Tag: Hydrogen Train

Hydrogen Train

  • Hydrogen Train: পরিবেশবান্ধব যাতায়াতে নয়া বিপ্লব! দেশের প্রথম হাইড্রোজেন ট্রেন উদ্বোধন প্রধানমন্ত্রী মোদির, কী এর বিশেষত্ব?

    Hydrogen Train: পরিবেশবান্ধব যাতায়াতে নয়া বিপ্লব! দেশের প্রথম হাইড্রোজেন ট্রেন উদ্বোধন প্রধানমন্ত্রী মোদির, কী এর বিশেষত্ব?

    মাধ্যম নিউজ ডেস্ক: ইতিহাস তৈরি করল ভারতীয় রেল। বৃহস্পতিবার দেশের প্রথম হাইড্রোজেন-চালিত ট্রেনের (Hydrogen Train) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রাথমিকভাবে হরিয়ানায় ৮৯ কিলোমিটার দূরত্বের জিন্দ-সোনিপত রুটে চলবে দূষণমুক্ত আধুনিক ইকো-ফ্রেন্ডলি প্রযুক্তির এই ট্রেন। শুক্রবার প্রধানমন্ত্রী হরিয়ানার জিন্দ রেলস্টেশন থেকে সবুজ পতাকা নেড়ে ওই পরিবেশবান্ধব ট্রেন যাত্রার সূচনা করেন। এর ফলে, হাইড্রোজেন চালিত ট্রেন পরিচালনাকারী দেশগুলির তালিকায় নাম জুড়ে গেল ভারতের। এদিন জিন্দের একলব্য স্টেডিয়ামে প্রায় ১৪,৭০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধনও করেছেন প্রধানমন্ত্রী।

    যুদ্ধ পরিস্থিতিতেও উন্নয়ন যাত্রা অব্যাহত

    ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন যাত্রার সূচনা করে এনডিএ সরকারের জমানায় নানা উন্নয়ন কর্মসূচির কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী মোদি। পাশাপাশি সাম্প্রতিক ইরান যুদ্ধ এবং হরমুজ প্রণালীতে সঙ্কটের প্রসঙ্গ তুলে এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘‘যুদ্ধ পরিস্থিতিতে তেলের সঙ্কট হলেও আমাদের কোনও উন্নয়ন প্রকল্পের কাজ ব্যাহত হয়নি। ২০১৪-র আগে হরমুজ সঙ্কট হলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যেত!’’ পূর্বতন ইউপিএ সরকারের জমানায় জ্বালানি মজুত ও সরবরাহের বিষয়টি উপেক্ষিত ছিল— এই বিষয়ের প্রতি ইঙ্গিত করেন মোদি।

    হাইড্রোজেন ট্রেনকে ‘মেক ইন ইন্ডিয়া’র উদাহরণ

    হাইড্রোজেন ট্রেনকে ‘মেক ইন ইন্ডিয়া’র আদর্শ উদাহরণ বলেও চিহ্নিত করেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে মোদির দাবি, তাঁর ১২ বছরের প্রধানমন্ত্রিত্বে দেশের ৯৯ শতাংশ রেলপথেরই বৈদ্যুতিকরণ হয়েছে। হাইড্রোজেন ট্রেনের পাশাপাশি প্রধানমন্ত্রী শুক্রবার জিন্দের একলব্য স্টেডিয়াম থেকে কুরুক্ষেত্র অঞ্চলে নির্মিত এলিভেটেড রেলওয়ে ট্র্যাক জাতির উদ্দেশে উৎসর্গ করেন। সেই সঙ্গে ১২,৪৭০ কোটি টাকার জাতীয় সড়ক সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। ভিওয়ানির ‘পণ্ডিত নেকি রাম শর্মা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ’ এবং মহেন্দ্রগড়ের কোরিওয়াসে ‘মহর্ষি চ্যবন মেডিক্যাল কলেজ’ এবং ‘রাও তুলারাম হাসপাতাল’ হরিয়ানাবাসীর উদ্দেশে উৎসর্গ করেন। ঘটনাচক্রে, আর মাস সাতেক পরেই হরিয়ানার পড়শি রাজ্য পঞ্জাবে বিধানসভা নির্বাচন। তার আগে মোদি শুক্রবার আধুনিক প্রযুক্তির সাহায্যে শিখ ধর্মের ইতিহাস ও গুরুদের অবদান তুলে ধরার উদ্দেশ্যে নেটমাধ্যমে কুরুক্ষেত্রের ‘শিখ মিউজিয়াম’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।

