Tag: Kolkata Knight Riders

Kolkata Knight Riders

  • IPL 2024: কলকাতায় মুম্বইকে হারালেই প্লে অফে কেকেআর! লখনউ-এর বিপক্ষে বড় জয় নাইটদের

    IPL 2024: কলকাতায় মুম্বইকে হারালেই প্লে অফে কেকেআর! লখনউ-এর বিপক্ষে বড় জয় নাইটদের

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লি, মুম্বই-এর পর লখনউকেও তাদের ঘরের মাঠে হারিয়ে দিল কেকেআর (KKR vs LSG)। পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এল তারা। চলতি আইপিএলে (IPL 2024) জয়ের হ্যাটট্রিক করে কলকাতায় ফিরছে নাইটরা। আগামী শুক্রবার, ১১ মে ইডেনে নাইটদের প্রতিপক্ষ মুম্বই। শেষ হোম ম্যাচটা জিততে পারলেই প্লে অফে পৌঁছে যাবে নাইটরা। ফের একবার শাহরুখ-শো দেখার অপেক্ষায় কলকাতা।

    লিগ টেবিলের শীর্ষে

    এত দিন লিগ এক নম্বর জায়গা ছিল রাজস্থান রয়্যালসের। রবিবার লখনউকে হারিয়ে লিগ শীর্ষে কলকাতা। এখন তাদের পয়েন্ট ১৬। একই পয়েন্ট পেয়েছে রাজস্থানও। যদিও তারা কলকাতার থেকে একটি ম্যাচ কম খেলেছে। এই দুই দলের প্লে-অফে ওঠা প্রায় নিশ্চিত। কলকাতা ১১টি ম্যাচের মধ্যে আটটি জিতেছে। আরও একটি জিতলে কলকাতার ১৮ পয়েন্ট হবে। প্লে-অফে জায়গা পাকা করতে ১৮ পয়েন্ট প্রয়োজন। কলকাতার পরের ম্যাচ মুম্বইয়ের বিরুদ্ধে। সেই ম্যাচ জিতলেই ১৮ পয়েন্ট হয়ে যাবে কেকেআরের। তা হলেই প্লে-অফে জায়গা করে ফেলবে তারা। 

    লজ্জার নজির

    রবিবার আইপিএল ২০২৪-এ (IPL 2024) কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে লজ্জার নজির গড়ে ফেলল লখনউ সুপার জায়ান্টস। এদিন নিজেদের ঘরের মাঠেই হেরে বসে কেএল রাহুলের টিম। তাও ৯৮ রানের বিশাল ব্যবধানে। কেএল রাহুলের নেতৃত্বাধীন লখনউ সুপার জায়ান্টস টুর্নামেন্টের ইতিহাসে এই প্রথম বার এত বড় রানের ব্যবধানে কোনও ম্যাচ হারল। রানের ব্যবধানের ক্ষেত্রে এটি তাদের সবচেয়ে বড় পরাজয়।

    মুম্বইয়ের রেকর্ডে ভাগ

    এক আইপিএল (IPL 2024) মরশুমে এই নিয়ে মোট ছ’বার ২০০ বা তার বেশি রান করার নজির গড়ে ফেলেছে কেকেআর। ছুঁয়ে ফেলেছে মুম্বই ইন্ডিয়ান্সের রেকর্ড। এর আগে ২০২৩ সালে মুম্বইয়েরও এক আইপিএল মরশুমে মোট ছ’বার ২০০ বা তার বেশি রান করার নজির ছিল। যা টুর্নামেন্টের ইতিহাসে এক বিরল কৃতিত্ব। সেই কৃতিত্বে রবিবার (৫ মে) ভাগ বসাল কেকেআর। এদিন তারা একানা স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৬ উইকেটে ২৩৫ রান করে। চলতি আইপিএলে এর আগে সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পঞ্জাব কিংসের বিরুদ্ধেও ২০০-এর বেশি রান সংগ্রহ করেছিল কেকেআর।

    ম্যাচ আপডেট

    এদিন টসে হেরে প্রথমে ব্যাট করে কেকেআর (KKR vs LSG)। ফিল সল্ট ও সুনীল নারিনের ব্যাটিং তান্ডব দেখে মনে হয়েছিল, আড়াইশো পেরোনে নিশ্চিত। যদিও নারিন ফিরতেই কেকেআরের রানে লাগাম। শেষ অবধি ৬ উইকেটে ২৩৫ করে কেকেআর। লখনউতে এটিই সর্বাধিক স্কোরের রেকর্ড। রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় লখনউ। ব্যাট হাতে এই ম্যাচে বড় রান পাননি আন্দ্রে রাসেল। বোলিংয়ে পুষিয়ে দিয়েছেন। দুটি গুরুত্বপূর্ণ উইকেট নেন তিনি। নির্বাসন কাটিয়ে ফেরা হর্ষিত রানা নেন তিন উইকেট। ধারাবাহিকতা বজায় রেখেছেন মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তীও। তাঁর নামেও তিন উইকেট। এর মধ্যে একটা দুর্দান্ত কট অ্যান্ড বোল রয়েছে। শেষ পর্যন্ত ১৩৭ রানেই অলআউট হয়ে যায় লখনউ। আর প্লে-অফ প্রায় নিশ্চিত করে ফেলে কেকেআর।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • IPL 2024: বোলারদের দিনে ৪ উইকেট নিয়ে জবাব স্টার্কের, এক যুগ পর ওয়াংখেড়েতে জয় কলকাতার

    IPL 2024: বোলারদের দিনে ৪ উইকেট নিয়ে জবাব স্টার্কের, এক যুগ পর ওয়াংখেড়েতে জয় কলকাতার

