ধাঁধানো সাজে সেজে উঠেছে ভারত মণ্ডপম। সেখানে তৈরি হয়েছে কালচার করিডর জি২০ (G20 Summit) ডিজিটাল মিউজিয়াম। এখানে আগত রাষ্ট্রপ্রধানদের দেশের সংস্কৃতিকে তুলে ধরা হবে। এর পাশাপাশি ৪ নম্বর এবং ১৪ নম্বর হলে ডিজিটাল ইন্ডিয়া এক্সপেরিয়েন্স জোন তৈরি করা হয়েছে, এখানে ভারতের প্রযুক্তিগত শক্তি ঠিক কতটা তা দেখতে পাবেন আগত বিভিন্ন দেশের প্রতিনিধিরা। গত ৯ বছরে মোদি সরকার ডিজিটাল ইন্ডিয়াতে যে সাফল্য পেয়েছেন সেই ইউপিআই, ই সঞ্জিবনী, দিক্ষা, ভাষিনী, ওএনডিসি ইত্যাদির কথা তুলে দরা হবে। ভারত মণ্ডপমের ৩ নম্বর হলে গেলে দেখা মিলবে ক্রাফট বাজারের এখানে দেশের বিভিন্ন প্রান্তের হস্তশিল্পকে তুলে ধরা হয়েছে। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • G20 Summit: জি২০ সম্মেলনের ফাঁকেই ১৫ রাষ্ট্রনেতার সঙ্গে পৃথক বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদি

    G20 Summit: জি২০ সম্মেলনের ফাঁকেই ১৫ রাষ্ট্রনেতার সঙ্গে পৃথক বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামীকাল থেকে শুরু হচ্ছে জি২০ (G20 Summit) সম্মেলন। এর জন্য ভারতে ইতিমধ্যেই আসতে শুরু করে দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা। শনিবার ও রবিবার, রাজধানী দিল্লি হয়ে উঠবে বিশ্বনেতাদের মিলন-প্রাঙ্গণ। এই দুদিনের সম্মলনে আলোচিত হবে একাধিক বিষয়। উত্থাপন হবে একাধিক প্রস্তাব। নেওয়া হবে একাধিক সংকল্প। তবে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যস্ত কর্মসূচি শুরু হয়ে যাচ্ছে একদিন আগেই। অর্থাৎ, আজ শুক্রবার থেকেই। সম্মেলনের ফাঁকে শুক্র থেকে রবি—এই তিনদিনে বিভিন্ন রাষ্ট্রেনতার সঙ্গে একাধিক বৈঠক হওয়ার কথা তাঁর। সূত্রের খবর, সম্মেলনে আগত রাষ্ট্রেনেতাদের সঙ্গে মোট ১৫টি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন ভারতের প্রধানমন্ত্রী। এক কথায়, একেবারে ঠাসা কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর।

    দ্বিপাক্ষিক বৈঠকের শুরু হচ্ছে বাংলাদেশ দিয়ে

    জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী মোদির দ্বিপাক্ষিক বৈঠকের এই সিরিজ শুরু হবে শুক্রবার বিকেলে। প্রথমেই তিনি নিজ বাসভবন, অর্থাৎ ৭ লোক কল্যাণ মার্গে (সাবেক ৭ রেস কোর্স রোড) বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপ্যায়ন করবেন। অতিথি দেশ হিসেবে জি২০ সম্মেলনে (G20 Summit) হাজির বাংলাদেশ। সেখানে দুই নেতার মধ্যে বৈঠকে উঠে আসবে একাধিক দ্বিপাক্ষিক আলোচ্য বিষয়। বৈঠকে বাংলাদেশি এবং ভারতীয় টাকার মাধ্যমে লেনদেন সুগম করা, কৃষি গবেষণা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে তিনটি সমঝোতাপত্র সই হতে পারে। দুই পড়শি দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে বিদ্যুৎ এবং রেলপথের একাধিক প্রকল্পের উদ্বোধনও হতে পারে। 

    মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে নৈশভোজে আলোচনা

    এর পর রাতে নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে নৈশভোজে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। সেখানেও দুই রাষ্ট্রনেতার মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা হওয়ার কথা। চিন-ভারত সংঘাতের আবহে আজকের এই বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আশা করা হচ্ছে, অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতা এবং বহুপাক্ষিক বিনিয়োগের সুযোগ নিয়ে দুই রাষ্ট্রনেতার মধ্যে আলোচনার সম্ভাবনা রয়েছে। এছাড়া, জিই জেট ইঞ্জিন এবং পারমাণবিক প্রযুক্তি নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

    আগামী ২ দিন ঠাসা কর্মসূচিতে পর পর বৈঠক

    আগামিকাল, জি২০ সম্মেলনের (G20 Summit) প্রথম দিন। তারই ফাঁকে, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কোলজ এবং ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদি। দ্বিতীয় দিনে, ১০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী মধ্যাহ্নভোজে দেখা করবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাক্রঁর সঙ্গে। এর পর এরপরে তিনি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ, তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তাইপ এর্ডোগান, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েনের সঙ্গেও বৈঠক করার কথা প্রধানমন্ত্রীর। এর পাশাপাশি, কোমোরস, সংযুক্ত আরব আমিরশাহি, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল ও নাইজেরিয়ার রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক (G20 Summit 2023) করবেন বলেও খবর সূত্রের। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • G20 Summit: আসতে শুরু করেছেন রাষ্ট্রনেতারা, দিল্লিতে এখন সাজো সাজো রব

    G20 Summit: আসতে শুরু করেছেন রাষ্ট্রনেতারা, দিল্লিতে এখন সাজো সাজো রব

    মাধ্যম নিউজ ডেস্ক: আর মাত্র কয়েক ঘণ্টা। রাত পোহালেই শনিবার থেকে শুরু দুদিন ব্যাপী জি২০ শীর্ষ সম্মেলন (G20 Summit)। প্রথমবার ভারতের সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ সম্মেলনের আয়োজন হচ্ছে। বিশ্বের দরবারে ভারতের গরিমা অটূট রাখতে সচেষ্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    নিরাপত্তার ঘেরাটোপে দিল্লি, চারদিকে নিশ্ছিদ্র নিরাপত্তা

    জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে দিল্লিতে আসছেন বিদেশি রাষ্ট্রনেতা ছাড়াও প্রায় ১০ হাজার বিদেশি অতিথি। সেজে উঠেছে নয়াদিল্লির প্রগতি ময়দানে সদ্য উদ্বোধন হওয়া ভারত মণ্ডপ। এখানেই হবে মূল সম্মেলন। প্রস্তুত রয়েছে রাজধানী এলাকার অভিজাত হোটেলগুলিও। যে কারণে, দিল্লিজুড়ে এখন যুদ্ধকালীন তৎপরতা ও প্রস্তুতি। বহুস্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা রাজধানী চত্বর। একেবারে, মাছি গলার জো নেই! কার্যত লকডাউনে চলে গিয়েছে রাজধানী অঞ্চল।

    জি২০ সম্মেলনের (G20 Summit 2023) জন্য রাজধানী অঞ্চলের যান-চলাচলে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। যাত্রীবাহী বাস, পণ্যবাহী লরি, অটো, ট্যাক্সি-সহ যাত্রী পরিবহণে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এমনকী, বন্ধ করা হয়েছে অনলাইন ডেলিভারি। শুধুমাত্র, মেডিক্যাল এবং জরুরি পরিষেবার ক্ষেত্রে সুনির্দিষ্ট ছাড়পত্র দেখিয়ে যেতে দেওয়া হচ্ছে। মেট্রো চালু থাকলেও, নিরাপত্তার স্বার্থে বিভিন্ন গেট বন্ধ করে রাখা হয়েছে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত রাজধানীর সমস্ত সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, বাণিজ্যেক প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য দেওয়া হয়েছে নির্দেশ। 