    কী বিশেষত্ব হাইড্রোজেন ট্রেনের?

    গত ২২ মে দেশের প্রথম হাইড্রোজেন–চালিত ট্রেনে যাত্রী পরিবহণের অনুমোদন দিয়েছিল ভারতীয় রেল বোর্ড। জানানো হয়েছিল, এটি বিশ্বের দীর্ঘতম এবং সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন–চালিত ব্রডগেজ ট্রেন হতে চলেছে। হয়েছিল ট্রায়াল রানও। এ বার যাত্রী নিয়ে ট্র্যাকে ছুটবে রেল। হাইড্রোজেনকে বিশ্বের অন্যতম ‘পরিচ্ছন্ন জ্বালানি’ হিসেবে ধরা হয়। তাই ইকো-ফ্রেন্ডলি পরিবহণের দুনিয়ায় নতুন দিশা খুলে যেতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। হাইড্রোজেন থেকে তৈরি হয় বিদ্যুৎ। তা দিয়েই ছুটবে এই ট্রেন। এই প্রক্রিয়ায় কোনও ধোঁয়া বা ক্ষতিকর গ্যাস নির্গত হয় না। বেরয় শুধু জলীয় বাষ্প। কার্বন নিঃসরণ প্রায় শূন্য বললেই চলে। এই কারণেই বিশ্বের উন্নত দেশগুলিতে ফসিল ফুয়েলের জায়গায় ধীরে ধীরে জায়গা নিচ্ছে হাইড্রোজেন জ্বালানি। জার্মানি, ফ্রান্স, ইতালি, জাপান ও চিনের মতো দেশে ট্রেন-বাস চলছে হাইড্রোজেনে। এ বার এই তালিকায় যুক্ত হতে চলেছে ভারতের নাম। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে এই হাইড্রোজেন চালিত ট্রেন। রেল বোর্ডের তরফে এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘Hydrogen for Heritage’।

    হাইড্রোজেন ট্রেনে নীল রঙের নকশা

    ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের নীল রঙটি শুধু সৌন্দর্যের জন্য নয়, এর পেছনে একাধিক কারণ থাকতে পারে। বিশ্বের প্রথম হাইড্রোজেন যাত্রীবাহী ট্রেনটি (যা ২০১৮ সাল থেকে জার্মানিতে চলছে) উজ্জ্বল নীল রঙের। কানাডা, জাপান এবং চীনে চলাচলকারী হাইড্রোজেন ট্রেনগুলোও নীল রঙের। আসলে, হাইড্রোজেন ট্রেন জলের (H₂O) সঙ্গে সংযুক্ত থাকে। সাধারণ ট্রেন ডিজেল বা বিদ্যুতে চলে, কিন্তু হাইড্রোজেন ট্রেন সম্পূর্ণ ভিন্ন উপায়ে কাজ করে। এর জন্য ট্রেনের বিশেষ ট্যাঙ্কে হাইড্রোজেন গ্যাস ভরা হয়। ফুয়েল সেলে হাইড্রোজেন + অক্সিজেন বিদ্যুৎ উৎপন্ন করে এবং শুধুমাত্র জলীয় বাষ্প নির্গত হয়। এতে কোনও ধোঁয়া বা দূষণ হয় না, এবং একে সবুজ বা পরিচ্ছন্ন প্রযুক্তি বলা হয়। হাইড্রোজেন ফুয়েল সেলে যখন হাইড্রোজেন ও অক্সিজেন মিলিত হয়, তখন শুধু জল (H₂O) উৎপন্ন হয়। নীল রঙকে জল, আকাশ এবং পরিচ্ছন্নতার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। জাপানের হাইবারি ট্রেনটিও নীল রঙের এবং এতে জলের নকশা রয়েছে। জার্মানির হাইড্রোজেন ট্রেন, কোরাডিয়া আইলিন্ট, সেটিও উজ্জ্বল নীল রঙের। ফলস্বরূপ, ভারতের হাইড্রোজেন ট্রেনটিও নীল রঙের হবে।

    কোন কোন রুটে চলবে?

