Tag: India-UAE

  • Modi UAE Visit: যুদ্ধের আবহেই মোদির মাস্টারস্ট্রোক! জ্বালানি বাঁচাতে সংযুক্ত আরব আমিরশাহীর সঙ্গে চুক্তি ভারতের

    Modi UAE Visit: যুদ্ধের আবহেই মোদির মাস্টারস্ট্রোক! জ্বালানি বাঁচাতে সংযুক্ত আরব আমিরশাহীর সঙ্গে চুক্তি ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে শুক্রবার সংযুক্ত আরব আমিরশাহীতে (UAE) পৌঁছেই দু’টি বড় চুক্তি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জ্বালানি সঙ্কট মোকাবিলায় এলপিজি সরবরাহ এবং পেট্রোলিয়াম মজুত নিয়ে মউ সই করেছে দুই দেশ। একই সঙ্গে চুক্তি হয়েছে প্রতিরক্ষা খাতেও। পশ্চিম এশিয়ায় ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং জ্বালানি বাজারে অনিশ্চয়তার মধ্যেই সংযুক্ত আরব আমিরশাহি সফরে গিয়ে দেশের জন্য একাধিক কৌশলগত ও অর্থনৈতিক সাফল্য হাসিল করলেন প্রধানমন্ত্রী মোদি (Narendra Modi)। এই সফরকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন মাইলফলক বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত, তেলের দামের অস্থিরতা এবং হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ সমুদ্রপথে অনিশ্চয়তার মধ্যে ভারত ও ইউএই স্থিতিশীলতা, সংযোগ এবং অর্থনৈতিক সহযোগিতাকে আরও জোরদার করার বার্তা দিয়েছে। শুক্রবার আবু ধাবিতে মোদির সংক্ষিপ্ত সফরেই প্রতিরক্ষা, জ্বালানি, পরিকাঠামো এবং বিনিয়োগ সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে ভারত ও ইউএই-র মধ্যে।

    মোদিকে রাজকীয় ‘গার্ড অফ অনার’

    শুক্রবার দুপুর ১২টা নাগাদ আবু ধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর প্রধানমন্ত্রী মোদিকে (Modi UAE Visit) রাজকীয় ‘গার্ড অফ অনার’ দেওয়া হয়। এরপরই তিনি আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। ২০১৪ থেকে এই নিয়ে সাতবার আমিরশাহীতে যাত্রা করলেন ভারতের প্রধানমন্ত্রী, অন্যদিকে একই সময়ের মধ্যে পাঁচবার ভারতে এসেছেন মহম্মদ বিন জায়ের। গত জানুয়ারি মাসে পরবর্তী প্রজন্মের নেতৃত্বকে সঙ্গে নিয়ে দিল্লিতে এসেছিলেন আমিরশাহীর প্রেসিডেন্ট। সেই সময় বিভিন্ন বিষয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কথা হয় উভয়পক্ষের। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে বর্তমান অস্থিরতার মধ্যেও সংযুক্ত আরব আমিরশাহী ভারতের অন্যতম নির্ভরযোগ্য জ্বালানি অংশীদার।

    এলপিজি সরবরাহে দীর্ঘমেয়াদি চুক্তি

    এই বৈঠকেই ভারতের রান্নার গ্যাসের সংকট মেটাতে দীর্ঘমেয়াদি এলপিজি (LPG) সরবরাহের চুক্তি স্বাক্ষরিত হয়। বিশ্ববাজারে ভারত দ্বিতীয় বৃহত্তম এলপিজি আমদানিকারক দেশ হওয়ায়, যুদ্ধ পরিস্থিতিতে ভারতের হেঁশেল সচল রাখাই এখন সরকারের সবচেয়ে বড় অগ্রাধিকার। প্রধানমন্ত্রীর এই সফরে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOCL) এবং এএনডিওসি (ADNOC)-এর মধ্যে দীর্ঘমেয়াদি এলপিজি সরবরাহ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে ভারত স্থিতিশীল ও অগ্রাধিকারভিত্তিক এলপিজি সরবরাহ পাবে, যা আন্তর্জাতিক মূল্যবৃদ্ধির প্রভাব কমাতে সাহায্য করবে। বর্তমানে ভারতের মোট এলপিজি চাহিদার প্রায় ৪০ শতাংশই ইউএই থেকে পূরণ হয়।

