Tag: Lung Cancer

Lung Cancer

  • Lung Cancer in Women: পুরুষদের পাশাপাশি মহিলারাও আক্রান্ত, ভারতে ফুসফুসের ক্যান্সারের পরিসংখ্যানে উদ্বেগজনক ছবি!

    Lung Cancer in Women: পুরুষদের পাশাপাশি মহিলারাও আক্রান্ত, ভারতে ফুসফুসের ক্যান্সারের পরিসংখ্যানে উদ্বেগজনক ছবি!

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    তামাক সেবন বিপদ বাড়ায়! কিন্তু যারা তামাক সেবন করছেন না, বিপদে পড়ছেন তাঁরাও! তাই স্বাস্থ্যকর জীবন যাপনের পাশাপাশি রোগের উপসর্গ এবং সচেতনতা সবচেয়ে জরুরি। ভারতে ফুসফুসের ক্যান্সার আক্রান্তের পরিসংখ্যান উদ্বেগ বাড়াচ্ছে। ফুসফুসের এই রোগের দাপট ক্রমশ বাড়ছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই ক্যান্সারের মোকাবিলায় মূল চ্যালেঞ্জ দেরিতে রোগ নির্ণয়। রোগ সম্পর্কে অসচেতনতা। নভেম্বর মাস ফুসফুসের ক্যান্সার সচেতনতার মাস। তাই এই মাসে দেশ জুড়ে একাধিক কর্মশালার আয়োজন করা হয়েছে। যেখানে ফুসফুসের ক্যান্সার রুখতে তামাক সেবন বাদ দেওয়ার পাশপাশি আর বিভিন্ন প্রয়োজনীয় দিক সম্পর্কেও সমানভাবে আলোচনা করা হচ্ছে।

    কেন ফুসফুসের ক্যান্সার উদ্বেগ বাড়াচ্ছে?

    ভারতের স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দেশে ক্রমশ ফুসফুসের ক্যান্সারে আক্রান্তের সংখ্যা বাড়ছে।
    পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালে ফুসফুসের ক্যান্সারে আক্রান্তের সংখ্যা ছিলো ৮১,৭৪৮ জন।‌ ২০২৪ সালে ১,১২,৬৫৯ জন ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। ২০২৬ সালের শেষ পর্যন্ত সংখ্যাটা দেড় লাখের কাছাকাছি পৌঁছে যাবে বলেই আশঙ্কা করছেন চিকিৎসকেরা। অর্থাৎ গত তিন-চার বছরে প্রায় ৩৮ শতাংশ ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। যা যথেষ্ট উদ্বেগের বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

    মহিলাদের মধ্যে কি ফুসফুসের ক্যান্সার বাড়ছে?

    একাধিক পরিসংখ্যান জানাচ্ছে, মহিলাদের মধ্যে ফুসফুসের ক্যান্সারে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে।
    বিশেষজ্ঞরা জানাচ্ছেন, তামাক সেবন ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয়। তাই পুরুষদের মধ্যেই ফুসফুসের ক্যান্সারে আক্রান্তের সংখ্যা বেশি হয়। মহিলারা তুলনামূলক কম এই রোগে আক্রান্ত হতেন। কিন্তু সাম্প্রতিক একাধিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, মহিলারাও এই রোগে আক্রান্ত হচ্ছেন‌। মহিলাদের মধ্যেও ফুসফুসের ক্যান্সারের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। সর্বভারতীয় একাধিক পরিসংখ্যানের তথ্য অনুযায়ী, ২০০৪ সালে ভারতে মোট ফুসফুসের ক্যান্সার আক্রান্তের ২০ শতাংশ ছিলেন মহিলা। কিন্তু ২০২৫ সালের ভারতের মোট ফুসফুসের ক্যান্সার আক্রান্তের ৩০ শতাংশ মহিলা। অর্থাৎ, মহিলা আক্রান্তের সংখ্যা মারাত্মাকভাবে বাড়ছে।

    কেন মহিলাদের মধ্যেও ফুসফুসের ক্যান্সারের প্রকোপ বাড়ছে?

    মহিলাদের মধ্যেও বাড়ছে ধূমপানের প্রবণতা!

