Tag: IPL

IPL

  • IPL: আইপিএলে বড়সড় বেটিং চক্রের হদিশ, গ্রেফতার ৩, স্কুটির ডিকি থেকে উদ্ধার প্রায় ৪ লক্ষ টাকা

    IPL: আইপিএলে বড়সড় বেটিং চক্রের হদিশ, গ্রেফতার ৩, স্কুটির ডিকি থেকে উদ্ধার প্রায় ৪ লক্ষ টাকা

    মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএলের (IPL) বেটিংয়ে বড়সড় চক্রের হদিশ মিলল। আর এই ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করল বারাকপুরের নোয়াপাড়া থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম রোহিত সাউ, টি তারকেশ্বর রাও এবং রীতেশ সিং। রোহিতের বাড়ি খড়দার পিকে বিশ্বাস রোডে। তারকেশ্বরের বাড়ি টিটাগড়ের বাঁশ বাগান এলাকায়। আর রীতেশের বাড়ি টিটাগড়ের আরপি গুপ্তা পথ এলাকায়। ধৃতদের কাছে থেকে ৩ লক্ষ ৭৮ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    ঠিক কী ঘটনা ঘটেছিল?

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, অন্যদিনের মতো সোমবার রাতে ঘোষপাড়া রোডে পুলিশ নাকা চেকিং করছিল। রাত আড়াইটে নাগাদ স্কুটিতে করে তিনজন বারাকপুরের দিক থেকে জগদ্দলের দিকে যাচ্ছিল। নোয়াপাড়া থানার পিনকল মোড়ে পুলিশ তাদের বাইক আটকায়। পুলিশি জেরায় সন্দেহ হওয়ায় তাদের স্কুটিতে তল্লাশি চালানো হয়। স্কুটির ডিকির ভিতর থেকে ৩ লক্ষ ৭৮ হাজার টাকা পুলিশ বাজেয়াপ্ত করে। জেরায় ধৃতরা জানায় আইপিএলে (IPL) বেটিংয়ের টাকা। যারা বেটিং জিতেছে তাদের কাছে টাকা পৌঁছে দেওয়ার জন্য তারা জগদ্দল যাচ্ছিল। এর আগেও তারা সোদপুর, খড়দা এলাকার চার-পাঁচটি জায়গায় টাকা পৌঁছে দিয়ে এসেছে। জগদ্দল যাওয়ার পথেই তারা ধরা পড়ে যায়।

    কী বললেন পুলিশ কমিশনারেটের এক কর্তা?

    বারাকপুর পুলিশ কমিশনারেটের এক আধিকারিক বলেন, ধৃতদের চারদিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। আইপিএলের (IPL) বেটিং কারবার চালানোর জন্য কোথায় অফিস ছিল, কারা কারা এর পিছনে রয়েছে সবকিছু তদন্ত করে দেখা হবে। সোদপুর, খড়দায় কাদের কাছে টাকা পৌঁছানো হয়েছে তা খতিয়ে দেখা হবে। আর জগদ্দলে যে ব্যক্তির কাছে টাকা পৌঁছানোর কথা ছিল তার খোঁজে আমরা তল্লাশি শুরু করেছি। এর পিছনে বিপুল পরিমাণ টাকার খেলা রয়েছে। বারাকপুর মহকুমার খড়দা, সোদপুর, জগদ্দলে যোগের আমরা হদিশ পেয়েছি। আর কোন কোন এলাকায় এই বেটিং চক্র ছড়িয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • IPL 2023: গিল-মোহিতের দাপটে পর পর দুবার আইপিএল ফাইনালে গুজরাট টাইটান্স

    IPL 2023: গিল-মোহিতের দাপটে পর পর দুবার আইপিএল ফাইনালে গুজরাট টাইটান্স

    মাধ্যম নিউজ ডেস্ক: খেতাব ধরে রাখার লড়াইয়ে শেষ ধাপে পৌঁছে গেল গুজরাট টাইটান্স। রবিবার আইপিএল (IPL 2023) ফাইনালে মোতেরায় হার্দিক বাহিনীর সামনে চেন্নাই সুপার কিংস। প্লে-অফে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছিল দুই দল। শেষ হাসি হেসেছিল ধোনি ব্রিগেড। তবে শুক্রবার মোতেরায় দ্বিতীয় কোয়ালিফায়ারে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডয়ান্সকে ৬২ রানে হারিয়ে সহজেই ফাইনালের টিকিট পাকা করে নেয় গতবারের চ্যাম্পিয়নরা। ম্যাচের নায়ক শুভমান গিল। ৬০ বলে তাঁর সংগ্রহ ঝোড়ো ১২৯ রান। ৭টি চার ও ১০টি ছক্কাও হাঁকিয়েছেন তিনি। বলা ভালো, গিলের দুর্ধর্ষ ব্যাটিংয়ের সামনে উড়ে গেল মুম্বই।

    ম্যাচের হালচাল

    বৃষ্টির কারণে শুক্রবার মোতেরায় গুজরাট-মুম্বই ম্যাচ শুরু হয় নির্ধারিত সময়ের আধ ঘণ্টা পরে। পরিবেশ ও পরিস্থিতি বুঝে টসে জিতে আগে ফিল্ডিং নিয়েছিলেন রোহিত শর্মা। তিনি ভেবেছিলেন, রান তাড়া করতে সুবিধা হবে। কিন্তু শুভমান গিলের সেঞ্চুরিতে ভর করে গুজরাট ৩ উইকেটে ২২৩ রান তোলায় কার্যত কোণঠাসা হয়ে পড়ে মুম্বই। গিল ছাড়া গুজরাটের হয়ে ভালো ব্যাট করেছেন সাই সুদর্শন (৪৩)। তবে মন্থর ব্যাটিংয়ের কারণে রিটায়ার্ড আউট হন। যা আইপিএলে ঘটল দ্বিতীয়বার। চাওলার বলে ঋদ্ধিমান ১৮ রানে আউট হওয়ার পর ঝড় তোলেন গিল। তবে দু’বার জীবনও পেয়েছেন তিনি। একবার তাঁর ক্যাচ ফেলেন টিম ডেভিড। আর একবার ফিরতি ক্যাচ ধরতে ব্যর্থ হন গ্রিন। ৩২ বলে হাফ-সেঞ্চুরি করেন গিল। তারপর সেঞ্চুরিতে পৌঁছতে তাঁর লাগে মাত্র ১৭টি বল। যা থেকেই স্পষ্ট, গিল কতটা আক্রমণাত্মক ব্যাটিং করেছেন।

