Tag: IPL

IPL

  • Shikhar Dhawan: হিন্দু বিধবাকে গণধর্ষণ! বাংলাদেশে সংখ্যালঘুদের অত্যাচারে মর্মাহত ধাওয়ান

    Shikhar Dhawan: হিন্দু বিধবাকে গণধর্ষণ! বাংলাদেশে সংখ্যালঘুদের অত্যাচারে মর্মাহত ধাওয়ান

    মাধ্যম নিউজ ডেস্ক: মহম্মদ ইউনুসের বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু নিধনের ঘটনা যেন থামছেই না। কয়েকদিন আগেই ঝিনাইদহের কালীগঞ্জে প্রকাশ্যে এসেছিল হিন্দু বিধবাকে গণধর্ষণের ঘটনা। কেবল তাই নয়, গাছের সঙ্গে বেঁধে মাথার চুল কেটে নেওয়া হয় ৪০ বছরের ওই মহিলার। এই নারকীয় নির্যাতনের বিরুদ্ধে এবার গর্জে উঠলেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। পৈশাচিক এই ঘটনাকে ‘হৃদয়বিদারক’ আখ্যা দিয়েছেন প্রাক্তন ভারতীয় ওপেনার।

    নৃশংস হামলার খবর পড়ে যন্ত্রণাবিদ্ধ

    ভারতের প্রাক্তন ক্রিকেটার শিখর লেখেন, ‘বাংলাদেশে হিন্দু বিধবার উপর নৃশংস হামলার খবর পড়ে যন্ত্রণাবিদ্ধ হয়েছি। কোথাও, কারওর সঙ্গে এই ধরনের হিংসাত্মক ঘটনা একেবারেই গ্রহণযোগ্য নয়। আমার প্রার্থনা, নির্যাতিতা যেন ন্যায়বিচার ও সমর্থন পান।’ পুলিশের কাছে অভিযোগে ওই মহিলা জানিয়েছেন, আড়াই বছর আগে ঝিনাইদহের কালীগঞ্জ পুরসভার ৭নং ওয়ার্ড নদীপাড়ার বাসিন্দা শাহিন ও তাঁর ভাইয়ের কাছে ২০ লক্ষ টাকায় তিন শতক জমি-সহ একটি দোতলা বাড়ি কিনেছিলেন। এরপর থেকেই মূল অভিযুক্ত শাহিনের কুনজরে পড়েন তিনি। তাঁকে অতীতে একাধিকবার অশালীন প্রস্তাবও দিয়েছিল যুবক। তাতে রাজি না হওয়ায় নানাভাবে হয়রানি করা হয় ওই মহিলাকে। গত শনিবার সন্ধায় আচমকাই বাড়িতে ঢোকে শাহিন এবং তাঁর সঙ্গী হাসান। দু’জনে মিলে তাঁকে ধর্ষণ করে। পাশাপাশি সেদিন ওই মহিলার কাছ থেকে আরও ৫০ হাজার টাকার (ভারতীয় মুদ্রায় ৩৭ হাজার টাকা) দাবিও করে দুই অভিযুক্ত। তা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা আত্মীয়দেরও পর্যন্ত নিগ্রহ করে বলে অভিযোগ। এরপর ওই বিধবা চিৎকার শুরু করলে মহিলাকে গাছে বেঁধে চুল কেটে দেয়। এই ঘটনা ভিডিও করে সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। নৈরাজ্যের বাংলাদেশে গত তিন সপ্তাহে এখনও পর্যন্ত সাত জন হিন্দুকে হত্যা করা হয়েছে। ব্যবসায়ী থেকে দোকানদার, রোষের শিকার হয়েছেন প্রত্যেকেই।

    টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সমস্যা

    বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রভাব দুই দেশের ক্রিকেট সম্পর্কের উপরেও পড়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে মুস্তাফিজুর রহমানকে ছাঁটাই করে কলকাতা নাইট রাইডার্স। তারপর থেকে এই বিষয়ে সুর চড়া করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এমনকী ঘুরপথে ‘প্রতিহিংসা’ চরিতার্থ করার চেষ্টা শুরু করে তারা। মুস্তাফিজুরকে বাদ দেওয়ার ‘বদলা’ হিসেবে ভারতে বিশ্বকাপ খেলতে না আসার সিদ্ধান্ত নেয় বিসিবি। এরপর দুই দেশের মধ্যে বিতর্ক আরও গভীর হয়েছে। আইসিসি-কে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। তবে, বিসিবি-র অনুরোধ প্রত্যাখ্যান করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। বলা হয়েছে, ভারতে কোনও সমস্যা নেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেললে সেখানেই খেলতে হবে। তবে এই আবহে বিসিবি জানিয়েছে, দেশের সম্মান বা ক্রিকেটারদের নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলে তারা খেলতে যাবে না। বুধবার ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানান, বাংলাদেশ চাইছে তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হোক।

