Tag: IPS Officer

  • Rajasthan: দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় রাজস্থানের আইপিএস আধিকারিক, তদন্ত শুরু তাঁর আইএসএস স্বামীর বিরুদ্ধেও

    Rajasthan: দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় রাজস্থানের আইপিএস আধিকারিক, তদন্ত শুরু তাঁর আইএসএস স্বামীর বিরুদ্ধেও

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজস্থানে প্রশাসনিক কারণ দেখিয়ে আইপিএস কর্তা প্রশাখা মাথুরকে আপাতত নতুন পদে নিয়োগের নির্দেশ না দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছে। প্রশাখা রাজ্যের শীর্ষস্থানীয় আইএএস কর্তা শিখর আগরওয়ালের স্ত্রী। উল্লেখযোগ্য বিষয় হল, শিখরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্তের অনুমোদন দেওয়ার ঠিক এক দিন পরেই তাঁর স্ত্রীর বিরুদ্ধে এই প্রশাসনিক পদক্ষেপ করা (IPS Officer Prashakha Mathur) হল।

    ৩০ অক্টোবর রাজস্থান সরকার শিখরের বিরুদ্ধে দুর্নীতি দমন শাখাকে তদন্তের অনুমতি দেয়। একটি বেসরকারি সংস্থার সঙ্গে যোগসাজশ এবং সরকারি পদ ও ক্ষমতার অপব্যবহার করে ওই সংস্থাকে অনৈতিক সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

    ১৯৯৫ সালের ব্যাচের আইপিএস আধিকারিক প্রশাখা পুলিশের অতিরিক্ত ডিজি পদে কর্মরত ছিলেন। পরিকল্পনা, আধুনিকীকরণ ও কল্যাণ বিভাগের দায়িত্বও তাঁর হাতে ছিল। তাঁকে অপেক্ষায় রাখার সিদ্ধান্ত ঘিরে প্রশাসনিক মহলে জল্পনা শুরু হয়েছে। অভিযোগ, অনন্ত ব্র্যান্ডের অধীনে হোটেল ও রিসর্ট পরিচালনাকারী একটি বেসরকারি সংস্থাকে শিখর বিভিন্ন ধরনের অনৈতিক সুযোগ-সুবিধা পাইয়ে দিয়েছিলেন।

    শিখরের বিরুদ্ধে দুর্নীতি দমন শাখার তদন্তে অনুমোদন (Rajasthan)

    গত ৩০ অক্টোবর রাজস্থান সরকার শিখরের বিরুদ্ধে দুর্নীতি দমন শাখার তদন্তে অনুমোদন দেয়। তদন্তকারী সংস্থার প্রাথমিক অনুসন্ধানে ওই আধিকারিক এবং বেসরকারি সংস্থাটির মধ্যে যোগসাজশের প্রাথমিক প্রমাণ মিলেছে বলে দাবি করা হয়েছে।

    রাজস্থান সরকারের কর্মিবর্গ দফতর প্রশাসনিক কারণ দেখিয়ে শিখরকেও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অপেক্ষায় রাখার নির্দেশ জারি করেছে।

    দুর্নীতি দমন শাখার অভিযোগ, নিজের সরকারি পদমর্যাদা ও প্রভাব খাটিয়ে শিখর নিজে এবং সংশ্লিষ্ট সংস্থাকে আর্থিক সুবিধা পাইয়ে দিয়েছিলেন। এর ফলে রাজ্য সরকারের আর্থিক ক্ষতি হয়েছে বলেও দাবি তদন্তকারী সংস্থার।

    অভিযোগের মধ্যে রয়েছে রিসর্ট নির্মাণের ক্ষেত্রে নির্ধারিত নিয়মে ছাড় দেওয়া, প্রয়োজনীয় শংসাপত্র যথাযথভাবে যাচাই না করেই অনুমোদন দেওয়া এবং সংস্থাটিকে বিশেষ আর্থিক ছাড়ের সুযোগ করে দেওয়া।

    ৪০টি ভিলা-কটেজ কেনা নিয়েও প্রশ্ন

    দুর্নীতি দমন শাখার প্রাথমিক অনুসন্ধানে উদয়পুরের বুঝড়া এবং আলওয়ারের আজবগড় এলাকায় সংস্থাটির রিসর্টে ৪০টি ভিলা ও কটেজ কেনার বিষয়েও একাধিক অসঙ্গতির ইঙ্গিত মিলেছে।