    আরও পড়ুন: একা হাতেই গুঁড়িয়ে দিলেন লখনউকে! কে এই আকাশ মাধওয়াল?

    দিনটা সত্যিই মুম্বইয়ের ছিল না। তা না হলে টসে জিতেও এভাবে হারতে হয়! সহ খেলোয়াড় জর্ডনের সঙ্গে সংঘর্ষে চোটে আঘাত পান কিষান। তিনি আর ব্যাট করতে পারেননি। ফলে রোহিতের সঙ্গে ওপেন করতে নামেন ওয়াধেরা। কিন্তু দু’জনেই ব্যর্থ। পাওয়ার প্লেতে চালিয়ে খেলে তিলক ভার্মা ১৪ বলে করেন ৪৩। গ্রিন চোট পেয়ে মাঠ ছাড়লেও, পরে ফের ব্যাট করতে নামে। সূর্যকুমারের সঙ্গে বড় জুটি গড়ার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু ৩০ রানে লিটলের বলে বোল্ড হন গ্রিন। তবে সূর্য যতক্ষণ ছিলেন, ততক্ষণ আশা বেঁচে ছিল মুম্বইয়ের। কিন্তু চাপের মুখে চালিয়ে খেলতে গিয়ে মোহিত শর্মার বলে ৬১ রানে বোল্ড হন সূর্য। গুজরাটের জয় কার্যত নিশিচত হয়ে যায়। ১৮.১ ওভারে ১৭১ রানেই গুটিয়ে যায় মুম্বই। ১০ রানে মোহিতের সংগ্রহ মোট ৫টি উইকেট।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • IPL 2023: দশ বার আইপিএলের ফাইনালে চেন্নাই সুপার কিংস! আজ মুখোমুখি মুম্বই-লখনউ

    IPL 2023: দশ বার আইপিএলের ফাইনালে চেন্নাই সুপার কিংস! আজ মুখোমুখি মুম্বই-লখনউ

    মাধ্যম নিউজ ডেস্ক: দশ বার আইপিএলের (IPL 2023) ফাইনালে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস (CSK)। এমন কীর্তি আইপিএলের ইতিহাসে আর অন্য কোনও দলের নেই। মঙ্গলবার রাতে গুজরাট টাইটান্স হার মেনেছে মাহি-মস্তিষ্কের কাছে। গুজরাটকে ১৫ রানে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে সিএসকে। আইপিএলের এলিমিনেটর ম্যাচে বুধবার মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স এবং লখনউ সুপার জায়ান্টস। 

    এটাই মাহির শেষ আইপিএল!

    আগামী বছর আইপিএলে (IPL 2023) খেলবেন কিনা, সেই ভাবনাচিন্তা করার জন্য হাতে আরও আট-নয় মাস আছে। তিনি যদি আগামী বছর আইপিএলে আর না খেলেন, তাহলে সেটা যে আগামী ডিসেম্বরের মিনি নিলামের আগেই সিএসকে কর্তৃপক্ষকে জানিয়ে দেবেন, তা স্পষ্ট করে দিয়েছেন মাহি। সেইসঙ্গে ধোনি এটাও বুঝিয়ে দিয়েছেন, আগামী বছর চেন্নাইয়ের জার্সি পরে মাঠে না নামলেও সিংহ ব্রিগেডের সঙ্গেই যুক্ত থাকবেন। তবে তার আগে পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য মাহির।

    কেঁদেছিলেন ধোনিও

    ২৮ মে আমেদাবাদে দশম আইপিএল (IPL 2023) ফাইনালে খেলবে ধোনির ইয়েলোব্রিগেড। ২০২১ সালে শেষ বার আইপিএল ফাইনালে পৌঁছেছিল ধোনির দল। সে বার চতুর্থ আইপিএল ট্রফি গিয়েছিল সিএসকে শিবিরে। কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে সে বার চ্যাম্পিয়ন হয়েছিল ধোনির চেন্নাই। সাধারণত আবেগ নিয়ন্ত্রণে রাখলেও দলের জন্য কেঁদে ফেলেছিলেন মাহিও। মঙ্গলবার সেকথা জানিয়েছেন একদা ধোনির সতীর্থ হরভজন সিং। টানা দু’বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ২০১৮ সালে চেন্নাই সুপার কিংস আবার আইপিএলে ফিরেছিল। টুর্নামেন্ট শুরুর আগে গোটা দল একত্র হয়েছিলেন। মহেন্দ্র সিং ধোনি, হরভজন সিং, ইমরান তাহিররা। সেই রাতে মাহি ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। সতীর্থদের সামনেই কেঁদে ফেলেছিলেন। দীর্ঘবছর পর সেদিনের ঘটনার কথা প্রকাশ্যে এনেছেন হরভজন। ধোনিও কেঁদেছিলেন, ভাজ্জির মুখে এ কথা শুনে অবাক হয়েছেন অনেকে।

    আরও পড়ুন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতি নিতে লন্ডন যাচ্ছেন বিরাট-সহ ৯ জন

