মাধ্যম নিউজ ডেস্ক: নতুন বছরের শুরুতেই আন্তর্জাতিক মঞ্চে বিশেষ গুরুত্ব পেতে চলেছে কলকাতা। আগামী ২০২৭ সালের ৭ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত কলকাতায় অনুষ্ঠিত হবে ১৯তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন (Pravasi Bharatiya Divas 2027)। এই প্রথম পশ্চিমবঙ্গের মাটিতে আয়োজিত হতে চলেছে এই আন্তর্জাতিক সম্মেলন। বুধবার দিল্লিতে সম্মেলনের আনুষ্ঠানিক ওয়েবসাইটের উদ্বোধন করে এই আয়োজনকে (Kolkata Convention) রাজ্যের কাছে অত্যন্ত সম্মানের বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের তরফে এই দায়িত্ব পাওয়ার পর থেকেই সম্মেলনকে সাফল্যমণ্ডিত করে তুলতে প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার।
দিল্লিতে আয়োজিত ওয়েবসাইট উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী। সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ওই অনুষ্ঠানে প্রবাসী ভারতীয়দের বিশেষ সম্মাননা প্রদান করবেন রাষ্ট্রপতি।
বাংলায় নতুন সরকারের কাজ (Pravasi Bharatiya Divas 2027)
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “বিদেশ মন্ত্রক এই সম্মেলন আয়োজনের দায়িত্ব পশ্চিমবঙ্গকে দেওয়ায় আমরা সম্মানিত। মহাত্মা গান্ধীর দেশে প্রত্যাবর্তনের স্মরণেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজ্য সরকার ইতিমধ্যেই বিশেষ উদ্যোগ নিয়ে প্রস্তুতি শুরু করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিকশিত ভারতের লক্ষ্যকে সামনে রেখেই বাংলায় নতুন সরকার কাজ করছে।”
বাংলার সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্যের কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী প্রবাসী ভারতীয়দের রাজ্যে আসার আমন্ত্রণ জানান। তিনি বলেন, “পশ্চিমবঙ্গ স্বামী বিবেকানন্দের জন্মভূমি। আপনারা কালীঘাট ও দক্ষিণেশ্বর ঘুরে দেখুন। বাংলা আপনাদের স্বাগত জানাতে প্রস্তুত।”
প্রবাসী ভারতীয়রা সম্মেলন শেষে কলকাতার আতিথেয়তা ও আয়োজনের প্রশংসা করবেন, এমনটাই প্রত্যাশা মুখ্যমন্ত্রীর। তাঁর কথায়, “বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যাঁরা আসবেন, তাঁরা ফিরে গিয়ে যদি বলেন যে অন্য সব জায়গার তুলনায় কলকাতায় তাঁদের অভিজ্ঞতা সবচেয়ে ভালো হয়েছে, তাহলেই আমাদের আয়োজন সার্থক হবে।”
একই অনুষ্ঠানে বিদেশমন্ত্রী কলকাতা ও বাংলার ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরেন। তাঁর বক্তব্য, ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য বহন করার পাশাপাশি প্রবাসী ভারতীয়দের পরিচিতি ও সামাজিক পরিসর গঠনের ক্ষেত্রেও কলকাতা এবং বাংলার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রবাসীদের সঙ্গে শিল্প বিনিয়োগ নিয়েও আলোচনা
প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনকে শুধুমাত্র সাংস্কৃতিক ও কূটনৈতিক আদানপ্রদানের মঞ্চ হিসেবে দেখতে চাইছে না রাজ্য সরকার। বিদেশে বসবাসকারী প্রভাবশালী ভারতীয়দের সঙ্গে বাংলায় শিল্প ও বাণিজ্যে বিনিয়োগের সম্ভাবনা নিয়েও আলোচনা করতে আগ্রহী প্রশাসন।
এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, সম্মেলন চলাকালীন একাধিক নৈশভোজ, দলগত বৈঠক এবং মতবিনিময়ের সুযোগ থাকবে। মুখ্যমন্ত্রী হিসেবে তিনি নিজে মন্ত্রী ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়ে এই সুযোগ কাজে লাগাতে চান। তাঁর দাবি, রাজ্যে ইতিমধ্যেই শিল্পবান্ধব পরিবেশ তৈরি করা হয়েছে এবং নতুন শিল্পনীতিও চালু হয়েছে। বাংলায় যাঁরা নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলবেন, তাঁদের জন্য বিশেষ আর্থিক প্রণোদনার ব্যবস্থাও করা (Pravasi Bharatiya Divas 2027) হবে।
বাংলা নিয়ে নতুন আশার কথা
দিল্লিতে অনুষ্ঠান শেষে সুষমা স্বরাজ ভবনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের পূর্ববর্তী রাজনৈতিক শাসনব্যবস্থা নিয়েও মন্তব্য করেন শুভেন্দু। তাঁর বক্তব্য, দীর্ঘ সময় ধরে রাজ্য ও কেন্দ্রের মধ্যে রাজনৈতিক সমন্বয়ের অভাব থাকায় বাংলায় বড় মাপের আন্তর্জাতিক অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে প্রয়োজনীয় উদ্যোগ দেখা যায়নি। তবে গণতান্ত্রিক ব্যবস্থায় কেন্দ্র ও রাজ্যে একই রাজনৈতিক দল ক্ষমতায় থাকা বাধ্যতামূলক নয় বলেও মন্তব্য করেন তিনি।
বাংলার মনীষী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের অবদানের কথার উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো ব্যক্তিত্বের উত্তরাধিকার বাংলার গর্ব। সম্প্রতি রাজ্যে আন্তর্জাতিক যোগ দিবসের আয়োজনেও বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণের কথা তুলে ধরে তিনি জানান, প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনকেও একইভাবে স্মরণীয় করে তুলতে চায় রাজ্য সরকার।
এক ছাতার নীচে সব তথ্য
সম্মেলনের জন্য উদ্বোধন করা হয়েছে বিশেষ ওয়েবসাইট। বিদেশ থেকে আসা প্রবাসী ভারতীয়দের সুবিধার কথা মাথায় রেখে সেখানে থাকা, যাতায়াত, পর্যটন, কেনাকাটা, ধর্মীয় স্থান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ভ্রমণ সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে। পাশাপাশি পর্যটন সংস্থা ও ভ্রমণ পরিষেবা প্রদানকারীদের সম্পর্কেও প্রয়োজনীয় তথ্য থাকবে।
উল্লেখ্য, ২০১৫ সাল থেকে বিভিন্ন রাজ্যের সহযোগিতায় প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনের আয়োজন করে আসছে কেন্দ্রীয় সরকার। এর আগে ওড়িশা, গুজরাটের গান্ধীনগর এবং কর্নাটকের বেঙ্গালুরুর মতো শহরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এবার কলকাতাকে বেছে নেওয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে বাংলার সাংস্কৃতিক পরিচিতি, পর্যটন সম্ভাবনা এবং শিল্প বিনিয়োগের সুযোগ তুলে ধরতে চাইছে (Kolkata Convention) রাজ্য সরকার।
২০২৭ সালের জানুয়ারিতে তিন দিনের এই সম্মেলন ঘিরে তাই একদিকে যেমন প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেশের সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যাশা রয়েছে, তেমনি বাংলার অর্থনীতি, পর্যটন ও শিল্পক্ষেত্রের জন্যও নতুন সম্ভাবনার দরজা খুলতে পারে এই (Pravasi Bhar atiya Divas 2027) আয়োজন।