    অভিযোগ, ওই সম্পত্তিগুলি শিখর, তাঁর স্ত্রী প্রশাখা, তাঁদের দুই পুত্র এবং মাথুরের বাবা-মায়ের নামে নথিভুক্ত করা হয়েছিল।

    দুর্নীতি দমন শাখার ডিজি গোবিন্দ গুপ্ত জানিয়েছেন, অভিযোগ সংক্রান্ত বিভিন্ন প্রতিবেদন, শিল্প দফতরের কাছ থেকে পাওয়া তথ্যভিত্তিক রিপোর্ট এবং গোপন সূত্রে সংগৃহীত তথ্য খতিয়ে দেখা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই প্রাথমিক অনুসন্ধান শুরু করে বিষয়টি আরও বিস্তারিতভাবে তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Rajasthan)।

    গোবিন্দের বক্তব্য, অভিযোগ রয়েছে, গত ২৭ মার্চ শিখরের নামে ২০টি ভিলা নথিভুক্ত করা হয়েছিল। আশ্চর্যের বিষয়, ওই একই দিনে অর্থ দফতর সংশ্লিষ্ট বেসরকারি সংস্থাটিকে বিশেষ আর্থিক ছাড়ের প্যাকেজ দেওয়ার নির্দেশ জারি করেছিল।

    সম্পত্তি কিনে ফের ভাড়া দেওয়ার অভিযোগ

    শিখর ও তাঁর পরিবারের সম্পত্তি কেনাবেচার বিষয়টিও এখন তদন্তের আওতায়। এর আগে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, আইএএস-আইপিএস আধিকারিকের পরিবার একটি বেসরকারি সংস্থার কাছ থেকে ৪০টি ভিলা ও কটেজ কিনেছিল। পরে সেই সম্পত্তিগুলিই আবার সংশ্লিষ্ট সংস্থাকে বার্ষিক ১ কোটি ৮০ লাখ টাকার বিনিময়ে ভাড়া দেওয়া হয়।

    সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অনন্ত ব্র্যান্ডের অধীনে হোটেল ও রিসর্ট পরিচালনাকারী গোয়েল ফ্যাশনস প্রাইভেট লিমিটেডের কাছ থেকে এই সম্পত্তিগুলি কেনা হয়েছিল। ৪০টি সম্পত্তি কেনার জন্য পরিবারটির মোট খরচ হয়েছিল ৬ কোটি ১৬ লাখ টাকা।

    এর মধ্যে উদয়পুরের বুঝড়া রিসর্টে ছিল ২০টি কটেজ এবং আলওয়ারের আজবগড়ের সম্পত্তিতে ছিল ২০টি ভিলা।

    সম্পত্তিগুলি কেনার পর পরিবারের সদস্যরা ৪০টি ইউনিটই ফের গোয়েল ফ্যাশনসকে ভাড়া দেন বলে অভিযোগ। বুঝড়ার প্রতিটি কটেজের বার্ষিক ভাড়া নির্ধারিত হয়েছিল ৪ লাখ টাকা। অন্যদিকে, আজবগড়ের প্রতিটি ভিলার বার্ষিক ভাড়া ছিল ৫ লাখ টাকা। সব মিলিয়ে এই সম্পত্তি থেকে বছরে ১ কোটি ৮০ লাখ টাকা ভাড়া পাওয়ার ব্যবস্থা হয়েছিল।

    আরও উল্লেখযোগ্য বিষয় হল, সম্পত্তি বিক্রি এবং পুনরায় ভাড়া দেওয়ার নথিগুলি সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রার দফতরে একই দিনে নথিভুক্ত করা হয়েছিল। শিখর, প্রশাখা, তাঁদের দুই পুত্র এবং মাথুরের বাবা-মায়ের নামে এই নথিভুক্তির প্রক্রিয়া সম্পন্ন হয়।

    বার্ষিক সম্পত্তির বিবরণ জমা দেওয়া নিয়েও প্রশ্ন

    এই সম্পত্তি কেনার ঘটনায় সরকারি আধিকারিকদের বার্ষিক স্থাবর সম্পত্তির বিবরণ জমা দেওয়ার নিয়ম যথাযথভাবে মানা হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

    মোট ৪০টি সম্পত্তির মধ্যে ২৮টি নথিভুক্ত হয়েছিল শিখর ও প্রশাখার নামে। দু’জনের নামেই ১৪টি করে সম্পত্তি ছিল।

