Tag: India vs Uruguay

  • India vs Panama: ৯৪ স্থান ওপরে থাকা পানামাকে রুখে দিল ভারত! ব্রাজিল, উরুগুয়ে ম্যাচের আগে মিলল বড় বার্তা

    India vs Panama: ৯৪ স্থান ওপরে থাকা পানামাকে রুখে দিল ভারত! ব্রাজিল, উরুগুয়ে ম্যাচের আগে মিলল বড় বার্তা

    মাধ্যম নিউজ ডেস্ক: পানামার বিরুদ্ধে ১-১ গোলে ড্র ভারতের ফুটবলকে রাতারাতি বদলে দিয়েছে—এমন দাবি করার জায়গা নেই। তবে এই ম্যাচ একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৩৮ নম্বরে থাকা ভারত ৪৪ নম্বরে থাকা পানামার বিরুদ্ধে শুধু রক্ষণ সামলেই ম্যাচ শেষ করেনি। গোল করেছে, গোল হজমের পরও আক্রমণে ফিরেছে এবং শেষ পর্যন্ত নিজেদের কাঠামো ধরে রেখেছে।

    পানামার দলে ২০২৬ বিশ্বকাপে খেলা ১৪ জন ফুটবলার ছিলেন। অর্থাৎ অভিজ্ঞতা ও আন্তর্জাতিক মানের বিচারে দুই দলের মধ্যে বড় ব্যবধান ছিল। কিন্তু মাঠের খেলায় সেই ফারাক সবসময় ধরা পড়েনি।

    ৪১ মিনিটে রায়ান উইলিয়ামসের গোলে এগিয়ে যায় ভারত। বাম প্রান্ত দিয়ে আকাশ মিশ্রর তৈরি করা আক্রমণ থেকে পানামার রক্ষণভাগের পিছনে জায়গা তৈরি করে গোল করেন উইলিয়ামস। পরিকল্পিত এই আক্রমণ ভারতের জন্য গুরুত্বপূর্ণ ইতিবাচক দিক। শক্তিশালী দলের বিরুদ্ধে এমন দ্রুত ট্রানজিশনই ভবিষ্যতে ভারতের অন্যতম অস্ত্র হতে পারে।

    গোল খেয়েও পিছিয়ে যায়নি ভারত

    ৬৮ মিনিটে ওমর ভ্যালেন্সিয়া পানামাকে সমতায় ফেরানোর পর ভারত চাইলে পুরোপুরি রক্ষণাত্মক হয়ে যেতে পারত। কিন্তু তা হয়নি। বাম দিক দিয়ে আশিক কুরুনিয়নের গতি ব্যবহার করে ফের আক্রমণে ওঠে ভারত। শেষদিকে এডমুন্ড লারিডোঙ্কা এবং মনবীর সিংয়ের জন্য গোলের সুযোগও তৈরি হয়। এই জায়গাটিই পানামা ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। প্রতিপক্ষ গোল করলেই ম্যাচকে শুধুমাত্র ‘ড্যামেজ কন্ট্রোল’-এ নিয়ে যায়নি ভারত। বরং সুযোগ পেলেই পাল্টা আক্রমণে উঠেছে।

    ব্রাজিলের বিরুদ্ধে এই কৌশলই ভরসা?

    ৩ অক্টোবর কলকাতায় ব্রাজিলের বিরুদ্ধে ভারতের পরীক্ষা আরও কঠিন। বলের দখল দীর্ঘ সময় ধরে রাখা সম্ভব নাও হতে পারে। কিন্তু তাই বলে ৯০ মিনিট নিজেদের বক্সের সামনে আটকে থাকলে চলবে না।

    উইলিয়ামস ও আশিকের গতি এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ভারত যদি কয়েকটি সফল ট্রানজিশনও তৈরি করতে পারে, তাহলে ব্রাজিলের ফুল-ব্যাকদের অতিরিক্ত সামনে ওঠার ক্ষেত্রে সতর্ক হতে হবে। সেই সঙ্গে ভারতীয় মাঝমাঠও কিছুটা সময় পাবে নিজেদের সংগঠিত করার। অর্থাৎ লক্ষ্য শুধু বলের দখল নয়—বল পেলেই সেটিকে কতটা কার্যকরভাবে কাজে লাগানো যায়, সেটাই গুরুত্বপূর্ণ।

