Tag: Kartik Puja in Bengal

  • Kartik Puja 2026: কেন নবদম্পতির বাড়িতে লুকিয়ে ফেলা হয় কার্তিক ঠাকুর? বাংলার এই লোকবিশ্বাস ও রীতি কেন?

    Kartik Puja 2026: কেন নবদম্পতির বাড়িতে লুকিয়ে ফেলা হয় কার্তিক ঠাকুর? বাংলার এই লোকবিশ্বাস ও রীতি কেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজো, ভাইফোঁটা—একটির পর একটি উৎসব পেরিয়ে এবার বাঙালির দরজায় কড়া নাড়ছে কার্তিক পুজো (Kartik Puja 2026)। হেমন্তের আমেজে বাংলার ঘরে ঘরে পালিত হতে চলেছে দেব সেনাপতি কার্তিকের আরাধনা। কোথাও ঘরোয়া পুজো, কোথাও আবার বিশাল মণ্ডপ, আলোর রোশনাই আর বর্ণাঢ্য শোভাযাত্রা। বিশেষ করে হুগলির বাঁশবেড়িয়া এবং পূর্ব বর্ধমানের কাটোয়ায় কার্তিক পুজোকে কেন্দ্র করে তৈরি হয় উৎসবের আবহ। কিন্তু এই পুজো ঘিরে রয়েছে নানা পৌরাণিক কাহিনি ও প্রচলিত লোকবিশ্বাস। নবদম্পতির বাড়িতে গোপনে কার্তিক ঠাকুর রেখে আসার প্রথাই বা কেন প্রচলিত? জেনে নিন কার্তিক পুজোর তিথি, মাহাত্ম্য এবং বাংলার এই বিশেষ লোকাচারের নেপথ্যের কথা।

    কার্তিক পুজো ২০২৬: কবে পড়ছে তিথি, কখন পুজো?

    প্রতি বছর কার্তিক সংক্রান্তিতে, অর্থাৎ কার্তিক মাসের শেষ দিনে পালিত হয় কার্তিক পুজো। তবে পুজোর দিন ও তিথি নির্ধারণের ক্ষেত্রে পঞ্জিকার নির্ঘণ্ট গুরুত্বপূর্ণ। বেণীমাধব শীলের ফুল পঞ্জিকা (১৪৩৩) অনুযায়ী, ১৬ নভেম্বর, সোমবার রাত ১২টা ১ মিনিটে শুরু হচ্ছে কার্তিক মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি। এই তিথি স্থায়ী হবে ১৭ নভেম্বর, মঙ্গলবার রাত ১টা ১৮ মিনিট পর্যন্ত। অর্থাৎ, সোমবার মধ্যরাত পেরিয়ে মঙ্গলবারের শুরুতেই পড়ছে অষ্টমী তিথি। পঞ্জিকার নির্ঘণ্ট অনুসারে, ১৭ নভেম্বর, মঙ্গলবার পালিত হবে শ্রীশ্রী কার্তিক পুজো।

    কে এই দেব সেনাপতি কার্তিক? কী বলছে পৌরাণিক কাহিনি?

    হিন্দু পুরাণ অনুসারে, দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতীর পুত্র কার্তিক। তিনি দেবতাদের সেনাপতি হিসেবেও পরিচিত। পুরাণে বর্ণিত রয়েছে, তারকাসুর নামে এক অসুরের অত্যাচারে যখন দেবতারা অতিষ্ঠ হয়ে উঠেছিলেন, তখন তাকে বধ করার জন্যই কার্তিকের আবির্ভাব ঘটে। দেবতাদের সেনাপতি হিসেবে অসুরদের বিরুদ্ধে যুদ্ধে নেতৃত্ব দেন তিনি এবং শেষ পর্যন্ত তারকাসুরকে পরাজিত করেন। কার্তিকের রূপবর্ণনাতেও রয়েছে বিশেষত্ব। তিনি চিরতরুণ, সুদর্শন ও বলিষ্ঠ। তাঁর বাহন ময়ূর এবং হাতে থাকে অস্ত্র। বীরত্ব, সাহস ও সৌন্দর্যের প্রতীক হিসেবেই বহু যুগ ধরে তাঁর আরাধনা হয়ে আসছে।

    কৃষি ও উর্বরতার সঙ্গে কীভাবে জড়িয়ে কার্তিক পুজো?

    কার্তিক পুজোর সঙ্গে বাংলার কৃষিভিত্তিক সমাজজীবনের সম্পর্কও বেশ পুরনো। লোকবিশ্বাস অনুযায়ী, প্রাচীন বাংলায় কার্তিক কেবল দেব সেনাপতি হিসেবেই নয়, শস্য ও উর্বরতার দেবতা হিসেবেও পূজিত হতেন। মনে করা হত, তাঁর আশীর্বাদে জমির উর্বরতা বৃদ্ধি পায়, ভাল ফসল ফলে এবং শস্যের সুরক্ষা নিশ্চিত হয়।

    এই কৃষিজীবনের বিশ্বাস থেকেই কার্তিকের সঙ্গে সন্তানসুখের কামনাও জুড়ে যায় বলে মনে করা হয়। জমিতে নতুন শস্যের জন্ম যেমন নতুন প্রাণের প্রতীক, তেমনই সন্তানের জন্মও নতুন জীবনের সূচনা। সেই ভাবনা থেকেই কার্তিকের কাছে সন্তান কামনায় প্রার্থনার প্রচলন তৈরি হয়েছে বলে লোকবিশ্বাস।

    নবদম্পতির বাড়িতে গোপনে কার্তিক ঠাকুর রাখা হয় কেন?

