Tag: Kharge Diwali Remarks

  • Kharge Diwali Remarks: ‘দীপাবলি আনন্দের ঈদ’, খড়্গের মন্তব্যে নতুন বিতর্ক! হিন্দু উৎসব নিয়ে কংগ্রেসের অবস্থান ঘিরে উঠল প্রশ্ন

    Kharge Diwali Remarks: ‘দীপাবলি আনন্দের ঈদ’, খড়্গের মন্তব্যে নতুন বিতর্ক! হিন্দু উৎসব নিয়ে কংগ্রেসের অবস্থান ঘিরে উঠল প্রশ্ন

    মাধ্যম নিউজ ডেস্ক: দীপাবলির শুভেচ্ছাবার্তা দিতে গিয়ে নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। হিন্দুদের অন্যতম প্রধান উৎসব দীপাবলিকে ‘খুশির ঈদ’ বলে উল্লেখ করায় তাঁর মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপি নেতাদের পাশাপাশি এই মন্তব্যের সমালোচনা করেছে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম)-ও।

    কী বললেন খড়্গে

    গত ৮ নভেম্বর দীপাবলি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানাতে গিয়ে খাড়্গে বলেন, দীপাবলি ভারতের অন্যতম বড় উৎসব। এই উৎসব মানুষকে একত্রিত করে। পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার এবং আনন্দ ভাগ করে নেওয়ার সুযোগ করে দেয়। তাঁর কথায়, “দীপাবলি আনন্দের উৎসব। দীপাবলি হল খুশির ঈদ।” কয়েক দিন ধরে এই উৎসব পালিত হয় বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে দেশবাসীর উদ্দেশে শান্তি বজায় রাখা, ভুল বোঝাবুঝি দূর করা এবং জাতীয় ঐক্যকে আরও শক্তিশালী করার আবেদন জানান কংগ্রেস সভাপতি। কিন্তু দীপাবলির মতো একটি গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মীয় উৎসবকে ঈদের সঙ্গে তুলনা করায় প্রশ্ন উঠতে শুরু করে বিভিন্ন মহলে। কেন দীপাবলির শুভেচ্ছা জানাতে গিয়ে অন্য একটি ধর্মীয় উৎসবের প্রসঙ্গ টানতে হল, তা নিয়ে সরব হন সমালোচকরা।

    কংগ্রেসের ভোটব্যাঙ্কের রাজনীতি

    বিজেপির মুখপাত্র প্রদীপ ভান্ডারি কংগ্রেসের বিরুদ্ধে ভোটব্যাঙ্কের রাজনীতি করার অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, দীপাবলির শুভেচ্ছাবার্তার মধ্যেও রাজনৈতিক উদ্দেশ্য খুঁজে পাওয়া যাচ্ছে। এই মন্তব্যকে কংগ্রেসের সনাতন ধর্মবিরোধী মনোভাবের প্রতিফলন বলেও কটাক্ষ করেন তিনি। বড়োদরার বিজেপি সাংসদ তথা ভারতীয় জনতা যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি হেমাঙ্গ যোশিও খাড়্গের মন্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর মতে, এই তুলনার পিছনে কী রাজনৈতিক বার্তা দিতে চাইছে কংগ্রেস, তা স্পষ্ট হওয়া প্রয়োজন। তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, শুধু বিজেপি নয়, এআইএমআইএমের মুখপাত্র ওয়ারিস পাঠানও খাড়্গের মন্তব্যের সমালোচনা করেছেন। তাঁর বক্তব্য, দীপাবলি হিন্দুদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব। একইভাবে মুসলিমদের কাছে ঈদের গুরুত্ব অপরিসীম। এই দুই উৎসবকে এভাবে তুলনা করা আসলে রাজনৈতিক কৌশল ছাড়া আর কিছু নয়।

    অতীতেও দীপাবলি নিয়ে বিতর্কে জড়িয়েছে কংগ্রেস

    খড়্গের সাম্প্রতিক মন্তব্যের পরেই কংগ্রেস নেতাদের অতীতের কয়েকটি বক্তব্য ও সিদ্ধান্ত নতুন করে আলোচনায় উঠে এসেছে।

    ১. দীপাবলির সাজসজ্জায় সরকারি খরচ নিয়ে প্রশ্ন তুলেছিলেন রশিদ আলভি। ২০২৫ সালের অক্টোবর মাসে উত্তরপ্রদেশ সরকারের দীপাবলির সাজসজ্জার জন্য খরচ নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রবীণ কংগ্রেস নেতা রশিদ আলভি। বিশেষ করে প্রদীপ ও মোমবাতি কেনার জন্য সরকারি অর্থ ব্যয়ের বিরোধিতা করেন তিনি। আলভির যুক্তি ছিল, ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। তাই কোনও ধর্মীয় অনুষ্ঠানের জন্য সরকারের সাধারণ মানুষের করের টাকা খরচ করা উচিত নয়। তাঁর মতে, সেই অর্থ প্রশাসনিক কাজ, নিরাপত্তা এবং জনকল্যাণমূলক প্রকল্পে ব্যয় করা প্রয়োজন।