    শিখর তাঁর বার্ষিক সম্পত্তির বিবরণীতে নিজের নামে থাকা ১৪টি সম্পত্তির তথ্য দিয়েছিলেন। কিন্তু প্রশাখার জমা দেওয়া বিবরণীতে তাঁর নামে নথিভুক্ত ১৪টি সম্পত্তির উল্লেখ পাওয়া যায়নি বলে অভিযোগ।

    এই বিষয়টিও নজরে রয়েছে তদন্তকারী সংস্থার।

    প্রশাসনে একাধিক গুরুত্বপূর্ণ পদে ছিলেন শিখর

    রাজস্থান প্রশাসনে দীর্ঘদিন ধরেই একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব সামলেছেন শিখর। উদয়পুরের জেলাশাসক হিসেবে কাজ করার পাশাপাশি তিনি রাজস্থান রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান এবং শিল্প দফতরের অতিরিক্ত মুখ্যসচিবের দায়িত্বও পালন করেছেন।

    এছাড়াও শিল্প, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ, রাষ্ট্রায়ত্ত সংস্থা, দিল্লি-মুম্বই শিল্প করিডর, বিনিয়োগ এবং দেশ-বিদেশে বসবাসকারী রাজস্থানিদের বিষয়ক দফতরের দায়িত্বে ছিলেন তিনি।

    রাজস্থান রাজ্য শিল্পোন্নয়ন ও বিনিয়োগ নিগমের চেয়ারম্যান, রাজস্থান ক্ষুদ্র শিল্প নিগমের চেয়ারম্যান তথা ব্যবস্থাপনা অধিকর্তা এবং ভিওয়াড়ি সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের বিশেষ কর্তব্যরত আধিকারিক হিসেবেও দায়িত্ব পালন করেছেন (IPS Officer Prashakha Mathur) শিখর।

    সব মিলিয়ে, একটি বেসরকারি সংস্থাকে সরকারি সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ থেকে শুরু করে পরিবারের নামে বিপুল সম্পত্তি কেনা, পুনরায় সেই সংস্থাকেই ভাড়া দেওয়া এবং সম্পত্তির বিবরণ প্রকাশ না করার অভিযোগ—সব কিছুই এখন তদন্তের কেন্দ্রবিন্দুতে। তদন্তের অগ্রগতিতে এই (Rajasthan) অভিযোগগুলির প্রকৃত সত্য কতটা সামনে আসে, এখন সেটাই দেখার।

     

  • RG Kar Incident: আরও ১২০ দিন! আরজি করকাণ্ডে ৩ আইপিএসের সাসপেনশনের মেয়াদ বৃদ্ধি

    RG Kar Incident: আরও ১২০ দিন! আরজি করকাণ্ডে ৩ আইপিএসের সাসপেনশনের মেয়াদ বৃদ্ধি

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে বিজেপি সরকার গঠনের পরই খুলেছে ‘আরজি কর ফাইলস’ (RG Kar Incident)। সাসপেন্ড করা হয়েছিল তদন্তে যুক্ত থাকা তিন আইপিএস আধিকারিককে। এবার বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্তার সাসপেনশনের মেয়াদ বৃদ্ধি করা হল। আরও ১২০ দিন ওই তিন আধিকারিককে সাসপেন্ড অবস্থায় থাকতে হবে। আরজি করের ঘটনার সময় তাঁদের ভূমিকা কী ছিল, খতিয়ে দেখা হচ্ছে। ওই সময়ে কলকাতার পুলিশ কমিশনার ছিলেন বিনীত গোয়েল। এ ছাড়া ডেপুটি কমিশনারের দায়িত্বে ছিলেন অভিষেক গুপ্ত (ডিসি নর্থ) এবং ইন্দিরা মুখোপাধ্যায় (ডিসি সেন্ট্রাল)।