    মাধ্যম নিউজ ডেস্ক: দীর্ঘ এক যুগ পর ওয়াংখেড়েতে জয়ের খরা কাটল কলকাতার। ১২ বছর পরে ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সকে হারাল কলকাতা নাইট রাইডার্স। ২০১২ আইপিএলে এক বারই গৌতম গম্ভীরের নেতৃত্বে ওয়াংখেড়েতে মুম্বইয়ের বিরুদ্ধে সাফল্য পেয়েছিল নাইটরা। সেই রাত ফিরে এল, এখন মাঠে নয় ডাগ আউটে বসে গৌতম গম্ভীর। ম্যাচ শেষে নাইট মেন্টরের মুখে তৃপ্তির হাসি। তৃপ্ত ২০১২তে ম্যাচ জেতানোর নায়ক সুনীল নারিন। সে বার ৪ উইকেট নিয়েছিলেন নারিন। এবার ৪ উইকেট নিলেন চলতি আইপিএলে সবচেয়ে দামি প্লেয়ার মিচেল স্টার্ক। 

    ম্যাচ আপডেট

    টসে জিতে শুক্রবার প্রথমে বল করার সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। সেই সিদ্ধান্ত কাজে লাগে। ১৬৯ রানে কলকাতাকে বেঁধে ফেলে জসপ্রীত বুমরারা ৷ কলকাতার ভেঙ্কটেশ আইয়ার ৭০ রানের অনবদ্য ইনিংস খেলেন ৷ ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নেমে ৪২ রান করেন মনীশ পাণ্ডে ৷ পালটা রান তাড়া করতে নেমে মুম্বইয়ের একমাত্র সূর্যকুমারের ব্যাট চলে ৷ ৫৬ রান করে আউট হন স্কাই ৷ আর ২৪ রান করেন টিম ডেভিড ৷ বাকি টপ থেকে মিডল ও টেল-এন্ডার ব্যাটারের ব্যক্তিগত সর্বোচ্চ অবদান ১৩ রান ৷ কলকাতার হয়ে এদিন সফল বোলার স্টার্ক। ৩.৫ ওভারে ৩৩ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন তিনি। ৪ ওভার বল করে ২২ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন বরুণ চক্রবর্তী ও সুনীল নারিন। ৩০ রান দিয়ে রাসেলও নিয়েছেন ২ উইকেট। ১৮.৫ ওভারে ১৪৫ রানে অলআউট হয়ে যায় মুম্বই ইন্ডিয়ান্স। ২৪ রানে ম্যাচ জিতে প্লে-অফের একেবারে কাছে পৌঁছে যায় কেকেআর। 

    সফল স্টার্ক

    বিশ্বকাপের সফল বোলার কেকেআর-এর হয়ে সব সমালোচনার জবাব দিলেন মিচেল স্টার্ক। বিপুল পরিমাণ অর্থ ব্যয়ে কেনা মিচেল স্টার্ক টুর্নামেন্টের শুরুতে একেবারেই ভালো পারফরম্যান্স করতে পারেননি। সেই স্টার্ককে শুক্রবার রাতে পাওয়া গেল অন্য রকম ফর্মে। ম্যাচে চার উইকেট নিয়ে গড়ে ফেললেন এক অনন্য নজির। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের ইতিহাসে মুম্বইয়ের বিরুদ্ধে যেসব বোলাররা এক ম্যাচে চার বা তার বেশি উইকেট নেওয়ার নজির গড়েছেন তাদের তালিকায় নাম নথিভুক্ত করালেন স্টার্ক। স্টার্ক‌ ছাড়া এই তালিকায় রয়েছেন আর মাত্র দুই জন। একজন সুনীল নারিন। যিনি আবার এই তালিকায় দু’বার জায়গা পেয়েছেন। অপর জন জনপ্রিয় অলরাউন্ডার আন্দ্রে রাসেল। এদিন গ্যালারি থেকে স্বামী স্টার্কের প্রত্যাবর্তন দেখলেন স্ত্রী তথা অজি মহিলা ক্রিকেট দলের অধিনায়ক অ্যালিসা হিলি৷ 

    প্লে অফের পথে কলকাতা

    শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্সের ঘরের মাঠে, তাদের হারিয়েই প্লে-অফের রাস্তা একেবারে মজবুত করে ফেলল কলকাতা নাইট রাইডার্স। ১০ ম্যাচে তাদের পয়েন্ট এখন ১৪। রাজস্থানের ঘাড়েই এবার নিঃশ্বাস ফেলছে কেকেআর। ১০টির মধ্যে ৭টিতে জিতেছে কলকাতার দল। তিনটি ম্যাচে তারা হেরেছে। পয়েন্ট টেবলের দুই নম্বরেই রয়েছে নাইটরা। শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন দলের নেট রানরেট +১.০৯৮। এক নম্বর জায়গা ধরে রেখেছেন সঞ্জু স্যামসনরা। ১০ ম্যাচ খেলে আটটিতেই জয় ছিনিয়ে নিয়েছে রাজস্থান। দু’টি ম্যাচ হেরেছে তারা। ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষস্থানের দখল রেখেছে সঞ্জুর দল। তাদের নেট রানরেট +০.৬২২। একই সঙ্গে এদিন ম্যাচ হেরে আইপিএল থেকে বিদায়ের ঘণ্টা প্রায় নিশ্চিত হার্দিকের মুম্বইয়ের। 


    দুই দলই অল আউট

    চলতি আইপিএলে যেন প্রতি ম্যাচেই রান‌ বন্যার সাক্ষী থেকেছেন দর্শকেরা। এক এক ম্যাচে তৈরি হয়েছে এক একটি ব্যাটিং রেকর্ড। প্রতি ম্যাচেই বোলারদের কপালে জুটেছে বেদম পেটানি। উল্টো ছবি দেখা গেল কেকেআর বনাম মুম্বই ম্যাচে। এদিন অল আউট হয়েছে দুই দল। ১৭ বছরের আইপিএল ইতিহাসে মাত্র চারটি ম্যাচে দুই দলই অল আউট হয়ে গিয়েছে। প্রথমবার এই ঘটনা ঘটেছিল আইপিএল শুরুর বছর দুই পরে। ২০১০ সালে এই ঘটনা প্রথম ঘটে নাগপুরে দিল্লি বনাম রাজস্থান ম্যাচে। দ্বিতীয় ঘটনা ঘটে প্রথম ঘটনার ৭ বছর বাদে। ২০১৭ সালে এই ঘটনা ঘটেছিল কলকাতাতে নাইট রাইডার্স বনাম আরিসিবি ম্যাচে। পরের বছর অর্থাৎ ২০১৮ সালে এই ঘটনা ফের ঘটে মুম্বই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচে। তালিকায় সর্বশেষ জায়গা করে নিল ২০২৪ সালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই বনাম কলকাতার ম্যাচটি।