    আজ মুখোমুখি মুম্বই-লখনউ

    লিগ পর্বে তৃতীয় হয়ে প্লে-অফে (IPL 2023) উঠেছে লখনউ। অন্য দিকে, প্রতিযোগিতায় ভাল শুরু না করেও শেষ চারে জায়গা করে নিয়েছেন রোহিত শর্মারা। বুধবার চেন্নাইয়ের ২২ গজে আইপিএলের প্রথম নকআউট ম্যাচে মুখোমুখি মুম্বই-লখনউ। লখনউয়ের দু’জন গুরুত্বপূর্ণ ক্রিকেটার অধিনায়ক লোকেশ রাহুল এবং জোরে বোলার জয়দেব উনাদকাট ছিটকে গিয়েছেন চোটের জন্য। তাতেও পরোয়া নেই লখনউয়ের। জোড়া ধাক্কাও লখনউয়ের পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারেনি। কুণাল পান্ডিয়ার নেতৃত্বেও ধারাবাহিকতা বজায় রেখেছে কলকাতার শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার ফ্র্যাঞ্চাইজি। অন্য দিকে, পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই প্রতিযোগিতার শুরুটা ভাল করতে পারেনি। প্রথম দু’টি ম্যাচেই হেরে গিয়েছিলেন রোহিতরা। প্রতিযোগিতা যত এগিয়েছে মুম্বইকে তত চেনা ছন্দে দেখা গিয়েছে। সূর্যকুমার যাদবের ছন্দে ফেরা মুম্বইয়ের আত্মবিশ্বাস বাড়িয়েছে অনেকটা। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • IPL: আইপিএলে বেটিং চক্র! পুলিশি অভিযানে গ্রেফতার ২, উদ্ধার নগদ কয়েক লক্ষ টাকা

    IPL: আইপিএলে বেটিং চক্র! পুলিশি অভিযানে গ্রেফতার ২, উদ্ধার নগদ কয়েক লক্ষ টাকা

    মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএলকে (IPL) ঘিরে বেটিং চালানোর দুর্গাপুরের মেনগেট অঞ্চলের নিউ স্টিল পার্ক থেকে মহম্মদ নিয়াজ খান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল দুর্গাপুর থানার পুলিশ। ১১ মে ছিল আইপিএলে (IPL) কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়েলসের ম্যাচ। ম্যাচ শুরু হতেই চালু হয়ে যায় বেটিং। বেটিং অ্যাপ এর লোকেশন ট্র্যাক করে পুলিশ হাতেনাতে ধরে নিয়াজকে। দীর্ঘদিন ধরেই পুলিশের কাছে খবর ছিল এই বেটিং চক্রের।

    ধৃত যুবকের কাছ থেকে কী কী উদ্ধার হল?

    মূলত দুটি ভাবে আইপিএলের (IPL) এই বেটিং হয়। প্রথমত, সরাসরি ম্যাচের ওপর লগ্নি করে। ম্যাচের আগেই নিজ পছন্দের নির্দিষ্ট টিমের ওপর বাজি রেখে চলে বেটিং। বেটিং এর লগ্নিমূল্য আগেই জমা করতে হয় নির্দিষ্ট অ্যাকাউন্টে। পুরোটাই চলে বিশ্বাসের ওপর ভিত্তি করে। জিতলে ততক্ষনাৎ টাকা চলে আসে গ্রাহকের অ্যাকাউন্টে। আর দ্বিতীয়ত, যেটা হয়, সেটা একটু উঁচু লেভেলে। কলকাতা সহ দেশের বিভিন্ন মহানগরগুলিতে সাট্টার মাস্টারমাইন্ডরা তা পরিচালনা করে। সেখানে নির্দিষ্ট ওভার বা নির্দিষ্ট বল-এ কি ঘটবে তার ওপর বাজি ধরা হয়। দুর্গাপুরে কোন বেটিংচক্র চলত তা পুলিশ খতিয়ে দেখছে। ধৃত নিয়াজকে শুক্রবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে চার দিনের হেফাজতে নেয় পুলিশ। ডিসি (পূর্ব) কুমার গৌতম বলেন, ধৃতের কাছ থেকে চারটি মোবাইল ফোন, দুটি ডায়েরি ও নগদ ৫ লক্ষ ৩০ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।

    কী বলল বেটিং চক্রে ধৃত যুবক?

    ধৃত নিয়াজকে শুক্রবার আদালতে নিয়ে যাওয়ার পথে সে জানায়, ছোটকা পয়েন্ট দেখতো। কে এই ছোটকা? এক্ষেত্রে “পয়েন্ট” ই বা কী? জানা গিয়েছে, গত কয়েক বছর ধরেই আইপিএলকে (IPL) ঘিরে দুর্গাপুরে ক্রমাগত সক্রিয় হয়ে উঠেছে বেটিং চক্র। এই চক্রে দুর্গাপুরের মাস্টারমাইন্ড ছোটকা। শহরের বিভিন্ন এলাকায় পয়েন্ট তৈরি করে সেখানে নিজের এজেন্টকে দিয়ে এই বেটিং চক্র চালাত সে। মেনগেট , বেনাচিতি, ইস্পাত কলোনি, মায়াবাজারসহ বহু জায়গায় ছিল এই পয়েন্ট। এই সব পয়েন্টে থাকত তার নিজস্ব লোকেরা। বিগত কয়েক বছরের মধ্যেই সে এই বেটিং চক্রের মাথা হয়ে ওঠে। আইপিএল (IPL) চলাকালীন প্রতিদিনই সক্রিয় হয়ে ওঠে বেটিং চক্র। মোবাইল অ্যাপের মাধ্যমে খেলা হয়। ধৃতের কাছ থেকে “ছোটকা” সহ একাধিক ব্যক্তির নাম উঠে এসেছে, যাদের মাধ্যমে দুর্গাপুরে এই বেটিং চক্রের জাল বিছানো হয়েছিল।