    সন্ধ্যায় রয়েছে জোড়া বৈঠক! আজ থেকেই কর্মসূচি শুরু মোদির

    তবে, মূল সম্মেলেন (G20 Summit) শনিবার শুরু হলেও, প্রধানমন্ত্রী মোদির কর্মসূচি শুরু হচ্ছে তার একদিন আগে থেকে, অর্থাৎ আজ শুক্রবার থেকেই। এদিন বিকেলে নিজের বাসভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি। সেখানে দুই রাষ্ট্রনেতার মধ্যে আলোচনা হওয়ার কথা। এদিনই বেলা সাড়ে ১২টা নাগাদ দিল্লিতে পৌঁছচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এর পর রাতে নৈশভোজে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বিশেষ দ্বিপাক্ষিক বৈঠক করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

    সন্ধ্যায় পৌঁছচ্ছেন জো বাইডেন, ঋষি সুনক, বাকিরা কে কখন আসছেন?

    জি২০ শীর্ষ সম্মেলনের (G20 Summit) জন্য ইতিমধ্যেই দেশে আসতে শুরু করে দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা। কেউ আজ আসছেন, কেউ আবার আগামিকাল সকালেই আসবেন। গতকাল রাতেই ভারতে এসেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন। চলে এসেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এসেছেন আর্জেন্টনার প্রধানমন্ত্রী। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক ও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা আসছেন দুপুরে। সন্ধ্যায় এসে পৌঁছবেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন, চিনের প্রধানমন্ত্রী লি কিয়াং, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ এবং সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট এইচএইচ শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। তবে, জার্মানি এবং ফ্রান্সের রাষ্ট্রপ্রধানরা আসবেন ৯ সেপ্টেম্বর। তবে, করোনা আক্রান্ত হওয়ায় জি২০ সম্মেলনে যোগ দিতে পারছেন না স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সাঞ্চেজ। সম্মেলনে স্পেনের প্রতিনিধি হিসেবে থাকবেন ভাইস প্রেসিডেন্ট নাদিয়া কালভিনো সান্তামারিয়া ও বিদেশমন্ত্রী জোস ম্যানুয়েল আলভারেজ।

     

    রাষ্ট্রনেতাদের অভ্যর্থনা জানানোর দায়িত্বে কারা?

    এদিকে, জি২০ সম্মেলনে (G20 Summit 2023) যোগ দিতে দেশে আগত বিভিন্ন বিদেশি রাষ্ট্রনেতাদের স্বাগত জানাতে দায়িত্ব দেওয়া হয়েছে একাধিক কেন্দ্রীয় মন্ত্রীকে। প্রেসিডেন্ট জো বাইডেনকে স্বাগত জানাতে যাবেন অসামরিক বিমান পরিবহণমন্ত্রী জেনারেল (অবসরপ্রাপ্ত) ভিকে সিং। চিনা প্রধানমন্ত্রী লি কিয়াংকেও দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানাতে হাজির থাকবেন তিনি। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনককে অভ্যর্থনা জানাবেন কেন্দ্রীয় খাদ্য-সরবরাহ এবং ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রী অশ্বিনীকুমার চৌবে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে অভ্যর্থনা জানাবেন কৃষি প্রতিমন্ত্রী শোভা করান্ডলাজে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাবেন রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা জার্দোশ।

    কোন রাষ্ট্রনেতা কোথায় থাকছেন?

    জি২০ (G20 Summit) সদস্য ও আমন্ত্রিত দেশ মিলিয়ে প্রায় ৩০টি দেশের রাষ্ট্রনেতা আসছেন। তাঁদের থাকারও এলাহি ব্যবস্থা করা হয়েছে। সংবাদ সংস্থা সূত্রে খবর, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন থাকবেন আইটিসি মৌর্য শেরাটন হোটেলে। মার্কিনীদের জন্য হোটেলের ৪০০টি রুম বুক করা হয়েছে। সেই সঙ্গে ব্যবস্থা করা হয়েছে বিশেষ লিফটের। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক থাকবেন শাংরি-লা হোটেলে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা থাকবেন ললিত হোটেলে। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল মাক্রঁ থাকবেন ক্লারিজেস হোটেলে। ইম্পেরিয়াল হোটেল হতে চলেছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের অস্থায়ী বাসভবন। চিনা প্রতিনিধি দল থাকবে তাজ হোটেলে। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • G20 Summit: জি২০ সম্মেলনে ভারতে আসছেন বাইডেন-মাঁক্র, দুই রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠকে বসছেন মোদি?