    কী ঘটেছিল , নতুন করে তদন্ত শুরু

    গত ২০২৪ সালের ৮ আগস্ট, আর জি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসক নাইট শিফট করতে যান। ওই রাতেই সব শেষ। সেমিনার হলে তাঁকে ধর্ষণ ও খুন করা হয়। এই ঘটনার তদন্তে নেমে সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। পরবর্তীকালে কলকাতা হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্তভার নেয় সিবিআই। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই ঘটনায় জড়িত সন্দেহে নতুন করে আর কাউকে পাকড়াও করেনি। শেষমেশ শিয়ালদহ আদালত ধৃত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে। তাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেয়। তবে এই তদন্তে সন্তুষ্ট নন অভয়ার বাবা-মা। বাংলায় ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ফের নতুন করে আর জি কর ফাইলস খোলেন। বিজেপি সরকার তিন আইপিএস আধিকারিককেই সাসপেন্ড করে। তাঁদের বিরুদ্ধে আরজি কর পর্বে কর্তব্যে গাফিলতির অভিযোগ রয়েছে। নতুন করে তদন্তের মুখোমুখি হচ্ছেন তিন জন। তৎকালীন মুখ্যমন্ত্রী কিংবা কোনও মন্ত্রী তাঁদের মেসেজে কিংবা ফোনে কোনও নির্দেশিকা জারি করেছিল কিনা, তা খতিয়ে দেখবেন তদন্তকারীরা। সেই মতো ব্যবস্থা নেওয়া হবে।

    তিন অফিসারের ভূমিকা নিয়ে প্রশ্ন 

    অপরাধের পর তথ্য আড়াল করা, নির্যাতিতার পরিচয় প্রকাশ্যে আনা এবং হাসপাতালে গড়ে ওঠা ‘অসাধু চক্র’-কে আড়ালের চেষ্টার অভিযোগে তৎকালীন পুলিশ প্রশাসনের বিরুদ্ধে জনরোষ তুঙ্গে উঠেছিল। এই তিন আধিকারিকের বিরুদ্ধে আনা মূল অভিযোগগুলোর মধ্যে অন্যতম ছিল তদন্তে গাফিলতি এবং বিভ্রান্তিকর তথ্য প্রচার। বিশেষ করে সেমিনার হলের ভিডিও ফুটেজ প্রকাশ্যে আসার পর পুলিশের ব্যাখ্যা নিয়ে প্রশ্ন ওঠে। নির্যাতিতার দেহ উদ্ধারের জায়গাটি সুরক্ষিত ছিল কি না, তা নিয়ে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের দাবি ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। একইভাবে অপরাধের পরবর্তী সময়ে সেমিনার হলের ‘চরিত্র বদল’ এবং রাতদখলের রাতে ভাঙচুরের ঘটনায় ডিসি নর্থ অভিষেক গুপ্তের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন আন্দোলনকারীরা।

  • Mahesh Dixit IPS: দেশের নতুন গোয়েন্দা প্রধান মহেশ দীক্ষিত, এই দুঁদে আইপিএসকে কেন বেছে নিল কেন্দ্র?

    Mahesh Dixit IPS: দেশের নতুন গোয়েন্দা প্রধান মহেশ দীক্ষিত, এই দুঁদে আইপিএসকে কেন বেছে নিল কেন্দ্র?

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি)-র পরবর্তী ডিরেক্টর হিসেবে নিয়োগ পেলেন প্রবীণ আইপিএস অফিসার মহেশ দীক্ষিত। বর্তমানে আইবির স্পেশাল ডিরেক্টর পদে কর্মরত দীক্ষিত বিদায়ী ডিরেক্টর তপন কুমার ডেকা-র স্থলাভিষিক্ত হবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ক্যাবিনেটের অ্যাপয়েন্টমেন্টস কমিটি (ACC) তাঁর নিয়োগে অনুমোদন দিয়েছে।

    কেন্দ্রের নির্দেশে কী বলা হয়েছে?

    কেন্দ্রীয় কর্মীবর্গ ও প্রশিক্ষণ দফতরের (DoPT) জারি করা নির্দেশিকা অনুযায়ী, মহেশ দীক্ষিতকে পরিষেবার মেয়াদ বাড়িয়ে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি দায়িত্ব গ্রহণের দিন থেকে দুই বছরের জন্য, অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই পদে বহাল থাকবেন। সরকারি নির্দেশে জানানো হয়েছে, এফআর ৫৬(ডি) এবং অল ইন্ডিয়া সার্ভিসেস (ডেথ-কাম-রিটায়ারমেন্ট বেনিফিটস) রুলস, ১৯৫৮-এর রুল ১৬(১এ)-এর বিধান অনুযায়ী তাঁর চাকরির মেয়াদ বাড়ানোর অনুমতি দেওয়া হয়েছে, যাতে তিনি আইবি-র ডিরেক্টর হিসেবে দায়িত্ব নিতে পারেন। বর্তমান আইবি প্রধান তপন কুমার ডেকার কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে ৩০ জুন। তাঁর উত্তরসূরি হিসেবেই দীক্ষিতের নাম চূড়ান্ত করা হয়েছে।

    কে এই মহেশ দীক্ষিত?