    বিপিএল-ছাড়লেন ভারতীয় সঞ্চালিকা ঋধিমা

    অন্যদিকে, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অন্যতম উপস্থাপক হিসাবে কাজ করছিলেন ঋধিমা পাঠক। আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর তাঁকে আর অনুষ্ঠান সঞ্চালনা করতে দেখা যাচ্ছে না। মনে করা হয়েছিল, মুস্তাফিজুর বিতর্কের জেরে ভারতীয় সঞ্চালিকাকে বাদ দিয়েছেন বাংলাদেশের সম্প্রচারকারী চ্যানেল কর্তৃপক্ষ। ঋধিমা জানিয়েছেন, তিনি নিজেই বিপিএল থেকে বেরিয়ে এসেছেন। বিপিএল থেকে ঋধিমাকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জল্পনা তৈরি হয়েছিল ক্রিকেটপ্রেমীদের মধ্যে। তৈরি হচ্ছিল নতুন বিতর্ক। তবে ঋধিমা নিজেই ক্রিকেটপ্রেমীদের কাছে বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন। জানিয়েছেন, স্বেচ্ছায় বিপিএল থেকে সরে এসেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাঁকে সরিয়ে দেয়নি। বিবৃতি দিয়ে ঋধিমা বলেছেন, ‘‘আমাকে বিপিএল থেকে বাদ দেওয়া হয়েছে, এমন একটা জল্পনা ছড়িয়েছে। এটা ঠিক নয়। আমি নিজেই সরে আসার সিদ্ধান্ত নিয়েছি। এটা ব্যক্তিগত সিদ্ধান্ত। আমার কাছে আমার দেশ সব সময় সকলের আগে। যে কোনও ব্যক্তিগত দায়িত্বের চেয়ে ক্রিকেট খেলা অনেক বেশি মূল্যবান বলে মনে করি। বছরের পর বছর সততা, শ্রদ্ধা, আবেগের সঙ্গে ক্রিকেটের সেবা করার সুযোগ পেয়েছি। এটার কোনও পরিবর্তন হবে না। আমি সততা, স্বচ্ছতা এবং খেলার পাশেই থাকব।’’

  • KKR: বাংলাদেশি খেলোয়াড়কে কেন ৯ কোটি টাকায় নেওয়া হল? কেকেআরকে নিশানা ভিএইচপির

    KKR: বাংলাদেশি খেলোয়াড়কে কেন ৯ কোটি টাকায় নেওয়া হল? কেকেআরকে নিশানা ভিএইচপির

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্ব হিন্দু পরিষদ (VHP)-এর মুখপাত্র বিনোদ বনসল সম্প্রতি কলকাতা নাইট রাইডার্স (KKR) কর্তৃক বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএল নিলামে ৯.২০ কোটি টাকা দিয়ে দলে নেওয়ার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। যে দেশে কট্টর মুসলমানরা হিন্দুদের টার্গেট করে হত্যা করছে প্রতিদিন, সেই দেশের খেলোয়াড়কে ভারতের আইপিএলে কেন? এই প্রশ্ন তুলে সরব হয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। সম্প্রতি বাংলাদেশে লাগাতার এক তরফা হিন্দু নির্যাতন চলছে। ময়মনসিংহ, শরিয়তপুর, রাজশাহী, খুলনা-সহ একাধিক জায়গায় হিন্দুদের টার্গেট করে হত্যা করা হচ্ছে। জোর করে জমি দখল করছে। হিন্দুর বাড়ি লক্ষ্য করে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে।

    কেন বিতর্ক (VHP)?

    বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর ক্রমাগত হামলার আবহে এই বাংলাদেশি খেলোয়াড়কে কেকেআর-এর টিমে নেওয়ায় ভারতে তাৎক্ষণিক রাজনৈতিক বিতর্কের সূত্রপাত হয়েছে। আইপিএল ২০২৬ মরসুমের জন্য কেকেআর-এর এই সিদ্ধান্ত ঘিরে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। গত ডিসেম্বরে অনুষ্ঠিত আইপিএল নিলামে কেকেআর বিশাল অঙ্কের টাকা খরচ করে মুস্তাফিজুরকে কিনেছিল।

    আর কী কোনও দেশের খেলোয়াড় নেই?

    এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্ব হিন্দু পরিষদের (VHP) নেতা বনসল বলেন, “কেকেআর-এর (KKR) উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলা উচিত। যে দেশে হিন্দুদেরকে সুপরিকল্পিতভাবে এবং নির্বিচারে হত্যা করা হচ্ছে, সেখানে কেন ফ্র্যাঞ্চাইজিটি এত মোটা অঙ্কের টাকা খরচ করে একজন বাংলাদেশি ক্রিকেটারকে দলে নিল। যদি কেকেআর নিজেদেরকে একটি ভারতীয় দল মনে করে এবং যদি তারা ভারতীয় দর্শকদেরকেই তাদের দর্শক মনে করে, তবে কি তাদের জনগণের অনুভূতির বিষয়ে চিন্তা করা উচিত ছিল না? আমাদের হিন্দুদেরকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে, তাহলে কেন একজন বাংলাদেশি খেলোয়াড়কে ৯ কোটি টাকায় নেওয়া হল? পৃথিবীতে কি আর কোনও ক্রিকেটার ছিল না?…”

    দেশের স্বার্থে বিসিসিআই-এর সিধান্ত সঠিক

    বিজেপি নেতা শুভেন্দু অধিকারীও এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (BCCI)-এর নেওয়া সিদ্ধান্তকে সমর্থন করেন। তিনি দৃঢ়তার সাথে বলেন, “দেশ সকলের উপরে, তাই বিসিসিআই যা করেছে তা দেশের স্বার্থেই করেছে।” সমালোচনার মুখে পড়ে কলকাতা নাইট রাইডার্স (KKR) শনিবার জানিয়েছে, ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (BCCI)-এর নির্দেশ পাওয়ার পর আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) ২০২৬ মরসুমের স্কোয়াড থেকে বাংলাদেশি খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়েছে।

    কেকেআর-এর বিজ্ঞপ্তি

    কেকেআর কর্তৃক জারি করা এক মিডিয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, “কলকাতা নাইট রাইডার্স নিশ্চিত করছে যে আইপিএল-এর নিয়ন্ত্রক হিসেবে বিসিসিআই-এর পরামর্শমতো আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মরসুমের আগে মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দিয়েছে।” এর আগে, বিসিসিআই-এর সচিব দেবজিৎ সাইকিয়া বলেন, “ক্রিকেটের সর্বোচ্চ বোর্ড সাম্প্রতিক ঘটনাবলীর কারণে কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিসিসিআই কেকেআর-কে অন্য কোনও খেলোয়াড় নেওয়ার জন্য অনুমতিও দেবে।”

