Tag: Govt steps on Diesel Price Hike

  • PM Modi on Diesel Price: ডিজেলের সম্ভাব্য ৫০ টাকা মূল্যবৃদ্ধির মধ্যে ৪৩ টাকাই বহন করে কেন্দ্র, দাবি প্রধানমন্ত্রীর

    PM Modi on Diesel Price: ডিজেলের সম্ভাব্য ৫০ টাকা মূল্যবৃদ্ধির মধ্যে ৪৩ টাকাই বহন করে কেন্দ্র, দাবি প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওঠানামার প্রভাব যাতে দেশের সাধারণ মানুষ এবং কৃষকদের উপর সরাসরি না পড়ে, সেই লক্ষ্যেই একাধিক পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার। বিশেষ করে পশ্চিম এশিয়ায় সংঘাতের কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম হু হু করে বেড়ে যাওয়ার সময় ডিজেলের (PM Modi on Diesel Price Hike) মূল্যবৃদ্ধির সম্পূর্ণ বোঝা গ্রাহকদের উপর চাপানো হয়নি বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার নয়াদিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত ‘কিসান তক ভারত এগ্রিকালচার কনফারেন্স ২০২৬’-এর পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে এই দাবি করেন প্রধানমন্ত্রী।

    আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি

    মোদি জানান, পশ্চিম এশিয়ার সংঘাতের সময় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কয়েক সপ্তাহের মধ্যে ব্যারেল প্রতি ৭০ ডলার থেকে বেড়ে ১২২ ডলারে পৌঁছে গিয়েছিল। এর ফলে ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশকে জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। ভারতের ক্ষেত্রেও পরিস্থিতি যথেষ্ট কঠিন হয়ে উঠেছিল। আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রাখতে গেলে ডিজেলের দাম লিটার প্রতি অন্তত ৫০ টাকা বাড়ানোর প্রয়োজন ছিল বলে জানান তিনি। তবে সেই সম্পূর্ণ মূল্যবৃদ্ধির বোঝা সাধারণ নাগরিক এবং কৃষকদের উপর চাপিয়ে দেওয়ার পথে হাঁটেনি সরকার। প্রধানমন্ত্রী বলেন, ডিজেলের সম্ভাব্য ৫০ টাকা মূল্যবৃদ্ধির মধ্যে মাত্র ৭ টাকা গ্রাহকদের উপর চাপানো হয়েছে। বাকি ৪৩ টাকা সরকার নিজেই বহন করেছে।

    প্রতি মাসে প্রায় ১৪ হাজার কোটি টাকা আর্থিক বোঝা

    প্রধানমন্ত্রীর কথায়, আন্তর্জাতিক বাজারের অস্থিরতার সম্পূর্ণ প্রভাব দেশের নাগরিক এবং কৃষকদের উপর পড়তে দেওয়া যায় না। কৃষকদের স্বার্থের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রীর দাবি, জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় সরকারকে প্রতি মাসে প্রায় ১৪ হাজার কোটি টাকা আর্থিক বোঝা বহন করতে হচ্ছে। প্রতিবেশী দেশগুলিতে একই সময়ে ডিজেলের দাম ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে বলেও উল্লেখ করেন তিনি। সেই তুলনায় ভারতে মূল্যবৃদ্ধির পরিমাণ সীমিত রাখা সম্ভব হয়েছে বলে দাবি মোদির।

    সারের দাম নিয়ন্ত্রণে ১২ বছরে ১৬ লক্ষ কোটি টাকা ব্যয়

    শুধু জ্বালানি নয়, কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে রাখার ক্ষেত্রেও কেন্দ্রীয় সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, গত ১২ বছরে কৃষকদের সাশ্রয়ী মূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে সরকার মোট ১৬ লক্ষ কোটি টাকা ব্যয় করেছে। আন্তর্জাতিক বাজারে সারের দাম এবং দেশের কৃষকদের জন্য নির্ধারিত দামের মধ্যে বিপুল পার্থক্যের বিষয়টিও তুলে ধরেন তিনি। মোদি জানান, আন্তর্জাতিক বাজারে এক বস্তা ডিএপি (ডাই-অ্যামোনিয়াম ফসফেট) সারের দাম যেখানে প্রায় ৫,০০০ টাকা, সেখানে ভারতীয় কৃষকদের সেই সার সরবরাহ করা হচ্ছে মাত্র ১,৩০০ টাকায়। অর্থাৎ আন্তর্জাতিক বাজারের তুলনায় অনেক কম দামে কৃষকরা ডিএপি সার পাচ্ছেন।