    G20 Summit: জি২০ সম্মেলনে ভারতে আসছেন বাইডেন-মাঁক্র, দুই রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠকে বসছেন মোদি?

    মাধ্যম নিউজ ডেস্ক: জি২০ শীর্ষ সম্মেলন (G20 Summit) উপলক্ষে ভারতে আসছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। এঁদের মধ্যে যেমন রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁক্র, তেমনি রয়েছেন পড়শি দেশ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। বাংলাদেশ অবশ্য জি২০-এর সদস্য দেশ নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন আমন্ত্রিত দেশের প্রতিনিধি হিসেবে। এই বৈঠকে অবশ্য উপস্থিত থাকছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে উপস্থিত থাকবেন দুই দেশেরই প্রতিনিধিরা।

    পার্শ্ববৈঠকে মোদি 

    জি২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে হবে পার্শ্ব বৈঠকও। বাইডেন এবং মাঁক্রর সঙ্গে আলাদা করে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। মাস কয়েক আগে আমেরিকা সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানে তাঁর সম্মানে হোয়াইট হাউসে আয়োজন করা হয় রাজকীয় নৈশভোজের। পরে বাস্তিল দিবস উপলক্ষে ফ্রান্সেও গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানে তাঁকে ভূষিত করা হয় সে দেশের সর্বোচ্চ সম্মানে।

    মধ্যাহ্নভোজ-নৈশভোজ

    জি২০ শীর্ষ সম্মেলনে (G20 Summit) যোগ দিতে ভারতে আসছেন এই দুই রাষ্ট্রনেতাই। জানা গিয়েছে, এঁদের জন্য পৃথক ভোজসভার আয়োজন করেছেন প্রধানমন্ত্রী। একটি ভোজসভা হবে দিনের বেলায়, অন্যটি রাতে। তবে নৈশভোজ এবং সান্ধ্যভোজের কে কোনটিতে উপস্থিত থাকবেন, তা জানা যায়নি। শুক্রবার রাতে ভারতে আসছেন বাইডেন। আর রবিবার ভারত ছেড়ে ঢাকার উদ্দেশে রওনা দেবেন মাঁক্র। তাই মধ্যাহ্নভোজে আমন্ত্রিত হতে পারেন ফরাসি প্রেসিডেন্ট। আর নৈশভোজে যোগ দিতে পারেন বাইডেন।

    আরও পড়ুুন: জি২০ সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠকে মোদি-হাসিনা, আলোচনায় তিস্তা চুক্তিও?

    আলোচনায় ইউক্রেন যুদ্ধ ও অতিমারি?

    রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে এবারের জি২০ শীর্ষ সম্মেলনে (G20 Summit) অবশ্যাম্ভাবী হিসেবে উঠে আসবে ওই যুদ্ধ এবং বিশ্বরাজনীতিতে তার প্রভাবের প্রসঙ্গ। অতিমারি-উত্তর বিশ্বকে এগিয়ে নিয়ে যেতে যে ১৭টি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বা দীর্ঘমেয়াদী উন্নয়ন লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে, তা নিয়েও হতে পারে আলোচনা। কথা হতে পারে গ্লোবাল সাউথ নিয়েও। করোনার আঁতুড়ঘর চিনের উহান প্রদেশ কীভাবে তামাম বিশ্বের ক্ষতি করেছে, সে প্রসঙ্গও উঠতে পারে জি২০-এর বৈঠকে। মহিলা উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নের ব্যাপারে যে নীতি নিয়েছে মোদি সরকার, সে প্রসঙ্গও উঠতে পারে। আলোচনায় উঠে আসতে পারে সরকারের অন্ত্যোদয় যোজনা প্রকল্পটিও।

    এদিকে, জি২০ সম্মেলনে চিনা প্রেসিডেন্ট যোগ দিচ্ছেন না শুনে হতাশা ব্যক্ত করলেন বাইডেন। তিনি বলেন, “আমি হতাশ, কিন্তু ওঁকে দেখতে যাব।” প্রসঙ্গত, নভেম্বরে আমেরিকার সান ফ্রান্সিসকোয় রয়েছে এপিইসি (APEC) সম্মেলন। ওই সম্মেলনে দেখা হতে পারে বাইডেন এবং জিনপিংয়ের।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • PM Modi: প্রধানমন্ত্রী মোদিকে ফোন ভ্লাদিমির পুতিনের, কী কথা হল দুই রাষ্ট্রপ্রধানের?