    হরিয়ানার জিন্দ (Jind) থেকে সোনিপত (Sonipat) পর্যন্ত ৮৯ কিলোমিটার রুটে চলবে হাইড্রোজেন চালিত ট্রেন। পথে পান্ডু পিন্দারা জংশন, ললিত খেরা হল্ট, ভামভেওয়া, ইসাপুর খেরি হল্ট, বুটানা হল্ট, খান্দরাই হল্ট, রাবরাহ হল্ট, লাথ হল্ট, মোহানা এবং বারওয়াসনি হল্ট-সহ একাধিক স্টেশনে থামবে। ভারতীয় রেলওয়ে জানিয়েছে, এই রুটে সফল যাত্রার পরে কালকা-শিমলা রুটেও চালু হতে পারে হাইড্রোজেন চালিত ট্রেন।

    কত হবে ট্রেনের গতি?

    ভারতীয় রেল জানিয়েছে, ২৪০০ কিলোওয়াটের ইঞ্জিন নিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৭৫ কিমি বেগে ছুটতে পারবে এই ট্রেন। সর্বোচ্চ গতি ঘণ্টায় ১১০ কিলোমিটার। জিন্দে হাইড্রোজেল রিফুয়েলিং স্টেশন থেকে জ্বালানি ভরা হবে। তবে শুধু গতি নয়, ট্রেনের ডিজ়াইন ও পরিষেবাতেও রয়েছে চমক। থাকছে দু’টি হাইড্রোজেন ড্রাইভিং পাওয়ার কার এবং আটটি যাত্রিবাহী কোচ। ২,৬০০ জন যাত্রী নিয়ে মোট ১০টি কোচ ছুটবে। প্রতিটি পাওয়ার কারে থাকছে হাইড্রোজেন ফুয়েল সেল, লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি এবং হাইড্রোজেন সংরক্ষণের বিশেষ সিলিন্ডার। পাওয়ার কারগুলি ১,২০০ কিলোওয়াট (প্রায় ১,৬০০ হর্সপাওয়ার) শক্তি উৎপাদনে সক্ষম।

  • Hydrogen Train: জলের সাহায্যে চলবে এই রেলগাড়ি! দেশে আসছে হাইড্রোজেন ট্রেন, গতি কত জানেন?

    Hydrogen Train: জলের সাহায্যে চলবে এই রেলগাড়ি! দেশে আসছে হাইড্রোজেন ট্রেন, গতি কত জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় রেলের এক যুগান্তকারী পদক্ষেপ। রেল ট্র্যাকে ছুটবে এমন একটি ট্রেন, যার জন্য লাগবে না কোনও ডিজেল, লাগবে না কোনও বিদ্যুৎ। শক্তি জোগাবে জল থেকে পাওয়া হাইড্রোজেন (Hydrogen Train)। যাবতীয় পরীক্ষায় যদি সফল হয় তাহলে এটাই হতে চলেছে ভারতের প্রথম ট্রেন যা জলের সাহায্যে চলবে। সম্প্রতি ভারতীয় রেলের বন্দে ভারত বা অমৃত ভারতের মতো ট্রেন সাড়া ফেলে দিয়েছে যাত্রীদের মধ্যে। বুলেট ট্রেন চালানোর প্রস্তুতিও নেওয়া হয়েছে। এরইমধ্যে হাই়ড্রোজেন ট্রেন চালুর হওয়ার বিষয়টি সর্বত্র সাড়া ফেলে দিয়েছে।