    কী বললেন অধিনায়করা

    এদিন ম্যাচে হেরে নিজের হতাশা প্রকাশ করেন মুম্বই দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ম্যাচের পরে মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন বলেন, ‘আমি বলতে চাই যে, ব্যাটিং ইনিংসে আমরা পার্টনারশিপ গড়তে পারিনি এবং পরপর উইকেট হারাচ্ছিলাম, টি-টোয়েন্টিতে আপনি যদি পার্টনারশিপ না করেন, তাহলে আপনার ক্ষতি হবেই।’ ম্যাচ শেষে তৃপ্ত নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার বলেন, ‘আমরা আপাতত প্লে-অফের দরজায় রয়েছি। এই ম্যাচে অনেক কিছুই মাথায় ঘুরছিল। হারলে কী হতে পারে, এসবও ঘুরছিল। এক যুগ পর এখানে জিতলাম, এই পরিসংখ্যান আমার জানা ছিল না।’ আইপিএলে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মেরও প্রশংসা শোনা যায় শ্রেয়সের কথায়। এদিন ব্যাটিংয়ে বিপর্যয়ের সামনে পড়েছিল কেকেআর। মণীশ পান্ডেকে ইমপ্যাক্টে নামানো হয়। ভেঙ্কটেশ আইয়ার ও মণীশ পান্ডে জুটিতে ৮৩ রান যোগ হয়। কেকেআর ইনিংসে সেটাই টার্নিং পয়েন্ট। শ্রেয়সের কথায়, ‘ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম এই ম্যাচে আমাদের দারুণ ভাবে সাহায্য করেছে। প্রথম ম্যাচ থেকেই মণীশ সুযোগের অপেক্ষায় ছিল। ওর জন্যই লড়াই করার মতো স্কোরে পৌঁছতে পেরেছি।’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • IPL 2024: ইডেনে সৌরভের দিল্লিকে হারিয়ে জয়ী শাহরুখের কেকেআর, প্লে-অফের আরও কাছে নাইটরা

    IPL 2024: ইডেনে সৌরভের দিল্লিকে হারিয়ে জয়ী শাহরুখের কেকেআর, প্লে-অফের আরও কাছে নাইটরা

    মাধ্যম নিউজ ডেস্ক: চেনা ইডেনে, অচেনা সৌরভ। ঘরের মাঠে অন্ধকারে মুখ ঢাকলেন ঘরের ছেলে। সময় বদলেছে। নয়া প্রজন্মের ইডেনে সৌরভ আবেগ হলেও, উন্মাদনা কেকেআর। আইপিএল- ক্রিকেট ও বিনোদনের ককটেলে দিল্লির থেকে কয়েক কদম এগিয়ে কলকাতা। এই সত্যটা হয়তো নিজেও জানেন কলকাতার দাদা। চলতি আইপিএল-এ (IPL 2024) কেকেআর-এর দাদাগিরি বারবার দেখেছে ইডেন। তাই রাজস্থান বা পাঞ্জাবের কাছে অবিশ্বাস্য ভাবে হারের পরও ৪২ ডিগ্রি তাপমাত্রাকে দূরে ঠেলে গ্যালারি ভরায় শহরের ক্রিকেট অনুরাগীরা। দিন হোক বা রাত কেকেআর-এর হয়ে গলা ফাটায় ইডেন। আর দাদার ইডেনে হাসিমুখে বিচরণ করেন বাদশা।

    শুরু থেকেই পিছিয়ে দিল্লি

    সোমবার টসে জিতে ব্যাটিং নেয় দিল্লি (IPL 2024)। এখানেই ম্যাচে অনেকটা পিছিয়ে যায় দিল্লি। সৌরভের চেনা ইডেনে পন্থের এই সিদ্ধান্ত অবাক করে সকলকেই। শুরুতেই উইকেট তুলে এদিন দিল্লিকে ধাক্কা দিয়েছিলেন বৈভব আরোরা। পৃথ্বী শ ও শাই হোপকে আউট করে দিল্লির রানের গতি আটকে দেন তিনি। এরপর শুরু হয় বরুণ ‘বর্ষণ’। সোমবার কলকাতার সব থেকে সফল বোলার বরুণ। তিনটি উইকেট নেন তিনি। ঋষভ পন্থ, ট্রিস্টান স্টাবস এবং কুমার কুশাগ্রকে আউট করেন বরুণ। দ্রুত দিল্লির মিডল অর্ডারকে প্যাভিলিয়নে ফিরিয়ে দেওয়ার ফলে আর বড় স্কোর খাড়া করতে পারেনি রাজধানীর দল। বরুণ চার ওভারে মাত্র ১৬ রান দেন। দুটো উইকেট নেন হর্ষিত রানা। এ বারের আইপিএলে রানের সুনামি উঠছে প্রতি ম্যাচে। ইডেনে সবচেয়ে কম স্কোর করল দিল্লি। ১৫৪ টার্গেট দিয়ে এই আইপিএলে ম্যাচ জেতা যায় না।

    প্লে-অফের পথে নাইটরা

    দিল্লিকে (IPL 2024) অল্প রানে আটকে রাখার পর দ্রুত রান তোলে কেকেআর। সেই কাজটাই করলেন সল্ট। ৩৩ বলে ৬৮ রান করেন তিনি। পাঁচটি ছক্কা এবং সাতটি চার মারেন সল্ট। ৫ রানের মাথায় খলিলের বলে সল্টের ক্যাচ মিস করলেন লিজাড উইলিয়ামস। তার খেসারত দিতে হল। নারিন (১৫) এই ম্যাচে পারলেন না। ২১ বল বাকি থাকতে দুই আইয়ার, শ্রেয়স ও ভেঙ্কটেশ বাকি কাজটা সেরে ফেললেন। শ্রেয়স করলেন ৩৩, বেঙ্কটেশ ২৬। চেনা ইডেন গার্ডেন্স থেকে খালি হাতে ফিরতে হল সৌরভ গঙ্গোপাধ্যায়কে। তাঁর দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে জয়ে ফিরল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। ইডেনে ৯ ম্যাচে ৬টিতে জয় নাইটদের। ১২ নিয়ে পয়েন্ট টেবলের দুইয়ে। প্লে-অফের পথে অনেকটাই এগিয়ে গেল গম্ভীরের টিম।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • IPL 2024: কলকাতার ম্যাচের সময় বদল, ইডেনে রাজস্থানের সঙ্গে খেলা ১৬ এপ্রিল