    মহেশ দীক্ষিত ১৯৯৩ ব্যাচের ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (IPS)-র কর্মকর্তা। তিনি তেলঙ্গানা ক্যাডারের অফিসার হলেও দীর্ঘদিন ধরে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরোতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। বিশেষ বিষয় হল, আইনশৃঙ্খলা রক্ষার পেশায় যোগ দেওয়ার আগে তিনি চিকিৎসক (Medical Doctor) হিসেবে প্রশিক্ষণ নিয়েছিলেন। পরে চিকিৎসা পেশা ছেড়ে সিভিল সার্ভিসে যোগ দিয়ে আইপিএস হন।

    দীর্ঘ গোয়েন্দা অভিজ্ঞতা

    তিন দশকেরও বেশি কর্মজীবনে মহেশ দীক্ষিত সন্ত্রাসবাদ দমন, জাতীয় নিরাপত্তা এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ সংক্রান্ত একাধিক সংবেদনশীল দায়িত্ব সামলেছেন। নিরাপত্তা মহলে তাঁকে অত্যন্ত অভিজ্ঞ ও দক্ষ গোয়েন্দা কর্মকর্তা হিসেবে গণ্য করা হয়। আইবির সদর দফতরে স্পেশাল ডিরেক্টর হওয়ার আগে তিনি জম্মু ও কাশ্মীরে সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স ব্যুরো (SIB)-র প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। সেই সময় উপত্যকার নিরাপত্তা পরিস্থিতি এবং সন্ত্রাসবিরোধী অভিযানে তাঁর ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য বলে মনে করা হয়।

    অনুচ্ছেদ ৩৭০ প্রত্যাহারে গুরুত্বপূর্ণ ভূমিকা

    মহেশ দীক্ষিতের কর্মজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় ২০১৯ সালের আগস্টে জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের সময়কার দায়িত্ব। সেই সময় গোয়েন্দা তথ্য বিশ্লেষণ, নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন এবং সম্ভাব্য অশান্তি মোকাবিলায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। প্রশাসনিক পরিবর্তনের সময় গোটা অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থাপনা নিশ্চিত করতে তাঁর অবদান ছিল তাৎপর্যপূর্ণ।

    জি-২০ বৈঠকের নিরাপত্তার দায়িত্বেও ছিলেন

    ২০২৩ সালে শ্রীনগরে অনুষ্ঠিত জি-২০ ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপ-এর বৈঠক ছিল আন্তর্জাতিক পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান। সেই সম্মেলনকে ঘিরে গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বও সামলেছিলেন মহেশ দীক্ষিত।

    গত বছর হয়েছিলেন আইবির দ্বিতীয় সর্বোচ্চ পদাধিকারী

    ২০২৫ সালে মহেশ দীক্ষিতকে আইবির স্পেশাল ডিরেক্টর পদে উন্নীত করা হয়। এই পদটি সংস্থার দ্বিতীয় সর্বোচ্চ প্রশাসনিক পদ হিসেবে বিবেচিত হয়। সেই থেকেই তিনি আইবির শীর্ষ নেতৃত্বের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। এবার সংস্থার সর্বোচ্চ পদে বসে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, সন্ত্রাসবাদ মোকাবিলা, সাইবার হুমকি, আন্তঃসীমান্ত অনুপ্রবেশ এবং অভ্যন্তরীণ গোয়েন্দা কার্যক্রমের নেতৃত্ব দেবেন তিনি।

    কেন এই নিয়োগ গুরুত্বপূর্ণ?

    ইন্টেলিজেন্স ব্যুরো দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার অন্যতম প্রধান স্তম্ভ। সীমান্ত সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ, সাইবার অপরাধ, উগ্রপন্থা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের দায়িত্ব এই সংস্থার উপরেই বর্তায়। এই পরিস্থিতিতে কাশ্মীর-সহ একাধিক সংবেদনশীল এলাকায় দীর্ঘ মাঠপর্যায়ের অভিজ্ঞতা, গোয়েন্দা কার্যক্রমে দক্ষতা এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের অভিজ্ঞতার ভিত্তিতেই মহেশ দীক্ষিতকে আইবির নতুন ডিরেক্টর হিসেবে বেছে নেওয়া হয়েছে বলে প্রশাসনিক মহলের ধারণা।

LinkedIn
Share