    কীভাবে চলবে? (Hydrogen Train)

    হাইড্রোজেন ট্রেন (Hydrogen Train) চালু হতে আর খুব বেশি দেরিও নেই। আগামী মাসে অর্থাৎ ডিসেম্বরেই এই ট্রেন চালু হবে বলে রেল সূত্রে জানা গিয়েছে। দূষণ নিয়ন্ত্রণ করতে ভারতীয় রেলের লক্ষ্য হল, ২০৩০-এর মধ্যে রেলকে কার্বন-মুক্ত করে ফেলা। ভারতের কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত একগুচ্ছ ট্রেন চলে প্রতিদিন। লোকাল ট্রেন থেকে দূরপাল্লার রুটে যে অজস্র ট্রেন চলে, তার জন্য দূষণও বাড়ে। এবার দূষণ মুক্ত করার লক্ষ্যে একধাপ এগোতেই হাইড্রোজেন ট্রেন চালু করতে উদ্যোগী রেল। এই ট্রেনের শক্তি জোগান দেওয়ার মূল উৎসই হল জল। ইলেকট্রিক ইঞ্জিনের বদলে এতে থাকবে হাইড্রোজেন ফুয়েল সেল। জল আর বাষ্প থেকেই বিদ্যুৎ উপন্ন হবে। বায়ু দূষণ বন্ধ করতে ভারতীয় রেল ডিজেল ইঞ্জিনের ব্যবহার বন্ধ করতে চাইছে। এর ফলে বাতাসে মিশবে না কার্বন-ডাই-অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড। শুধু তাই নয়, নয়েজ অর্থাৎ ট্রেন থেকে যে শব্দ উৎপন্ন হয়, তার পরিমাণও কম হবে এই হাইড্রোজেন ট্রেনে। অন্তত ৬০ শতাংশ কম শব্দ উৎপন্ন হবে বলে জানা গিয়েছে। দেশ জুড়ে ৩৫টি হাইড্রোজেন ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে রেলের।

    আরও পড়ুন: শিক্ষা ছাড়া উন্নয়ন সম্ভব নয়, তবে শিক্ষাকে হতে হবে ভারত-কেন্দ্রিক, মনে করেন মোহন ভাগবত

    কোন রুটে চলবে এই ট্রেন?

    গোটা ভারতের বিভিন্ন রুটে এই ট্রেন (Hydrogen Train) চালানোরপরিকল্পনা নেওয়া হয়েছে। হরিয়ানার জিন্দ-সোনিপাত রুটে এই ট্রেনের ট্রায়াল চলবে। ৯০ কিলোমিটার অতিক্রম করবে ওই ট্রেন। যে সব রুটে এই ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে, তার মধ্যে রয়েছে দার্জিলিং-হিমালয়ান রেলওয়ে, নীলগিরি-মাউন্টেন রেলওয়ে, কালকা-সিমলা রেলওয়ে। মাথেরান, কাঙ্গরা ভ্যালি, বিলিমোরা ওয়াঘাই এবং মারওয়ার-দেওঘর রুটে চালানো হতে পারে।এক একটি হাইড্রোজেন ট্রেন তৈরিতে খরচ হবে ৮০ কোটি টাকা। এছাড়া রিফুয়েলিং স্টেশনের ব্যবস্থা করতে হবে। ২০২৫ সালের মধ্যেই ৩৫টি ট্রেন হয়ে যাবে বলে জানা গিয়েছে।

    গতি কত হতে পারে?