    রক্ষণে ভুলের জায়গা কম

    তবে পানামা ম্যাচ ভারতের দুর্বলতাও দেখিয়েছে। ভ্যালেন্সিয়ার গোলের সময় লালেংমাউইয়া রালতের ক্লোজ-ডাউন সামান্য দেরিতে হওয়ায় শট নেওয়ার সুযোগ তৈরি হয়। ব্রাজিলের মতো দলের দ্রুত পাসিং ও ফিনিশিংয়ের বিরুদ্ধে এই ধরনের ছোট ভুলও বড় সমস্যায় পরিণত হতে পারে।

    তাই আক্রমণাত্মক মানসিকতার সঙ্গে রক্ষণাত্মক সংহতি বজায় রাখাটাই হবে ভারতের বড় পরীক্ষা। মাঝমাঠ ও ডিফেন্সের মধ্যে ফাঁক কমাতে হবে। একজন সেন্টার-ব্যাক সামনে উঠে গেলে অন্যদের কভার করতে হবে। ফুল-ব্যাক আক্রমণে গেলে বিপরীত প্রান্তও খালি রাখা যাবে না।

    এই জায়গায় অনোয়ার আলির পারফরম্যান্স অবশ্য ইতিবাচক। বিপদের মুহূর্তে পিছিয়ে না গিয়ে সামনে গিয়ে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ করেছেন তিনি। ব্রাজিলের বিরুদ্ধে সেই আগ্রাসনকে দলের সামগ্রিক কাঠামোর সঙ্গে মিলিয়ে ব্যবহার করতে হবে।

    উরুগুয়ের বিরুদ্ধে অন্য পরীক্ষা

    ব্রাজিলের মাত্র তিন দিন পর, ৬ অক্টোবর উরুগুয়ের মুখোমুখি হবে ভারত। এই ম্যাচের চ্যালেঞ্জ কিছুটা আলাদা হতে পারে। ব্রাজিলের বিরুদ্ধে বলের দখল সামলানো যেমন গুরুত্বপূর্ণ, উরুগুয়ের বিরুদ্ধে শারীরিক লড়াই এবং দ্বিতীয় বল দখলের বিষয়টি বড় হয়ে উঠতে পারে।

    পানামার বিরুদ্ধে প্রথম আক্রমণ সামলানোর পর দ্বিতীয় পর্যায়ের বল কখনও কখনও প্রতিপক্ষের হাতে চলে গিয়েছে। উরুগুয়ের মতো দলের বিরুদ্ধে বারবার এমন হলে ভারত নিজেদের বক্সের কাছেই আটকে পড়তে পারে।

    আসল পরীক্ষা এখনই

    পানামার বিরুদ্ধে ড্র-কে তাই ভারতের বিশ্বমানের ফুটবলের কাছাকাছি পৌঁছে যাওয়ার প্রমাণ হিসেবে দেখা ঠিক হবে না। বরং এটি দেখিয়েছে, প্রতিপক্ষের মান অনেক বেশি হলেও ভারত নিজেদের পরিকল্পনা, আগ্রাসন এবং প্রতিযোগিতামূলক মানসিকতা ধরে রাখতে পারে।

    ৩ অক্টোবর ব্রাজিল এবং ৬ অক্টোবর উরুগুয়ের বিরুদ্ধে সেই দাবিরই পরীক্ষা হবে। পানামা ম্যাচে দেখা কমপ্যাক্ট রক্ষণ, দ্রুত ট্রানজিশন, উইলিয়ামস-আশিকের গতি, অনোয়ারের আগ্রাসন এবং গোল হজমের পরও আক্রমণে ফেরার মানসিকতা—এই বৈশিষ্ট্যগুলি যদি আরও শক্তিশালী দুই প্রতিপক্ষের বিরুদ্ধেও ধরে রাখা যায়, তাহলেই এই ড্র-এর প্রকৃত গুরুত্ব বোঝা যাবে।

  • India vs Brazil: ঢেলে সাজছে স্টেডিয়াম, টিকিটে সিট নম্বর! ব্রাজিল ম্যাচের আগে যুবভারতীতে আমূল পরিবর্তন

    India vs Brazil: ঢেলে সাজছে স্টেডিয়াম, টিকিটে সিট নম্বর! ব্রাজিল ম্যাচের আগে যুবভারতীতে আমূল পরিবর্তন