    বেটিং চক্রে শিলিগুড়ি থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত

    আইপিএলে (IPL) বেটিং চক্র চালানোর অভিযোগে শিলিগুড়িতে ফের এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। সোনার অলঙ্কারের দোকানের আড়ালে মোবাইল অ্যাপের মাধ্যমে বেটিং চক্র চালাচ্ছিল ধৃত ব্যক্তি। বিশেষ সূত্রে খবরের ভিত্তিতে শুক্রবার রাতে মাটিগাড়ার সিটি সেন্টার শপিংমলে ওই সোনার দোকানে বেটিং করার সময় সাদা পোশাকে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) ও মাটিগাড়া থানার পুলিশ হাজির হয়। তারপরে হাতেনাতে ধরে ফেলে ওই দোকানের মালিককে। পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির নাম সুন্দরলাল দুগার। ধৃত ব্যক্তি বেশ কয়েকদিন ধরেই অনলাইনে মোবাইল অ্যাপের মাধ্যমে আইপিএলের (IPL) বেটিং চক্র চালাচ্ছিল। তার কাছ থেকে ৯৮ নগদ হাজার টাকা উদ্ধার হয়। শনিবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে পাঁচদিনের হেফাজতে পেয়েছে পুলিশ। ধৃত ব্যক্তি এই চক্রের এজেন্ট। এর পিছনে অনেক বড় মাথা রয়েছে। তাদের সন্ধানে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে মাটিগাড়া থানার পুলিশ। উল্লেখ্য গত বৃহস্পতিবার শহরের হায়দরপাড়া থেকেও এক ব্যক্তিকে আইপিএলে (IPL) বেটিং চালানোর অভিযোগে গ্রেফতার করে পুলিশ। মুদিখানার দোকানের আড়ালে সে বেটিং চালাতো। তার কাছ থেকে নগদ ৬ হাজার ৯০০ টাকা ও দুটি মোবাইল ফোন পেয়েছিল পুলিশ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Wriddhiman Saha: বিরাট প্রশংসা! ঋদ্ধিকে টেস্ট বিশ্বকাপ দলে ফেরানোর দাবি জোরদার

    Wriddhiman Saha: বিরাট প্রশংসা! ঋদ্ধিকে টেস্ট বিশ্বকাপ দলে ফেরানোর দাবি জোরদার

    মাধ্যম নিউজ ডেস্ক: সিনিয়র টেস্ট দল থেকে উপেক্ষিত হওয়ার জবাবটা যেন দিলেন ঋদ্ধি (Wriddhiman Saha)। গুজরাট টাইটান্সের হয়ে ৮১ রানের বিধ্বংসী ইনিংস, মনে থাকবে অনেক দিন। রবিবার, কার্যত খুনে মেজাজে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের ২২ গজে ব্যাটিং করলেন ঋদ্ধিমান সাহা। তাঁর ব্যাটিং দেখার পর আপ্লুত ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছেন বাংলার কিপার। আইপিএল শেষ হলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আসর। লর্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে উইকেটের পিছনে ঋদ্ধিকেই দেখতে চান সমর্থকরা।  

    দুরন্ত ছন্দে ঋদ্ধি

    মহেন্দ্র সিং ধোনি পরবর্তী অধ্যায়ে ভারতীয় সিনিয়র দলের সেরা উইকেট রক্ষকের নাম হতে পারে ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। ভক্তরা তাঁকে আদর করে ‘পাপালি’ বলে ডাকেন। একটা সময়ে ভারতীয় সিনিয়র টেস্ট দলের নিয়মিত সদস্য ঋদ্ধিমান সাহা আজ ব্রাত্য। শেষবার তিনি ২০২১ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়াংখেড়েতে টেস্ট ম্যাচ খেলেন। তারপর থেকে আর সুযোগ পাননি। এরপর তাঁকে জাতীয় দল থেকে যেমন বাদ দেওয়া হয় তেমনই সদ্য প্রকাশিত কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু তিনি ৩৮ বছরে ফর্মে থেকে বারবার নির্বাচকদের দরজায় কড়া নাড়ছেন।

    সিনিয়র দলে নেওয়ার দাবি

    এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে মাত্র একজন উইকেটকিপার নিয়ে খেলতে নামবে ভারত। শ্রীকার ভরতকে উইকেটকিপার হিসেবে রাখা হয়েছে। পার্টটাইম উইকেটকিপার হিসেবে ছিলেন কেএল রাহুল। কিন্তু রাহুল চোট পেয়ে দলের বাইরে? ভরতের চোট লাগলে কী হবে? সেটাই এখন বড় প্রশ্ন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য দল ঘোষণার পর থেকেই উইকেটরক্ষক হিসেবে কেএস ভরতের নাম দেখে প্রশ্ন তুলেছিলেন অনেকে। দেশের মাটিতে যার রেকর্ড ভালো নয় তিনি ইংল্যান্ডের মাটিতে অস্ট্রেলিয়ার সামনে কী খেলবেন তা জানতে চেয়েছেন সমর্থকরা। বর্ডার গাভাসকার ট্রফিতেও উইকেটের পিছনে একাধিক ভুল করেছিলেন ভরত।

    আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘মোখা’ নিয়ে উদ্বেগের মধ্যেই পারদ চড়ছে শহরে! কী বলছে হাওয়া অফিস?

    ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) ভালো ছন্দে রয়েছেন। চলতি আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে তিনি দ্রুততম হাফসেঞ্চুরি করেছেন। এছাড়া প্রতিটা ম্যাচে ভালো শুরু দিচ্ছেন। উইকেটের পিছনে নিজের অভিজ্ঞতার সঙ্গে ফিটনেসকে কাজে লাগিয়ে বিপক্ষকে রুখে দিচ্ছেন। তাঁকে ছন্দে দেখে সমর্থকরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দলে ঋদ্ধিকে রাখার দাবি তুলছেন।

    বিরাট-সার্টিফিকেট

    রবিবার ঋদ্ধিমান সাহার (Wriddhiman Saha) ব্যাটিং দেখার পর তাঁকে দরাজ সার্টিফিকেট দিয়েছেন বিরাট কোহলি। ভারতের প্রাক্তন অধিনায়ক উচ্ছ্বসিত তাঁর এক সময়ের সতীর্থের ইনিংস দেখে। শুভেচ্ছা জানালেন ঋদ্ধিকে। রবিবার ঋদ্ধিমান সাহা শুরু থেকেই মারমুখী ছিলেন। টিভিতে তাঁর ব্যাটিং দেখে ইনস্টাগ্রামে পোস্ট করেন কোহলি। ঋদ্ধির ইনিংসের ছবি পোস্ট করে বিরাট লেখেন, “কী অসাধারণ ক্রিকেটার!”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • IPL 2023: প্লে-অফের লড়াইয়ে থাকতে হলে আজ হায়দ্রাবাদের বিরুদ্ধে জিততেই হবে নাইটদের

    IPL 2023: প্লে-অফের লড়াইয়ে থাকতে হলে আজ হায়দ্রাবাদের বিরুদ্ধে জিততেই হবে নাইটদের

    মাধ্যম নিউজ ডেস্ক: সাপ-লুডোর খেলা চলছে আইপিএলের (IPL 2023) পয়েন্ট তালিকায়। আর সেই লড়াইয়ে ক্রমশ পিছিয়ে পড়ছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। ৯টি খেলে ৬ পয়েন্ট নিয়ে নীতীশ রানারা রয়েছেন অষ্টম স্থানে। প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে হলে এখন আর হারলে চলবে না। এই অঙ্ক মাথায় নিয়েই আজ নিজামের শহর হায়দ্রাবাদ সানরাইজার্সের মুখোমুখি হচ্ছে কেকেআর। প্রতিপক্ষ দলের অবস্থাও ভালো নয়। সানরাইজার্সও ৬ পয়েন্ট পেয়েছে। রয়েছে নবম স্থানে। তবে মার্করামের দল নাইটদের তুলনায় খেলেছে একটি কম ম্যাচ।

    দুর্বল বোলিং

    কেকেআরকে মূলত ভোগাচ্ছে দুর্বল বোলিং। বিশেষ করে পেসারদের পারফরম্যান্স একেবারেই প্রত্যাশা মতো হচ্ছে না। উমেশ যাদবরা প্রচুর রান দিচ্ছেন পাওয়ার প্লে’তে। এই সমস্যা মেটাতে না পারলে হায়দ্রাবাদের বাধা টপকানো কঠিন হবে কলকাতার। তুলনায় স্পিন বিভাগ কিছুটা শক্তিশালী। সুয়াশ শর্মা, সুনীল নারিনের সঙ্গে বরুণ চক্রবর্তী রয়েছেন কেকেআর দলে। তাঁরা ম্যাচের মোড় ঘোরাতে সক্ষম। তবে তার জন্য দরকার ভালো পুঁজি। সেক্ষেত্রে ব্যাটসম্যানদের ভূমিকা হবে খুবই গুরুত্বপূর্ণ। জেসন রয় চোট সারিয়ে মাঠে ফিরতে পারেন। ছন্দে আছেন গুরবাজও। তাঁদের দু’জনকে এক সঙ্গে খেলানো হয় কিনা, সেটাই দেখার। কিন্তু নীতীশ রানা, বেঙ্কটেশ আয়ার গত ম্যাচে হতাশ করেছিলেন। তাঁরা যদি ফর্মে না ফেরেন তাহলে পরের দিকের ব্যাটসম্যানরা খোলা মনে খেলতে পারবেন না। রিঙ্কু সিং, আন্দ্র রাসেল মূলত দ্রুত গতিতে রান যোগ করেন। তাই শুরুটা ভালো হলে তাঁদের কাজটা অনেক সহজ হয়ে যাবে।

    হায়দ্রাবাদের লক্ষ্য

    সানরাইজার্স হায়দ্রাবাদের পেস আক্রমণ বেশ শক্তিশালী। অভিজ্ঞ ভুবনেশ্বর কুমারের সঙ্গে নটরাজন ও উমরান মালিকের খেলার সম্ভাবনা রয়েছে। ঘরের মাঠে পেস সহায়ক উইকেটে নাইটদের বিপাকে ফেলতে চাইবেন তাঁরা। ব্যাটিংয়ে তেমন কোনও তারকা না থাকলেও, এমন অনেকে আছেন, যাঁরা খেলার ধরন বদলে দিতে পারেন। গত ম্যাচে ওপেনার হিসেবে হাফ-সেঞ্চুরি করেছিলেন অভিষেক শর্মা। এছাড়া আছেন ময়াঙ্ক আগরওয়াল, রাহুল ত্রিপাঠি, হ্যারি ব্রুক, আইডেন মার্করামের মতো ব্যাটসম্যান। মিডল অর্ডারে ক্লাসেন দুর্দান্ত পারফর্ম করছেন।

    আরও পড়ুন: পিএসজি ছাড়ছেন! দু’সপ্তাহের জন্য নির্বাসিত মেসি কি ফের বার্সেলোনায়?

