Tag: Gold Reserve

Gold Reserve

  • RBI Gold Reserves: ডলার ছেড়ে সোনার পথে ভারত! ৬ বছরে সর্বনিম্ন মার্কিন ট্রেজারি, বড় কৌশলগত বদল আরবিআই-এর

    RBI Gold Reserves: ডলার ছেড়ে সোনার পথে ভারত! ৬ বছরে সর্বনিম্ন মার্কিন ট্রেজারি, বড় কৌশলগত বদল আরবিআই-এর

    সুশান্ত দাস

    ভারত কি ধীরে ধীরে মার্কিন ডলারের উপর নির্ভরতা কমাচ্ছে? কেন এক বছরে ২২.৫ শতাংশ কমিয়ে দেওয়া হল মার্কিন ট্রেজারিতে বিনিয়োগ? আবার কেনই বা বিদেশে রাখা শত শত টন সোনা দেশে ফিরিয়ে আনছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)? প্রথম নজরে এই ঘটনাগুলি আলাদা মনে হলেও, অর্থনীতিবিদদের মতে এগুলি আসলে একই কৌশলের অংশ। বিশ্বের দ্রুত বদলে যাওয়া ভূরাজনৈতিক বাস্তবতার মধ্যে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে আরও নিরাপদ, ভারসাম্যপূর্ণ এবং ঝুঁকিমুক্ত করে তোলাই এখন রিজার্ভ ব্যাঙ্কের অন্যতম অগ্রাধিকার।

    কী ঘটেছে?

    ২০২৫ সালের এপ্রিল থেকে ২০২৬ সালের এপ্রিলের মধ্যে ভারতের মার্কিন ট্রেজারি হোল্ডিংসের পরিমাণ ২৩২ বিলিয়ন ডলার থেকে কমে ১৮১ বিলিয়ন ডলারে নেমে এসেছে। অর্থাৎ এক বছরে প্রায় ২২.৫ শতাংশ কমেছে মার্কিন সরকারি বন্ডে ভারতের বিনিয়োগ। এটি গত ছয় বছরের মধ্যে সর্বনিম্ন। একই সময়ে ভারতের সোনার রিজার্ভ ৬৫৮ মেট্রিক টন থেকে বেড়ে প্রায় ৮৮১ মেট্রিক টনে পৌঁছেছে। শুধু তাই নয়, ২০২৩ সাল থেকে ধাপে ধাপে ৩৮০ টনেরও বেশি সোনা বিদেশের ভল্ট থেকে দেশে ফিরিয়ে এনেছে রিজার্ভ ব্যাঙ্ক।এই দুটি পদক্ষেপকে একসঙ্গে দেখলেই ভারতের নতুন রিজার্ভ কৌশল স্পষ্ট হয়ে ওঠে।

    কেন মার্কিন ট্রেজারিতে বিনিয়োগ কমাচ্ছে ভারত?

    এই প্রশ্নের সহজ উত্তর— ঝুঁকি কমানো। দীর্ঘদিন ধরে মার্কিন ট্রেজারি বিশ্বের সবচেয়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত হয়েছে। কারণ, মার্কিন অর্থনীতি এবং ডলারের উপর আন্তর্জাতিক আস্থা অত্যন্ত শক্তিশালী। কিন্তু গত কয়েক বছরে আন্তর্জাতিক পরিস্থিতি বদলেছে।রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, পশ্চিমা দেশগুলির অর্থনৈতিক নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ হওয়ার নজির এবং বড় শক্তিগুলির মধ্যে ক্রমবর্ধমান কৌশলগত প্রতিযোগিতা দেখিয়ে দিয়েছে, কোনও একটি দেশের আর্থিক ব্যবস্থার উপর অতিরিক্ত নির্ভরতা ভবিষ্যতে ঝুঁকি তৈরি করতে পারে। এই কারণেই এখন অনেক কেন্দ্রীয় ব্যাঙ্ক একই ঝুড়িতে সব ডিম না রেখে বিভিন্ন ধরনের সম্পদে বিনিয়োগ বাড়ানোর নীতি নিচ্ছে।

    কেন সোনা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে?

    সোনা এমন একটি সম্পদ, যার মূল্য কোনও একক দেশের সরকার বা কেন্দ্রীয় ব্যাঙ্কের নীতির উপর নির্ভরশীল নয়। যুদ্ধ, অর্থনৈতিক মন্দা, মূল্যস্ফীতি কিংবা মুদ্রার অস্থিরতার সময়ও সোনা সাধারণত তার গ্রহণযোগ্যতা ধরে রাখে। তাই একে ‘সেফ হেভেন অ্যাসেট’ বলা হয়। কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির কাছে সোনা শুধু একটি বিনিয়োগ নয়, বরং আর্থিক নিরাপত্তার প্রতীক। আন্তর্জাতিক বাজারে প্রয়োজনে এটি সহজেই নগদে রূপান্তর করা যায় এবং কোনও বিদেশি সরকারের নীতিগত সিদ্ধান্তের উপর এর অস্তিত্ব নির্ভর করে না।

    বিদেশে সোনা রেখে ঝুঁকি কোথায়?