    বাংলাদেশের প্রতিক্রিয়া

    এদিকে, বিসিসিআই-এর এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) জানিয়েছে, আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর জন্য তাদের পুরুষ ক্রিকেট দলকে ভারতে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। সেইসঙ্গে বিসিবি-র একজন কর্মকর্তা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)-কে বাংলাদেশ ক্রিকেট দলের ম্যাচগুলিকে ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় স্থানান্তরিত করার জন্য অনুরোধ করেছেন।

    রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনার প্রভাব

    শনিবার কলকাতা নাইট রাইডার্স চলতি বছর আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার কথা প্রকাশ্যে আসে। এরপর পরিস্থিতি আরও তীব্র হয়। ফ্র্যাঞ্চাইজিটি ৩০ বছর বয়সি এই পেসারকে ৯.২০ কোটি টাকায় কিনেছিল। কিন্তু, বিসিসিআইয়ের নির্দেশে তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। বাংলাদেশে সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষিতে ভারত ও বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনার মধ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। এর প্রতিক্রিয়ায়, বিসিবি একটি জরুরি সভা করে এবং বাংলাদেশের ক্রীড়া মন্ত্রক আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ প্রকাশ করে। এর সঙ্গেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগামী টি২০ বিশ্বকাপ ম্যাচগুলি ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তরের দাবি জানায়।

  • T20 World Cup: ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলিকে ভারত থেকে শ্রীলঙ্কায় চায় বিসিবি

    T20 World Cup: ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলিকে ভারত থেকে শ্রীলঙ্কায় চায় বিসিবি

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার ক্রিকেটের ময়দানেও ভারত বিরোধিতার স্বর বাংলাদেশে। ২০২৬ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল (IPL) থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে সম্পর্কের টানাপোড়েন তৈরি করেছে। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) বাংলাদেশের ম্যাচগুলিকে ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তরের জন্য আইসিসিকে জানিয়েছে বাংলাদেশ।

    ফ্লাইট এবং হোটেল ইতিমধ্যেই বুক (T20 World Cup)

    ২০২৬ সালে ২০টি দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হওয়ার কথা। এখানে বাংলাদেশ, ইংল্যান্ড, ইতালি, নেপাল এবং ওয়েস্ট ইন্ডিজের সঙ্গেও গ্রুপ রয়েছে। বাংলাদেশের ম্যাচগুলি কলকাতা এবং মুম্বাইয়ে হওয়ার কথা। তবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করে সম্ভাব্য খেলার স্থান পরিবর্তনের জন্য আইসিসিকে চিঠি লিখেছে। প্রতিক্রিয়ায় স্বরূপ ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসিআইয়ের এক ঊর্ধ্বতন আধিকারিক বাংলাদেশের দাবিকে অত্যন্ত অবাস্তব বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, “কারও ইচ্ছায় খেলা পরিবর্তন করা যায় না। এটা একটা লজিস্টিকাল দুঃস্বপ্ন। প্রতিপক্ষ দলের ফ্লাইট এবং হোটেল ইতিমধ্যেই বুক করা আছে। প্রতিটি ম্যাচের দিনে তিনটি করে খেলার সময়সূচি নির্ধারিত থাকে, যার মধ্যে একটি শ্রীলঙ্কায়। সম্প্রচার কর্মী এবং অপারেশনাল দলগুলিও এতে জড়িত থাকে, তাই বলা সহজ কিন্তু করা সহজ নয়।”

    রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনার প্রভাব

    শনিবার কলকাতা নাইট রাইডার্স চলতি বছর আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়। এরপর পরিস্থিতি আরও ঘোরালো হয়। ফ্র্যাঞ্চাইজিটি ৩০ বছর বয়সী এই পেসারকে ৯.২০ কোটি টাকায় কিনে নেওয়া হয়। বাংলাদেশে সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষিতে ভারত ও বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনার মধ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর প্রতিক্রিয়ায়, বিসিবি একটি জরুরি সভা করে এবং বাংলাদেশের ক্রীড়ামন্ত্রক কর্তৃক আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে উদ্বেগ প্রকাশের নির্দেশ দেওয়া হয়।

    বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) ২০২৬ ম্যাচের সময়সূচি-

    • বনাম ওয়েস্ট ইন্ডিজ – ৭ ফেব্রুয়ারি (কলকাতা)
    • বনাম ইতালি – ৯ ফেব্রুয়ারি (কলকাতা)
    • বনাম ইংল্যান্ড – ১৪ ফেব্রুয়ারি (কলকাতা)
    • বনাম নেপাল – ১৭ ফেব্রুয়ারি (মুম্বই)

    এখন পর্যন্ত, আইসিসি কর্তৃক কোনও আনুষ্ঠানিক অনুরোধ নিশ্চিত করা হয়নি এবং টুর্নামেন্টের সময়সূচি অপরিবর্তিতই রয়েছে।

  • IPL Auction: রেকর্ড ২৫.২০ কোটি টাকায় ক্যামরেন গ্রিনকে কিনল কেকেআর, সঙ্গে একাধিক অনামীকেও

    IPL Auction: রেকর্ড ২৫.২০ কোটি টাকায় ক্যামরেন গ্রিনকে কিনল কেকেআর, সঙ্গে একাধিক অনামীকেও

    মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএলের (IPL) ইতিহাসে এখন সবথেকে দামি বিদেশি খেলোয়াড়। ২৫.২০ কোটি টাকায় ক্যামরেন গ্রিনকে কিনল কেকেআর। এর আগে ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় মিচেল স্টার্ককে কিনেছিল কেকেআর (KKR)। নিলামে এই টাকাই ছিল সবচেয়ে বেশি। এবার স্টার্ককে ছাপিয়ে গেলেন গ্রিন। নিজেদের রেকর্ড নিজেরাই ভেঙে দিয়েছে। আইপিএল-এ এই খবরে বিরাট শোরগোল পড়েছে।

    দুই দলের মধ্যেই বিরাট তোড়জোড় (IPL)