    কার্তিক পুজোর সঙ্গে জড়িয়ে থাকা সবচেয়ে আকর্ষণীয় লোকাচারগুলির মধ্যে অন্যতম হল নবদম্পতির বাড়িতে গোপনে কার্তিক ঠাকুর রেখে আসা। বাঙালির পরিচিত মহলে এমন ঘটনা অনেকেরই জানা। বিশেষত পাড়ার বন্ধুবান্ধবরা মজা করে নববিবাহিত দম্পতির বাড়ির সামনে বা ছাদে পুজোর আগের রাতে কার্তিক ঠাকুর রেখে আসেন। লোকমুখে এই রীতিকে বলা হয় ‘ফেলা কার্তিক’।

    তবে এই কার্তিক ফেলে আসা প্রথার পিছনে নিছক মজা নয়, রয়েছে এক বিশেষ লোকবিশ্বাস। প্রচলিত ধারণা অনুযায়ী, নবদম্পতির ঘরে কার্তিক ঠাকুর রেখে আসার অর্থ হল তাঁদের জীবনে সন্তানসুখের কামনা করা। দেব সেনাপতি কার্তিকের মতো সাহসী, বলিষ্ঠ ও সুদর্শন সন্তান লাভের আশাতেই এই রীতির প্রচলন বলে মনে করা হয়।

    লোকাচার অনুসারে, বাড়িতে কার্তিক ঠাকুর পাওয়ার পর তাঁকে তুলে এনে পুজো করার রীতিও রয়েছে। অনেক জায়গায় এই পুজো পরপর চার বছর করার প্রচলিত নিয়মের কথাও শোনা যায়। যদিও অঞ্চলভেদে এই রীতির ধরন ও নিয়মের পার্থক্য রয়েছে।

    কার্তিক পুজো করলে কী কী সুফল মেলে বলে বিশ্বাস?

    লোকবিশ্বাস অনুযায়ী, দেব সেনাপতি কার্তিকের আরাধনা করলে সংসারে সুখ-সমৃদ্ধি আসে। সন্তানসুখের পাশাপাশি যশ, শক্তি ও সাহস লাভের আশাতেও অনেকে তাঁর পুজো করেন। ব্যবসা-বাণিজ্য ও আর্থিক উন্নতির কামনাতেও কার্তিকের কাছে প্রার্থনা করা হয়।

    এমনকী জ্যোতিষশাস্ত্রের প্রচলিত ধারণা অনুযায়ী, কার্তিকের উপাসনা করলে মঙ্গল গ্রহের অশুভ প্রভাব প্রশমিত হয় বলেও অনেকে বিশ্বাস করেন। আর একটি মজার বিষয় হল, বাংলায় কার্তিককে চিরকুমার হিসেবে কল্পনা করা হলেও দক্ষিণ ভারতে তাঁর উপাসনার ধরন কিছুটা আলাদা। সেখানে মুরুগান নামে পূজিত কার্তিকের দুই স্ত্রী রয়েছেন বলে ধর্মীয় বিশ্বাস প্রচলিত।

    বাঁশবেড়িয়া থেকে কাটোয়া, কার্তিক পুজোয় মাতবে বাংলা

    কার্তিক পুজো মানেই শুধু বাড়ির পুজো বা নবদম্পতির বাড়িতে ঠাকুর রেখে আসার লোকাচার নয়। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এই পুজোকে কেন্দ্র করে গড়ে উঠেছে বড়সড় উৎসবের পরিসর।

    বিশেষ করে হুগলির বাঁশবেড়িয়া এবং পূর্ব বর্ধমানের কাটোয়ার কার্তিক পুজো যথেষ্ট জনপ্রিয়। এই দুই অঞ্চলে পুজোকে কেন্দ্র করে তৈরি হয় উৎসবের আমেজ। বর্ণাঢ্য মণ্ডপসজ্জা, চোখধাঁধানো আলোকসজ্জা, বিশালাকার প্রতিমা এবং নানা ধরনের বাদ্যযন্ত্রের আয়োজনে জমে ওঠে পুজোর পরিবেশ। বহু মানুষের সমাগমে কার্যত উৎসবের চেহারা নেয় এই দুই এলাকার কার্তিক পুজো।

    সব মিলিয়ে পৌরাণিক মাহাত্ম্য, কৃষিজীবনের ঐতিহ্য এবং বাংলার নিজস্ব লোকাচারের মেলবন্ধনেই কার্তিক পুজো পেয়েছে এক স্বতন্ত্র পরিচিতি। হেমন্তের এই উৎসব তাই বাঙালির বারো মাসের তেরো পার্বণের তালিকায় আজও এক বিশেষ জায়গা ধরে রেখেছে।

LinkedIn
Share