    IPL 2024: কলকাতার ম্যাচের সময় বদল, ইডেনে রাজস্থানের সঙ্গে খেলা ১৬ এপ্রিল

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি আইপিএল-এ (IPL 2024) দুটি ম্যাচের দিন পরিবর্তন করা হল। ১৭ এপ্রিল কলকাতায় ম্যাচ ছিল নাইটদের। সেই ম্যাচের দিন বদলে গেল। ১৭ এপ্রিলের বদলে ম্যাচটি হবে ১৬ এপ্রিল। ওই দিন আমেদাবাদে গুজরাট টাইটান্সের ম্যাচ ছিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। সেই ম্যাচের দিনও বদলে গিয়েছে। আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছেন, কলকাতার ম্যাচটি ১৬ এপ্রিল হবে, গুজরাটের ম্যাচটি হবে ১৭ এপ্রিল। 

    কেন দিন বদল

    আগামী ১৭ এপ্রিল (IPL 2024) রামনবমী। ওই দিন খেলা হল কলকাতা পুলিশের তরফে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলে জানানো হয়েছিল। সিএবি-কে পাঠানো চিঠিতে কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, যে হেতু ওই ম্যাচের দিন রামনবমী রয়েছে এবং নির্বাচনের জন্য অন্য রাজ্যে পুলিশ পাঠানো হয়েছে, তাই ম্যাচের দিন পর্যাপ্ত পুলিশের জোগান দেওয়া সম্ভব নয়।” এরপরই বোর্ডের কাছে ম্যাচের দিন পরিবর্তনের জন্য আবেদন জানায় সিএবি। ১৭ তারিখের বদলে ১৬ অথবা ১৮ তারিখ ইডেনে আইপিএলের ম্যাচ করতে চায় তারা। অবশেষে সিএবির দাবিই মেনে নেওয়া হল।

    প্রাথমিক ভাবে দু-সপ্তাহের সূচি প্রকাশ করলেও নির্বাচনের দিন ঘোষণা হতেই বাকি ম্যাচেরও সূচি ঘোষণা করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে এর মধ্যেও পরিবর্তন হতে পারে। ১৭ তারিখ ইডেন গার্ডেন্সে আইপিএলের (IPL 2024) ম্যাচ হচ্ছে না। ওই দিন রামনবমী। ১৯ তারিখ আবার প্রথম দফার ভোট। নির্বাচনের জন্য উত্তরবঙ্গে ভোটের ডিউটিতে যাবেন এখানকার পুলিশ অফিসাররা। নিরাপত্তা জনিত কারণ এবং পর্যাপ্ত পুলিশের অভাবে ১৭ তারিখ ইডেনে কেকেআর-রাজস্থান রয়্যালস ম্যাচ আয়োজন সম্ভব নয়। বিকল্প তারিখ হিসেবে ১৬ এপ্রিলকে বেছে নেওয়া হল।

     

    আরও পড়ুন: টানা ৩ ম্যাচে হার মুম্বই ইন্ডিয়ান্সের, জয়ের হ্যাটট্রিক করে লিগ শীর্ষে রাজস্থান

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappTelegramFacebookTwitter এবং Google News পেজ।

  • IPL 2024: জীবনের সেরা প্রাপ্তি! আইপিএল-এ রিঙ্কুর ভাগ্যে ‘বিরাট’ পুরস্কার

    IPL 2024: জীবনের সেরা প্রাপ্তি! আইপিএল-এ রিঙ্কুর ভাগ্যে ‘বিরাট’ পুরস্কার

    মাধ্যম নিউজ ডেস্ক: নাইট তারকা রিঙ্কু সিংয়ের (Rinku Singh) হাতে নিজের ব্যাট তুলে দিলেন বিরাট কোহলি। বেঙ্গালুরুতে (IPL 2024) আরসিবি বনাম কেকেআর ম্যাচের শেষে দেখা গিয়েছিল রিঙ্কুর ব্যাট চেক করে দেখছেন বিরাট। দু’জনেই সেই সময় হাসছিলেন। ওই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিরাট (Virat Kohli) ও রিঙ্কুর আর এক ছবি। যেখানে দেখা গিয়েছে, বিরাট তাঁর একটি ব্যাট উপহার দিয়েছেন রিঙ্কুকে। ভারতীয় দলের উঠতি তারকাকে উপহার দিয়ে জড়িয়ে ধরেন বিরাট। সেই ছবিও ঘুরছে নেট দুনিয়ায়।

    ‘বিরাট’ উপহার

    শুক্রবার চিন্নাস্বামীতে ব্যাট হাতে বিশেষ কিছু করে দেখানোর সুযোগ পাননি রিঙ্কু সিং (Rinku Singh)। তার আগেই সল্ট, নারিন ও বেঙ্কটেশ কেকেআরকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন। শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ ছিল কলকাতা নাইট রাইডার্সের। সেই ম্যাচে বেঙ্গালুরুর ঘরের মাঠেই বিরাটদের দলকে হারিয়ে দেয় কলকাতা। প্রথমে ব্যাট করে বিরাটের ব্যাটে ভর করে ১৮২ রান তোলে আরসিবি। কিন্তু ১৯ বল বাকি থাকতেই জয়ের রান তুলে নেয় কলকাতা। ম্যাচ শেষে নাইট দল যায় বেঙ্গালুরুর সাজঘরে। সেই ভিডিয়ো পোস্ট করেছে আরসিবি। সেখানেই দেখা যায় বিরাট তাঁর ব্যাট রিঙ্কুকে দিচ্ছেন। ব্যাট পেয়ে খুশি রিঙ্কু। বিরাটকে জড়িয়ে ধরেন তিনি।