    লিটনের পরিবর্ত

    প্রথম সাক্ষাৎতে ইডেনে হায়দ্রাবাদের কাছে হারতে হয়েছিল কেকেআরকে। এবার বদলার পালা। নিজামের শহরে সূর্যাস্ত ঘটিয়ে প্লে-অফের সম্ভাবনা রাসেলরা জাগিয়ে তুলতে পারেন কিনা সেটাই দেখার? এদিকে, লিটন দাসের বদলি হিসেবে জনসন চার্লসকে নিল কলকাতা নাইট রাইডার্স। ওয়েস্ট ইন্ডিজের এই কিপার-ব্যাটারের অভিজ্ঞতা প্রচুর। ৪১টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন তিনি। ২০১২, ২০১৬ টি-২০ বিশ্বকাপেও প্রতিনিধিত্ব করেছিলেন ক্যারিবিয়ান ক্রিকেটারটি। ৫০ লক্ষ টাকা দিয়ে তাঁকে নিল শাহরুখ খানের দল। কারণ, লিটন ব্যক্তিগত কারণে দেশে ফিরে গিয়েছেন। ৪ মে পর্যন্ত তিনি বোর্ডের থেকে রিলিজ পেয়েছিলেন আইপিএলে খেলার জন্য। সেই মেয়াদ শেষ হতেই লিটনের পরিবর্তন ক্রিকেটারের নাম জানিয়ে দিল কেকেআর।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • IPL 2023: আইপিএল-এর মর্যাদা নষ্ট! গম্ভীর, বিরাট ও নবীনকে শাস্তি দিল বিসিসিআই

    IPL 2023: আইপিএল-এর মর্যাদা নষ্ট! গম্ভীর, বিরাট ও নবীনকে শাস্তি দিল বিসিসিআই

    মাধ্যম নিউজ ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল-এর মর্যাদা নষ্ট করেছেন গম্ভীর, বিরাট ও নবীন তাই ম্যাচের পর এই তিনজনকেই শাস্তি দিল বিসিসিআই। লখনউয়ের একানা স্টেডিয়ামে ম্যাচের মধ্যে ঝামেলায় জড়ান লখনউ সুপার জায়ান্টসের ফাস্ট বোলার নবীন-উল-হক ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ব্যাটসম্যান বিরাট কোহলি। এরপর ম্যাচ শেষ হতেই সেই ঘটনার রেশ টেনে বিতর্কে জড়ান বিরাট কোহলি (Virat Kohli) ও গৌতম গম্ভীর (Goutam Gambhir)। এই তিনজনকেই জরিমানা করেছে বিসিসিআই। আইপিএলের আচরণবিধি লঙ্ঘনের জন্য লখনউ মেন্টর গৌতম গম্ভীরকে তাঁর ম্যাচ ফির ১০০ শতাংশ জরিমানা করা হয়েছে। আরসিবি ব্যাটসম্যান বিরাট কোহলিরও ১০০ শতাংশ ম্যাচ ফি কাটা যাবে। এছাড়া ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা দিতে হবে নবীন-উল-হককে। 

    স্লেজিংয়ের ভিডিও

    ম্যাচ চলাকালীন স্লেজিংয়ের একটি ভিডিও সামনে এসেছে। ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, সোমবার একানা স্টেডিয়ামে লখনউ সুপার জায়েন্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচের মধ্যে বিরাটের সঙ্গে নবীনের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। সেইসময় ২৩ বছরের আফগানিস্তানের ক্রিকেটারকে বিরাট জুতো দেখান বলে অভিযোগ উঠেছে।

    এই ঘটনার রেশ ম্যাচের শেষে হাত মেলানোর পর্বেও ছিল। হাত মেলানোর সময় নবীন এবং বিরাটের একপ্রস্থ ঝামেলা হয়। শেষে বিরাট এবং গম্ভীরকে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়তে দেখা যায়। দু’জনেই একে অপরের দিকে তেড়ে যান। এমনই পরিস্থিতি তৈরি হয় যে দুই দলের খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফরা হস্তক্ষেপ করতে বাধ্য হন। তাঁদের দু’জনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। 

    আরও পড়ুন: সোনার ছেলে সাত্ত্বিক-চিরাগ! ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপে শীর্ষে ভারত

    কঠোর পদক্ষেপ বোর্ডের

    এই ঘটনার পরেই কঠোর পদক্ষেপ করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড অর্থাৎ বিসিসিআই এবং আইপিএলের আয়োজক কমিটি। জানা গেছে, খেলার মাঠের মর্যাদা ভঙ্গের জন্য বিরাট-গম্ভীর দু’জনকেই মোটা অঙ্কের টাকা জরিমানা দিতে হবে। ম্যাচের কয়েক ঘণ্টা পর এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে। শুরুটা হয়েছিল সেই ২০১৩ সালের আইপিএলে। কেকেআর বনাম আরসিবি ম্যাচে। এরপরও একাধিকবার বিতর্কে জড়িয়েছেন এই দুই তারকা ক্রিকেটার। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • IPL 2023: বিরাট-তিক্ততা! সমাজমাধ্যমের পাতায় একে অপরকে অনুসরণ করা বন্ধ করলেন সৌরভ-কোহলি

    IPL 2023: বিরাট-তিক্ততা! সমাজমাধ্যমের পাতায় একে অপরকে অনুসরণ করা বন্ধ করলেন সৌরভ-কোহলি

    মাধ্যম নিউজ ডেস্ক: সৌরভ-বিরাট তিক্ততা বেড়েই চলেছে। চলতি আইপিএলে (IPL 2023) দিল্লি ক্যাপিটালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচের সময় একে অপরের সঙ্গে হাত মেলাননি সৌরভ গঙ্গোপাধ্যায় ও বিরাট কোহলি। ম্যাচ চলাকালীন সৌরভের (Sourav Ganguly) দিকে বিরাটের (Virat Kohli) অদ্ভুত দৃষ্টিতে তাকানো নিয়েও ইতিমধ্যেই চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়। তার মধ্যে সোমবার ইনস্টাগ্রামে সৌরভকে আনফলো করেন বিরাট। এবার মহারাজও তাঁর ফলো-লিস্ট থেকে বাদ দিলেন কোহলিকে।