    ২. কর্নাটকে বাজি পোড়ানোর সময়সীমা বেঁধে দেওয়ায় বিতর্ক:  ২০২৪ সালের অক্টোবর মাসে কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার নেতৃত্বাধীন কংগ্রেস সরকার দীপাবলিতে বাজি পোড়ানোর ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়। রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত, অর্থাৎ মাত্র দু’ঘণ্টা বাজি পোড়ানোর অনুমতি দেওয়া হয়েছিল। পাশাপাশি শুধুমাত্র পরিবেশবান্ধব সবুজ বাজি ব্যবহারের নির্দেশ দেওয়া হয়। এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে বিজেপি। তাদের অভিযোগ ছিল, হিন্দুদের উৎসব পালনে অযথা বিধিনিষেধ আরোপ করছে রাজ্য সরকার। যদিও কর্নাটক সরকারের যুক্তি ছিল, সুপ্রিম কোর্টের নির্দেশিকা এবং বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণের নিয়ম মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অন্যান্য ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রেও একই ধরনের নিয়ম কার্যকর করা হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে।

    ৩. ২০২০ সালে বাজি নিষিদ্ধ করার সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন কংগ্রেস নেতারাই:  দীপাবলিতে বাজি পোড়ানো নিয়ে কংগ্রেসের অবস্থান অবশ্য সব সময় একরকম ছিল না। ২০২০ সালের নভেম্বর মাসে কর্নাটক সরকারের দীপাবলিতে বাজি নিষিদ্ধ করার সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন দক্ষিণ কন্নড়ের কংগ্রেস নেতারা। কংগ্রেস বিধায়ক ইউটি খাদের প্রশ্ন তুলেছিলেন, বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানে বাজি পোড়ানো হলে দীপাবলির সময় কেন তার উপর নিষেধাজ্ঞা জারি করা হবে? তাঁর এই মন্তব্য ঘিরেও সে সময় বিতর্ক তৈরি হয়েছিল।

    হিন্দু উৎসব নিয়ে কংগ্রেসের অবস্থান কি বারবার প্রশ্নের মুখে?

    খড়্গের সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক এখন শুধু একটি শব্দের ব্যবহারেই সীমাবদ্ধ নেই। বরং ভারতের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে কংগ্রেস নেতৃত্বের অবস্থান নিয়েই নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঈদ, দীপাবলি, বড়দিন, গুরুপরব—প্রতিটি উৎসবেরই নিজস্ব গুরুত্ব রয়েছে। সব ধর্মের উৎসবকে সম্মান জানানো অবশ্যই প্রয়োজন। কংগ্রেস নেতারা ঈদের শুভেচ্ছা জানাবেন, মুসলিমদের উৎসবে অংশ নেবেন কিংবা বড়দিনে শুভেচ্ছা জানাবেন, তাতে আপত্তির কোনও কারণ নেই।

    দীপাবলির সঙ্গে কেন এই তুলনা?

    দীপাবলির নিজস্ব ধর্মীয়, আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক তাৎপর্য রয়েছে। হিন্দু সভ্যতা ও ঐতিহ্যের সঙ্গে এই উৎসবের গভীর সম্পর্ক রয়েছে। পাশাপাশি জৈন ও শিখ সম্প্রদায়ের কাছেও দীপাবলির বিশেষ তাৎপর্য রয়েছে, যদিও বিভিন্ন সম্প্রদায়ের কাছে এই উৎসবের তাৎপর্য ও পালনের রীতি আলাদা। কংগ্রেস বরাবরই ধর্মনিরপেক্ষতা, বহুত্ববাদ এবং ধর্মীয় সম্প্রীতির কথা বলে এসেছে। কিন্তু সেই নীতির প্রয়োগ সব ক্ষেত্রেই সমান হওয়া উচিত বলে মনে করছেন সমালোচকরা। ঈদকে সম্মান জানাতে গিয়ে দীপাবলির নিজস্ব পরিচয়কে আড়াল করার প্রয়োজন নেই। একইভাবে দীপাবলি উদ্‌যাপন করার অর্থও ঈদের প্রতি অসম্মান দেখানো নয়। রাজনৈতিক মহলের একাংশের মতে, খড়্গের মন্তব্য নতুন করে সেই প্রশ্নই সামনে এনেছে—হিন্দুদের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে স্বতন্ত্র পরিচয়ে স্বীকার করতে কংগ্রেস নেতৃত্ব কতটা স্বচ্ছন্দ? সব ধর্মের প্রতি সমান সম্মানের কথা বললে দীপাবলিকে তার নিজস্ব পরিচয়েই উদ্‌যাপন করতে অসুবিধা কোথায়? আপাতত এই প্রশ্ন ঘিরেই নতুন করে সরগরম জাতীয় রাজনীতি।

LinkedIn
Share