    গ্রিনকে কেনার বিষয় নিয়ে যে চড়া দাম উঠবে তাঁর অবশ্য আগে থেকেই একটা ইঙ্গিত ছিল। ছোট নিলামে যে অলরাউন্ডাররা রয়েছেন তাঁদের মধ্যে সব চেয়ে ভয়ঙ্কর তিনি। গ্রিনকে কিনতে কেকেআর (IPL) আর চেন্নাই সুপার কিংস দুই দলের মধ্যেই বিরাট প্রতিদ্বন্দ্বিতা হয়। আন্দ্রে রাসেলকে আগেই ছেড়ে দিয়েছিল কলকাতা। চেন্নাই ছেড়ে দিয়েছিল স্যাম কারেনকে। তাই দুই দলের পেসার এবং অল রাউন্ডার দারুণ ভাবে প্রয়োজনীয় ছিল।

    দাম ক্রমেই উর্ধমুখী

    নিলামে দেখা গিয়েছিল গ্রিনের নাম বলার পরেই সবার আগে হাত তুলেছিল মুম্বই ইন্ডিইয়ান্স। যদিও ২ কোটি ৬০ লক্ষ দাম ওঠার পর মুম্বই কেটে পড়ে। এরপর দাম হাঁকে কেকেআর (KKR)। রাজস্থান রয়্যালসের সঙ্গে তাদের লড়াই চলছিল। এরপর ক্রমেই বাড়ছিল গ্রিনের দাম। ১৩ কোটি ২০ লক্ষ টাকা দাম ওঠার পর রাজস্থানও সরে যায়। এরপর আসরে নামে চেন্নাই। তবে ২০২৩ সালের নিলামে ১৭ কোটি ৫০ লক্ষ টাকায় গ্রিনকে কিনেছিল মুম্বই। এই টাকায় ২০২৪ সালে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে গিয়েছিলেন। এবারে সেই টাকার অঙ্কও ছাপিয়ে যায়। ২০ কোটি পার হওয়ার পরপর বোঝা যাচ্ছিল বিরাট অঙ্কে গিয়ে ঠেকবেন। অবশেষে কেকেআর ২৫ কোটি ২০ লক্ষ টাকা হাঁকলে চেন্নাই থেমে যায়। গ্রিনকে কিনে নেয় কেকেআর।

    একাধিক অনামীকে বাছল কেকেআর

    এখানেই অবশ্য থেমে থাকেনি শাহরুখ খানের দল। ১৮ কোটি টাকায় শ্রীলঙ্কার রহস্য পেসারকে নিয়ে নেয় কেকেআর। এর পর, ২ কোটি টাকায় কিউয়ি উইকেটকিপার ফিন অ্যালেনকেও কিনে নেয় কলকাতা। পাশাপাশি, রাজস্থানের সঙ্গে দীর্ঘ ক্ষণ লড়াই করে তেজস্বী সিংকে ৩ কোটিতে কিনে নেয় কলকাতা। দিল্লি প্রিমিয়ার লিগ থেকে উঠে আসা ক্রিকেটারকে নিয়ে মুম্বই, রাজস্থান এবং কলকাতার লড়াই হয়। ৭৫ লাখে রাহুল ত্রিপাঠিকে কিনে নেয় কেকেআর। মহারাষ্ট্রের ক্রিকেটার প্রশান্ত সোলাঙ্কি এবং কার্তিক ত্যাগীকেও কিনেছে কেকেআর। দুজনের জন্যই ৩০ লক্ষ টাকা করে খরচ করল বেগুনি ব্রিগেড।

  • IPL 2025: আইপিএলে দিল্লি ক্যাপিটালসকে বয়কটের ডাক! সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং কেন জানেন?

    IPL 2025: আইপিএলে দিল্লি ক্যাপিটালসকে বয়কটের ডাক! সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লি ক্যাপিটালসকে বয়কটের ডাক উঠল আইপিএলে (IPL 2025)। আচমকা সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং #boycottdelhicapitals। আইপিএলে কোনও দলকে বর্জন করার ডাক উঠছে, এরকম ঘটনা কোনও দিন ঘটেনি। তাহলে এরকম ঘটার কারণ। বুধবার দিল্লি ক্যাপিটালস জানায়, অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার-মার্গক বাকি আইপিএলে খেলতে না পারায় তার বদলি হিসেবে বাংলাদেশের পেসার মুস্তাফিজুরকে নেওয়া হয়েছে। ব্যাস চটে লাল ভক্তরা।

    দিল্লি ক্যাপিটালসকে বয়কটের কারণ

    ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে স্থগিত হয়ে গিয়েছিল আইপিএল। ১৭ মে থেকে ফের শুরু হতে চলেছে টুর্নামেন্ট। বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ দিয়ে। তবে আইপিএলের এই চূড়ান্ত পর্যায়ে বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে সমস্যায় অনেক দলই । অনেক বিদেশি ক্রিকেটারই আইপিএলের শেষ পর্বে খেলতে আসতে পারবেন কি না তা নিয়ে সংশয় রয়েছে। আর সেই আবহে কপাল খুলে গিয়েছে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের। দিল্লি ক্যাপিটালস আইপিএলের শেষ পর্বে পাবে না অস্ট্রেলিয়ার ওপেনার জেক ফ্রেজার ম্যাকগার্ককে (Australian opener Jake Fraser-McGurk)। তাঁর পরিবর্ত হিসাবে তারা ৬ কোটি টাকায় সই করিয়েছে বাংলাদেশের মিডিয়াম পেসার মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman)। যিনি এর আগেও দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলে খেলেছেন। ২০২২ ও ২০২৩ সালে।