    আপ্লুত রিঙ্কু

    এবারের আইপিএলে (IPL 2024) এখনও পর্যন্ত সব থেকে বেশি রান বিরাটের (Virat Kohli)। কমলা টুপি এখন তাঁর দখলে। যদিও আরসিবি তিনটির মধ্যে দু’টি ম্যাচে হেরে লিগ তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে। কলকাতার কাছে হারার পরে বিরাট কোহলি ছিলেন আরসিবির সাজঘরে। সেখানেই রিঙ্কু সিংয়ের সঙ্গে বেশ কিছুক্ষণ আলাপচারিতা সারেন কোহলি। তিনি রিঙ্কুকে উদ্দীপ্ত করেন নিজের একটি ব্যাট উপহার দিয়ে। এমন বিরাট উপহার নিশ্চিতভাবেই আপ্লুত করবে নাইট তারকাকে। রিঙ্কু কতটা খুশি হয়েছেন, সেটা বোঝা যায় তাঁর অভিব্যক্তিতেই।

    আরও পড়ুন: ঝগড়া অতীত, হাসিমুখে আলিঙ্গন! আইপিএল ম্যাচের মধ্যেই কোহলিকে জড়িয়ে ধরলেন গম্ভীর

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • RCB vs KKR: পরপর দু-ম্যাচে জয়, আরসিবি-কে সাত উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে কেকেআর

    RCB vs KKR: পরপর দু-ম্যাচে জয়, আরসিবি-কে সাত উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে কেকেআর

    মাধ্যম নিউজ ডেস্ক: গৌতম গম্ভীরের যাদু হোক বা রাসেলের মস্তিষ্ক অথবা দলীয় সংহতি, চলতি আইপিএলে দুরন্ত শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। ইডেনে হায়দরাবাদের বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ের পর চিন্নাস্বামীতে বিরাটদের বিপক্ষে একাধিপত্য বজায় রেখে জিতল নাইটরা। পরপর দুই ম্যাচ জিতে আইপিএলের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এল কেকেআর। 

    অ্যাওয়ে ম্যাচে প্রথম জয়

    ট্রেন্ড ভাঙল অবশেষে। এবারের আইপিএলে এই প্রথম নিজেদের ঘরের মাঠে কোনও দল হারল। এর আগে সব ম্যাচে জিতেছিল হোম টিম। কলকাতা নাইট রাইডার্স আরসিবিকে চিন্নাস্বামী স্টেডিয়ামে হারিয়ে সেই ট্রেন্ড ভেঙে দিল। ২০১৫ সালের পর থেকে বেঙ্গালুরুর মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হারেনি কলকাতা নাইট রাইডার্স। এই নিয়ে বেঙ্গালুরুর মাঠে টানা ছ’টি ম্যাচ জিতল কলকাতা।

    বিরাট-ব্যাট

    একতরফা ম্যাচে ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম করে শনিবার অ্যাওয়ে গেমে সহজ জয় পেল কলকাতা নাইট রাইডার্স। বেঙ্গালুরুকে সাত উইকেটে হারায় নাইটরা। দল হারলেও এদিন চওড়া ছিল বিরাটের ব্যাট। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর ব্যাট যে ভারতকে ফের ভরসা জোগাবে তা এদিন বুঝিয়ে দিয়েছেন কিং কোহলি। অধিনায়ক কোহলি কেন তাঁকে সদা পাশে চান তা-ও বুঝিয়েছেন বিরাট।

    আরও পড়ুন: ঝগড়া অতীত, হাসিমুখে আলিঙ্গন! আইপিএল ম্যাচের মধ্যেই কোহলিকে জড়িয়ে ধরলেন গম্ভীর

    ম্যাচ আপডেট

    এদিন ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন কেকেআর। আরসিবির ব্যাটিংয়ে এদিন কার্যত একা লড়াই করে সর্বোচ্চ স্কোর করলেন বিরাট কোহলি। ৫৯ বলে ৮৩ রানের ইনিংস খেলেন কোহলি। ৪টি চার ও ৪টি ছয় মারেন তিনি। বিরাট ছাড়া ক্যামেরন গ্রিন ৩৩, গ্লেন ম্যাক্সওয়েল ২৮ ও দীনেশ কার্তিক ২০ রান করেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রান করে আরসিবি। কলকাতার হয়ে দুটি করে উইকেট নেন হর্ষিত রানা ও আন্দ্রে রাসেল। বেঙ্গালুরুর ১৮২ রানের জবাবে কলকাতা ১৯ বল আগেই জয়ের রান তুলে দেয়। কাজে আসে না আইপিএলে কোহলির ৫২তম অর্ধশতরান। কলকাতার এই জয় বিশেষ অবদান রয়েছে তিন ব্যাটারের। শুরু থেকে নারিন (৪৭) ও ফিল সল্ট (৩০) যেভাবে খেলছিলেন তাতে বোঝাই গিয়েছে কলকাতা আজও ছন্দে রয়েছে। শেষদিকে শ্রেয়স (৩৯) ও ভেঙ্কটেশ (৫০) যা খেলেছেন তাতেই খেলার পার্থক্য হয়ে গিয়েছে।