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্ব ফুটবলের দুই মহাশক্তিকে বরণ করে নিতে তৈরি হচ্ছে শহর কলকাতা। নতুন সাজে সেজে উঠছে তিলোত্তমা। ফিফা আন্তর্জাতিক উইন্ডোর প্রীতি ম্যাচে ভারতীয় ফুটবল দলের মুখোমুখি হতে শহরে পা রাখছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল (India vs Brazil)। দুর্গাপুজোর আগে এও এক যেন পুজো ফুটবলপ্রেমী মানুষের কাছে। আগামী ৩ অক্টোবর সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে হবে এই ম্যাচ। শুধু ব্রাজিলই নয়, এরপরের ৬ তারিখ এই একই ময়দানে খেলবে উরুগুয়েও। তবে মহারণের বাঁশি বাজার আগেই গ্যালারি ও দর্শক সুরক্ষায় গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্তের কথা জানালেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)-এর সভাপতি কল্যাণ চৌবে।

    ফুটবল ম্যাচের টিকিটে ‘সিট নম্বর’

    ফেডারেশন সভাপতি জানিয়েছেন, যুবভারতীর সুবিশাল ইতিহাসের পাতায় এই প্রথমবার কোনও ফুটবল ম্যাচের টিকিটে নির্দিষ্ট আসন বা ‘সিট নম্বর’ উল্লেখ করা থাকবে। এর আগে স্টেডিয়ামে সর্বসাধারণের জন্য মুক্ত বা ‘ফ্রি সিটিং’ ব্যবস্থা থাকত, অর্থাৎ দর্শকেরা নিজেদের পছন্দ মতো ফাঁকা আসনে গিয়ে বসতে পারতেন। তবে এই হাইভোল্টেজ ম্যাচে সেই নিয়মে আসছে আমূল বদল। ইতিমধ্যেই এই ম্যাচের সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে। নির্দেশিকা অনুযায়ী, সমর্থকদের মাঠে আসার সময় ই-টিকিট সঙ্গে রাখতে হবে এবং গেটে তা স্ক্যান করিয়ে ভিতরে ঢুকতে হবে। এরপর টিকিটে বরাদ্দ থাকা নম্বর দেখেই নির্ধারিত চেয়ারটিতে বসতে হবে, অন্য কোথাও বসা যাবে না। প্রসঙ্গত, ইতিপূর্বে মেসি কলকাতায় আসার পর গ্যালারিতে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, তাতে ভেঙে গিয়েছিল একাধিক বাকেট চেয়ার। সেই অভিজ্ঞতার ওপর ভিত্তি করে আইএফএ-র (IFA) মাধ্যমে ভাঙা চেয়ারগুলি মেরামতির পাশাপাশি প্রতিটিতে নিখুঁত নম্বর বসানোর কাজ দ্রুত গতিতে চালানো হচ্ছে।

    গেরুয়া রঙে সাজছে গ্যালারি

    রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তিত পরিস্থিতিতে যুবভারতীর পরিচিত নীল-সাদা রঙ বদলে এই প্রথমবার রূপ পাচ্ছে গৈরিকিকরণে। পুরো স্টেডিয়ামকে গেরুয়া রঙে রাঙিয়ে তোলার পাশাপাশি ড্রেসিংরুম ও শৌচাগারগুলিকেও ঢেলে সাজিয়ে আন্তর্জাতিক মানের করে তোলা হচ্ছে। ম্যাচের আনন্দে সামিল করা হচ্ছে কলকাতার তিন প্রথাগত ফুটবল শক্তিকেও। ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহামেডান স্পোর্টিং – এই তিন প্রধানের সমর্থকদের জন্য ফেডারেশনের পক্ষ থেকে টিকিটের ওপর বিশেষ ছাড় ঘোষণা করা হয়েছে। স্টেডিয়ামের ‘B2’ এবং ‘D2’ – এই নির্দিষ্ট দুটি গ্যালারির নির্ধারিত সংখ্যক টিকিটে দেওয়া হবে ১০ শতাংশ (10%) ছাড়। উদাহরণস্বরূপ, ওই টিকিটের দর যদি ১০ টাকা হয়ে থাকে, তবে ১০% ছাড়ের সুবিধায় তা কেনা যাবে। এই ছাড়ের টিকিটগুলি উপলব্ধ থাকবে তিন প্রধানের নিজস্ব ক্লাব টেন্ট এবং আইএফএ-র অফিস থেকে।

LinkedIn
Share