    তিক্ততা প্রকট

    শনিবার দিল্লি ক্যাপিটালস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ২৩ রানে হেরে গিয়েছিল। এই ম্যাচের শেষে সৌরভের সঙ্গে সৌজন্যমূলক করমর্দনও করেননি বিরাট। সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সৌরভকে টপকে কোচ রিকি পন্টিংয়ের সঙ্গে কথা বলতে দেখা যায় বিরাটকে। পাশেই দাঁড়িয়েছিলেন সৌরভ। বিরাটকে দেখে তিনিও কোন কথা বলেননি। এমনকী দু’জনেই একে অপরের প্রতি সৌজন্য বিনিময়ের আগ্রহও দেখাননি। কয়েকটি সূত্রের খবর, আরসিবি এবং ডিসি ম্যাচের পরে সৌরভ হাতই মেলাননি কোহলির সঙ্গে। প্রাক্তন আরসিবি অধিনায়ককে এড়িয়ে যান প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট।

    আরও পড়ুন: বাইশে এভারেস্ট জয়ের পরে তেইশে অন্নপূর্ণার শৃঙ্গে বঙ্গতনয়া পিয়ালি, উচ্ছ্বসিত চন্দননগর

    বিরাট কোহলি যখন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন এবং সৌরভ বোর্ড প্রেসিডেন্ট, তখন থেকেই তাঁদের সম্পর্কে চিড় ধরতে শুরু করেছিল। ফর্মে না-থাকা বিরাট কোহলি (Virat Kohli) ভারতীয় টিমের অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করে দিয়েছিলেন। ওই ঘটনা মারাত্মক বিতর্ক তৈরি করেছিল ভারতীয় ক্রিকেটে। সৌরভ তখন মিডিয়ায় বলেছিলেন, বিরাটকে ক্যাপ্টেন্সি ছাড়তে বারণ করা হয়েছে। ওই মন্তব্য থেকেই ভুল বোঝাবুঝির শুরু। তারপর বিতর্কের জল অনেকদূর গড়ায়। সেই বিতর্ক যে এখনও কমেনি তা আইপিএলে (IPL 2023) দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে ম্যাচ চলাকালীন আরও এক বার প্রকাশ্যে এল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • IPL 2023: ‘‘হায়দ্রাবাদের কাছে হারের জন্য দায়ী বাজে বোলিং’’! বললেন রানা, আজ মুম্বই যাচ্ছে নাইটরা

    IPL 2023: ‘‘হায়দ্রাবাদের কাছে হারের জন্য দায়ী বাজে বোলিং’’! বললেন রানা, আজ মুম্বই যাচ্ছে নাইটরা

    মাধ্যম নিউজ ডেস্ক: জয়ের হ্যাটট্রিকের সুবর্ণ সুযোগ ছিল কলকাতা নাইট রাইডার্সের (IPL 2023) সামনে। বেঙ্গালুরুর বিরুদ্ধে শার্দূল ঠাকুর ও গুজরাটের বিরুদ্ধে রিঙ্কু সিংয়ের দুর্ধর্ষ ব্যাটিংয়ে ম্যাচ জেতার পর কেকেআর সমর্থকরা ভেবেছিলেন, শুক্রবার ইডেনে হায়দ্রাবাদকে হেলায় হারাবে কেকেআর। কিন্তু নববর্ষে সমর্থকদের জয় উপহার দিতে ব্যর্থ নাইটরা। সানরাইজার্স জিতেছে ২৩ রানে। পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে আসার সুযোগও হাতছাড়া করলেন নীতীশ রানারা। আপাতত চারটি ম্যাচ খেলে কেকেআরের সংগ্রহ চার পয়েন্ট। সমসংখ্যক ম্যাচে সমান পয়েন্ট হায়দ্রাবাদেরও।

    ম্যাচ আপডেট

    ২২৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারালেও, নীতীশ রানার ৭৫ ও রিঙ্কু সিংয়ের ৩১ বলে অপরাজিত ৫৮ রান শেষ পর্যন্ত কেকেআরের জয়ের আশা জিইয়ে রেখেছিল। তবে শেষরক্ষা হয়নি। দলের পরাজয়ের কারণ ব্যখা করতে গিয়ে অঝিনায়ক নীতীশ বলেন, ‘আমরা পরিকল্পনা মতো বল করতে পারিনি। উইকেট যেমনই হোক, তবে ২২৮ রানটা অতিরিক্ত। আমাদের তারকা বোলাররা সকলেই ব্যর্থ। ইডেনের পিচে রান উঠবে জানতাম। দু’শো ধরেই এগোচ্ছিলাম আমরা। সেটা হলে ম্যাচটা জিতে যেতাম। কিন্তু আরও অতিরিক্ত ২৫-৩০ রান দেওয়াটাই ফারাক গড়ে দিল। তবে কাউকে দোষারোপ করছি না। কারণ, আজকে যারা এত রান দিল, তারাই কোনও না কোনও দিন ম্যাচ জিতিয়েছে। এটা খেলারই অঙ্গ। আমাদের সামনের দিকে তাকাতে হবে।’

    অ্যাওয়ে ম্যাচ

    আইপিএলে (IPL 2023) দু’টি অ্যাওয়ে ম্যাচ খেলতে শনিবার দুপুরের বিমানে মুম্বই উড়ে যাচ্ছে নাইট বাহিনী। হায়দ্রাবাদের কাছে হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ কেকেআরের সামনে। ১৬ এপ্রিল তথা রবিবার ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে কেকেআর। তারপর দিল্লির বিরুদ্ধে খেলা বৃহস্পতিবার। আইপিএলের ইতিহাসে মুম্বইয়ের সঙ্গে ৩১ টি ম্যাচে কলকাতা মাত্র ৯টিতে জিতেছে। মুম্বইয়ের জয়ের সংখ্যা ২২। তবে এবার রোহিত শর্মাদের অবস্থা ভালো নয়। সেই সুযোগ কাজে লাগাতে চাইবেন নীতীশ রানার দল।