    PM Modi: প্রধানমন্ত্রী মোদিকে ফোন ভ্লাদিমির পুতিনের, কী কথা হল দুই রাষ্ট্রপ্রধানের?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেপ্টেম্বরে ভারতে রয়েছে জি২০-র শীর্ষ সম্মেলন। ওই সম্মেলনে পুতিন আসবেন না বলে জানিয়ে দিয়েছিলেন আগেই। সোমবার বিকেলে প্রধানমন্ত্রীকে ফোন করে আনুষ্ঠানিকভাবে সেকথাই জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের বদলে ওই সম্মলনে যোগ দেবেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভারভ।

    জি ২০ সম্মেলন

    ৮ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত নয়াদিল্লিতে বসছে জি২০ সম্মেলন। জি২০-র সদস্যভুক্ত দেশগুলির রাষ্ট্রপ্রধানরা আসছেন এই সম্মেলনে যোগ দিতে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও আসবেন। তবে আসবেন না রাশিয়ার প্রেসিডেন্ট। আন্তর্জাতিক বিশেষজ্ঞমহলের একাংশের মতে, যেহেতু ইউক্রেনের সঙ্গে যুদ্ধের কারণে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা জারি রয়েছে বিশ্বজুড়ে, তাই ভারতে আসতে পারছেন না তিনি।

    পুতিনের গরহাজিরার কারণ

    প্রধানমন্ত্রীর দফতরের তরফে জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোদি টেলিফোনে জেনেছেন জি২০ সম্মেলনে পুতিন কেন হাজির হতে পারছেন না। নয়াদিল্লির প্রতি মস্কোর ধারাবাহিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করা হয়েছে। দিন কয়েক আগে জি ২০ সম্মেলনে পুতিনের গরহাজিরার কারণ হিসেবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছিলেন, “সে সময় জরুরি সামরিক সক্রিয়তার কারণেই প্রেসিডেন্ট পুতিন শারীরিকভাবে জি২০ শীর্ষ সম্মেলনে হাজির থাকতে পারবেন না।” তবে সশরীরে হাজির না হলেও, ভার্চুয়ালি জি২০ শীর্ষ সম্মেলনে অংশ নিতে পারেন পুতিন।

    আরও পড়ুুন: ‘‘ইন্দিরা গান্ধী যখন চাঁদে পৌঁছলেন…’’! এবার প্রাক্তন প্রধানমন্ত্রীকেই চাঁদে পাঠালেন মমতা

    এই প্রথম নয়, গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গেও ব্রিকস সম্মলনে উপস্থিত হননি পুতিন। সেখানেও পাঠানো হয়েছিল রাশিয়ার বিদেশমন্ত্রীকে। কারণ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা প্রকাশ্যেই জানিয়েছিলেন, তাঁরা আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য দেশ। এই আদালতই ইউক্রেনে যুদ্ধাপরাধ, গণহত্যা এবং শিশুদের জোর করে স্থানান্তরিত করার অভিযোগে পুতিনের বিরুদ্ধে জারি করেছে গ্রেফতারি পরওয়ানা। জি২০ সম্মেলনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার অংশগ্রহণ করেন দিল্লিতে বিশ্ব ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে বি২০ সম্মেলনে। প্রসঙ্গত, তিনদিনের জি২০ সম্মেলনে যোগ দিতে আসবেন সদস্য দেশগুলির রাষ্ট্রপ্রধানরা। আসবেন অতিথি দেশের সদস্যরাও।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

     
     
LinkedIn
Share