    নারিনের ৫০০ ম্যাচ

    নিজের ৫০০তম টি-টোয়েন্টি ম্যাচ স্মরণীয় করে রাখলেন কেকেআরের ক্যারিবিয়ান অলরাউন্ডার। এদিন, নারিন ২২ বলে ৪৭ রানের ইনিংসে মেরেছেন ৫টি ছক্কা ও দুটি চার। তবে এই ম্যাচে জয়ের কৃতিত্ব নারিন ছাড়াও রাসেলকে দিলেন ক্যাপ্টেন শ্রেয়স। তিনি জানান, বোলিংয়ের সময় এদিন কেকেআর প্রচুর স্লোয়ার বল করেছে। পেসারেরা ক্রমাগত স্লোয়ার দেন যাতে রান তোলা কঠিন হয়ে যায়। এই বুদ্ধি বেরিয়েছে রাসেলের মাথা থেকেই। শ্রেয়স বলেন, “ম্যাচ শুরুর কিছু ক্ষণ পরেই রাসেল এসে আমাদের বলে দিয়েছিল, এই উইকেট থেকে বোলারদের বিশেষ কিছু পাওয়ার নেই। তাই আমরা স্লোয়ার বলের পরিকল্পনা করেছিলাম। এত দ্রুত পরিস্থিতি বুঝে যাওয়া এবং সেটা কাজে লাগানো, এটা দেখে দারুণ লেগেছে।”  এরপর শ্রেয়সের মুখে শোনা যায় নারিনের প্রশংসা। তাঁর কথায়, “নারিন মাঠে নামলে ওর একটাই কাজ, বল মাঠের বাইরে পাঠানো। যত বেশি সম্ভব রান করাই ওর কাজ। আজকের ইনিংসটা তার আদর্শ উদাহরণ। ওকে দিয়ে ওপেন করাব কি না সেটা ম্যাচের আগে ভাবনাচিন্তা করেছি। কিন্তু আজকের ইনিংসটা খুব ভাল।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • IPL 2024: নাইট শিবিরে বদলি, চিন্নাস্বামীতে আজ কলকাতার সামনে বেঙ্গালুরু

    IPL 2024: নাইট শিবিরে বদলি, চিন্নাস্বামীতে আজ কলকাতার সামনে বেঙ্গালুরু

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রথম ম্যাচে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে আইপিএলে (IPL 2024) যাত্রা শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। শুক্রবার চলতি আইপিএলে চিন্নাস্বামীতে কোহলিদের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে শ্রেয়সরা। এখনও পর্যন্ত এই মরশুমে আইপিএলে ৯টি ম্যাচ হয়েছে।  ৯টি ম্যাচেই হোম টিম জিতেছে। এটাই এখনও পর্যন্ত যে কোনও আইপিএলে সর্বোচ্চ টানা হোম টিমের জয়ের ধারা। এই ধারা আজ, কলকাতা ভাঙতে পারে কি না তাই দেখার।

    নাইট শিবিরে পরিবর্তন

    ইডেনের পিচে তিন জন পেসার নিয়ে খেলেছিল কেকেআর। এ বার ম্যাচ বেঙ্গালুরুতে। সেখানকার পিচ অনুযায়ী চূড়ান্ত দল ঠিক করা হবে। তবে, এখনই উইনিং কম্বিনেশন ভাঙতে চাইছে না কেকেআর শিবির। ব্যাটিংয়ে পরিবর্তন আনা হতে পারে। গত ম্যাচে ঘরের মাঠে টপ অর্ডার রান পায়নি। বেঙ্গালুরু মণীশ পাণ্ডের ঘরের মাঠ। তাই তাঁকে সুযোগ দেওয়া হতে পারে। এরই মধ্যে নাইট শিবিরে পরিবর্তন করা হয়েছে। নিলামে কেনা আফগানিস্তানের স্পিনার মুজিব উর রহমানকে পাবে না কলকাতা নাইট রাইডার্স। তাঁর চোট রয়েছে। সেই জায়গায় আল্লা গজনফরকে দলে নিয়েছে কেকেআর। তিনি দেশের হয়ে দু’টি এক দিনের ম্যাচ খেলেছেন। এই তরুণ আফগান স্পিনারের উপর ভরসা রাখছে নাইটরা।

    রিঙ্কুর বেতন বাড়ছে

    আইপিএলে (IPL 2024) রিঙ্কু সিংকে কেকেআর প্রথম নিয়েছিল ২০ লাখ টাকায়। সেই শুরু, তারপর দিন যত এগিয়েছে ততই চওড়া হয়েছে নাইট তারকার ব্যাট। নাইট দলের মধ্যমণি আলিগড়ের এই ২৬ বছরের তারকা। যাঁকে দলের সবাই ভালবাসেন। মালিক শাহরুখ শিবিরে এসেই খোঁজ করেন রিঙ্কুর। চলতি মরশুম থেকে নাইট রিঙ্কুর বেতন  মরশুম প্রতি এক কোটি টাকা। এছাড়াও আরও বাড়তি সুবিধে পাবেন তিনি। কেকেআরের যে কতকগুলি কো স্পনসর রয়েছে, তার থেকে লভ্যাংশ বাবদ অর্থ পাবেন রিঙ্কু। পাশাপাশি, ম্যাচ প্রতি ইনসেনটিভের ক্ষেত্রেও রিঙ্কু বেশি অর্থ পাবেন। কেকেআর দলে রিঙ্কুর পাঁচবছর হয়ে গেল। তিনি এমনিতেই ম্যাচ পিছু পান পাঁচ লক্ষ টাকা। এই মরশুমে নাইট রাইডার্স তাঁকে রেখেছে চার কোটি ৭৫ লক্ষ টাকায়।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • Kolkata Knight Riders: ছিলেন অধিনায়ক, এবার কেকেআর-এর মেন্টর গম্ভীর!  উচ্ছ্বসিত নাইট অধিপতি শাহরুখ

    Kolkata Knight Riders: ছিলেন অধিনায়ক, এবার কেকেআর-এর মেন্টর গম্ভীর! উচ্ছ্বসিত নাইট অধিপতি শাহরুখ

    মাধ্যম নিউজ ডেস্ক: কলকাতা নাইট রাইডার্সে ফিরছেন গৌতম গম্ভীর। গত বছর লখনউ সুপার জায়ান্টসের মেন্টর ছিলেন গম্ভীর। আইপিএলে লখনউ দলের মালিক ছিলেন বাংলার শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা। যিনি মোহনবাগান সুপার জায়ান্টেরও মালিক। বাংলার এই ব্যবসায়ীর আইপিএল দলেরই মেন্টর ছিলেন গম্ভীর। সেখান থেকে তিনি চলে এলেন একেবারে বাংলায়। এবার তাঁকে মেন্টর হিসাবে নিয়ে এলেন কেকেআরের মালিক শাহরুখ খান। কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে কাজ করবেন ২০১১-র বিশ্বকাপ জয়ী দলের সদস্য। 