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, ভারতীয় মহিলাদের মধ্যেও ধূমপানের প্রবণতা বাড়ছে। যা স্বাস্থ্যের পক্ষে মারাত্মক ক্ষতিকারক। তাঁরা জানাচ্ছেন, গত দেড় দশকে কম বয়সীদের মধ্যে এই প্রবণতা মারাত্মক হারে বেড়েছে। বয়ঃসন্ধিকাল থেকেই মেয়েরা ধূমপানে আসক্ত হয়ে পড়ছে। যার ফলে ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি ক্রমশ বাড়ছে। আক্রান্তের সংখ্যা বৃদ্ধি, সেই ইঙ্গিত স্পষ্ট করছে।

    পরোক্ষ ধূমপানের প্রভাব!

    ভারতে ফুসফুসের ক্যান্সারের অন্যতম উদ্বেগের বিষয় হলো অধূমপায়ীদের মধ্যেও এই রোগে আক্রান্ত হওয়ার সংখ্যা ক্রমশ বাড়ছে। চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, নিজে ধূমপান করেন না, এমন মানুষ ও ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। তাঁরা জানাচ্ছেন, কিন্তু রোগীর বিষয়ে আরও তথ্য নিলে জানা যাচ্ছে, তাঁর পরিবারের কেউ লাগাতার ধূমপান করেন। ফলে, তিনি পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছেন।
    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, ধূমপান মারাত্মক ক্ষতিকারক। কেউ সরাসরি ধূমপান না করলেও, যদি ধূমপায়ীর সঙ্গে এক ঘরে নিয়মিত থাকেন, তাহলেও সেই তামাকের ধোঁয়া, তার শরীরে গভীর ক্ষত তৈরি করে। যার ফলে ফুসফুসের ক্যান্সারের মতো রোগ দেখা দিতে পারে। ক্যান্সার বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, বহু ভারতীয় ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত মহিলা সরাসরি ধূমপান করেন না। কিন্তু তাঁর স্বামী বা পরিবারের অন্যান্য সদস্যেরা ধূমপান করেন। তার জেরেই, ওই মহিলার শরীরে ক্ষত তৈরি হয়েছে। এমন ঘটনা ক্রমশ বাড়ছে।

    বায়ুদূষণের জের!

    ক্যান্সার বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, বিশ্ব জুড়ে পরিবেশ দূষণ বাড়ছে। বায়ুদূষণের ফলে একাধিক রোগের দাপট বাড়ছে। এই সমস্যা থেকে রেহাই পাওয়া মুশকিল। দেশে ফুসফুসের ক্যান্সার আক্রান্তের সংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ এই বায়ুদূষণ। মহিলাদের মধ্যেও বায়ুদূষণের জেরে ফুসফুসের ক্যান্সার বাড়ছে।

    রান্নার ধোঁয়া থেকেও ঝুঁকি!

    মহিলাদের ফুসফুসের ক্যান্সার হওয়ার অন্যতম কারণ রান্নার ধোঁয়া। বিশেষত গ্রামাঞ্চলে কাঠ-কয়লা পুড়িয়ে অনেকেই রান্না করেন। দীর্ঘদিন সেই ধোঁয়ায় রান্না করার জেরেই ফুসফুসের ক্যান্সারের মতো রোগের প্রকোপ দেখা দিতে পারে। এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ।

    রোগ নির্ণয়ে দেরি!

    ভারতে ফুসফুসের ক্যান্সার চিকিৎসায় মূল প্রতিকূলতা রোগ নির্ণয়ে দেরি। মহিলাদের ক্ষেত্রে সমস্যা আরও প্রবল‌। এমনটাই জানাচ্ছেন ক্যান্সার বিশেষজ্ঞদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, সামাজিক নানান জটিলতার কারণে মহিলাদের স্বাস্থ্য সমস্যা অনেক সময়েই অবহেলিত হয়। তাছাড়া ফুসফুসের ক্যান্সার নিয়ে এখনো সচেতনতার অভাব রয়েছে। অধিকাংশ সময়েই রোগী এমন সময় চিকিৎসকের কাছে যান, যখন চিকিৎসার সুযোগ খুব কম থাকে। প্রথম পর্বে রোগ নির্ণয় করার সুযোগ পাওয়া যায় না। ফলে মৃত্যু ঝুঁকি বাড়ে।