    মুস্তাফিজুরের খেলা নিয়ে সংশয়

    আইপিএলের নিলামে বাংলাদেশের কোনও ক্রিকেটারকে নিয়েই আগ্রহ দেখায়নি কোনও দল। অবিক্রিত থেকে গিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটারেরা। তবে আইপিএলের চূড়ান্ত পর্বে বিদেশি ক্রিকেটারদের না যোগ দেওয়ার সিদ্ধান্তের পর দরজা খুলতে শুরু করল বাংলাদেশের। সুযোগ পেলেন মুস্তাফিজুর। যদিও বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তন আর তারপর সে দেশে প্রবল ভারত বিদ্বেষী হাওয়ায় মুস্তাফিজুরকে আইপিএলে নেওয়ার দিল্লি ক্যাপিটালসের সিদ্ধান্ত ভালোভাবে নেননি ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। বিরক্ত হয়ে তাই দিল্লি ক্যাপিটালস বয়কটের ডাক উঠেছে। তবে মুস্তাফিজুরের আইপিএলে খেলা নিয়ে সংশয় রয়েছে। কারণ সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে খেলতে সে দেশে যাচ্ছে বাংলাদেশ। সেই দলে রয়েছেন মুস্তাফিজুরও।

  • IPL 2025: ফাইনাল হচ্ছে না ইডেনে! কলকাতা ও বেঙ্গালুরুর ম্যাচ দিয়েই ফের শুরু আইপিএল

    IPL 2025: ফাইনাল হচ্ছে না ইডেনে! কলকাতা ও বেঙ্গালুরুর ম্যাচ দিয়েই ফের শুরু আইপিএল

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতির পরে আবার শুরু হতে চলেছে আইপিএল (IPL 2025)। ভারত-পাকিস্তান সংঘর্ষের জেরে সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল ক্রীড়া বিনোদনের মহাযজ্ঞ। তবে আইপিএল শুরু হলেও মন ভার কলকাতার ক্রিকেটপ্রেমীদের। আইপিএল ফাইনাল হচ্ছে না ক্রিকেটের নন্দনকানন ইডেনে। হচ্ছে না কোয়ালিফায়ার ম্যাচও। পূর্ব নির্ধারিত সুচি অনুযায়ী অবশ্য ইডেনেই ওই দুটো ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু পরিবর্তিত নতুন সূচিতে ইডেনে কোনও ম্যাচ দেওয়া হয়নি। অনেকের মতে, ওই সময় কলকাতায় বৃষ্টির ভালোরকম পূর্বাভাস রয়েছে, তাই বোর্ড কোনওরকম ঝুঁকি নিতে চায়নি।

    কবে থেকে শুরু খেলা

    ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) জানিয়েছে, ১৭ মে, শনিবার থেকে আবার প্রতিযোগিতা শুরু হবে। ফাইনাল ৩ জুন, মঙ্গলবার। প্রথম কোয়ালিফায়ার হবে ২৯ মে, বৃহস্পতিবার। এলিমিনেটর ৩০ মে, শুক্রবার। দ্বিতীয় কোয়ালিফায়ার ১ জুন, রবিবার। গ্রুপ পর্বের ম্যাচগুলির মাঠ জানালেও, প্লে-অফের খেলা কোথায় হবে তা জানায়নি বোর্ড। আইপিএল বন্ধ হওয়ার সময়ই বোর্ড ১০ দলকে জানিয়ে দিয়েছিল, যে সব ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ দেশে ফিরে গিয়েছেন, তাঁরা যেন ভারতে ফিরে আসার জন্য তৈরি থাকেন। বোর্ডের সবুজ সঙ্কেত পেলেই দলের সঙ্গে যোগ দিতে হবে তাঁদের। সেই নির্দেশও পাঠিয়ে দেওয়া হয়েছে। বিসিসিআই আশাবাদী বিদেশি ক্রিকেটাররাও নিশ্চিন্তে দ্রুতই দলের সঙ্গে যোগ দেবেন।

    কোথায় কোথায় হবে ম্যাচ

    সোমবার ভারতীয় বোর্ডের তরফ থেকে টুর্নামেন্টের বাকি ক্রীড়াসূচি ঘোষণা করা হয়। সেখানে পরিষ্কার করে বলে দেওয়া হয়, ফাইনাল-সহ টুর্নামেন্টের বাকি সতেরো ম্যাচ হবে ছ’টা শহরে। সেই তালিকায় নেই ইডেন। যে ছ’টা শহরে ম্যাচ দেওয়া হয়েছে, সেগুলো যথাক্রমে- বেঙ্গালুরু, জয়পুর, দিল্লি, লখনউ, মুম্বই আর আমেদাবাদ। গ্রুপ পর্বে কেকেআরের আর কোনও ম্যাচ নেই ইডেনে। ফলে কলকাতায় এবারের মতো আইপিএল যজ্ঞ শেষই বলা যায়। নতুন সূচি অনুযায়ী, কেকেআর ১৭ মে খেলবে আরসিবির বিরুদ্ধে বেঙ্গালুরুতে। অজিঙ্ক রাহানের টিমের গ্রুপের শেষ ম্যাচ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। ওই ম্যাচ হায়দরাবাদের ঘরের মাঠে দেওয়া হয়নি। তা হবে দিল্লিতে।

  • IPL 2025: অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল, ভারত-পাক সংঘাতের মাঝে সিদ্ধান্ত বিসিসিআই-এর

    IPL 2025: অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল, ভারত-পাক সংঘাতের মাঝে সিদ্ধান্ত বিসিসিআই-এর

    মাধ্যম নিউজ ডেস্ক: আশঙ্কাই সত্যি হল। ভারত–পাক সংঘর্ষের জেরে আপাতত স্থগিত হয়ে গেল আইপিএল (IPL 2025)। কবে শুরু হবে তা সময়ে জানিয়ে দেবে বিসিসিআই। বিসিসিআইয়ের এক আধিকারিক সংসবাদংস্থা পিটিআইকে জানিয়েছেন, দেশের যখন এই পরিস্থিতি। একটা যুদ্ধের আবহ রয়েছে। তখন ক্রিকেট খেলা ভাল লাগে না।