    গম্ভীরের সময়ই খেতাব

    ২০১১ থেকে ২০১৭ পর্যন্ত কলকাতার হয়ে খেলেছেন গম্ভীর। এই সময়ের মধ্য়ে তাঁর অধিনায়কত্ব ২০১২ ও ২০১৪-য় দু’বার আইপিএল জেতে নাইটরা। শুধু তাই নয়, তাঁর সময় পাঁচবার প্লে অফ গিয়েছে শাহরুখের টিম। ২০১৪-য় চ্যাম্পিয়ন্স ট্রফি-র যোগ্যতা অর্জনও করেছিল কেকেআর। তাঁকে মেন্টর করে শাহরুখ বলেন, “গম্ভীর আমাদের পরিবারের সদস্য ছিল। অধিনায়ক থেকে মেন্টর হল ও। গম্ভীরের অভাব বোধ করছিলাম আমরা। কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে গম্ভীরের জুটি দেখার জন্য মুখিয়ে আছি। ওরা হারতে জানে না। কেকেআরের জন্য ওরা ম্যাজিক তৈরি করবে।”

    ফের কলকাতায় ফিরে খুশি

    কেকেআরে নতুন দায়িত্ব পেয়ে গম্ভীর বলেন, “আমি আবেগে ভেসে যাই না। কিন্তু এই ঘটনা আমার মধ্যেও আবেগ এনে দিয়েছে। আমি সেই জায়গায় ফিরে গিয়েছি, যেখান থেকে সব কিছু শুরু হয়েছিল। আমার গলা বুজে আসছে। কিন্তু বুকে আগুন অনুভব করছি এটা ভেবে যে, আবার কেকেআরের জার্সি পরতে পারব। আমি শুধু কেকেআরে ফিরছি না। আমি কলকাতায় ফিরছি। জয়ের খিদে নিয়ে ফিরছি। আমি কেকেআরের ২৩ নম্বর। আমি কেকেআর।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • KKR: ‘যখন ছেড়ে যাব, তখন দল থাকবে অন্য উচ্চতায়’, কেকেআর ছাড়া নিয়ে কী বললেন গম্ভীর?

    KKR: ‘যখন ছেড়ে যাব, তখন দল থাকবে অন্য উচ্চতায়’, কেকেআর ছাড়া নিয়ে কী বললেন গম্ভীর?

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘড়িতে তখন বিকেল ৪টে সায়েন্স সিটি থেকে ধাপার মাঠ পর্যন্ত বাইপাসের ধারে থিকথিক করছে ভিড় বেগুনি রঙের জার্সি চারদিকে। হঠাত কী হল? আইপিএল (IPL 2024) শুরু হতে তো এখনও দেরি। আর ইডেন চত্বর হলেও কথা ছিল। কিন্তু এ তো বাইপাস! খোঁজ নিয়ে জানা গেল সোমবার সন্ধ্যায় বাইপাসের ধারে একটি হোটেলে কলকাতা নাইট রাইডার্সের (KKR) জার্সি উদ্বোধন হতে চলেছে। নাইটদের ঘিরে সমর্থকদের এহেন জমায়েত শেষ কবে দেখা গিয়েছিল মনে পড়ছে না। আসলে নাইট শিবিরে গৌতম গম্ভীরের আগমনের সঙ্গেই যেন ভাগ্য ফিরে এসেছে এমনটাই বিশ্বাস সমর্থকদের।

    গম্ভীরের সঙ্গে ফিরবে ট্রফি ভাগ্য

    গৌতম গম্ভীরের নেতৃত্বেই দুবার আইপিএল (IPL 2024) চ্যাম্পিয়ন হয় কেকেআর (KKR)। গম্ভীরের সঙ্গে যেন ট্রফি ‘ভাগ্য’ও চলে গিয়েছিল কলকাতার। না হলে ফাইনালে উঠেও কেন ট্রফি এল না! এমনটাই মনে করেন অনেকে। ২০১৪ সালে শেষ বার চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। এ বার কেকেআর মেন্টর হিসেবে ফিরেছেন গৌতম গম্ভীর। সমর্থকদের প্রত্যাশা, এ বার ট্রফিও ফিরবে।  নতুন মরসুমের জন্য আশাবাদী কেকেআর শিবির। এ দিন শহরের এক পাঁচ তারা হোটেলে কেকেআরের নতুন মরসুমের জার্সি উন্মোচন হয়। কেকেআরের মেন্টর হিসেবে নতুন সফর শুরুর আগে অনেক কিছুই বললেন নাইট মেন্টর গম্ভীর।

    কী বললেন গম্ভীর

    টিম ম্যানেজমেন্টকে নিয়ে গম্ভীর বলেন, ‘আমাকে মানিয়ে নেওয়া খুবই কঠিন। ধন্যবাদ জানাতে হয় শাহরুখ খান এবং ভেঙ্কি মাইসোরকে। বছরের পর বছর আমার নানা আবদার মিটিয়েছেন। প্লেয়ার হিসেবে যোগ দেওয়ার সময় যা বলেছিলেন, এ বারও শাহরুখ তাই বলেছেন। শাহরুখ বলেছেন-এটা তোমার টিম, ভাঙবে-গড়বে, সব তোমার উপর।’ কেকেআর-এর ট্রফি প্রসঙ্গে গম্ভীর বলেন, ‘আমি কেকেআরকে সাফল্য দিইনি, কেকেআর আমাকে সফল করেছে। কেকেআর আমাকে লিডার বানিয়েছে। একটা বিষয়ে সকলকে আশ্বস্ত করতে চাই, আমি যখন কেকেআর ছাড়ব, টিমটা দুর্দান্ত জায়গায় থাকবে।’