    ভারতের জ্বালানি নিরাপত্তায় বড় পদক্ষেপ

    রান্নার গ্যাসের পাশাপাশি ভারতের ‘স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ’ বা জরুরি তেল মজুত ব্যবস্থার আধুনিকীকরণ ও সম্প্রসারণ নিয়েও দুই দেশের মধ্যে একটি মউ (MoU) সই হয়েছে। আন্তর্জাতিক স্তরে হঠাৎ তেলের দাম বৃদ্ধি বা যুদ্ধকালীন পরিস্থিতিতে দেশের তেলের জোগান স্বাভাবিক রাখতে এই চুক্তি ভারতের জন্য রক্ষাকবচ হিসেবে কাজ করবে। জরুরি অবস্থায় ভারতকে তেলের জোগান সচল রাখতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে আমিরশাহী। বর্তমানে আবু ধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি ই একমাত্র বিদেশি সংস্থা, যারা ভারতের ভূগর্ভস্থ তেল ভান্ডারে অপরিশোধিত তেল সংরক্ষণ করে। নতুন চুক্তির ফলে সেই সহযোগিতা আরও বিস্তৃত হবে।

    কৌশলগত প্রতিরক্ষা অংশীদারিত্বে চুক্তি

    জ্বালানি খাতের পাশাপাশি এই সফরে বাণিজ্য ও প্রতিরক্ষা ক্ষেত্রেও বড় অগ্রগতি হয়েছে। সফরের অন্যতম বড় সাফল্য হল ভারত ও ইউএই-র মধ্যে “স্ট্র্যাটেজিক ডিফেন্স পার্টনারশিপ”-এর কাঠামোগত চুক্তি। এই চুক্তির মাধ্যমে শুধু যৌথ সামরিক মহড়াই নয়, উন্নত প্রতিরক্ষা প্রযুক্তির যৌথ উৎপাদন, গোয়েন্দা তথ্য আদানপ্রদান এবং সন্ত্রাসবিরোধী সহযোগিতাও আরও গভীর হবে।

    গুজরাটে গড়ে উঠবে শিপ রিপেয়ার ক্লাস্টার

    গুজরাটের ভাদিনারে একটি অত্যাধুনিক শিপ রিপেয়ার ক্লাস্টার গড়ে তোলার জন্যও সমঝোতা হয়েছে। এই প্রকল্প ভারতের সামুদ্রিক পরিকাঠামোকে আরও শক্তিশালী করবে। এখানে বাণিজ্যিক ও বড় তেলবাহী জাহাজ মেরামত করা সম্ভব হবে।

    ৫০০ কোটি ডলারের বিনিয়োগ ঘোষণা

    সফরে ইউএই ভারতের বিভিন্ন ক্ষেত্রে প্রায় ৫০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা করেছে। এই বিনিয়োগ পরিকাঠামো প্রকল্প, আরবিএল-এর ঋণ সম্প্রসারণ এবং হাউজিং ফিনান্স সংস্থা সামান ক্যাপিটাল-এ আর্থিক সহায়তার জন্য ব্যবহার করা হবে। উল্লেখ্য, “কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট” স্বাক্ষরের পর ভারত ও ইউএই-র দ্বিপাক্ষিক বাণিজ্য ইতিমধ্যেই ১০ হাজার কোটি ডলার অতিক্রম করেছে। আগামী কয়েক বছরের মধ্যে সেই বাণিজ্য ২০ হাজার কোটি ডলারে পৌঁছানোর লক্ষ্য নিয়েছে দুই দেশ।

    পাঁচ দেশ সফরে প্রধানমন্ত্রী

    বিশেষজ্ঞদের মতে, এই সফর প্রমাণ করল যে ভারত-ইউএই সম্পর্ক এখন শুধু বাণিজ্য ও জ্বালানি সহযোগিতার মধ্যে সীমাবদ্ধ নেই। প্রতিরক্ষা, আর্থিক পরিষেবা, সামুদ্রিক অবকাঠামো এবং কৌশলগত অংশীদারিত্বেও দুই দেশের সম্পর্ক দ্রুত গভীর হচ্ছে। দেশের বাজারে পেট্রোল-ডিজেল ও সিএনজির দাম বৃদ্ধির পর দেশবাসীর উদ্বেগের মাঝেই, মোদির এই মধ্যপ্রাচ্য কূটনীতি ভারতের অর্থনীতিকে স্বস্তি দেবে, বলে অনুমান বিশেষজ্ঞদের। পাঁচ দেশে সফরে শুক্রবার সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এখান থেকে ইউরোপের চার দেশ যথাক্রমে নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন এবং ইটালিতেও যাবেন তিনি। মনে করা হচ্ছে, ইরান যুদ্ধের জেরে জ্বালানি সংকট এবং ভেঙে পড়া বৈশ্বিক পণ্য সরবরাহ শৃঙ্খলা নিয়ে পাঁচ দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে কথা হবে মোদির।