    জলের সাহায্য চলবে বলে যে এই ট্রেনের (Hydrogen Train) গতি কম হবে এমন ভাবার কোনও কারণ নেই। রেল জানিয়েছে, একভাবে ১৪০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিতে ১ হাজার কিলোমিটার যেতে পারবে এই হাইড্রোজেন ট্রেন। অন্যান্য ট্রেনের তুলনায় এই ট্রেনের আওয়াজ অন্তত ৬০ শতাংশ কম। তবে যাত্রা অত্যন্ত আরামদায়ক হবে বলেই মনে করছে রেল। জানা গিয়েছে, প্রতি ঘণ্টায় ৪০,০০০ লিটার জলের প্রয়োজন হবে এই ট্রেন চলার জন্য।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Hydrogen Train: চলতি বছর থেকেই দেশে চালু হাইড্রোজেন ট্রেন!  দার্জিলিঙে চলবে কবে? রেলমন্ত্রী বললেন…

    Hydrogen Train: চলতি বছর থেকেই দেশে চালু হাইড্রোজেন ট্রেন! দার্জিলিঙে চলবে কবে? রেলমন্ত্রী বললেন…

    মাধ্যম নিউজ ডেস্ক: দূষণের মাত্রা কমাতে এবার পরিবেশ বান্ধব ট্রেনের উপরেই নজর দিচ্ছে কেন্দ্র। জানা গিয়েছে, চলতি বছর থেকেই যাত্রা শুরু করবে এই ট্রেন। হাইড্রোজেন চালিত (Hydrogen Train) ট্রেনগুলির নাম হবে ‘বন্দে মেট্রো’। প্রাথমিকভাবে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, কালকা সিমলা রেলওয়ে, মাথেরান হিল রেলওয়ে, কাংরা উপত্যকা, বিলমোরা ওয়াঘাই এবং মারওয়ার-দেবগড় মাদ্রিয়ার মতো ঐতিহাসিক ন্যারো-গেজ রুটের ট্র্যাকে এই ট্রেন  ছুটবে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই চালু হওয়ার কথা রয়েছে। তবে কালকা-সিমলার ঐতিহাসিক রুটে সবার আগে এই ট্রেন চলবে, এমনটাই জানানো হয়েছে কেন্দ্রের তরফে।

    রেলমন্ত্রী কী বললেন

    বুধবার ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের (Hydrogen Train) ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি বলেন, চলতি বছর ডিসেম্বরের মধ্যেই তা তৈরি হয়ে যাবে। কালকা-সিমলার ঐতিহাসিক রুটে এই ট্রেন চলবে। হাইড্রোজেন-চালিত ট্রেনের (Hydrogen Train) এই প্রযুক্তি সারা বিশ্বের কম দেশেই রয়েছে।  আসলে এই ট্রেন চালানোর খরচ খুবই বেশি। তবে এই জাতীয় ট্রেনের (Hydrogen Train) মাধ্যমে সবুজ পৃথিবী গড়ে তোলার বার্তা দিতে সক্ষম হবে আমাদের দেশ।

    হাইড্রোজেন ট্রেনের (Hydrogen Train) খুঁটিনাটি

    এই ধরনের ট্রেন ডিজেল ইঞ্জিনের পরিবর্তে হাইড্রোজেন (Hydrogen Train) ফুয়েল সেলের মাধ্যমে চলবে। এই ট্রেন হল পরিবেশ বান্ধব। এর থেকে কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন অক্সাইডের মতো কোনও ক্ষতিকারক দূষিত পদার্থ নির্গত হয়না। ফলে ডিজেল ট্রেনের তুলনায় অনেক বেশি পরিবেশবান্ধব হয় এই ট্রেন। বায়ু, সৌরশক্তি বা হাইড্রো-পাওয়ারের মতো পুনর্নবীকরণযোগ্য শক্তিকে কাজে লাগিয়েও হাইড্রোজেন তৈরি করা যায়। 

    খরচ খুব বেশি

    হাইড্রোজেন ট্রেন চালানোর (Hydrogen Train) খরচ তবে খুব বেশি। গ্রিন হাইড্রোজেন তৈরি করতে কেজি প্রতি প্রায় ৪৯২ টাকা করে খরচ পড়ে, এমনটাই বলছে গবেষণা। তাঁদের আরও মত, ডিজেল ইঞ্জিনের তুলনায় এই ট্রেন চালাতে  প্রায় ২৭% বেশি খরচ হবে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

     

     

LinkedIn
Share