    রাসেলের চোট

    আন্দ্রে রাসেলের চোট নিয়ে শঙ্কিত সমর্থকরা। হায়দ্রাবাদ ম্যাচে বল করার সময় তাঁর পায়ে টান ধরেছিল। খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছেড়েছিলেন তিনি। বহু দিন পর বল করতে নেমে উইকেট পেয়েছেন রাসেল। ব্যাট হাতে কিছু করতে উঠতে না পারলেও তাঁর বোলিং মন জিতেছে সমর্থকদের। এখন প্রশ্ন হচ্ছ, রাসেল কি পরের ম্যাচে খেলতে পারবেন? কেকেআর অধিনায়ক নীতীশ রানা যা বললেন, ‘চোট গুরুতর নয়। প্রচণ্ড গরমের জন্য পায়ে টান ধরেছে। আশা করছি, ও পরের ম্যাচে সুস্থ হয়ে নামবে।’

  • IPL 2023: হ্যাটট্রিকের হাতছানি! আজ ঘরের মাঠে সানরাইজার্সকে হারালেই লিগ টেবিলের শীর্ষে কেকেআর

    IPL 2023: হ্যাটট্রিকের হাতছানি! আজ ঘরের মাঠে সানরাইজার্সকে হারালেই লিগ টেবিলের শীর্ষে কেকেআর

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ জয়ের হ্যাটট্রিকের সামনে কলকাতা নাইট রাইডার্স। ইডেন গার্ডেন্সে এ বারের আইপিএলে নিজেদের প্রথম ম্যাচ (IPL 2023) জিতেছে কেকেআর। বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়েছে তারা। আগের ম্যাচে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে পরাজয়ের মুখ থেকে কেকেআরের হয়ে জয় ছিনিয়ে নিয়ে এসেছেন রিঙ্কু সিং। দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাসে ভরপুর নাইটদের সামনে আজ সানরাইজার্স হায়দ্রাবাদ। এই ম্যাচে জিতলে নাইটদের লিগ টেবলের শীর্ষে ওঠার সুযোগ রয়েছে।

    শীর্ষে ওঠার হাতছানি

    পর পর দুই ম্যাচ জিতে এখন লিগ টেবিলের চার নম্বরে রয়েছে নীতীশ রানার কলকাতা (IPL 2023) নাইট রাইডার্স। গ্রুপ পর্বে এখনও পর্যন্ত ৩টি ম্যাচে খেলে ২টিতে জয় ও ১টিতে হেরেছে কেকেআর। নাইটদের নেট রান রেট ১.৩৭৫। পয়েন্ট ৪। আজ নাইটদের সামনে সুযোগ রয়েছে পয়েন্ট টেবলের শীর্ষে ওঠার। এখন লিগ টেবলের শীর্ষে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। পয়েন্ট টেবলের ২ নম্বরে রয়েছে লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস। আর পাঞ্জাবকে হারিয়ে বৃহস্পতিবার লিগ টেবলের তিন নম্বরে উঠে এসেছে গত বারের আইপিএল চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। 

    স্পিন পিচ

    শুক্রবারও ইডেনের পিচ স্পিন সহায়ক হতে পারে। প্রতিপক্ষ দলে নাম করা স্পিনার কম। ওয়াশিংটন সুন্দর ও মায়াঙ্ক মারকান্ডে রয়েছেন। সুন্দরের বল কম ঘোরে। অন্য দিকে মারকান্ডের অভিজ্ঞতা কম। সেই সুবিধা নিতে চাইবে কলকাতা। নাইট শিবিরে সুনীল নারিন, বরুণ চক্রবর্তী ও সুয়েশ শর্মার উপর ভরসা নাইটদের। উমরান মালিকের এক্সপ্রেস গতি হায়দ্রাবাদের আস্থা। 

    বেল বাজাতে পারেন লারা

    এই ম্যাচে একটা চমক দেওয়ার চেষ্টা করছে সিএবি। সানরাইজার্স হায়দ্রাবাদের হেড কোচ ব্রায়ান লারাকে দিয়ে ইডেনে বেল বাজানোর চেষ্টা চলছে। ইডেনে যে কোনও ম্যাচের আগে বেল বাজিয়ে খেলার সূচনা করা হয়। প্রাক্তন বা বর্তমান কোনও ক্রিকেটার বেল বাজান। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচে ইডেন বেল বাজিয়েছিলেন সুনীল নারিন। তবে আইপিএলে (IPL 2023) কে ইডেন বেল বাজাবেন, ঠিক করে কেকেআর। তারাই যেহেতু হোম টিম। সিএবি সূত্রে খবর, প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় উদ্যোগী হয়েছেন। তিনি কেকেআর কর্তৃপক্ষকে লারাকে দিয়ে ইডেন বেল বাজানোর প্রস্তাব দিয়েছেন।

    আরও পড়ুন: শুকনো গরমে নাজেহাল! ৪০ ডিগ্রি ছুঁল কলকাতা, পুড়ছে জেলাও, কী বলছেন আবহবিদরা?

    কখন শুরু ম্যাচ

    ইডেনে এই ম্যাচটি শুরু হবে সন্ধে ৭.৩০ থেকে। তার ৩০ মিনিট আগে, অর্থাৎ সন্ধে ৭টায় টস

    কোথায় দেখবেন?

    টিভিতে স্টার স্পোর্টসে দেখা যাবে আইপিএলের ম্যাচটি

    অনলাইনে কোথায় দেখা যাবে?

    অনলাইনে জিও সিনেমায় দেখা যাবে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদের এই ম্যাচ

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।
     

     

LinkedIn
Share