  • Undersea Power Link: সমুদ্রতল দিয়ে মধ্যপ্রাচ্যে সবুজ বিদ্যুৎ রফতানি করবে ভারত! ৯০,০০০ কোটি টাকার বিনিয়োগ

    Undersea Power Link: সমুদ্রতল দিয়ে মধ্যপ্রাচ্যে সবুজ বিদ্যুৎ রফতানি করবে ভারত! ৯০,০০০ কোটি টাকার বিনিয়োগ

    মাধ্যম নিউজ ডেস্ক: সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহীর (UAE) সঙ্গে সমুদ্রতলের সবুজ বিদ্যুৎ সরবরাহ চুক্তি স্বাক্ষর করল ভারত। মঙ্গলবার কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী মনোহর লাল খট্টর জানান, প্রায় ১,৭০০ কিমি দীর্ঘ সাবমেরিন কেবল সৌদি আরবে এবং ১,৪০০ কিমি দীর্ঘ কেবল আমিরশাহী-তে হাইড্রোজেন থেকে উৎপন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য স্থাপন করা হবে। অতীতে তেল-গ্যাস আমদানির জন্য মধ্যপ্রাচ্যের উপর নির্ভর করত ভারত। আর এখন সেই মধ্যপ্রাচ্যে ভারত বিদ্যুৎ রফতানির প্রস্তুতি নিচ্ছে। তাও আবার সমুদ্রতলের নিচে কেবল বসিয়ে। এটিই এক নতুন শক্তিশালী ভারতের পরিচয়, বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

    এক সূর্য, এক বিশ্ব, এক গ্রিড

    বিশ্বের প্রথম আন্ডারসি (Undersea Power Link) পাওয়ার গ্রিড প্রকল্প হল একটি বড় পরিকল্পনা। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল ভারত এবং মধ্যপ্রাচ্যের মধ্যে বিদ্যুতের বিনিময় সহজ করা। এটি “এক সূর্য, এক বিশ্ব, এক গ্রিড” ধারণার প্রথম অফশোর উপাদান, যা প্রধানমন্ত্রী মোদি আন্তর্জাতিক সৌর জোটের উদ্বোধনী সমাবেশে প্রস্তাব করেছিলেন। এই প্রকল্পের মাধ্যমে ভারত ও সৌদি আরব বিদ্যুতের চাহিদা মেটাতে পারবে এবং পুনর্ব্যবহারযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি করতে পারবে। বিদ্যুৎমন্ত্রী মনোহর লাল খট্টর বলেন, “সৌদি আরব ও আমিরশাহী-তে ২ গিগাওয়াট করে হাইড্রোজেন বিদ্যুৎ রফতানির জন্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সৌদি আরব পর্যন্ত সাবমেরিন কেবলের প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪৭,০০০ কোটি টাকা এবংআমিরশাহী পর্যন্ত কেবলের জন্য ব্যয় হতে পারে ৪৩,৫০০ কোটি টাকা।” এই প্রকল্প সম্পূর্ণ হতে ছয় বছর পর্যন্ত সময় লাগতে পারে। এই প্রকল্পটি সম্পন্ন হলে ভারত এবং মধ্যপ্রাচ্যের মধ্যে বিদ্যুতের একটি শক্তিশালী আন্তঃসংযোগ স্থাপন করা সম্ভব হবে।

    প্রকল্পের মূল বৈশিষ্ট্য:

    ভারত-সৌদি আরব আন্ডারসি পাওয়ার কেবল
    দৈর্ঘ্য: প্রায় ১,৭০০ কিমি
    ব্যয়: ৪৭,০০০ কোটি টাকা
    ক্ষমতা: ২ গিগাওয়াট