    অনেক দেশ ঐতিহাসিক কারণে লন্ডন, নিউ ইয়র্ক বা অন্যান্য আন্তর্জাতিক আর্থিক কেন্দ্রে তাদের সোনা সংরক্ষণ করে। কিন্তু সাম্প্রতিক ভূরাজনৈতিক ঘটনাবলি দেখিয়েছে, আন্তর্জাতিক সংঘাত বা নিষেধাজ্ঞার পরিস্থিতিতে বিদেশে রাখা সম্পদের উপর প্রবেশাধিকার সীমিত হয়ে যেতে পারে। এই কারণেই রিজার্ভ ব্যাঙ্ক ধীরে ধীরে দেশের ভল্টে সোনা ফিরিয়ে আনছে। এতে ভারতের সম্পদের উপর সরাসরি নিয়ন্ত্রণ বাড়ছে এবং জরুরি পরিস্থিতিতে তা ব্যবহারের স্বাধীনতাও নিশ্চিত হচ্ছে।

    শুধু ভারত নয়, বিশ্বও একই পথে…

    ভারতের পাশাপাশি, চিন গত এক বছরে তাদের মার্কিন ট্রেজারি হোল্ডিংস ৭৪৩.৬ বিলিয়ন ডলার থেকে কমিয়ে ৬৫১.১ বিলিয়ন ডলারে এনেছে। বিভিন্ন আন্তর্জাতিক সমীক্ষা বলছে, বিশ্বের অধিকাংশ কেন্দ্রীয় ব্যাঙ্ক আগামী বছরেও সোনার রিজার্ভ বাড়ানোর পরিকল্পনা করছে। অর্থাৎ এটি কোনও একক দেশের সিদ্ধান্ত নয়; বরং বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির রিজার্ভ ব্যবস্থাপনায় একটি বড় প্রবণতা তৈরি হচ্ছে।

    তাহলে কি ডলারের যুগ শেষ?

    এর মানে একেবারেই নয় যে, ডলারের যুগ শেষ। আন্তর্জাতিক বাণিজ্য, তেল লেনদেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং বিশ্ব অর্থনীতির কেন্দ্রবিন্দুতে এখনও মার্কিন ডলারই রয়েছে। ভারতও এখনও ১৮১ বিলিয়ন ডলারের মার্কিন ট্রেজারি ধরে রেখেছে। অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক ডলার ছেড়ে দিচ্ছে না; বরং ডলারের পাশাপাশি সোনা ও অন্যান্য সম্পদের ভারসাম্য বাড়াচ্ছে। এটিকে ডি-রিস্কিং বলা যায়, ডি-ডলারাইজেশন নয়।

    ভারতের জন্য এর অর্থ কী?

    এই কৌশলের মাধ্যমে ভারত কয়েকটি গুরুত্বপূর্ণ সুবিধা পেতে পারে—

    • বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বৈচিত্র্যময় হবে।
    • আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বা ভূরাজনৈতিক সংকটের ঝুঁকি কিছুটা কমবে।
    • মূল্যস্ফীতির সময় রিজার্ভের স্থিতিশীলতা বাড়বে।
    • বিদেশে রাখা সম্পদের উপর নির্ভরতা কমবে।
    • দীর্ঘমেয়াদে রিজার্ভ ব্যবস্থাপনা আরও নমনীয় হবে।

    আগামী দিনে কী নজরে রাখবেন?

    এখন নজর থাকবে রিজার্ভ ব্যাঙ্কের পরবর্তী বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংক্রান্ত তথ্যের দিকে। পাশাপাশি বিশ্বের অন্যান্য বড় অর্থনীতি—বিশেষ করে চিন, জাপান, ইউরোপের কেন্দ্রীয় ব্যাঙ্ক এবং ব্রিকস (BRICS) দেশগুলিও একই পথে এগোয় কি না, সেটিও গুরুত্বপূর্ণ হবে। যদি এই প্রবণতা আরও জোরদার হয়, তাহলে আগামী দশকে বিশ্বের বৈদেশিক রিজার্ভ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন দেখা যেতে পারে। যদিও মার্কিন ডলারের আধিপত্য রাতারাতি শেষ হওয়ার সম্ভাবনা নেই, তবে একটি বিষয় স্পষ্ট—বিশ্বের কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি এখন আর একটিমাত্র সম্পদের উপর নির্ভর করে থাকতে চাইছে না।

    রিজার্ভ ব্যাঙ্কের কৌশল কী?