    নিরাপত্তাই প্রাধান্য

    গত বুধবার গভীর রাতে ‌অপারেশন সিঁদুর এর পর ইডেন ম্যাচে বোমাতঙ্ক ছড়িয়েছিল। বৃহস্পতিবার বোমাতঙ্ক ছড়ায় জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে। তারপর বৃহস্পতিবার রাতে পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালস ম্যাচ পাকিস্তানের ড্রোন হামলার জেরে মাঝপথেই বন্ধ করে দিতে হয়। তাই আর ঝুঁকি নিতে চায়নি বিসিসিআই। জানিয়ে দেওয়া হল আপাতত স্থগিত আইপিএল। যার ফাইনাল হওয়ার কথা ছিল ২৫ মে ইডেনে। আইপিএলে (IPL 2025) দেশের ক্রিকেটারদের পাশাপাশি বহু বিদেশি ক্রিকেটার খেলেন। তাঁদের নিরাপত্তার দিকটি বোর্ডকে দেখতে হবে। ফলে ভারত-পাক যুদ্ধের আবহে ক্রিকেটার থেকে শুরু করে দলের সাপোর্ট স্টাফ ও অন্যান্যরা যাতে নিরাপত্তার অভাব না বোধ করেন, সেটা দেখাও বোর্ডের কাজ। সূত্রের খবর, বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতিতে ত্রস্ত বিদেশি তারকারা। পাঞ্জাব কিংসের দুই ক্রিকেটার মার্কাস স্টয়নিস এবং জস ইংলিশ উদ্বেগ প্রকাশ করে বাড়ি ফেরার ইচ্ছাও জানিয়েছেন। যুদ্ধের আবহে ক্রিকেটারদের নিয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করছে ভারতীয় বোর্ড। কীভাবে ক্রিকেটারদের বাড়ি ফেরানো যায়, তারও ব্লু প্রিন্ট তৈরি করা হচ্ছে বলে খবর।

    ফের কবে আইপিএল

    জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ২২ এপ্রিল বেছে বেছে হিন্দু পর্যটকদের হত্যা করে পাক-মদতপুষ্ট সন্ত্রাসীরা। এরপর ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা ধীরে ধীরে তীব্র আকার ধারণ করেছে। পাকিস্তানের সকল চেষ্টা ব্যর্থ করছে ভারত। এই পরিস্থিতিতে আইপিএলের মতো টুর্নামেন্ট আর না চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল বোর্ড। সংবাদসংস্থা পিটিআইকে এমনটাই জানিয়েছেন বিসিসিআইয়ের এক কর্তা। তিনি বলেন, ‘দেশ যখন যুদ্ধে লিপ্ত, সেই সময় ক্রিকেট টুর্নামেন্ট চলতে থাকা ভালো দেখায় না।’ সূত্রের খবর, দক্ষিণ আফ্রিকায় চলে যেতে পারে আইপিএলের শেষ পর্ব। যদিও বিসিসিআই জানিয়েছে, টুর্নামেন্টের বাকি ম্যাচ নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। নিরাপত্তার জন্যই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে বোর্ড। কবে, কীভাবে টুর্নামেন্টের বাকি অংশের আয়োজন হবে, বা আদৌ হবে কিনা, সেটা নিয়ে অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করছে বোর্ড। সব পক্ষের সঙ্গে আলোচনার পরই সরকারিভাবে সিদ্ধান্ত ঘোষণা করা হবে।

  • IPL 2025: হারের পর পিচকে দোষারোপ! আইপিলে পিচ বিতর্কে সব ফ্রাঞ্চাইজিকে কড়া নির্দেশ বোর্ডের

    IPL 2025: হারের পর পিচকে দোষারোপ! আইপিলে পিচ বিতর্কে সব ফ্রাঞ্চাইজিকে কড়া নির্দেশ বোর্ডের

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘরের মাঠের পিচ (IPL 2025) নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে কলকাতা নাইট রাইডার্স থেকে শুরু করে চেন্নাই সুপার কিংস,  লখনউ সুপার জায়ান্টস দলগুলি। সবার অভিযোগ, ঘরের মাঠের সুবিধা তারা পাচ্ছে না। এই পরিস্থিতিতে পিচ নিয়ে মুখ খুলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বোর্ডের মতে, মরসুম শুরুর আগে পিচ প্রস্তুতকারকদের সঙ্গে ভালো করে কথা বলে নেওয়া উচিত ছিল দলগুলির। মরসুমের মাঝে এই ধরনের অভিযোগ করা উচিত নয়। পিচ নিয়ে শেষ কথা বলবেন কিউরেটরই, এমন নির্দেশও দিয়েছে বিসিসিআই।

    পিচ বিতর্কে কড়া বোর্ড

    বোর্ডের এক আধিকারিকের কথায়, “এখনও পর্যন্ত প্রতিটা মাঠের পিচ ভালোই লাগছে। দলগুলো ঘরের মাঠে নিজেদের শক্তি অনুযায়ী পিচ চাইতেই পারে। কিন্তু তার জন্য দল ও পিচ প্রস্তুতকারকের মধ্যে আলোচনা হওয়া উচিত। আর সেটা মরসুম শুরু হওয়ার আগে হওয়া উচিত। আইপিএল শুরু হওয়ার পরে এই ধরনের অভিযোগ ঠিক নয়।” ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হারের পর কলকাতা নাইট রাইডার্সে অধিনায়ক অজিঙ্ক রাহানে আর্জি জানিয়েছিলেন, ইডেনে আরও স্পিন সহায়ক উইকেট হওয়া উচিত। কিন্তু সেই আর্জি নাকচ করে দিয়েছেন ইডেনের পিচ প্রস্তুতকারক সুজন মুখোপাধ্যায়।