    ভারত-আমিরশাহি আন্ডারসি পাওয়ার কেবল
    দৈর্ঘ্য: প্রায় ১,৪০০ কিমি
    ব্যয়: ₹৪৩,৫০০ কোটি টাকা
    ক্ষমতা: ২ গিগাওয়াট

    এই প্রকল্পের স্ট্র্যাটেজিক গুরুত্ব

    বিশ্বের প্রথম আন্ডারসি পাওয়ার গ্রিড প্রকল্পগুলির (Undersea Power Link) মধ্যে অন্যতম – যা এক দেশ থেকে আরেক দেশের মধ্যে বিশাল জলসীমা পেরিয়ে বিদ্যুৎ সরবরাহ করবে।
    ভারতের সবুজ জ্বালানির (Green Energy) আন্তর্জাতিক রফতানির সূচনা – সৌদি আরব ও আমিরশাহীর মতো তেলনির্ভর দেশ এখন ভারতের থেকে বিদ্যুৎ নিতে রাজি।
    “এক সূর্য, এক বিশ্ব, এক গ্রিড” (‘One Sun, One World, One Grid’) উদ্যোগের বাস্তবায়ন – ভারত এই বৈশ্বিক শক্তি-গ্রিড ধারণার নেতৃত্বে রয়েছে।
    প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের প্রমাণ – গভীর সমুদ্রে এত দীর্ঘ ও উচ্চ ক্ষমতার সাবমেরিন কেবল বসানো প্রযুক্তিগত দিক থেকে চ্যালেঞ্জিং, এবং ভারত এটি নিজেই করতে যাচ্ছে।
    স্ট্র্যাটেজিক সফট পাওয়ার বৃদ্ধি – শক্তি রফতানির মাধ্যমে ভারতের কূটনৈতিক দৃষ্টিভঙ্গি আরও প্রসারিত হচ্ছে।

    দেশে মজবুত বিদ্যুৎ পরিকাঠামো

    বিদ্যুৎমন্ত্রী এদিন আরও জানান, স্টোরেজ প্রকল্পগুলোর জন্য ইন্টার-স্টেট ট্রান্সমিশন সিস্টেম (ISTS) চার্জের ছাড় ৩০ জুন ২০২৮ পর্যন্ত বাড়ানো হয়েছে। তিনি বলেন, “যেসব পাম্পড স্টোরেজ প্রকল্প বরাদ্দ দেওয়া হয়েছে এবং যেসব ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম এই সময়ের মধ্যে কমিশন হবে, তারা এই সুবিধা পাবে।” ২০২৫ সালের ৯ জুন, ভারত সর্বোচ্চ ২৪১ গিগাওয়াট বিদ্যুৎ চাহিদা সফলভাবে মেটাতে সক্ষম হয়েছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, “এই অর্জন দেশের মজবুত বিদ্যুৎ পরিকাঠামোর প্রমাণ। যেখানে কোনও পিক বিদ্যুৎ ঘাটতি ছিল না।”

    বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি

    ট্রান্সমিশন লাইনের জন্য ভূমি অধিগ্রহণ ও রাইট অব ওয়ে (RoW) সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, “কেন্দ্রীয় সরকার ক্ষতিপূরণ বাড়িয়েছে। টাওয়ার বসানোর জন্য জমির মূল্য ৮৫% থেকে বাড়িয়ে ২০০% করা হয়েছে এবং রাইট অব ওয়ে করিডরের জন্য ১৫% থেকে ৩০% পর্যন্ত ক্ষতিপূরণ বাড়ানো হয়েছে, যা এখন বাজার মূল্যের সঙ্গে সরাসরি যুক্ত।” তিনি জানান, জমি ও অনুমতির জটিলতার কারণে ট্রান্সমিশন প্রকল্পের অগ্রগতিতে অনেক সময় নষ্ট হয়, কারণ এগুলো বনভূমি, প্রতিরক্ষা এলাকা, ব্যক্তিগত বা কৃষিজমি অতিক্রম করে। তাঁর দাবি, ২০২৪-২৫ অর্থবছরে ভারত সর্বোচ্চ ৩৪ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা যুক্ত করেছে, যার মধ্যে নবায়নযোগ্য শক্তি থেকেই এসেছে ২৯.৫ গিগাওয়াট। দেশের মোট স্থাপিত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বর্তমানে ৪৭২.৫ গিগাওয়াট, যা ২০১৪ সালে ছিল ২৪৯ গিগাওয়াট।

LinkedIn
Share