    রিজার্ভ ব্যাঙ্কের সাম্প্রতিক পদক্ষেপকে শুধু মার্কিন ট্রেজারি বিক্রি বা সোনা কেনার ঘটনা হিসেবে দেখলে পুরো ছবিটা ধরা পড়বে না। এটি এমন এক দীর্ঘমেয়াদি কৌশল, যার মূল লক্ষ্য ‘নিরাপত্তা, বৈচিত্র্য এবং সার্বভৌম নিয়ন্ত্রণ’। অর্থাৎ ভবিষ্যতের অনিশ্চিত বিশ্বে ভারতের বৈদেশিক রিজার্ভকে এমনভাবে সাজানো, যাতে কোনও একটি দেশের নীতি, নিষেধাজ্ঞা বা ভূরাজনৈতিক টানাপোড়েন ভারতের আর্থিক স্থিতিশীলতাকে বড় ধাক্কা দিতে না পারে। এই কারণেই অর্থনীতিবিদদের একাংশ মনে করছেন, ভারতের এই পদক্ষেপ কেবল রিজার্ভ ব্যবস্থাপনার পরিবর্তন নয়, বরং আগামী দশকের বৈশ্বিক আর্থিক বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে নেওয়ার একটি সুস্পষ্ট কৌশলগত প্রস্তুতি।

  • RBI Gold Reserve: ৮ লক্ষ ৭৯ হাজার ৫০০ কেজি! সোনা মজুতে রেকর্ড ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের

    RBI Gold Reserve: ৮ লক্ষ ৭৯ হাজার ৫০০ কেজি! সোনা মজুতে রেকর্ড ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের

    মাধ্যম নিউজ ডেস্ক: সোনা সংরক্ষণে (RBI Gold Reserve) রেকর্ড করল আরবিআই। দেশের শীর্ষ ব্যাঙ্কের দেওয়া তথ্য বলছে ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত আরবিআই-এর মজুত সোনা বেড়ে দাঁড়িয়েছে ৮৭৯.৫ টন (৮ লক্ষ ৭৯ হাজার ৫০০ কিলোগ্রাম)। ২০২০ সালের মাঝেমাঝে সময়ের তুলনায় যা এক-তৃতীয়াংশ বেশি। আরবিআই থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বিশ্ব অর্থনীতিতে ডলারের যে মূল্য, ২০২৪-২৫ সালে তার নিরিখে সোনার মজুতের মূল্য ৪৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

    ভারতে বর্তমানে মোট বৈদেশিক সম্পদের ১২ শতাংশই সোনা

    আরও যে তথ্য সামনে এসেছে, সেখানে দেখা যাচ্ছে ভারতে বর্তমানে মোট বৈদেশিক সম্পদের ১২ শতাংশই এখন হল সোনা। গত বছরে মোট বৈদেশিক সম্পদের ৮.৩ শতাংশ ছিল সোনা। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল জানিয়েছে, বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি টানা তিন বছর ধরে এক হাজার টনেরও বেশি সোনা (RBI Gold Reserve) কিনেছে। প্রসঙ্গত, কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি সোনার উপরে অতিরিক্ত বিনিয়োগ করছে বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির ৯৫ শতাংশই জানিয়েছে আগামী এক বছরে বিশ্বব্যাপী সোনার মজুত অনেকটাই বৃদ্ধি পাবে। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে যে, বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির তরফ থেকে সোনার মজুত বর্তমানে ৩৬,০০০ টনে দাঁড়িয়েছে। প্রসঙ্গত, ১৯৬৫ সালে ব্রেটন উডস যুগে সোনার মজুত সর্বোচ্চ পরিমাণে দাঁড়িয়েছিল এবং তা ৩৮ হাজার টনের কাছাকাছি পৌঁছেছিল।

    কেন্দ্রীয় ব্যাংকগুলির সোনার প্রতি আকর্ষণের কারণ কী?