    ব্যাটিং ও বোলিংয়ের মধ্যে ভারসাম্য রেখেই পিচ

    বোর্ডের নির্দেশ অনুযায়ী, আইপিএলে কী ধরনের পিচ (IPL 2025) হবে তা নিয়ে কোনও দল বা ক্রিকেটার কিছু বলতে পারবেন না। ব্যাটিং ও বোলিংয়ের মধ্যে ভারসাম্য রেখে পিচ তৈরি করবেন প্রস্তুতকারক। লখনউয়ের পিচ নিয়ে বোর্ডের ওই কর্তা বলেন, “লখনউয়ের পিচের চরিত্র মন্থর। বিসিসিআইয়ের নির্দেশ অনুযায়ী, পিচের উপর ঘাস রাখতে হয়েছে। যাতে পুরো প্রতিযোগিতা জুড়ে পিচ ভাল থাকে। বাকি সব মাঠেও একই প্রক্রিয়ায় পিচ তৈরি হয়েছে। তা হলে অসুবিধা কোথায়?” পিচ বিতর্কের মধ্যেই আজ, বৃহস্পতিবার ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলতে নামছে কেকেআর। ঘুরে দাঁড়ানোর লড়াই কেকেআরের। ঘরের মাঠে হায়দরাবাদকে হারাতে মরিয়া কলকাতা। অন্যদিকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ নিজামের শহরের দল। গত বারের আইপিএলের ফাইনালে এই দুই দলই মুখোমুখি হয়েছিল। সানরাইজার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। অনেকেই বলছে অতীতের প্রতিশোধ নিতে মরিয়া রয়েছে হায়দরাবাদ।

    ঘুরে দাঁড়ানোর লড়াই

    ১৮ তম আইপিএলের (IPL 2025) শুরুর মোটেও ভালো হয়নি কেকেআরের। উদ্বোধনী ম্যাচেই আরসিবির বিরুদ্ধে খেলতে নেমে এই ইডেন গার্ডেন্সেই হারতে হয়েছিল কেকেআরের। পরবর্তীতে রাজস্থানকে হারিয়ে জয়ের অভিযান শুরু করলেও গত ম্যাচে মুম্বইয়ের কাছে পরাজিত হতে হয় কলকাতাকে। এই ম্যাচ শুধুমাত্র পয়েন্ট টেবিলে ওপরে ওঠার জন্য নয়, বরং আত্মবিশ্বাস ফিরে পাওয়ারও লড়াই নাইটদের কাছে। চলতি আইপিএল পয়েন্ট টেবিলের প্রথম স্থানে আছে পাঞ্জাব। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে দিল্লি ও বেঙ্গালুরু। তালিকায় একদম নীচে রয়েছে কলকাতা।

  • Sukanta Majumdar: ‘‘ইটের জবাব দিতে হবে পাথর দিয়ে’’, রামনবমী নিয়ে হুঙ্কার সুকান্তর

    Sukanta Majumdar: ‘‘ইটের জবাব দিতে হবে পাথর দিয়ে’’, রামনবমী নিয়ে হুঙ্কার সুকান্তর

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বছরে রামনবমী রয়েছে ৬ এপ্রিল রবিবার। মাঝে আর কয়েকটা দিন। এই আবহে রামনবমীকে ঘিরে চড়ছে বঙ্গ রাজনীতির পারদ। প্রসঙ্গত, প্রতিবারই রামনবমীকে ঘিরে বিপুল উন্মাদনা দেখা যায় বঙ্গজুড়ে। এবারেও তার ব্যতিক্রম হবে না বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

    ইটের জবাবে পাথর

    রবিবার বারাকপুরে দলীয় কর্মসূচিতে হাজির ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। সেখান থেকে রামনবমী (Ram Navami Procession) নিয়ে রাজ্যকে হুঁশিয়ারি দিলেন তিনি। বিজেপির রাজ্য সভাপতির দাবি, ‘‘রামনবমী মিছিল ঘিরে কেউ অশান্তি করার চেষ্টা করলে, ইটের জবাব পাথর দিয়ে দিতে হবে।’’ কোনওভাবেই রাজ্যে রামনবমী যেন না রখতে পারে প্রশাসন, সেই বিষয়েও কর্মীদের নজর রাখতে বললেন তিনি। এমনকি,পুলিশ যদি বাধা দিতে আসে তার পাল্টা মোকাবিলা করতে হবে বলেও দলের কর্মী সমর্থকদের উদ্দেশে নির্দেশ দিয়েছেন সুকান্ত।

    ইডেন থেকে ম্যাচ সরেছে অসমে! (Sukanta Majumdar)

    রামনবমীর (Ram Navami Procession) দিনেই আবার কলকাতার ইডেন গার্ডেনস স্টেডিয়ামে আয়োজন হয়েছিল আইপিএল ম্যাচ। রামনবমীর ভিড়ের কথা মাথায় রেখে ইতিমধ্যে সিএবিকে একটি চিঠি পাঠিয়েছে কলকাতা পুলিশ। সেই চিঠিতে জানানো হয়েছে, রামনবমীর জন্য সেই দিন ইডেনে ম্যাচ আয়োজন করা সম্ভব নয়। জানা যাচ্ছে, ওই দিনের ম্যাচ সরেছে অসমে। এনিয়েও অবশ্য তোপ দেগেছেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তিনি এই ম্যাচ বাতিলকে ‘রাজনৈতিক’ আখ্যা দিয়েছেন।

    বিজেপি শাসিত রাজ্য পারলে বাংলা কে পারছে না

    রাজ্য সরকারের ওপর ক্ষোভ উগড়ে তিনি (Sukanta Majumdar) বলেন, ‘‘এরা রামনবমী করতে পারে না, আর রামনবমী হলে বলে যে আইপিএল হবে না। শুনলাম, কলকাতায় বাতিল হয়ে ওই ম্যাচটা গুয়াহাটিতে নিয়ে যাওয়া হয়েছে। ওখানে তো বিজেপির সরকার। হিমন্ত বিশ্ব শর্মা একইদিনে আইপিএল ও রামনবমী করাতে পারলে, বাংলা কেন পারছে না?’’