    নাইট নেতা শ্রেয়সের আশা

    এই মরসুমে ট্রফি জয়ের জন্য আশ্বস্ত করেছে নাইট নেতা শ্রেয়স আইয়ারও। সোমবার ইডেনের নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং করেছেন শ্রেয়স। প্রায় পৌনে দু’ঘণ্টার সেশনে বেশ সাবলীল দেখিয়েছে তাঁকে। এমনকী, বাউন্সারে স্কুপ শটও খেলেছেন। যা দেখে উচ্ছ্বসিত নাইট ভক্তরা। রাতে টিম হোটেলে কেকেআরের জার্সি উদ্বোধন অনুষ্ঠানে শ্রেয়স বলেন, ‘আমি সবে দিন দুয়েক হল কলকাতায় এসে দলের সঙ্গে যোগ দিয়েছি। তবে দারুণ একটা দল হাতে পেয়েছি। এই দলের নেতৃত্ব দিতে পারছি বলে আমি সম্মানিত।’ এদিনের অনুষ্ঠানে কেকেআর নাইট ক্লাব প্লাস মোবাইল অ্যাপও উদ্বোধন করা হয়। যে অ্যাপে ক্রিকেটার ও দলের সমস্ত খুঁটিনাটি তথ্য, ছবি, ভিডিও, পরিসংখ্যান হাতে পাবেন কেকেআর অনুরাগীরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • IPL 2024: কলকাতায় এলেন মিচেল স্টার্ক, নড়বড়ে শ্রেয়স, কেকেআর-এর অনুশীলনে ঝোড়ো ব্যাটিং সল্টের

    IPL 2024: কলকাতায় এলেন মিচেল স্টার্ক, নড়বড়ে শ্রেয়স, কেকেআর-এর অনুশীলনে ঝোড়ো ব্যাটিং সল্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: শহরে এলেন আইপিএলের (IPL 2024) সব থেকে দামি পেসার, বিশ্বজয়ী মিচেল স্টার্ক। রবিবার রাতেই কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) শিবিরে যোগ দিলেন তিনি।  ইতিমধ্যেই কেকেআর ইডেনে অনুশীলন শুরু করে দিয়েছে। রবিবার অনুশীলন ম্যাচও খেলন তারা। ইডেনে খেলার সুযোগ পেয়ে খুশি ইংল্যান্ডের তারকা ক্রিকেটার ফিল সল্ট। অনশীলন ম্যাচে ঝোড়ো ব্যাটিং করলেন তিনি। তবে প্রস্তুতি ম্যাচে দলনেতা শ্রেয়স আইয়ারের পারফরম্যান্স চাপে রাখল কেকেআর কর্তৃপক্ষকে।

    নাইট শিবিরে স্টার্ক

    ন’বছর পর আইপিএলে (IPL 2024) ফিরছেন মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ার পেসারকে এর আগে ২০১৮ সালে ৯ কোটি ৪০ লক্ষ টাকায় কিনেছিল কলকাতা (Kolkata Knight Riders)। কিন্তু সে বার খেলেননি স্টার্ক। তিনি শেষ বার আইপিএলে খেলেছিলেন ২০১৫ সালে। এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেছিলেন স্টার্ক। দু’মরসুমে নিয়েছিলেন ৩৪টি উইকেট। এবার আইপিএল নিলামে ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে মিচেল স্টার্ককে কিনেছে নাইট রাইডার্স। রবিবার নাইট শিবিরে যোগ দিলেন স্টার্ক। তাঁকে পেয়ে চাঙ্গা কেকেআর শিবির। কেকেআরের প্রথম ম্যাচ ২৩ মার্চ। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ইডেনে। 

    সল্টের ঝোড়ো ব্যাটিং

    রবিবার ইডেনে একটি প্রস্তুতি ম্যাচ খেলে কেকেআর। অনুশীলন ম্যাচে কেকেআর-কে (Kolkata Knight Riders) দু’টি টিমে ভাগ করা হয়েছিল। টিম গোল্ড এবং টিম পার্পল। টিম গোল্ড ৪ উইকেট হারিয়ে ২৩৭ রান করে। ঝোড়ো ব্যাটিং করেন ফিল্ট সল্ট। ৭টি ছক্কার হাত ধরে ৪১ বলে ৭৪ রান করেন তিনি। এছাড়া ৩২ বলে ৫০ করেন নীতীশ রানা। রিঙ্কু সিং ১২ বলে ৩০ রান করে ফিনিশিং টাচ দেন। ২৩৮ রান তাড়া করতে নেমে ২৩২ রান করে টিম পার্পল। ৫ রানে ম্যাচটি তারা হেরে যায়।

    এদিন কেকেআরের হয়ে খেলার সুযোগ পেয়ে ইংরেজ ব্যাটার বলেন, “টপ অর্ডারে ব্যাট করে শুরু থেকেই আগ্রাসী ক্রিকেট খেলতে চাই। দলকে জেতাতে চাই। পেশাদার ক্রিকেটার হিসাবে আমার দায়িত্ব প্রত্যাশার চাপ সরিয়ে খেলা। আমি জানি এখানে সমর্থকেরা জয়ের অপেক্ষায় আছে। শহরে যে ভাবে আমাকে আহ্বান জানানো হয়েছে, তাতে আমি আপ্লুত।”

    আরও পড়ুন: রুদ্ধশ্বাস অভিযান ভারতীয় নৌসেনার, সোমালিয়ার জলদস্যুদের হারিয়ে উদ্ধার জাহাজ

    শ্রেয়সের দুর্বল ব্যাটিং

    আইপিএলে (IPL 2024) এবার কেকেআর-কে নেতৃত্ব দিতে চলেছেন শ্রেয়স আইয়ার। অথচ রবিবার প্রস্তুতি ম্যাচে তাঁর পারফরম্যান্স নিয়ে কিছুটা চাপেই থাকবে নাইটরা। এদিন শ্রেয়স নড়বড় করে শুরু করেছিলেন। শেষ পর্যন্ত ১৮ বলে ২২ রান করে আউট হয়ে যান। বাঁ-হাতি স্পিনার সুয়াশ শর্মার বলে ফিল সল্ট তাঁকে স্টাম্পড আউট করেন। এদিন অফ স্টাম্পের বাইরের বল একেবারেই খেলতে পারছিলেন না শ্রেয়স। স্পিনারদের বলেও নড়বড় করতে দেখা যায় তাঁকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share