    চিকিৎসকেরা জানাচ্ছেন, ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়ানো জরুরি। রোগ নির্ণয় করার জন্য উপসর্গ সম্পর্কেও সজাগ থাকা প্রয়োজন। বারবার কাশি, কখনো কাশির সঙ্গে রক্তপাতের মতো ঘটনা একেবারেই অবহেলা করা উচিত নয়। বিশেষজ্ঞের প্রয়োজনীয় পরামর্শ নেওয়া জরুরি। তাছাড়া যেসব অভ্যাস ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে, সে সম্পর্কে সচেতন থাকতে হবে। সেই অভ্যাস ছাড়তে হবে। তবেই এই রোগের প্রকোপ কমানো সম্ভব হবে।

  • Pan Masala Gutkha Risks: প্রতি বছর ১৪ লাখ মৃত্যু! সুগন্ধী পানমশলার আড়ালে ‘নতুন ফাঁদে’ যুব সমাজ, উদ্বিগ্ন চিকিৎসকেরা

    Pan Masala Gutkha Risks: প্রতি বছর ১৪ লাখ মৃত্যু! সুগন্ধী পানমশলার আড়ালে ‘নতুন ফাঁদে’ যুব সমাজ, উদ্বিগ্ন চিকিৎসকেরা

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    দেশ জুড়ে বাড়ছে বিপদ! রোগের বোঝা পাহাড় প্রমাণ! কিন্তু তারপরেও হুঁশ ফিরছে না। বরং ‘নতুন ফাঁদে’ জড়িয়ে পড়ছে তরুণ প্রজন্মের একাংশ। ফলে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সতর্ক না হলে সমস্যা আরও জটিল হবে‌। ওয়ার্ল্ড নো টোবাকো ডে-তে তাই চলতি বছরের স্লোগান হল— ‘‘Unmasking The Appeal’’।

    কোন নতুন ফাঁদের কথা জানাচ্ছেন বিশেষজ্ঞরা?

    বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বিশ্ব জুড়ে তামাক প্রস্তুতকারী সংস্থারা নতুন ভাবে নিজেদের উপস্থাপন করছেন। একাধিক তামাকজাত পণ্যের বিজ্ঞাপন হচ্ছে নয়া কায়দায়। এর ফলে সরাসরি সেটা তামাকজাত পণ্য মনে না হলেও, আসলে সেটা তামাকজাত দ্রব্য। যা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকারক। তাঁরা জানাচ্ছেন, একাধিক তামাকজাত দ্রব্যের বর্তমানে নানান সুগন্ধী পানমশলা হিসাবে বিজ্ঞাপন দেওয়া হয়। একঘেয়েমি কাটাতে খাওয়া যেতে পারে, এমন ভাবেও নানা রকম তামাকজাত পণ্যের বিজ্ঞাপন চলছে। এগুলো সম্পর্কে সতর্ক করতে না পারলেই বিপদ আরও বাড়বে, বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁরা জানাচ্ছেন, চলতি বছরে তাই এই দিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তামাকজাত পণ্যের এই নতুন চমকপ্রদ বিজ্ঞাপন, আসলে কতখানি ক্ষতিকারক সে সম্পর্কে সর্বস্তরে সচেতন করা জরুরি। সেই সম্পর্কেই আরও বেশি কর্মসূচি নেওয়া হবে‌

    কেন এই নতুন ফাঁদ বিপদ বাড়াচ্ছে?

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, ভারতের তরুণ প্রজন্মের মধ্যে তামাকজাত দ্রব্য সেবনের প্রবণতা মারাত্মক বেশি। একাধিক সরকারি সমীক্ষার রিপোর্টে দেখা গিয়েছে, ভারতের ৪৮ শতাংশ পুরুষ এবং ২১ শতাংশ মহিলা তামাক সেবন করেন। প্রতি বছর ১৪ লাখ মানুষ তামাকজাত দ্রব্যের সেবনের জন্য মারা যাচ্ছেন। এই পরিস্থিতিতে তামাকের ক্ষতিকারক দিক নিয়ে আরো বেশি আলোচনা এবং সচেতনতা জরুরি। কিন্তু সম্প্রতি তামাকজাত দ্রব্য নতুন ভাবে বাজারে দাপট বাড়াচ্ছে। সুগন্ধী পান মশলা হিসাবে অনেকেই এই তামাকজাত দ্রব্য কিনছেন। খাচ্ছেন। এরপরে আসক্তি তৈরি হচ্ছে। অজান্তেই অনেকেই তামাকাসক্ত হয়ে পড়ছেন। তাই এই নতুন ধরনের পণ্যের সত্যতা জানা জরুরি। চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, সচেতনতা বাড়লে, তবেই এই ধরনের পান মশলা জাতীয় দ্রব্য খাওয়ার আগে মানুষ ভালোভাবে বিবেচনা করতে পারবে। তাই এই নতুন বিজ্ঞাপনের ফাঁদ সম্পর্কে সচেতনতা জরুরি।

    তামাকজাত দ্রব্য নিয়ে কেন উদ্বিগ্ন বিশেষজ্ঞরা?

    • ● চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, ভারতে যেসব ক্যান্সারে মৃত্যু হার সবচেয়ে বেশি, তার মধ্যে অন্যতম হলো ফুসফুসের ক্যান্সার। প্রতি বছর কয়েক লাখ ভারতীয় ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হন এবং মারা যান। অধিকাংশ ক্যান্সার আক্রান্তের নিয়মিত তামাকজাত দ্রব্য যেমন গুটখা কিংবা সিগারেট, বিড়ির মতো তামাজাত দ্রব্য ব্যবহারের ইতিহাস রয়েছে। এ দেশে ফুসফুসের ক্যান্সারে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ ধূমপান, তামাকজাত দ্রব্যের সেবন।
    • ● ফুসফুসের পাশপাশি ভারতে মুখ ও গলার ক্যান্সার মারাত্মক হারে বাড়ছে। ভারতীয় ক্যান্সার আক্রান্ত পুরুষদের এক তৃতীয়াংশ মুখ ও গলার ক্যান্সারে আক্রান্ত হন। ব্যয়বহুল দীর্ঘমেয়াদি চিকিৎসা করানোর পরেও সকলে পুরোপুরি স্বাভাবিক জীবন ফিরে পান না। আবার অনেকেই সময়ের আগেই জীবন হারিয়ে ফেলেন।‌ চিকিৎসকেরা জানাচ্ছেন, মুখ ও গলার ক্যান্সারের ক্ষেত্রেও অন্যতম কারণ তামাকজাত দ্রব্য সেবন।
    • ● তরুণ প্রজন্মের মধ্যে ধূমপান এবং গুটখার মতো তামাকজাত দ্রব্য সেবনের প্রবণতা বাড়ছে। তাই ভারতে স্ট্রোক ও হৃদরোগের সমস্যাও বাড়ছে। কম বয়সিদের মধ্যে এই ধরনের অস্বাস্থ্যকর অভ্যাস বাড়ার জেরেই তিরিশের চৌকাঠ পেরনোর পরেই উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসের মতো সমস্যা দেখা দিচ্ছে। পাশপাশি স্ট্রোক, হার্ট অ্যাটাকের মতো বিপদও বাড়ছে।
    • ● ধূমপান ফুসফুসের পাশপাশি লিভার এবং কিডনির কার্যক্ষমতাও কমিয়ে দিচ্ছে। এর ফলে শরীরে একাধিক রোগ ও সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে।
    • ● দেশজুড়ে নিউমোনিয়ার দাপট বাড়ছে। দীর্ঘদিন ধূমপান করার জেরে ফুসফুসের কার্যক্ষমতা কমে যাচ্ছে। তাই নিউমোনিয়ার মতো সংক্রামক রোগ বাড়ছে।
    • ● এছাড়া তামাকজাত আসক্তি বন্ধ্যত্বের ঝুঁকি বাড়িয়ে দেয়। গর্ভাবস্থায় নানান জটিলতা তৈরি করে।

    স্কুল স্তর থেকেই সচেতনতা জরুরি

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, দেশের কম বয়সি ছেলেমেয়েদের তামাক আসক্তি সুস্থ জীবন যাপনের পথে সবচেয়ে বড় অন্তরায় হয়ে উঠছে। যে নিজে তামাকজাত দ্রব্য সেবন করছে, তার যেমন একাধিক শারীরিক সমস্যা হতে পারে, তার আশপাশে যারা থাকছেন, তাদের জন্য তামাক বিপজ্জনক হয়ে ওঠে। তাই তামাকজাত দ্রব্য নিয়ে স্কুল স্তর থেকেই সচেতনতা জরুরি। যাতে বয়ঃসন্ধিকাল থেকেই ছেলেমেয়েরা এই সম্পর্কে সজাগ থাকতে পারে।

LinkedIn
Share