  • IPL 2025: ওয়াইডেও হক-আই! রাতের খেলায় দ্বিতীয় ইনিংসে দু’টি নতুন বল, এবারের আইপিএলে আর কোন নতুন নিয়ম?

    IPL 2025: ওয়াইডেও হক-আই! রাতের খেলায় দ্বিতীয় ইনিংসে দু’টি নতুন বল, এবারের আইপিএলে আর কোন নতুন নিয়ম?

    মাধ্যম নিউজ ডেস্ক: শনিবার থেকে শুরু হচ্ছে ক্রীড়া-বিনোদনের ককটেল আইপিএল (IPL 2025)। ইডেনে প্রথম ম্যাচে কলকাতার মুখোমুখি হবে বেঙ্গালুরু। আইপিএল শুরুর আগে নিয়মে কয়েকটি বদল আনল ভারতীয় ক্রিকেট বোর্ড। বলে থুতু লাগানো যাবে এ বার থেকে, যা প্রত্যাশিতই ছিল। কোনও অধিনায়কই দ্বিমত প্রকাশ করেননি। তবে সবচেয়ে উল্লেখযোগ্য হল, রাতের ম্যাচগুলিতে দ্বিতীয় ইনিংসে যে দল বল করবে তারা দু’টি নতুন বল ব্যবহার করতে পারবে। একটি ইনিংস শুরুর সময়ে। একটি মাঝে। এ ছাড়া, ওয়াইড বলের ক্ষেত্রে হক-আই ব্যবহার করা যাবে।

    কোন কোন নিয়মে বদল

    মুম্বইয়ে আইপিএলের (IPL 2025) সব দলের অধিনায়কদের নিয়ে হওয়া ‘ক্যাপ্টেন্স মিট’-এ বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। সিদ্ধান্ত হয়েছে, রাতের ম্যাচগুলির ক্ষেত্রে দ্বিতীয় নতুন বল ব্যবহার করা যাবে ম্যাচের দ্বিতীয় ইনিংসের ১১তম ওভারের পর। যে কোনও সময়ে নতুন বল নেওয়া যাবে। ঠিক করবে ফিল্ডিং করা দল। জানা গিয়েছে, দ্বিতীয় ইনিংসের ১১তম ওভারের পর আম্পায়ারেরা বল পরীক্ষা করবেন। যদি অত্যধিক শিশির থাকে, তা হলেই বোলিং করা দল নতুন ব্যবহারের অনুমতি পাবে। সেই বল অবশ্য চকচকে পালিশ করা বল নয়। ক্ষয়াটে, চটে যাওয়া বলই দেওয়া হবে। শুধু সেই বলটি ভিজে থাকবে না। এ ছাড়া, দুপুরের ম্যাচে এই নিয়ম প্রযোজ্য হবে না।

    বলে লালার ব্যবহার

    দ্বিতীয় নতুন নিয়মটি হল, এ বার থেকে উচ্চতা এবং অফ স্টাম্পের বাইরের ওয়াইড বলে ডিআরএস নেওয়া হলে, হক-আই এবং বল ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করা হবে। ওয়াইডের ক্ষেত্রে ডিআরএসের নিয়ম আগের বছর থেকেই চালু করা হয়েছিল। এ বার এল প্রযুক্তির ব্যবহার। এবার থেকে বলে লালা ব্যবহার করা যাবে। থুতু নিয়ে নিষেধাজ্ঞা তুলতে সমর্থন জানিয়েছেন বেশির ভাগ অধিনায়কই। সব দলের অধিনায়কের কাছে পরামর্শ চাওয়া হয়েছিল। কেউ কেউ মৃদু আপত্তি তুলেছিলেন। তবে বেশির ভাগেরই মত ছিল নিষেধাজ্ঞা ওঠানোয়। সেটাই হয়েছে।

    অধিনায়কের শাস্তি

    এছাড়াও আগামী দিনে মন্থর ওভার রেটের জন্য অধিনায়ককে ম্যাচ থেকে নির্বাসিত হতে হবে না। গত বছর পর্যন্ত আইপিএলের (IPL 2025) নিয়ম ছিল, মন্থর ওভার রেটের জন্য প্রথম বার দোষী সাব্যস্ত হলে অধিনায়ককে দিতে হয় ১২ লক্ষ টাকা। দ্বিতীয়বার একই অপরাধের জন্য ক্যাপ্টেনকে ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়। আর তৃতীয়বার দোষী হলে ৩০ লক্ষ টাকা জরিমানা, সেই সঙ্গে এক ম্যাচের নির্বাসনের খাঁড়া নেমে আসে অধিনায়কের উপরে। সেই শাস্তি পেয়েছিলেন দিল্লি ক্যাপিটালসের তৎকালীন অধিনায়ক ঋষভ পন্থ। শাস্তি ভুগছেন হার্দিকও। কিন্তু নতুন নিয়ম থেকে উঠে যাচ্ছে নির্বাসনের শাস্তি। তার বদলে থাকছে ডিমেরিট পয়েন্ট এবং বড় অঙ্কের জরিমানা। লেভেল ১ অপরাধ করলে অধিনায়ককে ২৫ থেকে ৭৫ শতাংশ জরিমানা করা হবে। তাঁর নামের পাশে বসবে ডিমেরিট পয়েন্ট। যদি লেভেল ২ অপরাধ করেন তাহলে ম্যাচ ফি’র পুরোটাই জরিমানা গুণতে হবে অধিনায়ককে। সর্বোচ্চ চারটি ডিমেরিট পয়েন্ট যোগ হবে অধিনায়কের নামের পাশে। তবে ডিমেরিট পয়েন্টের সংখ্যা খুব বেশি বেড়ে গেলে পরবর্তীকালে হয়তো নির্বাসিত হতে পারেন ক্রিকেটাররা। তবে, গতবারের নিয়মে নির্বাসিত হওয়ায় এ বছর প্রথম ম্যাচ খেলতে পারবেন না মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক।

LinkedIn
Share