    ইউরিয়া সারের ক্ষেত্রেও ভর্তুকি দিচ্ছে সরকার

    একইভাবে ইউরিয়া সারের ক্ষেত্রেও ভর্তুকির বিষয়টি তুলে ধরেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, আন্তর্জাতিক বাজারে এক বস্তা ইউরিয়া সারের দাম যেখানে প্রায় ৩,০০০ টাকা, সেখানে দেশের কৃষকদের জন্য তা ৩০০ টাকারও কম দামে উপলব্ধ করা হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, গত ১২ বছরে সারের উপর ১৬ লক্ষ কোটি টাকা ব্যয় করা অত্যন্ত বড় অঙ্কের বিষয়। বিশ্বের একাধিক দেশের বার্ষিক বাজেটও এই পরিমাণ অর্থের তুলনায় ছোট। কৃষকদের যাতে উৎপাদন খরচের অতিরিক্ত বোঝা বহন করতে না হয়, সে কারণেই সরকার এই বিপুল অর্থ ব্যয় করেছে বলে জানান তিনি।

    কৃষির উৎপাদন খরচ কমানোই সরকারের অগ্রাধিকার

    প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে আরও বলেন, কৃষিকাজের সঙ্গে জড়িত বিভিন্ন উপকরণের দাম নিয়ন্ত্রণে রাখা এবং কৃষকদের কাছে সাশ্রয়ী মূল্যে প্রয়োজনীয় উপকরণ পৌঁছে দেওয়া সরকারের অন্যতম অগ্রাধিকার। জ্বালানি থেকে শুরু করে সার—প্রতিটি ক্ষেত্রেই আন্তর্জাতিক বাজারের অস্থিরতার প্রভাব যাতে সরাসরি কৃষকদের উপর না পড়ে, তা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেলে তার প্রভাব শুধু পরিবহণ খরচেই সীমাবদ্ধ থাকে না। কৃষিক্ষেত্রে সেচের পাম্প চালানো, কৃষিপণ্য পরিবহণ, জমি চাষ এবং অন্যান্য কৃষিকাজেও ডিজেলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফলে ডিজেলের দাম বাড়লে কৃষকদের উৎপাদন খরচও বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। একইভাবে সারের দাম বৃদ্ধি পেলে চাষের সামগ্রিক ব্যয় আরও বাড়তে পারে। সেই কারণেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও সারের দাম বাড়লেও দেশের কৃষকদের উপর তার সম্পূর্ণ আর্থিক বোঝা চাপানো হয়নি বলে দাবি প্রধানমন্ত্রীর।

    কৃষকদের স্বার্থ সুরক্ষিত

    প্রধানমন্ত্রী জানান, ইরান-আমেরিকা যুদ্ধের জেরে ভারতের সার রফতানিতে ধাক্কা লেগেছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা। সেকথা মাথায় রেখে এবার বিরাট সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। একলাফে ৬৪ শতাংশ বাড়ানো হয়েছেল সারের ভরতুকি। ৬২ হাজার ৩৭০ কোটি টাকা আলাদা করে এই খাতে বরাদ্দও করেছে কেন্দ্র। শীতকালে চাষের মরশুমে এই সিদ্ধান্তে কৃষকরা অনেকখানি উপকৃত হবেন। আন্তর্জাতিক বাজারের অনিশ্চয়তার মধ্যেও জ্বালানি ও সারের দাম নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্র যে বিপুল আর্থিক দায়ভার বহন করছে, সেই বিষয়টিকেই কৃষি সম্মেলনের মঞ্চ থেকে তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর বক্তব্য, কৃষকদের স্বার্থ সুরক্ষিত রাখা, কৃষি উৎপাদন বজায় রাখা এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে রাখাই সরকারের লক্ষ্য।

LinkedIn
Share