    একটি সমীক্ষায় দেখা যাচ্ছে (RBI Gold Reserve), দুই-তৃতীয়াংশ কেন্দ্রীয় ব্যাঙ্ক বৈচিত্রের কারণে সোনাতে বিনিয়োগ করছে। অন্যদিকে দুই-পঞ্চমাংশ কেন্দ্রীয় ব্যাঙ্ক ভূ-রাজনৈতিক ঝুঁকি থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য তা করছে। সাম্প্রতিককালে ডোনাল্ড ট্রাম্পের যে শুল্কনীতি, তাও প্রভাব ফেলেছে এক্ষেত্রে। ভারতের তরফে ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত আরবিআইয়ের (RBI) সোনার মজুত ছিল ৮২২.১ মেট্রিক টন। অন্যদিকে ২০২৫ সালের ৩১ মার্চ তা পৌঁছেছে ৮৭৯.৫৮ টনে। ২০২০ সালের তুলনায় তা বেড়ে দাঁড়িয়েছে ২১৮.১৭ টন। বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে, সোনার মজুত বৃদ্ধিই কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির জন্য বেশ ভালো ফলাফল এনেছে।

  • Gold Reserve: এগোচ্ছে মোদির ভারত, চলতি বছর রিজার্ভ ব্যাঙ্ক কত সোনা কিনল জানেন? 

    Gold Reserve: এগোচ্ছে মোদির ভারত, চলতি বছর রিজার্ভ ব্যাঙ্ক কত সোনা কিনল জানেন? 

    মাধ্যম নিউজ ডেস্ক: নরেন্দ্র মোদির (PM Modi) জমানায় ক্রমেই উন্নত হচ্ছে দেশ। দেশের হাঁড়ির হাল ঘুঁচে গিয়ে ভারত (India) যে আর্থিক দিক দিয়ে বিশ্বের উন্নত দেশের তালিকায় জায়গা করে নিয়েছে, সে খবর আমরা জানি। আমরা এও জানি, এই মুহূর্তে ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ। দীর্ঘ দিন ধরে এই জায়গাটা দখল করে রেখেছিল ব্রিটেন। সেই ব্রিটেনকে হটিয়ে পঞ্চম স্থান দখল করে নিয়েছে মোদির ভারত।

    সোনার ভাণ্ডার…

    কেবল আর্থিক দিক দিয়ে নয়, মোদির ভারত এই মুহূর্তে বিশ্বের নবম সোনার ভাণ্ডারের (Gold Reserve) দেশও। অর্থনীতিবিদদের মতে, যা ইঙ্গিত দেয় ভারত ক্রমেই স্বাবলম্বী হয়ে উঠছে অর্থনৈতিক দিক দিয়ে। যার ফলে বিশ্ব অর্থনীতিতেও কদর বাড়ছে ভারতের। বিশ্বের বিভিন্ন দেশ ইতিমধ্যেই ভারতীয় মুদ্রায় লেনদেন করতে শুরু করেছে। কেবল তাই নয়, বিশ্বের অন্যতম বিশ্বাসযোগ্য মুদ্রা যে ভারতীয় মুদ্রা, তা-ই প্রমাণিত হয়েছে নানাভাবে। সাতের দশকে ভারতের গোল্ড স্ট্যান্ডার্ড হাওয়া হয়ে গিয়েছিল। সেটাই এখন ফিরে আসছে বহুগুণ হয়ে। ২০১৪ সালে কেন্দ্রের ক্ষমতায় আসে নরেন্দ্র মোদির সরকার। তার পর থেকে দেশজুড়ে শুধুই উন্নয়ন। ভারতের হৃত গৌরব ফেরাতে কার্যত প্রাণপাত করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওয়াকিবহাল মহলের মতে, তারই সুফল ফলছে অর্থনীতি সহ নানা ক্ষেত্রে।

    আরও পড়ুন: করোনা সংক্রমণ রুখতে সক্রিয় কেন্দ্র, কলকাতায় জনসভা বাতিল করলেন প্রধানমন্ত্রী মোদি

    জানা গিয়েছে, গত প্রায় এক দশক ধরে ভারত সোনা কিনে চলেছে। বিশ্বের টালমাটাল অর্থনীতির সময়ও সোনা কিনেছে ভারত। এই সোনা জমানোর (Gold Reserve) দিক থেকে ভারত বিশ্বের নবমতম সোনার ভাণ্ডারের দেশের মর্যাদা লাভ করেছে। এটা মোটেই হেলাফেলা করার নয়। কারণ নয়ের দশকে ভারতকে লন্ডনের ব্যাঙ্কে সোনা বন্ধক দিতে হয়েছিল। এও জানা গিয়েছে, ২০২১ সালে দেশের শীর্ষ ব্যাঙ্ক কিনেছে ৪৩৬ টনের বেশি সোনা। চলতি বছর এর পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৭০৪ টনে। জানা গিয়েছে, ২০২২ সালের মার্চ মাসের শেষে রিজার্ভ ব্যাঙ্কে সঞ্চিত সোনার পরিমাণ ছিল ৭৬০.৪২ মেট্রিক টন। সেপ্টেম্বরে এর পরিমাণ দাঁড়ায় ৭৮৫.৩৫ মেট্রিক টন। ২০২১ সালে এর পরিমাণ ছিল ৬৯৫.৩১ মেট্রিক টন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share